
www.HelloBangla.News – রাজনীতি – ০৪ অক্টোবর, ২০২৫: খেলাফত মজলিস ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে তাদের ২৫৬ জন সম্ভাব্য প্রার্থীর নাম চূড়ান্ত করেছে। ‘দেওয়াল ঘড়ি’ নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবে প্রর্থীরা।
আজ শনিবার (৪ অক্টোবর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অব বাংলাদেশ (আইইবি) ভবনে আয়োজিত এক মতবিনিময় সভায় দলের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের এই তথ্য জানান।
খেলাফত মজলিস নেতারা বলেছেন, আগামীর এই নির্বাচন হবে ‘বাতিলের বিপক্ষে ইসলামের লড়াই’।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মনোনীত সম্ভাব্য এমপি প্রার্থীদের নিয়ে অনুষ্ঠিত এ সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে দলের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেন, সারা দেশে ২৫৬ জনকে প্রাথমিক পর্যায়ে নির্বাচনের জন্য মনোনীত করা হয়েছে। বাকি প্রার্থীদের নাম ভবিষ্যতে ঘোষণা করা হবে। তবে জোটের সঙ্গে আসনভিত্তিক ঐক্য হলে সে ক্ষেত্রে প্রার্থিতা পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।
দলের যুগ্ম মহাসচিব মুনতাসির আলী বলেন, জেলা, উপজেলা, ইউনিয়ন ও ইউনিটের ভোটারদের মধ্যে জনমত গড়ে তুলতে হবে। তিনি নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘আপনারা সবাই মিলে মানুষকে সংগঠিত করে ভোট ডাকাতির পথকে চিরতরে বন্ধ করে দেয়ার ব্যবস্থা গ্রহণ করবেন।’
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাছিদ আজাদ। এ সময় সারা দেশ থেকে আসা সংগঠনের বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
সভায় ড. আহমদ আবদুল কাদের ফিলিস্তিনের গাজায় ইসরাইলি গণহত্যার শিকার সাধারণ জনগণের বিরুদ্ধে আরোপিত অবরোধ ভাঙতে গাজাগামী ‘সুমুদ ফ্লোটিলা’র নৌবহরে ইসরাইলি বাহিনীর হামলার তীব্র নিন্দা জানান। হামলায় আটক কয়েকশ মানবাধিকার কর্মীর অবিলম্বে মুক্তির দাবি জানান তিনি। একইসঙ্গে অবিলম্বে গাজায় ইসরাইলি গণহত্যা বন্ধ ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য বিশ্ব সম্প্রদায়ের প্রতি জোর দাবি জানান খেলাফত মজলিসের এই শীর্ষ নেতা।
সম্ভাব্য ২৫৬ প্রার্থীর নামের তালিকা: খেলাফত মজলিসের দেওয়াল ঘড়ি প্রতীকে সম্ভাব্য সংসদ সদস্য ঢাকা জেলার প্রার্থী তালিকা দেওয়া হলো -১ আসনে সিকদার মোবারক হোসেন, ঢাকা-৩ আসনে হাজী নূর হোসেন, ঢাকা-৪ আসনে এইচ এম হুমায়ুন কবির আজাদ, ঢাকা-৫ আসনে মাওলানা সেলিম হোসাইন আজাদী, ঢাকা-৬ আসনে মাওলানা কাজী সরদার নেয়ামত উল্লাহ, ঢাকা-৯ আসনে ফয়েজ বক্স সরকার শহীদ, ঢাকা-১০ আসনে মাওলানা আহমদ আলী কাসেমী ঢাকা-১১ আসনে অধ্যাপক সিদ্দিকুর রহমান, ঢাকা-১২ আসনে মাওলানা ফারুক আহমদ ভূঁইয়া, ঢাকা-১৩ আসনে মোহাম্মদ শাহজাহান, ঢাকা-১৪ আসনে মুফতি মাওলানা মিজানুর রহমান, ঢাকা-১৫ আসনে শেখ মুহাম্মদ সুলাইমান, ঢাকা-১৬ আসনে ডা. রিফাত হোসেন মালিক, ঢাকা-১৭ আসনে লে. কর্নেল (অব.) ডা. এমদাদুল হক, ঢাকা-১৮ আসনে মাওলানা সাইফ উদ্দিন আহমদ খন্দকার, ঢাকা-১৯ আসনে অধ্যাপক এনামুল হক, ঢাকা-২০ আসনে মুফতি আশরাফ আলী।
