
www.HelloBangla.News – রাজনীতি – ২৫ সেপ্টেম্বর, ২০২৫: নিউইয়র্কে হামলা ও হেনস্তাকারীদের বিরুদ্ধে মামলা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন।
বুধবার (২৪ সেপ্টেম্বর) নিউইয়র্কের স্থানীয় সময় দিবাগত রাত ১টায় এবং আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় বেলা ১১টায় বিমানবন্দরের পাশে পোর্ট অথরিটি পুলিশ ডিপার্টমেন্ট থানায় এ মামলা করা হয়।
বৃহস্পতিবার দুপুরে এনসিপির অফিসিয়াল ফেসবুক পেজে এক ভিডিও-বার্তায় এ তথ্য নিজেই প্রকাশ করেছেন আখতার। তিনি জানান, মামলায় দুই জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১৫-২০ জনকে আসামি করা হয়েছে।
আখতার জানান, ওই দিনের হামলার পরও এয়ারপোর্টের লবিতে এবং অন্যান্য জায়গায় আবারও হামলার চেষ্টা করেন স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা।
এরই প্রেক্ষিতে ইউএস পুলিশকে অবহিত করে আখতার বলেন, ঘটনায় জড়িতরা বাংলাদেশে নিষিদ্ধ একটি সংগঠনের সঙ্গে যুক্ত। যারা গত বছর বাংলাদেশে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ চালিয়েছে। এ ব্যাপারে জাতিসংঘের প্রতিবেদন সম্পর্কেও তাদেরকে জানানো হয়।
ভিডিও-বার্তায় এনসিপির সদস্য সচিব বলেন, আওয়ামী সন্ত্রাসীরা দেশে বা দেশের বাইরে— যেখানেই থাকুক, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তারা যে অপরাধ করেছে, সেগুলোর আইনগত নিষ্পত্তি সম্ভব এবং আওয়ামী লীগ তার সন্ত্রাস নিয়ে বাংলাদেশে আর ফিরে আসার সুযোগ পাবে না বলে তিনি মনে করেন।
উল্লেখ্য, সোমবার (২২ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনের ওপর ডিম নিক্ষেপের ঘটনা ঘটে।
