
www.HelloBangla.News – আন্তর্জাতিক – ২ জুলাই, ২০২৫: নিজ দেশের অস্ত্রের মজুত কমে যাওয়ায় ইউক্রেনে কিছু ক্ষেপণাস্ত্র সরবরাহ বন্ধ করে দিয়েছে যুক্তরাষ্ট্র। ইউক্রেনজুড়ে সম্প্রতি রাশিয়া হামলা আরও জোরদার করেছে। আর এর মধ্যেই দেশটিতে কিছু ক্ষেপণাস্ত্র সরবরাহ বন্ধের সিদ্ধান্ত নিলো যুক্তরাষ্ট্র। আজ বুধবার (২ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
সংস্থাটি জানিয়েছে বলছে, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন ইউক্রেনকে কিছু আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ও নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানার মারণাস্ত্রের চালান স্থগিত করেছে, কারণ এসব অস্ত্রের নিজস্ব মজুত উদ্বেগজনকভাবে কমে গেছে। মঙ্গলবার এমন তথ্য জানিয়েছেন সংশ্লিষ্ট দুই কর্মকর্তা।
২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া পূর্ণ মাত্রায় আক্রমণ শুরু করার পর থেকে যুক্তরাষ্ট্র ইউক্রেনে কয়েক বিলিয়ন ডলার সামরিক সহায়তা পাঠিয়েছে, যার ফলে ট্রাম্প প্রশাসনের কেউ কেউ উদ্বেগ প্রকাশ করেছেন যে মার্কিন মজুদ এখন খুব কম।
ইউক্রেন সরকার এই ঘোষণার বিষয়ে কোনো মন্তব্য করেনি।
মার্কিন কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে জানাননি, কোন ধরনের অস্ত্রের চালান বন্ধ করা হচ্ছে।
জানা গেছে এসব অস্ত্রের মধ্যে আকাশ প্রতিরক্ষামূলক ক্ষেপণাস্ত্র এবং নির্ভুলভাবে আঘাত করতে সক্ষম অস্ত্রগুলো রয়েছে বলে মনে করা হচ্ছে।
একজন মার্কিন কর্মকর্তা বলেছেন যে মার্কিন সামরিক মজুত খুব কমে যাওয়ার উদ্বেগের ভিত্তিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্ত ইউক্রেনের জন্য এক ধাক্কা। কারণ রাশিয়া সম্প্রতি যুদ্ধে সবচেয়ে বড় বিমান হামলা শুরু করেছে। যার ফলে ট্রাম্পের নেতৃত্বে শান্তি প্রচেষ্টায় সাফল্যের কোনো আশা দেখা যাচ্ছে না বলে প্রতিবেদনে বলা হয়েছে। বর্তমানে ইউক্রেন শান্তি আলোচনা স্থগিত রয়েছে।
