ভারতের গুজরাটে গেমিং জোনে অগ্নিকাণ্ডে ৯ শিশুসহ ২৭ জন নিহত

Fire at gaming zone in India kills 27 - International - 26 May 2024
Fire at gaming zone in India kills 27 - International - 26 May 2024

www.HelloBangla.News – আন্তর্জাতিক – ২৬ মে, ২০২৪: ভারতের গুজরাটে একটি গেমিং জোনে অগ্নিকাণ্ডের ঘটনায় ৯ শিশুসহ ২৭ জনের মৃত্যু হয়েছে। এই অগ্নিকাণ্ডের পরপরই শহরের সব গেমিং জোন বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। এই ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

স্থানীয় সময় শনিবার (২৫ মে) সন্ধ্যায় রাজকোটের টিআরপি গেম জোনে আগুনের সূত্রপাত ঘটে। সেখানে এখনো কাজ করছেন দমকলের কর্মীরা। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। রাজকোটের পুলিশ কমিশনার রাজু ভার্গভ জানিয়েছেন, স্থানীয় সময় সন্ধ্যার দিকে টিআরপি গেমিং জোনে আগুন লাগে।

জানা গেছে, আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে উদ্ধার অভিযান এখনো চলছে। ইতোমধ্যেই বেশ কয়েকজনের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। এগুলো ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।

যুবরাজ সিং সোলাঙ্কি নামের এক ব্যক্তি ওই গেমিং জোনটি চালাতেন। পুলিশ কমিশনার জানিয়েছেন, এই ঘটনায় গাফিলতির কারণে একটি মামলা দায়ের করা হচ্ছে। উদ্ধারকাজ শেষ হওয়ার পরেই আরও তদন্ত করা হবে।

তবে আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। এদিকে দমকল বাহিনী জানিয়েছে, অস্থায়ী কাঠামোগুলো ভেঙে পড়ছে। এর ফলে আগুন নেভানোর ক্ষেত্রে সমস্যা হচ্ছিল। বেশ কিছু সূত্র জানিয়েছে, ঘটনার সময় ওই এলাকায় অনেক শিশু ছিল। তাদের মধ্যে অন্তত ১৫ থেকে ২০ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে।

গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পটেল বিষয়টি পর্যবেক্ষণ করছেন।

পূর্ববর্তী সরকারি খরচায় আইনি সহায়তা পেয়েছেন ১৬৪৭৯৭ জন
পরবর্তী বিএনপি থেকে ২১৭ নেতাকে বহিষ্কার