Author: Hello Bangla News

  • মামলায় জিতে ওয়ার্নার পেলেন তিন কোটি টাকা

    মামলায় জিতে ওয়ার্নার পেলেন তিন কোটি টাকা

    হ্যালো বাংলা ডেস্ক: অস্ট্রেলিয়া জাতীয় দলের ক্রিকেটার ডেভিড ওয়ার্নার তিন ফরম্যাটের জন্য একজন দক্ষ খেলোয়াড়। নিজ দেশের পাশাপাশি বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে নিয়মিত খেলে থাকেন। সেই সুবাদে অনেক অর্থ যোগ হয় তার ব্যাংক অ্যাকাউন্টে। এবার খেলে নয় মাঠের বাইরের এক ঘটনায় ব্যাংক অ্যাকাউন্ট আরও ভারী করলেন অস্ট্রেলিয়ার এই তারকা ওপেনার।

    নিয়ম ভঙ্গ করায় সাবেক স্পন্সর স্পার্টানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়েছিলেন ওয়ার্নার। সেই মামলায় জয়ী হয়েছেন ৩৬ বছর বয়সী ক্রিকেটার। এজন্য প্রায় ৪ লাখ ২২ হাজার অস্ট্রেলিয়ান ডলার পেয়েছেন ওয়ার্নার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৩ কোটি ৪ লাখ ১৩ হাজার টাকা।

    ২০১৮ সালে স্পার্টানের সঙ্গে চুক্তি করেন ওয়ার্নার। একই সঙ্গে আরও বেশ কয়েকজন বর্তমান এবং সাবেক ক্রিকেটারের সঙ্গে চুক্তি ছিল অস্ট্রেলিয়া ভিত্তিক কোম্পানিটির। একসঙ্গে এতো অর্থের যোগান না দিতে পেরে মালিকানা হারায় স্পার্টান। এই কোম্পানির মালিকানা কিনে নেয় বেশ কিছু প্রাইভেট বিনিয়োগকারীরা।

    মালিকানা বদলের পাশাপাশি পরবর্তীতে কোম্পানিটি ডিএসসি নামে বদলে যায়। ২০২১ সালে ডিএসসির সঙ্গে চুক্তিবদ্ধ হন ওয়ার্নার। যদিও চুক্তি অনুযায়ী তার বকেয়া পরিশোধ করেনি স্পার্টান। সেই বকেয়া পেতে আইনী পদক্ষেপ নেন ওয়ার্নার।

    বিচার প্রক্রিয়া শেষে সম্প্রতি এই মামলার রায় হয়েছে। যেখানে সিডনি জেলা আদালতের বিচারক ম্যাথু ডিকার ওয়ার্নারকে এ অর্থ পরিশোধের রায় দেন। রায় অনুযায়ী, ওয়ার্নারকে বকেয়া বাবদ ৩ লাখ ৮২ হাজার ৯৪০ অস্ট্রেলিয়ান ডলার পরিশোধ করবে স্পার্টান। এছাড়া সাবেক স্পন্সরের কাছ থেকে আরও ৩৯ হাজার ৭৮৬ অস্ট্রেলিয়ান ডলার পাবেন ডেভিড ওয়ার্নার। আইনি ভাবে বিজয়ী হওয়ায় খুশি এই ক্রিকেটার।

  • আওয়ামী লীগ সরকার বাংলাদেশকে উন্নয়নের পথে নিয়ে এসেছে: প্রধানমন্ত্রী

    আওয়ামী লীগ সরকার বাংলাদেশকে উন্নয়নের পথে নিয়ে এসেছে: প্রধানমন্ত্রী

    হ্যালো বাংলা ডেস্ক:  বাংলাদেশ  উন্নয়শীল দেশের মর্যাদা অর্জন করতে যাচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল সংসদে বলেন, আপনারা আওয়ামী লীগকে বারবার ভোট দিয়ে ক্ষমতায় নিয়ে  এসেছেন বলে ‘আওয়ামী লীগ সরকার দেশের সেবা করতে পেরেছে, বাংলাদেশকে উন্নয়নের পথে নিয়ে এসেছে।’

    সংসদে ২০২৩-২৪ অর্থবছরের জাতীয় বাজেটের সাধারণ আলোচনায় যোগ দিয়ে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

    তিনি আরও বলেন, ‘ইনশাআল্লাহ, বাঙালি জাতি উন্নয়নশীল দেশ হিসেবে বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াবে।’

    জাতির পিতা আমাদের এই দেশ দিয়েছেন উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘আমাদের লক্ষ্য হলো, এ দেশকে সমৃদ্ধ করা। আজ আমরা অনেক দূর এগিয়েছি এবং এ অগ্রযাত্রা অব্যাহত থাকবে।’

    গত ১ জুন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সংসদে ২০২৩-২৪ অর্থবছরের জন্য ৭৬১,৭৮৫ কোটি টাকার জাতীয় বাজেট পেশ করেন।

    প্রধানমন্ত্রী বলেন, তাঁর সরকারের লক্ষ্য হচ্ছে দেশকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা এবং বাংলাদেশকে বিজয়ী জাতি হিসেবে সামনে এ গিয়ে নিয়ে যাওয়া।

    তিনি আরো বলেন, আমরা নিজেদের পায়ে দাঁড়াতে চাই। আমরা কারো ওপর নির্ভরশীল হতে চাই না। আমরা ভিক্ষা চাই না। আমরা একটি আত্মমর্যাদাশীল জাতি হিসাবে মাথা উঁচু করে সামনের দিকে এগিয়ে যেতে চাই।’

    তিনি বলেন, এত প্রতিবন্ধকতা, এত বিরোধিতা, এত সমালোচনা এবং প্রতিনিয়ত ঘটতে থাকা অনেক কিছুকে অতিক্রম করে আমাদের অর্থনীতির চাকা সচল রাখতে আমরা (আ.লীগ সরকার) যথাযথ ব্যবস্থা নিয়েছি।

    কোভিড-১৯ এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধ না হলে বাংলাদেশ উন্নয়নের যাত্রায় আরো এগিয়ে যেতে পারতো  বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

    শেখ হাসিনা বলেন, তবে ভয়ের কিছু নেই। কেননা, বিভিন্ন সময়ে সমস্যা আসাটাই স্বাভাবিক। ‘সমস্যা দেখে মন খারাপ করবেন না বরং এর মুখোমুখি হতে হবে। আমরা অনেক কথা শুনছি যে, সরকার আজকে উৎখাত হবে এবং আগামীকাল অন্য কিছু ঘটবে’ তিনি যোগ করেন।

    বাজেট নিয়ে সমালোচকদের সমালোচনা করে তিনি বলেন, অনেকেই এই বাজেটকে উচ্চাভিলাষী বা বাস্তবায়ন যোগ্য নয় বলে অভিহিত করেছেন, যা তারা  সব সময়ই বলে আসছে।

    এ ছাড়াও কিছু লোক আছে যারা সব সময় নেতিবাচক মনোভাব পোষণ করে এবং তারা ইতিবাচক কিছুই দেখে না, যা দেশের জন্য সবচেয়ে দুর্ভাগ্যজনক বিষয় বলে  তিনি উল্লেখ করেন।

    সরকার প্রধান বলেন, তারা (সমালোচকরা) হয়তো কখনোই প্রত্যন্ত অঞ্চলে যাননি, যেখানে শহরের তুলনায় দারিদ্র্যের হার অনেক কমেছে। তিনি আরো বলেন, গ্রামীণ জনসাধারণের মধ্যে এমন  কোনো দুর্ভোগ নেই।

    তিনি বলেন, গত সাড়ে ১৪ বছর ধরে দেশে স্থিতিশীলতা বজায় থাকায় দেশের জনগণ ব্যাপক অগ্রগতি দেখতে পেরেছে।

    তিনি আরো বলেন, কোভিড-১৯ মহামারী এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বজুড়ে কঠিন সময়ের মধ্যেও সরকার রেকর্ড ৭,৬১,৭৮৫ কোটি টাকার বাজেট দিতে সক্ষম হয়েছে।

    তিনি বলেন, ‘বিশ্বে অনেক উন্নত দেশের অর্থনীতি যখন খারাপ অবস্থার মধ্যে রয়েছে, তখন আমরা এই বিশাল বাজেট দিতে পেরেছি।’

    বাজেটের ঘাটতি প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, তাঁর সরকার প্রতি বছর বাজেট ঘাটতি ৫ থেকে ৫.৫ শতাংশের মধ্যে রাখে। তিনি বলেন, ‘এবার বাজেট ঘাটতি ৫ শতাংশের মধ্যে রাখা হয়েছে এবং দুশ্চিন্তার  কিছু নেই।’

    বাজেটে ৭ দশমিক ৫ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা প্রসঙ্গে তিনি বলেন, এই লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব।

    আসন্ন ’২৪ অর্থবছরেই সার্বজনীন পেনশন স্কিম চালু  করা যাবে বলে আশা প্রকাশ করেন শেখ হাসিনা।

    প্রধানমন্ত্রী তাঁর বত্তব্যে  সরকারি কর্মচারীদের মূল বেতনের ৫ শতাংশ বিশেষ প্রণোদনা হিসেবে বিবেচনার ব্যবস্থা নিতে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালকে নির্দেশ দেন।

    ‘আমি অর্থমন্ত্রীর কাছে অনুরোধ করছি, এই জরুরি সময়ে সরকারি কর্মচারীদের মূল বেতনের ৫ শতাংশ বিশেষ বেতন হিসেবে দেওয়ার কথা বিবেচনা করুন।  আমি আশা করি, মাননীয় অর্থমন্ত্রী বিষয়টি মেনে নেবেন। আমরা বিশেষ প্রণোদনা হিসেবে তাদের মূল বেতনের ৫ শতাংশ প্রদান করব।’

  • পরিবেশবান্ধব অফিস স্মার্ট অফিস

    পরিবেশবান্ধব অফিস স্মার্ট অফিস

    আজকাল চারদিকে প্রচুর ধুলো-ধোঁয়া-দূষণ, সাথে আছে গ্লোবাল ওয়র্মিংয়ের গরম মেজাজ। তার মাঝে সবুজ বাঁচানোর উদ্যোগটা বজায় রাখা খুবই জরুরি। অফিসগুলো যেন প্রানহীন শুধু আসবাবপত্র আর ইলেকট্রনিক্স জিনিসে ঠাসা। এর মাঝে যেন শ্বাস নেয়াটাও কৃত্রিম মনে হয়। কিন্তু আপনার থেকেই শুরু হতে পারে কিছু ছোট ছোট পরিবর্তন। আর সেই উদ্যোগটা যদি নিজের অফিস ডেস্ক থেকেই শুরু করা হয়, তাহলে খুবই ভাল। আপনি যদি ডেস্কে কাজ করেন তাহলে আশপাশের জায়গাটা গড়ে তুলতে পারেন ইকো ফ্রেন্ডলি জ়োন হিসেবে। খুব বেশি পরিশ্রম করার প্রয়োজন নেই। ছোটখাটো কয়েকটা পরিবর্তনই আপনার চারপাশের আবহে নিয়ে আসতে পারে সবুজের ছোঁয়া।

    পরিবেশবান্ধব অফিস স্মার্ট অফিস

    • কাগজের ব্যবহার যতটা পারেন, কম করুন। এখনও সব অফিসে পুরোপুরি ডিজিটাল ফরম্যাটে গড়ে তোলা সম্ভব হয়ে উঠেনি। সেজন্য, অপ্রয়োজনে প্রিন্ট আউট নেবেন না। কাজ ফুরোলে সেই প্রিন্টেড কাগজগুলো ডাস্টবিনে ফেলে দেবেন না। প্রিন্ট আউটের উলটোদিকের অংশটা নোট লেখার কাজে ব্যবহার করতে পারেন। তাহলে কিছুটা কাগজ সাশ্রয় হবে। আবার কাগজের ব্যবহার কমানোর জন্য নোট, মিটিং শিডিউল বা প্রজেক্টের পয়েন্ট মোবাইলেও সেভ করে রাখতে পারেন।
    • ওয়ানটাইম পেপার বা প্লাস্টিক কাপের বদলে কফি মগে চা খান। অফিসের টি মেকিং মেশিনে সাধারণত পেপার কাপই দেওয়া হয়। কিন্তু আপনি চাইলে বাড়ি থেকে কফি মগ এনে রাখতেই পারেন অফিসে। একই মগ অনেকদিন ব্যবহার করা যাবে।
    • নিজের ডেস্ক যথাসম্ভব পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। খুব ভাল হয়, যদি ডেস্কে ছোট একটা গাছ রাখতে পারেন। সবুজের ছোঁয়ায় আপনি উৎফুল্ল হয়ে প্রতিদিনের কাজ করতে পারবেন। গাছ রাখলে যত্ন করতে ভুলবেন না। অফিসে কাজের ফাঁকে পাঁচ মিনিট তো গাছের যত্নে দেওয়া যেতেই পারে। অন্য কলিগকে উপহার দেওয়ার জন্যও গাছ ভাল অপশন। তারাও উৎসাহ পাবেন ইকো ফ্রেন্ডলি পরিবেশ তৈরিতে। এতে অফিসে কৃত্রিমতা কিছুটা হলেও দূর হবে।
    • এমনিতে কর্পোরেট অফিস বা হাসপাতালগুলোতে বেশিরভাগ সময়েই কৃত্রিম আলোর নীচে কাজ করতে হয়। কিন্তু ন্যাচরাল লাইট অফিসের ভিতরে পৌঁছানো প্রয়োজন। যদি অফিসে সেন্ট্রালাইজড এ.সি না থাকে, তাহলে মাঝেমধ্যে সূর্যের আলো পৌঁছনোর জন্য জানলা খুলে দিন। অফিসে সঠিক ভেন্টিলেশন থাকাও জরুরি।

    পরিবেশবান্ধব অফিস স্মার্ট অফিস

    • ওয়াশরুমে কাজ হয়ে গেলে অযথা জলের অপচয় করবেন না। খেয়াল রাখুন সবকয়টি কল যেন বন্ধ থাকে। গোটা বিশ্বেই পানির সংকট। পানি সাশ্রয় করা জরুরি।
    • যদি বেশ কিছুক্ষণের জন্য নিজের ডেস্ক ছেড়ে ওঠেন, তাহলে মনিটর অফ করে রাখুন। স্ক্রিন সেভার লাগাবেন না। এতে বিদ্যুতের অপচয় অনেকটাইবন্ধ করা যাবে।
    • অফিস কর্ণারগুলো ডেকোরেট করতে পারেন বিভিন্ন ইনডোর প্লান্ট দিয়ে। এতে গ্রীন কর্নারের পাশাপাশি অফিসের ভেতরের বাতাসকেও শুদ্ধ করা যাবে। ইনডোর প্লান্টের মধ্যে রাখতে পারেন- লাকি ব্যাম্বু, পিস লিলি, জেড প্লান্ট, জিজিপ্লান্ট, মানিপ্লান্ট, স্ন্যাক প্লান্ট ইত্যাদি।
    • স্মার্ট ডিভাইস ব্যবহারের মাধ্যমেও গ্রীন অফিস তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। যেমন সেন্সর বিশিষ্ট লাইট, এনার্জি সেভিংস এসি, এনার্জি সেভিংস রেফ্রিজারেটর , টিভি, ওভেন ইত্যাদি।

    তথ্যসূত্রঃ ডব্লিউবিউড

  • হলিউডের ক্রিস বার্নেসের অ্যাকশন দেখা যাবে বলিউডের ‘টাইগার ৩’ ছবিতে 

    হলিউডের ক্রিস বার্নেসের অ্যাকশন দেখা যাবে বলিউডের ‘টাইগার ৩’ ছবিতে 

    হ্যালো বাংলা ডেস্ক: টাইগার ৩ ছবিতে একসঙ্গে অভিনয় করতে যাচ্ছেন বলিউডের দুই সুপারস্টার সালমান খান ও শাহরুখ খান। আশা করা যাচ্ছে চলতি বছরের শুরুতে শাহরুখের ‘পাঠান’ যেভাবে বক্স অফিসে ব্যবসা করেছিলো ঠিক সেভাবেই এই দুই সুপারস্টারের উপস্থিতিতে টাইগার ৩ ব্যবসা সফল হবে। আর হলিউডের ক্রিস বার্নেসের অ্যাকশন দেখা যাবে ‘টাইগার ৩’ ছবিতে।

    পাঠান মুক্তি পেয়েছিলো বছরের শুরুতে। আর মুক্তির পরেই এই ছবি দেখতে প্রেক্ষাগৃহে ফিরেছেন দর্শক। বিশ্ব জুড়ে বক্স অফিসে প্রায় ১১০০ কোটি টাকার ব্যবসা করেছে যশরাজ ফিল্মসের ‘পাঠান’।  একই গন্তব্যে যাবে ‘টাইগার ৩’ এমনটাই আশা করছে ছবিটির প্রযোজনা সংস্থা।

    তাই ‘পাঠান’-এর পর এ বার ‘টাইগার ৩’-এর জন্য প্রস্তুতি নিয়েই নেমেছে ওয়াইআরএফ। ‘পাঠান’-এর মতো ‘টাইগার ৩’ ছবিতেও এক ফ্রেমে ধরা দিতে চলেছেন শাহরুখ খান ও সালমন খান। শাহরুখ ও সালমানের যুগলবন্দি প্রেক্ষাগৃহে মন টেনেছিল দুই তারকার অনুরাগীদের। সিনেপর্দার কর্ণ-অর্জুন জুটির সেই জনপ্রিয়তাকেই আরও এক বার কাজে লাগাতে চাইছেন যশরাজ কর্তা আদিত্য চোপড়া। পাশাপাশি, ‘পাঠান’ ও ‘টাইগার’ ফ্র্যাঞ্চাইজ়ির ছবির সাফল্যের ফলে অ্যাকশন ঘরানার দিকেই আজকাল বেশি ঝুঁকছে ওয়াইআরএফ। সেই অ্যাকশন ছবি যাতে দর্শকের কাছে আরও বিশ্বাসযোগ্য হয়ে ওঠে, সে জন্য কোনও খামতি রাখতে রাজি নন যশরাজ কর্তা আদিত্য চোপড়া।

    ‘টাইগার ৩’ ছবির জন্য এ বার তাই ‘অ্যাভেঞ্জার্স’-এর অ্যাকশন কোঅর্ডিনেটরকে আনছেন আদিত্য। হলিউডের অন্যতম জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজ়ি মার্ভেল। মার্ভেলের ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’ হলিউডের অন্যতম জনপ্রিয় ও সফল ছবি। সেই ছবিতেই অ্যাকশন কোঅর্ডিনেটর হিসাবে কাজ করেছিলেন ক্রিস বার্নেস। এ বার হলিউড থেকে বলিউডে পা রাখতে চলেছেন তিনি। খবর, সালমনের ‘টাইগার ৩’ ছবির অ্যাকশন দৃশ্যের নেপথ্যে থাকতে চলেছে ক্রিসই।

    ‘পাঠান’-এর সাফল্যের পর আরও বড় মাপে ‘টাইগার ৩’বানাতে চান ওয়াইআরএফ কর্তা। ছবির গুণগত মান ও বাজেট নিয়ে কোনও ভাবেই আপস করতে রাজি নন তিনি। যশরাজের ‘স্পাই ইউনিভার্স’, থুড়ি ‘গুপ্তচর ব্রহ্মাণ্ড’-এর অন্যতম গুরুত্বপূর্ণ ছবি হতে চলেছে ‘টাইগার ৩’।

  • শেখ হাসিনার সঙ্গে জাতিসংঘের দুই আন্ডার-সেক্রেটারি সাক্ষাৎ করেছেন

    শেখ হাসিনার সঙ্গে জাতিসংঘের দুই আন্ডার-সেক্রেটারি সাক্ষাৎ করেছেন

    হ্যালো বাংলা ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘের দুই আন্ডার-সেক্রেটারি জেনারেল জিন-পিয়েরে ল্যাক্রোইক্স এবং ক্যাথেরিন পোলার্ড।

    স্বাক্ষাতে জাতিসংঘের শান্তিরক্ষী কার্যক্রম, জলবায়ু পরিবর্তন এবং নারী নিরাপত্তাসহ বিভিন্ন ইস্যুতে আলোচনা হয়।

    আজ রবিবার (২৫ জুন) গণভবনে তারা এই সৌজন্য সাক্ষাৎ করেন। পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।

    জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল বলেছেন, জাতিসংঘ সফলভাবে তার শান্তিরক্ষা অভিযানের ৭৫ বছর পূর্ণ করেছে।

    এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ তিন দশকেরও বেশি সময় ধরে অত্যন্ত নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অবদান রেখে আসছে। বাংলাদেশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সবচেয়ে বেশি সৈন্য প্রেরণকারী দেশ।

    প্রধানমন্ত্রী বলেন, ‘বিশ্বব্যাপী জাতিসংঘের নয়টি শান্তিরক্ষা মিশনে প্রায় ৭,৫০০ বাংলাদেশী নারী-পুরুষ নিযুক্ত রয়েছে।’

    ক্যাথরিন পোলার্ড যৌন নিপীড়ন ও নির্যাতন রোধে ট্রাস্ট ফান্ডে বাংলাদেশের অবদানের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।

    জবাবে শেখ হাসিনা বলেন, বাংলাদেশ নারী নিরাপত্তা এবং (জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে) নারীর অংশগ্রহণ বৃদ্ধির জন্য দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ। তিনি যৌন নিপীড়ন ও নির্যাতনের বিরুদ্ধে তার সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি পুনর্ব্যক্ত করেন। বাংলাদেশ এ বিষয়ে তদন্তের মাধ্যমে দোষী সাব্যস্ত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে।

    জলবায়ু পরিবর্তন সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ একটি ঝুঁকিপূর্ণ দেশ এবং তার সরকার জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় নিজস্ব অর্থায়নে প্রশমন ও অভিযোজন কর্মসূচি বাস্তবায়ন করছে।

    প্রধানমন্ত্রীর অ্যাম্বাসেডর-অ্যাট-লার্জ মোহাম্মদ জিয়াউদ্দিন, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান, পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন এবং জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মুহাম্মদ আবদুল মুহিত বৈঠকে উপস্থিত ছিলেন।

  • কড়াই চিকেন

    কড়াই চিকেন

    উপকরণ: মুরগীর মাংস -১ কেজি পছন্দ মত টুকরো করে কাটা, তেল-২ টেবিল চামচ, টক দই-২ টেবিল চামচ, টমেটো টুকরা হাফ কাপ, রসুন বাটা-১ টেবিল চামচ, আদা বাটা-১ টেবিল চামচ, পিঁয়াজ বড় সাইজের-২টা কুঁচি করে কাটা, গরম মশলা-২ চা চামচ, ধনে গুড়া-১ চা চামচ, শুকনা মরিচ গুড়া-১ চা চামচ, হলুদ গুঁড়ো-১/২ চামচ, পুদিনা পাতা পেস্ট- আধা চা চামচ, জয়েত্রি পোস্ত বাটা-হাফ চাচামচ, কাজু বাদাম বাটা-২ চা চামচ, অল্প কমলা রং (ফুড কালার) চাইলে এটা বাদ দিতেও পারেন, ধনে পাতা কুঁচি ১ টেবিল চামচ, লবণ স্বাদ অনুযায়ী

    কড়াই চিকেন

    প্রণালি: প্রথমে একটা বাটিতে টক দই এর সাথে রসুন বাটা, আদা বাটা, গরম মশলা গুড়া, পুদিনা পাতা পেস্ট, শুকনা মরিচ গুঁড়া, ধনে গুঁড়া, কাজু বাদাম বাটা, জয়েত্রি পোস্ত বাটা দিয়ে মিশিয়ে নিন।

    এবার মুরগির পিসগুলোকে লবণ আর অল্প কমলা রং দিয়ে মেখে রাখুন। প্যানে তেল দিন। তাতে এবার মুরগির পিসগুলা  হালকা করে ভেজে তুলে রাখুন। ওই প্যান আর একটু তেল দিয়ে পেঁয়াজ লাল করে ভাজুন। এবার ভাজা মুরগির পিসগুলা দিয়ে নাড়াচাড়া করে দই এর মিশ্রণ দিয়ে দিন।

    রান্না করুন ৫ মিনিট। এবার টমেটো কুচি আর ধনে পাতা কুচি সাথে একদম সামান্য পানি দিয়ে ঢাকনা লাগিয়ে কম আঁচে রান্না করুন ১০ মিনিট।

    এবার হয়ে এলে নামিয়ে সুন্দর করে একটি কড়াই ঢেলে সাজিয়ে  গরম গরম  পরিবেশন করুন দারুন স্বাদের ‘কড়াই চিকেন’

    রেসিপি দিয়েছেন: ফারজানা বাতেন

  • লা লিগার ২০২৩-২৪ মৌসুমের সূচী প্রকাশ

    লা লিগার ২০২৩-২৪ মৌসুমের সূচী প্রকাশ

    হ্যালো বাংলা ডেস্ক: লা লিগার ২০২৩-২৪ মৌসুমের সূচী প্রকাশ করা হয়েছে। লা লিগার নতুন মৌসুম শুরু হবে আগামী ১২ আগস্ট । ক্লাবগুলোর ব্যস্ততা দেখে মনে হচ্ছে আগামী মৌসুমটা ক্লাবগুলোর জন্য বেশ চ্যালেঞ্জিং হবে।

    রিয়াল মাদ্রিদ বার্সেলোনার কাছ থেকে যেকোন মূল্যে লা লিগার হারানোর শিরোপাটা উদ্ধার করতে চায়। সে লক্ষ্যে ইংলিশ মিডফিল্ডার জুড বেলিংহামকে বরুসিয়া ডর্টমুন্ড থেকে ১০৩ মিলিয়ন ইউরোতে দলে ভিড়িয়েছে। এছাড়া ১২০ মিলিয়ন ইউরোর বেশী ব্যয় করে পিএসজির কিলিয়ান এমবাপ্পে অথবা টটেনহ্যামের হ্যারি কেনের যেকোন একজনকে দলে নিতে আগ্রহী গ্যালাকটিকোরা। তারকা স্ট্রাইকার করিম বেনজেমা সৌদি আরবে চলে যাওয়ায় তার জায়গা পূরনে উঠেপড়ে লেগেছে কার্লো আনচেলত্তির রিয়াল মাদ্রিদ।

    এদিকে আর্থিক ভাবে ক্ষতিগ্রস্থ বার্সেলোনা ২০১৯ সালের পর প্রথমবারের মত গত মৌসুমে লা লিগা শিরোপা জয় করে। ম্যানচেস্টার সিটি মিডফিল্ডার ইকে গুনডোগানকে ফ্রি ট্রান্সফার সুবিধা দলে ভেড়ানো এখন তাদের জন্য সময়ের ব্যপার।

    গত মৌসুমের দ্বিতীয় ভাগে স্পেনে সম্ভবত সেরা দল এ্যাথলেটিকো মাদ্রিদ আঁতোয়ান গ্রীজম্যানের নেতৃত্বে বেশ সফলভাবেই লিগ শেষ করেছে। তাদের আশা এবার মাদ্রিদ-বার্সার আধিপত্য খর্ব করে আবারো নিজেদের প্রমান করা।

    এদিকে শীর্ষ চারে থেকে মৌসুম শেষ করার লক্ষ্য নিয়ে মাঠে নামবে রিয়াল সোসিয়েদাদ, সেভিয়া, ভিয়ারিয়াল, রিয়াল বেটিস ও এ্যাথলেটিক ক্লাব। সংক্ষিপ্ত সময় দ্বিতীয় বিভাগে কাটিয়ে আবারো লা লিগায় ফেরা গ্রানাডা, লাস পালমাস ও আলাভেসও নিজেদের সামর্থ্যরে প্রমানে শতভাগ দিতে প্রস্তুত।

    লা লিগার নতুন মৌসুম শুরু হবে আগামী ১২ আগস্ট । প্রথম দিনেই মাঠে নামছে দুই জায়ান্ট বার্সেলোনা ও মাদ্রিদ। কঠিন সফরে বার্সেলোনার প্রতিপক্ষ হোসে বোরডালার গেতাফে। অতীতে এই দলটির বিরুদ্ধে বেশ কঠিন সময় পার করেছে বার্সা। গত মৌসুমে প্রথম ম্যাচে ১-০ গোলের কষ্টার্জিত জয়ের পর দ্বিতীয় ম্যাচে গোলশুন্য ড্র করেছে জাভি হার্নান্দেজের দল।

    সেপ্টেম্বরে আন্তর্জাতিক বিরতির আগে ২৭ আগস্ট ভিয়ারিয়াল ও ৩ সেপ্টেম্বর ওসাসুনার বিরুদ্ধে মাঠে নামবে বার্সা। কঠিন এই চ্যালেঞ্জের পর চার ম্যাচের তিনটিই খেলবে ঘরের মাঠে, প্রতিপক্ষ রিয়াল বেটিস, সেল্টা ভিগো ও সেভিয়া। অক্টোবরের এই সময়ের মধ্যে আবার চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বও শুরু হয়ে যাবে।

    এদিকে এ্যাথলেটিকোর পর দ্বিতীয় ম্যাচে ২০ আগস্ট আলমেরিয়া ও ২৭ আগস্ট সেল্টা সফরে যাবে রিয়াল মাদ্রিদ। এরপরপরই মাদ্রিদ ডার্বিতে ৩ সেপ্টেম্বর বার্নাব্যুতে গেতাফেকে আতিথ্য দিবে।

  • কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করা হয়েছে

    কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করা হয়েছে

    হ্যালো বাংলা ডেস্ক: কোরবানির গরুর প্রতি বর্গফুট চামড়ার দাম ঢাকায় গত বছরের চেয়ে ৩ টাকা বাড়ানো হয়েছে। আর ঢাকার বাইরে বাড়ানো হয়েছে ৫ টাকা। তবে এই ক্ষেত্রে পশুর চামড়া অবশ্যই লবণযুক্ত রাখতে হবে।

    তবে খাসি ও বকরির চামড়ার দাম থাকছে গত বছরের মতোই।

    আজ রবিবার (২৫ জুন) সচিবালয়ের বাণিজ্য মন্ত্রণালয়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির সভাপতিত্বে অনুষ্ঠিত চামড়ার দাম নির্ধারণ ও সুষ্ঠু ব্যবস্থাপনা বিষয়ক সভায় এ দাম নির্ধারণ করা হয়।

    এসময় বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

    সভা শেষে বাণিজ্যমন্ত্রী সাংবাদিকদের জানান, ঢাকায় গরুর প্রতি বর্গফুট লবণযুক্ত কাঁচা চামড়ার দাম ৫০ থেকে ৫৫ টাকা এবং ঢাকার বাইরে ৪৫ থেকে ৪৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

    এছাড়া খাসির লবণযুক্ত চামড়ার দাম ১৮ থেকে ২০ টাকা এবং বকরির চামড়া ১২ থেকে ১৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

    গত বছর ঢাকায় গরুর প্রতি বর্গফুট লবণযুক্ত কাঁচা চামড়ার দাম ছিল ৪৭ থেকে ৫২ টাকা এবং ঢাকার বাইরে ছিল ৪০ থেকে ৪৪ টাকা।  আর খাসির লবণযুক্ত চামড়ার দাম ১৮ থেকে ২০ টাকা এবং বকরির চামড়া ১২ থেকে ১৪ টাকা।

    এর আগের বছর ঢাকায় গরুর প্রতি বর্গফুট লবণযুক্ত কাঁচা চামড়ার দাম ছিল ৪০ থেকে ৪৫ টাকা, যা ঢাকার বাইরে ছিল ৩৩ থেকে ৩৭ টাকা। খাসির লবণযুক্ত চামড়ার দাম ছিল প্রতি বর্গফুট ১৫ থেকে ১৭ টাকা এবং বকরির চামড়া ছিল ১২ থেকে ১৪ টাকা।

    উল্লেখ্য, গত কয়েক বছর ধরে সরকার নির্ধারিত দামে চামড়া বেচাকেনা হচ্ছে না। সিন্ডিকেটের কারণে পানির দরে চামড়া বিক্রি করতে বাধ্য হচ্ছেন সাধারণ মানুষ।

    বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, কাঁচা চামড়া যাতে নষ্ট না হয়, তার জন্য কোরবানির পর সাত দিন স্থানীয়ভাবেই সংরক্ষণ করতে হবে। এই সাত দিন বাইরে থেকে ঢাকায় এবং ঢাকা থেকে বাইরে কোনো চামড়া পরিবহন করতে দেওয়া হবে না। এজন্য সরকারের জননিরাপত্তা বিভাগ, বিজিবি এবং পুলিশের সর্বোচ্চ নজরদারি থাকবে। চামড়ার চোরাচালান ঠেকাতে সীমান্তসহ গুরুত্বপূর্ণ এলাকায় তদারকি বাড়ানো হবে।

  • পদ্মা সেতু থেকে এক বছরে ৭৯৮ কোটি ২৩ লাখ ৯৬ হাজার টাকার টোল আদায়

    পদ্মা সেতু থেকে এক বছরে ৭৯৮ কোটি ২৩ লাখ ৯৬ হাজার টাকার টোল আদায়

    হ্যালো বাংলা ডেস্ক: পদ্মা সেতু চালুর এক বছর অতিবাহিত হয়েছে। এই এক বছরে ৭৯৮ কোটি ২৩ লাখ ৯৬ হাজার টাকার টোল আদায় হয়েছে।  সেই হিসেবে প্রতিদিন ২ কোটি ১৮ লাখ টাকা টোল আদায় হচ্ছে। আজ ৮০০ কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে।

    ২০২২ সালের ২৫ জুন  থেকে চলত বছরের ২৪ জুন রাত ১২টা পর্যন্ত এ সেতু দিয়ে পারাপার হয়েছে সর্বমোট ৫৬ লাখ ৭৫ হাজার যানবাহন। দৈনিক গড়ে সাড়ে ১৫ হাজার যানবাহন পারাপার হচ্ছে এ সেতু দিয়ে।

    আজ রবিবার (২৫ জুন) রাজধানীর সেতু ভবনে পদ্মা সেতুর প্রথম বর্ষপূর্তি উপলক্ষে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এসব তথ্য জানিয়েছেন।

    কাদের বলেন, পদ্মা সেতু যাত্রী ও পণ্য পরিবহনে অসামান্য অবদান রেখে চলেছে। শেখ হাসিনা সরকারের উন্নয়ন জনগণের জন্য। জনগণ এর সুফল ভোগ করছে।

    তিনি বলেন, পদ্মা সেতু পারাপারে একমাত্র রাষ্ট্রপতি ছাড়া রাষ্ট্রের সব নাগরিকের টোল প্রদানে বাধ্যবাধকতা রয়েছে। প্রধানমন্ত্রীও সেতু পারাপারে টোল প্রদান করেছেন। তিনি উদ্বোধনের দিনেই ৫৯ হাজার ৬০০ টাকা টোল দিয়েছেন।

    এছাড়া, বাংলাদেশ সেনাবাহিনী ও অন্যান্য সংস্থা তাদের যানবাহনের বিপরীতে এখন পর্যন্ত ৯১ লাখ ৭০ হাজার টাকা টোল দিয়েছে।

    গত বছরের ২৫ জুন উদ্বোধন করা হয় পদ্মা সেতু। যার মাধ্যমে দক্ষিণ-পশ্চিমের ২১ জেলার মানুষের সঙ্কটমুক্ত সড়ক যাত্রার  স্বপ্ন পূরণ হয়েছে। জীবনে এসেছে গতি। অর্থনৈতিক উন্নয়নও ঘটেছে।

  • বিদ্রোহ করার ২৪ ঘণ্টার মধ্যে পিছু হটছে ‍ওয়াগানারের সৈন্যরা

    বিদ্রোহ করার ২৪ ঘণ্টার মধ্যে পিছু হটছে ‍ওয়াগানারের সৈন্যরা

    হ্যালো বাংলা ডেস্ক: ওয়াগনারের সৈন্যরা বিদ্রোহ করার ২৪ ঘণ্টার মধ্যে রোস্তোভ-অন-ডন শহর ছেড়ে পালিয়ে যাচ্ছে । এর আগে রাশিয়ার ভাড়াটে গোষ্ঠীর প্রধান ওয়াগনার বলেন, রক্তপাত এড়াতে তিনি তার যোদ্ধাদের ইউক্রেনে ফিরে যেতে বলেছেন। মনে করা হচ্ছে এর মাধ্যমে রাশিয়ায় একটি বিশৃঙ্খল এবং অভাবনীয় দিনের পরিসমাপ্তি হল।

    ওয়াগনার গ্রুপ হল ভাড়াটে সৈন্যদের নিয়ে গড়ে তোলা একটি বেসরকারি সেনাবাহিনী যারা ইউক্রেনে রাশিয়ান সেনাবাহিনীর পাশাপাশি নিয়মিত লড়াই করছে। ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ পরিচালনা নিয়ে রুশ বাহিনীর সাথে ওয়াগনার গ্রুপের উত্তেজনা শুধু বাড়ছিল। প্রিগোশিন সাম্প্রতিক মাসগুলোয় রাশিয়ার সামরিক নেতৃত্বের বিরুদ্ধে সোচ্চার সমালোচনা শুরু করেছিলেন। গতকাল শনিবার সকালে ওয়াগনারের ভাড়াটে সৈন্যরা ইউক্রেনে তাদের ফিল্ড ক্যাম্প থেকে সীমান্ত অতিক্রম করে দক্ষিণাঞ্চলীয় শহর রোস্তোভ-অন-ডনে প্রবেশ করে। শ্বাসরুদ্ধকর গতিতে তারা আঞ্চলিক সামরিক কমান্ডের দায়িত্ব গ্রহণ করে এবং মস্কোর উত্তরে আরেকটি শহর ভোরোনেজের সামরিক স্থাপনা দখল করে নেয় বলে জানা গিয়েছে।

    যোদ্ধারা মস্কোর দিকে অগ্রসর হতে শুরু করলে, ক্রেমলিন মস্কোসহ অনেক অঞ্চলে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জারি করে। মস্কোর মেয়র শহরের বাসিন্দাদের বাইরে ঘোরাঘুরি এড়িয়ে চলতে বলেন। ওয়াগনার সৈন্যদের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রয়োজনে হাজার হাজার এলিট চেচেন সৈন্য মস্কোর দিকে যাচ্ছে বলেও সতর্ক করা হয়েছিল।

    এর জবাবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, যারা রাশিয়ার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে তাদের শাস্তি দেওয়া হবে।

    রুশ টিভি চ্যানেল রোসিয়া ২৪-এর খবরে বলা হয়, বেলারুশের নেতা আলেকজান্ডার লুকাশেঙ্কো প্রিগোশিনের সঙ্গে বৈঠকের পর শনিবার সন্ধ্যায় হঠাৎ করে উত্তেজনা প্রশমনে এই সমঝোতা হয়। এর কয়েক ঘণ্টা পর ভিডিওতে দেখা যায়, ওয়াগনার সৈন্যরা রোস্তোভ ছেড়ে চলে যাচ্ছে। তাদের সমর্থকরা উল্লাস করছে এবং ওয়াগনার সেনাদের সঙ্গে তারা হাত মেলাচ্ছেন।

    ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, “ক্রেমলিনের দায়িত্বরত ব্যক্তি নিশ্চয়ই খুব ভয় পাচ্ছেন এবং সম্ভবত কোথাও লুকিয়ে আছেন, নিজেকে সামনে আনছেন না। আমি নিশ্চিত যে তিনি আর মস্কোতে নেই।

    “তিনি জানেন যে তিনি কীসে ভয় পান, কারণ তিনি নিজেই এই হুমকি তৈরি করেছেন। সব পৈশাচিকতা, সব ধরণের ক্ষয়ক্ষতি, ঘৃণা যা কিছু তৈরি হয়েছে – তিনিই এসব ছড়িয়েছেন। গুঞ্জন শোনা যাচ্ছে যে, পুতিন মস্কো ছেড়ে পালিয়ে গিয়েছেন। ফ্লাইট ট্র্যাকিংয়ে দেখা গিয়েছে যে, শনিবার দুটি প্রেসিডেন্সিয়াল বিমান মস্কো ছেড়ে গিয়েছে। তবে তার প্রেস সেক্রেটারি দিমিত্রি পেসকভ বলেছেন, প্রেসিডেন্ট এখনো ক্রেমলিনেই আছেন।

    এদিকে ওয়াগনারের যোদ্ধারা চলে যাওয়ার সময় তাদেরকে আকাশে গুলি চালাতে দেখা যায়। রাস্তায় সারিবদ্ধ বেসামরিক মানুষদের দেখা যায়, তারা যোদ্ধাদের উদ্দেশ্যে হাততালি দিচ্ছে এবং উল্লাস করছে।