
হ্যালো বাংলা ডেস্ক: পদ্মা সেতু চালুর এক বছর অতিবাহিত হয়েছে। এই এক বছরে ৭৯৮ কোটি ২৩ লাখ ৯৬ হাজার টাকার টোল আদায় হয়েছে। সেই হিসেবে প্রতিদিন ২ কোটি ১৮ লাখ টাকা টোল আদায় হচ্ছে। আজ ৮০০ কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে।
২০২২ সালের ২৫ জুন থেকে চলত বছরের ২৪ জুন রাত ১২টা পর্যন্ত এ সেতু দিয়ে পারাপার হয়েছে সর্বমোট ৫৬ লাখ ৭৫ হাজার যানবাহন। দৈনিক গড়ে সাড়ে ১৫ হাজার যানবাহন পারাপার হচ্ছে এ সেতু দিয়ে।
আজ রবিবার (২৫ জুন) রাজধানীর সেতু ভবনে পদ্মা সেতুর প্রথম বর্ষপূর্তি উপলক্ষে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এসব তথ্য জানিয়েছেন।
কাদের বলেন, পদ্মা সেতু যাত্রী ও পণ্য পরিবহনে অসামান্য অবদান রেখে চলেছে। শেখ হাসিনা সরকারের উন্নয়ন জনগণের জন্য। জনগণ এর সুফল ভোগ করছে।
তিনি বলেন, পদ্মা সেতু পারাপারে একমাত্র রাষ্ট্রপতি ছাড়া রাষ্ট্রের সব নাগরিকের টোল প্রদানে বাধ্যবাধকতা রয়েছে। প্রধানমন্ত্রীও সেতু পারাপারে টোল প্রদান করেছেন। তিনি উদ্বোধনের দিনেই ৫৯ হাজার ৬০০ টাকা টোল দিয়েছেন।
এছাড়া, বাংলাদেশ সেনাবাহিনী ও অন্যান্য সংস্থা তাদের যানবাহনের বিপরীতে এখন পর্যন্ত ৯১ লাখ ৭০ হাজার টাকা টোল দিয়েছে।
গত বছরের ২৫ জুন উদ্বোধন করা হয় পদ্মা সেতু। যার মাধ্যমে দক্ষিণ-পশ্চিমের ২১ জেলার মানুষের সঙ্কটমুক্ত সড়ক যাত্রার স্বপ্ন পূরণ হয়েছে। জীবনে এসেছে গতি। অর্থনৈতিক উন্নয়নও ঘটেছে।
