Category: লিড নিউজ

  • দেশে ৬৫টি কমিউনিটি আই সেন্টারের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    দেশে ৬৫টি কমিউনিটি আই সেন্টারের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ১৬ অক্টোবর, ২০২৩: প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সাত বিভাগে ২৮ জেলার ৬৫ উপজেলায় ৬৫টি কমিউনিটি আই সেন্টারের শুভ উদ্বোধন করেছেন ।

    আজ সোমবার (১৬ অক্টোবর) সকালে গণভবন থেকে ভার্চু্যয়াল মাধ্যমে তিনি এ কমিউনিটি আই সেন্টারের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

    কমিউনিটি আই সেন্টারের উদ্বোধন উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, জীবনকে সুন্দর রাখে স্বাস্থ্যসেবা। একজন মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে তার চোখ, যা দিয়ে মানুষ এই সুন্দর পৃথিবী ও প্রকৃতি এবং আপনজনকে দেখতে পারে, নিজের জীবনে শিক্ষা দীক্ষায় উন্নত করে সুন্দর করে গড়ে তুলতে পারে। অন্ধত্ব দূর করতে আমরা অনেক পদক্ষেপ গ্রহণ করেছি।

    প্রধানমন্ত্রী আরও বলেন, করোনাকালে চিকিৎসা সেবা দেওয়ার জন্য আমাদের প্রতিটি নার্স-চিকিৎসককে আলাদা করে ভাতা দিতে হয়েছে। কারণ সেই সময়ে ভয়ে কেউই এগিয়ে আসতে চায়নি। এমনকি তাদের সুরক্ষায় পিপিইসহ বিভিন্ন ধরনের সুরক্ষা সামগ্রী কিনে দিতে হয়েছে। করোনার টিকা দেওয়ার জন্য ভলান্টিয়ার তৈরি করতে হয়েছে। পৃথিবীর অনেক দেশে লাখ লাখ মানুষ মারা গেছে, আল্লাহর রহমতে আমাদের তেমন ক্ষতি হয়নি।

    শেখ হাসিনা বলেন, ধনী দেশগুলোও বিনামূল্যে করোনার টিকা দেয়নি। কোটি কোটি টাকা খরচ করে আমরা বিনামূল্যে টিকা দিয়েছি। তখন আমাদের রিজার্ভও ভালো ছিল।

    প্রধানমন্ত্রী বলেন, বর্তমানে আমরা ১০ হাজার কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছি। এসব কমিউনিটি ক্লিনিকের প্রথম ৪ হাজার যখন চালু করি, তখন সেগুলো ৭০ ভাগের মতো সাফল্য অর্জন করে। কিন্তু দুর্ভাগ্যবশত ২০০১ সালে ক্ষমতায় আসতে পারিনি। খালেদা সরকার ক্ষমতা এসেই কমিউনিটি ক্লিনিকগুলো বন্ধ করে দেয়। কারণ, এখানে যারা কাজ করবে, যারা সেবা নেবে, তারা নৌকা মার্কায় ভোট দেবে, সুতরাং এগুলো বন্ধ করে দিতে হবে।

    উদ্বোধন অনুষ্ঠানে রাজধানীর শেরেবাংলা নগরের চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে উপস্থিত ছিলেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।

    এছাড়াও স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. জাহাঙ্গীর আলম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা আবুল বাসার খুরশিদ আলম, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ, ন্যাশনাল আই কেয়ার লাইন ডিরেক্টর এবং জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. গোলাম মোস্তফাসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।

    এর আগে তিন ধাপে দেশের বিভিন্ন উপজেলায় ১৩৫টি কমিউনিটি আই সেন্টারের উদ্বোধন করা হয়েছে। নতুন ৬৫টি কমিউনিটি আই সেন্টারের উদ্বোধনের মাধ্যমে সারাদেশে মোট ২০০টি কমিউনিটি আই সেন্টারের যাত্রা শুরু হলো।

  • আজ বিশ্বে বায়ুদূষণের প্রথম স্থানে ঢাকা

    আজ বিশ্বে বায়ুদূষণের প্রথম স্থানে ঢাকা

    www.HelloBangla.News – প্রযুক্তি – ১৬ অক্টোবর, ২০২৩: বর্ষা মৌসুম শেষ হতে না হতেই বায়ু দূষণের শীর্ষে উঠে এসেছে ঢাকা শহরের নাম। এই বায়ুদূষণের কারণে বিভিন্ন ধরণের ফুসফুস জনিত বিভিন্ন রোগের দেখা দেয়। বিশেষভাবে শিশু ও বয়স্করা বেশি আক্রান্ত হয়ে থাকেন। শিশুদের চোখে জ্বালাপোড়া, খুদামন্দাসহ সর্দি কাশি প্রায় লেগে থাকে। বিষয়টি অবশ্যই উদ্বেগের কারণ। কেননা এখন স্কুলে বার্ষিক পরীক্ষার সময় চলে এসেছে। তাই স্কুলে খুব জোর দিয়ে চলছে পড়ালেখা।  একে ঢাকা শহর ঘনবসতিপূর্ণ তার উপর বায়ুদূষণের খারাপ প্রভাব থেকে মুক্ত রাখতে কতৃপক্ষকে পদক্ষেপ নিতে হবে।

    আজ সোমবার (১৬ অক্টোবর) বাংলাদেশ সময় সকাল ৯টা ৩০ মিনিটে এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) ১৮৩ স্কোর নিয়ে ঢাকার বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত হয়েছে।

    একিউআই স্কোর ১০১ থেকে ২০০ হলে তা সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’ ধরা হয়।

    ২০১ থেকে ৩০০ একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলে মনে করা হয় এবং ৩০১ থেকে ৪০০ একিউআই স্কোরকে ‘বিপজ্জনক’ হিসেবে বিবেচনা করা হয়, যা বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে।

    ভারতের দিল্লি, চীনের সাংহাই যথাক্রমে একিউআই ১৭৭ ও ১৭১ স্কোর নিয়ে তালিকায় দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছে।

    দূষণের ৫ বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে বাংলাদেশে একিউআই নির্ধারণ করা হয়। সেগুলো হলো—বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ ও ওজোন (ও৩)।

    দীর্ঘদিন ধরে বায়ু দূষণে ভুগছে ঢাকা। এর বাতাসের গুণমান সাধারণত শীতকালে অস্বাস্থ্যকর হয়ে উঠে এবং বর্ষাকালে কিছুটা উন্নত হয়।

    ২০১৯ সালের মার্চে পরিবেশ অধিদপ্তর ও বিশ্বব্যাংকের প্রতিবেদনে উল্লেখ করা হয়, ঢাকার বায়ু দূষণের ৩ প্রধান উৎস ইটভাটা, যানবাহনের ধোঁয়া ও নির্মাণস্থানের ধুলা।

    প্রতিদিনের বাতাসের মান নিয়ে তৈরি করা একিউআই সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটুকু নির্মল বা দূষিত সে সম্পর্কে তথ্য দেয়। পাশাপাশি, সেই শহরের বাসিন্দাদের জন্য কোন ধরনের স্বাস্থ্য ঝুঁকি তৈরি হতে পারে তা জানায়।

    এদিকে বায়ু দূষণের পাশাপাশি ঢাকা শহরে শব্দ দূষণের মাত্রা অনেক বেড়ে যাচ্ছে। কেননা রাস্তায় যানজট এড়াতে যানবাহন গুলি থেকে অনবরত হর্ণ বাজিয়ে শব্দদূষন আরও বাড়িয়ে দিচ্ছে। তাই এখন কর্তৃপক্ষকে বিষয়গুলো নিয়ে ভাবতে হবে। সঙ্গে চাই নাগরিক সচেতনতা। তানাহলে দেশের মানুষ দারুণ স্বাস্থ্যঝুঁকিতে পড়বে।

  • ইসরাইলের জন্য আবার গাজা দখল করা একটি ভুল সিন্ধান্ত: বাইডেন

    ইসরাইলের জন্য আবার গাজা দখল করা একটি ভুল সিন্ধান্ত: বাইডেন

    www.HelloBangla.News – আন্তর্জাতিক – ১৬ অক্টোবর, ২০২৩: অবরুদ্ধ গাজায় ইসরাইল অবিরাম হামলা চালিয়ে মৃত্যুকূপে পরিণত করেছে ।ইসরাইলি হামলায় এই পর্যন্ত গাজার ২ হাজার ৬শ’ ৭০ বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছে। এদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। আহত হয়েছে নারী-পুরুষ ও শিশুসহ ৯ হাজার ৬শ’ জন।

    টানা এক সপ্তাহেরও বেশি সময় ধরে চলা এই হামলায় ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে নিখোঁজ হয়েছেন আরও কমপক্ষে এক হাজার ফিলিস্তিনি। আজ সোমবার (১৬ অক্টোবর) এই তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

    ফিলিস্তিনি ভূখণ্ডে সম্ভাব্য স্থল অভিযান চালানোর অপেক্ষায় নেতানিয়াহুর সরকারের সামরিক বাহিনী। গাজা ছেড়ে যেতে ফিলিস্তিনিদেরকে দেওয়া আল্টিমেটাম শেষ হওয়ার পর পরই স্থল, আকাশ ও সমুদ্র – তিন পথেই ব্যাপক আক্রমণের প্রস্তুতি নিয়েছে ইসরাইল।

    মার্কিন টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু সরকারকে সতর্ক করেন বাইডেন। এএফপি’র সোমবার প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘সিবিএস নিউজ’কে এক ঘন্টার প্রোগ্রামে দেওয়া সাক্ষাৎকারে জো বাইডেন বলেছেন, গাজায় যা ঘটেছে, আমার দৃষ্টিতে তাহলো হামাস এবং হামাসের বন্ধুরা ফিলিস্তিনি জনগণের প্রতিনিধিত্ব করে না।

    আমি মনে করি, ‘ইসরাইলের জন্য আবার গাজা দখল করা একটি ভুল সিন্ধান্ত। কিন্তু ভেতরে প্রবেশ করে হিজবুল্লাহ ও হামাসের মতো বিদ্রোহীদের ধ্বংস করে দেওয়া প্রয়োজন।

    গাজার মানুষদের ছেড়ে যাওয়ার জন্য একটি মানবিক করিডোর তৈরি করতে এবং ত্রাণ পৌঁছে দেওয়ার জন্য সমর্থন করেছেন বাইডেন। তবে ৭ অক্টোবর ইসরাইলে আকস্মিক হামলা চালানো হামাসকে নির্মূল করা দরকার।

    সাক্ষাৎকারে সেই ইঙ্গিত দিয়ে মার্কিন ডেমোক্র্যাটিক প্রেসিডেন্ট বলেন, হামাস ফিলিস্তিনি জনগণের সবার প্রতিনিধিত্ব করে না। আমরা হামাসকে সম্পূর্ণরূপে নির্মূল করতে চাই। আমি নিশ্চিত যে, ইসরাইল জেণেভা কনভেনশন মেনেই কাজ করবে।

    তবে বাইডেন ইসরাইলের জন্য প্রথমে একবার রণতরী পাঠিয়েছেন এবং এখন আবারো রণতরী পাঠিয়ে দ্বৈত ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। ইসরাইলে মার্কিন সেনা মোতায়েনের প্রয়োজন নেই বলেও মন্তব্য করেছেন বাইডেন।

    ১৪ অক্টোবর শনিবার রাতে ইসরাইলি বাহিনী এক বিবৃতিতে জানায়, ‘বিস্তৃত পরিসরের’ গাজায় অভিযান চালানো হবে। তবে কবে, কখন এটি শুরু হবে সেটি নিশ্চিত করেনি দখলদারদের সেনা।

    ইসরাইলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) প্রধান লেফটেন্যান্ট জেনারেল হেরজি হালেভি রবিবার জানান, খুব শিগগিরই গাজায় প্রবেশ করবে তাদের সেনারা এবং গাজায় গিয়ে হামাসকে ধ্বংস করবে তারা।

    সূত্র: বাসস

  • টস জিতে আগে ব্যাটিং করছে শ্রীলঙ্কা

    টস জিতে আগে ব্যাটিং করছে শ্রীলঙ্কা

    www.HelloBangla.News – খেলাধুলা – ১৬ অক্টোবর, ২০২৩:  বিশ্বকাপের পয়েন্ট টেবিলের তলানিতে থাকা দুই দল অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মধ্যকার খেলা আজ সোমবার (১৬ অক্টোবর)। অস্ট্রেলিয়ার বিপক্ষে টস জিতে শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা। লক্ষ্ণৌতে বাংলাদেশ সময় বেলা ২টা ৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি। সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে এ ম্যাচে মূল্যবান দুই পয়েন্ট পেতে চাইবে দুই দলই।

    ম্যাচটিতে লঙ্কান শিবিরে দুটি পরিবর্তন রয়েছে। দাসুন শানাকার বদলে খেলবেন চামিকা করুনারত্নে এবং লাহিরু কুমারা খেলবেন মাথিশা পাথিরানার পরিবর্তে। অপরদিকে অজি শিবিরে কোনো পরিবর্তন আনা হয়নি।

    স্বাগতিক ভারতের বিপক্ষে বড় হার দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছিল অস্ট্রেলিয়া। পরের ম্যাচে ব্যাটিং-বোলিং ও ফিল্ডিং তিন বিভাগেই ব্যর্থতার ষোলকলা পূর্ণ করে দক্ষিণ আফ্রিকার কাছে ১৩৪ রানের বড় ব্যবধানে ম্যাচ হারে অস্ট্রেলিয়া। বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে ব্যবধানে লজ্জার হারের স্বাদ নেয় অজিরা। ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কোনো ম্যাচেই দুইশ রান করতে পারেনি পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া।

    তবে অস্ট্রেলিয়ার মত ব্যাটিং নিয়ে চিন্তা নেই শ্রীলঙ্কার। লঙ্কানদের পাহাড় সমান চিন্তা বোলিং নিয়ে। প্রথম দুই ম্যাচেই ব্যাটিংয়ে তিনশ’র বেশি রান করেছে লঙ্কানরা। কিন্তু দুই ম্যাচে যাচ্ছেতাই বোলিং পারফরম্যান্স করেছে শ্রীলঙ্কা। বোলারদের বিপক্ষে প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকা ৪২৮ ও পরের ম্যাচে পাকিস্তান ৩৪৫ রান করে। দুই ম্যাচে ৯৮ দশমিক ২ ওভারে ৭ দশমিক ৮৬ ইকোনমিতে সর্বমোট ৭৭৩ রান দেয় শ্রীলঙ্কার বোলাররা।

    অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের আগে শ্রীলঙ্কার বড় ধাক্কা ডান ঊরুর পেশীর ইনজুরি কারনে চলতি বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন নিয়মিত অধিনায়ক দাসুন শানাকা। তার পরিবর্তে টুর্নামেন্টের বাকী অংশে দলকে নেতৃত্ব দেবেন পাকিস্তানের বিপক্ষে ৭৭ বলে ১২২ রানের ঝোড়ো ইনিংস খেলা কুশাল মেন্ডিস।

     

    শ্রীলঙ্কার একাদশ

    পাথুম নিশাঙ্কা, কুশাল পেরেরা, কুশল মেন্ডিস (অধিনায়ক), সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালাঙ্কা, ধনাঞ্জয়া ডি সিলভা, চামিকা করুনারত্নে, দুনিথ ভেলালাগে, মাহিশ থিকশানা, দিলশান মাদুশাঙ্কা ও লাহিরু কুমারা।

    অস্ট্রেলিয়ার একাদশ

    মিচেল মার্শ, ডেভিড ওয়ার্নার, স্টিভেন স্মিথ, মারনাস লাবুশানে, জস ইংলিস, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স (অধিনায়ক), অ্যাডাম জাম্পা ও জশ হ্যাজেলউড।

  • শিল্পকলা একাডেমির আয়োজনে ‘সাধুমেলা’ আগামীকাল থেকে শুরু

    শিল্পকলা একাডেমির আয়োজনে ‘সাধুমেলা’ আগামীকাল থেকে শুরু

    www.HelloBangla.News – বিনোদন – ১৬ অক্টোবর, ২০২৩:  মহাত্মা লালন ফকির সাঁইজির ১৩৩ তম তিরোধান দিবস উপলক্ষ্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে সাধুমেলার ৫৪তম আসর অনুষ্ঠিত হবে আগামীকাল থেকে। আগামিকাল ১৭ থেকে ২০ অক্টোবর চলবে এই ‘সাধুমেলা’। ১৭ই অক্টোবর্, বাংলাদেশ শিল্ককলা একাডেমির বাউলকুঞ্জে-বিকাল ৪.৩০ টায় অনুষ্ঠানের শুরু হবে। দ্বিতীয় দিন কুষ্টিয়া লালন সাঁইজির ধামে মধুমেলার আসর বসবে, দুপুর ১২টায়। এর পর তৃতীয় দিন ২০ অক্টোবর কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমিতে বিকেল ৪টা ৩০ মিনিটে বসবে মধুমেলা আসরের সমাপ্তি অনুষ্ঠান।

    লালন জন্মগ্রহণ করেন ১৭৭৪ সালের ১৭ অক্টোবর। তিনি ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী একজন বাঙালি; যিনি ফকির লালন, লালন সাঁই, লালন শাহ, মহাত্মা লালন ইত্যাদি নামেও পরিচিত।তিনি একাধারে একজন আধ্যাত্মিক ফকির সাধক, মানবতাবাদী, সমাজ সংস্কারক এবং দার্শনিক। তিনি অসংখ্য গানের গীতিকার, সুরকার ও গায়ক ছিলেন। লালনকে বাউল গানের অগ্রদূতদের অন্যতম একজন হিসেবে বিবেচনা করা হয় এবং তার গান উনিশ শতকে বেশ জনপ্রিয়তা অর্জন করে।

    লালন ছিলেন একজন মানবতাবাদী সাধক। যিনি ধর্ম, বর্ণ, গোত্রসহ সকল প্রকার জাতিগত বিভেদ থেকে সরে এসে মানবতাকে সর্বোচ্চ স্থান দিয়েছিলেন। অসাম্প্রদায়িক এই মনোভাব থেকেই তিনি তার গান রচনা করেছেন। তার গান ও দর্শন যুগে যুগে প্রভাবিত করেছে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ও অ্যালেন গিন্সবার্গের মতো বহু খ্যাতনামা কবি, সাহিত্যিক, দার্শনিক, বুদ্ধিজীবীসহ অসংখ্য মানুষকে। তার গানগুলো যুগে যুগে বহু সঙ্গীতশিল্পীর কণ্ঠে এই গানসমূহ উচ্চারিত হয়েছে। গান্ধীরও ২৫ বছর আগে, ভারত উপমহাদেশে সর্বপ্রথম, তাকে ‘মহাত্মা’ উপাধি দেয়া হয়েছিল। লালন মৃত্যুবরণ করেন ১৮৯০ সালের ১৭ অক্টোবর।

    বাংলাদেশ শিল্পকলা একাডেমি লালনের তিরোধান দিবস উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে থাকে। ‘সাধুমেলা তারই’ একটি অংশ।

  • বিশ্বকাপে শক্তিশালী ইংল্যান্ডকে হারিয়ে দিয়েছে আফগানিস্তান

    বিশ্বকাপে শক্তিশালী ইংল্যান্ডকে হারিয়ে দিয়েছে আফগানিস্তান

    www.HelloBangla.News – খেলাধুলা – ১৬ অক্টোবর, ২০২৩:  বিশ্বকাপের প্রথম অঘটন উপহার দিয়েছে আফগানিস্তান। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে তারা হারিয়েছে ৬৯ রানে। এবারের বিশ্বকাপে এটি আফগানদের প্রথম জয়।অপরদিকে বিশ্বচ্যাম্পিয়নদের দ্বিতীয় হার।বিশ্বকাপে কে কখন জিতবে বা হারবে সেটা দলগত শক্তি দিয়ে সব সময় বিচার করা যায়না। নাহলে যে ইংল্যান্ডকে অতি সহজেই হারায় বাংলাদেশকে সেই দল আবার দাঁড়াতেই পারেনি আফগানদের সামনে। অথচ সেই আফগানিস্তানকে সহজেই হারায় বাংলাদেশ। তবে এই হারে সেরা চারে টিকে থাকাটা ইংল্যান্ডের জন্য মুশকিল হবে বলে মনে করছে ক্রিকেট বিশ্লেষকরা।

    এই জয় দিয়ে আসরে পয়েন্টের খাতা খুলেছে দলটি। আর ইংলিশরা বাংলাদেশের বিপক্ষে জয়ের পর হোঁচট খেল আরও একবার। পয়েন্ট টেবিলে তারা আছে বাংলাদেশ এবং আফগানিস্তানের সমান পয়েন্ট নিয়ে।

    এই মুহূর্তে বিশ্বকাপের ৫ম স্থান নিয়ে চলছে হাড্ডাহাড্ডি লড়াই। ইংল্যান্ড, আফগানিস্তান এবং বাংলাদেশ, তিন দলই পেয়েছে ২ পয়েন্ট। তবে, রানরেটের বিচারে এগিয়ে আছে ইংলিশরা। এরপরেই আছে আফগানিস্তান।  সাতে আছে বাংলাদেশ। চারে থাকা পাকিস্তান জিতেছে ২ ম্যাচ। এই তিন দলের কেউ জয় পেলেই পাকিস্তানের সমান পয়েন্ট হবে। দখলে নিতে পারে চতুর্থ স্থানও।

    এর আগে টেবিলের ১০ম স্থানে ছিল আফগানরা। তবে এক ম্যাচ জিতেই ৬ নম্বরে এসে গিয়েছে তারা। আর তাদের এমন উত্থানের দিনে বাংলাদেশ নেমে গিয়েছে ৭ম স্থানে। ৮ম থেকে ১০ স্থানে আছে যথাক্রমে শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস এবং অস্ট্রেলিয়া। শীর্ষ চার স্থানে আছে ভারত, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা এবং পাকিস্তান।

    ব্যাট হাতে ১৬ বলে  ২৮ রান ও বল হাতে ৫১ রাতে তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা নির্বাচিত হন আফগানিস্তানের মুজিব। তিনি খেলা থেকে তার প্রাপ্ত অর্থ আফগানিস্তানে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য দান করেন।

    সংক্ষিপ্ত স্কোর :

    আফগানিস্তান : ২৮৪/১০, ৪৯.৫ ওভার (গুরবাজ ৮০, আলিখিল ৫৮, রশিদ ৩/৪২)

    ইংল্যান্ড : ২১৫/১০, ৪০.৩ ওভার (ব্রুক ৬৬, মালান ৩২, রশিদ ৩/৩৭)।

    ফল : আফগানিস্তান ৬৯ রানে জয়ী।

  • শর্তযুক্ত কোনো আলোচনায় বসবে না আওয়ামী লীগ: সেতুমন্ত্রী

    শর্তযুক্ত কোনো আলোচনায় বসবে না আওয়ামী লীগ: সেতুমন্ত্রী

    www.HelloBangla.News – রাজনীতি – ১৫ অক্টোবর, ২০২৩: কোনো শর্ত না দিলে বিএনপির সঙ্গে সংলাপের বিষয়টি চিন্তা করে দেখা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

    আজ রবিবার (১৫ অক্টোবর) সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

    তিনি বলেন, সংলাপ সম্পর্কে কোনো কথা বলেনি মার্কিন প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দল। শর্তযুক্ত কোনো আলোচনায় বসবে না আওয়ামী লীগ। এর বাইরে যে পরামর্শ তাতে সরকারের আপত্তি নেই।

    সেতুমন্ত্রী বলেন, বিএনপি বলছে তাদের শর্ত রয়েছে। প্রধানমন্ত্রীর পদত্যাগ চায়, সংসদের বিলুপ্তি চায়, তারা তত্ত্বাবধায়ক সরকার চায়- সেটা তাদের প্রথম শর্ত। তারা ইলেকশন কমিশনের পদত্যাগ চায়। আমরা তো এই শর্তযুক্ত সংলাপের চিন্তা করব তখন যখন তারা এই চারটি শর্ত যদি প্রত্যাহার করে নেয়। সংলাপ হলে শর্ত কিসের? শর্তযুক্ত কোনো সংলাপের ব্যাপারে আমাদের চিন্তাভাবনা নেই।

    তিনি বলেন, অন্যান্য যে বিষয়গুলো সেগুলো নিয়ে আমাদের কোনো আপত্তি নেই। এগুলো আমরা সবাই একমত। ইলেকশন রিলেটেড অন্যান্য যে বিষয়গুলো রয়েছে, লেভেল প্লেয়িং ফিল্ডসহ, ইলেকশনকে শান্তিপূর্ণ পরিবেশে। আমাদের পক্ষ থেকে তাদের (পর্যবেক্ষক দল) অন্য যে ভিউজ এবং যে প্রস্তাব সেখানে আমাদের কোনো দ্বিমত নেই।

    মন্ত্রী বলেন, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে এখানে নির্বাচনকালীন পরিবেশ তারপর লেভেল প্লেয়িং ফিল্ড, পলিটিক্যাল পার্টি হিসেবে অংশগ্রহণকারী দলের যে সুযোগ-সুবিধা সে সুযোগ-সুবিধা নিয়ে আমাদের কোনো দ্বিমত নেই। আমাদের প্রশ্ন প্রধানমন্ত্রীর পদত্যাগ করলে কার সঙ্গে আলোচনা করবে? রাষ্ট্রপতি আলোচনা করতে চেয়েছেন সেই আলোচনাও তারা বাতিল করেছেন। নির্বাচন কমিশনের সঙ্গে পরপর তারা দুইবার আলোচনার প্রস্তাব খারিজ করে দিয়েছে।

  • ফার্মগেট ফুটওভার ব্রিজ হবে হকার মুক্ত: ডিএনসিসি মেয়র

    ফার্মগেট ফুটওভার ব্রিজ হবে হকার মুক্ত: ডিএনসিসি মেয়র

    www.HelloBangla.News – জাতীয় – ১৫ অক্টোবর, ২০২৩: ডিএনসিসি ও ডিএমপির যৌথ প্রচেষ্টায় ফার্মগেট ফুটওভার ব্রিজ হকার মুক্ত দেখতে চান ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম । তিনি জানিয়েছেন, ফার্মগেট ফুটওভার ব্রিজ আমাদের একটি হার্ট। যদি এখানে কোনো হকার বসে তাহলে এটি নষ্ট হয়ে যাবে। এখানে মানুষজন চলতে কষ্ট পাবেন। এখানে যেন কোনো হকার না বসতে পারে এবং কোনো ভবঘুরে যেন না থাকতে পারে এ জন্য আমি ডিএমপি কমিশনারকে অনুরোধ জানাচ্ছি।

    মেয়র আতিকুল ইসলাম আরও বলেন, ‘আমি বলে দিচ্ছি, হকার উচ্ছেদের বিষয়ে আমার কোনো সুপারিশ কল আপনার কাছে যাবে না। ফুটওভার ব্রিজের উপর কোনো কাউন্সিলর দোকান বরাদ দিতে পারবে না।’

    আজ রবিবার(১৫ অক্টোবর) ফার্মগেটের ফুটওভার ব্রিজ উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

    আতিকুল ইসলাম বলেন, ‘আমি একটি ট্রাফিক পুলিশ বক্স উঠিয়ে দিয়েছিলাম। ওই পুলিশ বক্স উঠিয়ে দেওয়ার কারণ হচ্ছে, সেখানে ৮ ইঞ্চি ঢালাই দিয়ে পুলিশ বক্স বানানো হয়েছে। কিন্তু বিষয়টি সিটি করপোরেশন জানে না। এখন ব্যাঙের ছাতার মতো বিভিন্ন জায়গায় বিজ্ঞাপন নিয়ে পুলিশ বক্স হচ্ছে। এতে শহরটা নষ্ট হয়ে যায়। শহর দেখতে ভালো লাগেনা। আপনাদের বলতে চাই, আপনারা যেখানে পুলিশ বক্স বসাবেন আমরা নন্দিত পুলিশ বক্স বানিয়ে দেব।

    ফার্মগেটের আনোয়ারা উদ্যান প্রসঙ্গে মেয়র বলেন, শুনলাম যারা মেট্রোরেল তৈরি করছেন তারা নাকি আনোয়ারা উদ্যানে বড় একটা মার্কেট করবে। যারা মাঠ নষ্ট করে মার্কেট করতে চান আমি তাদের বলছি, আমি জনগণকে নিয়ে এখানে প্রতিহত করব।

    অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা প্রমুখ।

  • ঢাবির ২৯তম ভিসি হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক মাকসুদ কামাল

    ঢাবির ২৯তম ভিসি হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক মাকসুদ কামাল

    www.HelloBangla.News – জাতীয় – ১৫ অক্টোবর, ২০২৩: অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন। এর আগে তিনি বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য হিসেবে দায়িত্বরত ছিলেন। আগামী ৪ নভেম্বর থেকে তিনি দায়িত্বভার গ্রহণ করবেন।

    আজ রবিবার (১৫ অক্টোবর) রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩ এর আর্টিকল ১১ (২) অনুসারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) এবং ডিজাস্টার সায়েন্স অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স বিভাগের অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ দেওয়া হয়েছে।

    আগামী ২৬ অক্টোবর বর্তমান ও বিশ্ববিদ্যালয়ের ২৮তম উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের দ্বিতীয় মেয়াদে সময় শেষ হবে। তার আগে প্যানেল নির্বাচন হওয়ার কথা থাকলেও প্যানেল নির্বাচন না দিয়ে রাষ্ট্রপতি সরাসরি প্রজ্ঞাপনের মাধ্যমে অধ্যাপক মাকসুদ কামালকে উপাচার্য হিসেবে মনোনীত করলেন। মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন তিনি।

    অধ্যাপক ড এ এস এম মাকসুদ কামাল বিশ্ববিদ্যালয়ের ডিজাস্টার সায়েন্স অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স বিভাগের অধ্যাপক। ২০২০ সালের জুন মাস থেকে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যের(শিক্ষা) দায়িত্ব পালন করে আসছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির চারবারের নির্বাচিত সভাপতি। বিশ্ববিদ্যালয়ের আওয়ামী লীগ-সমর্থক শিক্ষকদের সংগঠন নীল দলের আহ্বায়কের দায়িত্বেও ছিলেন।

    এছাড়া বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ও সিন্ডিকেট সদস্য। দুই মেয়াদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্যসেন হলের প্রাধ্যক্ষের দায়িত্বেও ছিলেন এই শিক্ষক৷

    অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল লক্ষ্মীপুর জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ২১ নভেম্বর ১৯৬৬ খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন। তার বাবা মরহুম ফরিদ আহমেদ এবং মা মরহুমা মাছুমা খাতুন ছিলেন সমাজহিতৈষী ও বিদ্যানুরাগী ব্যক্তিত্ব। তার বাবা একজন সুপরিচিত ও প্রতিষ্ঠিত ব্যবসায়ীও ছিলেন। ড. মাকসুদ কামালের অগ্রজ প্রয়াত এ কে এম শাহজাহান কামাল বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পালন করেন এবং তিন মেয়াদে তিনি জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

    ড. মাকসুদ কামালের স্ত্রী সৈয়দা আফসানা ফেরদৌসি একজন শিক্ষাবিদ এবং ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেসের (ইউআইটিএস) লিবারেল আর্টস ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিনের দায়িত্ব পালন করছেন। ব্যক্তিগত জীবনে তিনি দুই ছেলে ও এক মেয়ের জনক।

  • ইসরায়েল-হামাস যুদ্ধ থামাতে যুক্তরাষ্ট্র দ্বিতীয় বিমানবাহী রণতরী পাঠিয়েছে

    ইসরায়েল-হামাস যুদ্ধ থামাতে যুক্তরাষ্ট্র দ্বিতীয় বিমানবাহী রণতরী পাঠিয়েছে

    www.HelloBangla.News – আন্তর্জাতিক – ১৫ অক্টোবর, ২০২৩: ইসরায়েল ও হামাসের মধ্যকার চলমান যুদ্ধকে প্রসারিত করার কোনো প্রচেষ্টা ঠেকাতে পূর্ব ভূমধ্যসাগরে দ্বিতীয় একটি বিমানবাহী রণতরী স্ট্রাইক গ্রুপ পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন শনিবার একথা বলেন।

    গত প্রায় এক সপ্তাহের বেশি সময় ধরে চলা এই যুদ্ধে অনেক প্রাণহানির ধটনা ঘটেছে।ধ্বংস হয়েছে বহু স্থাপনা।

    ইউএসএস আইজেনহাওয়ার এবং এর অধিভুক্ত যুদ্ধজাহাজগুলো এক সপ্তাহ আগে ইসরায়েলে হামলা এবং ইসরায়েলের চলমান প্রতিক্রিয়ার পরিপ্রেক্ষিতে ইতিমধ্যেই এই অঞ্চলে মোতায়েন করা অন্য একটি ক্যারিয়ার গ্রুপে যোগ দেবে।

    অস্টিন এক বিবৃতিতে বলেছেন, এই মোতায়েন ওয়াশিংটনের ‘ইসরায়েলের নিরাপত্তার প্রতিশ্রুতিবদ্ধ দৃঢ় অঙ্গীকার এবং এই যুদ্ধ বাড়ানোর জন্য যে কোনো রাষ্ট্র বা অ-রাষ্ট্রীয় প্রচেষ্টাকে বাধা দেওয়ার জন্য আমাদের সংকল্পের ইঙ্গিত দেয়।’

    হামাসের হামলার প্রতিশোধ নিতে এক সপ্তাহ ধরে ইসরাইল গাজায় বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে গাজা ধ্বংসস্তুপে পরিণত করার পর এখন গাজা থেকে ফিলিস্তিনিদের নির্মূলে ভয়াবহ স্থল অভিযান শুরু করেছে। এতে গাজায় এক অবর্ণনীয় মানবিক বিপর্যয়ের সৃষ্টি হয়েছে।

    মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলে যুদ্ধাস্ত্র পাঠিয়েছে এবং অন্যান্য দেশকে সংঘাত না বাড়াতে সতর্ক করেছে।

    দ্বিতীয় বিমানবাহী যুদ্ধ জাহাজ মোতায়েনের ঘোষণার একই দিনে, প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সাথে একটি ফোন কলে গাজায় ইসরায়েলি অবরোধ এবং বোমাবর্ষণের মধ্যে বেসামরিক নাগরিকদের সুরক্ষার প্রচেষ্টার জন্য মার্কিন সমর্থনের উপর জোর দেন।

    হামাসের হামলায় নিহত ইসরায়েলিদের সংখ্যা ১৩০০ ছাড়িয়েছে আগেই। নিহতদের মধ্যে বহু সেনাসদস্যও রয়েছে। এছাড়া হামাসের হামলায় আহত হয়েছেন আরও হাজার হাজার ইসরায়েলি।

    অন্যদিকে গাজা ভূখণ্ডে ইসরায়েলের অবিরাম বোমা হামলায় প্রাণহানি ২২০০ ছাড়িয়েছে বলে গাজারা স্বাস্থ্য কর্মকর্তারা বলেছেন।

    ইসরায়েলের দাবি, হামাসের হামলায় নিহতদের বেশিরভাগই বেসামরিক নাগরিক। এছাড়া হামাসের হামলা মোকাবিলায় যুক্তরাষ্ট্র ইসরায়েলে যুদ্ধাস্ত্র পাঠিয়েছে এবং অন্যান্য দেশকে সংঘাত না বাড়াতে সতর্ক করেছে।

    সূত্র: বাসস