Category: লিড নিউজ

  • সংলাপের মাধ্যমে সমস্যার সমাধান করা উচিত: প্রধানমন্ত্রী

    সংলাপের মাধ্যমে সমস্যার সমাধান করা উচিত: প্রধানমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ১৯ অক্টোবর, ২০২৩: ওআইসি’র প্রতিবেশি দেশগুলোর মধ্যে সব সমস্যা সমাধানের জন্য সংলাপের ওপর গুরুত্বারোপ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    তিনি বলেন, ‘ওআইসি’র প্রতিবেশি দেশগুলোর মধ্যে সমস্যা থাকলেও (তাদের) সংলাপের মাধ্যমে এসব সমস্যার সমাধান করা উচিত।’ বাংলাদেশে সৌদি রাষ্ট্রদূত এসা ইউসুফ এসা আলদুহাইলান প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর সরকারি বাসভবন গণভবনে সৌজন্য সাক্ষাত করতে এলে শেখ হাসিনা এসব কথা বলেন।

    বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।

    করিম বলেন, প্রধানমন্ত্রী চলমান ফিলিস্তিন ইস্যুতে মুসলিম উম্মাহর মধ্যে ঐক্যের আহ্বান পুর্নব্যক্ত করেন।

    রাষ্ট্রদূত প্রধানমন্ত্রীর কাছে একটি চিঠি হস্তান্তর করে জেদ্দায় ৬ থেকে ৮ নভেম্বর অনুষ্ঠিতব্য ‘ওআইসি কনফারেন্স অন উইমেন ইন ইসলাম’ এ অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানান।’

    রাষ্ট্রদূত প্রধানমন্ত্রীর কাছে আরেকটি চিঠি হস্তান্তর করেন এবং ২০৩৪ সালের ফিফা বিশ্বকাপ আয়োজনের ক্ষেত্রে তার দেশের পক্ষে বাংলাদেশের সমর্থন চাইলে প্রধানমন্ত্রী ইতিবাচক প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

    পাশাপাশি রাষ্ট্রদূত ‘এক্সপো-২০৩০’ এর আয়োজন করতে তার দেশের পক্ষে নতুন করে সমর্থনের জন্য প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান।

    বৈঠকে শেখ হাসিনা রাষ্ট্রদূতকে অবহিত করেন যে, বাংলাদেশ ‘ইমাম সম্মেলন’ আয়োজন করতে যাচ্ছে এবং তিনি ওই সম্মেলনে যোগদানের জন্য দুই পবিত্র মসজিদের ইমামদের আমন্ত্রণ জানান।

    প্রধানমন্ত্রী আলদুহাইলানকে বলেন, বাংলাদেশ ইতোমধ্যে ভারতের সাথে মুদ্রা বিনিময় চালু করেছে এবং অন্যান্য দেশের সাথেও এটি করতে চায়।

    এ প্রসঙ্গে সৌদি রাষ্ট্রদূত তার দেশ বিষয়টি দেখবে বলে উল্লেখ করেন। শেখ হাসিনা দুই পবিত্র মসজিদের খাদেমকে শুভেচ্ছা জানিয়ে বলেন, বাংলাদেশের জনগণের হৃদয়ে সৌদি আরবের জন্য বিশেষ স্থান রয়েছে।

    আলদুহাইলান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের ধারাবাহিক অগ্রগতির প্রশংসা করেন।

    বৈঠকে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এম তোফাজ্জেল হোসেন মিয়া উপস্থিত ছিলেন।

    সূত্র: বাসস

  • টস জিতে ব্যাটিং নিয়েছে বাংলাদেশ

    টস জিতে ব্যাটিং নিয়েছে বাংলাদেশ

    www.HelloBangla.News – খেলুধুলা – ১৯ অক্টোবর, ২০২৩: বাংলাদেশ আর ভারত মুখোমুখি হলেই নাটকীয়তার ছড়াছড়ি থাকে সাধারণত। মাঠের বাইরে যেমন, মাঠের ভেতরেও – আর এই ট্র্যাডিশন সেই ২০০৭-এ ক্যারিবিয়ান থেকে চলছে।সেই ষোলো বছর আগে বিশ্বকাপে বাংলাদেশের কাছে হেরেই টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয়েছিল ভারতকে।ঘটনাচক্রে বাংলাদেশ ক্রিকেটের শ্রেষ্ঠ তারকা সাকিব আল হাসানের সেটাই ছিল প্রথম বিশ্বকাপ, আর ভারতকে হারানোতে বড় ভূমিকা রেখেছিল তরুণ সাকিব । আজ সাকিব দলের অধিনায়ক। অথচ আহত থাকার কারণে খেলতে পারছেননা তিনি। অনেক জলঘোলার পর, অবশেষে আজ সকালে সিদ্ধান্ত হয় ঊরুর চোট থেকে এখনো ফিট হয়ে উঠেননি তিনি। তার পরিবর্তে অধিনায়কত্ব করবেন শান্ত।

    এর আগে তিন ম্যাচে জয় ভারতের। অন্যদিকে প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে জয় দিয়ে শুরু করলেও পরের দুই ম্যাচে খেই হারিয়েছে বাংলাদেশ। পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে ভারত এবং ৬ষ্ঠ স্থানে রয়েছে বাংলাদেশ।

    পুনের মহারাষ্ট্র ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে টাইগাররা। একাদশে পরিবর্তন এসেছে দুটি। সাকিবের পরিবর্তে সুযোগ পেয়েছেন নাসুম আহমেদ। অফ ফর্মে থাকা তাসকিন আহমেদের জায়গায় নেওয়া হয়েছে হাসান মাহমুদকে অন্যদিকে অপরিবর্তি একাদশ নিয়েই মাঠে নেমেছে ভারত।

    বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, লিটন দাস, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদউল্লাহ রিয়াদ, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম, তাওহীদ হৃদয়, হাসান মাহমুদ, মোস্তাফিজুর রহমান।

    ভারত একাদশ: রোহিত শর্মা, শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, রবীন্দ্র জাদেজা, হার্দিক পান্ডিয়া, কুলদীপ যাদব, শার্দূল ঠাকুর, মোহাম্মদ সিরাজ, জাসপ্রিত বুমরাহ।

  • দেশের স্বাধীনতা যদি রক্ষা করতে চান তাহলে শেখ হাসিনার বিকল্প নেই: সেতুমন্ত্রী

    দেশের স্বাধীনতা যদি রক্ষা করতে চান তাহলে শেখ হাসিনার বিকল্প নেই: সেতুমন্ত্রী

    www.HelloBangla.News – রাজনীতি – ১৯ অক্টোবর, ২০২৩: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এ দেশের স্বাধীনতা যদি রক্ষা করতে চান, দেশকে যদি ভালোবাসেন, তাহলে ক্ষমতার মঞ্চে শেখ হাসিনার বিকল্প নেই।

    আজ বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সকালে তেজগাঁওয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের আওতায় ১৫০টি সেতু, ১৪টি ওভার পাস, স্বয়ংক্রিয় মোটরযান ফিটনেস পরীক্ষা কেন্দ্র উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থতে ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    ওবায়দুল কাদের বলেন, পৃথিবীতে আন্দোলনে সরকারের পতন হয়, আমাদের এখানে ৬৯-এর আন্দোলনে হয়েছে, এরশাদ সাহেবেরও পতন হয়েছে। আমাদের দেশের নেতিবাচক রাজনীতিতে বিরোধী দল বারে বারে পতনের দিকে গেছে। এখনও তারা বিপথে চলছে। সে পথ ভুল পথ।

    সেতুমন্ত্রী বলেন, ১৫ বছর আগের বাংলাদেশের দিকে তাকান, আর পনের বছর পর রূপান্তরিত বাংলাদেশ, যার রূপকার এখানে বসে আছে। এই রূপান্তর বিশ্বের বিস্ময়। একটা কমিটমেন্ট নিয়ে শেখ হাসিনা কাজ করেন।

    তিনি আরও বলেন, একটা দল দিন-রাত বিষোদ্‌গার করে, যাকে বৃটেনের প্রধানমন্ত্রী কী বডি ল্যাঙ্গুয়েজে সম্মান করে! এরা কি দেখে নাই? বহু প্রধানমন্ত্রী জি-টুয়েন্টিতে গেছে। আমেরিকার প্রেসিডেন্ট তো নিজেই সেলফি তুলেছেন, জি-টোয়েন্টিতে তুলেছেন, নিউ ইয়র্কেও তোলেন। তিনি তো অন্য কারও সঙ্গে তোলেন নাই। আমাদের সমর্থন করছে… আমরা আনন্দিত সেই জন্য না.. শেখ হাসিনাকে গুরুত্ব দিয়েছে।

    সেতুমন্ত্রী বলেন, তত্ত্বাবধায়ক সরকার আজিমপুর গোরস্থানে চিরনিদ্রায় শায়িত। ওই তত্ত্বাবধায়ককে আর ডাকবেন না। ওটা ঘুমিয়ে আছে। জাগবে না। প্রধানমন্ত্রী কোন দুঃখে পদত্যাগ করবে? কী কারণে? বাংলাদেশ আপনি যাদের কথা বলেন, উৎসাহ পাচ্ছেন, তাদের দেশের গুরুত্বপূর্ণ সংস্থা আইআরআই বলেছে, বাংলাদেশে বর্তমানে ৭০% লোক শেখ হাসিনার পক্ষে।

  • শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে শিল্পকলায় দিনব্যাপী অনুষ্ঠানমালা

    শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে শিল্পকলায় দিনব্যাপী অনুষ্ঠানমালা

    www.HelloBangla.News – বিনোদন – ১৯ অক্টোবর, ২০২৩: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৬০তম জন্মদিন এবং ‘শেখ রাসেল দিবস-২০২৩’ উদযাপন উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে ৩ শতাধিক শিশুদের উপস্থিতিতে উৎসব মুখর আয়োজনে চিত্রাঙ্কন, পত্রলেখা, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়েছে। শিশুদের অংশগ্রহণে ‘শেখ রাসেল দীপ্তিময়, নির্ভীক নির্মল দুর্জয়’ শিরোনামে দিনব্যাপী অনুষ্ঠানমালার  শুরু হয় শেখ রাসেল এঁর বেদিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণের মধ্যে দিয়ে। সকাল ১০.০০ টায় একাডেমির মহাপরিচালক জনাব লিয়াকত আলী লাকীর নেতৃত্বে, সচিব জনাব সালাহ্‌উদ্দিন আহাম্মদ, একাডেমির পরিচালক, শিল্পীবৃন্দ, সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দের উপস্থিতিতে শ্রদ্ধা জানানো হয়।

    শেখ রাসেলের জন্মদিনে শিল্পকলায় দিনব্যাপী অনুষ্ঠানমালা - বিনোদন - ১৯ অক্টোবর  ২০২৩ (খ)_1
    শেখ রাসেলের জন্মদিনে শিল্পকলায় দিনব্যাপী অনুষ্ঠানমালা – বিনোদন – ১৯ অক্টোবর ২০২৩ (খ)_1

    সকাল ১১.৩০ টায় একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব কে এম খালিদ এমপি, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব জনাব খলিল আহমদ। আলোচনা উপস্থাপন করেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা এবং কবি নজরুল ইন্সটিটিউট এর নির্বাহী পরিচালক জনাব এ এফ এম হায়াতুল্লাহ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একাডেমির মহাপরিচালক জনাব লিয়াকত আলী লাকী।

    অনুষ্ঠানে সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি বলেছেন, ‘যেকোনো জন্মদিন আমরা সাধারণত আনন্দ, উচ্ছ্বাস ও উল্লাসের মধ্য দিয়ে উদযাপন করি। কিন্তু শেখ রাসেলের জন্মদিনে আমরা উল্লাস করতে পারি না, বেদনায় নীল হয়ে যাই, নিদারুণ বিষাদের ছায়া আমাদের উপর ভর করে। নিষ্পাপ, কোমলমতি শিশুটিকে কি নৃশংসভাবে হত্যা করা হয়েছে। চিন্তা করলেই আঁতকে উঠি। হৃদয় ক্ষত-বিক্ষত হয়ে যায়। যে পৃথিবীতে শেখ রাসেলকে হত্যা করা হয়, শেখ রাসেল হত্যার মধ্য দিয়ে সে পৃথিবী বসবাসের অযোগ্য হয়ে পড়েছে।’

    সভাপতির বক্তব্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক জনাব লিয়াকত আলী লাকী বলেন- “বঙ্গমাতা বিখ্যাত দার্শনিক বার্টন রাসেলের থেকে অনুপ্রাণিত হয়ে তার কনিষ্ঠ সন্তানের নাম রেখেছিলেন শেখ রাসেল। কিন্তু ৫ হাজার বছরের সাংস্কৃতিক শিকড় ধ্বংস করার লক্ষ্যেই ৭৫ হত্যাকান্ড ঘটানো হয়েছে, হত্যা করা হয়েছে শিশু শেখ রাসেলকে।’

    তিনি আরো বলেন, ‘সকল অপপ্রচার বিভ্রান্তি থেকে বেরিয়ে এসে আমাদের বলিষ্ঠ হয়ে সামনে এগিয়ে যেতে হবে। নিজেদের জাতিগত দুর্বলতা থেকে বেরিয়ে সকল অপপ্রচার, ধর্মান্ধতা মোকাবেলা করতে সকলকে এক হয়ে কাজ করতে হবে। আর কোন যুদ্ধ নয়।’

    সাংস্কৃতিক পরিবেশনার শুরুতেই বাংলাদেশ শিল্পকলা একাডেমির শিশু সংগীত দল পরিবেশন করেন সমবেত সংগীত ‘শুভ শুভ জন্মদিন শেখ রাসেলের জন্মদিন।’ নুজহাত সাবিহা পুষ্পিতা পরিবেশন করেন একক সংগীত ‘আজকের দিনে ৩২ নম্বরে’; শিল্পী বিশ্বাস পরিবেশন করেন ‘রাসেল মানে সবার আপন।’ শিশুকন্ঠে পরিবেশিত হয় নাবিদ রহমান তুর্যের আবৃত্তি। এছাড়াও একক আবৃত্তি পরিবেশন করেন মাহিদুল ইসলাম মাহী। সবশেষে পরিবেশিত হয় একাডেমির শিশু নৃত্যদলের পরিবেশনায় সমবেত নৃত্য ‘মন ছিলো তার শঙ্খচিলের ডানা।’

    বিকাল ৩.০০ টায় একাডেমির জাতীয় চিত্রশালা প্লাজায় অনুষ্ঠিত হয় ‘শেখ রাসেল এঁর প্রতি শিশুদের পত্র লেখা প্রতিযোগিতা’। ঢাকা মহানগরীর প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের শিশু- কিশোরদের অংশগ্রহণে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকারীদের মধ্যে ১ম, ২য়, ৩য় ও বিশেষ স্থান অর্জনকারীদের সনদপত্র এবং সকল প্রতিযোগিকে অংশগ্রহণকারী সনদপত্র প্রদান করা হয়। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ৩ শতাধিক শিশুদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন একাডেমির মহাপরিচালক।

    বিকাল ৪.০০ টায় চারুকলা বিভাগের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হয় ‘আমার তুলিতে শেখ রাসেল’ শীর্ষক চিত্রাঙ্কন প্রতিযোগিতা। ৮-১২ বছর বয়সী শিশুদের অংশগ্রহণে  জাতীয় চিত্রশালা প্লাজায় অনুষ্ঠিত হয় এ চিত্রাঙ্কন প্রতিযোগিতা। এ সময় অংশগ্রহণকারী প্রতিযোগিদের অবিভাবকরা একাডেমির কার্যক্রমের ভুয়সী প্রসংশা করেন।

    এছাড়া্ও, শেখ রাসেল দিবস উপলক্ষ্যে জাতীয় পর্যায়ে আয়োজন করা হয়েছে- রচনা প্রতিযোগিতা। প্রতিযোগিতার বিষয় ‘প্রিয় শেখ রাসেল’, ১৩ – ১৮ বছর বয়সের শিশুরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে। বাংলায় ১০০০-১২০০ শব্দে ১৫ নভেম্বর ২০২৩ এর মধ্যে রচনা জমা দিতে হবে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের অর্থমূল্য, ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হবে।

  • শুক্রবার মানবিক ত্রাণবাহী প্রথম ২০টি ট্রাক গাজায় আসছে

    শুক্রবার মানবিক ত্রাণবাহী প্রথম ২০টি ট্রাক গাজায় আসছে

    www.HelloBangla.News – আন্তর্জাতিক – ১৯ অক্টোবর, ২০২৩: মানবিক ত্রাণবাহী প্রথম ২০টি ট্রাককে গাজায় প্রবেশের সুযোগ দেয়ার জন্যে রাফাহ ক্রসিং খুলে দিতে সম্মত হয়েছেন মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি।বিষয়টি তখন ঘটল যখন ইসরাইল সফর শেষে ফেরার পথে জো বাইডেন এয়ার ফোর্স ওয়ান থেকে আল সিসির সঙ্গে কথা বলেন।বুধবার সাংবাদিকদের এ তথ্য জানান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

    তিনি বলেন, তিনি সম্মত হয়েছেন। শুরুতে ২০ ট্রাক পর্যন্ত গাজায় ঢুকতে দিতে তিনি রাজি হয়েছেন।তবে সড়ক মেরামত করার পর শুক্রবার এসব ট্রাক গাজায় ঢুকতে পারবে।

    তিনি আরো বলেন, গাজা নিয়ন্ত্রণকারী ফিলিস্তিনি সংগঠন হামাসকে ত্রাণ বিতরণের অনুমতি দেয়া হবে না। তাই এই ২০ ট্রাক ত্রাণ দিয়ে পরীক্ষামূলক বিতরণ চালানো হবে। এদিকে জাতিসংঘ গাজা সীমান্তে ত্রাণ বিতরণে প্রস্তুত বলে জানা গেছে।

    বাইডেন বলেন, ত্রাণ পাঠানোর প্রথম কিস্তি হিসেবে এই ২০ ট্রাক পাঠানো হচ্ছে। মোট দেড়শো কিংবা আরো কিছু ত্রাণবাহী ট্রাক অপেক্ষমান। তবে এই ২০ ট্রাক ত্রাণের পরিস্থিতি দেখে পরবর্তী ট্রাক গুলো পাঠানোর অনুমোদন দেয়া হবে।

    জর্ডানে চতুর্থ পক্ষীয় বৈঠকে সিসির সাথে বাইডেনের বৈঠকের কথা ছিল। কিন্তু গাজায় হাসপাতালে ভয়াবহ হামলার প্রেক্ষিতে বৈঠকটি বাতিল করা হয়। এ প্রেক্ষিতে বাইডেন বিমান থেকে তার সাথে প্রায় আধা ঘন্টা কথা বলেন।

    এদিকে জাতিসংঘ ও আন্তর্জাতিক দাতব্য সংস্থাগুলো বলছে, গাজায় এখন যে ভয়াবহ মানবিক সংকট দেখা দিয়েছে, তাতে করে এ ২০ ট্রাক ত্রাণসহায়তা দিয়ে ন্যূনতম চাহিদাও পূরণ করা সম্ভব নয়। কারণ, গাজার ১০ লাখ উদ্বাস্তুর জন্য এখন প্রতিদিন অন্তত ১০০ ট্রাক ত্রাণসহায়তার প্রয়োজন।

  • রান্না : মানকচুতে ইলিশের ঝোল

    রান্না : মানকচুতে ইলিশের ঝোল

    www.HelloBangla.News – লাইফস্টাইল – ১৯ অক্টোবর, ২০২৩: ইলিশ হলো আমাদের জাতীয় মাছ। ইলিশ মাছের রেসিপির শেষ নেই। ইলিশ পোলাও, ইলিশ খিচুড়ি, ইলিশ পটলের ঝোল, সরষে ইলিশ, ইলিশ পাতুড়ি আরো যে কত কি। ইলিশ মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায় এবং ইনসুলিন নিয়ন্ত্রণে রাখে। এর  ওমেগা ‘থ্রি’ ও ফ‍্যটি এসিড চোখের জন্য  উপকারী।আজ দেওয়া হয়েছে ‘মানকচুতে ইলিশের ঝোল’ রান্নাটি।

    উপকরণ:

    ইলিশমাছ-৬ টুকরা, পেয়াজকুচি- হাফ কাপ, আদাবাটা-হাফ চা চামচ, রসুনবাটা-হাফ চা চামচ, হলুদগুঁড়া-     হাফ চা চামচ, মরিচগুঁড়া-হাফ চা চামচ, কাচামরিচ-২/৩ টা, পানি-দেড় কাপ, কচুর গোড়ার অংশের টুকরা-এক কাপ, তেল-চার টেবিল চামচ, লবন-স্বাদ মতো।

    রান্না  মানকচুতে ইলিশের ঝোল - লাইফস্টাইল - ১৯ অক্টোবর  ২০২৩ (খ)
    রান্না মানকচুতে ইলিশের ঝোল – লাইফস্টাইল – ১৯ অক্টোবর ২০২৩ (খ)

    প্রস্তুত প্রণালি :

    প্রথমে মাছ ধুয়ে পানি ভালো করে ঝড়িয়ে নিয়ে তাতে সামান‍্য হলুদগুঁড়া মরিচগুঁড়া  ও  লবন দিয়ে মাখিয়ে ভেজে নিতে হবে। মাছ ভাজার তেলে পেয়াজ কুচি দিয়ে ভাজতে হবে। হালকা সোনালী রং এলে সামান‍্য পানি দিবো যাতে পুড়ে না যায়। এখন এতে আদা রসুন বাটা, হলুদগুঁড়া মরিচগুঁড়া লবন দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এখন ককচুর গুড়ার টুকরা মসলায় দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। চুলার আচ মিডিয়াম থাকবে। কষানো হলে পানি দিয়ে দিবো। দশ মিনিট  ঢেকে রান্না করবো। কচু সেদ্ধ হলে ইলিশের টুককরা গুলো দিয়ে দিবো। আরেকটু পানি দিবো এবং ঢেকে দিবো। দশ মিনিট পর চুলার আচ লো করে আরো পাচ মিনিট দমে রাখবো। ঝোল পাতলা হবে। চুলা বন্ধ করে দিতে হবে।

    ইলিশের এই আইটেম টি আপনারা ট‍্রাই করে দেখবেন। গ্রামবাংলার রান্না গুলো অসাধারণ খেতে। গরম ভাতের সাথে পরিবেশন করুন এই মজার মানকচুতে ইলিশের ঝোল।

    রেসিপি দিয়েছেন: জিনিয়া ইসলাম

  • আজকের শিশু-কিশোররাই আগামীর স্মার্ট বাংলাদেশ চালাবে: প্রধানমন্ত্রী

    আজকের শিশু-কিশোররাই আগামীর স্মার্ট বাংলাদেশ চালাবে: প্রধানমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ১৮ অক্টোবর, ২০২৩: আজকের শিশু-কিশোররাই আগামীর স্মার্ট বাংলাদেশ চালাবে, বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।

    প্রধানমন্ত্রী বলেন, আমরা চাই আমাদের শিশুরা আরও উন্নত হবে। আজকের বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ। আজ থেকে ১৪ বছর আগের বাংলাদেশ কেমন ছিল? ‌’৯৬ সালে সরকারে এসে ডিজিটাল সিস্টেমের ব্যবস্থা করেছি, ইন্টারনেটের ব্যবস্থা করেছি। ২০০৯-এর পর থেকে আজ পর্যন্ত ডিজিটাল বাংলাদেশ আমরা গড়ে তুলেছি। আমরা শান্তি চাই, আমরা দেশের উন্নতি চাই।

    আজ বুধবার (১৮ অক্টোবর) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে  ‘শেখ রাসেল দিবস ২০২৩’ উদযাপন ও শেখ রাসেল পদক প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

    প্রধানমন্ত্রী বলেন, আজ বিশ্বে একের পর এক যুদ্ধ। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। এখন আবার প্যালেস্টাইনের ওপর আক্রমণ করছে ইসরাইল। দুই পক্ষেরই শিশু নিহত হয়েছে। গতকাল (মঙ্গলবার) দেখলাম হাসপাতালে আক্রমণ হয়েছে। সেখানেও শিশু মারা গেছে। আমি বিশ্বনেতাদের বলবো, এই যুদ্ধ বন্ধ করুন। অস্ত্রের প্রতিযোগিতা বন্ধ করেন। যুদ্ধ মানুষের জন্য কল্যাণ বয়ে আনে না। এই যুদ্ধের ফলে বেশি ক্ষতিগ্রস্ত হয় নারী ও শিশু। আমরা সেটা জানি। যুদ্ধের ফলে শিশু হারায় বাবা-মা, বাবা-মা হারায় সন্তানদের। ১৯৭১ ও ১৯৭৫ এ আমরা এই ভয়াবহতা দেখেছি। আজকে আমাদের এখানে তাপস আছে, তার শিশু বয়সেই বাবা-মা হারিয়েছে।

    সরকারপ্রধান বলেন, আমাদের শিশুরা লেখাপড়া শিখবে। এখানে অনেক শিশুরা রয়েছে, তোমরা গুরুজনের কথা মেনে চলবে, বাবা-মায়ের কথা মেনে চলবে। তোমরা লেখাপড়া শিখবে। একটা কথা মনে রাখবে, ধনসম্পদ কিছু থাকবে না, শুধু শিক্ষাটা থাকবে। শিক্ষাটাই মূল শক্তি।

    শেখ হাসিনা বলেন, আমাদের ছেলে-মেয়েদের ছোটবেলা থেকে একটা কথাই শিখিয়েছি, টাকা-পয়সা, সম্পদ আমরা কিছুই রেখে দিতে পারব না, তোমাদের লেখাপড়া শিখতে হবে, তারা বিশ্বের বড় বড় বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নিয়েছে।

    প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আমাদের শিশুরা কিন্তু তাড়াতাড়ি শেখে। আমরা বৃদ্ধরা শিখতে গেলে কোথায় বোতাম টিপতে হবে সেটা নিয়ে চিন্তা করতে হয়, আর ওরা কিন্তু ভেতর থেকে শিখে ফেলে।আমার চার বছরের নাতি আমাকে শেখায় যে, তুমি এটা (কম্পিউটার) টিপতে থাকো, টিপতে টিপতে পেরে যাবা। আর মোবাইল ফোনের পিন নম্বরটা, শুনলে অবাক হবেন, তারা গেম খেলবে এ কারণে আমি তাদের পিন দেবো না। আমি লুকিয়ে পিন দিচ্ছি, আর আমার চশমার রিফ্লেকশন থেকে আমার নাতি সে নম্বর নিয়ে নিয়েছে। আমাকে বলে আমি জেনে গেছি তুমি কী করো। তো এরা এতো স্মার্ট। আমাদের এই ছোট্ট সোনামণিরা আমার স্মার্ট বাংলাদেশের স্মার্ট সৈনিক হবে। এটাই তো আমি চাই।’

    শেখ হাসিনা বলেন, ‘ধর্ম-বর্ণ সকলকে মানুষ হিসেবে দেখতে হবে। আর কেউ যদি বিশেষ চাহিদা সম্পন্ন হয়, কেউ যদি পঙ্গু হয়, আমরা তো ছোটবেলায় শিখেছি, অন্ধ অন্ধ বলিও না, পঙ্গুকে পঙ্গু বলিও না। বরং তাদের সাহায্য করো। আমাদের শিশুদের সেভাবেই মানসিকতা গড়ে তুলতে হবে।’

    সরকার প্রধান অনুষ্ঠানে সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্ত বিভাগ বাস্তবায়িত সারাদেশের একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন ও বেশকিছু প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

    বাংলাদেশ পুলিশ সরকারি ক্যাটাগরিতে ‘স্মার্ট বাংলাদেশ’ পদক লাভ করায় মহা পুলিশ পরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন প্রধানমন্ত্রীর নিকট থেকে পদক গ্রহণ করেন। একই ক্যাটাগরিতে চট্টগ্রাম, কক্সবাজার, ঢাকা, পঞ্চগড় এবং ঠাকুরগাঁও জেলা এই পদক লাভ করায় সংশ্লিষ্ট জেলাপ্রশাসকগণও প্রধানমন্ত্রীর নিকট থেকে পদক গ্রহণ করেন।

    একই সাথে অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ‘শেখ রাসেল দিবস-২০২৩’ উপলক্ষে মাসব্যাপী ক্রীড়া, চিত্রাংকন ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিশু-কিশোরদের মাঝেও পুরস্কার বিতরণ করেন।

    অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানের পরপরই শেখ রাসেলকে নিয়ে একটি থিম সং পরিবেশিত হয়। আর শেখ রাসেলসহ ‘৭৫ এর ১৫ আগস্টের শহিদদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাতের মাধ্যমে শেষ হয়।

    তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

    বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সচিব মো.শামসুল আরেফিন, আয়োজক সংগঠনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ড.চৌধুরী নাফিস শরাফত, সাংগঠনিক সচিব ফরিদউদ্দিন আহমেদ রতন এবং শিশু বক্তা সামিরা নাইর চৌধুরী।

    শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের মহাসচিব কে এম শহীদুল্লাহ স্বাগত বক্তৃতা করেন।

    ভারতের সাবেক সেনাকর্মকর্তা কণেনল অশোক কুমার তারা’র একটি ভিডিও বার্তা অনুষ্ঠানে প্রচার করা হয়। তিনি ’৭১ এর ১৭ ডিসেম্বর বঙ্গবন্ধু পরিবারকে পাকিস্তানি বন্দিদশা থেকে মুক্ত করার পর রাসেলকে যেমন দেখেছেন তা নিয়ে নিজস্ব অনুভূতি ব্যক্ত করেন।

    অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক সম্পাদিত শেখ রাসেলের জীবনীভিত্তিক গ্রহ্ন ‘স্মরণের আবরনে শেখ রাসেল’এর মোড়ক উন্মোচন করেন।

    অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার লেখা গ্রহ্ন ‘আমাদের রাসেল সোনা’কে নিয়ে নির্মিত ত্রি-মাত্রিক চলচ্চিত্র ‘আমাদের রাসেল সোনা’র ট্রেলার প্রদর্শন করা হয়। শেখ রাসেল দিবস ২০২৩ উপলক্ষ্যে তথ্য ও যোগাযোগ বিভাগ নির্মিত তথ্যচিত্র ও প্রদর্শিত হয়।

    শিশু রাসেলের জীবন সম্পর্কে শিশু-কিশোরদের কাছে তুলে ধরতে তার জন্মদিনকে ‘শেখ রাসেল দিবস’ হিসেবে ঘোষণা করা হয়েছে। রাষ্ট্রীয়ভাবে তৃতীয়বারের মতো পালিত হচ্ছে ‘শেখ রাসেল দিবস’। এবার দিবসটির প্রতিপাদ্য ‘শেখ রাসেল দীপ্তিময়, নির্ভীক নির্মল দুর্জয়’।

  • এক-দুইটা দল নির্বাচনে অংশ না নিলে নির্বাচনের ক্ষতি নেই: সেতুমন্ত্রী

    এক-দুইটা দল নির্বাচনে অংশ না নিলে নির্বাচনের ক্ষতি নেই: সেতুমন্ত্রী

    www.HelloBangla.News – রাজনীতি – ১৮ অক্টোবর, ২০২৩: এক-দুইটা দল নির্বাচনে অংশ না নিলে নির্বাচনের ক্ষতি নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

    আজ বুধবার (১৮ অক্টোবর) সকালে শেখ রাসেলের ৬০তম জন্মদিন উপলক্ষে রাজধানীর বনানী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ মন্তব্য করেন।

    সেতুমন্ত্রী বলেন, নির্বাচন সংবিধান মেনে হবে। কেউ যদি সে নির্বাচনে অংশ না নেয় তাহলে নির্বাচন থেমে থাকবে না। এক-দুইটা দল নির্বাচনে অংশ না নিলে নির্বাচনের ক্ষতি নেই। নির্বাচন অগ্রহণযোগ্য হবে না।

    সেতুমন্ত্রী বলেন, নির্বাচন হচ্ছে স্বাধীন নির্বাচন কমিশনারের অধীনে। নির্বাচন সংবিধানের সব নিয়ম মেনেই হবে। সে নির্বাচনে কেউ যদি অংশ না নেয়, সেটার জন্য নির্বাচন আটকে থাকবে না।

    তিনি আরও বলেন, বহু দল অংশ নেবে। এক-দুইটা দল অংশ না নিলে নির্বাচনের কি হবে? নির্বাচন কি অবৈধ হয়ে যাবে? আপনি না আসলে আমি কী করব! নির্বাচনে অংশগ্রহণ করা আপনার অধিকার।

    ওবায়দুল কাদের বলেন, আজ শেখ রাসেলের জন্মদিন। আজ আমরা রাষ্ট্রীয়ভাবে পালন করছি, আজকের এ দিবস রাসেল দিবস। একসঙ্গে সারা দেশে পালিত হচ্ছে। রাসেলের জন্মদিনে আনন্দের চাইতে তার নৃশংস মৃত্যুর বেদনাটাই মুখ্য। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বাংলার ইতিহাসের সবচেয়ে নৃশংস রাজনৈতিক হত্যাকাণ্ড সংঘটিত হয়। সেই রাজনৈতিক হত্যাকাণ্ডের শিকার হচ্ছে বঙ্গবন্ধুর ১০ বছরের শিশু সন্তান শেখ রাসেল। পৃথিবীতে অসংখ্য রাজনৈতিক হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে কিন্তু ১৫ আগস্টের মতো নৃশংসতা, নির্মমতার হত্যাকাণ্ড আর কোথাও হয়নি।

    আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, এই ষড়যন্ত্রের প্রধান কারণ ছিল বঙ্গবন্ধু পরিবারকে নিশ্চিহ্ন করা, আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করা। সেই হত্যা ও ষড়যন্ত্রের রাজনীতি যারা বাংলাদেশের শুরু করেছিল, এখনো তারা সেই হীন রাজনীতি থেকে সরে দাঁড়ায়নি।

    ওবায়দুল কাদের বলেন, ’৭৫ এ বাংলাদেশে খন্দকার মোশতাক এবং জেনারেল জিয়াউর রহমান যে হত্যা, ষড়যন্ত্রের রাজনীতি শুরু করেছিলেন– ৩ নভেম্বর জেল হত্যাকাণ্ড, ২০০৪ সালের একুশে আগস্টে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আমাদের নেত্রী শেখ হাসিনাকে প্রধান টার্গেট করে গ্রেনেড হামলা হয়। এই ষড়যন্ত্রের প্রধান কারণ ছিল বঙ্গবন্ধু পরিবারকে নিশ্চিহ্ন করা, আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করা। সেই হত্যা ও ষড়যন্ত্রের রাজনীতি যারা বাংলাদেশের শুরু করেছিল, এখনো তারা সেই হীন রাজনীতি থেকে সরে দাঁড়ায়নি। হত্যা ও ষড়যন্ত্রের রাজনীতির সেই ধারাবাহিকতা তারাই বহন করে চলছে, যারা জিয়াউর রহমান উত্তরসূরি। আজ জিয়াউর রহমানের দল বিএনপি একই ষড়যন্ত্রের ধারাবাহিকতা বহন করছে।

  • নিষ্পাপ শিশু রাসেলকেও ১৫ আগস্টে হত্যা করা হয়েছে: তথ্যমন্ত্রী

    নিষ্পাপ শিশু রাসেলকেও ১৫ আগস্টে হত্যা করা হয়েছে: তথ্যমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ১৮ অক্টোবর, ২০২৩: নিষ্পাপ শিশু রাসেল রাজনীতির আশপাশেও ছিলো না তাকেও হত্যা করা হয়েছে ১৯৭৫ সালের ১৫ আগস্টে, বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনে বলেন, ‘আজ শহীদ শেখ রাসেলের জন্মদিনে তার আত্মার মাগফিরাত কামনা করি। ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার সময় এই নিষ্পাপ শিশু যে রাজনীতি বুঝতো না, রাজনীতি করতো না, রাজনীতির আশপাশেও ছিলো না তাকে ও হত্যা করা হয়েছিলো।’

    আজ বুধবার (১৮ অক্টোবর) শহীদ শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে বনানী কবরস্থানে দলীয় নেতৃবৃন্দের সঙ্গে শেখ রাসেলসহ ১৫ আগস্টের শহীদদের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন ও তাদের আত্মার শান্তি কামনায় দোয়া শেষে মন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন।

    তথ্যমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধুর বায়োপিক যেটি এখন সিনেমা হলে চলছে সেটি যারা দেখেছেন বা দেখবেন, তারা দেখতে পাবেন, সেই হত্যাযজ্ঞের সময় বাড়ির সিঁড়ির তলায় আশ্রয় নেওয়া শেখ রাসেলকে যখন টানা-হেঁচড়া করা হচ্ছিল তখন শেখ রাসেল বলেছিল, আমি মায়ের কাছে যাবো। খুনীরা শেখ রাসেলকে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের লাশের কাছে নিয়ে গিয়ে তাকে গুলি করে হত্যা করে। অর্থাৎ সে দিন খুনীরা যে কী নৃশংস, নির্মম, বর্বর ছিল সেটিরই প্রমাণ এই হত্যাকান্ড।’

    তিনি বলেন, ‘কারবালার প্রান্তরে ইমাম হোসেনকে যখন হত্যা করা হয় তখন নারী ও শিশুদের হত্যা করা হয়নি। অথচ ১৯৭৫ সালের ১৫ আগস্ট শেখ রাসেলের মতো শিশুকে হত্যা করা হয়েছিলো, নারী ও শিশুদের রেহাই দেওয়া হয়নি। চার বছরের সুকান্ত বাবু, ১২ বছরের বেবি সেরনিয়াবাত, ১০-১১ বছরের আরিফ সেরনিয়াবাত এবং অন্তসত্ত্বা আরজু মনিকে হত্যা করা হয়েছিলো। খুনিরা সেদিন মানবতার বিরুদ্ধে অপরাধ সংঘঠিত করেছিলো।’

    হাছান মাহমুদ আরও বলেন, ‘দুঃখজনক হলেও সত্য, ১৫ আগস্টে সংঘঠিত এই মানবতার বিরুদ্ধে অপরাধের অন্যতম প্রধান কুশীলব ছিলেন বিএনপি’র প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান। যে খুনের মাধ্যমে তাদের উত্থান সেই খুনের রাজনীতি তারা এখনও অব্যাহত রেখেছে। এদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’

  • শেখ রাসেলের ৬০তম জন্মদিনে তার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

    শেখ রাসেলের ৬০তম জন্মদিনে তার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

    www.HelloBangla.News – জাতীয় – ১৮ অক্টোবর, ২০২৩:  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শেখ রাসেলের ৬০তম জন্মদিনে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা।

    আজ বুধবার (১৮ অক্টোবর) সকাল ৭টায় ১০ মিনিটে রাজধানীর বনানী কবরস্থানে শেখ রাসেলসহ ১৫ আগস্টে নিহত শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী। এসময় তার সঙ্গে ছিলেন ছোট বোন শেখ রেহানা।

    এ সময়  কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে শহিদদের স্মরণ করেন দুই বোন।

    প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোটভাই শেখ রাসেল ১৯৬৪ সালের এই দিনে ধানমন্ডির ঐতিহাসিক স্মৃতি-বিজড়িত বঙ্গবন্ধু ভবনে জন্মগ্রহণ করেন।

    ১৯৭৫ সালের ১৫ আগস্ট মানবতার শত্রু ঘৃণ্য ঘাতকদের নির্মম বুলেট থেকে রক্ষা পাননি শিশু শেখ রাসেল। বঙ্গবন্ধুর সঙ্গে নরপিশাচরা নির্মমভাবে তাকেও হত্যা করেছিল। তিনি ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র ছিলেন।

    শিশু রাসেলের জীবন সম্পর্কে শিশু-কিশোরদের কাছে তুলে ধরতে তার জন্মদিনকে ‘শেখ রাসেল দিবস’ হিসেবে ঘোষণা করা হয়েছে।

    রাষ্ট্রীয়ভাবে তৃতীয়বারের মতো ‘শেখ রাসেল দিবস ২০২৩’ পালনের প্রতিপাদ্য ‘শেখ রাসেল দীপ্তিময়, নির্ভীক নির্মল দুর্জয়’।

    দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাণী দিয়েছেন। আজ সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দিবসের আনুষ্ঠানিকতার উদ্বোধন করবেন এবং শেখ রাসেল পদক ও স্মার্ট বাংলাদেশ পুরস্কার দেবেন।

    শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন কর্মসূচি গ্রহণ করেছে। ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগ, সহযোগী সংগঠন এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনও কর্মসূচি নিয়েছে।

     

    তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের উদ্যোগে দেশ ও দেশের বাইরে বাংলাদেশ দূতাবাসগুলোতে দিবসটি একযোগে পালিত হবে। গতকাল মঙ্গলবার (১৭ অক্টোবর) আইসিটি টাওয়ারে সংবাদ সম্মেলনে এ বিষয়ে জানান আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

    এ ছাড়া দেশের বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে দিবসটি উপলক্ষে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, র‍্যালিসহ নানা আয়োজন করা হয়েছে।