www.HelloBangla.News – বিনোদন – ১৬ অক্টোবর, ২০২৩: মহাত্মা লালন ফকির সাঁইজির ১৩৩ তম তিরোধান দিবস উপলক্ষ্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে সাধুমেলার ৫৪তম আসর অনুষ্ঠিত হবে আগামীকাল থেকে। আগামিকাল ১৭ থেকে ২০ অক্টোবর চলবে এই ‘সাধুমেলা’। ১৭ই অক্টোবর্, বাংলাদেশ শিল্ককলা একাডেমির বাউলকুঞ্জে-বিকাল ৪.৩০ টায় অনুষ্ঠানের শুরু হবে। দ্বিতীয় দিন কুষ্টিয়া লালন সাঁইজির ধামে মধুমেলার আসর বসবে, দুপুর ১২টায়। এর পর তৃতীয় দিন ২০ অক্টোবর কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমিতে বিকেল ৪টা ৩০ মিনিটে বসবে মধুমেলা আসরের সমাপ্তি অনুষ্ঠান।
লালন জন্মগ্রহণ করেন ১৭৭৪ সালের ১৭ অক্টোবর। তিনি ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী একজন বাঙালি; যিনি ফকির লালন, লালন সাঁই, লালন শাহ, মহাত্মা লালন ইত্যাদি নামেও পরিচিত।তিনি একাধারে একজন আধ্যাত্মিক ফকির সাধক, মানবতাবাদী, সমাজ সংস্কারক এবং দার্শনিক। তিনি অসংখ্য গানের গীতিকার, সুরকার ও গায়ক ছিলেন। লালনকে বাউল গানের অগ্রদূতদের অন্যতম একজন হিসেবে বিবেচনা করা হয় এবং তার গান উনিশ শতকে বেশ জনপ্রিয়তা অর্জন করে।
লালন ছিলেন একজন মানবতাবাদী সাধক। যিনি ধর্ম, বর্ণ, গোত্রসহ সকল প্রকার জাতিগত বিভেদ থেকে সরে এসে মানবতাকে সর্বোচ্চ স্থান দিয়েছিলেন। অসাম্প্রদায়িক এই মনোভাব থেকেই তিনি তার গান রচনা করেছেন। তার গান ও দর্শন যুগে যুগে প্রভাবিত করেছে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ও অ্যালেন গিন্সবার্গের মতো বহু খ্যাতনামা কবি, সাহিত্যিক, দার্শনিক, বুদ্ধিজীবীসহ অসংখ্য মানুষকে। তার গানগুলো যুগে যুগে বহু সঙ্গীতশিল্পীর কণ্ঠে এই গানসমূহ উচ্চারিত হয়েছে। গান্ধীরও ২৫ বছর আগে, ভারত উপমহাদেশে সর্বপ্রথম, তাকে ‘মহাত্মা’ উপাধি দেয়া হয়েছিল। লালন মৃত্যুবরণ করেন ১৮৯০ সালের ১৭ অক্টোবর।
বাংলাদেশ শিল্পকলা একাডেমি লালনের তিরোধান দিবস উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে থাকে। ‘সাধুমেলা তারই’ একটি অংশ।










