Category: লিড নিউজ

  • ১৩ থেকে ১৫ অক্টোবর মেট্রোরেল বন্ধ থাকবে

    ১৩ থেকে ১৫ অক্টোবর মেট্রোরেল বন্ধ থাকবে

    www.HelloBangla.News – জাতীয় – ১৩ অক্টোবর, ২০২৩: ১৩ থেকে ১৫ অক্টোবর, এই তিন দিন মেট্রোরেল বন্ধ থাকবে । কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে এমআরটি লাইন-৬ এর উত্তরা-আগারগাঁও অংশ এবং আগারগাঁও-মতিঝিল অংশের সিস্টেম ইন্টেগ্রেশনের কাজ চলবে এই তিন দিন।

    আজ শুক্রবার (১৩ অক্টোবর) সাপ্তাহিক ছুটির দিন ও আগামী ১৪ ও ১৫ অক্টোবর সিস্টেম ইন্টেগ্রেশনের জন্যে বন্ধ থাকবে মেট্রোরেল।

    ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক গত মঙ্গলবার (১০ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন ।

    তাতে বলা হয়েছে, এমআরটি লাইন-৬ এর উত্তরা থেকে আগারগাঁও অংশ এবং আগারগাঁও থেকে মতিঝিল অংশের সিস্টেম ইন্টেগ্রেশন করার জন্য আগামী শনিবার ও রবিবার (১৪ ও ১৫ অক্টোবর) উত্তরা উত্তর থেকে আগারগাঁও অংশের মেট্রোরেলের বাণিজ্যিক চলাচল বন্ধ থাকবে। যথারীতি শুক্রবারও (১৩ অক্টোবর) মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে।

    প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, আগামী সোমবার (১৬ অক্টোবর) থেকে আগের সময়সূচী অনুযায়ী উত্তরা-আগারগাঁও অংশে মেট্রোরেল নিয়মিত চলাচল করবে।

    মেট্রোরেলে যাতায়াতকারী যাত্রীদের সাময়িক এই অসুবিধার জন্য মেট্রোরেল কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

  • ২০২৩ সালে পৃথিবীর তাপমাত্রা আগের সব রেকর্ড ভেঙ্গে ফেলেছে

    ২০২৩ সালে পৃথিবীর তাপমাত্রা আগের সব রেকর্ড ভেঙ্গে ফেলেছে

    www.HelloBangla.News – আন্তর্জাতিক – ১৩ অক্টোবর, ২০২৩: ২০২৩ সালে পৃথিবীর তাপমাত্রা আগের সব রেকর্ড ভেঙ্গে ফেলেছে বলে জানিয়েছেন, জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। এ বছর বিশ্বে রেকর্ড পরিমাণ খরা, অগ্নিকাণ্ড ও বন্যার ঘটনা ঘটেছে। এসব দুর্যোগের কারণে সৃষ্ট পরিস্থিতি আরও জটিল হচ্ছে দারিদ্র্য ও অসমতার কারণে।

    আজ শুক্রবার (১৩ অক্টোবর) আন্তর্জাতিক দুর্যোগ ঝুঁকি প্রশমন দিবস উপলক্ষে এক বার্তায় তিনি এ কথা বলেন।

    দরিদ্র আর প্রান্তিক মানুষেরাই প্রায়ই চরমভাবাপন্ন আবহাওয়ার সবচেয়ে ঝুঁকিতে থাকে, বলেন জাতিসংঘের মহাসচিব। কেননা দরিদ্র মানুষরা তাদের অনেকের বসবাস বন্যা ও খরাপ্রবণ এলাকায়। প্রাকৃতিক দুর্যোগের কারণে যে ক্ষয়ক্ষতি হয়, তা এড়াতে এবং এসব ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে প্রয়োজনীয় সরঞ্জামের ঘাটতিও রয়েছে তাদের। ফলে তারা নির্বিচারে আক্রান্ত হয়, আরও দরিদ্র হওয়ার ঝুঁকিতে থাকে।

    এবারের আন্তর্জাতিক দুর্যোগ ঝুঁকি প্রশমন দিবসের প্রতিপাদ্য হলো স্থিতিশীল ভবিষ্যতের জন্য অসমতার বিরুদ্ধে লড়াই।

    সব দেশেরই উচিত প্যারিস চুক্তি বাস্তবায়নের মাধ্যমে দারিদ্র্য ও দুর্যোগের চক্র ভাঙা, টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনের চেষ্টা চালিয়ে যাওয়া এবং দুর্যোগ ঝুঁকি প্রশমনে সেন্দাই ফ্রেমওয়ার্ক বাস্তবায়ন করা।

    এখানে উল্লেখ থাকে যে ’সেন্দাই ফ্রেমওয়ার্ক ২০১৫-৩০’ হচ্ছে হলো ১৪-১৮ মার্চ-২০১৫, জাপানের সেন্দাই শহরে অনুষ্ঠিত জাতিসংঘের ‘দুর্যোগ ঝুঁকি হ্রাসবিষয়ক’ আন্তর্জাতিক সম্মেলনে গৃহীত একটি উদ্যোগ। দুর্যোগ ঝুঁকি প্রশমনে টেকসই ব্যবস্থাপনা এবং যথাযথ বিনিয়োগ নিশ্চিত করাই এ উদ্যোগের প্রধান লক্ষ্য।

    এ বছর অনুষ্ঠিত কপ–২৮ সম্মেলনে যে ক্ষয়ক্ষতি তহবিল গঠন করা হয়েছে, তা কার্যকরের মাধ্যমে আমাদের অবশ্যই বৈশ্বিক পর্যায়ে অসমতা দূর করার চেষ্টা করতে হবে। পাশাপাশি ২০২৭ সালের মধ্যে, বিশ্বের সব মানুষকে আগাম সতর্কীকরণ ব্যবস্থার আওতায় আনার বিষয়টিও নিশ্চিত করতে হবে।

    (জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলন ‘কপ’(COP) প্রতি বছর অনুষ্ঠিত হয় যেখানে আলোচনা করা হয় যে ঠিক কীভাবে এটি কমিয়ে আনার উপায় অর্জন করা উচিত এবং কী অগ্রগতি হয়েছে তা পর্যবেক্ষণ করা।)

    এবারের এ আন্তর্জাতিক দুর্যোগ ঝুঁকি প্রশমন দিবসে আসুন আমরা পুনরুদ্ধার ও অভিঘাত সহনশীল এবং সর্বত্র সবার জন্য নিরাপদ ও ন্যায্য ভবিষ্যৎ গঠনে আমাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করি।

  • নিউজিল্যান্ডের বিপক্ষে টস হেরে ব্যাটিং করছে বাংলাদেশ

    নিউজিল্যান্ডের বিপক্ষে টস হেরে ব্যাটিং করছে বাংলাদেশ

    www.HelloBangla.News – খেলাধুলা – ১৩ অক্টোবর, ২০২৩: বাংলাদেশের তাদের তৃতীয় ম্যাচে খেলতে নেমেছে শেষ দুই বিশ্বকাপের ফাইনাল খেলা দল নিউজিল্যান্ডের বিপক্ষে। ম্যাচটি যেহেতু ভারতের মাটিতে তাই পিচ থেকে কিছুটা ফায়দা নিতে পারবে এই আশায় বাংলাদেশ ব্যাটিং লাইন আপ আরও মজবুদ করে মাহমুদুল্লাহকে দলে নিয়েছে।ক্রিকেট বিশেষজ্ঞরা বলেছেন বাংলাদেশ প্রথমে ব্যাটিং করে যদি ২৭০ রান অতিক্রম করতে পারে তাহলে ম্যাচে জেতার সম্ভাবনা আছে। আর নিউজিল্যান্ড যদি আগে ব্যাটিং করে তাহলে ২৩০ এর মধ্যে অলআউট করতে হবে। চেন্নাইয়ে এমএ চিদাম্বারাম স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে টস হেরে প্রথমে ব্যাটিং করছে  বাংলাদেশ।

    ইংল্যান্ডের বিপক্ষে আগের ম্যাচের একাদশ থেকে একটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। স্পিনার মাহেদি হাসানের পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ। আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে খেললেও, ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচের একাদশ থেকে বাদ পড়েছিলেন মাহমুদুল্লাহ।

    নিউজিল্যান্ড একাদশেও একটি পরিবর্তন হয়েছে। উইল ইয়ংয়ের পরিবর্তে দলে ফিরেছেন নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন।

    চেন্নাইয়ের এই শাঠেই ভারতের কাছে হারে অস্ট্রেলিয়া।

    ওয়ানডেতে এখন পর্যন্ত ৪১বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ-নিউজিল্যান্ড। এরমধ্যে নিউজিল্যান্ডের জয় ৩০টিতে এবং ১০টিতে জিতেছে বাংলাদেশ। একটি ম্যাচ পরিত্যক্ত হয়।

    নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৬ উইকেটে হারিয়ে দারুনভাবে বিশ্বকাপ শুরু করে বাংলাদেশ। এরপর নিজেদের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের কাছে ১৩৭ রানে হেরে যায় টাইগাররা।

    বিশ্বকাপে প্রথম দুই ম্যাচে যথাক্রমে ইংল্যান্ডকে ৯ উইকেটে এবং নেদারল্যান্ডসকে ৯৯ রানে হারিয়েছে নিউজিল্যান্ড।

    বাংলাদেশ একাদশ : সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত, মেহেদি হাসান মিরাজ, মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।

    নিউজিল্যান্ড একাদশ : কেন উইলিয়ামসন (অধিনায়ক), টম লাথাম, ট্রেন্ট বোল্ট, মার্ক চাপম্যান, ডেভন কনওয়ে, লুকি ফার্গুসন, ম্যাট হেনরি, ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র ও মিচেল স্যান্টনার।

  • হামাসের হামলায় ২৫৮ ইসরায়েলি সেনা প্রাণ হারিয়েছে

    হামাসের হামলায় ২৫৮ ইসরায়েলি সেনা প্রাণ হারিয়েছে

    www.HelloBangla.News – আন্তর্জাতিক – ১৩ অক্টোবর, ২০২৩: প্রায় এক সপ্তাহ ধরে চলা হামাস ও ইসরায়েলি সেবাবাহিনীর মধ্যে যুদ্ধে চলছে। হামাসের হামলায় এখন পর্যন্ত ২৫৮ ইসরায়েলি সেনা প্রাণ হারিয়েছে। শুক্রবার (১৩ অক্টোবর) নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী।

    গত শনিবার কোনো পূর্ব ঘোষণা ও ইঙ্গিত ছাড়াই আকস্মিকভাবে ইসরায়েলে হামলা চালানো শুরু করে হামাস। তাদের এ হামলায় ১ হাজার ৩০০ জনেরও বেশি ইসসরায়েলি প্রাণ হারিয়েছেন। যার মধ্যে সেনার সংখ্যাই আড়াই‘শর বেশি।

    হামাসের এই হামলার পর প্রতিশোধ নিতে গাজা উপত্যকা লক্ষ্য করে হামলা চালানো শুরু করে ইসরায়েলি বিমানবাহিনী। তাদের এসব নির্বিচার হামলায় প্রায় ১ হাজার ৫০০ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। বোমা হামলা অব্যাহত থাকায় এ সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

    এরমধ্যে আজ শুক্রবার গাজার প্রায় ১১ লাখ বাসিন্দাকে দক্ষিণ দিকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েল। ধারণা করা হচ্ছে, বেসামরিক মানুষ সরে গেলে সেখানে স্থল হামলা শুরু করবে ইসরায়েলি বাহিনী।

    স্থল হামলার জন্য ইতিমধ্যে গাজার কাছে প্রায় ৩ লাখ সেনা জড়ো করেছে ইসরায়েল। এসব সেনার সঙ্গে রয়েছে ট্যাংকসহ অত্যাধুনিক যুদ্ধাস্ত্র।

    এদিকে ১৯৪৫ সালে ফিলিস্তিনকে দ্বিখণ্ডিত করে সৃষ্টি হয়  ইসরায়েলের। আর নিজেদের ৭৫ বছরের ইতিহাসে কখনো এমন পরিস্থিতিতে পড়েনি তারা। এছাড়া স্মরণকালে এক সঙ্গে এত সেনাও হারায়নি ইহুদিবাদী ইসরায়েল।

  • চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে তৈরি পোশাক খাতে রপ্তানি আয় বেড়েছে

    চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে তৈরি পোশাক খাতে রপ্তানি আয় বেড়েছে

    www.HelloBangla.News – অর্থনীতি – ১৩ অক্টোবর, ২০২৩: ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাজারে চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর), তৈরি পোশাক খাত থেকে দেশের রপ্তানি আয় আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ১১ দশমিক ৪৭ শতাংশ বৃদ্ধি পেয়ে ৫ দশমিক ৫১ বিলিয়ন ডলারে পৌঁছেছে। রপ্তানি উন্নয়ন ব্যুরো’র (ইপিবি) সর্বশেষ পরিসংখ্যান অনুসারে স্পেন, ফ্রান্স, নেদারল্যান্ডস এবং ইতালিতে দেশের আরএমজি রপ্তানি যথাক্রমে ২৩ দশমিক ২৬ শতাংশ, ৮ দশমিক ৬৭ শতাংশ, ১৮ দশমিক ৯৭ শতাংশ এবং ২৩ দশমিক ২২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

    অন্যদিকে, জার্মানি, ইউরোপীয় ইউনিয়নের বৃহত্তম রপ্তানি বাজার, আগের অর্থবছরের (অর্থবর্ষ-২৩) জুলাই- সেপ্টেম্বর সময়ের তুলনায় ১ দশমিক ৪৫ বিলিয়ন হ্রাস পেয়ে ৪ দশমিক ৪১ শতাংশ দাড়িয়েছে।

    এই তিন মাসে যুক্তরাষ্ট্রে তৈরি পোশাক রপ্তানি হয়েছে ২ দশমিক ০৭ বিলিয়ন ডলার, যা আগের বছরের তুলনায় ২ দশমিক ৭৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। একই সময় যুক্তরাজ্য ও কানাডায় রপ্তানি যথাক্রমে ২১ দশমিক ৩৫ শতাংশ এবং ৫ দশমিক ৪৪ শতাংশ বৃদ্ধি পেয়ে ১ দশমিক ৪৫ বিলিয়ন ডলার এবং ৩৫২ দশমিক ৮৬ মিলিয়ন ডলারে পৌঁছেছে।

    চলতি অর্থবছরের জুলাই-সেপ্টেম্বর সময়ের মধ্যে, অপ্রচলিত বাজারে পোশাক রপ্তানি আগের বছরের একই সময়ের মধ্যে ১ দশমিক ৮০ বিলিয়ন থেকে ২৪ দশমিক ৯৩ শতাংশ বেড়ে ২ দশমিক ২৪ বিলিয়ন হয়েছে।

    প্রধান অপ্রচলিত বাজারগুলোর মধ্যে জাপান, অস্ট্রেলিয়া এবং দক্ষিণ কোরিয়ায় রপ্তানি যথাক্রমে ৩৯ দশমিক ৪৪ শতাংশ, ৫৪ দশমিক ১১ শতাংশ এবং ৩৭ দশমিক ০১ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

    তবে, এই তিন মাসে ভারতে পোশাক রপ্তানি ৭ দশমিক ৬৯ শতাংশ কমেছে।

    ডেনিম এক্সপার্ট লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বিজিএমইএর পরিচালক মহিউদ্দিন রুবেল জানিয়েছেন, এই সময়ে তৈরি পোশাক থেকে রপ্তানি আয় বাড়লেও উৎপাদন খরচের পাশাপাশি অর্ডারের সংখ্যা কমেছে। সেই সঙ্গে বেড়েছে বিবিধ বিলও। তিনি বলেন, বিশ্বব্যাপী অনিশ্চয়তার মধ্যে তৈরি পোশাক খাতের সফল পরিবর্তনের জন্য অর্ডার বৃদ্ধির কোন বিকল্প নেই।

    সূত্র: বাসস

  • ‘মুজিব একটি জাতির রূপকার’ সিনেমার শুভ মুক্তি ঘোষণা করলেন প্রধানমন্ত্রী

    ‘মুজিব একটি জাতির রূপকার’ সিনেমার শুভ মুক্তি ঘোষণা করলেন প্রধানমন্ত্রী

    www.HelloBangla.News – বিনোদন – ১২ অক্টোবর, ২০২৩: বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের বায়োপিক ‘মুজিব একটি জাতির রূপকার’ সিনেমার শুভ মুক্তি ঘোষণা করলেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    আজ বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকালে রাজধানীর আগারগাঁও বাংলাদেশ ফিল্ম আর্কাইভে চলচ্চিত্রের প্রিমিয়ার শো অনুষ্ঠানে যোগ দিয়ে উদ্বোধন ঘোষণা করেন তিনি।

    এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, এটি একটি জীবনভিত্তিক ছবি, এ ছবির মাধ্যমে ইতিহাসের অনেক অজানা তথ্য আমরা জানতে পারবো। চলচ্চিত্র নির্মাণের সঙ্গে জড়িত কলাকৌশলী, যারা  স্ক্রিপ্ট তৈরি করেছেন, গল্প লিখেছেন এবং নির্মাণ কাজে যারা ছিলেন সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। আগামীকাল পুরো বাংলাদেশে মুজিব : একটি জাতির রূপকার ছবিটি মুক্তি পাবে। দেশবাসীর কাছে আমার আহ্বান থাকবে, ইতিহাসের অনেক অজানা তথ্য আপনারা জানতে পারবেন। বঙ্গবন্ধু সম্পর্কে জানতে পারবেন। আমার মা, আমার দাদা দাদির সম্পর্কে আপনারা জানতে পারবেন। আমি আশা করি সবাই ছবিটি দেখবেন। ইতিহাসের নতুন অধ্যায় আপনারা দেখতে পারবেন।

    তিনি বলেন, এই চলচ্চিত্রটি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একেবারে ছোটবেলা থেকে বেড়ে ওঠা এবং স্বাধীনতা অর্জনের ওপর ভিত্তি করে বঙ্গবন্ধুর জীবনী নির্ভর সিনেমাটি নির্মাণ করা হয়েছে। বঙ্গবন্ধু একটি জাতির রূপকার, একটি দেশের রূপকার।

    শেখ হাসিনা বলেন, ১৫ আগস্ট জাতির পিতাকে হত্যার পর থেকে ইতিহাস বিকৃত করা হয়েছে। জাতির পিতার নাম মুছে ফেলার চেষ্টা হয়েছিল। ইতিহাস কথা বলে, ইতিহাসকে কেউ মুছে ফেলতে পারে না। সেটাই আজকে প্রমাণিত।

    বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় সিনেমাটি নির্মিত হয়েছে। ২০১৯ সালে সিনেমাটির কাজ শুরু হয়। ২০২১ সালের জানুয়ারির শেষ দিকে মুম্বাইয়ের দাদা সাহেব ফালকে স্টুডিওতে সিনেমার প্রথম ধাপের শুটিং শুরু হয়।চলতি বছরের ১৯ মে ৭৫তম কান চলচ্চিত্র উৎসবে সিনেমার ট্রেলার প্রকাশ করা হয়। ৩১ জুলাই সিনেমাটি বাংলাদেশে আনকাট সেন্সর ছাড়পত্র পায়।

    প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানান। এছাড়া চলচ্চিত্রটির পরিচালক এবং অভিনেতা-অভিনেত্রীসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান তিনি।

    আগামীকাল শুক্রবার (১৩ অক্টোবর) সারাদেশে ১৫৩ প্রেক্ষাগৃহে একযোগে মুক্তি পাবে বঙ্গবন্ধুর জীবনী নির্ভর সিনেমা ‘মুজিব একটি জাতির রূপকার’। আগামী ২৭ অক্টোবর ভারতে মুক্তি পাবে সিনেমাটি।

    ভারতের খ্যাতিমান পরিচালক শ্যাম বেনেগালের সিনেমায় বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়ক আরিফিন শুভ। শেখ হাসিনা চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ফারিয়া এবং বঙ্গবন্ধুর স্ত্রী ফজিলাতুন্নেছা মুজিবের চরিত্রে নুসরাত ইমরোজ তিশা।

    অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে- খায়রুল আলম সবুজ (লুৎফর রহমান), দিলারা জামান (সাহেরা খাতুন), সায়েম সামাদ (সৈয়দ নজরুল ইসলাম), শহীদুল আলম সাচ্চু (এ কে ফজলুল হক), প্রার্থনা দীঘি (ছোট রেনু), রাইসুল ইসলাম আসাদ (আবদুল হামিদ খান ভাসানী), গাজী রাকায়েত (আবদুল হামিদ), তৌকীর আহমেদ (সোহরাওয়ার্দী), সিয়াম আহমেদ (শওকত মিয়া), মিশা সওদাগর (জেনারেল আইয়ুব খান), এলিনা (বেগম খালেদা জিয়া) ও জায়েদ খান (টিক্কা খান)।

    সিনেমাটিতে সহযোগী পরিচালক হিসেবে কাজ করেছেন দয়াল নিহালানি। চিত্রনাট্য লিখেছেন অতুল তিওয়ারি ও শামা জায়েদি। শিল্প নির্দেশনার দায়িত্বে রয়েছেন নীতিশ রায়। কস্টিউম ডিরেক্টর হিসেবে আছেন শ্যাম বেনেগালের মেয়ে পিয়া বেনেগাল।

  • সমাজকল্যাণ মন্ত্রণালয়ের নতুন সচিবের জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা

    সমাজকল্যাণ মন্ত্রণালয়ের নতুন সচিবের জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা

    www.HelloBangla.News – জাতীয় – ১২ অক্টোবর, ২০২৩: সমাজকল্যাণ মন্ত্রণালয়ের নতুন সচিব মোঃ খায়রুল আলম শেখ, গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন ।

    তিনি আজ বৃহস্পতিবার (১২ অক্টোবর) টুঙ্গিপাড়া পৌঁছে সকাল পৌনে ১০ টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে তিনি বেদীরপাশে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে মহান নেতার প্রতি সম্মান প্রদর্শন করেন।

    এরপর তিনি পবিত্র ফাতেহাপাঠ করে বঙ্গবন্ধু, ১৫ আগস্টের শহীদ ও মুক্তিযুদ্ধের শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া-মোনাজাতে অংশ নেন । প্রার্থনা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্, দেশের সুখ, শান্তি, কল্যাণ, অগ্রগতি ও সমৃদ্ধির জন্য।

    শ্রদ্ধা নিবেদন শেষে তিনি বঙ্গবন্ধু স্মৃতিসৌধের প্রশাসনিক ভবনে যান। সেখানে তিনি পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।

    এরপর সচিব টুঙ্গিপাড়া শেখ রাসেল দুস্থ শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্র পরিদর্শন করেন। তিনি এ কেন্দ্রের খোঁজ খবর নেন। কথা বলেন কেন্দ্রর শিশুদের সাথে।

    এ সময় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের পদস্থ কর্মকর্তা,  অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোসাম্মৎ নাজমুন নাহার, গোপালগঞ্জ জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ হারুন অর রশীদ, সহকারী পরিচালক মোঃ জুলফিকার আলী,  টুঙ্গিপাড়া থানার ওসি মোঃ কামরুজ্জামান,  সমাজসেবা কর্মকর্তা প্রকাশ চক্রবর্তী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. বাবুল শেখসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

    সূত্র: বাসস

  • হামাস-ইসরায়েল যুদ্ধে ২২ মার্কিনি নিহত

    হামাস-ইসরায়েল যুদ্ধে ২২ মার্কিনি নিহত

    www.HelloBangla.News – আন্তর্জাতিক – ১২ অক্টোবর, ২০২৩: হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধে নিহত মার্কিন নাগরিকদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২ জনে। এছাড়া এখনও ১৭ জন আমেরিকান নাগরিকের কোনও খোঁজ মিলছে না।

    গত শনিবার থেকে শুরু হওয়া পাঁচ দিনের এই যুদ্ধে উভয়পক্ষের ২৩০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন।সংবাদমাধ্যম আল জাজিরা আজ বৃহস্পতিবার (১২ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ।

    প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল-হামাস যুদ্ধে কমপক্ষে ২২ মার্কিন নাগরিকের নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে বলে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে। আরও ১৭ জন মার্কিনি নিখোঁজ রয়েছেন। মূলত ইসরায়েল-হামাস যুদ্ধে নিহত আমেরিকান নাগরিকদের সংখ্যা গত মঙ্গলবার ১৪ জন বলা হলেও বুধবার তা ২২ জনে পৌঁছায়।

    হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা মুখপাত্র জন কিরবি বুধবার বলেছেন, গত সপ্তাহান্তে ইসরায়েলে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের অভূতপূর্ব হামলার সময় বন্দি হওয়া আনুমানিক ১৫০ জন ব্যক্তির মধ্যে ‘মুষ্টিমেয়’ মার্কিন নাগরিক রয়েছেন।

    কিরবি সাংবাদিকদের বলেন, ‘এই মুহূর্তে, যে সংখ্যাটি আমরা জানি বা আমরা বিশ্বাস করি যে, বন্দি করা হয়েছে তা খুব ছোট, খুব ছোট, মুষ্টিমেয় থেকেও কম। কিন্তু সময়ের সাথে সাথে এটি পরিবর্তিত হতে পারে।’

    মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেছেন, ইসরায়েল-হামাসের অব্যাহত যুদ্ধে মার্কিন নাগরিকদের মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে। ইসরায়েলের প্রতি বাইডেন প্রশাসনের দ্ব্যর্থহীন সমর্থনের অংশ হিসাবে বৃহস্পতিবার শীর্ষ এই মার্কিন কূটনীতিকের তেল আবিবে পৌঁছানোর কথা রয়েছে।

    এদিকে হামাস-ইসরায়েলের সংঘাত ছড়িয়ে পড়ার পরপরই ইসরায়েল উপকূলে বিমানবাহী রণতরী পাঠানোর কথা জানিয়েছিল যুক্তরাষ্ট্র। গত রবিবার যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন জানায়, তারা মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড এবং এর সঙ্গে থাকা অন্য যুদ্ধ জাহাজগুলোকে পূর্ব ভূমধ্যসাগরে পাঠাচ্ছে। আর এর মাধ্যমে মূলত এই অঞ্চলে ফাইটার এয়ারক্রাফটের সংখ্যা বাড়াতে চাচ্ছিল দেশটি।

    আল জাজিরা বলছে, মার্কিন নৌবাহিনীর সবচেয়ে উন্নত বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড পূর্ব ভূমধ্যসাগরে পৌঁছে যাওয়ার পর মার্কিন সামরিক বাহিনী দ্বিতীয় বিমানবাহী রণতরী ইউএসএস ডোয়াইট ডি আইজেনহাওয়ারকে এবার ইসরায়েলের দিকে নিয়ে যাচ্ছে।

    প্রসঙ্গত, মুসলিমদের তৃতীয় পবিত্র ধর্মীয় স্থান আল-আকসা মসজিদের পবিত্রতা লঙ্ঘন এবং অবৈধ বসতিস্থাপনকারীদের অত্যাচারের জবাব দিতে গত শনিবার ইসরায়েলে ‘অপারেশন আল-আকসা ফ্লাড’ নামে সামরিক অভিযান শুরু করে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস।

    এরপর থেকে টানা ছয়দিনের এই সংঘাতে নিহত ইসরায়েলিদের সংখ্যা ১২০০ ছাড়িয়েছে। নিহতদের মধ্যে বহু সেনাসদস্য, নারী ও শিশু রয়েছে। এছাড়া আহত হয়েছে আরও হাজার হাজার ইসরায়েলি। এছাড়া আরও বহু মানুষকে বন্দি করেছে হামাস।

  • টস হেরে আগে ব্যাটিং করছে দক্ষিণ আফ্রিকা

    টস হেরে আগে ব্যাটিং করছে দক্ষিণ আফ্রিকা

    www.HelloBangla.News – খেলাধুলা – ১২ অক্টোবর, ২০২৩: বিশ্বকাপের দশম ম্যাচে অংশ নিচ্ছে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। লখনৌর ইকানা স্টেডিয়ামে আজ (বৃহস্পতিবার) টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। বিশ্বকাপ অভিযানের শুরুটা দুই বিপরীত মেরু থেকে শুরু করেছে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা। ভারতের বিপক্ষে বড় ব্যবধানে হার নিয়ে শুরু কামিন্সদের, অন্যদিকে শ্রীলঙ্কার বিপক্ষে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ ৪২৮ রান করেছিল প্রোটিয়ারা। ১০২ রানে জয় পাওয়া দলটি আজও আগে ব্যাট করার সুযোগ পেযেছে।সাফল্যের বিচারে এগিয়ে আছে দক্ষিণ আফ্রিকা।

    দু’দলের মুখোমুখি লড়াই মানে দারুণ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ ম্যাচ। এখন পর্যন্ত ১০৮ ওয়ানডেতে ৫০ জয় অস্ট্রেলিয়ার আর ৫৪ ম্যাচ জিতেছে দক্ষিণ আফ্রিকা। ২০১৬ সাল থেকে ২০ বারের দেখায় ১৫টিতেই প্রোটিয়ারা জিতেছে। বিশ্বকাপে অবশ্য এগিয়ে অজিরা। ৫ দেখায় ৩ জয় তাদের।

    আগের ম্যাচের একাদশে আজ দুটি পরিবর্তন এনেছে অস্ট্রেলিয়া। অ্যালেক্স ক্যারি এবং ক্যামেরুন গ্রিনের পরিবর্তে একাদশে জায়গা পেয়েছেন জশ ইংলিস এবং মার্কাস স্টয়নিস। বাভুমার দলেও রয়েছে একটি পরিবর্তন। কোয়েটজির বদলি হিসেবে দলে ঢুকেছেন তাবরেজ শামসি।

    দক্ষিণ আফ্রিকা একাদশ : কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), টেম্বা বাভুমা (অধিনায়ক), রসি ভ্যান ডার ডুসেন, এইডেন মার্করাম, হেইনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, কেশব মহারাজ, লুঙ্গি এনগিডি, কাগিসো রাবাদা ও তাবরেজ শামসি।

    অস্ট্রেলিয়া একাদশ : ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, স্টিভেন স্মিথ, মার্নাস লাবুশেন, জশ ইংলিস (উইকেটরক্ষক), গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা ও জশ হ্যাজলউড।

    আগামীকাল শুক্রবার অনুষ্ঠিত হবে বিশ্বকাপের বাংলাদেশ সঙ্গে নিউজিল্যান্ডের ম্যাচ।

  • শরৎ মেলা নারী ক্ষুদ্র উদ্যোক্তাদের অর্থনৈতিক সমৃদ্ধির পথ তৈরি করছে

    শরৎ মেলা নারী ক্ষুদ্র উদ্যোক্তাদের অর্থনৈতিক সমৃদ্ধির পথ তৈরি করছে

    www.HelloBangla.News – অর্থনীতি – ১২ অক্টোবর, ২০২৩: ক্ষুদ্র শিল্প উদ্যোক্তাদের জন্য অনুষ্ঠিত তিন দিন ব্যাপী ‘নক্ষত্র নারী শরৎ’ মেলা শেষ হয়েছে গতকাল ধানমন্ডির একটি কনভেকশন হলে। মেলায় ক্ষুদ্র উদ্যোক্তাদের বিভিন্ন ধরণের পণ্যের সমাহার দেশের অর্থনৈতিক সমৃদ্ধির পথকে এগিয়ে নিয়েছে অনেকাংশে।মেলায় ছিলো ৪৫টি স্টল।স্টলগুলোতে ছিলো পোশাক, হস্তশিল্প সামগ্রী, জুয়েলারী ও খাদ্যপণ্য। মেলার উদ্যোক্তরা জানিয়েছে মেলায় স্থান পেয়েছে সব ইউনিক পণ্য সাম্রগ্রী। যেমন জামদানি, মসলিন, ব্লক বা টিক,মনিপুরী, সিল্কসহ দেশিয় সব ধরনের শাড়ী- থ্রীপিস। আরও ছিলো দেশীয় হাতের কাজের কুরতি, থ্রিপিস, হাতের কাজের গহনা, কড়ির গহনা, পার্লের গহনা, হরেক রকম হিজাব, আবায়া, বোরকা, ওয়েস্টার্ন ড্রেস, জুতা, ব্যাগ, বিভিন্ন ব্র্যান্ডের কসমেটিকস, হারবাল কসমেটিকস, নকশিকাঁথা ও কুরশিকাটার পণ্য, পাটের পণ্য, হোমমেড নানাবিধ মুখরোচক খাবার, হোম ডেকোর প্রোডাক্টস, হ্যান্ড পেইন্টের শাড়ি, হরেক রকম আচার, মধু ও ঘি। মেলায় ছিলো ফ্রি মেহেদী ও চুড়ি উৎসব। তাছাড়া ক্রেতাদের জন্য কুপনের মাধ্যমে আকর্ষনীয় অনকে অনেক পুরস্কার।মেলার আয়োক  নক্ষত্র নারী সংগঠন এর ফাউন্ডার শাহনাজ ইসলাম। তিনি বলেন, ‘নারীদের নিজস্ব পণ্য মেলার মাধ্যমে বিপনণের সুযোগ করে দিয়ে তাঁদের নিজেদের অর্থনীতির পথকে প্রশস্ত করার পাশাপাশি দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখার সক্ষমতা সৃষ্টি করছে।’

    উদ্বোধনী দিনে প্রধান অতিথি ছিলেন জাকিয়া পারভীন খানম মনি এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় নজরুল কণ্ঠশিল্পী ফাতেমা তুজ জোহরা, বিশেষ অতিথি ছিলেন তানিয়া খন্দকার স্বধিকারী প্রাচুর্য ফ্যাশন ও অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন সোনিয়া সিমরান।