www.HelloBangla.News – খেলাধুলা – ১৬ অক্টোবর, ২০২৩: বিশ্বকাপের প্রথম অঘটন উপহার দিয়েছে আফগানিস্তান। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে তারা হারিয়েছে ৬৯ রানে। এবারের বিশ্বকাপে এটি আফগানদের প্রথম জয়।অপরদিকে বিশ্বচ্যাম্পিয়নদের দ্বিতীয় হার।বিশ্বকাপে কে কখন জিতবে বা হারবে সেটা দলগত শক্তি দিয়ে সব সময় বিচার করা যায়না। নাহলে যে ইংল্যান্ডকে অতি সহজেই হারায় বাংলাদেশকে সেই দল আবার দাঁড়াতেই পারেনি আফগানদের সামনে। অথচ সেই আফগানিস্তানকে সহজেই হারায় বাংলাদেশ। তবে এই হারে সেরা চারে টিকে থাকাটা ইংল্যান্ডের জন্য মুশকিল হবে বলে মনে করছে ক্রিকেট বিশ্লেষকরা।
এই জয় দিয়ে আসরে পয়েন্টের খাতা খুলেছে দলটি। আর ইংলিশরা বাংলাদেশের বিপক্ষে জয়ের পর হোঁচট খেল আরও একবার। পয়েন্ট টেবিলে তারা আছে বাংলাদেশ এবং আফগানিস্তানের সমান পয়েন্ট নিয়ে।
এই মুহূর্তে বিশ্বকাপের ৫ম স্থান নিয়ে চলছে হাড্ডাহাড্ডি লড়াই। ইংল্যান্ড, আফগানিস্তান এবং বাংলাদেশ, তিন দলই পেয়েছে ২ পয়েন্ট। তবে, রানরেটের বিচারে এগিয়ে আছে ইংলিশরা। এরপরেই আছে আফগানিস্তান। সাতে আছে বাংলাদেশ। চারে থাকা পাকিস্তান জিতেছে ২ ম্যাচ। এই তিন দলের কেউ জয় পেলেই পাকিস্তানের সমান পয়েন্ট হবে। দখলে নিতে পারে চতুর্থ স্থানও।
এর আগে টেবিলের ১০ম স্থানে ছিল আফগানরা। তবে এক ম্যাচ জিতেই ৬ নম্বরে এসে গিয়েছে তারা। আর তাদের এমন উত্থানের দিনে বাংলাদেশ নেমে গিয়েছে ৭ম স্থানে। ৮ম থেকে ১০ স্থানে আছে যথাক্রমে শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস এবং অস্ট্রেলিয়া। শীর্ষ চার স্থানে আছে ভারত, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা এবং পাকিস্তান।
ব্যাট হাতে ১৬ বলে ২৮ রান ও বল হাতে ৫১ রাতে তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা নির্বাচিত হন আফগানিস্তানের মুজিব। তিনি খেলা থেকে তার প্রাপ্ত অর্থ আফগানিস্তানে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য দান করেন।
সংক্ষিপ্ত স্কোর :
আফগানিস্তান : ২৮৪/১০, ৪৯.৫ ওভার (গুরবাজ ৮০, আলিখিল ৫৮, রশিদ ৩/৪২)
ইংল্যান্ড : ২১৫/১০, ৪০.৩ ওভার (ব্রুক ৬৬, মালান ৩২, রশিদ ৩/৩৭)।
ফল : আফগানিস্তান ৬৯ রানে জয়ী।
