Author: Hello Bangla News

  • আগামীকাল এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ হবে

    আগামীকাল এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ হবে

    www.HelloBangla.News – জাতীয় – ২৫ নভেম্বর, ২০২৩: আগামীকাল রবিবার (২৬ নভেম্বর) এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে । এদিন সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলাফল হস্তান্তরের পর বেলা ১১টায় স্ব স্ব কলেজ ও শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে একযোগে পরীক্ষার ফল প্রকাশ করা হবে। এবার শিক্ষার্থীরা কলেজে না গিয়ে ঘরে বসেই ফল দেখতে পারবে।

    আন্তঃশিক্ষাবোর্ড সূত্রে জাান গেছে, কলেজ নোটিশ বোর্ড ছাড়াও বোর্ডের নির্ধারিত ওয়েবসাইটে ও এসএমএসের মাধ্যমে ফল জানতে পারবে পরীক্ষার্থীরা। ওয়েবসাইটের মাধ্যমে ফল জানতে শিক্ষার্থীকে প্রথমে www.educationboardresults.gov.bd এ ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।

    সেখানে থাকা ফলাফল অপশনে ক্লিক করে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে সাবমিট করলেই শিক্ষার্থী তার রেজাল্ট শিট দেখতে পারবে। ঢাকা বোর্ডের ওয়েবসাইটে www.dhakaeducationboard.gov.bd রেজাল্ট ক্লিক করে প্রতিষ্ঠানের ইআইআইএন এন্ট্রি করে প্রতিষ্ঠানভিত্তিক রেজাল্ট শিট ডাউনলোড করা যাবে।

    এছাড়াও এসএমএসের মাধ্যমে ফল পেতে মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে ইংরেজি অক্ষরে এইচএসসি (HSC) লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে আবার স্পেস দিয়ে পাসের বছর লিখতে হবে। এরপর ১৬২২২ নম্বরে সেন্ড করতে হবে।

    যেমন- ঢাকা বোর্ডের একজন পরীক্ষার্থীকে- HSC DHA 123456 2023 লিখে পাঠাতে হবে 16222 নম্বরে। সঙ্গে সঙ্গেই ফিরতি এসএমএসে ফল জানিয়ে দেওয়া হবে।

    গত ১৭ আগস্ট ৮টি সাধারণ শিক্ষাবোর্ডে এইচএসসি পরীক্ষা শুরু হয়। প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম, মাদরাসা ও কারিগরি শিক্ষাবোর্ডের পরীক্ষা শুরু হয় ২৭ আগস্ট। ১১ শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নেন ১৩ লাখ ৫৯ হাজার ৩৪২ পরীক্ষার্থী।

  • হামাস চুক্তির প্রথম দিন ২৪ জন জিম্মিকে ছেড়ে দিয়েছে

    হামাস চুক্তির প্রথম দিন ২৪ জন জিম্মিকে ছেড়ে দিয়েছে

    www.HelloBangla.News – আন্তর্জাতিক – ২৫ নভেম্বর, ২০২৩: চার দিনের যুদ্ধবিরতির চুক্তির শর্ত অনুযায়ী হামাস ২৪ জন জিম্মিকে ছেড়ে দিয়েছে। আগেই হামাস জানিয়েছে যুদ্ধে সময় তারা ৫০ জনকে বন্দি করে। অন্যদিকে, ইসরায়েলের কারাগার থেকে ৩৯ ফিলিস্তিনিকেও মুক্তি দেওয়া হয়েছে।

    গতকাল শুক্রবার (২৪ নভেম্বর) এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়।

    জানা গেছে, এই ২৪ জনের মধ্যে ১৩ জন ইসরায়েল, ১০ জন থাইল্যান্ড এবং ১ জন ফিলিপাইনের নাগরিক। মুক্তিপ্রাপ্তরা সবাই নারী ও শিশু। ৪টি গাড়িতে করে এসব জিম্মিদের নিয়ে যাওয়া হয় গাজা ও মিসরের সীমান্তপথ রাফাহ বর্ডার ক্রসিংয়ে। সেখানে আন্তর্জাতিক রেডক্রস ও রেডক্রিসেন্ট কমিটির (আইসিআরসি) প্রতিনিধিদের কাছে জিম্মিদের হস্তান্তর করা হয়েছে।

    ১৩ ইসরায়েলি জিম্মিকে মুক্তির খবরের সত্যতা নিশ্চিত করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীও (আইডিএফ)।

    আইডিএফের কর্মকর্তারা বলেছেন, মুক্তিপ্রাপ্তদের মধ্যে ৪ শিশু, তাদের ৪ জন মা এবং ৫ জন বয়স্ক নারী রয়েছেন।  ইসরায়েলের ভূখণ্ডে প্রবেশের পর এই ১৩ জনের প্রাথমিক শারীরিক পরীক্ষা করা হবে। তারপর পাঠানো হবে বিভিন্ন হাসপাতালে। জিম্মিদের স্বজনরা সেসব হাসপতালে তাদের জন্য অপেক্ষা করছেন।

    জিম্মিরা মুক্ত হওয়ার পর তাৎক্ষণিক এক বার্তায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, ‘আমরা কেবল জিম্মিদের প্রথম ব্যাচকে মুক্ত করতে পেরেছি। এরা সবাই শিশু, তাদের মা এবং অন্যান্য নারীরা।’

    এই যুদ্ধবিরতির মধ্যে গাজায় জিম্মি বাকি সব ইসরায়েলি জিম্মিদের মুক্ত করার প্রতিশ্রুতি দেন নেতানিয়াহু। বলেন, ‘আমি ইসরায়েলের প্রত্যেক নাগরিক এবং জিম্মিদের পরিবারের সদস্যদের জোর দিয়ে বলছি, আমরা প্রত্যেক জিম্মিকে মুক্তি দিয়ে প্রতিশ্রুতিবদ্ধ এবং সেই প্রতিশ্রুতি আমরা রক্ষা করব। ’

    অন্যদিকে, একই দিনে ইসরায়েলের কারাগার থেকে ৩৯ ফিলিস্তিনিকেও মুক্তি দেওয়া হয়েছে।

    বিষয়টি নিশ্চিত করেছেন কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি।

    জানা গেছে, মুক্তিপ্রাপ্ত ফিলিস্তিনিরা ওফার কারাগারে বন্দি ছিলেন। এসব ফিলিস্তিনিকে কারাগার থেকে বের করার আগে সেখানে কড়া নিরাপত্তা ব্যবস্থা তৈরি করে ইসরায়েলি পুলিশ।

    গতকাল শুক্রবার (২৪ নভেম্বর) হামাস ও ইসরায়েলের মধ্যে চারদিনের যুদ্ধবিরতি শুরু হয়। এই যুদ্ধবিরতির চুক্তি অনুযায়ী, চারদিনে ৫০ ইসরায়েলি বন্দিকে মুক্তি দেবে হামাস। অন্যদিকে ইসরায়েল ১৫০ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেবে।

    প্রায় দেড় মাস ধরে চলা যুদ্ধে গাজায় ইসরায়েলি হামলায় ১৩ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছে। এদের মধ্যে অধিকাংশ নারী ও শিশু। শুধু তাই নয় ইসরায়েলি হামলায় গাজায় ভেঙ্গে গেছে অনেক স্থাপনা। যার মধ্যে গাজার সবচেয়ে বড়ো হাসপাতালও রয়েছে।

  • বিশ্বের দূষিত শহরের তালিকায় আজ ঢাকার অবস্থান দ্বিতীয়

    বিশ্বের দূষিত শহরের তালিকায় আজ ঢাকার অবস্থান দ্বিতীয়

    www.HelloBangla.News – প্রযুক্তি – ২৫ নভেম্বর, ২০২৩: বিশ্বের ১০৯ টি শহরের মধ্যে দূষিত শহরের তালিকায় আজ শনিবার (২৫ নভেম্বর) সকালে ঢাকার অবস্থান দ্বিতীয়। সকাল ৮টা ৫০ মিনিটে এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ২৫১ নিয়ে রাজধানীর বাতাসের মান ‘খুব অস্বাস্থ্যকর।’

    ১০১ থেকে ২০০ এর মধ্যে একিউআই স্কোরকে সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’ বলে মনে করা হয়। ২০১ থেকে ৩০০ এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। আর ৩০১ থেকে ৪০০ এর এর মধ্যে থাকা একিউআইকে ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

    ভারতের দিল্লি ও কলকাতা যথাক্রমে ৩০৩ ও ২৩৮ একিউআই স্কোর নিয়ে প্রথম ও তৃতীয় স্থানে আছে।

    সাধারণত শীতকালে শুষ্ক মৌসুমে ঢাকায় বিভিন্ন ধরণের উন্নয়ন মূলক ও আবাসিক স্থাপনা নির্মাণের কাজ হয়। তাই বাসাতের সঙ্গে মিশে যায় ধুলা, বালি, সিমেন্ট, ইট ও পাথরের ক্ষুদ্র অংশ, লোহার অংশ ও শিশা। এছাড়াও থাকে গাড়ির কালো ধোঁয়া।  যা শিশু ও বয়স্কদের জন্য খুবই বিপদজনক। এই সময় চিকিসকরা সবাইকে মাস্ক পরার নির্দেশনা দিয়েছেন।

    দীর্ঘদিন ধরে বায়ুদূষণে ভুগছে ঢাকা। এর বাতাসের গুণমান সাধারণত শীতকালে অস্বাস্থ্যকর হয়ে যায় এবং বর্ষাকালে কিছুটা উন্নত হয়।

    একই সময়ে সবচেয়ে নির্মল বায়ুর শহরের তালিকায় শীর্ষ তিনে রয়েছে ইতালির মিলানো, জাপানের নাগোয়া ও অস্ট্রেলিয়ার সিডনি। এর মধ্যে সকালে মিলানো ও নাগোয়ার স্কোর ছিল ৪। আর সিডনির স্কোর ছিল ১০।

  • এএফসির সেরা ৯ জনের তালিকায় মোরসালিন

    এএফসির সেরা ৯ জনের তালিকায় মোরসালিন

    www.HelloBangla.News – খেলাধুলা – ২৫ নভেম্বর, ২০২৩: গত ১৬ থেকে ২১ নভেম্বর এশিয়া ফুটবলের বাছাই পর্বে মোট ৩৬ টি ম্যাচ হয়েছে। এই ম্যাচগুলোর ব্যক্তিগত পারফর্মের ভিত্তিতে সেরা ৯ জনের নামের তালিকায় স্থান করে নিয়েছে বাংলাদেশের শেখ মোরসালিন। আক্রমণভাগের এই তারকা অভিষেকের পর এক বছরও পার হয়নি। বাংলাদেশকে এরইমাঝে উপহার দিয়েছেন মনে রাখার মত বেশ কিছু মুহূর্ত।

    বিশ্বকাপ এবং এএফসি এশিয়ান কাপের বাছাইয়ের দ্বিতীয় পর্বে লেবাননের বিপক্ষে অসাধারণ খেলা দেখে মুগ্ধ এএফসির কর্মকর্তারা। র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ থেকে ৭৯ ধাপ এগিয়ে থাকা লেবাননের বিপক্ষে ঘরের মাঠে দুর্দান্ত এক গোল করার পর মোরসালিনের কীর্তি শিরোনাম হয়েছে স্বয়ং এএফসির ওয়েবসাইটে।

    বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় রাউন্ডে লেবাননের বিপক্ষে ম্যাচটি ছিল এশিয়ান কাপের সরাসরি বাছাইও। গত ১৬ ও ২১ নভেম্বর বাছাইয়ে পুরো এশিয়ায় মোট ৩৬ টি ম্যাচ হয়েছে। সেখান থেকে সেরা ৯ জন পারফর্মারের নাম ঘোষণা করেছে এএফসি। যেখানে মোরসালিন ছাড়াও রয়েছেন দক্ষিণ কোরিয়ান তারকা সন হিউং মিন, কাতারের আলমোয়েজ আলী, ইরানে মেহেদী তারেমি, সৌদি আরবের সালেহ আল শেহরিরাও।

    বাংলাদেশের উদীয়মান তারকা হিসেবে আগেই জানান দিয়েছেন মোরসালিন। কয়েকদিন আগে অবশ্য সমালোচনায়ও পড়তে হয় তাকে। তবে সবকিছু চাপিয়ে লেবাননের বিপক্ষে আবারও সমর্থকদের মন জয় করে নিয়েছেন। বাংলাদেশকে পাইয়ে দিয়েছেন এক পয়েন্ট।

    বাংলাদেশের জার্সিতে এই পর্যন্ত ৯ ম্যাচে ৪ গোল রয়েছে মোরসালিনের। এই খেলা ধরে রাখতে পারলে অবশ্যই আরও সুনাম কুড়াতে পারবেন মোরসালিনে।

  • সংবিধান মেনেই দেশে একটি গ্রহণযোগ্য নির্বাচন হবে: ইসি রাশেদা সুলতানা

    সংবিধান মেনেই দেশে একটি গ্রহণযোগ্য নির্বাচন হবে: ইসি রাশেদা সুলতানা

    www.HelloBangla.News – জাতীয় – ২৪ নভেম্বর, ২০২৩: সংবিধান মেনেই দেশে একটি সুন্দর, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন হবে, বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) রাশেদা সুলতানা। তিনি বলেন, হরতাল-অবরোধ কে দেবে, না দিবে তা নিয়ে নির্বাচন কমিশনের কিছুই করার নেই। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ ব্যাপারে সজাগ রয়েছে। ভোটের পরিবেশ তৈরি আছে এবং তৈরি থাকবে, তা যেকোনোভাবেই হোক। আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও প্রস্তুত রয়েছে। সংবিধান মেনেই দেশে একটি সুন্দর, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন হবে।

    আজ শুক্রবার (২৪ নভেম্বর) দুপুরে রংপুর বিভাগীয় কমিশনারের সভাকক্ষে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

    ইসি রাশেদা বলেন, ‘ভোটের তারিখ পেছানোর কোনোরকম সম্ভাবনা নেই। শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠানের জন্য মিডিয়ার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেজন্য সুষ্ঠু, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের জন্য মিডিয়ার সহযোগিতা কামনা করেন তিনি।’

    তিনি আরও বলেন, ‘আগে ভোটারদের ভয়ভীতি দেখিয়ে ভোট আদায়ের চেষ্টা করা হত। সেখানে কোনো শাস্তির বিধান ছিল না। এখনকার নির্বাচন কমিশন ভোটারদের কোনোরকম ভয়ভীতি প্রদর্শন করলে তাকে শাস্তির আওতায় আনার বিধান করেছে। এ সময় তিনি ভোটারদের রাতের আধারে ভয়ভীতি প্রদর্শন করলে নিকটতম আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর জন্য আহ্বান জানান।’

    এই ইসি বলেন, ‘ভোটাররা যাতে ভোটকেন্দ্রে গিয়ে নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে সে জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনী ও মাঠ পর্যায়ের প্রশাসনও এসব বিষয়ে বেশ আন্তরিক আছে। আগামী ৭ জানুয়ারি যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে তার জন্যই নির্বাচন সংশ্লিষ্ট সবাইকে নিয়ে আজকের এই পরিস্থিতিমূলক সভা।’

    এর আগে সকাল ১০টায় বিভাগীয় সদর দপ্তরে কমিশনারের কার্যালয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভায় দিকনির্দেশনামূলক বক্তব্য দেন রাশেদা সুলতানা। সভায় রংপুর রেঞ্জ ডিআইজি মো. আবদুল বাতেন, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মনিরুজ্জামান ছাড়াও রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা ও লালমনিরহাট জেলার রিটার্নিং কর্মকর্তা, পুলিশ সুপার, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সকল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি) উপস্থিত ছিলেন। এতে সভাপতিত্ব করেন রংপুর বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান।

  • চারটি বিভাগের মনোনয়ন চূড়ান্ত হয়েছে: সেতুমন্ত্রী

    চারটি বিভাগের মনোনয়ন চূড়ান্ত হয়েছে: সেতুমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ২৪ নভেম্বর, ২০২৩: চারটি বিভাগের মনোনয়ন চূড়ান্ত হয়েছে, বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।এসেময় তিনি আরও বলেন, বিএনপির এখনো নির্বাচনে আসার সুযোগ আছে।

    আজ শুক্রবার (২৪ নভেম্বর) বিকেলে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক বিফ্রিংয়ে তিনি এ কথা বলেন। এ সময় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, কার্যনির্বাহী কমিটির সদস্য আনোয়ার হোসেনসহ অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

    সেতুমন্ত্রী বলেন, চারটি বিভাগের মনোনয়ন চূড়ান্ত হয়েছে। আগামীকাল শনিবার না হলেও রবিবার মধ্যে ৩০০ আসনের চূড়ান্ত প্রার্থী কারা, তা ঘোষণা করতে পারব। নতুন অনেকে এসেছেন, কিছু বাদও পড়েছে। উইনেবল (সম্ভাব্য জয়ী) প্রার্থী আমরা বাদ দেইনি।

    ওবায়দুল কাদের বলেন, ‘আমরা যখন বিভাগের নাম ঘোষণা করি তখন ভিড় বেড়ে যায়, নির্দিষ্ট বিভাগ শুনলে পিড়াপীড়ি শুরু হয়ে যায়। কীভাবে নাম বাহির করা যায়। সে কারণে বিভাগের নাম ঘোষণা করছি না।’

    ওবায়দুল কাদের বলেন, ‘আমরা মনোনয়নের ব্যাপারটা সুনির্দিষ্ট করে এখন বলছি না, কারণ এর মধ্যে আমরা যে সকল প্রার্থী দিয়েছি, সেসব মনোনয়নে ভুলত্রুটিও থাকতে পারে। সেটাও সংশোধনের একটা সুযোগ রেখেছি। এ কারণে আমরা ঠিক করেছি— ভিন্নভাবে, জেলাভাবে বা বিভাগভাবে প্রার্থিতা ঘোষণা করবো না। একসঙ্গে ৩০০ আসনের প্রার্থিতা ঘোষণা করতে চাই।’

  • কৃষকরা বাংলাদেশকে একটি অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছেন: মতিয়া

    কৃষকরা বাংলাদেশকে একটি অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছেন: মতিয়া

    www.HelloBangla.News – জাতীয় – ২৪ নভেম্বর, ২০২৩:  কৃষকরা বাংলাদেশকে একটি অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছেন, উল্লেখ করে মতিয়া চৌধুরী বলেন, ‘আমরা যদি খাদ্যে স্বয়ংসম্পূর্ণ না হই, আমাদের দৈনন্দিন চাহিদায় আমরা যদি স্বয়ংসম্পূর্ণ না হই, তাহলে আমরা চিরদিন বাঁকা হাসি এবং করুণার পাত্র হয়ে থাকবো। আমি আজকে দেশের সমগ্র কৃষিবিদকে আমার ভালোবাসা এবং শ্রদ্ধা জানাই, আপনারা বাঁকা ঠোঁটের হাসি থেকে বাংলাদেশকে মুক্ত করেছেন। আপনারা বাংলাদেশকে একটি অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছেন। এক সময় ভাবা হতো সবাই কৃষি কাজ পারে, কিন্তু বাস্তব সত্য হচ্ছে সবাই কৃষি কাজ পারে না।’

    আজ শুক্রবার (২৪ নভেম্বর) দুপুরে রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশের (কিআইবি) মিলনায়তনে ‘সিনিয়র কৃষিবিদ সম্মিলন ২০২৩’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

    সাবেক কৃষিমন্ত্রী বলেন, ‘কৃষিবিদদের সমস্যা এবং সম্ভাবনার দিকে ভালোভাবে পর্যালোচনা হওয়া দরকার। শুধু সমস্যার সমাধান একমাত্র সমাধান নয়, সম্ভাবনাকেও পরিপূর্ণভাবে কাজে লাগিয়ে সমৃদ্ধির পথে এগিয়ে যাওয়ার পথে কৃষিবিদদের পথপ্রদর্শকের ভূমিকা পালন করতে হবে।’

    তিনি আরও বলেন, আমি আপনাদের শ্রদ্ধা জানিয়ে বিনম্রভাবে একটি কথা বলতে চাই, আওয়ামী লীগ এবং শেখ হাসিনা ক্ষমতায় থাকলেই বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়, অন্য সময় হয় না, কেন হয় না এইখানে নিষ্ঠা এবং দূরদর্শিতা দুটিরই অভাব ছিল বলে এটা হয় নাই। আগামী দিনে যারা আসছেন কৃষি বিজ্ঞান ও সেক্টরে কাজ করার জন্য তাদের কাছে কৃষির সম্ভাবনার দিকটা তুলে ধরার জন্য আমি আপনাদের বিশেষভাবে অনুরোধ করবো।

    মতিয়া চৌধুরী বলেন, দেশে কৃষিবিদরা এক সময় অবহেলিত ছিল। কিন্তু আজকে কৃষিবিদ শুনলে একটু চোখ তুলে তাকানোর অবস্থা হয়েছে। এটা আপনাদের কৃতিত্ব এবং আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ অবদান।

    কৃষিবিদ অধ্যাপক ড. শহীদুর রশীদ ভূঁইয়ার সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন, আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য এবং বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দীন নাছিম, আ. লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী আব্দুস সবুর।

  • স্থগিত হলো ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষা

    স্থগিত হলো ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষা

    www.HelloBangla.News – জাতীয় – ২৪ নভেম্বর, ২০২৩: টানা এক সপ্তাহ পিএসসি ও পরীক্ষার্থীদের পাল্টাপাল্টি অবস্থানের পর অবশেষে স্থগিত করা হলো ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষা। এতে খুশি পরীক্ষার্থীরা।

    আজ শুক্রবার (২৪ নভেম্বর) বিকেল পৌনে ৫টার দিকে পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আনন্দ কুমার বিশ্বাসের সই করা বিজ্ঞপ্তিতে আনুষ্ঠানিকভাবে লিখিত পরীক্ষা স্থগিতের ঘোষণা দেওয়া হয়।

    এতে বলা হয়, আগামী ২৭ নভেম্বর থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত ঢাকাসহ দেশের সব বিভাগীয় শহরে অনুষ্ঠেয় ৪৫তম বিসিএসের সব লিখিত পরীক্ষা (আবশ্যিক ও পদ-সংশ্লিষ্ট) অনিবার্য কারণবশত কমিশন স্থগিত করেছে। পরীক্ষার পরিবর্তিত তারিখ ও সময়সূচি যথাসময়ে কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

  • যুদ্ধবিরতির আগে শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় ৩০ জন নিহত

    যুদ্ধবিরতির আগে শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় ৩০ জন নিহত

    www.HelloBangla.News – আন্তর্জাতিক – ২৪ নভেম্বর, ২০২৩: যুদ্ধবিরতির আগে উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে জাতিসংঘ-অধিভুক্ত স্কুলে ইসরায়েলি হামলায় প্রায় ৩০ জনের প্রাণ হারিয়েছে বলে অভিযোগ করেছে হামাস। আজ শুক্রবার (২৪ নভেম্বর) থেকে শুরু হতে যাওয়া এমন হামলার ঘটনা ঘটল হতাশাজনক।

    বৃহস্পতিবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের ত্রাণ ও কর্ম সংস্থা (ইউএনআরডব্লিউএ) পরিচালিত আবু হুসেইন স্কুলে হামলায় ২৭ জনের প্রাণ গেছে। গাজার অন্যান্য অংশে সহিংসতা ও তীব্র বোমাবর্ষণ থেকে পালিয়ে আসা ফিলিস্তিনিদের আশ্রয়স্থল এটি।

    ইসরায়েলি বাহিনী উত্তর গাজার ইন্দোনেশিয়ান হাসপাতালে নতুন করে হামলা চালিয়েছে। হামলার লক্ষ্য ছিল প্রধান প্রবেশপথ ও জেনারেটরগুলো

    মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কুদরা বলেন, হাসপাতালটি তীব্র বোমা হামলার শিকার হয়েছিল। ভবনের বড় অংশগুলো ছিল লক্ষ্যবস্তু।

    এক সপ্তাহ ধরে অবরুদ্ধ থাকা বেইত লাহিয়া অঞ্চলের হাসপাতালে দুই শতাধিক রোগী, চিকিৎসাকর্মী এবং অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত লোকেরা অবস্থান করছিলেন।

    এদিকে ফিলিস্তিনি সরকারি বার্তা সংস্থা ওয়াফা জানায় যে, ইসরায়েলি বাহিনী উত্তর গাজার শেখ রাদওয়ান অঞ্চলে একটি আবাসিক ভবনে হামলা চালালে কমপক্ষে ১০ জন নিহত হন।

  • আজ তিন বিভাগের আওয়ামী লীগের প্রার্থীদের তালিকা চূড়ান্ত হবে

    আজ তিন বিভাগের আওয়ামী লীগের প্রার্থীদের তালিকা চূড়ান্ত হবে

    www.HelloBangla.News – জাতীয় – ২৩ নভেম্বর, ২০২৩: আগামী জাতীয় নির্বাচনে রাজশাহী, খুলনা ও রংপুর এই তিন বিভাগের নৌকা প্রতীকে দলীয় প্রার্থীদের তালিকা চূড়ান্ত করতে আজ বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকাল ১০টায় সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

    ২০২৪ সালের ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

    রাজধানীর তেজগাঁওস্থ ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এই বৈঠক শুরু হয়। সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনা।

    সূচনা বক্তব্যে শেখ হাসিনা বলেন, ‘যারা দ্বিধাদ্বন্দ্বে রয়েছেন আমি আপনাদের সবাইকে নির্বাচনে অংশ নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। কারণ, আগামী সাধারণ নির্বাচন যে অবাধ ও নিরপেক্ষ হবে তাতে কোনো সন্দেহ নেই।’

    প্রধানমন্ত্রী বলেন, ‘দেশের মানুষ যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারে তা নিশ্চিত করার জন্য তিনি বারবার নির্দেশনা দিয়েছেন।’

    শেখ হাসিনা বলেন, ‘জনগণের ভোটাধিকার নিশ্চিত করার জন্য আমরা নির্বাচন করব। এক্ষেত্রে আমরা কোন হস্তক্ষেপ করব না। আমরা চাই নির্বাচন কমিশন অবাধ ও নিরপেক্ষ নির্বাচন করুক।’

    তিনি আরও বলেন, ‘তাদের ভোট চুরির দরকার নেই, কারণ আওয়ামী লীগের প্রতি জনগণের আস্থা ও বিশ্বাস রয়েছে।’

    প্রধানমন্ত্রী বলেন, আন্তর্জাতিক সংস্থার জরীপেও একই চিত্র তুলে ধরেছে।

    আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেন, ‘আমি দেশবাসীকে জাতির সেবায় আরেকবার পরিবর্তন আনতে আমার দলের নির্বাচনী প্রতীক নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছি।’

    প্রধানমন্ত্রী বলেন, বিএনপি নির্বাচনে অংশ নিতে ভয় পায় কারণ, তাদের দুই শীর্ষ নেতা দুর্নীতির দায়ে দোষী সাব্যস্ত হওয়ায় দলের শীর্ষ নেতৃত্বে কেউ নেই।

    তিনি আরো বলেন, তারেকের বিরুদ্ধে এফবিআই সাক্ষ্য দিয়েছে এবং কানাডিয়ান পুলিশ খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে সাক্ষ্য দিয়েছে।

    প্রধানমন্ত্রী বলেন, ‘বিএনপি অতীতের মতো মনোনয়ন বাণিজ্য করতে আগামী নির্বাচনে অংশ নিতে পারে।’

    সভায় প্রধানমন্ত্রী বলেন, ‘জাতির পিতা যে সংবিধান দিয়েছিলেন এবং নির্বাচনে যে নীতিমালা দিয়েছিলেন, সেখানে একটা বিষয় ছিল যে, ব্যালট পেপারের পেছনে প্রিজাইডিং অফিসারের সিল থাকবে, জিয়াউর রহমান নির্বাচনের আগে অর্ডিন্যান্স করে তা সবকিছু বাতিল করে দেয়। অর্থাৎ বাক্স ভরে ভরে রেখে দেওয়া ইত্যাদি।’

    শেখ হাসিনা বলেন, ‘বিএনপি জামায়াত নির্বাচন বানচালের চেষ্টা করলেও আওয়ামী লীগের শক্তি দেশের জনগণ। কেউ নির্বাচন বানচালের চেষ্টা করলে তার পরিণতি ভালো হবে না।’

    আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘২০১৪ সালে আত্মবিশ্বাস ছিল না বলেই জ্বালাও-পোড়াও করে তারা নির্বাচনে আসেনি। ২০১৮ সালের নির্বাচন নিয়ে অপবাদ দিলেও কেউ এখন পর্যন্ত অনিয়মের একটি সুনির্দিষ্ট প্রমাণ দেখাতে পারেনি।’

    প্রধানমন্ত্রী বলেন, ‘নির্বাচন চলাকালীন সময় আইন-শৃঙ্খলা বাহিনী, প্রশাসক সম্পূর্ণ নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণে। তফসিল ঘোষণার পর থেকে কোনো অফিসার বদলি করা, এক জায়গা থেকে অন্য জায়গায় বদলি, এগুলো নির্বাচন কমিশনারের অনুমতি ছাড়া করা যাবে না। যদি নির্বাচন কমিশন চায় তখন সেটা পরিবর্তন করা যায়, তাছাড়া করা যাবে না।’

    সরকারপ্রধান বলেন, ‘আওয়ামী লীগ যখনই সরকারে এসেছে, তখনই বিভিন্ন সংস্কার করেছে। যাতে নির্বাচন অবাধ সুষ্ঠু হয়। জনগণ তার ভোট দিতে পারে, যাতে জনগণ তার অধিকার প্রয়োগ করতে পারে। আমরাই স্বচ্ছ ব্যালট বাক্স, ছবিসহ ভোটার তালিকা এবং জনগণ যাতে ভোট দিতে পারে, সেক্ষেত্রে মানুষকে সচেতন করা, সেগুলো আওয়ামী লীগই করেছে। আমরা জোট করে বিভিন্ন প্রস্তাবনা নিয়ে এসে, একে একে তা বাস্তবায়ন করেছি।’

    তিনি আরও বলেন, ‘নির্বাচন কমিশন সম্পূর্ণ প্রধানমন্ত্রী দপ্তরের সঙ্গে যুক্ত ছিল। বাজেট থেকে শুরু করে সবকিছু প্রধানমন্ত্রীর দপ্তর থেকে যেত। সেই জায়গা থেকে স্বাধীন করে দিয়েছি। নির্বাচন কমিশন গঠনের ক্ষেত্রে আমরা আইন করি। যেগুলো আগে করা ছিল না। আইনের ভিত্তিতে নির্বাচন কমিশন গঠন করা হয়। সেখানে কোনো হস্তক্ষেপ করা হয়নি।’

    তিনি বলেন, ‘নির্বাচনে আসার মতো আত্মবিশ্বাস তাদের নেই। কারণ ২০০৮ নির্বাচনে তারা মাত্র ৩০টি সিট পেয়েছে। আর আমরা দেশ পরিচালনা করে মানুষের আস্থা অর্জন করেছি। আমরা ভোটে অনেক এগিয়ে। এটা জেনেই তারা নির্বাচনে না এসে, নির্বাচন বানচাল করার চেষ্টা করছে।’

    প্রধানমন্ত্রী বলেন, ‘মানুষ এখন সুন্দর জীবন যাপন করছে। অনেকে এখন দেশে দেশে ফ্রিল্যান্সিং করে কাজ করছে। যারা ভূমিহীন তাদেরকে আমরা বিনা পয়সায় ঘর করে দিচ্ছি। একটি মানুষও ভূমিহীন থাকবে না।’

    তিন বিভাগে ১০৮টি আসনের বিপরীতে আওয়ামী লীগের পদ প্রার্থীরা ১১২৭টি মনোনয়ন ফরম জমা দিয়েছেন। এর মধ্যে খুলনা বিভাগে ৪১৬টি, রাজশাহী বিভাগে ৪০৯টি এবং রংপুর বিভাগে ৩০২টি মনোনয়ন ফরম জমা পড়েছে।

    আওয়ামী লীগ গত শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত চারদিনে বঙ্গবন্ধু এভিনিউস্থ দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে ৩০০ আসনের জন্য ৩ হাজার ৩৬২টি মনোনয়নপত্র বিক্রি করেছে। এতে দেখা যায় প্রতিটি আসনের বিপরীতে ১১টি করে ফরম বিক্রি হয়েছে।

    প্রতিটি ফরম ৫০ হাজার টাকা করে বিক্রি হওয়ায় মনোনয়নপত্র বিক্রি করে আওয়ামী লীগ মোট ১৬ কোটি ৮১ লাখ টাকা আয় করেছে।