www.HelloBangla.News – খেলাধুলা – ২৫ নভেম্বর, ২০২৩: গত ১৬ থেকে ২১ নভেম্বর এশিয়া ফুটবলের বাছাই পর্বে মোট ৩৬ টি ম্যাচ হয়েছে। এই ম্যাচগুলোর ব্যক্তিগত পারফর্মের ভিত্তিতে সেরা ৯ জনের নামের তালিকায় স্থান করে নিয়েছে বাংলাদেশের শেখ মোরসালিন। আক্রমণভাগের এই তারকা অভিষেকের পর এক বছরও পার হয়নি। বাংলাদেশকে এরইমাঝে উপহার দিয়েছেন মনে রাখার মত বেশ কিছু মুহূর্ত।
বিশ্বকাপ এবং এএফসি এশিয়ান কাপের বাছাইয়ের দ্বিতীয় পর্বে লেবাননের বিপক্ষে অসাধারণ খেলা দেখে মুগ্ধ এএফসির কর্মকর্তারা। র্যাঙ্কিংয়ে বাংলাদেশ থেকে ৭৯ ধাপ এগিয়ে থাকা লেবাননের বিপক্ষে ঘরের মাঠে দুর্দান্ত এক গোল করার পর মোরসালিনের কীর্তি শিরোনাম হয়েছে স্বয়ং এএফসির ওয়েবসাইটে।
বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় রাউন্ডে লেবাননের বিপক্ষে ম্যাচটি ছিল এশিয়ান কাপের সরাসরি বাছাইও। গত ১৬ ও ২১ নভেম্বর বাছাইয়ে পুরো এশিয়ায় মোট ৩৬ টি ম্যাচ হয়েছে। সেখান থেকে সেরা ৯ জন পারফর্মারের নাম ঘোষণা করেছে এএফসি। যেখানে মোরসালিন ছাড়াও রয়েছেন দক্ষিণ কোরিয়ান তারকা সন হিউং মিন, কাতারের আলমোয়েজ আলী, ইরানে মেহেদী তারেমি, সৌদি আরবের সালেহ আল শেহরিরাও।
বাংলাদেশের উদীয়মান তারকা হিসেবে আগেই জানান দিয়েছেন মোরসালিন। কয়েকদিন আগে অবশ্য সমালোচনায়ও পড়তে হয় তাকে। তবে সবকিছু চাপিয়ে লেবাননের বিপক্ষে আবারও সমর্থকদের মন জয় করে নিয়েছেন। বাংলাদেশকে পাইয়ে দিয়েছেন এক পয়েন্ট।
বাংলাদেশের জার্সিতে এই পর্যন্ত ৯ ম্যাচে ৪ গোল রয়েছে মোরসালিনের। এই খেলা ধরে রাখতে পারলে অবশ্যই আরও সুনাম কুড়াতে পারবেন মোরসালিনে।
