Author: Hello Bangla News

  • লিবিয়ায় বন্দি থাকা ১৪৩ বাংলাদেশি দেশে ফিরেছেন

    লিবিয়ায় বন্দি থাকা ১৪৩ বাংলাদেশি দেশে ফিরেছেন

    www.HelloBangla.News – জাতীয় – ২৮ নভেম্বর, ২০২৩: অবৈধ ভাবে লিবিয়ায় গিয়ে অনেক ব্যক্তি বিভিন্ন ধরণের ঝুঁকিতে পড়েছেন। লিবিয়া সরকার তাদের দেশে অবৈধভাবে যাওয়া অভিবাসীদের গ্রেফতার করে এবং ডিটেনশন সেন্টারে পাঠায়। এই অবৈধ অভিবাসীদের  মধ্যে ১৪৩ জন বাংলাদেশি আজ দেশে ফিরেছেন। লিবিয়ার রাজধানী ত্রিপোলির ডিটেনশন সেন্টারে তারা আটক ছিলেন।

    আজ মঙ্গলবার (২৮ নভেম্বর) সকালে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম), পররাষ্ট্র মন্ত্রণালয় ও লিবিয়াতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় তারা দেশে এসে পৌঁছান।

    আজ সকালে পাঠানো এক বিজ্ঞপ্তিতে আইওএম জানিয়েছে, দেশে ফেরার পর প্রত্যেক বাংলাদেশিকে বাড়ি ফেরার খরচ হিসেবে ৫ হাজার ৮৯৬ টাকা করে দেওয়া হয়েছে। নিজ এলাকায় ফিরে প্রতিবেশী ও স্বজনদের কাছে লিবিয়ায় আটক থাকার ভয়াবহ অভিজ্ঞতার কথা তুলে ধরতে তাদের উদ্বুদ্ধ করেন কর্মকর্তারা। এর ফলে অবৈধ ভাবে বিদেশে যাওয়া কমতে পারে বলে ধারণা করা হচ্ছে।

    এর আগে সোমবার (২৭ নভেম্বর) লিবিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল আবুল হাসনাত মুহাম্মদ খায়রুল বাশার লিবিয়ার অভিবাসন অধিদপ্তরে বাংলাদেশে ফেরত আসার অপেক্ষায় থাকা ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের বিদায় জানান। এ সময় আবুল হাসনাত অবৈধ অভিবাসনের নানা ঝুঁকির কথা তাদের সামনে তুলে ধরেন।

    সেখানে আবুল হাসনাত জানান, সম্প্রতি বাংলাদেশ ও লিবিয়ার মধ্যে জনশক্তি রপ্তানিতে পারস্পরিক সহযোগিতার বিষয়ে একটি সমঝোতা হয়েছে। এর মাধ্যমে ভবিষ্যতে লিবিয়ায় বৈধভাবে আসা কর্মীদের অধিকার সুরক্ষিত হবে।

    ফেরত আসা এই ১৪৩ জনের বাইরেও দেশে আসার অপেক্ষায় আছেন আরও ৩২০ বাংলাদেশি। তারা ত্রিপোলি ও বেনগাজীর ডিটেনশন সেন্টারে আটক আছেন। আগামীকাল বুধবার (২৯ নভেম্বর) ও আগামী ৫ ডিসেম্বর তাদের দেশে ফেরত পাঠানো হবে।

    আইওএম জানায়, এ পর্যায়ে সর্বমোট ৫১৬ জন বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হবে।

  • বাংলাদেশ প্রথম দিনে করেছে ৯ উইকেটে ৩১০ রান

    বাংলাদেশ প্রথম দিনে করেছে ৯ উইকেটে ৩১০ রান

    www.HelloBangla.News – খেলাধুলা – ২৮ নভেম্বর, ২০২৩: সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে টস জিতে আজ আগে ব্যাটিং করে বাংলাদেশ খুব একটা সুবিধা করতে পারেনি। মাহমুদুল হাসান জয়ের ৮৬, মোমিনুল হকে ও অধিনায়ক নাজমুল হোসেন শান্তর ৩৭ রান ছাড়া তেমন কেউ উল্লেখযোগ্য রান করতে পারেননি। প্রথম ১০ জন ব্যাটসম্যান দুই অঙ্কের ঘরে রান করাটা চমক মনে হলেও টেস্ট মেজাজ ধরে রাখতে পারেনি বাংলাদেশের কোন ব্যাটসম্যান। শান্ত ৩৫ বলে ৩৭ রান করেছে, স্টাইক রেট ১০৫.৭১ যা টেস্ট ম্যাচের স্টাইলের সঙ্গে কখনই যায়না। ওয়ানডে বা টি-টোয়েন্টি স্টাইলে ব্যাটিং করছেন দলের অধিনায়ক। অভিজ্ঞ মুশফিক করেছেন ১২ রান।

    বাংলাদেশে দ্বিতীয় উইকেট পড়ে ৯২ রানে, আর তৃতীয় উকেট পড়ে ১৮০ রানে। অর্থাৎ চতুর্থ উইকেট জুটিতে মাহমুদুল হাসান ও মোমিনুল হক করেছেন ৮৮ রান।

    আলোর সল্পতার জন্য ৮৫ ওভারে প্রথম দিনের খেলা শেষ হয়। এই সময় বাংলাদেশের রান ছিলো ৯ উইকেটে ৩১০ রান। শরিফুল ইসলাম ১১ ও তাইজুল ইসলাম ৮ রানে অপরাজিত আছেন।

    নিউজিল্যান্ডের পক্ষে গ্লেন ফিরিপস ৪টি, কাইল জেমিসন ও আজাজ প্যাটেল ২টি করে উইকেটে পেয়েছে।

    এখন পর্যন্ত টেস্টে ১৭বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। এরমধ্যে বাংলাদেশের জয় ১টিতে, নিউজিল্যান্ডের জয় ১৩টিতে। ৩টি ম্যাচ ড্র হয়।

    বাংলাদেশ একাদশ : নাজমুল হোসেন (অধিনায়ক), জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, মোমিনুল হক, মুশফিকুর রহিম, শাহাদাত হোসেন, নুরুল হাসান (উইকেটরক্ষক), মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম ও নাঈম হাসান।

    নিউজিল্যান্ড একাদশ : টিম সাউদি (অধিনায়ক), ডেভন কনওয়ে, টম লাথাম, কেন উইলিয়ামসন, হেনরি নিকোলস, ড্যারিল মিচেল, টম ব্লান্ডেল (উইকেটরক্ষক), গ্লেন ফিলিপস, কাইল জেমিসন, ইশ সোধি ও আজাজ প্যাটেল।

  • পাপুয়া নিউগিনিতে ৬ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প অনুভূত

    পাপুয়া নিউগিনিতে ৬ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প অনুভূত

    www.HelloBangla.News – প্রযুক্তি – ২৮ নভেম্বর, ২০২৩: পাপুয়া নিউগিনিতে ৬ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ মঙ্গলবার (২৮ নভেম্বর) প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের এই দেশটির উত্তরাঞ্চলীয় উপকূলে শক্তিশালী এই ভূমিকম্প আঘাত হানে।

    অবশ্য ভূমিকম্পের জেরে সুনামির কোন সম্ভাবনা নেই বলে জানা গেছে।

    প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার পাপুয়া নিউ গিনির উত্তর উপকূলে ৬.৫ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে বলে জানিয়েছে মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস)। তবে সুনামির কোনও সতর্কতা জারি করা হয়নি।

    এএফপি বলছে, ভূমিকম্পটি উপকূল থেকে প্রায় ২০ কিলোমিটার (১২ মাইল) দূরে আঘাত হানে। এটি প্রশান্ত মহাসাগরীয় এই দ্বীপ রাষ্ট্রটির ইস্ট সেপিক প্রদেশের রাজধানী উইকাক শহর থেকে অল্প দূরত্বে অবস্থিত।

    ইউএসজিএস জানিয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার সকাল ৮টা ৪৬ মিনিটে আঘাত হানা এই ভূমিকম্পের কেন্দ্রস্থল ভূপৃষ্ঠ থেকে আনুমানিক ১২ কিলোমিটার (সাত মাইল) গভীরতায় ছিল বলে শনাক্ত করা হয়েছে। অন্যদিকে প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র পৃথক এক বুলেটিনে বলেছে, ‘কম্পনের জেরে সুনামি হওয়ার কোনও হুমকি নেই’।

    উল্লেখ্য, পাপুয়া নিউগিনিতে ভূমিকম্পের ঘটনা বেশ সাধারণ। এই দেশটি প্রশান্ত মহাসাগরের ‘রিং অব ফায়ার’-এ অবস্থিত। এছাড়া টেকটোনিক প্লেটের মধ্যে ঘর্ষণের কারণে ভূমিকম্পের ক্রিয়াকলাপের জন্য এই অঞ্চলটি একটি হটস্পট।

    এর আগে ২০১৮ সালে ৭.৫ মাত্রার ভূমিকম্প আঘাত হানে পাপুয়া নিউগিনিতে। সেসময় দেশটিতে শতাধিক মানুষ প্রাণ হারায় এবং হাজার হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়।

  • নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে টস জিতে ব্যাটিং করছে বাংলাদেশ

    নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে টস জিতে ব্যাটিং করছে বাংলাদেশ

    www.HelloBangla.News – খেলাধুলা – ২৮ নভেম্বর, ২০২৩: নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি আজ শুরু হয়েছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে । আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় চক্রে প্রথম টেস্ট এটি।

    টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

    সিরিজের প্রথম টেস্টে এক পেসার, তিন স্পিনার ও আট ব্যাটার নিয়ে একাদশ সাজিয়েছে স্বাগতিক বাংলাদেশ। একাদশে একমাত্র পেসার শরিফুল ইসলাম এবং তিন স্পিনার- মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম ও নাইম হাসান।

    এ ম্যাচে বাংলাদেশের ১০২তম টেস্ট খেলোয়াড় হিসেবে অভিষেক হয়েছে ডান-হাতি ব্যাটার শাহাদাত হোসেন দিপুর। প্রথম শ্রেনির ক্রিকেটে ২২ ম্যাচের ৪০ ইনিংসে ২টি সেঞ্চুরি ও ১১টি হাফ-সেঞ্চুরিতে ১৩৮৩ রান করেছেন ২১ বছর বয়সী শাহাদাত।

    এখন পর্যন্ত টেস্টে ১৭বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। এরমধ্যে বাংলাদেশের জয় ১টিতে, নিউজিল্যান্ডের জয় ১৩টিতে। ৩টি ম্যাচ ড্র হয়।

    বাংলাদেশ একাদশ : নাজমুল হোসেন (অধিনায়ক), জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, মোমিনুল হক, মুশফিকুর রহিম, শাহাদাত হোসেন, নুরুল হাসান (উইকেটরক্ষক), মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম ও নাঈম হাসান।

    নিউজিল্যান্ড একাদশ : টিম সাউদি (অধিনায়ক), ডেভন কনওয়ে, টম লাথাম, কেন উইলিয়ামসন, হেনরি নিকোলস, ড্যারিল মিচেল, টম ব্লান্ডেল (উইকেটরক্ষক), গ্লেন ফিলিপস, কাইল জেমিসন, ইশ সোধি ও আজাজ প্যাটেল।

  • দেশের মোট জনসংখ্যা ১৬ কোটি ৯৮ লাখ ২৮ হাজার ৯১১ জন

    দেশের মোট জনসংখ্যা ১৬ কোটি ৯৮ লাখ ২৮ হাজার ৯১১ জন

    www.HelloBangla.News – জাতীয় – ২৮ নভেম্বর, ২০২৩: দেশের মোট জনসংখ্যা দাঁড়িয়েছে ১৬ কোটি ৯৮ লাখ ২৮ হাজার ৯১১ জনে। এর মধ্যে পুরুষ ৮ কোটি ৪১ লাখ ৩৪ হাজার, নারী ৮ কোটি ৫৬ লাখ ৮৬ ও তৃতীয় লিঙ্গের মানুষ ৮ হাজার ১২৪ জন।

    আজ মঙ্গলবার (২৮ নভেম্বর) পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের আওতাধীন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) বাস্তবায়িত দেশের প্রথম ডিজিটাল ‘জনশুমারি ও গৃহগণনা ২০২২’ এর ন্যাশনাল রিপোর্ট প্রকাশ করে। পরিসংখ্যান ভবন অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে এই রিপোর্ট উপস্থাপন করেন প্রকল্প পরিচালক মো. দিলদার হোসেন।

    অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। বিবিএসের মহাপরিচালক মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পরিকল্পনা কমিশনের আর্থ-সামাজিক অবকাঠামো বিভাগের সদস্য (সিনিয়র সচিব) মোসাম্মৎ নাসিমা বেগম, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব ড. শাহনাজ আরেফিন ও পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য (সচিব) ড. মো. কাউসার আহাম্মদ।

    মূল রিপোর্ট উপস্থাপন করেন জনশুমারি ও গৃহগণনা ২০২১ এর প্রকল্প পরিচালক মো. দিলদার হোসেন ও উন্মুক্ত আলোচনা পরিচালনা করেন বিবিএসের যুগ্মসচিব ড. দিপংকর রায়। উল্লেখ্য, দেশে প্রথমবারের মতো ডিজিটাল পদ্ধতিতে জনশুমারি ও গৃহগণনা কার্যক্রম পরিচালিত হয়।

    বিবিএস জানায়, দেশের মোট জনসংখ্যা ১৬ কোটি ৯৮ লাখ ২৮ হাজার ৯১১ জন। এই জনসংখ্যার মধ্যে পল্লি অঞ্চলে বসবাস করেন ১১ কোটি ৬০ লাখ ৬৫ হাজার ৮০৪ জন। শহরের বাসিন্দা ৫ কোটি ৩৭ লাখ ৬৩ হাজার ১০৭ জন। মোট জনসংখ্যার মধ্যে পুরুষের সংখ্যা ৮ কোটি ৪১ লাখ ৩৪ হাজার ৩ জন ও নারীর সংখ্যা ৮ কোটি ৫৬ লাখ ৮৬ হাজার ৭৮৪ জন। শতকরা হিসেবে পুরুষ ৪৯ দশমিক ৫৪ শতাংশ ও নারী ৫০ দশমিক ৪৬ শতাংশ। অর্থাৎ পুরুষের চেয়ে নারীর সংখ্যা শূন্য দশমিক ৯২ শতাংশ বেশি।

    বিবিএস জানায়, মোট জনসংখ্যার মধ্যে রাজধানী ঢাকাতে বসবাস করেন ৪ কোটি ৫৬ লাখ ৪৪ হাজার ৫৮৬ জন। এছাড়া চট্টগ্রামে বসবাস করেন ৩ কোটি ৪১ লাখ ৭৮ হাজার ৬১২ জন, রাজশাহীতে ২ কোটি ৭ লাখ ৯৪ হাজার ১৯ জন, রংপুরে ১ কোটি ৮০ লাখ ২০ হাজার ৭১ জন, খুলনায় বাস করেন ১ কোটি ৭৮ লাখ ১৩ হাজার ২১৮ জন, ময়মনসিংহে ১ কোটি ২৬ লাখ ৩৭ হাজার ৪৭২ জন, সিলেটে ১ কোটি ১৪ লাখ ১৫ হাজার ১১৩ জন এবং সবচেয়ে কম জনসংখ্যা বরিশালে বসবাস করেন ৯৩ লাখ ২৫ হাজার ৮২০ জন।

  • নির্বাচন ছাড়া কখনো প্রজাতন্ত্র হতে পারে না: সিইসি

    নির্বাচন ছাড়া কখনো প্রজাতন্ত্র হতে পারে না: সিইসি

    www.HelloBangla.News – জাতীয় – ২৭ নভেম্বর, ২০২৩: নির্বাচন ছাড়া কখনো প্রজাতন্ত্র হতে পারে না, বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল ।

    আজ সোমবার (২৭ নভেম্বর) নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআই) আয়োজিত সংসদ নির্বাচনের অনুসন্ধান কমিটির সদস্যদের (বিচারক) প্রশিক্ষণ কর্মসূচিতে তিনি এমন মন্তব্য করেন।

    অনুসন্ধান কমিটির সদস্যদের উদ্দেশ্যে সিইসি বলেন, ‘আপনাদের সাহসিকতা ও সততা যেন দায়িত্ব পালনে থাকে। বাংলাদেশ একটি প্রজাতন্ত্র যদি বিশ্বাস করি, তাহলে নির্বাচন ছাড়া কখনো প্রজাতন্ত্র হতে পারে না। প্রজাতন্ত্র মানেই হচ্ছে নির্বাচিত প্রতিনিধি। ভালো হতে পারে, মন্দও হতে পারে। এমনকি একনায়কতন্ত্রও যে খুব খারাপ পদ্ধতি, আমি বলছি না রাজতন্ত্র যে খুব খারাপ পদ্ধতি আমরা বলছি না। আমরা বেছে নিয়েছি গণতন্ত্র এবং গণতন্ত্রটাই কিন্তু বিশ্বে সর্বাধিক জনপ্রিয় শাসন পদ্ধতি।’

    তিনি বলেন, ‘গণতন্ত্রকে বাঁচিয়ে রাখতে হলে নির্বাচনকে বাঁচিয়ে রাখতে হবে। নির্বাচন নিয়ে যে বিতর্ক এখন দেশে, সেটি অনাকাঙ্ক্ষিত। এই নির্বাচনের ফেয়ারনেসকে উপলক্ষ করে আমাদের রাজনৈতিক নেতৃত্ব বিভক্ত হয়ে গেছে। এটি কাঙ্ক্ষিত ছিল না। সেজন্যই বলা হয় ক্রেডিবল ইলেকশন। ইলেকশন জিনিসটা কিন্তু বিশ্বাসযোগ্য, চোখে দেখা যায় না, যাবেও না। সার্বিকভাবে যদি জনগণ বলে থাকেন যে এবারের নির্বাচনটা ফ্রি ফেয়ার এবং ক্রেডিবল হয়েছে, তাহলে এটি গ্রহণযোগ্য নির্বাচন।’

    সিইসি বলেন, ‘আমরা অতি সম্প্রতি খুব কষ্ট পেয়েছি। ব্রাহ্মণবাড়িয়া ও লক্ষ্মীপুরে উপ-নির্বাচনে সিল মারা হয়েছে। আমরা প্রতিহত করতে পারিনি। এটি লজ্জার। সিল মারাটা নির্বাচনের সংস্কৃতির অংশ হয়ে গেছে। পেশিশক্তির ব্যবহার করা, কালো টাকা ব্যবহার করা এবং কারচুপি করা, দীর্ঘদিন ধরে চর্চার মাধ্যমে একটা অপসংস্কৃতির চর্চা হয়ে গেছে। ক্রমান্বয়ে এ থেকে আমাদের বের হয়ে আসতে হবে। আমরা নিরন্তর চেষ্টা করছি। আমরা প্রতিশ্রুতি দিয়েছি নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য করার জন্য নির্বাচন কমিশন যথাসাধ্য চেষ্টা করবে।’

    অনুষ্ঠানে ১০৫ জন বিচার বিভাগীয় কর্মকর্তা, অন্য নির্বাচন কমিশনার, ইটিআই মহাপরিচালকসহ ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • দলের প্রার্থীদের চিঠি দেওয়া শুরু করেছে আওয়ামী লীগ

    দলের প্রার্থীদের চিঠি দেওয়া শুরু করেছে আওয়ামী লীগ

    www.HelloBangla.News – জাতীয় – ২৭ নভেম্বর, ২০২৩: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন শুরু হবে আগামী ৭ জানুয়ারি (২০২৪)। নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগ দলীয় মনোনয়ন চূড়ান্ত করেছে।

    আওয়ামী লীগ জাতীয় সংসদ নির্বাচনে দলের প্রার্থীদের চিঠি দেওয়া শুরু করেছে ৷ ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে দলের সভাপতি শেখ হাসিনার স্বাক্ষরিত এ চিঠি প্রার্থীদের দেওয়া হচ্ছে ৷

    আজ সোমবার (২৭ নভেম্বর) দুপুরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আনুষ্ঠানিকভাবে চিঠি বিতরণ কার্যক্রম শুরু করেন।

    এর আগে গতকাল রবিবার আওয়ামী লীগের ২৯৮ আসনে দলীয় প্রার্থী তালিকা ঘোষণা করা হয় ৷

    গত নির্বাচনে জোটভুক্ত দলগুলোর এবং সহযোগীদের যে আসনগুলো ছেড়ে দেওয়া হয়েছিল সেগুলোতেও দলীয় প্রার্থী মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ।

    তবে দুটি আসনে প্রার্থী ঘোষণা করা হয়নি আসন দুটি হল কুষ্টিয়া ২ এবং নারায়ণগঞ্জ ৫। কৌশলগত কারণে আসন দুটিতে মনোনয়ন দেওয়া হয়নি বলে জানানো হয়েছে। কুষ্টিয়া-২ এ সংসদ সদস্য হিসেবে রয়েছেন আওয়ামী লীগ নেতৃত্বাধীন ত১৪ দলীয় জোটের শরিক জাসদের সভাপতি হাসানুল হক ইনু। তিনি গতবার নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত হন। অপরটি নারায়ণগঞ্জ-৫ আসনে বর্তমানে সংসদ সদস্য রয়েছেন জাতীয় সংসদের বিরোধী দল জাতীয় পার্টির সেলিম ওসমান।

    দলের মনোনয়নপত্রের চিঠি বিতরণ কার্যক্রম শুরুর সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, নির্বাচনের পরিবেশ বিঘ্নিত করছে বিরোধীরা। ভোটের উপস্থিতি বাড়াতে কিছু কৌশলগত সিদ্ধান্ত নেবে আওয়ামী লীগ।

    ইতোমধ্যে সারাদেশে নির্বাচনী উৎসব শুরু শুরু হয়েছে। বিএনপি না এলেও তাদের দলের অনেকেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান তিনি।

    এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, এসএম কামাল হোসেন ও সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল। এরা প্রত্যেকেই দলের মনোনয়ন পেয়েছেন৷

    আওয়ামী লীগের এবার মনোনয়ন বোর্ডে ছিলে দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া ছাড়া সদস্য হিসেবে যারা আছেন তারা হলেন – আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, শেখ ফজলুল করিম সেলিম, আবুল হাসনাত আবদুল্লাহ, কাজী জাফর উল্লাহ, রমেশ চন্দ্র সেন, ওবায়দুল কাদের, মো. রশিদুল আলম, ও দীপু মনি।

  • তৃতীয় দফায় আরও ৩৯ ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছে ইসরায়েল

    তৃতীয় দফায় আরও ৩৯ ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছে ইসরায়েল

    www.HelloBangla.News – আন্তর্জাতিক – ২৭ নভেম্বর, ২০২৩: হামাস ও ইসরায়েলের মধ্যে চারদিনের যুদ্ধবিরতি চলছে। এই সময়ের মধ্যে ইসরায়েলে আটক ফিলিস্তিনিদের ও হামাসের কাছে জিম্মি থাকা বন্দীদের মুক্তির চুক্তি চলমান রয়েছে। চুক্তির অংশ হিসেবে তৃতীয় দফায় আরও ৩৯ ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছে ইসরায়েল। এর আগে হামাস তৃতীয় দফায় ১৭ বন্দিকে মুক্তি দিয়েছে।

    ইসরায়েল প্রিজন সার্ভিস এই তথ্য দিয়েছে জানিয়েছে।

    ইসরায়েল এখন পর্যন্ত ১১৭ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিয়েছে, যাদের মধ্যে বেশিরভাগই ১৮ বছরের কম বয়সী ছেলে, যাদের বয়স সর্বনিম্ন ১৪ বছর।

    তাদের মুক্তি উপলক্ষ্যে রবিবার রাতে অধিকৃত পশ্চিম তীরের রামাল্লায় ফিলিস্তিনি জনতা রাস্তায় নেমে আসেন। খবর আল জাজিরা, টাইমস অব ইসরায়েল।

    অন্যদিকে ইসরায়েলি ও থাই নাগরিক মিলিয়ে তৃতীয় দফায় ১৭ জন বন্দিকে মুক্তি দিয়েছে হামাস। রবিবার সন্ধ্যায় হামাসের বন্দিদশা থেকে মুক্তি পেয়ে ইসরায়েলে পৌঁছায় তারা। মুক্তি পাওয়াদের মধ্যে চার বছর বয়সি আর্মেনীয় বংশদ্ভূত ইসরায়েলি এক শিশুও রেয়েছে বলে জানা গেছে।

    এই দফায় ইসরায়েলি বন্দিদের মুক্তি দেওয়ার পর, হামাসের হাতে আরও ১৮৩ জন জিম্মি রয়েছে বলে ধারণা করা হচ্ছে, যার মধ্যে ১৮ শিশু (৮ মেয়ে এবং ১০ ছেলে) এবং ৪৩ জন নারী রয়েছে।

    এর আগে কাতারের মধ্যস্থতায় চার দিনের যুদ্ধবিরতির চুক্তিতে সম্মত হয় ইসরায়েল ও হামাস। চুক্তি অনুযায়ী- গাজা উপত্যকায় প্রতিদিন ৪ ট্রাক জ্বালানি এবং রান্নার গ্যাস ঢোকার অনুমতি পাবে। এছাড়া, মিশর থেকে গাজা উপত্যকায় প্রতিদিন ২০০ ট্রাক ত্রাণ ও চিকিৎসাসামগ্রী আনা হবে।

    যদিও ধারণা করা হচ্ছে যুদ্ধবিরতির মেয়াদ না বাড়লে গাজায় দুর্ভিক্ষ দেখা দিতে পারে।

    গাজায় চলমান যুদ্ধবিরতির মেয়াদ শেষ হচ্ছে মঙ্গলবার, তাই চলমান যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর জন্য চাপ দিচ্ছে মিশর, কাতার এবং মার্কিন যুক্তরাষ্ট্র। এই মেয়াদ বাড়ানো নিয়ে আলোচনা হয়েছে ইসরায়েলের মন্ত্রিসভায়ও। তাই ধারণা করা হচ্ছে যুদ্ধবিরতির মেয়াদ বাড়তে পারে আরও চার দিন।

    ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলের ‘বেআইনি’ হামলা নিয়ে আলোচনা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান এবং ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি।

    ইসরায়েল এবং হামাসের মধ্যে যুদ্ধবিরতি মধ্যে লেবাননের দক্ষিণে জাতিসংঘ শান্তিরক্ষীদের একটি টহল গাড়িতে হামলা হয়েছে। লেবাননে অবস্থানরত জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী জানিয়েছে তাদের একটি গাড়িতে ইসরায়েলি গোলা আঘাত হেনেছে।

  • স্বতন্ত্র প্রার্থীর অনুমতি দলের প্রয়োজনে কৌশলগত সিদ্ধান্ত: সেতুমন্ত্রী

    স্বতন্ত্র প্রার্থীর অনুমতি দলের প্রয়োজনে কৌশলগত সিদ্ধান্ত: সেতুমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ২৭ নভেম্বর, ২০২৩: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, স্বতন্ত্র প্রার্থীর অনুমতি দলের প্রয়োজনে কৌশলগত সিদ্ধান্ত।

    আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেই এই ধরণের ঘোষণা এসেছে দলটিরউচ্চ পর্যায় থেকে।

    আজ সোমবার (২৭ নভেম্বর) সকালে শহীদ ডা. আলম খান মিলন দিবসে মিলন চত্বরে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।

    সেতুমন্ত্রী বলেন, দেশে নির্বাচনের পক্ষে গণজোয়ার তৈরি হয়েছে, বিক্ষিপ্ত বোমাবাজি করে এটা বন্ধ করা যাবে না। আওয়ামী লীগ নয়, অপকর্মের জন্য বিএনপিই সঙ্গী খুঁজে বেড়াচ্ছে।

    এর আগে আওয়ামী লীগের পক্ষ থেকে শহীদ ডা.আলম খান মিলন দিবস উপলক্ষ্যে শহীদ মিলন চত্বরে শ্রদ্ধা নিবেদন করা হয়। আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো শেষে দলের সহযোগী সংগঠনের পক্ষ থেকেও শ্রদ্ধা নিবেদন করা হয়।

    এরশাদের স্বৈরশাসন বিরোধী আন্দোলনে ১৯৯০ সালের ২৭ নভেম্বর ডা. আলম খান মিলন শহীদ হন ৷

    শহীদ ডা. আলম খান মিলন দিবসে ডা. মিলন চত্বরে সোমবার আওয়ামী লীগের পক্ষ থেকে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে শ্রদ্ধা জানানো হয় ৷

    এরপর দলের সহযোগী সংগঠনগুলোর পক্ষ থেকেও শহীদ ডা.আলম খান মিলনের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

    উল্লখ্য যে রবিবার (২৬ নভেম্বর) সকালে গণভবনে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিটি আসনে দলীয় ডামি প্রার্থী রাখার নির্দেশনা দেন। মনোনয়নপ্রাপ্তদের কেউ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে কঠোর হুঁশিয়ারি দেন তিনি।

    আগামী জাতীয় নির্বাচনকে উৎসব ও প্রতিযোগিতামূলক করতে নৌকার প্রার্থীর পাশাপাশি স্বতন্ত্র প্রার্থী কিংবা অন্যান্য দলের কেউ প্রার্থী হলে তাকেও সহযোগী ও উৎসাহ দেওয়ার নির্দেশ দেন আওয়ামী লীগ প্রধান।

  • তামিম বিষয়ে কিছু জানাতে পারেননি বিসিবি সভাপতি

    তামিম বিষয়ে কিছু জানাতে পারেননি বিসিবি সভাপতি

    www.HelloBangla.News – খেলাধুলা – ২৭ নভেম্বর, ২০২৩: তামিম ইকবালকে নিয়ে অনেক নাটক হয়েছে বিশ্বকাপের আগে। অবসরের পর প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করে আবার ফিরেন খেলায়। শেষ পর্যন্ত নানা বিতর্কের পর বিশ্বকাপ ক্রিকেটে খেলা হয়নি তামিমের। এবার ঘরের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে নিজের নাম পত্যাহার করেছেন। আগামীকাল থেকে শুরু হবে নিউজিল্যান্ড ও বাংলাদেশের মধ্যে দুই টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। এর আগে আজ বিসিসি সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে বৈঠকে বসেছিলেন তামিম ইকবাল।

    বৈঠক শেষে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেন পাপন। যদিও তামিমের ভবিষ্যৎ নিয়ে স্পষ্ট করে কিছু বলেননি তিনি। বিপিএলের পর সব সিদ্ধান্ত নেবেন বলে জানান বিসিবি সভাপতি।

    পাপন বলেন, ‘তামিম দুই-তিন আগে থেকেই বলছিল যে ও আসবে। এর আগে শেষ ওর সঙ্গে যখন কথা হয়েছিল, ও বলেছিল আপনি নাকি কিছু জানেন না আপনাকে আমি অনেক কিছু বলতে চাই। আমি বললাম ঠিক আছে। আজকে যে ও সব বলে গেছে তা না। কারণ সময় খুব অল্প। ’

    ‘আমি ওকে ওই কথাই বলেছি যেটা আমি আপনাদেরকে অনেক আগে বলেছি। এবার আমি বোর্ডে আসতে চাইনি, অনেকেই বলে কেন, চাপ আছে কি না। আমি তখন বলেছি যে না। দুটো কারণ- একটা হচ্ছে আমার সময় নাই, দ্বিতীয়টা হচ্ছে যে এমন কিছু সিদ্ধান্ত নিতে হবে যেটা মানুষ পছন্দ করবে না। ওখানেই কিন্তু ইঙ্গিতটা ছিল। ’

    তামিমের ভবিষ্যৎ নিয়ে পাপন বলেন, ‘তামিম কিছু কথা বললো। এমন একটা সময় বলেছে যখন আমার হাতে একদম সময় নেই। এক মাস পর নির্বাচন আমার। আমি ওকে বলেছি নির্বাচন থেকে এলেই যে সব সমস্যা জানতো তা তো না। আমি কারো কথায় কিছু করবো না। আগে আমার নিজের জানতে হবে সমস্যাটা কোথায়। ’

    নিজের শেষ সময়ে খানিক কঠোর হবেন, সেই আভাসও দিয়ে রেখেছেন বোর্ড সভাপতি, ‘একেকজন একেকটা কথা বলবে। সেটা শুনে একটা ডিসিশন নিব এসবের মধ্যে আমি নাই। আমি নিজে ভেতরে ঢুকব, আগে যেমন সব জানতাম। আমি জানিনা অনেক কিছু।  সেটা তামিমও স্বীকার করলো সে জানেনা। আমি বললাম আমি আগে সব জেনে নিই। কেবল তোমার সঙ্গে কথা বললে তো হবে না, আমি সবার সঙ্গে কথা বলি। ভেতরে যেয়ে ক্রিকেটের স্বার্থে যা সিদ্ধান্ত নেওয়ার আমি নিব।

    নিজের সিদ্ধান্তের ফলাফল নিয়ে খুব বেশি চিন্তিত নন পাপন, ‘সিদ্ধান্ত নেওয়ার পর কে পছন্দ করলো বা না করলো তাতে আমার কিছু যায় আসে না। ক্রিকেটের স্বার্থে যা যা সিদ্ধান্ত নিতে হয়, সেটা যদি খুব কঠিনও হয়, আমি নিব।’

    উল্লেখ্য, ২০২১ সালের ৭ই অক্টোবর চতুর্থ মেয়াদে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নির্বাচিত হন নাজমুল হাসান পাপন। বোর্ড পরিচালকের মতামতের ভিত্তিতে নির্বাচিত হয়েছিলেন তিনি।

    বাংলাদেশ ক্রিকেট বোর্ডে সভাপতি আগে সরকার থেকে মনোনীত হতো। নাজমুল হাসান পাপন ২০১২ সালে প্রথমে সরকার কর্তৃক মনোনীত সভাপতি ছিলেন। ২০১৩ সাল থেকে বিসিবি সভাপতি পদটি নির্বাচনের মাধ্যমে বেছে নেওয়া হয়। ২০১৩ ও ২০১৭ সালে দুই মেয়াদে নির্বাচিত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন পাপন। চতুর্থ মেয়াদে ২০২১ থেকে বোর্ড সভাপতির পদে আছেন তিনি।