Category: প্রযুক্তি

  • পাপুয়া নিউগিনিতে ৬ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প অনুভূত

    পাপুয়া নিউগিনিতে ৬ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প অনুভূত

    www.HelloBangla.News – প্রযুক্তি – ২৮ নভেম্বর, ২০২৩: পাপুয়া নিউগিনিতে ৬ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ মঙ্গলবার (২৮ নভেম্বর) প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের এই দেশটির উত্তরাঞ্চলীয় উপকূলে শক্তিশালী এই ভূমিকম্প আঘাত হানে।

    অবশ্য ভূমিকম্পের জেরে সুনামির কোন সম্ভাবনা নেই বলে জানা গেছে।

    প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার পাপুয়া নিউ গিনির উত্তর উপকূলে ৬.৫ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে বলে জানিয়েছে মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস)। তবে সুনামির কোনও সতর্কতা জারি করা হয়নি।

    এএফপি বলছে, ভূমিকম্পটি উপকূল থেকে প্রায় ২০ কিলোমিটার (১২ মাইল) দূরে আঘাত হানে। এটি প্রশান্ত মহাসাগরীয় এই দ্বীপ রাষ্ট্রটির ইস্ট সেপিক প্রদেশের রাজধানী উইকাক শহর থেকে অল্প দূরত্বে অবস্থিত।

    ইউএসজিএস জানিয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার সকাল ৮টা ৪৬ মিনিটে আঘাত হানা এই ভূমিকম্পের কেন্দ্রস্থল ভূপৃষ্ঠ থেকে আনুমানিক ১২ কিলোমিটার (সাত মাইল) গভীরতায় ছিল বলে শনাক্ত করা হয়েছে। অন্যদিকে প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র পৃথক এক বুলেটিনে বলেছে, ‘কম্পনের জেরে সুনামি হওয়ার কোনও হুমকি নেই’।

    উল্লেখ্য, পাপুয়া নিউগিনিতে ভূমিকম্পের ঘটনা বেশ সাধারণ। এই দেশটি প্রশান্ত মহাসাগরের ‘রিং অব ফায়ার’-এ অবস্থিত। এছাড়া টেকটোনিক প্লেটের মধ্যে ঘর্ষণের কারণে ভূমিকম্পের ক্রিয়াকলাপের জন্য এই অঞ্চলটি একটি হটস্পট।

    এর আগে ২০১৮ সালে ৭.৫ মাত্রার ভূমিকম্প আঘাত হানে পাপুয়া নিউগিনিতে। সেসময় দেশটিতে শতাধিক মানুষ প্রাণ হারায় এবং হাজার হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়।

  • বিশ্বের দূষিত শহরের তালিকায় আজ ঢাকার অবস্থান দ্বিতীয়

    বিশ্বের দূষিত শহরের তালিকায় আজ ঢাকার অবস্থান দ্বিতীয়

    www.HelloBangla.News – প্রযুক্তি – ২৫ নভেম্বর, ২০২৩: বিশ্বের ১০৯ টি শহরের মধ্যে দূষিত শহরের তালিকায় আজ শনিবার (২৫ নভেম্বর) সকালে ঢাকার অবস্থান দ্বিতীয়। সকাল ৮টা ৫০ মিনিটে এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ২৫১ নিয়ে রাজধানীর বাতাসের মান ‘খুব অস্বাস্থ্যকর।’

    ১০১ থেকে ২০০ এর মধ্যে একিউআই স্কোরকে সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’ বলে মনে করা হয়। ২০১ থেকে ৩০০ এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। আর ৩০১ থেকে ৪০০ এর এর মধ্যে থাকা একিউআইকে ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

    ভারতের দিল্লি ও কলকাতা যথাক্রমে ৩০৩ ও ২৩৮ একিউআই স্কোর নিয়ে প্রথম ও তৃতীয় স্থানে আছে।

    সাধারণত শীতকালে শুষ্ক মৌসুমে ঢাকায় বিভিন্ন ধরণের উন্নয়ন মূলক ও আবাসিক স্থাপনা নির্মাণের কাজ হয়। তাই বাসাতের সঙ্গে মিশে যায় ধুলা, বালি, সিমেন্ট, ইট ও পাথরের ক্ষুদ্র অংশ, লোহার অংশ ও শিশা। এছাড়াও থাকে গাড়ির কালো ধোঁয়া।  যা শিশু ও বয়স্কদের জন্য খুবই বিপদজনক। এই সময় চিকিসকরা সবাইকে মাস্ক পরার নির্দেশনা দিয়েছেন।

    দীর্ঘদিন ধরে বায়ুদূষণে ভুগছে ঢাকা। এর বাতাসের গুণমান সাধারণত শীতকালে অস্বাস্থ্যকর হয়ে যায় এবং বর্ষাকালে কিছুটা উন্নত হয়।

    একই সময়ে সবচেয়ে নির্মল বায়ুর শহরের তালিকায় শীর্ষ তিনে রয়েছে ইতালির মিলানো, জাপানের নাগোয়া ও অস্ট্রেলিয়ার সিডনি। এর মধ্যে সকালে মিলানো ও নাগোয়ার স্কোর ছিল ৪। আর সিডনির স্কোর ছিল ১০।

  • বিশ্বের ১০৯টি শহরের মধ্যে বায়ুদূষণে ঢাকার অবস্থান প্রথম

    বিশ্বের ১০৯টি শহরের মধ্যে বায়ুদূষণে ঢাকার অবস্থান প্রথম

    www.HelloBangla.News – প্রযুক্তি – ২২ নভেম্বর, ২০২৩: আবারও ঢাকার বাতাসের মান চরম অস্বাস্থ্যকর অবস্থায় এসেছে। বিশ্বের ১০৯টি শহরের মধ্যে বায়ুদূষণে ঢাকার অবস্থান প্রথম। আজ বুধবার (২২ নভেম্বর) সকালে ঢাকার বাতাসের মান ‘খুব অস্বাস্থ্যকর’ অবস্থায় আছে।

    আজ সকাল ৯টা ১০ মিনিটে ২৪৫ একিউআই (এয়ার কোয়ালিটি ইনডেক্স) স্কোর নিয়ে দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান প্রথম। এই তালিকায় একই স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে ভারতের দিল্লি।

    আজকের দূষিত শহরের বায়ুর তালিকায় ঢাকা-দিল্লির পরে রয়েছে কলকাতা, লাহোর ও করাচি। এ তিন শহরের স্কোর যথাক্রমে ২১৬, ২০৫ ও ১৯৮।

    একিউআই স্কোর ১০১ থেকে ২০০ হলে সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’ হিসেবে ধরা হয়। এদিকে ২০১ থেকে ৩০০ এর মধ্যে একিউআই স্কোর ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়।

    বাংলাদেশে একিউআই নির্ধারণ করা হয় দূষণের ৫টি বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে- বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ এবং ওজোন (ও৩)।

    দীর্ঘদিন ধরে বায়ুদূষণে ভুগছে ঢাকা। এর বাতাসের গুণমান সাধারণত শীতকালে অস্বাস্থ্যকর হয়ে যায় এবং বর্ষাকালে কিছুটা উন্নত হয়।

    ২০১৯ সালের মার্চ মাসে পরিবেশ অধিদপ্তর ও বিশ্বব্যাংকের একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, ঢাকার বায়ু দূষণের তিনটি প্রধান উৎস হলো— ইটভাটা, যানবাহনের ধোঁয়া ও নির্মাণ সাইটের ধুলো।

    প্রতিদিনের বাতাসের মান নিয়ে তৈরি করা একিউআই সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটুকু নির্মল বা দূষিত সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং তাদের জন্য কোনো ধরনের স্বাস্থ্য ঝুঁকি তৈরি হতে পারে তা জানায়। বয়স্ক ও শিশুরা এই দূষণে নানা ধরনের শারীরিক অসুস্থতায় পড়তে পারে।

    জাতিসংঘের তথ্যমতে, বিশ্বব্যাপী প্রতি ১০ জনের মধ্যে ৯ জন দূষিত বাতাসে শ্বাস নেন এবং বায়ু দূষণের কারণে প্রতি বছর প্রধানত নিম্ন ও মধ্য আয়ের দেশে আনুমানিক ৭০ লাখ মানুষের অকাল মৃত্যু ঘটে।

  • দূষণের কারণে উষ্ণ হচ্ছে পৃথিবী কমছে অক্সিজেন

    দূষণের কারণে উষ্ণ হচ্ছে পৃথিবী কমছে অক্সিজেন

    www.HelloBangla.News – প্রযুক্তি – ২০ নভেম্বর, ২০২৩: আজকাল প্রায়্‌ই দেখা যাচ্ছে বায়ু দূষণের বিষয়টি। তবে এই দূষণের বিষয়টি এশিয়ার কয়েকটি শহরে বেশি পরিলক্ষিত হচ্ছে। বিগত কয়েক দিন ধরে দিল্লি, করাচি, কলকাতা, লাহোর এবং ঢাকা শহরে ব্যাপক বায়ু দূষনের প্রভাব লক্ষ করা গেছে।  এর প্রধান কারণ নগরায়ন।

    মানব সভ্যতার অগ্রগতির সঙ্গে পৃথিবীর বুকে পাল্লা দিয়ে বেড়েছে দূষণ। আর সেই দূষণেই লুকিয়ে আছে উষ্ণায়নের বীজ। দূষণের কারণে ধীরে ধীরে উষ্ণ হচ্ছে পৃথিবী। হারাচ্ছে গড় তাপমাত্রা ফলে বাড়ছে গরম। এর ফলে বাতাসে ক্ষতিকর গ্যাসের পরিমাণ বাড়ছে। কমছে অক্সিজেনের মতো অতি প্রয়োজনীয় শ্বাসবায়ু। যা আমাদেরকে বাঁচিয়ে রাখতে সাহয্য করে।

    বিজ্ঞানীরা বিশ্ব উষ্ণায়ন নিয়ে আগেই সতর্ক করেছিলেন। দীর্ঘ দিন ধরেই তারা মানুষকে সচেতন হওয়ার বার্তা দিচ্ছেন। গাছ কাটা, যথেচ্ছ নগরায়ন করতে নিষেধ করেছেন। বিজ্ঞানীরা জানিয়েছিলেন, বিশ্ব উষ্ণায়নের ফলে আগামী দিনে পৃথিবীর উষ্ণতা এতটাই বেড়ে যাবে যে, মেরু প্রদেশের বরফ গলে যেতে পারে পুরোপুরি। তার ফলে স্থলভাগ চলে যেতে পারে সমুদ্রের তলায়।

    তবে পৃথিবী ধ্বংসের সেই আশঙ্কাকে পাশ কাটিয়ে এ বার প্রকাশ্যে এল নতুন ভবিষ্যদ্বাণী। বিজ্ঞানীদের একাংশের মত, আগামী কয়েকশো কোটি বছরের মধ্যে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। তবে জলে ডুবে নয়।

    পৃথিবীর ‘শেষের সে দিন’ আরও ভয়ানক হতে চলেছে বলে মনে করছেন বিজ্ঞানীরা। তাঁদের মতে, ‘শ্বাসরুদ্ধ হয়ে’ মৃত্যুর পথে এগোচ্ছে  এই পৃথিবীর মানুষ।

    ২০২১ সালে প্রকাশিত একটি গবেষণাপত্রে বলা হয়েছিল, অক্সিজেনপূর্ণ সময় পৃথিবীতে চিরস্থায়ী হবে না। পৃথিবীর বায়ুমণ্ডলে আগামী কয়েকশো বছরের মধ্যে নাটকীয় পরিবর্তন হতে চলেছে বলে মনে করছেন বিজ্ঞানীদের একাংশ।

    বিজ্ঞানীদের দাবি, প্রথম থেকে পৃথিবীর বায়ুমণ্ডলে অক্সিজেন ছিল না। পৃথিবী সৃষ্টির পর নানা গ্যাসের মতো অক্সিজেন বায়ুমণ্ডলে তৈরি হয় অনেক দেরিতে। ২৪০ কোটি বছর আগে ‘গ্রেট অক্সিডেশন ইভেন্ট’-এর মাধ্যমে পৃথিবীতে অক্সিজেনের আবির্ভাব হয়। তার পর ধীরে ধীরে জলে এবং স্থলে আসে প্রাণের স্পন্দন। অক্সিজেনের মাধ্যমেই সেই প্রাণ লালিত হচ্ছে পৃথিবীতে।

    বিজ্ঞানীদের অনুমান, আগামী কয়েকশো বছরে হু হু করে অক্সিজেনের মাত্রা কমবে পৃথিবীর বায়ুমণ্ডলে। পরিবর্তে বাতাসে বৃদ্ধি পাবে মিথেন গ্যাসের পরিমাণ। মিথেন যে কোনও প্রাণীর শরীরের পক্ষে অত্যন্ত ক্ষতিকর একটি গ্যাস। পৃথিবীর বায়ুমণ্ডল পরিবর্তিত হলে অক্সিজেন নির্ভর সমস্ত প্রাণীর অস্তিত্ব বিলুপ্ত হবে। মানুষও আর থাকবে না। অক্সিজেন কমতে শুরু করলেই বৃদ্ধি পাবে শ্বাসকষ্টজনিত সমস্যা। সূর্যের ক্রমবর্ধমান ঔজ্জ্বল্যের পাশাপাশি পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির ফলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণও কমে যাবে বলে জানিয়েছেন গবেষকেরা। তার ফলে পৃথিবীতে গাছও বাঁচতে পারবে না আর।

    গাছের সালোকসংশ্লেষের জন্য প্রয়োজন কার্বন ডাই অক্সাইড। এই গ্যাস বাতাস থেকে গ্রহণ করে গাছ অক্সিজেন ত্যাগ করে। কার্বন ডাই অক্সাইডের অভাবে আগামী কয়েকশো বছরের মধ্যে পৃথিবী হয়ে উঠবে উদ্ভিদশূন্য। উদ্ভিদের অভাব অক্সিজেনের ঘাটতির অন্যতম কারণ হয়ে উঠবে বলে মনে করছেন বিজ্ঞানীরা। তবে অক্সিজেন ফুরিয়ে আসার নেপথ্যে থাকবে আরও একাধিক কারণ। গবেষকদের মতে, এই মুহূর্তে পৃথিবীতে যে পরিমাণ অক্সিজেন আছে, আগামী কয়েকশো বছরের মধ্যে তার পরিমাণ অন্তত কয়েকশো গুণ কমে আসবে। ঘেঁটে যাবে পৃথিবীর বাস্তুতন্ত্র।

    তবে আশার কথাও শুনিয়েছেন বিজ্ঞানীদের একাংশ। তাঁদের মতে, আগামী কয়েকশো বছরে পৃথিবী থেকে অক্সিজেন ফুরিয়ে গেলেও চিন্তা নেই। কারণ তত দিনে তৈরি হয়ে যাবে । অন্য কোনও গ্রহে আগামী দিনে মানুষ বসতি স্থাপন করে ফেলবে বলে আশাবাদী বিজ্ঞানীরা। ফলে পৃথিবীতে অক্সিজেন কমে গেলেও মানব সভ্যতার ভবিষ্যৎ নিয়ে আশা এখনই তাঁরা ছাড়তে চাইছেন না।

    তবে বর্তমান দূষণ থেকে মুক্তি পেতে হলে আমাদের প্রচুর পরিমান গাছ লাগাতে হবে এবং যত্র তত্র নগরায়ন করা থেকে বিরত থাকতে হবে।

    সূত্র: আনন্দবাজার পত্রিকা

  • আজ সমুদ্র বন্দরে ৭ ও ৬ নম্বর বিপদ সংকেত

    আজ সমুদ্র বন্দরে ৭ ও ৬ নম্বর বিপদ সংকেত

    www.HelloBangla.News – প্রযুক্তি – ১৭ নভেম্বর, ২০২৩:  প্রবল শক্তি নিয়ে উপকূলের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মিধিলি’। আজ শুক্রবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় আবহাওয়া অধিদপ্তরের এক বিশেষ বিজ্ঞপ্তিতে পায়রা ও মোংলা সমুদ্রবন্দরকে ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত নামিয়ে তার পরিবর্তে ৭ নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরকে ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত নামিয়ে তার পরিবর্তে ৬ নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে।

    আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘মিধিলি’ উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে। এটি আজ সকাল ৯ টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৪১৫ কিলোমিটার পশ্চিম-দক্ষিণ-পশ্চিমে,কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৩৯৫ কিলোমিটার পশ্চিম-দক্ষিণ-পশ্চিমে, মোংলা সমুদ্র বন্দর থেকে ২৬৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ২৭০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল। এটি আরো উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে আজ সন্ধ্যা নাগাদ খেপুপাড়ার ওপর দিয়ে মোংলা-পায়রা উপকূল অতিক্রম করতে পারে। ঘূর্ণিঝড়টির অগ্রপ্রান্ত আজ দুপুর নাগাদ উপকূল অতিক্রম শুরু করতে পারে।’

    ঘূর্ণিঝড়টির অগ্রবর্তী অংশের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং এর অদূরবর্তী দ্বীপ ও চরসমূহের উপর দিয়ে দমকা/ঝড়ো হাওয়াসহ ভারি থেকে অতিভারি বর্ষণ অব্যাহত রয়েছে।

    ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ৮৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর খুবই উত্তাল রয়েছে।

    ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলীয় জেলা লক্ষীপুর, ফেনী, বরগুনা, পটুয়াখালী, ভোলা, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহের নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে ৩ থেকে ৫ ফুট অধিক উচ্চতার বায়ু তাড়িত জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে। ঘূর্ণিঝড়টির প্রভাবে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

    উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

    এদিকে আজ শুক্রবার (১৭ নভেম্বর) বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা এ ঘোষণা দেন।

  • বায়ুদূষণে বিশ্বের ১১০টি শহরের মধ্যে আজ ঢাকার অবস্থান চতুর্থ

    বায়ুদূষণে বিশ্বের ১১০টি শহরের মধ্যে আজ ঢাকার অবস্থান চতুর্থ

    www.HelloBangla.News – প্রযুক্তি – ১৫ নভেম্বর, ২০২৩: বেশ কয়েক দিন ধরেই ঢাকা শহরের আবহাওয়া ‘অস্বাস্থ্যকর’। সেই দূষণের ধারা আজও অব্যাহত রয়েছে। আজ বুধবার সকাল সোয়া ১০টার দিকে বায়ুদূষণে বিশ্বের ১১০টি শহরের মধ্যে ঢাকার অবস্থান চতুর্থ। আইকিউএয়ারের বাতাসের মানসূচকে (এয়ার কোয়ালিটি ইনডেক্স-একিউআই) এ সময় ঢাকার স্কোর ছিল ১৭৬। বাতাসের এ মান ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়।

    আজ সকাল সোয়া ১০টার দিকে দূষিত বায়ুর শহরগুলোর তালিকায় প্রথম ও দ্বিতীয় স্থানে ছিল পাকিস্তানের লাহোর ও ভারতের দিল্লি। শহর দুটির স্কোর যথাক্রমে ২৭৭ ও ২৫১।

    একই সময়ে বিশ্বের মধ্যে সবচেয়ে নির্মল বাতাস ছিল নরওয়ের অসলোতে। সোয়া ১০টার দিকে অসলোর স্কোর ছিল ৬।

    বায়ুদূষণের এ পরিস্থিতি নিয়মিত তুলে ধরে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। বাতাসের মান নিয়ে তৈরি করা এ লাইভ বা তাৎক্ষণিক একিউআই সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং সতর্ক করে।

    আইকিউএয়ারের দেওয়া আজকের তালিকায় বলা হয়েছে, ঢাকার বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণাই (পিএম ২.৫) দূষণের প্রধান উৎস। আজ ঢাকার বাতাসে যতটা এই বস্তুকণা আছে, তা বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মানদণ্ডের চেয়ে ১১ গুণের বেশি।

    আইকিউএয়ারের বায়ু নিয়ে তৈরি প্রতিবেদনে জনস্বাস্থ্য সুরক্ষার কিছু পরামর্শ দেওয়া হয়েছে। দূষণ থেকে রক্ষা পেতে আজ ঢাকাবাসীর জন্য পরামর্শ, বাইরে বের হলে মাস্ক পরে বের হবেন, সেটি দূষণ থেকে আপনাকে সুরক্ষা দিতে পারে।

    বায়ুদূষণ বেশি হলে সবচেয়ে ঝুঁকিতে থাকেন সংবেদনশীল গোষ্ঠীর ব্যক্তিরা। তাদের মধ্যে আছেন বয়স্ক, শিশু, অন্তঃসত্ত্বা, জটিল রোগে ভোগা ব্যক্তিরা। তাদের বিষয়ে বিশেষ যত্নবান হওয়া দরকার বলে পরামর্শ বিশেষজ্ঞদের।

  • বায়ুদূষণে বিশ্বের ১০৯টি শহরের মধ্যে ঢাকার অবস্থান দ্বিতীয়

    বায়ুদূষণে বিশ্বের ১০৯টি শহরের মধ্যে ঢাকার অবস্থান দ্বিতীয়

    www.HelloBangla.News – প্রযুক্তি – ১১ নভেম্বর, ২০২৩: আজও বাংলাদেশের বায়ুদূষণে আচ্ছন্ন হয়ে আছে। আজ শনিবার (১১ নভেম্বর) সকাল ১০টার দিকে বায়ুদূষণে বিশ্বের ১০৯টি শহরের মধ্যে ঢাকার অবস্থান দ্বিতীয়। এই তালিকায় প্রথম স্থানে রয়েছে ভারতের কলকাতা ও তৃতীয় স্থানে রয়েছ পাকিস্তানের লাহোর। শহর দুটির স্কোর যথাক্রমে ২৪২ ও ১৮৩।

    আইকিউএয়ারের বাতাসের মানসূচকে (এয়ার কোয়ালিটি ইনডেক্স-একিউআই) এ সময় ঢাকার স্কোর ছিল ১৯৬। বাতাসের এ মান ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়। গতকাল শুক্রবারও একই সময়ে বায়ুদূষণে ঢাকার অবস্থান ছিল দ্বিতীয়, স্কোর ছিল ২২৩। স্কোরের দিক থেকে আজ বাতাসে দূষণের পরিমান কিছুটা কম।

    আইকিউএয়ারের দেওয়া আজকের তালিকায় বলা হয়েছে, ঢাকার বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণাই (পিএম ২.৫) দূষণের প্রধান উৎস। আজ ঢাকার বাতাসে যতটা এই বস্তুকণা আছে, তা বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মানদণ্ডের চেয়ে ২১ গুণের বেশি।

    আইকিউএয়ারের বায়ু নিয়ে তৈরি প্রতিবেদনে জনস্বাস্থ্য সুরক্ষার কিছু পরামর্শ দেওয়া হয়েছে। দূষণ থেকে রক্ষা পেতে আজ ঢাকাবাসীর জন্য পরামর্শ, বাইরে বের হলে মাস্ক পরে বের হবেন, সেটি দূষণ থেকে আপনাকে সুরক্ষা দিতে পারে।

    একই সময়ে পৃথিবীর মধ্যে সবচেয়ে নির্মল বাতাসের শহরের তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্রের হিউস্টন। এরপর রয়েছে নরওয়ের অসলো ও কানাডার মন্ট্রিল। রুশ আক্রমণের মুখে থাকা ইউক্রেনের কিয়েভ রয়েছে নির্মল বাতাসের শহরের তালিকায় ১০ নম্বরে।

    বায়ুদূষণের এ পরিস্থিতি নিয়মিত তুলে ধরে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। বাতাসের মান নিয়ে তৈরি করা এ লাইভ বা তাৎক্ষণিক একিউআই সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং সতর্ক করে।

    আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর ৫১ থেকে ১০০ হলে তাকে ‘মাঝারি’ বা ‘গ্রহণযোগ্য’ মানের বায়ু হিসেবে বিবেচনা করা হয়। ১০১ থেকে ১৫০ স্কোরকে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ ধরা হয়।

    বায়ুদূষণ বেশি হলে সবচেয়ে ঝুঁকিতে থাকেন সংবেদনশীল গোষ্ঠীর ব্যক্তিরা। তাদের মধ্যে আছেন বয়স্ক, শিশু, অন্তঃসত্ত্বা, জটিল রোগে ভোগা ব্যক্তিরা। তাঁদের বিষয়ে বিশেষ যত্নবান হওয়া দরকার বলে পরামর্শ বিশেষজ্ঞদের।

  • বিশ্বের দূষিত শহরের তালিকায় আজ ঢাকার অবস্থান চতুর্থ

    বিশ্বের দূষিত শহরের তালিকায় আজ ঢাকার অবস্থান চতুর্থ

    www.HelloBangla.News – প্রযুক্তি – ৮ নভেম্বর, ২০২৩: বিশ্ব বায়ু দূষণের ক্ষেত্রে আজ রাজধানী ঢাকার অবস্থান চতুর্থ। এই অবস্থানকে বলা হচ্ছে ‘খুব অস্বাস্থ্যকর’। রাজনৈতিক কর্মসূচির কারণে ঢাকার রাস্তায় আজ গাড়ির সংখ্যা কম থাকলেও বাতাসের মান অবশ্যই উদ্বেগজন। কেননা বায়ুদূষণ গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে। এটা সব বয়সী মানুষের জন্য ক্ষতিকর। তবে শিশু, অসুস্থ ব্যক্তি, প্রবীণ ও অন্তঃসত্ত্বাদের জন্য বায়ুদূষণ খুবই ক্ষতিকর।

    আজ বুধবার বুধবার ( ৮ নভেম্বর) বেলা ১০টা ৫০ মিনিটের দিকে বায়ুমানের সূচক (একিউআই) অনুযায়ী ঢাকায় বাতাসের স্কোর ছিল ২২২ স্কোর। যে হিসেবে ঢাকার বাতাস ‘খুব অস্বাস্থ্যকর’।

    এ ছাড়া স্কোর ৪৬২ নিয়ে প্রথম স্থানে রয়েছে ভারতের দিল্লি। ৪৫৫ স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। ২৭৫ স্কোর নিয়ে তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানেরই আরেক শহর করাচি, ২২২ স্কোর নিয়ে ঢাকা চতুর্থ এবং ২০৮ স্কোর নিয়ে পঞ্চম স্থানে কলকাতা।

    সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান এয়ার কোয়ালিটি ইনডেক্স (আইকিউএয়ার) এ তালিকা প্রকাশ করে থাকে। প্রতিমুহূর্তের বাতাসের মান নিয়ে তৈরি করা একিউআই সূচক একটি নির্দিষ্ট শহরের বায়ু কতটুকু নির্মল বা দূষিত হচ্ছে, সে সম্পর্কে মানুষকে তথ্য দিয়ে আসছে। আর তাদের কোনো ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে কি না, তা জানিয়ে থাকে।

    একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ সহনীয় বা মাঝারি হিসেবে গণ্য করা হয়। আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। একইভাবে একিউআই স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। আর ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

  • বায়ুদূষণে বিশ্বের ১১০টি শহরের মধ্যে আজ ঢাকার অবস্থান তৃতীয়

    বায়ুদূষণে বিশ্বের ১১০টি শহরের মধ্যে আজ ঢাকার অবস্থান তৃতীয়

    www.HelloBangla.News – প্রযুক্তি – ৬ নভেম্বর, ২০২৩: এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) সূচকে আজ রাজধানী ঢাকার বায়ুদূষণের স্কোর ছিল ১৯৪। বাতাসের এ মান ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়। সোমবার (৬ নভেম্বর) সকাল ৯টার দিকে বায়ুদূষণে বিশ্বের ১১০টি শহরের মধ্যে ঢাকার অবস্থান তৃতীয়। গত শুক্র, শনি ও রবিবারও ঢাকার বায়ু অস্বাস্থ্যকর ছিল।

    আজ সকাল ৯টার দিকে দূষিত বায়ুর শহরগুলোর তালিকায় প্রথম ও দ্বিতীয় স্থানে ছিল ভারতের দিল্লি ও পাকিস্তানের লাহোর। শহর দুটির স্কোর যথাক্রমে ৪৪০ ও ৩৭১।

    একই সময়ে বিশ্বের মধ্যে সবচেয়ে নির্মল বাতাস ছিল ব্রাসেলসে। ৯টার দিকে ব্রাসেলসের স্কোর ছিল ০।

    বায়ুদূষণের এ পরিস্থিতি নিয়মিত তুলে ধরে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। বাতাসের মান নিয়ে তৈরি করা এ লাইভ বা তাৎক্ষণিক একিউআই সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং সতর্ক করে।

    আইকিউএয়ারের দেওয়া আজকের তালিকায় বলা হয়েছে, ঢাকার বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণাই (পিএম ২.৫) দূষণের প্রধান উৎস। আজ ঢাকার বাতাসে যতটা এই বস্তুকণা আছে, তা বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মানদণ্ডের চেয়ে ২৪.৬ গুণের বেশি।

    আইকিউএয়ারের বায়ু নিয়ে তৈরি প্রতিবেদনে জনস্বাস্থ্য সুরক্ষার কিছু পরামর্শ দেওয়া হয়েছে। দূষণ থেকে রক্ষা পেতে আজ ঢাকাবাসীর জন্য পরামর্শ, বাইরে বের হলে মাস্ক পরে বের হবেন, সেটি দূষণ থেকে আপনাকে সুরক্ষা দিতে পারে।

  • নিউক্লিয়ার পাওয়ার সবার কাছে পৌঁছে দেওয়া সম্ভব: মন্ত্রী

    নিউক্লিয়ার পাওয়ার সবার কাছে পৌঁছে দেওয়া সম্ভব: মন্ত্রী

    www.HelloBangla.News – প্রযুক্তি – ২৭ অক্টোবর, ২০২৩: আগামী এক থেকে দেড় বছরের মধ্যে নিউক্লিয়ার পাওয়ার সবার কাছে পৌঁছে দেওয়া সম্ভব হবে, বলে জানিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান ।

    আজ শুক্রবার (২৭ অক্টোবর) সকালে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ আলট্রাসনোগ্রাফি সোসাইটির ৩৫তম জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আশা প্রকাশ করেন।

    এ সময় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী বলেন, ‘নিউক্লিয়ার এনার্জির ব্যাপারে বাংলাদেশ সম্পূর্ণভাবে ৩৩তম দেশ হবে পৃথিবীতে। এখানে যারা আলট্রাসনোগ্রাফি নিয়ে কাজ করছেন, তাদের কাজের সঙ্গেও এর মিল রয়েছে। অর্থাৎ, এক্সরে থেকে আরম্ভ করে সবকিছু’।

    স্থপতি ইয়াফেস ওসমান বলেন, ‘সব মিলিয়ে আমি বলবো, সরকার পুরোটাই বিজ্ঞানকে ধরে এগোতে চাচ্ছে। এছাড়া উপায়ও নেই আসলে। পৃথিবীর মধ্যে আমাদের ছোট্ট একটা দেশ, এত মানুষ, সেখানে বিজ্ঞান ছাড়া এগোনো সম্ভব নয়।’

    আলট্রাসনোগ্রাফারদের বাদ দিয়ে চিকিৎসাশাস্ত্রের কাজ সম্ভব নয় বলেও মন্তব্য করেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী।

    অনুষ্ঠানে আগত চিকিৎসকদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের আরও উন্নত ও সঠিক চিকিৎসাকার্য পরিচালনা করতে হবে। আপনি ভুল করলে রোগীর চিকিৎসাও হবে ভুল!

    বাংলাদেশ আলট্রাসনোগ্রাফি সোসাইটির সভাপতি প্রফেসর মিজানুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান প্রফেসর অশোক কুমার পাল, পপুলার গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও ডা. মোস্তাফিজুর রহমান প্রমুখ।