www.HelloBangla.News – প্রযুক্তি – ১১ নভেম্বর, ২০২৩: আজও বাংলাদেশের বায়ুদূষণে আচ্ছন্ন হয়ে আছে। আজ শনিবার (১১ নভেম্বর) সকাল ১০টার দিকে বায়ুদূষণে বিশ্বের ১০৯টি শহরের মধ্যে ঢাকার অবস্থান দ্বিতীয়। এই তালিকায় প্রথম স্থানে রয়েছে ভারতের কলকাতা ও তৃতীয় স্থানে রয়েছ পাকিস্তানের লাহোর। শহর দুটির স্কোর যথাক্রমে ২৪২ ও ১৮৩।
আইকিউএয়ারের বাতাসের মানসূচকে (এয়ার কোয়ালিটি ইনডেক্স-একিউআই) এ সময় ঢাকার স্কোর ছিল ১৯৬। বাতাসের এ মান ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়। গতকাল শুক্রবারও একই সময়ে বায়ুদূষণে ঢাকার অবস্থান ছিল দ্বিতীয়, স্কোর ছিল ২২৩। স্কোরের দিক থেকে আজ বাতাসে দূষণের পরিমান কিছুটা কম।
আইকিউএয়ারের দেওয়া আজকের তালিকায় বলা হয়েছে, ঢাকার বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণাই (পিএম ২.৫) দূষণের প্রধান উৎস। আজ ঢাকার বাতাসে যতটা এই বস্তুকণা আছে, তা বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মানদণ্ডের চেয়ে ২১ গুণের বেশি।
আইকিউএয়ারের বায়ু নিয়ে তৈরি প্রতিবেদনে জনস্বাস্থ্য সুরক্ষার কিছু পরামর্শ দেওয়া হয়েছে। দূষণ থেকে রক্ষা পেতে আজ ঢাকাবাসীর জন্য পরামর্শ, বাইরে বের হলে মাস্ক পরে বের হবেন, সেটি দূষণ থেকে আপনাকে সুরক্ষা দিতে পারে।
একই সময়ে পৃথিবীর মধ্যে সবচেয়ে নির্মল বাতাসের শহরের তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্রের হিউস্টন। এরপর রয়েছে নরওয়ের অসলো ও কানাডার মন্ট্রিল। রুশ আক্রমণের মুখে থাকা ইউক্রেনের কিয়েভ রয়েছে নির্মল বাতাসের শহরের তালিকায় ১০ নম্বরে।
বায়ুদূষণের এ পরিস্থিতি নিয়মিত তুলে ধরে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। বাতাসের মান নিয়ে তৈরি করা এ লাইভ বা তাৎক্ষণিক একিউআই সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং সতর্ক করে।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর ৫১ থেকে ১০০ হলে তাকে ‘মাঝারি’ বা ‘গ্রহণযোগ্য’ মানের বায়ু হিসেবে বিবেচনা করা হয়। ১০১ থেকে ১৫০ স্কোরকে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ ধরা হয়।
বায়ুদূষণ বেশি হলে সবচেয়ে ঝুঁকিতে থাকেন সংবেদনশীল গোষ্ঠীর ব্যক্তিরা। তাদের মধ্যে আছেন বয়স্ক, শিশু, অন্তঃসত্ত্বা, জটিল রোগে ভোগা ব্যক্তিরা। তাঁদের বিষয়ে বিশেষ যত্নবান হওয়া দরকার বলে পরামর্শ বিশেষজ্ঞদের।










