Category: লিড নিউজ

  • পুলিশের ওপর হামলাকারী এবং নাশকতাকারীদের গ্রেপ্তার করা হবে: আইজিপি

    পুলিশের ওপর হামলাকারী এবং নাশকতাকারীদের গ্রেপ্তার করা হবে: আইজিপি

    www.HelloBangla.News –  জাতীয় –  ১ নভেম্বর, ২০২৩: গত ২৮ অক্টোবর বিএনপির সমাবেশে অনেক পুলিশ সদস্যের ওপর হামলা চালানো হয়েছে। তাদের অনেকে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন, বলে জানিয়েছেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।

    তিনি বলেন, আমরা তাদের (বিএনপি) শান্তিপূর্ণ সমাবেশে অনুমতি দিয়েছিলাম। তবে তারা প্রধান বিচারপতির বাসভবনে হামলা চালায়। এমনকি পুলিশকে পিটিয়ে হত্যা করে। শান্তিপূর্ণ সমাবেশের নামে তারা পুলিশের ওপর হামলা করে অনেক পুলিশ সদস্যদের আহত করেছে।

    আজ বুধবার (১ নভেম্বর) সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে বিএনপির মহাসমাবেশে হামলায় আহত পুলিশ সদস্যদের দেখে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন আইজিপি।

    আইজিপি বলেন, আহত বেশ কয়েকজন পুলিশ সদস্য এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। তারা (বিএনপি) মহাসমাবেশে যোগ দেওয়ার আগেই বাসে অগ্নিসংযোগ করেছে। ঘটনার সঙ্গে যেসব দুষ্কৃতকারীরা জড়িত তাদের প্রত্যেককেই গ্রেপ্তার করা হবে।

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের কথিত উপদেষ্টা এবং একজন সাবেক সেনা কর্মকর্তাকে গ্রেপ্তারের প্রসঙ্গে তিনি বলেন, ‘তাদের পেছনে কারা জড়িত আছে সে বিষয় নিয়ে গোয়েন্দারা কাজ করছে। এটি  তদন্তাধীন বিষয়। তাই  মন্তব্য করতে চাই না।’

    আইজিপি আরও বলেন, ‘সাংবাদিকরা আমাদের সঙ্গে জীবনের বাজি রেখে দায়িত্ব পালন করছেন। তাদেরকেও টার্গেট করে হামলা চালানো হচ্ছে। তারা যে অপরাধ করছে সাংবাদিকদের মাধ্যমে সেটি তাদের বিরুদ্ধে চলে যাবে সেজন্য তারা সাংবাদিকদের ওপরে হামলা চালায়।’

    এর আগে ২৮ অক্টোবর বিএনপির সমাবেশকে কেন্দ্র করে ঢাকাসহ দেশের বিভিন্নস্থানে নাশকতা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে এক পুলিশ নিহত এবং ৪১ জন আহত হয়।

    এই সময় উপস্থিত ছিলেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা।

  • বাংলাদেশকে হারিয়ে সেমির দৌড়ে টিকে থাকলো পাকিস্তান

    বাংলাদেশকে হারিয়ে সেমির দৌড়ে টিকে থাকলো পাকিস্তান

    www.HelloBangla.News –  খেলাধুলা –  ১ নভেম্বর, ২০২৩: বিশ্বকাপে বাংলাদেশ প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে জয় দিয়ে শুরু করলেও পরের দলের পারফর্মম্যান্স এক কথায় হতাশাজনক। ওপেনার থেকে মিডল অর্ডার বড় রান করতে ব্যর্থ সবাই। একমাত্র মাহমুদউল্লাহ রিয়াদ ছাড়া কারও ব্যাটেই আসেনি রান। মাঝে মাঝে লিটন ও মুশফিক রান পেয়েছে। সবচেয়ে হতাশ করেছে তানজিত ও শান্ত। তবে বাংলাদেশের বোলিং ইউনিট কিছুটা সফল বলা চলে। তাছাড়া বিশ্বকাপের আগে দল গঠন নিয়ে হয়েছে সমালোচনা। দলে জায়গা হয়নি উদ্বোধনী ব্যাটসম্যান অভিজ্ঞ তামিম ইকবালের। সব মিলিয়ে বাংলাদেশ হতাশ করেছে।

    টানা চার ম্যাচ হেরে আসা পাকিস্তান দোর্দণ্ড প্রতাপ দেখালো, ৭ উইকেটে জিতেও গেলো। এই হারে বিশ্বকাপ থেকে বিদায়ঘণ্টা বেজে গেছে বাংলাদেশের।

    স্বপ্নের চিঠির নতুন ঠিকানা চ্যাম্পিয়ন্স ট্রফিতে জায়গা পাওয়া নিয়ে বাংলাদেশ এখন বেশ সংশয়েই পড়ে গেলো তাই। শুরুতে তাদের দেওয়া ২০৫ রান তাড়া করতে পাকিস্তানের ১০৫ বল খেলতেই হয়নি।

    রান তাড়া করতে নামা পাকিস্তানকে শুরুতে কিছুটা ‘থ্রেট’ দেখিয়েছিল বাংলাদেশ। মাঠের ক্রিকেটের সঙ্গে ইডেনের গ্যালারি থেকেও ভেসে আসছিল চিৎকার। তাসকিন আহমেদ ও  শরিফুল ইসলামের টানা দুটি মেডেন ওভারে আসার পালে একটু-আধটু হাওয়াও লেগেছিল।

    ২২তম ওভারে এসে দলকে প্রথম সাফল্য এনে দেন মেহেদী হাসান মিরাজ। ১২৮ রানের ‍উদ্বোধনী জুটি ভাঙেন তিনি ৯ চার ও ২ ছক্কায় ৬৯ বলে ৬৮ রান করে আব্দুল্লাহ শফিককে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলে।

    এরপর বাংলাদেশ আরও উইকেট পেয়েছে। কিন্তু তাতে ম্যাচের ভাগ্য বদলায়নি। কেবল ফখর জামান হয়তো একটু আফসোস করতে পারেন, সেঞ্চুরিটি করা হয়নি তার। আর মিরাজ খুশি হতে পারেন আরও দুটি উইকেট তুলে নিয়ে ক্যারিয়ারে ১০০ উইকেট পূরণ করায়।

    ৩ চার ও ৭ ছক্কার ইনিংসে ৭৪ বলে ৮১ রান করা ফখরকে তাওহীদ হৃদয়ের ক্যাচ বানান। আর ১৬ বলে ৯ রান করে লং অনে দাঁড়ানো মাহমুদউল্লাহ রিয়াদের হাতে বাবর আজম ক্যাচ দেন।

    এর আগে টস জিতে ব্যাট করতে নেমে শাহিন শাহ আফ্রিদির প্রথম স্পেলে বাংলাদেশ উইকেট হারায় দুটি। প্রথম ওভারেই তানজিদ হাসান তামিমকে আউট করেন আফ্রিদি। ৫ বলে শূন্য রান করে এলবিডব্লিউ হন তিনি। রিভিউ নিলেও আম্পায়ারস কলে সাজঘরে ফিরতে হয় তাকে।

    এক ওভার বিরতি দিয়ে আবার বোলিংয়ে এসে এবার নাজমুল হোসেন শান্তকে আউট করেন আফ্রিদি। একটি চার মেরে আত্মবিশ্বাস দেখানোর আভাস দিলেও ৩ বলে ৪ রান করে ফরওয়ার্ড শর্ট লেগে দাঁড়ানো উসামা মিরের হাতে ক্যাচ দেন। বিশ্বকাপে সাত ম্যাচের ছয়টিতেই দুই অঙ্কে যেতে পারেননি শান্ত।

    অভিজ্ঞ মুশফিকুর রহিম হারিস রউফের শিকার হলে বিপদ বাড়ে বাংলাদেশের। ৮ বলে ৫ রান করে তিনি ক্যাচ দেন উইকেটরক্ষক মোহাম্মদ রিজওয়ানের হাতে। ২৩ রানে তিন উইকেট হারানো দলের হাল ধরেন লিটন দাস ও মাহমুদউল্লাহ রিয়াদ।

    বরবারের মতো দারুণ কিছু শট খেলেন লিটন, তাতে আশা বাড়ে বাংলাদেশের। তাদের জুটিও ছিল দারুণভাবে। কিন্তু ৬ চারে ৬৪ বলে ৪৫ রান করে ইফতেখার আহমেদের বলে শট খেলতে গিয়েও ব্যাটের ফেস অফ করে দেন, এরপর মাথায় লেগে ক্যাচ যায় আগা সালমানের হাতে।

    ৬৪ বলে ৪৫ রান করে আউট হওয়ার পর প্রায় আধামিনিট একইরকমভাবে দাঁড়িয়ে থাকেন। বিশ্বাসেই করতে পারছিলেন না লিটন, ছাড়তে চাইছিলেন না মাঠও। ৮৯ বলে ৭৯ রানের দুর্দান্ত এক জুটিরও অবসান ঘটে তাতে। এরপর মাহমুদউল্লাহ রিয়াদের সঙ্গী হন সাকিব আল হাসান।

    শুরুতে কিছুতেই রান তুলতে পারছিলেন না তিনি। বহু চেষ্টার পরও দেখা মিলছিল না সিঙ্গেলসের। ওই চাপ কিছুটা পড়ে মাহমুদউল্লাহর ওপরও। তার স্ট্রাইক রেট কমে যায়, পরে হন আউট। আফ্রিদির বলে বোল্ড হওয়ার আগে ৬ চার ও ১ ছক্কায় ৭০ বলে ৫৬ রান করেন তিনি।

    সাকিব এরপর ব্যাটিংয়ে কিছুটা ছন্দ খুঁজে পান। ৫৩ বলে ২৬ রান করার পর ৩৭তম ওভারে ইফতেখার আহমেদকে টানা তিন বলে বাউন্ডারি হাঁকান। কিন্তু ওই ছন্দ ধরে রাখতে পারেননি তিনি। হারিস রউফের বলে আগা সালমানের হাতে ক্যাচ দেওয়ার আগে ৪ চারে ৬৪ বলে ৪৩ রান করে আউট হন তিনি।

    মাঝে বাদ পড়া তাওহীদ হৃদয় সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি। তিন বলের মধ্যে একটি ছক্কা হাঁকিয়ে আউট হন। উসামা মীরকে ছক্কা মারার পরের বলে আবারও তুলে মারতে গিয়ে স্লিপে ক্যাচ দেন। আট নম্বরে নামা মিরাজ ৩০ বলে ২৫ রান করেন। পাকিস্তানের হয়ে তিন উইকেট নেন শাহিন শাহ আফ্রিদি। এই হারে ৭ ম্যাচে ২ পয়েন্ট টেবিলের নয়ে বাংলাদেশ। এক ম্যাচ কম খেললেও রানরেটে পিছিয়ে থাকায় তলানিতে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড।

    আগামী ৬ নভেম্বর দিল্লিতে নিজেদের অষ্টম ম্যাচে শ্রীলংকার মুখোমুখি হবে বাংলাদেশ। আর শেষ খেলা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১১ নভেম্বর।

     

    স্কোর কার্ড : (টস-বাংলাদেশ)

    বাংলাদেশ ইনিংস :

    তানজিদ এলবিডব্লু ব আফ্রিদি ০

    লিটন ক সালমান ব ইফতিখার ৪৫

    শান্ত ক মীর ব আফ্রিদি ৪

    মুশফিক ক রিজওয়ান ব রউফ ৫

    মাহমুদুল্লাহ ব আফ্রিদি ৫৬

    সাকিব ক সালমান ব রউফ ৪৩

    হৃদয় ক ইফতিখার ব মীর ৭

    মিরাজ ব ওয়াসিম ২৫

    তাসকিন ব ওয়াসিম ৬

    মুস্তাফিজুর ব ওয়াসিম ৩

    শরিফুল অপরাজিত ১

    অতিরিক্ত (লে বা-৪, ও-৫) ৯

    মোট (অলআউট, ৪৫.১ ওভার) ২০৪

    উইকেট পতন : ১/০ (তানজিদ), ২/৬ (শান্ত), ৩/২৩ (মুশফিক), ৪/১০২ (লিটন), ৫/১৩০ (মাহমুদুল্লাহ), ৬/১৪০ (হৃদয়), ৭/১৮৫ (সাকিব), ৮/২০০ (মিরাজ), ৯/২০১ (তাসকিন), ১০/২০৪ (মুস্তাফিজুর)।

    পাকিস্তান বোলিং :

    আফ্রিদি : ৯-১-২৩-৩ (ও-২),

    ইফতিখার : ১০-০-৪৪-১,

    রউফ : ৮-০-৩৬-২ (ও-২),

    ওয়াসিম : ৮.১-১-৩১-৩,

    মীর : ১০-০-৬৬-১ (ও-১)।

    পাকিস্তান ইনিংস :

    শফিক এলবিডব্লু ব মিরাজ ৬৮

    জামান ক হৃদয় ব মিরাজ ৮১

    বাবর ক মাহমুদুল্লাহ ব মিরাজ ৯

    রিজওয়ান অপরাজিত ২৬

    ইফতিখার অপরাজিত ১৭

    অতিরিক্ত (লে বা-২, ও-২) ৪

    মোট (৩ উইকেট, ৩২.২ ওভার) ২০৫

    উইকেট পতন : ১/১২৮ (শফিক), ২/১৬০ (বাবর), ৩/১৬৯ (জামান)।

    বাংলাদেশ বোলিং :

    তাসকিন : ৬-১-৩৬-০,

    শরিফুল : ৪-১-২৫-০ (ও-১),

    মিরাজ : ৯-০-৬০-৩,

    মুস্তাফিজুর : ৭-০-৪৭-০ (ও-১),

    সাকিব : ৫.৩-০-৩০-০,

    শান্ত : ১-০-৫-০।

  • প্রধানমন্ত্রী কন্যা সায়মা ওয়াজেদ  ডাব্লিউএইচও’র আঞ্চলিক পরিচালক নির্বাচিত

    প্রধানমন্ত্রী কন্যা সায়মা ওয়াজেদ ডাব্লিউএইচও’র আঞ্চলিক পরিচালক নির্বাচিত

    www.HelloBangla.News  – জাতীয় –  ১ নভেম্বর, ২০২৩: প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা ও অটিজম বিশেষজ্ঞ সায়মা ওয়াজেদ বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডাব্লিউএইচও) আঞ্চলিক পরিচালক হিসেবে নির্বাচিত হয়েছেন ।

    আজ বুধবার (নভেম্বর ০১) পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম তার ফেসবুকে এ তথ্য জানান।

    সায়মা ওয়াজেদ ৮-২ ভোটে নির্বাচিত হয়েছেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী । তিনি আগামী ৫ বছরের জন্য দায়িত্ব পালন করবেন।

    বাংলাদেশ সরকার বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালক পদে সায়মা ওয়াজেদকে মনোনীত করেছিল।

    ডব্লিউএইচও দক্ষিণ পূর্ব অঞ্চলবিষয়ক অফিস ওই সংস্থার ছয়টি আঞ্চলিক অফিসের মধ্যে একটি। এটি সদস্য দেশগুলোর প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত।

    সায়মা ওয়াজেদ ১৯৯৭ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যারি বিশ্ববিদ্যালয় থেকে মনোবিজ্ঞানে স্নাতক এবং ২০০২ সালে ক্লিনিক্যাল মনস্তত্ত্বে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

    ২০০৪ সালে স্কুল সাইকোলজির ওপর বিশেষজ্ঞ ডিগ্রি অর্জন করেন তিনি।

    ব্যারি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নের সময় তিনি বাংলাদেশের নারীদের উন্নয়নের ওপর গবেষণা করেন। এ বিষয়ে তার গবেষণাকর্ম ফ্লোরিডার অ্যাকাডেমি অব সায়েন্সের কাছ থেকে শ্রেষ্ঠ সায়েন্টিফিক উপস্থাপনা হিসেবে স্বীকৃতি লাভ করে।

  • টস হেরে ব্যাটিং করছে দক্ষিণ আফ্রিকা

    টস হেরে ব্যাটিং করছে দক্ষিণ আফ্রিকা

    www.HelloBangla.News  – খেলাধুলা –  ১ নভেম্বর, ২০২৩: বিশ্বকাপের ৩২তম ম্যাচে দুই শক্তিশালী দল দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড মুখোমুখি হয়েছে আজ। পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে টস জিতে দক্ষিণ আফ্রিকাকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন কিউই অধিনায়ক টম ল্যাথাম।

    টানা চার জয়ের পর শেষ দুই ম্যাচে হেরেছে নিউজিল্যান্ড। তাই আজ একাদশে এক পরিবর্তন এনেছে তারা। লকি ফার্গুসনের জায়গায় একাদশে ঢুকেছেন অভিজ্ঞ পেসার টিম সাউদি। এক পরিবর্তন নিয়ে নামছে দক্ষিণ আফ্রিকা। লেগ স্পিনার তাবরেজ শামসির জায়গায় আজ একাদশে ফিরেছেন কাগিসো রাবাদা।

    নিউজিল্যান্ড একাদশ: টম ল্যাথাম (অধিনায়ক), ডেভন কনওয়ে, উইল ইয়াং, রাচিন রবীন্দ্র, ডেরিল মিচেল, গ্লেন ফিলিপস, জিমি নিশাম, মিচেল স্যান্টনার, ম্যাট হেনরি, টিম সাউদি ও ট্রেন্ট বোল্ট।

    দক্ষিণ আফ্রিকা একাদশ: কুইন্টন ডি কক, টেম্বা বাভুমা (অধিনায়ক), রাসি, ফন ডার ডুসেন, এইডেন মারক্রাম, হাইনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, মার্কো ইয়ানসেন, জেরাল্ড কোটজেৎ, কেশভ মহারাজ, কাগিসো রাবাদা ও লুঙ্গি এনগিদি।

  • ইসরায়েলি হামলায় গাজার শরণার্থী শিবিরে ৫০ জন নিহত

    ইসরায়েলি হামলায় গাজার শরণার্থী শিবিরে ৫০ জন নিহত

    www.HelloBangla.News  –  আন্তর্জাতিক –  ১ নভেম্বর, ২০২৩: ফিলিস্তিনি ভূখন্ডের গাজার একটি শরণার্থী শিবিরে ইসরায়েলি বোমাবর্ষণে গতকাল মঙ্গলবার কমপক্ষে ৫০ জন নিহত হয়েছে। এই তথ্য দিয়েছে হামাস পরিচালিত গাজা উপত্যকার স্বাস্থ্য মন্ত্রণালয়। ইসরায়েলি বাহিনী এ হামলার ঘটনা নিশ্চিত করে বলেছে, এক জঙ্গি কমান্ডারকে লক্ষ্য করে তারা এ হামলা চালিয়েছে।

    গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ‘উত্তর গাজা উপত্যকার জাবালিয়া শিবিরে একটি বিশাল এলাকা লক্ষ্য করে ইসরায়েলি হামলায় ৫০ জনেরও বেশি শহীদ এবং প্রায় ১৫০ জন আহত এবং ধ্বংসস্তুপের নিচে অনেক মানুষ আটকা পড়ে আছে।’

    ঘটনাস্থলের ভিডিও ফুটেজে দেখা গেছে, ঘনবসতিপূর্ণ ক্যাম্পের বেশ কয়েকটি বাড়িতে হামলার পর ধ্বংসস্তুপ থেকে অন্তত ৪৭টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

    কয়েক ডজন দর্শককে দু’টি বিস্তীর্ণ গর্তের কিনারায় দাঁড়িয়ে থাকতে দেখা যায়। লোকরা তখন জীবিতদের উদ্ধার ও অনুসন্ধান কাজ করছিল।

    কয়েক ঘন্টা পরে ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, তারা জাবালিয়া ক্যাম্পকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। হামাসের প্রধান কমান্ডার ইব্রাহিম বিয়ারিকে হত্যা করেছে।

    ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, ‘এই হামলায় এলাকায় হামাসের কমান্ড এবং নিয়ন্ত্রণকে ক্ষতিগ্রস্ত করেছে। সেই সাথে গাজা উপত্যকা জুড়ে পরিচালিত আইডিএফ সৈন্যদের বিরুদ্ধে সামরিক কার্যকলাপ পরিচালনা করার ক্ষমতা খর্ব হয়েছে।

    এদিকে গতকাল মার্কিন কংগ্রেসের একটি শুনানিতে হাজির হয়ে বিক্ষোভ দেখিয়েছেন যুদ্ধবিরোধী বিক্ষোভকারীরা। এসময় তারা গাজায় যুদ্ধবিরতির দাবি জানান এবং ফিলিস্তিনিদের বিরুদ্ধে যুদ্ধে মার্কিন অর্থায়ন বন্ধের দাবি তোলেন। বিক্ষোভকারীদের কারণে সামরিক সহায়তা নিয়ে মার্কিন কংগ্রেসের সিনেট অ্যাপ্রোপ্রিয়েশন কমিটির গতকালের শুনানি বারবার বাধাগ্রস্ত হয়।

    গাজা উপত্যকায় নির্বিচার হামলার কারণে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়া। অন্যদিকে তাদের প্রতিবেশী কলম্বিয়া এবং চিলিও ইসরায়েল থেকে রাষ্ট্রদূতদের প্রত্যাহার করেছে।

    দক্ষিণ আমেরিকার এই তিনটি দেশ গাজায় ইসরায়েলের হামলা এবং ফিলিস্তিনি নাগরিকদের মৃত্যুর নিন্দা জানিয়েছে।

  • আগামীকাল শাহরুখের ৫৮ তম জন্মদিন

    আগামীকাল শাহরুখের ৫৮ তম জন্মদিন

    www.HelloBangla.News –  বিনোদন –  ১ নভেম্বর, ২০২৩: আগামীকাল ২ নভেম্বর বলিউড বাদশা শাহরুখ খানের ৫৮ তম জন্মদিন। তবে এবার জন্মদিনের উৎসবটি খুব জমজমাট হবে বলে মনে করছেন নায়কের ভক্তরা। কেননা বছরের শুরুতে মুক্তি পায় শাহরুখের ‘পাঠান’! তার পর মাঝামাঝি এসে মুক্তি পায় ‘জওয়ান’। দু’টি ছবিই হিন্দি ছবির ইতিহাসে নজির গড়েছে। ‘পাঠান’ ছবিতে যে নজির গড়েছিলেন, সেটা ‘জওয়ান’-এ নিজেই ভাঙলেন। এ ছাড়াও এই জন্মদিনে শাহরুখকে বিশেষ একটি উপহার দেবেন পরিচালক রাজকুমার হিরানি।

    গত দু’বছর জন্মদিনে তেমন কিছুই করেননি বাদশা। কেননা এই দুই বছর কোন  ছবি হিট হয়নি শাহরুখের। তবে নিয়ম করে মন্নতের বারান্দায় দাঁড়িয়ে অনুরাগীদের দর্শন দিয়েছেন। কিন্তু ২০২৩ সালটা খান পরিবারের জন্য অন্য বছরের থেকে একেবারে আলাদা হতে চলেছে।

    জাান গেছে নিজের জন্মদিনটা এ বছর ভারতীয় সিনেমার তারকাদের সঙ্গে কাটাতে চান শাহরুখ। সেই মতো প্রস্তুতি শুরু করে দিয়েছে তাঁর টিম। ইতিমধ্যেই প্রস্তুত হয়ে গিয়েছে অতিথি তালিকা। শাহরুখের জন্মদিন ও ২০২৩-এ তাঁর এই আকাশছোঁয়া সাফল্যের উদ্‌যাপন করতে এই আয়োজন। তাঁর জন্মদিনে অতিথি তালিকায় রয়েছেন কাজল, দীপিকা পাড়ুকোন, কর্ণ জোহর, আলিয়া ভাটসহ ‘জওয়ান’-এর পরিচালক অ্যাটলি এবং ‘পাঠান’-এর পরিচালক সিদ্ধার্থ আনন্দ। এ ছাড়াও আসবেন ‘ডাঙ্কি’ ছবির পরিচালক রাজকুমার হিরানি।

    এখানে উল্লেখ্য যে, শাহরুখের ৫৮ তম জন্মদিনেই মুক্তি পাবে ‘ডাঙ্কি’ ছবির টিজ়ার। জন্মদিনের সকালে মন্নতের বাইরে প্রথা মেনে অনুরাগীদের সঙ্গে দেখা করবেন। তার পর রাতে নীতা মুকেশ অম্বানী কালচারাল সেন্টারেই রাখা হবে শাহরুখের জন্মদিনের পার্টি। অবশ্যই বলিউড বাদশার জন্মদিনে হতে যাচ্ছে একটা জমজমাট পার্টি। অনেকে অপেক্ষা করে আছে শাহরুখকে স্বাগত জানানোর জন্য।

    সূত্র: আনন্দবাজার পত্রিকা

  • সাংবিধানিক বাধ্যবাধকতার অংশ হিসেবে যথাসময়ে নির্বাচন হবে: সিইসি

    সাংবিধানিক বাধ্যবাধকতার অংশ হিসেবে যথাসময়ে নির্বাচন হবে: সিইসি

    www.HelloBangla.News – জাতীয় – ৩১ অক্টোবর, ২০২৩: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, নির্বাচন যথাসময়ে হবে। এ ব্যাপারে আমরা দৃঢ়প্রতিজ্ঞ। সিইসি আরও বলেন, ইসির হাতে কোনো অপশন (বিকল্প) নেই। ইসিকে সাংবিধানিক বাধ্যবাধকতার অংশ হিসেবে যথাসময়ে নির্বাচন করতে হবে।

    আজ মঙ্গলবার (৩১ অক্টোবর) নির্বাচন ভবনে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

    তিনি বলেন, দলগুলো এককভাবে বা অ্যালায়েন্সের (জোট) মাধ্যমে অংশ নিতে পারে। তবে দৃঢ়ভাবে আমরা এগিয়ে যাচ্ছি, পরিস্থিতি অনুকূল বা প্রতিকূল হোক।

    কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘নির্বাচন অনুষ্ঠানের জন্য আমরা দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছি। অনেক সময় নির্বাচনের অনুকূল বা প্রতিকূল পরিবেশ নিয়ে কথা ওঠে। এগুলো খুবই অর্থবহ। নির্বাচনের জন্য অনুকূল হোক বা প্রতিকূল হোক, আমাদের প্রত্যাশা হলো এবং আমরা শেষ পর্যন্ত প্রত্যাশা করি, বেশির ভাগ রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করে পরিবেশ অনুকূল করে তুলবে।’

    তিনি বলেন, ‘পিটার হাস বিশ্বাস করেন সংলাপের মাধ্যমে রাজনৈতিক সমাধান সম্ভব। কথাটা আমরাও বলে এসেছি এবং বিশ্বাস করি। রাস্তায় শক্তি প্রদর্শনের মাধ্যমে সমস্যার সমাধান হবে বলে আমরা মনে করি না। পিটার হাসও তাই বলেছেন। তিনি বলেছেন, রাজনৈতিক দলগুলোকে এক টেবিলে বসে চা-চক্রের মাধ্যমে সমস্যার সমাধান করতে হবে। পিটার হাসও সবাইকে আহ্বান করবেন, সংলাপের মাধ্যমে বিরাজমান রাজনৈতিক পরিস্থিতির সমাধান হবে।’

  • একনেকের সভায় ৩৭টি প্রকল্পের অনুমোদন

    একনেকের সভায় ৩৭টি প্রকল্পের অনুমোদন

     

    www.HelloBangla.News – অর্থনীতি – ৩১ অক্টোবর, ২০২৩: জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৩৭টি প্রকল্পের অনুমোদন দিয়েছেন। একনেক সভায় মোট ৪৬টি নতুন ও সংশোধিত প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৩৭টি প্রকল্প অনুমোদন দেন। বাকি প্রকল্পগুলো পরবর্তী একনেক সভায় উত্থাপনের জন্য বলেছেন বলে জানিয়েছেন পরিকল্পনা বিভাগের সচিব সত্যজিৎ কর্মকার।

    প্রকল্পগুলো বাস্তবায়নে মোট ব্যয় হবে ৫২ হাজার ৬৬৩ কোটি টাকা। এর মধ্যে সরকারি তহবিল থেকে ২১ হাজার ৫৫৭ কোটি টাকা এবং ২৯ হাজার ৫৬৮ কোটি টাকা ঋণ হিসেবে পাওয়া যাবে।

    আজ মঙ্গলবার (৩১ অক্টোবর) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে একনেক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা।

    সভা শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান ও পরিকল্পনা প্রতিমন্ত্রী ড শামসুল আলম সংবাদ সম্মেলন করেন। এসময় পরিকল্পনা কমিশনের সচিবরা উপস্থিত ছিলেন।

    একনেক কার্যপত্র অনুযায়ী, মোট প্রকল্পের মধ্যে ৪৪টি ও টেবিলে দুটিসহ মোট ৪৬টি নতুন ও সংশোধিত প্রকল্প এবং ছয়টি ব্যয় বৃদ্ধি ছাড়া মেয়াদ বৃদ্ধির প্রকল্প একনেকে তোলা হয়। এছাড়া, ৩২টি প্রকল্প পরিকল্পনামন্ত্রী বিভিন্ন সময়ে অনুমোদন দিয়েছেন। যেগুলো একনেক সভায় অবহিত করা হয়েছে।

  • আগামীকাল থেকে পদ্মা সেতু দিয়ে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু

    আগামীকাল থেকে পদ্মা সেতু দিয়ে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু

    www.HelloBangla.News – জাতীয় – ৩১ অক্টোবর, ২০২৩: পদ্মা সেতু দিয়ে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হতে যাচ্ছে আগামীকাল বুধবার ( ১ নভেম্বর) থেকে । প্রথম টেনে হিসেবে পদ্মা সেতু অতিক্রম করবে সুন্দরবন এক্সপ্রেস । ঢাকা থেকে সুন্দরবন এক্সপ্রেস ও পরদিন বৃহস্পতিবার (২ নভেম্বর) বেনাপোল এক্সপ্রেস পদ্মা সেতু পার হয়ে খুলনা ও বেনাপোল যাবে। এতে চলাচলে সময় বাঁচবে প্রায় ২ ঘণ্টা।

    সুন্দরবন এক্সপ্রেস ও বেনাপোল এক্সপ্রেসে ঢাকা থেকে খুলনা পর্যন্ত পাঁচ টাকা ভাড়া কমছে। আগে ঢাকা-খুলনা রুটে শোভন চেয়ারে ভাড়া ছিল ৫০৫ টাকা, সেটা নতুন রুটে হচ্ছে ৫০০ টাকা।

    এই ট্রেন দুটি আগে যমুনা নদীর ওপর দিয়ে বঙ্গবন্ধু সেতু পার হয়ে খুলনা ও বেনাপোল চলাচল করত।

    জানা যায়, সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি ঢাকা ছাড়বে সকাল ৮টা ১৫ মিনিটে এবং খুলনা পৌঁছাবে বিকেল ৩টা ৫০ মিনিটে। আর খুলনা ছাড়বে রাত ৯টা ৪৫ মিনিটে এবং ঢাকা পৌঁছাবে ভোর ৫টা ১০ মিনিটে। আর বেনাপোল এক্সপ্রেস ঢাকা ছাড়বে রাত ১১টা ৪৫ মিনিটে এবং বেনাপোল পৌঁছাবে সকাল ৭টা ২০ মিনিটে। বেনাপোল এক্সপ্রেস বেনাপোল ছাড়বে দুপুর ১টায় এবং ঢাকা পৌঁছাবে রাত ৮টা ৪৫ মিনিটে।

    তবে পদ্মা সেতু দিয়ে চলাচল করলেও ভাড়া বাড়েনি এই পথে। সুন্দরবন এক্সপ্রেসের বর্তমান যমুনা নদী হয়ে যাওয়ার ভাড়া শোভন শ্রেণি ৫০৫ টাকা, এসি চেয়ার ৯৬৬ টাকা ও এসি সিটের এক হাজার ১৫৬ টাকা। তবে পদ্মা সেতু পার হয়ে গেলে ভাড়া হবে শোভন শ্রেণির ভাড়া হবে ৫০০ টাকা, এসি চেয়ার ভাড়া ৮৩০ টাকা ও এসি সিটের ভাড়া ৯৯৫ টাকা।

    অন্যদিকে, বেনাপোল এক্সপ্রেসের বর্তমান রুটের ভাড়া শোভন চেয়ার ৪৮৫ টাকা ও এসি চেয়ার (স্নিগ্ধা) ৯৩২ টাকা। এতে পদ্মা সেতু হয়ে চলাচল করলে ভাড়া হবে শোভন শ্রেণিতে ভাড়া হবে ৪৮০ টাকা ও এসি চেয়ার (স্নিগ্ধা) ভাড়া হবে ৯২০ টাকা। আর যশোর পর্যন্ত দুটি ট্রেনের ভাড়া একই থাকবে। শোভন চেয়ার ৪৫৫ টাকা ও এসি চেয়ার ৮৬৯ টাকা।

    সুন্দরবন এক্সপ্রেস খুলনা থেকে ঢাকায় যাওয়ার পথে দৌলতপুর, নওয়াপাড়া, যশোর, মোবারকগঞ্জ, কোটচাঁদপুর, চুয়াডাঙ্গা, আলমডাঙ্গা, পোড়াদহ জংশন, কুষ্টিয়া কোর্ট, রাজবাড়ী, ফরিদপুর এবং ভাঙ্গা জংশন স্টেশনে যাত্রাবিরতি করবে।

    আর ঢাকা থেকে ফিরতি পথে সুন্দরবন এক্সপ্রেস ট্রেন ভাঙ্গা জংশন, ফরিদপুর, রাজবাড়ী, কুষ্টিয়া কোর্ট, পোড়াদহ জংশন, আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা, দর্শনা হল্ট, কোটচাঁদপুর, মোবারকগঞ্জ, যশোর, নওয়াপাড়া এবং দৌলতপুর স্টেশনে যাত্রাবিরতি করবে। বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি উভয় পথে ঝিকরগাছা, যশোর, মোবারকগঞ্জ, কোটচাঁদপুর, দর্শনা হল্ট, চুয়াডাঙ্গা, পোড়াদহ জংশন, কুষ্টিয়া কোর্ট, রাজবাড়ী, ফরিদপুর এবং ভাঙ্গা জংশন স্টেশনে যাত্রাবিরতি করবে।

  • টস জিতে ব্যাটিং নিয়েছে বাংলাদেশ

    টস জিতে ব্যাটিং নিয়েছে বাংলাদেশ

    www.HelloBangla.News – খেলাধুলা – ৩১ অক্টোবর, ২০২৩: বিশ্বকাপের পয়েন্ট টেবিলের ৯ম স্থানে রয়েছে বাংলাদেশ আর দুই ধাপ উপরে আছে পাকিস্তান। এক খেলায় জিতে বাংলাদেশের পয়েন্ট ২য় আর পাকিস্তান ৪ পয়েন্ট নিয়ে ৭ম স্থানে অবস্থান করছে। বিশ্বকাপের সেমিফাইনালের আশা শেষ হলেও চ্যাম্পিয়ন্স ট্রফির দুয়ার এখনও খোলা আছে বাংলাদেশের জন্য।আর এ জন্য পাকিস্তানের বিপক্ষে জয়ের বিকল্প নেই আজ।

    আজ মঙ্গলবার (৩১ অক্টোবর) কলকাতার ইডেন গার্ডেন্সে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন সাকিব আল হাসান। একাদশে এসেছে এক পরিবর্তন। বাদ পড়েছেন শেখ মেহেদি। তার জায়গায় ফিরেছেন তাওহীদ হৃদয়।

    তৃতীয়বারের মত বিশ্বকাপের মঞ্চে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। ১৯৯৯ সালে বিশ্বকাপ অভিষেকে পাকিস্তানের বিপক্ষে প্রথম মোকাবিলায় ৬২ রানের জয়ে সারা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিল বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত জয়ে ২০০০ সালে টেস্ট মর্যাদা পাওয়া সহজ হয়েছিল টাইগারদের। গত আসরে বাংলাদেশের সাথে দ্বিতীয় সাক্ষাতে ৯৪ রানের জয়ে ১৯৯৯ বিশ্বকাপে হারের প্রতিশোধ নেয় পাকিস্তান।

    সব মিলিয়ে ওয়ানডেতে ৩৮বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ-পাকিস্তান। এরমধ্যে বাংলাদেশ মাত্র ৫টিতে জয় পায় এবং ৩৩টিতে হেরে যায়। ২০১৯ সালের বিশ্বকাপের পর চলতি বছরের সেপ্টেম্বরে এশিয়া কাপে দেখা হয়েছিল দু’দলের। ঐ ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ৭ উইকেটের সহজ জয় পেয়েছিল পাকিস্তান।

    বাংলাদেশ একাদশ- লিটন দাস, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেটকিপার), তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও শরীফুল ইসলাম।

    পাকিস্তান একাদশ- ফখর জামান, আব্দুল্লাহ শফিক, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), সৌদ শাকিল, ইফতিখার আহমেদ, আগা সালমান, উসামা মির, শাহিন শাহ আফ্রিদি, মোহাম্মদ ওয়াসিম ও হারিস রউফ।