Category: লিড নিউজ

  • ইংল্যান্ডকে হারিয়ে ভারতের সেমিফাইনাল নিশ্চিত

    ইংল্যান্ডকে হারিয়ে ভারতের সেমিফাইনাল নিশ্চিত

    www.HelloBangla.News – খেলাধুলা – ৩০ অক্টোবর, ২০২৩: বলতে গেলে সেমিফাইনালে এক পা দিয়েই রেখেছে ভারত। প্রথম ছয় ম্যাচের প্রতিটিতেই জয় পেযেছে দলটি। পয়েন্ট তালিকাতেও সবার উপরেই আছেন রোহিত শর্মারা। বিশ্বকাপের শেষ চার তাই একপ্রকার নিশ্চিত ভারতের। এদিকে ইংল্যান্ড ছয় ম্যাচের মধ্যে মাত্র একটিতে জিতেছে।

    গেল বিশ্বকাপে ৫ ম্যাচ জয় মানেই যেখানে ছিল সেমির নিশ্চয়তা, সেখানে এবার অপেক্ষা করতে হচ্ছে ৭ ম্যাচ পর্যন্ত।

    ভারত এখন লিগ তালিকায় শীর্ষে। ছয় ম্যাচ খেলে পেয়েছে ১২ পয়েন্ট। ভারতের ম্যাচ বাকি শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা এবং নেদারল্যান্ডসের বিরুদ্ধে। এই মুহূর্তে পয়েন্ট টেবিলের যা অবস্থা তাতে ১২ পয়েন্ট নিয়েও নিশ্চিন্ত হওয়া যাবে না।

    রবিন রাউন্ড লিগের প্রথম চারের বাইরে থাকা দলগুলির মধ্যে শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের এখনও সুযোগ রয়েছে ১২ পয়েন্টে পৌঁছে যাওয়ার। ফলে তিনটি দল ১২ পয়েন্টে পৌঁছে গেলে লড়াই হবে নেট রানরেটের। সেই সম্ভাবনা থাকায় ১২ পয়েন্ট পেলেই সেমিফাইনালে যাওয়ার রাস্তা পাকা হয়ে যাবে না ভারতের। যদিও ৬ষ্ঠ রাউন্ডের শেষ ম্যাচে আজ সোমবার শ্রীলঙ্কা এবং আফগানিস্তান একে অপরের বিরুদ্ধে খেলবে। তাই একটি দল পয়েন্ট হারাবেই।

    বিশ্বকাপ থেকে প্রায় বাদই পড়ে গিয়েছে বাংলাদেশ। ৬ ম্যাচ শেষ মাত্র ২ পয়েন্ট তাদের। বাকিসব ম্যাচ জিতলেও যা শেষপর্যন্ত যাবে ৮ পয়েন্টে। এই পয়েন্ট নিয়ে শেষ চারে থাকা রীতিমত অসম্ভব। ইংল্যান্ডের সঙ্গে তাই বাড়ি ফেরার পরিকল্পনা করতে হচ্ছে সাকিবদেরও।

    ইংল্যান্ডের বিপক্ষে প্রথমে ব্যাট করে লো স্কোরিং ম্যাচে অধিনায়ক রোহিত শর্মার হাফ-সেঞ্চুরিতে ৫০ ওভারে ৯ উইকেটে ২২৯ রান করে স্বাগতিক ভারত। রোহিত ১০১ বলে ৮৭ রান করেন। ২২৯ রানের পুঁজি হাতে নিয়ে ইংল্যান্ডকে ৩৪ দশমিক ৫ ওভারে ১২৯ রানে অলআউট করে দেয় ভারতের বোলাররা। টিম ইন্ডিয়ার মোহাম্মদ সামি ৪টি ও জসপ্রিত বুমরাহ ৩টি উইকেট নেন।

    লক্ষৌতে টস জিতে প্রথমে ভারতকে ব্যাটিংয়ে পাঠায় ইংল্যান্ড। ভারতকে ৪ ওভারে ২৬ রানের শুরু এনে দিয়ে বিচ্ছিন্ন হন দুই ওপেনার অধিনায়ক রোহিত শর্মা ও শুভমান গিল। ৯ রান করা গিল বোল্ড আউট হন  ইংল্যান্ড পেসার ক্রিস ওকসের বলে।

    গিলের বিদায়ে উইকেটে এসে রানের খাতা খোলার আগেই পেসার ডেভিড উইলির শিকার হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন ফর্মে থাকা বিরাট কোহলি। ২৮৭ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে ১৬তম ডাক কোহলির। গিল ও কোহলির মত দু’অংকে পা দেয়ার আগে আউট হন শ্রেয়াস আইয়ার। ওকসের দ্বিতীয় শিকার হবার আগে ১৬ বলে ৪ রান করেন তিনি। এমন অবস্থায় ১২তম ওভারে ৪০ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে ভারত।

    এই পরিস্থিতিতে জুটি গড়ার চেষ্টায় সফল হন রোহিত ও লোকেশ রাহুল। দেখেশুনে খেলে রানের চাকা ঘুড়াতে থাকেন তারা। ২৪তম ওভারে ৫৪তম ওয়ানডে হাফ-সেঞ্চুরি পূর্ন করেন  রোহিত। বিশ্বকাপে দ্বিতীয় সর্বোচ্চ ১২তম হাফ-সেঞ্চুরি করতে ৬৬ বল খেলেন টিম ইন্ডিয়ার অধিনায়ক।  বিশ্বকাপে সর্বোচ্চ ২১ হাফ-সেঞ্চুরির মালিক ভারতের শচীন টেন্ডুলকার।

    ২৫তম ওভারে ভারতের রান ১শ স্পর্শ করে। ৩১তম ওভারে রোহিত-রাহুলের জুটি ভাঙ্গেন উইলি। ৫৮ বল খেলে ৩টি চারে ৩৯ রানে থামেন রাহুল। রোহিতের সাথে ১১১ বলে ৯১ রান যোগ করেন রাহুল।

    দলীয় ১৩১ রানে রাহুল ফেরার পর ছয় নম্বরে নামা সূর্যকুমার যাদবকে নিয়ে ভারতের রানের চাকা সচল রাখেন রোহিত। ১৬৪ রানে লিভিংস্টোনকে ক্যাচ দেন রোহিত। ১০টি চার ও ৩টি ছক্কায় ১০১ বলে দলের পক্ষে সর্বোচ্চ ৮৭ রান করেন রোহিত। এই ইনিংস খেলার পথে আন্তর্জাতিক ক্রিকেটে ১৮ হাজার পূর্ণ হয় ভারত দলপতির।

    রোহিতের বিদায়ে ভারতের বড় স্কোরের আশা শেষ হয়ে যায়। তারপরও সূর্যর সাথে লোয়ার অর্ডারে জসপ্রিত বুমরাহ ও কুলদীপ যাদবের কল্যানে ৫০ ওভারে ৯ উইকেটে ২২৯ রানের সম্মানজনক সংগ্রহ পায় ভারত। ৪৭ বল খেলে ৪টি চার ও ১টি ছক্কায় দলের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ৪৯ রান করেন সূর্য। বুমরাহ ১৬, কুলদীপ অপরাজিত ৯ ও জাদেজা ৮ রান করেন। ইংল্যান্ডের উইলি ৪৫ রানে ৩টি, ওকস ৩৩ ও রশিদ ৩৫ রানে ২টি করে উইকেট নেন। ৪৬ রানে ১টি উইকেট নেন উড।

    ২৩০ রানের টার্গেটে খেলতে নেমে ভালো শুরুর পথেই ছিলেন ইংল্যান্ডের দুই ওপেনার জনি বেয়ারস্টো ও ডেভিড মালান। ১৬ রান করা মালানকে বোল্ড করে পঞ্চম ওভারে জুটি ভাঙ্গেন বুমরাহ। পরের ডেলিভারিতে জো রুটের উইকেটও তুলে নেন বুমরাহ। গোল্ডেন ডাক মারেন রুট।

    বুমরাহর সাথে উইকেট শিকারে মাতেন আগের ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ৫ উইকেট নেয়া সামি। ১০ বল খেলেও রানের খাতা খুলতে না পারা বেন স্টোকসের উইকেট স্টাম্প  করে দেন সামি। স্টোকসের পর বেয়ারস্টোকেও বোল্ড করেন সামি। ২টি চারে ১৪ রান করেন বেয়ারস্টো।

    দুই পেসার বুমরাহ ও সামির তোপে প্রথম ১০ ওভারে ৩৯ রানে ৪ উইকেট হারায় ইংল্যান্ড। এই নিয়ে দ্বিতীয়বার এই বিশ্বকাপে পাওয়ার প্লেতে ৪ উইকেট হারালো ইংলিশরা।

    ১৬তম ওভারে ইংল্যান্ডের অধিনায়ক জশ বাটলারকে ১০ রানে বোল্ড করেন স্পিনার কুলদীপ। দলীয় ৫২ রানে পঞ্চম উইকেট পতনে খাদের কিনারায় চলে যায়  ইংল্যান্ড। এরপর দলীয় রান ১শ পার হবার আগেই অষ্টম উইকেট পতনে ম্যাচ হার নিশ্চিত হয়ে যায় ইংলিশদের। মঈনকে ১৫ রানে সামি, ওকসকে ১০ রানে জাদেজা ও লিভিংস্টোনকে ২৭ রানে শিকার করেন কুলদীপ।

    শেষ পর্যন্ত ৩৪ দশমিক ৫ ওভারে ১২৯ রানে অলআউট হয় ইংল্যান্ড। লোয়ার অর্ডারে রশিদ ১৩ ও উইলি অপরাজিত ১৬ রান করেন। ভারতের সামি ২২ রানে ৪টি ও বুমরাহ ৩২ রানে ৩ উইকেট নেন।

    ম্যাচ সেরা হয়েছেন রোহিত।

    সংক্ষিপ্ত স্কোর :

    ভারত : ২২৯/৯, ৫০ ওভার (রোহিত ৮৭, সূর্য ৪৯, উইলি ৩/৪৫)।

    ইংল্যান্ড : ১২৯/১০, ৩৪.৫ ওভার (লিভিংস্টোন ২৭, উইলি ১৬*, সামি ৪/২২)।

  • স্বাধীনতার সুফল প্রতিটি ঘরে ঘরে আমরা পৌঁছে দেব: প্রধানমন্ত্রী

    স্বাধীনতার সুফল প্রতিটি ঘরে ঘরে আমরা পৌঁছে দেব: প্রধানমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ২৯ অক্টোবর, ২০২৩: স্বাধীনতার সুফল প্রতিটি ঘরে ঘরে আমরা পৌঁছে দেব, বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আরও বলেন, ডিজিটাল বাংলাদেশ নির্মাণের ঘোষণা দিয়েছিলাম, সেটি বাস্তবায়ন করেছি। এখন আমরা স্মার্ট বাংলাদেশ গড়ে তুলব।

    আজ রবিবার (২৯ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে আয়োজিত বিশেষ সমাবর্তন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

    তিনি বলেন, ‘গত ১৫ বছর ধরে আমরা সরকার ক্ষমতায় আছি। এটি এখন এক বদলে যাওয়া বাংলাদেশ। আজকের ছাত্র-ছাত্রীরা উপলব্ধি করতে পারবে না ২০ বছর আগে কেমন বাংলাদেশ ছিল। সেখানে ক্ষুধা-দারিদ্র ছিল, বৈজ্ঞানিক কোনো কিছু ছিল না। আমরা ১৯৯৬ সালে ক্ষমতায় এসে বিজ্ঞান ও কম্পিউটার শিক্ষা চালু করি।’

    প্রধানমন্ত্রী বলেন, ‘আমার একটাই লক্ষ্য ছিল, ক্ষমতা হবে জনগণের কল্যাণ সাধন করার। জাতির পিতা যেভাবে চেয়েছেন সেভাবেই দেশকে গড়ে তোলা। সেই প্রচেষ্টাই আমি চালিয়ে যাচ্ছি। জাতির পিতার আদর্শ নিয়ে পথ চলায় আজকে বাংলাদেশ অনেক এগিয়ে গেছে। স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের মর্যাদা আমরা পেয়েছি। যা বাস্তবায়ন হবে ২০২৬ সাল থেকে। জাতির পিতার আদর্শ নিয়ে যদি রাষ্ট্র পরিচালনা হয়, তাহলে এই বাংলাদেশ আর পেছনে ফিরে তাকাবে না। অনেক দেশই আমাদের সঙ্গে হয়েছিল, অনেকেই পিছিয়ে গেছে। আমরা কিন্তু পিছিয়ে যাইনি।’

    সরকার প্রধান বলেন, দীর্ঘ ২১ বছর আমাদের ইতিহাস বিকৃত করা হয়েছিল। অনেক ইতিহাস মুছে ফেলা হয়েছিল। আমরা ক্ষমতায় আসার পর প্রকৃত ইতিহাস তুলে ধরা শুরু করি। ১৫ আগস্টের পর থেকে জাতির পিতা বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ নিষিদ্ধ ছিল। কিন্তু আমাদের আওয়ামী লীগের নেতাকর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে সেই ভাষণ বাঁজিয়েছিল এবং তা মানুষকে শুনিয়েছিল। আমি জানি না পৃথিবীর কোনো দেশে কোনো ভাষণ এতবার শোনা হয়েছে কি না। আজকে সেই ভাষণ ইউনেস্কো কর্তৃক স্বীকৃতি পেয়েছে। আন্তর্জাতিক বিশ্ব প্রামাণ্য দলিলে মানুষকে স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ করার সর্বশ্রেষ্ঠ ভাষণ হিসেবে স্বীকৃতি পেয়েছে। যা বাঙালি জাতির ভাবমূর্তি বিশ্বে উজ্জ্বল করেছে।

    শেখ হাসিনা বলেন, ‘জাতির পিতা এই বাংলাদেশের জন্য যে মহান আত্মত্যাগ করে গেছেন, সেটি আমাদের ভুললে চলবে না।’

    প্রধানমন্ত্রীর বলেন, ২০১০ সালের ১৪ আগস্ট বিশ্ববিদ্যালয় জাতির পিতার প্রতি যে বহিষ্কারাদেশ ছিল, প্রত্যাহার করে নিয়েছিলেন। আজকে জাতির পিতাকে ডক্টর অব লজ ভূষিত করেছেন, আমি জানি না আপনাদেরকে কীভাবে ধন্যবাদ জানাবো। আমি কন্যা হিসেবে কৃতজ্ঞতা জানাই।

    শেখ হাসিনা বলেছেন, এ জাতিকে নিয়ে সবসময় একটা স্বপ্ন ছিল জাতির পিতার। তিনি নিজের জন্য কিছু চাননি,এই জাতির জন্য চেয়েছেন সবসময়। অসমাপ্ত আত্মজীবনী পড়লে তার সম্পর্কে অনেক কিছু জানা যাবে। আমি চাই সকল শিক্ষার্থীরা যেন এই বইগুলো ভালোভাবে পড়ে। এই বইগুলো পড়লে একদিন আন্তর্জাতিক রাজনীতি এবং আমাদের দেশের অবস্থানও জানতে পারবেন।

    অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মরণোত্তর সম্মানসূচক ‘ডক্টর অব লজ’ ডিগ্রি প্রদান করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বিশেষ সমাবর্তনের সভাপতি অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বঙ্গবন্ধুকন্যা ও সমাবর্তন বক্তা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে বঙ্গবন্ধুর এই ডিগ্রি তুলে দেন।

  • বিএনপি দেশের মানুষকে ক্ষতিগ্রস্ত করে আবার হরতাল ডাকে: স্বরাষ্ট্রমন্ত্রী

    বিএনপি দেশের মানুষকে ক্ষতিগ্রস্ত করে আবার হরতাল ডাকে: স্বরাষ্ট্রমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ২৯ অক্টোবর, ২০২৩: বিএনপি দেশের মানুষ ক্ষতিগ্রস্ত করে আবার হরতাল ডাকে, বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল । তিনি বলেন, এ পর্যন্ত তারা (বিএনপি) ১০টির বেশি বাসে আগুন দিয়েছে। এমনকি ফায়ার সার্ভিসের গাড়িতেও তারা অগ্নিসংযোগ করেছে। আজ তারা আবার হরতালের ডাক দিয়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে পুলিশ, ক্ষতিগ্রস্ত হয়েছে এদেশের সাধারণ মানুষ। যারা নিজেরাই এই ঘটনা ঘটাল, তারাই আবার হরতাল ডাকে।

    আজ রবিবার (২৯ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

    স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধান বিচারপতির বাসায় হামলার ঘটনায় মামলা হবে। আমরা মামলাগুলো নেব। পুলিশ হত্যার ঘটনায় শনাক্তকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। মামলা শুরু হয়েছে। মামলা আরও অনেকে দেবে।

    তিনি বলেন, প্রধান বিচারপতির বাসভবনে হামলা করা হয়েছে, মামলা তো হবেই। আমরা শনাক্ত করছি, যারা যারা সেখানে ঢুকেছিলেন, তাদের অবশ্যই আইনের মুখোমুখি হতে হবে। হাসপাতালে হামলা, গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ যারা করেছেন, তাদের নামেও মামলা হবে। একজন পুলিশ সদস্য নিহত হয়েছেন। দুজন আনসার সদস্য মৃত্যুর সঙ্গে লড়ছেন।

    ‍স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সমাবেশের সময় বিএনপি নেতাকর্মীরা যেখানে গেছে, সেখানেই জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে। এর আগে ২০১৪ সালে আমরা এমন ঘটনা দেখেছি। তখন যাত্রীসহ গাড়ি পুড়িয়ে দিয়েছে তারা। এখন তারা কেবল পেট্রোল দিয়েই অগ্নিসংযোগ করছে না, বিস্ফোরক নিয়ে আসছে, যাতে খুব সহজেই আগুনের বিস্তার ঘটে।

    স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যতগুলো অগ্নিকাণ্ড ঘটেছে, আমরা পরীক্ষা করলে জানতে পারবো কী ধরনের দাহ্য পদার্থ তারা ব্যবহার করেছে। পেট্রোলের বদলে সেই দাহ্য পদার্থ তারা ছড়িয়ে দিয়েছে।

    মন্ত্রী বলেন, আবার বিদেশ থেকে একজন এসে নাকি তাদের সমর্থন করছে। আমরা তার পরিচয় জানি না। একজন আমেরিকান, যার সঙ্গে নাকি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সরাসরি কথা হয়, বিএনপির প্রথম সারির নেতাদের সঙ্গে তিনি গোপনীয় বৈঠক করেছেন। তিনি কীভাবে এসে বিএনপি নেতাদের সঙ্গে গোপনীয় বৈঠকে অংশগ্রহণ করলেন।

    স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, তিনি কে? তিনি যদি এই ধরনের (জো বাইডেনের) উপদেষ্টা হয়ে থাকেন, তাহলে আমাদের প্রশ্ন রয়েছে। আমাদের পররাষ্ট্র নীতি কতখানি লঙ্ঘিত হয়েছে, আমাদের সেই প্রশ্ন রয়েছে।

  • গাজায় ইসরায়েলের বোমাবর্ষণ আন্তর্জাতিক আইনের পরিপন্থী: রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী

    গাজায় ইসরায়েলের বোমাবর্ষণ আন্তর্জাতিক আইনের পরিপন্থী: রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী

    www.HelloBangla.News – আন্তর্জাতিক – ২৯ অক্টোবর, ২০২৩: রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ, বেলারুশের রাষ্ট্রীয় বার্তাসংস্থা বেল্টাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, গাজায় ইসরায়েলের বোমাবর্ষণ আন্তর্জাতিক আইনের পরিপন্থী এবং এর ফলে বিপর্যয় সৃষ্টির ঝুঁকি রয়েছে, যা কয়েক দশক ধরে চলতে পারে। উক্ত সাক্ষাৎকারটি বেল্টায় প্রকাশিত হয় গতকাল শনিবার।

    লাভরভ বলেন, যদিও আমরা সন্ত্রাসবাদের নিন্দা জানাই, আমরা স্পষ্টতই একমত নই যে মানবিক আইনের নিয়ম লঙ্ঘন করে সন্ত্রাসবাদের বিরুদ্ধে প্রতিক্রিয়া জানানো যেতে পারে।

    এদিকে গাজায় ইসরাইলী হামলায় এ পর্যন্ত নিহতের সংখ্যা আট হাজার ছাড়িয়েছে। আজ রবিবার (২৯ অক্টোবর) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

    লাভরভ সতর্ক করে দিয়ে বলেন, যদি গাজা পুরোপুরি ধ্বংস হয়ে যায় এবং ২০ লাখ মানুষকে উচ্ছেদ করা হয়, যেমনটি ইসরায়েলের কয়েকজন রাজনীতিক বলছেন, এটি শতাব্দীর পর শতাব্দী না হলেও বহু দশকের জন্য বিপর্যয় তৈরির করবে

    রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেন, এটি বন্ধ করা প্রয়োজন। অবরোধের মধ্যে থাকা জনসংখ্যাকে বাঁচাতে মানবিক কর্মসূচি ঘোষণা করতে হবে।

    ইসরায়েল গাজায় তাদের সামরিক অভিযান সম্প্রসারিত করার সঙ্গে সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায় বেসামরিক লোকেদের জন্য সাহায্য আনতে একটি মানবিক যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে।

    এদিকে হামাস শনিবার আট রুশ-ইসরায়েলি দ্বৈত নাগরিককে খুঁজে বের করার চেষ্টা করছে, যারা তিন সপ্তাহ আগে ইসরায়েলে হামলার সময় কয়েক ডজন জিম্মির মধ্যে ছিলেন। রুশ সংবাদ সংস্থা এক হামাস সদস্যের বরাত দিয়ে এমনটি জানিয়েছে।

  • সাবেক প্রতিমন্ত্রী জিন্নাতুন্নেসা তালুকদারের ইন্তেকাল

    সাবেক প্রতিমন্ত্রী জিন্নাতুন্নেসা তালুকদারের ইন্তেকাল

    www.HelloBangla.News – জাতীয় – ২৯ অক্টোবর, ২০২৩: একাত্তরের মুক্তিযুদ্ধের বীর সেনানী ও সাবেক প্রতিমন্ত্রী জিন্নাতুন্নেসা তালুকদার আজ সকালে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ইন্তেকাল করেছেন। তার বয়স হয়েছিল ৭৬ বছর। পারিবারিক সূত্র জানায়, জিন্নাতুন্নেসা হার্ট ও ফুসফুসের রোগে ভুগছিলেন।তিন রাজশাহীল আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

    তিনি দুই ছেলে এবং অসংখ্য আত্মীয়-স্বজন, ভক্ত ও রাজনৈতিক অনুসারী রেখে গেছেন।

    জিন্নাতুন্নেসা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১৯৯৬-২০০১ সরকারের আমলে প্রাথমিক ও গণশিক্ষা এবং তারপর মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

    তিনি সপ্তম ও নবম সংসদে সংরক্ষিত মহিলা আসন (রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ) থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

    ২০১৮ সালে তিনি বেগম রোকেয়া পদকে ভূষিত হন।

    জিন্নাতুন্নেসা মুক্তিযুদ্ধে অংশ নেন এবং তার বর্ণাঢ্য ক্যারিয়ারে তিনি রাজশাহী আওয়ামী লীগের শহর ও জেলা উভয় ইউনিটেই গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত ছিলেন।

    আগামী মঙ্গলবার জোহরের নামাজের পর তাকে রাজশাহী হেতেম খা কবরস্থানে দাফন করা হবে।

    সূত্র: বাসস

  • সমাপ্তি হলো ৬ দিনব্যাপী চলা গণজাগরনের নৃত্য উৎসবের

    সমাপ্তি হলো ৬ দিনব্যাপী চলা গণজাগরনের নৃত্য উৎসবের

    www.HelloBangla.News – বিনোদন – ২৯ অক্টোবর, ২০২৩: বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে দেশ বিদেশের ৭৬ টি নৃত্যদলের অংশগ্রহণে ৬ দিনব্যাপী চলা ‘গণজাগরনের নৃত্য উৎসব’ এর সমাপনী অনুষ্ঠিত হয়েছে। একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে গত ২৭ অক্টোবর ২০২৩ শুক্রবার সন্ধ্যায় জাকজমকর্পূণ সমাপনী আয়োজন অনুষ্ঠিত হয়েছে  ১৬ টি নৃত্যদলের মনোমুগ্ধকর শৈল্পিক পরিবেশনা দিয়ে।

    সমাপনী অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক জনাব লিয়াকত আলী লাকী। তিনি বলেন, ‘বঙ্গবন্ধু বলেছেন- শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বে যে জাতি যেখানে নির্যাতিত হবে তার পাশে দাঁড়াবে বাংলাদেশ’। মহাপরিচালক আরো বলেন– ‘গণজাগরণের এই শিল্প আন্দোলন অব্যাহত থাকবে। পৃথিবী যখন বিপদে পড়বে তার পাশে আর কেউ না দাঁড়াক বাংলাদেশ দাড়াবে। আমরা গণতন্ত্র চাই। বঙ্গবন্ধু বলেছেন, শোষিতের গণতন্ত্র, সাধারণের গণতন্ত্র, দিনমজুরের গনতন্ত্র, কৃষকের গনতন্ত্র। যে গণতন্ত্র আমাদের ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি নষ্ট করবে সেই গণতন্ত্র আমরা চাইনা’।

    (খ) সমাপ্তি হলো ৬ দিনব্যাপী চলা গণজাগরনের নৃত্য উৎসবের - বিনোদন - ২৯ অক্টোবর  ২০২৩_1
    (খ) সমাপ্তি হলো ৬ দিনব্যাপী চলা গণজাগরনের নৃত্য উৎসবের – বিনোদন – ২৯ অক্টোবর ২০২৩_1

    ৬ দিনব্যাপী চলা ‘গণজাগরনের নৃত্য উৎসব’ এ অংশগ্রহণকারী দলগুলোর নৃত্য পরিচালক ও শিল্পীরা এসময় মঞ্চে উপস্থিত ছিলেন। বরাবরের মতই বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনকে সাধুবাদ জানিয়েছেন তারা।

    সমাপনী দিনের আয়োজনে শুরুতেই নৃত্য পরিবেশন করে বাংলাদেশ শিল্পকলা একাডেমির নৃত্যদল। ‘মিশ্র ছন্দের রাগ মালিকা’ শিরোনামে পরিবেশিত হয় নৃত্যালেখ্য। এর নৃত্য পরিচালনা করেছেন সাজু আহমেদ, মুল ভাবনা ও পরিকল্পনায় ছিলেন লিয়াকত আলী লাকী। এরপর ‘ধন্য সেই পুরুষ’ শিরোনামে নৃত্য পরিবেশন করে নৃত্যদল- ভাবনা, নৃত্য পরিচালনা করেছেন সামিনা হোসেন প্রেমা। ‌‍’‌প্রকৃতি নিজের কথা বলে’শিরোনামে পরিবেশিত হয় নৃত্যালেখ্য। ‘প্রচন্ড গর্জন’ খন্ডনৃত্য পরিবেশন করে নৃত্যদল কাথ্যাকিয়া- দ্য সেন্টার অফ আর্টস, নৃত্য পরিচালনা করেছেন এস এম হাসান ইশতিয়াক। ‘সোহাগপুরের স্মৃতিকথা’ শিরোনামে নৃত্য পরিবেশন করে নৃত্যদল – দীক্ষা। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে আক্রান্ত হয় গারো পাহাড়ের কোল ঘেষা নিভৃত গ্রাম সোহাগপুর। মহান মুক্তিযুদ্ধের ইতিহাস অবলম্বনে সোহাগপুর গ্রামের উপর রচিত নৃত্যনাট্য পরিচালনা করেছেন সুইটি দাস চৌধুরী, গ্রন্থনা ও রচনায় মামুন উর রশিদ এবং সংগীত রচনা রোকন ইমন।

    এরপর পরিবেশন করে পল্লবী ডান্স থিয়েটার, নৃত্য পরিচালনা করেছেন মিনু হক। এরপর পরিবেশিত হয় নৃত্যালেখ্য ‘নারীর মুক্তিযুদ্ধ’ পরিবেশন করে কত্থক নৃত্য সম্প্রদায়। পরিবেশনাটির নৃত্য পরিচালনা করেছেন সাজু আহমেদ। ‘অন্তর্দেশ’ নৃত্যালেখ্য পরিবেশন করে কায়া আশ্রম নৃত্যদল, নৃত্য পরিচালনা করেছেন অমিত চৌধুরী। এরপর নৃত্যদল- ধৃতি নর্তনালয় পরিবেশন করে নৃত্যালেখ্য ‘জয়ের আলোকবর্তিকা’ নৃত্য পরিচালনা করেছেন – ওয়ার্দা রিহাব। ‘প্রকৃতির বন্দনা’ শিরোনামে নৃত্য পরিবেশন করে নৃত্যদল- ত্রিশূল, নৃত্য পরিচালনা করেছেন তৃণা মজুমদার। এরপর পরিবেশিত হয় ‘ছিয়ানব্বই-৯৬’ নৃত্যালেখ্য পরিবেশন করে নৃত্যদল – ‘তুরঙ্গমী রেপার্টরি ডান্স থিয়েটার’ নৃত্য পরিচালনায় পূজা সেন গুপ্ত। ‘আমি বনফুল গো’ শিরোনামে নৃত্য পরিবেশন করে নৃত্যদল- আভিনায়া, নৃত্য পরিচালনা করেছেন হেনা হোসেন। গল্প-পৌরাণিক কাহিনী অবলম্বনে ‘কথাকলি আট্টআকথা, উত্তরা স্বয়মবরম’ শিরোনামে নৃত্য পরিবেশন করে নৃত্যদল ‘স্বপ্নচূড়া কালচারাল একাডেমি’ । নৃত্য পরিচালনা করেছেন – আফরিনা আফরোজ চৌধুরী। এরপর নৃত্যালেখ্য পরিবেশন করে নৃত্যদল – জাগো আর্ট সেন্টার, নৃত্য পরিচালনা করেছেন বেলায়েত হোসেন খান। ‘সূর্যদয়ের পথে’ শিরোনামে নৃত্যপরিবেশন করে নৃত্যদল- স্পন্দন, নৃত্য পরিচালনা করেছেন অনিক বোস। ‘নারী শক্তি’ শিরোনামে নৃত্য পরিবেশন করে পুষ্পাঞ্জলী নৃত্যকলা কেন্দ্র। তাদের নৃত্য পরিচালনা করেছেন কস্তুরী মুখার্জী।

    সবশেষে পরিবেশিত হয় ‘রুদ্রাণী’ পরিবেশন করে কল্যাণী নৃত্যাঙ্গন, নৃত্য পরিচালনা করেছেন দীপা সরকার।

    শিল্পের মাধ্যমে, শিল্পচর্চার মাধ্যমে সংস্কৃতির বার্তা ছড়িয়ে দিয়ে গনজাগরণের মধ্য দিয়ে নৃত্যদলগুলোকে পৃষ্টপোষকতা প্রদানের লক্ষ্যেই বাংলাদেশ শিল্পকলা একাডেমি চলমান সংস্কৃতি চর্চার অংশ হিসেবে এ ধরনের অনুষ্ঠান আয়োজন করে আসছে।

  • টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠিয়েছে ইংল্যান্ড

    টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠিয়েছে ইংল্যান্ড

    www.HelloBangla.News – খেলাধুলা – ২৯ অক্টোবর, ২০২৩: বিশ্বকাপে পাঁচ ম্যাচের পাঁচটিতেই জয় তুলে নিয়েছে ভারত।অপর দিকে গতবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ড পাঁচ ম্যাচে কেবল একটি জয় নিয়ে পয়েন্ট টেবিলে অবস্থান একদম তলানিতে। তাই খাদের কিনারা থেকে আজ ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে ভারতের মুখোমুখি হয়েছে তারা।

    লক্ষ্ণৌর একানা স্টেডিয়ামে টস জিতে ভারতকে আগে ব্যাটিংয়ে পাঠিয়েছেন ইংলিশ অধিনায়ক জস বাটলার। একাদশে কোনো পরিবর্তন আনেনি দুই দল।

    পাঁচ জয়ের প্রতিটি ম্যাচেই পরে ব্যাট করে জিতেছে ভারত। তবে আজ আগেই ব্যাট করতে হচ্ছে। তবে টস হেরে বরং খুশিই হয়েছেন অধিনায়ক রোহিত শর্মা। কেননা তিনিও আগে ব্যাট করতে চেয়েছিলেন।

    ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ সিরাজ, কুলদীপ যাদব, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ শামি।

    ইংল্যান্ড একাদশ: ডেভিড মালান, জনি বেয়ারস্টো, জো রুট, বেন স্টোকস, জস বাটলার, লিয়াম লিভিংস্টোন, মঈন আলী, স্যাম কারান, ডেভিড উইলি, আদিল রশিদ, মার্ক উড।

  • সরকার বাংলাদেশকে আজ উন্নয়নশীল দেশের মর্যাদা এনে দিয়েছে: প্রধানমন্ত্রী

    সরকার বাংলাদেশকে আজ উন্নয়নশীল দেশের মর্যাদা এনে দিয়েছে: প্রধানমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ২৮ অক্টোবর, ২০২৩: সরকার বাংলাদেশকে আজ উন্নয়নশীল দেশের মর্যাদা এনে দিয়েছে, বলে মন্তব্য করেছেন দলটির সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় তিনি আরও বলেন, ‘আজকে বিএনপি সরকারের পতন ঘটাবে—নানা রকমের আন্দোলনের হুমকি দেয়। একটা কথা স্পষ্ট বলতে চাই, জনগণের ভোটে নির্বাচিত হয়ে আওয়ামী লীগ সরকার গঠন করে বাংলাদেশকে আজ উন্নয়নশীল দেশের মর্যাদা এনে দিয়েছে। ওই সমস্ত ভয়-ভীতি আওয়ামী লীগকে দেখিয়ে কোনো লাভ নেই।’

    আজ শনিবার (অক্টোবর ২৮) দুপুরে চট্টগ্রামের আনোয়ারায় কোরিয়ান ইপিজেড মাঠে আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন।

    কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত দক্ষিণ এশিয়ার প্রথম টানেল ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল’ উদ্বোধন উপলক্ষে এ সমাবেশের আয়োজন করা হয়।

    প্রধানমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় আমরা দেশকে গড়ে তুলছি। আমি আপনাদের কাছে একটা উপহার নিয়ে এসেছি। নদীর তল দিয়ে গাড়ি চলে। ঘুটঘুট করে বাড়ি চলে যাবেন। এ প্রকল্পে বাস্তবায়নের ক্ষেত্রে যারা জড়িত ছিলেন, দিনরাত পরিশ্রম করেছেন, সবাইকে আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আরও ১১টি প্রকল্প আপনাদের জন্য উপহার হিসেবে উদ্বোধন করে দিলাম। আজকের এ উন্নয়ন সম্ভব হয়েছে গত নির্বাচনে আপনারা ভোট দিয়েছিলেন বলে। নৌকা যখনই সরকারে এসেছে, দেশ ও মানুষের উন্নয়ন করেছে।

    তিনি বলেন, আমি তো সবই হারিয়েছি ৭৫-এর ১৫ আগস্ট। ছয় বছর দেশে আসতে দেয়নি জিয়াউর রহমান। একরকম জোর করেই দেশে ফেরা। আসার পর থেকে বাংলাদেশে মানুষের জন্য কাজ করছি। চাই, কীভাবে দেশের মানুষকে ভালো রাখা যায়। এ চট্টগ্রামের কত নেতা ছিলেন, যারা জীবন দিয়ে সংগ্রাম করেছেন।

    অনুষ্ঠানে সভাপতিত্বে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরীর জনসভায় আরও বক্তব্য দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, প্রেসিডিয়াম সদস্য ও সংসদ উপনেতা মতিয়া চৌধুরী, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন ও ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী।

    এর আগে বেলা ১১টার পর হেলিকপ্টারে ঢাকা থেকে চট্টগ্রাম নেভাল একাডেমিতে পৌঁছান প্রধানমন্ত্রী। সেখান থেকে সড়ক পথে পতেঙ্গায় কর্ণফুলী নদীর পশ্চিম তীরে পৌঁছান। বেলা ১১টা ৪০ মিনিটে বঙ্গবন্ধু টানেলের একটি ফলক উন্মোচন করেন। সেখান থেকে টোল দিয়ে টানেল পার হন প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীরা।

  • বহুল প্রতীক্ষিত বঙ্গবন্ধু টানেল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    বহুল প্রতীক্ষিত বঙ্গবন্ধু টানেল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ২৮ অক্টোবর, ২০২৩: অবশেষে অপেক্ষার প্রহর শেষ হলো। চট্টগ্রামে কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত বহুল কাঙ্ক্ষিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।দক্ষিণ পূর্ব বঙ্গে সুড়ঙ্গ দিয়ে খুলল আরেক দুয়ার।

    আজ শনিবার (২৮ অক্টোবর) বেলা ১১টা ৪০ মিনিটে নগরের পতেঙ্গা প্রান্তে টানেলের উদ্বোধনী ফলক উন্মোচন করেন তিনি।

    টানেল উদ্বোধন উপলক্ষে দেশি-বিদেশি অতিথিরাও এসময় উপস্থিত ছিলেন।

    উদ্বোধনের পরপরই গাড়ি বহর নিয়ে টানেলে পতেঙ্গা থেকে আনোয়ারায় যান প্রধানমন্ত্রী। এসময় টানেল পার হওয়ার সময় নিজের হাতে টোল দেন তিনি।

    এসময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন জাতীয় সংসদের উপনেতা মতিয়া চৌধুরী, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি, তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ, শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, চট্টগ্রাম সিটি মেয়র এম রেজাউল করিম চৌধুরী, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। টানেল উদ্বোধনের পর আতশবাজি পুড়িয়ে আনন্দ উদ্‌যাপন করা হয়। এ সময় উপস্থিত অতিথিরা করতালি দিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।

    সকালে প্রধানমন্ত্রী হেলিকপ্টারযোগে ঢাকা থেকে চট্টগ্রামে এসে টানেলের পতেঙ্গা প্রান্তে যান। এরপর প্রধানমন্ত্রীকে বহনকারী গাড়িবহর টানেল এলাকায় প্রবেশ করে। টানেল দিয়ে প্রধানমন্ত্রী আনোয়ারা টোল প্লাজায় যান। সেখানে টোল প্লাজা কমপ্লেক্স ও টানেলের স্মার্ট মনিটরিং কক্ষ পরিদর্শন করেন। উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী পৌনে ১২টায় পতেঙ্গা প্রান্ত থেকে টোল প্লাজায় টোল দিয়ে টানেল হয়ে আনোয়ারা প্রান্তে যাত্রা করেন। এরপর সেখানে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় যোগ দেবেন।

    আগামীকাল রবিবার(২৯ অক্টোবর) সকাল ৬টা থেকে যান চলাচলের জন্য টানেলটি খুলে দেওয়া হবে। টানেলের নিরাপত্তায় লাগানো হয়েছে অত্যাধুনিক ১১০টি সিসিটিভি ক্যামেরা। আনোয়ারা প্রান্তে স্থাপন করা হয়েছে মনিটরিং সেন্টার। যেখান থেকে সিসিটিভি ক্যামেরা দিয়ে পুরো টানেলে নজরদারি চালানো হবে। টানেলের প্রতিটি টিউবে রয়েছে লম্বা একটি হিট সেন্সর। যেখানে অগ্নিকাণ্ড বা কোনো কারণে তাপ লাগা মাত্র অটোমেটিক সিসিটিভি ক্যামেরা ঘটনাস্থলের দিকে ঘুরে যাবে। এছাড়া কোনো দুর্ঘটনা হলে স্থাপিত সিসিটিভি ক্যামেরা দিয়ে নজরদারি চালানো হবে।

    নির্মাণকারী প্রতিষ্ঠান চীনের কমিউনিকেশন ও কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড (সিসিসিসি) আগামী পাঁচ বছর টানেলের যাবতীয় বিষয় দেখভাল করবে। দিনরাত ২৪ ঘণ্টা তাদের কুইক রেসপন্স টিম থাকবে। টানেলের ভেতরে যেকোনো সমস্যায় দ্রুত কর্তৃপক্ষের নির্দেশনায় সেই টিম ছুটে যাবে। তাদের সঙ্গে নৌবাহিনী, পুলিশ নিরাপত্তার কাজ করবে। এছাড়া ট্রাফিক পুলিশ কাজ করবে যানবাহন চলাচল নিয়ে। অগ্নি দুর্ঘটনায় ঠেকাতে টানেলের দুই প্রান্তে স্থাপন করা হচ্ছে প্রথম শ্রেণির দুটি ফায়ার স্টেশন।

    কি-পয়েন্ট ইনস্টলেশন (কেপিআই) স্থাপনা বিবেচনায় নিরাপত্তায় থাকবে টানেল। প্রবেশমুখে ৩০০ কোটি টাকা ব্যয়ে স্থাপন করা হচ্ছে চারটি অত্যাধুনিক স্ক্যানার। বর্তমানে দুই প্রান্তে দুটি স্ক্যানার বসানোর হয়েছে। স্ক্যানার দিয়ে টানেলের ভেতর দিয়ে যাওয়া পণ্যবাহী ভারী গাড়িগুলোতে চালক ও পণ্য রাখার অংশ আলাদা রঙের রশ্মি দিয়ে পরীক্ষা করা হবে। এছাড়া টানেলের ভেতর দিয়ে চলাচলকারী বাস, কার, মাইক্রোবাস অন্যান্য যানবাহনের ক্ষেত্রে স্ক্যানারের বিকল্প হিসেবে ব্যবহার করা হবে ইউভিএসএস (আন্ডারভেহিকেল স্ক্যানিং সিস্টেম)। ইউভিএসএস দিয়ে যানবাহনের নিচের অংশে বিস্ফোরকজাতীয় সরঞ্জাম আছে কি না, তা যাচাই করা হবে।

    জানা গেছে, ব্রিটেন থেকে আনা স্ক্যানারগুলো টানেলের ভেতর দিয়ে যাওয়া পণ্যবাহী ভারী গাড়িগুলো পরীক্ষা-নিরীক্ষা করবে। ১৩ টন ওজনের প্রতিটি স্ক্যানার প্রায় ৫০ মিটার লম্বা ও প্রশস্ত ১০ মিটার।

    নির্মাণের আগে করা সমীক্ষা প্রতিবেদন অনুযায়ী, টানেল চালুর পর এর ভেতর দিয়ে বছরে ৬৩ লাখ গাড়ি চলাচল করতে পারবে। সে হিসাবে দিনে চলতে পারবে ১৭ হাজার ২৬০টি গাড়ি। ২০২৫ সাল নাগাদ টানেল দিয়ে গড়ে প্রতিদিন ২৮ হাজার ৩০৫টি যানবাহন চলাচল করবে। যার মধ্যে অর্ধেক থাকবে পণ্যবাহী পরিবহন। ২০৩০ সাল নাগাদ প্রতিদিন গড়ে ৩৭ হাজার ৯৪৬টি এবং ২০৬৭ সাল নাগাদ এক লাখ ৬২ হাজার যানবাহন চলাচলের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা আছে।

    টানেল নির্মাণে মোট ব্যয় ধরা হয় ১০ হাজার ৩৭৪ কোটি টাকা। এর মধ্যে বাংলাদেশ সরকার দিচ্ছে চার হাজার ৪৬১ কোটি টাকা। বাকি পাঁচ হাজার ৯১৩ কোটি টাকা দিচ্ছে চীন সরকার। চীনের এক্সিম ব্যাংক ২ শতাংশ হারে ২০ বছর মেয়াদি এ ঋণ দিয়েছে। চীনের কমিউনিকেশন ও কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড (সিসিসিসি) টানেল নির্মাণের ঠিকাদারি প্রতিষ্ঠান হিসেবে প্রকল্পটি বাস্তবায়ন

  • ইসরায়েল-হামাস যুদ্ধবিরতির প্রস্তাব জাতিসংঘের সাধারণ পরিষদে পাস

    ইসরায়েল-হামাস যুদ্ধবিরতির প্রস্তাব জাতিসংঘের সাধারণ পরিষদে পাস

    www.HelloBangla.News – আন্তর্জাতিক – ২৮ অক্টোবর, ২০২৩: হামাস এবং ফিলিস্তিন কর্তৃপক্ষ শুক্রবার গাজায় মানবিক যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের একটি প্রস্তাবকে স্বাগত জানায়। হামাসের এক বিবৃতিতে বলা হয়, ‘আমরা বেসামরিক নাগরিকদের জন্য জ্বালানি ও মানবিক সহায়তা প্রবেশের সুযোগ দিতে অবিলম্বে এর বাস্তবায়নের দাবি জানাচ্ছি।’

    অবশেষে গতকাল শুক্রবার জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে জর্ডানের উত্থাপিত ওই প্রস্তাবের ওপর ভোটাভুটি হয়। পরিষদের ১২০ সদস্য প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে আর বিপক্ষে ভোট দিয়েছে ১৪ সদস্য। ৪৫ সদস্য ভোটদানে বিরত ছিল।

     

    প্রস্তাবে ফিলিস্তিন ও ইসরায়েলের বেসামরিক মানুষের বিরুদ্ধে সব সহিংস কর্মকাণ্ডের নিন্দা জানানো হয়। একই সঙ্গে বেসামরিক লোকজনের সুরক্ষা ও নির্বিঘ্ন ত্রাণসহায়তার আহ্বান জানানো হয়।

     

    গৃহীত প্রস্তাবে চলমান জিম্মি বেসামরিক ব্যক্তিদের আন্তর্জাতিক আইন অনুযায়ী নিরাপত্তা, সুস্থতা এবং তাদের সঙ্গে মানবিক আচরণেরও আহ্বান জানিয়ে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দেওয়ার আহ্বান জানানো হয়।

     

    জাতিসংঘের সাধারণ পরিষদে গৃহীত কোনো প্রস্তাব সদস্যদের জন্য মেনে চলার কোনো আইনি বাধ্যবাধকতা নেই।

     

    ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের অতর্কিত হামলার জবাবে গাজা উপত্যকাকে অবরুদ্ধ করে অব্যাহত বোমা হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। বিদ্যুৎ, পানি, খাবার, জ্বালানি ও চিকিৎসা সরঞ্জামের অভাবে চরম মানবিক সংকট চলছে ফিলিস্তিনি অঞ্চলটিতে। গাজায় এ পর্যন্ত ইসরায়েলি হামলায় ৭ হাজার ৩২৬ জনের নিহত হয়েছে এবং পশ্চিম তীরে নিহত হয়েছেন ১১০ ফিলিস্তিনি। তাদের মধ্যে ৬৬ শতাংশই নারী ও শিশু।