Category: লিড নিউজ

  • পাকিস্তানের বিপক্ষে ৪০১ রান করেছে নিউজিল্যান্ড

    পাকিস্তানের বিপক্ষে ৪০১ রান করেছে নিউজিল্যান্ড

    www.HelloBangla.News – খেলাধুলা  –  ৪ নভেম্বর, ২০২৩: আজ আবার দলে ফিরেছেন নিউজিল্যান্ডের অধিনায়ক উইলিয়ামসন। এসেই তিন নাম্বারে ব্যাটিং করতে নেমে ৯৫ রান করেছেন তিনি। অপর দিকে বিশ্বকাপে নতুন তারকার রাচিন রবীন্দ্রর দুর্দান্ত সেঞ্চুরিতে আজ পাকিস্তানের বিপক্ষে পাহাড়সম সংগ্রহ দাঁড় করিয়েছে নিউজিল্যান্ড। ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৪০১ রান করেছে তারা।

    বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে টস জিতে কিউইদের আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় পাকিস্তান। চার পেসার নিয়ে একাদশ সাজিয়ে উল্টো মুখ থুবড়ে পড়ে তারা। প্রথম পাওয়ারপ্লেতে নিতে পারেনি একটি উইকেটও। অবশেষে ১১তম ওভারে এসে ৬৮ রানের উদ্বোধনী জুটি ভাঙেন হাসান আলী। ব্যক্তিগত ৩৫ রানে ফেরান ডেভন কনওয়েকে।

    চার ম্যাচ পর একাদশে ফেরেন কিউই অধিনায়ক কেইন উইলিয়ামসন। তার ব্যাটিং দেখে মনেই হয়নি সদ্য চোট থেকে ফিরেছেন তিনি। দ্বিতীয় উইকেটে রাচিনকে সঙ্গে নিয়ে গড়েন ১৮০ রানের জুটি। যদিও তাকে সাজঘরে যেতে হয় সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপ নিয়ে। ইফতিখার আহমেদের বলে ফখর জামানকে ক্যাচ দেওয়ার আগে সেঞ্চুরি থেকে দূরে ছিলেন পাঁচ রান। ৭৯ বলে ১০ চার ও ২ ছক্কায় ৯৫ রানে শেষ হয় তার ইনিংস।

    তবে সেঞ্চুরি তুলে নেন রাচিন। এবারের আসরে এটি তার তৃতীয় সেঞ্চুরি। যদিও শতক ছোঁয়ার পর খুব বেশিদূর টেনে নিতে পারেননি নিজেকে। ৯৪ বলে ১৫ চার ও ১ ছক্কায় ১০৮ রানের অসাধারণ ইনিংস খেলে মোহাম্মদ ওয়াসিমের। এরপর ড্যারিল মিচেলের ২৯, মার্ক চাপম্যানের ৩৯, গ্লেন ফিলিপসের ৪১ ও মিচেল স্যান্টনারের অপরাজিত ২৬ রানের ইনিংসে চারশ পার করে নিউজিল্যান্ড। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট নেন ওয়াসিম। একটি করে শিকার হাসান, হারিস রউফ ও ইফিতখারের।

    ১০ ওভারে ৯০ রান দিয়ে উইকেট শূন্য ছিলেন শাহিন। দলের পক্ষে সেরা ছিলেন ওয়াসিম জুনিয়র। ৬০ রানে ৩ উইকেট নেন তিনি।

    এখন ৪০২ রানের জয়ের লক্ষ্যে ব্যাটিং শুরু করবে পাকিস্তান।

  • টস হেরে ব্যাটিং করছে অস্ট্রেলিয়া

    টস হেরে ব্যাটিং করছে অস্ট্রেলিয়া

    www.HelloBangla.News – খেলাধুলা  –  ৪ নভেম্বর, ২০২৩: আজ বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে অংশ নিয়েছে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। গতবারের চাম্পিয়ন ইংল্যান্ড এবার রীতিমত বিধ্বস্ত অবস্থায়। ইতিমধ্যে সেমিফাইনাল থেরে ছিটকে পড়েছে । অন্যদিকে সেমিফাইনাল খেলার স্বপ্ন দেখছে অস্ট্রেলিয়ার।

    সেই রাস্তা খুব একটা কঠিন না তাদের জন্য। এমন ফুরফুরে মেজাজে থেকেই আজ চিরপ্রতিন্দ্বন্দ্বীদের মুখোমুখি হয়েছে তারা।

    আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ইংল্যান্ড। এই মাঠে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হেরেছিল ইংলিশ। তবে সেবার আগে ব্যাট করেছিল। এবার পরে ব্যাট করে ভাগ্য বদলাতে পারবে কি না তা সময়ই বলে দেবে।

    অস্ট্রেলিয়া একাদশ: ডেভিড ওয়ার্নার, ট্রাভিস হেড, স্টিভেন স্মিথ, মার্নাস লাবুশেন, জশ ইংলিস, মার্কাস স্টইনিস, ক্যামেরন গ্রিন, প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা, জশ হ্যাজেলউড।

    ইংল্যান্ড একাদশ: জনি বেয়ারস্টো, ডেভিড মালান, জো রুট, বেন স্টোকস, জস বাটলার, মঈন আলী, লিয়াম লিভিংস্টোন, ক্রিস ওকস, ডেভিড উইলি, আদিল রশিদ, মার্ক উড।

  • জেল হত্যা দিবসে জাতির পিতা ও জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা

    জেল হত্যা দিবসে জাতির পিতা ও জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা

    www.HelloBangla.News – জাতীয় – ০৩ নভেম্বর, ২০২৩: আজ ৩ নভেম্বর কলঙ্কজনক জেল হত্যা দিবস। দিবসটি উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা জানিয়েছে আওয়ামী লীগসহ সহযোগী ও অঙ্গসংগঠনগুলো।

    দিবসটি উপলক্ষে আজ শুক্রবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ৭টায় ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনের সামনে রক্ষিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়।

    বাংলাদেশের ইতিহাসে ৩ নভেম্বর কলঙ্কময় ও বেদনাবিধুর একটি দিন। রাষ্ট্রের নিরাপদ প্রকোষ্ঠে জাতীয় চার নেতা হত্যার দিনটি ‘জেল হত্যা দিবস’ হিসেবে পালিত হয়ে আসছে।

    ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করার পর ৩ নভেম্বর তার ঘনিষ্ঠ চার সহকর্মী সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, এম মনসুর আলী ও এ এইচ এম কামরুজ্জামানকে কারাগারের নিরাপদ প্রকোষ্ঠে নির্মমভাবে হত্যা করা হয়।

    দিনটি উপলক্ষে সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে ধানমন্ডিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। পরে তিনি আওয়ামী লীগের পক্ষ থেকে দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে সাথে নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।

    এর পর সকাল ৮টায় দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে নিয়ে ওবায়দুল কাদের যান বনানী কবরস্থানে। সেখানে প্রথমে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এবং পরে আওয়ামী লীগের পক্ষ থেকে সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, ক্যাপ্টেন এম. মনসুর আলীর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। রাজশাহীতে কামারুজ্জামানের কবরেও শ্রদ্ধা নিবেদন করা হয়। শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি ফাতেহা পাঠ, মিলাদ ও মোনাজাতেও অংশ নেন দলের নেতাকর্মীরা।

    ওবায়দুল কাদেরের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদনের সময় দলের সভাপতিমন্ডলীর সদস্য কর্নেল (অব.) ফারুক খান, শাহজাহান খান, অ্যাডভোকেট কামরুল ইসলাম, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন ও  জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, মির্জা আজম, শফিউল আলম চৌধুরী নাদেল ও সুজিত রায় নন্দী, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুর, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল, তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ, আন্তর্জাতিক সম্পাদক ড. শাম্মী আহমদ, বন ও পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেন, উপ-দপ্তর সম্পাদক সায়েম খান প্রমুখ উপস্থিত ছিলেন।

    এছাড়া ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ, কৃষক লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ, ছাত্রলীগসহ বিভিন্ন সামাজিক সংগঠন বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়।

    দিনের কর্মসূচির শুরুতে ভোরে বঙ্গবন্ধু ভবন ও দলের কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশে সংগঠনের বিভিন্ন কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত করা হয়; উত্তোলন করা হয় কালো পতাকা।

    সূত্র: বাসস

  • বিএনপি-জামায়াত নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে: প্রধানমন্ত্রী

    বিএনপি-জামায়াত নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে: প্রধানমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় –  ৩ নভেম্বর, ২০২৩: প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, বিএনপি-জামায়াত নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। তিনি বলেন, “আওয়ামী লীগের প্রত্যেকটি নেতা-কর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং মানুষের ভোটের অধিকার যা অনেক সংগ্রামের মধ্যদিয়ে অর্জিত সেই অধিকার যাতে নিশ্চিত থাকে, মানুষ যেন তার ভোট শান্তিপূর্ণভাবে দিতে পারে- সেই পরিবেশ রাখতে হবে।”

    প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জেলহত্যা দিবস উপলক্ষ্যে বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজিত স্মরণসভায় সভাপতির ভাষণে এসব কথা বলেন।

    বিএনপি-জামায়াত নির্বাচন বানচাল করার জন্য ষড়যন্ত্র করছে উল্লেখ করে তিনি বলেন, নির্বাচন বানচাল করার ষড়যন্ত্রের পিছনে অনেকের হাত রয়েছে এবং তারা অনেক উপায়ে চেষ্টা করবে। তিনি বলেন, আমাদের শক্তি হচ্ছে বাংলাদেশের জনগণ।

    নির্বাচনে আসলে ক্ষমতায় যেতে পারবেনা ভেবে নেতৃত্ববিহীন দল বিএনপি সারাদেশে সন্ত্রাস-নৈরাজ্য-জ্বালাও-পোড়াও করতে মেতে উঠেছে উল্লেখ করে সরকার প্রধান আগুন সন্ত্রাসী ও নৈরাজ্য সৃষ্টিকারিদের ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করার জন্য জনগণের প্রতি আহ্বান জানান।

    প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতা যে আদর্শ নিয়ে দেশ স্বাধীন করেছেন, জাতীয় চারনেতা জীবন দিয়েছেন, স্ইে আদর্শ নিয়েই বাংলাদেশ এগিয়ে যাবে। ঐ সমস্ত দুস্কৃতিকারি কয়েকজনের লাফালাফি এদেশে কোনদিনও নির্বাচন বানচাল করতে পারবেনা। এই দেশের মানুষের ভাগ্য নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবেনা।

    তিনি বলেন, ওরা জানে (বিএনপি) যে নির্বাচন করলে ক্ষমতায় আসতে পারবেনা। ২০০৮ সালের নির্বাচনে তারা ৩শ’ সিটের মধ্যে  মাত্র ৩০টি সিট পেয়েছিল। আর ওদের অপকর্মের জন্য মানুষতো আরো ওদের প্রতি বিমুখ।

    প্রধানমন্ত্রী বলেন, বিএনপি আসলে সিট পাবেনা দেখে নির্বাচন করবে কিনা সন্দেহ। আর নির্বাচনে আসলেও আসবে ঐ নমিনেশন বাণিজ্য করার জন্য।

    শেখ হাসিনা বলেন, তারা নির্বাচন কাকে নিয়ে করবে?  নির্বাচন করলে ওদের নেতা কে? কাকে প্রধানমন্ত্রী করবে? কাকে দিয়ে মন্ত্রিসভা করবে? বিএনপির চেয়ারপার্সন (খালেদা জিয়া) এতিমের অর্থআত্মসাতের মামলায় সাজাপ্রাপ্ত। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ১০ ট্রাক অস্ত্র মামলার সাজাপ্রাপ্ত, মানি লন্ডারিংয়ের মামলায় সাজাপ্রাপ্ত এবং ২১ আগষ্ট গ্রেনেড হামলার দায়ে সাজাপ্রাপ্ত পলাতক আসামী। সে তত্ত্বাবধায়ক সরকারের সময় আর রাজনীতি করবেনা বলে মুচলেখা দিয়ে দেশ থেকে পালিয়ে যায়। শোনা যায়, লন্ডনে বসে জুয়া খেলে নাকি কোটি কোটি পাউন্ড কামাই করে। এটাই তার সোর্স অব ইনকাম। আর সেখানে বসে তাঁর করে দেওয়া ডিজিটাল বাংলাদেশের সুযোগ নিয়ে জ¦ালাও পোড়াওয়ের নির্দেশ দেয়।

    প্রধানমন্ত্রী বলেন, আজকে বিএনপি’র অগ্নিসন্ত্রাসে তাদের বীভৎস চেহারা রেরিয়ে এসেছে। তারা পিটিয়ে পিটিয়ে পুলিশ হত্যা করে। একজন নিরীহ পুলিশ সে চাকরি করছে, তার কি অপরাধ ছিল যে তাকে ঐ অমানবিকভাবে হত্যা করলো? এটা শুধু একবারই নয়, ২০১৩ সালে, ২০১৪ সালে নির্বাচন বানচালের জন্য এবং ২০১৫ সালেও একই ঘটনা তারা ঘটিয়েছে। কিন্তু তারপরেও নির্বাচন থামাতে পারে নাই।

    সরকার প্রধান বলেন, হাজার হাজার মানুষ হত্যা, মানুষকে আগুনে পোড়ানো, যানবাহন,স্কুল-অফিস-আদালত, রেল, লঞ্চ, গাছ ধ্বংস, রাস্তা কেটে একটা ধ্বংসযজ্ঞ চালিয়েছিল। এই বাংলাদেশের জনগণ যখন প্রতিরোধ করেছে তখনই তারা থেমেছে। তিনি বলেন, আজকেও আমি বলবো এখন সময় এসে গেছে এই অগ্নি সন্ত্রাসী যে যেখনেই থাকুক, যারাই এভাবে আগুন দেবে, জনগণের ওপর অত্যাচার করবে এবং গাড়ি-বাস-ট্রাক সহ যানবাহনে আগুন দেবে, সাথে সাথে তাদের প্রতিরোধ করতে হবে। তিনি আরো বলেন, এখানে কারো ওপর নির্ভর করলে হবেনা। জনগণকেই এগিয়ে আসতে হবে। অগ্নিসন্ত্রাস যারা করে, তাদের ধরে যে হাতে আগুন দেয় ওই হাত পুড়িয়ে দিতে হবে। যেমন কুকুর তেমন মুগুর। তা না হলে তাদের শিক্ষা হবে না।

    প্রধানমন্ত্রী বলেন, শুধু এই ঢাকা শহর নয়, প্রত্যেক এলাকায় এই প্রতিরোধ গড়তে হবে। যেখানেই তারা অগ্নিসন্ত্রাস করবে সেই এলাকায় কত বিএনপি বা জামায়াত আছে খুঁজে বের করতে হবে। সন্ত্রাসীদের ধরিয়ে দিতে হবে। আর মানুষের জানমালের যেন ক্ষতি করতে না পারে তাদেরকে সুরক্ষা দিতে হবে, এটাই আওয়ামী লীগের দায়িত্ব। কারণ আমাদের আর কিছু নাই, আমাদের কোন মুরুব্বি নাই। আমাদের আছে বাংলাদেশের জনগণ। সেই জনগণ নিয়েই আমাদের চলতে হবে।

    দ্রব্যমূল্য নিয়ে নানাভাবে চক্রান্ত হচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সব কিছুর উৎপাদন বেড়েছে তাহলে কীসের অভাব হবে। এগুলির পেছনে কারা আছে? মজুদ করে রেখে  দেবে কিন্তু বাজারে আনবে না। না এনে দাম বাড়িয়ে সরকারের বিরুদ্ধে কথা বলবে। মালপত্র থাকা সত্ত্বেও বাজারে না এনে যারা জনগণের পকেট কাটার চেষ্টা করে এদের খুঁজে বের করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। উৎপাদন এতটুকু কমেনি। সবকিছুর উৎপাদন বেড়েছে। আন্তর্জাতিক বাজার থেকে অতিরিক্ত দাম দিয়ে আমরা কিনে নিয়ে আসছি। কিন্তু সেটা মানুষের কাছে পৌঁছাবে না কেন?

    ফিলিস্তিন ইস্যুতে বিএনপির অবস্থানের সমালোচনা করে শেখ হাসিনা বলেন, ফিলিস্তিনে আজ কী হচ্ছে? হাসপাতালে বোমা মেরেছে। আর এখানে কী দেখলাম এই বিএনপি জামায়াত পুলিশ হাসপাতালে আগুন দেয়, অ্যাম্বুলেন্স পোড়ায়। ভাংচুর করে। এরা কোথা থেকে কী শিক্ষা পাচ্ছে? সেটাই আমাদের প্রশ্ন। ফিলিস্তিনে জনগণের ওপর যখন অত্যাচার আমরা তাদের পাশে দাঁড়িয়েছি। কিন্তু এদের (বিএনপি) মুখে একটাও কথা নেই। তারা কী একটা প্রতিবাদ করেছে? করেনি। তাহলে কাদের তাবেদারী তারা করে? কাদের পদলেহন করে লাফালাফি করে সেটাই প্রশ্ন?

    ৩রা নভেম্বরের শহীদ জাতীয় চারনেতার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে শেখ হাসিনা বলেন, আসুন আজকের দিনে সকলে মিলে এই প্রতিজ্ঞা করি যে রক্ত দিয়ে লাখো শহীদ আমাদের স্বাধীনতা এনে দিয়েছেন সেই লাখো শহীদ এবং আমাদের লাখো নির্যাতিতা মা-বোন, ৭৫ এ জাতির পিতা ও বঙ্গমাতা সহ সকল শহীদ, দেশের সকল গণ আন্দোলনের শহীদ এবং অগ্নিসন্ত্রাসে নিহত ও নির্যাতিতদের কথা স্মরণে রেখে শপথ নিয়ে জনগণের ভোটের অধিকার নিশ্চিত করে সুষ্ঠু নির্বাচন করে দেশে গণতান্ত্রিক ধারাটা অব্যাহত রাখার প্রচেষ্টা গ্রহণ করি। যাতে এই দেশের অগ্রযাত্রা আর কেউ ব্যাহত করতে না পারে।

    আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, দলের সভাপতি মন্ডলীর সদস্য শাজাহান খান, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম ও তাজউদ্দিন আহমেদের কন্যা সিমিন হোসেন রিমি, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, দলের কার্যনির্বাহী সদস্য এবং হবিগঞ্চ জেলা পরিষদ চেয়ারম্যান ডা. মুশফিক হোসেন চৌধুরী, সৈয়দ নজরুল ইসলাম কন্যা ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি, ঢাকা মহানগর আওয়ামী লীগ দক্ষিণ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মান্নাফী ও উত্তর সভাপতি শেখ বজলুর রহমান অনুষ্ঠানে বক্তৃতা করেন।

    দলের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ এবং উপপ্রচার সম্পাদক সৈয়দ আব্দুল আউয়াল শামীম স্মরণসভাটি সঞ্চালনা করেন। অনুষ্ঠানের শুরুতে শহীদদের স্মরণে সকলে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করেন।

    সূত্র: বাসস

  • সাম্প্রদায়িক শক্তির সবচেয়ে নির্ভরযোগ্য ঠিকানা হচ্ছে বিএনপি: সেতুমন্ত্রী

    সাম্প্রদায়িক শক্তির সবচেয়ে নির্ভরযোগ্য ঠিকানা হচ্ছে বিএনপি: সেতুমন্ত্রী

    www.HelloBangla.News – রাজনীতি – ০৩ নভেম্বর, ২০২৩: সাম্প্রদায়িক শক্তির সবচেয়ে নির্ভরযোগ্য ঠিকানা হচ্ছে বিএনপি বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘এরাই জাতির প্রধান দুশমন। এ দেশের গণতন্ত্র, মুক্তিযুদ্ধ, স্বাধীনতাকে নিরাপদ করতে বিএনপির নেতৃত্বে সাম্প্রদায়িক অপশক্তিকে প্রতিহত করতে হবে, পরাজিত করতে হবে।’

    সেতুমন্ত্রী আরও বলেন, ‘বিএনপির কিছু ভাড়া করা লোক আছে, তাদের দলের ভিতরে ট্রেনিংপ্রাপ্ত কিছু দুষ্কৃতকারী আছে, যাদের দিয়ে বাস পোড়াবে, বাসে আগুন দেবে, ভাঙচুর করবে, এসব অপকর্ম করার জন্য অবরোধ ডাকা হয়েছে।’

    আজ (শুক্রবার) জেলহত্যা দিবস উপলক্ষে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

    সেতুমন্ত্রী বলেন, সেদিন বিএনপি ২৪ জন সাংবাদিকের ওপর নৃশংসভাবে হামলা করেছিল, কিভাবে একজন পুলিশ সদস্যকে হত্যা করেছিল, হাসপাতালে হামলা চালিয়েছিল, প্রধান বিচারপতির বাড়িতে হামলা চালানো হয়েছিল। পার্কিং করা বাসে হেলপার শুয়েছিল, ঘুমন্ত হেলপারকে গাড়িসহ পুড়িয়ে দেওয়া হয়। এসব অপকর্মের যারা নেতৃত্ব দিয়েছে তাদের আটক করা কি দমনমূলক? অপরাধ করলে বিচার হবে না?

    তিনি আরও বলেন, ‘তারা আরও অবরোধ দিক। গতবারের অবরোধ রয়ে গেছে। এখনো প্রত্যাহার করার কোনো লক্ষণ নেই। এরা টায়ার্ড হয়ে গেছে। জেলে না হয়, পালিয়ে হিন্দি সিরিয়াল দেখবে।’

    ওবায়দুল কাদের বলেন, আমাদের আজ প্রশ্ন, এটা জাতির বিবেকেরও প্রশ্ন, বাংলার মাটিতে এই হত্যা, ষড়যন্ত্র, এই রাজনীতির শেষ কোথায়? আমাদের কাছে মনে হয়, ’৭৫ থেকে যে হত্যাকাণ্ড, সব হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে একাত্তরের পরাজয়ের প্রতিশোধ হিসেবে। সেই পরাজিত শক্তি বারবার জাতির মর্মমূল, জাতির চেতনায় বারবার আঘাত হেনে চলছে। এরা সাম্প্রদায়িক বিষবাষ্প সরাচ্ছে। আজ তারা শেল্টার পেয়েছে। এদের বিশ্বস্ত ঠিকানা হচ্ছে বিএনপি।

    আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ১৯৭৫-এর ১৫ আগস্ট এবং ৩ নভেম্বর যেসব ঘটনা ঘটেছে সেগুলো কোনো স্বাভাবিক মৃত্যু নয়৷ ১৫ আগস্ট এবং ৩ নভেম্বর একই সূত্রে গাথা, একটি ষড়যন্ত্রের ধারাবাহিকতা।

    এরআগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে আওয়ামী লীগ।

  • গাজা শহর ঘিরে ফেলেছে ইসরায়েলি বাহিনী

    গাজা শহর ঘিরে ফেলেছে ইসরায়েলি বাহিনী

    www.HelloBangla.News – আন্তর্জাতিক – ০৩ নভেম্বর, ২০২৩: গাজা শহর চারপাশ থেকে ঘিরে ফেলেছে ইসরায়েলি বাহিনী। গাজা উপত্যকার উত্তরাঞ্চলে হামাস যোদ্ধাদের সঙ্গে ভয়াবহ যুদ্ধ চালিয়ে যাওয়ার মধ্যেই এই খবর এসেছে। যে কোনো মুহূর্তেই গাজায় চূড়ান্ত অভিযান চালাবে দখলদার সেনারা।

    ইসরায়েলের সামরিক বাহিনীর মুখপাত্র দানিয়েল হাগারি সাংবাদিকদের বলেন, হামাসের কেন্দ্র গাজা সিটি ঘিরে ফেলার কাজ পুরোপুরি শেষ করেছি আমরা। গতকাল বৃহস্পতিবার (২ নভেম্বর) এ তথ্য জানিয়েছে দানিয়েল।

    ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েছেন।

    এক্সে দেওয়া এক পোস্টে নেতানিয়াহু লেখেন, ‘আমরা যুদ্ধের সর্বোচ্চ পর্যায়ে আছি। আমরা বেশ ভালো সাফল্য পেয়েছি এবং গাজার উপকণ্ঠ পার করে ভেতরে প্রবেশ করেছি। আমরা এগিয়ে যাচ্ছি। ’

    এজন্য সাধারণ ফিলিস্তিনিদের গাজার উত্তর দিক থেকে দক্ষিণ দিকে সরে যেতে সতর্ক করেছেন নেতানিয়াহু।

    তিনি বলেছেন, ‘আমি বেসামরিক নাগরিকদের বলছি। আপনারা সরে যান। দক্ষিণ দিকে চলে যান। কারণ হামাসকে দমনের অভিযানে আমরা থামব না। ’

    কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরা বলছে, শুক্রবার ভোর থেকেই গাজায় মারাত্মক বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল।

    ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, তারা গাজা শহরকে ঘিরে রেখেছে এবং হামাসকে কোণঠাসা করে দিচ্ছে।

    ইসরায়েলের একজন মুখপাত্র বলেছেন, আন্তর্জাতিক চাপ সত্ত্বেও যুদ্ধবিরতির কোনো খবর আপাতত তাদের সিদ্ধান্তের তালিকায় নেই।

    এদিকে আজ শুক্রবার (৩ নভেম্বর) এক প্রতিবেদনে বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, গাজা সিটি বর্তমানে ইসরায়েলের আক্রমণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। ইসরায়েল সেখানে হামাসের কমান্ড কাঠামোকে ধ্বংস করার অঙ্গীকার করেছে এবং বেসামরিক ফিলিস্তিনিদের ভূখণ্ডের দক্ষিণ অংশে পালিয়ে যেতে বলেছে।

    গাজার এক বাসিন্দা রয়টার্সকে বলেছেন, গাজা শহটিকে কেন্দ্র করে বিরামহীন বোমা হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। যে কোনো সময় তাদের স্থল সেনারা গাজায় ঢুকে পড়বে। যদিও হামাসের তুমুল প্রতিরোধে ইসরায়েলিরা এখনও গাজা সিটির ভেতর ঢুকতে পারেনি।

    গত ৭ অক্টোবর থেকে শুরু হওয়া হামাস-ইসরায়েল যুদ্ধে এখন পর্যন্ত কমপক্ষে ৯ হাজার ৬১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। ইসরায়েলে ১ হাজার ৪০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। স্থল আক্রমণের শুরু থেকে ১৯ সেনাও নিহত হয়েছে ইসরায়েলের।

  • শ্রীলঙ্কাকে ৩০২ রানে হারিয়ে ভারত সেমিফাইনালে

    শ্রীলঙ্কাকে ৩০২ রানে হারিয়ে ভারত সেমিফাইনালে

    www.HelloBangla.News – খেলাধুলা – ০৩ নভেম্বর, ২০২৩: এবারের বিশ্বকাপে শক্তিশালী দলগুলোর মধ্যে অন্যতম ভারত।এখনও দলটি একটি খেলাতেও হারেনি।তেবে শ্রীলঙ্কা এত রানের ব্যবধানে রাহরবে সেটা কেউ ভাবেনি।কিন্তু তাই হয়েছে ওয়ানডে বিশ্বকাপে নিজেদের সপ্তম ম্যাচে আজ ভারত ৩০২ রানের বড় ব্যবধানে হারিয়েছে শ্রীলঙ্কাকে। রান বিবেচনায় বিশ্বকাপ ইতিহাসে এটি দ্বিতীয় বড় জয়।

    এই জয়ে লিগ পর্বে ২ ম্যাচ বাকী থাকতে ৭ খেলায় অংশ নিয়ে সবগুলোতে জিতে ১৪ পয়ন্ট নিয়ে টেবিলের শীর্ষে উঠে সেমির টিকিট নিশ্চিত করেছে ভারত। ৭ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের সপ্তমস্থানে আছে শ্রীলংকা।

    তিন ব্যাটারের হাফ-সেঞ্চুরির উপর ভর করে প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৮ উইকেটে ৩৫৭ রান করে স্বাগতিক ভারত। শুভমান গিল ৯২, বিরাট কোহলি ৮৮ ও শ্রেয়াস আইয়ার ৮২ রান করেন। শ্রীলংকার বাঁ-হাতি পেসার দিলশান মাদুশঙ্কা ১০ ওভারে ৮০ রানে ৫ উইকেট নেন। জবাবে মোহাম্মদ সামির আগুন বোলিংয়ে ১৯ দশমিক ৪ ওভারে ৫৫ রানে অলআউট হয় শ্রীলংকা। বিশ্বকাপে এটিই সর্বনিম্ন রান শ্রীলংকার। ১৮ রানে ৫ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন সামি।

    মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস জিতে প্রথমে ভারতকে ব্যাটিংয়ে পাঠায় শ্রীলঙ্কা। ইনিংসের প্রথম বলেই বাউন্ডারি মারেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। পরের ডেলিভারিতে  পেসার দিলশান মাদুশঙ্কার বলে বোল্ড হন ৪ রান করা রোহিত। এই বিশ্বকাপে প্রথম ওভারে আউট হওয়া পঞ্চম ব্যাটার হলেন রোহিত।

    তারপর শ্রীলঙ্কার বোলারদের উপর চোড়াও হয় ভারত।৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে করে ৩৫৭ রান।

    শ্রীলংকার শেষ ব্যাটার মাদুশঙ্কাকে ৫ রানে বিদায় দেন জাদেজা। এতে ১৯ দশমিক ৪ ওভারে ৫৫ রানে অলআউট হয় লংকানরা। গত সেপ্টেম্বর এশিয়া কাপের ফাইনালে ভারতের বিপক্ষে প্রথমে ব্যাট করে ১৫ দশমিক ২ ওভারে ৫০ রানে অলআউট হয়েছিলো শ্রীলঙ্কা।জয়ের জন্য ৩৫৭ রানের লক্ষে খেলতে নেমে ৫৫ রানে অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা।

    এ ম্যাচে শ্রীলংকার পক্ষে সর্বোচ্চ ১৪ রান করেন রাজিথা। ভারতের সামি ৫ ওভারে ১৮ রানে ৫ উইকেট নেন তিনি। ৯৭ ম্যাচের ওয়ানডেতে চতুর্থবারের মত ও এবারের বিশ্বকাপে দ্বিতীয়বারের মত ইনিংসে ৫ উইকেট নিলেন সামি। এতে বিশ্বকাপ ইতিহাসে ভারতের পক্ষে সর্বোচ্চ ৪৫ উইকেটের মালিক এখন সামি। বিশ্বকাপে সর্বোচ্চ ৩বার ইনিংসে পাঁচ উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার মিচেল স্টার্কের রেকর্ড স্পর্শ করলেন  সামি। এছাড়া সিরাজ ৩টি, বুমরাহ-জাদেজা ১টি করে উইকেট নেন।

    সংক্ষিপ্ত স্কোর :

    ভারত : ৩৫৭/৪, ৫০ ওভার (গিল ৯২, কোহলি ৮৮, মাদুশঙ্কা ৫/৮০)।

    শ্রীলংকা : ৫৫/১০, ১৯.৪ ওভার (রাজিথা ১৪, ম্যাথুজ ১২, সামি ৫/১৮)।

  • শিল্পকলার আয়োজনে উদ্বোধনী দিনে পরিবেশিত হয় যাত্রাপালা ‘স্মার্ট বাংলাদেশ’

    শিল্পকলার আয়োজনে উদ্বোধনী দিনে পরিবেশিত হয় যাত্রাপালা ‘স্মার্ট বাংলাদেশ’

    www.HelloBangla.News – বিনোদন – ০৩ নভেম্বর, ২০২৩: লোক ঐতিহ্যের এক সমৃদ্ধ রুপায়ব যাত্রাপালা। ঐতিহ্য, চিন্তা, মূল্যবোধকে ধারণ করেই যাত্রাপালার বিস্তার। আবহমান বাংলার চিরায়ত লোকসংস্কৃতির অন্যতম শাখা যাত্রাপালা বরাবরই গণমানুষের সংস্কৃতি হিসেবে বিবেচিত। তৃণমূল মানুষের অন্তরে বাস্তবিক উন্নয়নের এক দর্পন স্বরুপ কাজ করে যাত্রাপালা।

    বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে শুরু হলো ১৯ দিনব্যাপী যাত্রাপালা উৎসবের। গতকাল ০২রা নভেম্বর সন্ধ্যা ৬.০০ টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির উন্মুক্ত প্রাঙ্গণে উদ্বোধনী আয়োজন অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধনী দিনে পরিবেশিত হয় যাত্রাপালা ‘স্মার্ট বাংলাদেশ’ও আরও দুইটি পরিবেশনা।

    শিল্পকলায় পরিবেশিত হয় যাত্রাপালা ‘স্মার্ট বাংলাদেশ’ - বিনোদন - ০৩ - নভেম্বর ২০২৩ (থ)_1
    শিল্পকলায় পরিবেশিত হয় যাত্রাপালা ‘স্মার্ট বাংলাদেশ’ – বিনোদন – ০৩ – নভেম্বর ২০২৩ (থ)_1

    দলগুলোর সাথে সর্বসাধারণকে সম্পৃক্ত ও অনুপ্রাণিত করতে বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে দেশব্যাপী ১২০ টি যাত্রাদলের পরিবেশনায় ৪২টি জেলায় অনুষ্ঠিত হবে ‘গণজাগরণের যাত্রাপালা উৎসব’ । আগামী ০৬ নভেম্বর ২০২৩ পর্যন্ত ১৫টি যাত্রাদলের অংশগ্রহণে যাত্রাপালা পরিবেশিত হবে বাংলাদেশ শিল্পকলা একাডেমির উন্মুক্ত প্রাঙ্গণে। উদ্বোধনী আয়োজনে আলোচনা পর্ব শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন একাডেমির সচিব জনাব সালাহউদ্দিন আহাম্মদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব কে এম খালেদ এমপি।

    তিনি বলেন- ‘গ্রামে নতুন ধান ওঠার পরই এই যাত্রা আয়োজনের ধুম পড়তো। সেই মিউজিক, ডায়লগ, এটিই যাত্রার আদি ধারা। তবে গ্রামে গঞ্জে এখন যাত্রায় কিছুটা অশ্লীলতা চলে আসে, অস্বীকার করার উপায় নেই। এখন টাকা দিয়ে কেউ যাত্রা দেখতে চায় না। তাহলে দলগুলো চলবে কিভাবে?’

    এ উৎসব আয়োজনের জন্য একাডেমির মহাপরিচালককে কৃতজ্ঞতা জানিয়ে প্রতিমন্ত্রী বলেন -‘যাত্রার মুল আয়োজনের কারিগর তিনি। তিনি শিল্পের সবচক্ষেত্রেই কাজ করছেন। বাংলাদেশ শিল্পকলা একাডেমি আছে বলেই সংস্কৃতির চর্চা চলছে। ১২০ টি দলকে একত্রিত করে তাদের পালা করার জায়গা করে দেয়া এটা বিশাল বড় বিষয়”।

    বাংলাদেশ শিল্পকলা একাডেমির এই উৎসব আয়োজনের জন্য প্রসংশা করে তিনি বলেন ‘আমরা পরের বছর প্রত্যেক জেলায়  ৪৯২ টি উপজেলায় যাত্রা উৎসবের আয়োজন করবো, সংস্কৃতি মন্ত্রণালয় অবশ্যই পাশে থাকবে।” তিনি আরো বলেন- “এই সরকার ক্ষমতায় না আসলে আবার মৌলবাদীরা আসবে, তারা আবার সংস্কৃতিকে ধ্বংস করবে।” বক্তব্য শেষে প্রধান অতিথি হিসেবে যাত্রা উৎসবের উদ্বোধন ঘোষণা করেন তিনি।

    অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে শুরুতেই একাডেমির মহাপরিচালক জনাব লিয়াকত আলী লাকী, ঢাকায় ০৫ দিনের যাত্রাপালা ১ দিন বাড়ানোর ঘোষণা দেন। তিনি বলেন- বঙ্গবন্ধুর কারাবাস নিয়ে ‘নি:সঙ্গ লড়াই’ যাত্রাপালা ৭ নভেম্বর সমাপনী দিনে অনুষ্ঠিত হবে।

    সন্তানদের নিয়ে যাত্রা পালা দেখার আহ্বান জানিয়ে তিনি বলেন- ‘আপনারা সন্তানদের নিয়ে আসেন, লোক সংস্কৃতির এই আদি ধারা দেখে তারা বড় হয়ে অন্তত বলতে পারবে যে আমার বাবার সাথে যাত্রাপালা দেখেছি। বাংলাদেশের যাত্রাপালা সারা বিশ্বের মধ্যে এই একটাই ফর্ম। এই ফর্মে আর কোথাও যাত্রাপালা হয় না। সংস্কৃতির এই ধারা রক্ষা করতে অবশ্যয়  সরকারকে সহযোগিতা করতে হবে। বাংলাদেশ শিল্পকলা একাডেমির মাধ্যম প্রায় ২০০শতাধিক যাত্রা দল নিবন্ধিত হয়েছে। আমরা তাদের নিয়ে কাজ করে যাচ্ছি। জেলায় জেলায় গ্রামে গ্রামে যাত্রাপালার আয়োজন করতে হবে, জনপ্রতিনিধিদের সম্পৃক্ত হতে হবে, স্থানীয় সরকারের বিভিন্ন দপ্তরকে যুক্ত হতে হবে তাহলেই এই যাত্রা আগের জৌলুস নিয়ে আবার ঘুরে দাঁড়াবে।”

    আলোচক হিসেবে উপস্থিত অতিথিও বাংলাদেশ শিল্পকলা একাডেমির এই উদ্যোগের প্রসংশা করেন। তারা বলেন- “লোকসংস্কৃতির যত মাধ্যম আছে তার মধ্যে অন্যতম যাত্রাপালা। যারা যাত্রাপালা দেখেন তাদেরও বিবেক চর্চা হয়। এক্ষেত্রে শিল্পকলা একাডেমির এই আয়োজন নি:সন্দেহে প্রসংশনীয়”।

    বাংলাদেশ শিল্পকলা একাডেমি নানাভাবেই যাত্রাশিল্পের উন্নয়নে কাজ করে যাচ্ছে। দুটি রেপাটরি যাত্রা নির্মাণ ছাড়াও ইশা খাঁ নামে বাংলাদেশে প্রথম ভিন্ন ধারা প্রত্ন যাত্রা নির্মাণ করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি।

    আজ ০২ নভেম্বর ২০২৩ বৃহস্পতিবার উৎসবের উদ্বোধনী আয়োজনে শুরুতেই যাত্রাদল লোকনাট্য গোষ্ঠীর পরিবেশনায় যাত্রাপালা ‘স্মার্ট বাংলাদেশ’ পরিবেশিত হয়। এরপর যাত্রাদল জ্যোতি অপেরা পরিবেশন করে যাত্রাপালা ‘জননীর স্বপ্নপূরণ’ এবং যাত্রাদল বাংলার বাণী অপেরা পরিবেশন করে যাত্রাপালা ‘জাগো মানুষ জাগাও দেশ’।

  • সাংবাদিকদের উপর নির্যাতনের ঘটনা খুবই ন্যক্কারজনক: প্রধানমন্ত্রী

    সাংবাদিকদের উপর নির্যাতনের ঘটনা খুবই ন্যক্কারজনক: প্রধানমন্ত্রী

    www.HelloBangla.News –  জাতীয় –  ২ নভেম্বর, ২০২৩: সাংবাদিকদের উপর নির্যাতনের ঘটনা খুবই ন্যক্কারজন, বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিন আরও বলেন, যারা এ ধরনের ঘটনাটি ঘটিয়েছে, সাংবাদিকদের ওপর হামলা করে তাদের আহত করেছে, পুলিশকে হত্যা করেছে, তাদের ওপর আক্রমণ করেছে, শাস্তি এদের পেতেই হবে।

    আজ বৃহস্পতিবার (২ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

    প্রধানমন্ত্রী বলেন, ‘আজকের এই অনুষ্ঠানে আসতে পেরে অত্যন্ত আনন্দিত। করোনা শুরু হওয়ার পর বাইরে যাওয়া একবারে বন্ধ ছিল। সাক্ষাৎকার বন্ধ ছিল। মনে হয় এখনো একটা বড় জেলে বন্দি। আজ আসতে পেরেছি, সেজন্য শুকরিয়া।’

    তিনি বলেন, ‘বিজয়ী জাতি হিসেবে বিশ্বে মাথা উঁচু করে যেন দাঁড়াতে পারে, এটাই ছিল বঙ্গবন্ধুর লক্ষ্য। জাতির পিতার সেই লক্ষ্য বাস্তবায়ন করার লক্ষ্য নিয়ে আমি দেশে ফিরে আসি। তিন বছর সাত মাস তিনি সময় পেয়েছিলেন। যুদ্ধবিধ্বস্ত দেশকে তিনি স্বল্পোন্নত দেশে পরিণত করতে চেয়েছিলেন।’

    শেখ হাসিনা বলেন, ‘আমাদের দেশের সাংবাদিক এবং কলাকৌশলীসহ মানুষের কর্মসংস্থান যাতে ব্যাপকহারে হয় তার জন্য বেসরকারি খাত উন্মুক্ত করে দিই। আমাদের একটি মাত্র টেলিভিশন ছিল। যারা সরকারের থাকত তাদেরই অধীন ছিল। কে আমার গুণগান গাইল, কে আমার গুণগান গাইল না, সেটা আমি দেখি না। আমি সব কিছু মুক্ত করে দিই। ২০০৯ সালে যখন আমরা সরকারে আসি তখন তথ্য অধিকার আইন প্রণয়ন করি। তথ্য কমিশন গঠন করি, অনলাইন গণমাধ্যম নীতিমালা প্রণয়ন করি।’

    তিনি বলেন, ‘আমাদের দেশে মানুষ যত বেশি, ‘সংবাদপত্রও তত বেশি। অনেক উন্নত দেশ কিংবা ধনী দেশেও এত সংবাদপত্র নেই। বর্তমানে আমাদের পত্রিকার সংখ্যা ৩২৪১টি। অনুমোদিত নিউজ পোর্টাল রয়েছে ৩৮৭টি। বাংলাদেশ টেলিভিশনের পাশাপাশি ৩৩টি টেলিভিশন সম্প্রচারে রয়েছে।’

    টেলিভিশন মালিকদের উদ্দেশ করে সরকারপ্রধান কলেন, ‘টেলিভিশনের মালিকরা কিন্তু টেলিভিশন চালাচ্ছে। এত সহজ করে দিলাম মালিকরা কেন কল্যাণ ট্রাস্টে অনুদান দেয় না, সেটাই আমার প্রশ্ন। কয়েকজন দিয়েছে কিন্তু বেশির ভাগ মালিকই দেয়নি। সেটা হিসাব করা যায়– কারা দিল, কারা দেয়নি। না দিলে বন্ধ করে দিতে পারি, সেটা করতে চাই না।’

    আন্তর্জাতিক মহলের সমালোচনা করে শেখ হাসিনা বলেন, ‘আন্তর্জাতিক পর্যায়ে যারা আছেন—সামান্য ঘটনা হলেও বড় বড় বিবৃতি দেন; তারা এখন কোথায়? তাদের তো এখন আমরা দেখি না, সুশীল বাবুরা এখন কোথায়?’

    সম্মেলনে সভাপতিত্ব করেন বিএফইউজে সভাপতি ওমর ফারুক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। সম্মেলন সঞ্চালনা করেন বিএফইউজে মহাসচিব দীপ আজাদ।

  • ২০২৪ সালের হজের জন্য দুটি প্যাকেজ ঘোষণা করেছে সরকার

    ২০২৪ সালের হজের জন্য দুটি প্যাকেজ ঘোষণা করেছে সরকার

    www.HelloBangla.News –  জাতীয় –  ২ নভেম্বর, ২০২৩: সরকারি ব্যবস্থাপনায় ২০২৪ সালের হজের জন্য দুটি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাধারণ প্যাকেজে খরচ পড়বে ৫ লাখ ৭৮ হাজার ৮৪০ টাকা, যা গত বছরের তুলনায় ৯২ হাজার ৪৫০ টাকা কম।

    এবার একটি বিশেষ প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এই হজ প্যাকেজে খরচ পড়বে ৯ লাখ ৩৬ হাজার ৩২০ টাকা।

    ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান আজ বৃহস্পতিবার (২ নভেম্বর) সচিবালয়ে সংবাদ সম্মেলনে হজ প্যাকেজ-২০২৪ ঘোষণা করেন। সংবাদ সম্মেলনে ধর্মসচিব মু. আ. হামিদ জমাদ্দার, হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) সভাপতি এম. শাহাদাত হোসাইন তসলিমসহ মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    বিশেষ হজ প্যাকেজের বৈশিষ্ট্য নিয়ে ধর্ম প্রতিমন্ত্রী জানান, এতে প্যাকেজ আপগ্রেডেশন, অতিরিক্ত অর্থ দিয়ে মক্কার হোটেলে ২ ও ৩ সিটের রুমের সুবিধা, মক্কায় হারাম শরিফের চত্বর থেকে সর্বোচ্চ ৮০০ মিটারের মধ্যে উন্নতমানের হোটেলের ব্যবস্থা, মদিনায় মারকাজিয়া এলাকায় আবাসন ব্যবস্থা, এক রুমে সর্বোচ্চ চার সিট, মিনায় ‘এ’ ক্যাটাগরির তাঁবুতে আবাসন ও বুফে খাবার ব্যবস্থা এবং মিনা-আরফাহ মুজদালিফা-মিনায় যাতায়াতে প্রত্যেক হজযাত্রীর জন্য বাসে সিট নিশ্চিত করা হবে।

    সংবাদ সম্মেলনে জানানো হয়, ১৪৪৫ হিজরি ৯ জিলহজ চাঁদ দেখা সাপেক্ষে ২০২৪ সালের ১৬ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে। ২০২৪ সালে হজযাত্রীর কোটা ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন। সরকারি মাধ্যমের কোটা ১০ হাজার ১৯৮ জন এবং বেসরকারি এজেন্সির কোটা ১ লাখ ১৭ হাজার।

    সরকারি মাধ্যমের হজ প্যাকেজের বৈশিষ্ট্য নিয়ে প্রতিমন্ত্রী জানান, সাশ্রয়ী মূল্যে সরকারি ও বেসরকারি মাধ্যমের সাধারণ প্যাকেজ, সরকারি ও বেসরকারি উভয় মাধ্যমের সাধারণ প্যাকেজের মূল্য এবং সুযোগ-সুবিধা সমান, প্রতি রুমে সর্বোচ্চ ৬ সিট থাকবে, প্যাকেজ আপগ্রেডেশনের সুবিধায় অতিরিক্ত অর্থ দিয়ে মক্কার হোটেলে ২ ও ৩ সিটের রুম নেওয়া যাবে।

    সরকারি মাধ্যমের সাধারণ প্যাকেজ মূল্যের সাথে সামঞ্জস্য রেখে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) বেসরকারি মাধ্যমের হজযাত্রীদের জন্য হজ প্যাকেজ ঘোষণা করবে এবং হজযাত্রীদের জন্য অনুরূপ সুযোগ-সুবিধা নিশ্চিত করবে। উন্নতমানের বাড়ি এবং অন্যান্য সুযোগ-সুবিধা বৃদ্ধির মাধ্যমে এজেন্সি একাধিক প্যাকেজ ঘোষণা করতে পারবে।

    প্রতিমন্ত্রী জানান, সাধারণ প্যাকেজের ব্যয় ২০২৩ সালের হজের চেয়ে ৯২ হাজার ৪৫০ টাকা কমানো হয়েছে এবং বিমানভাড়া ২ হাজার ৯৯৭ টাকা কমিয়ে ১ লাখ ৯৪ হাজার ৮০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

    হাব সভাপতি জানান, সরকারি ব্যবস্থাপনার সঙ্গে সামঞ্জস্য রেখে বেসরকারি প্যাকেজ ঘোষণা করা হবে। আগামী রবিবার সংবাদ সম্মেলনে তা ঘোষণা করা হবে।

    সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, দ্রুত বিজ্ঞপ্তি প্রচারের মাধ্যমে হজযাত্রীর নিবন্ধন কার্যক্রম শুরু করা হবে। ২০২৪ সালের ১ মার্চ থেকে হজ ভিসা ইস্যু শুরু হবে এবং ৯ মে হজ ফ্লাইট শুরু হবে।