www.HelloBangla.News – আন্তর্জাতিক – ১ নভেম্বর, ২০২৩: ফিলিস্তিনি ভূখন্ডের গাজার একটি শরণার্থী শিবিরে ইসরায়েলি বোমাবর্ষণে গতকাল মঙ্গলবার কমপক্ষে ৫০ জন নিহত হয়েছে। এই তথ্য দিয়েছে হামাস পরিচালিত গাজা উপত্যকার স্বাস্থ্য মন্ত্রণালয়। ইসরায়েলি বাহিনী এ হামলার ঘটনা নিশ্চিত করে বলেছে, এক জঙ্গি কমান্ডারকে লক্ষ্য করে তারা এ হামলা চালিয়েছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ‘উত্তর গাজা উপত্যকার জাবালিয়া শিবিরে একটি বিশাল এলাকা লক্ষ্য করে ইসরায়েলি হামলায় ৫০ জনেরও বেশি শহীদ এবং প্রায় ১৫০ জন আহত এবং ধ্বংসস্তুপের নিচে অনেক মানুষ আটকা পড়ে আছে।’
ঘটনাস্থলের ভিডিও ফুটেজে দেখা গেছে, ঘনবসতিপূর্ণ ক্যাম্পের বেশ কয়েকটি বাড়িতে হামলার পর ধ্বংসস্তুপ থেকে অন্তত ৪৭টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
কয়েক ডজন দর্শককে দু’টি বিস্তীর্ণ গর্তের কিনারায় দাঁড়িয়ে থাকতে দেখা যায়। লোকরা তখন জীবিতদের উদ্ধার ও অনুসন্ধান কাজ করছিল।
কয়েক ঘন্টা পরে ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, তারা জাবালিয়া ক্যাম্পকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। হামাসের প্রধান কমান্ডার ইব্রাহিম বিয়ারিকে হত্যা করেছে।
ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, ‘এই হামলায় এলাকায় হামাসের কমান্ড এবং নিয়ন্ত্রণকে ক্ষতিগ্রস্ত করেছে। সেই সাথে গাজা উপত্যকা জুড়ে পরিচালিত আইডিএফ সৈন্যদের বিরুদ্ধে সামরিক কার্যকলাপ পরিচালনা করার ক্ষমতা খর্ব হয়েছে।
এদিকে গতকাল মার্কিন কংগ্রেসের একটি শুনানিতে হাজির হয়ে বিক্ষোভ দেখিয়েছেন যুদ্ধবিরোধী বিক্ষোভকারীরা। এসময় তারা গাজায় যুদ্ধবিরতির দাবি জানান এবং ফিলিস্তিনিদের বিরুদ্ধে যুদ্ধে মার্কিন অর্থায়ন বন্ধের দাবি তোলেন। বিক্ষোভকারীদের কারণে সামরিক সহায়তা নিয়ে মার্কিন কংগ্রেসের সিনেট অ্যাপ্রোপ্রিয়েশন কমিটির গতকালের শুনানি বারবার বাধাগ্রস্ত হয়।
গাজা উপত্যকায় নির্বিচার হামলার কারণে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়া। অন্যদিকে তাদের প্রতিবেশী কলম্বিয়া এবং চিলিও ইসরায়েল থেকে রাষ্ট্রদূতদের প্রত্যাহার করেছে।
দক্ষিণ আমেরিকার এই তিনটি দেশ গাজায় ইসরায়েলের হামলা এবং ফিলিস্তিনি নাগরিকদের মৃত্যুর নিন্দা জানিয়েছে।










