পুলিশের ওপর হামলাকারী এবং নাশকতাকারীদের গ্রেপ্তার করা হবে: আইজিপি

নাশকতাকারীদের গ্রেপ্তার করা হবে আইজিপি - জাতীয় - ০১ নভেম্বর ২০২৩ (ফাইল ছবি)
নাশকতাকারীদের গ্রেপ্তার করা হবে আইজিপি - জাতীয় - ০১ নভেম্বর ২০২৩ (ফাইল ছবি)

www.HelloBangla.News –  জাতীয় –  ১ নভেম্বর, ২০২৩: গত ২৮ অক্টোবর বিএনপির সমাবেশে অনেক পুলিশ সদস্যের ওপর হামলা চালানো হয়েছে। তাদের অনেকে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন, বলে জানিয়েছেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।

তিনি বলেন, আমরা তাদের (বিএনপি) শান্তিপূর্ণ সমাবেশে অনুমতি দিয়েছিলাম। তবে তারা প্রধান বিচারপতির বাসভবনে হামলা চালায়। এমনকি পুলিশকে পিটিয়ে হত্যা করে। শান্তিপূর্ণ সমাবেশের নামে তারা পুলিশের ওপর হামলা করে অনেক পুলিশ সদস্যদের আহত করেছে।

আজ বুধবার (১ নভেম্বর) সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে বিএনপির মহাসমাবেশে হামলায় আহত পুলিশ সদস্যদের দেখে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন আইজিপি।

আইজিপি বলেন, আহত বেশ কয়েকজন পুলিশ সদস্য এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। তারা (বিএনপি) মহাসমাবেশে যোগ দেওয়ার আগেই বাসে অগ্নিসংযোগ করেছে। ঘটনার সঙ্গে যেসব দুষ্কৃতকারীরা জড়িত তাদের প্রত্যেককেই গ্রেপ্তার করা হবে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের কথিত উপদেষ্টা এবং একজন সাবেক সেনা কর্মকর্তাকে গ্রেপ্তারের প্রসঙ্গে তিনি বলেন, ‘তাদের পেছনে কারা জড়িত আছে সে বিষয় নিয়ে গোয়েন্দারা কাজ করছে। এটি  তদন্তাধীন বিষয়। তাই  মন্তব্য করতে চাই না।’

আইজিপি আরও বলেন, ‘সাংবাদিকরা আমাদের সঙ্গে জীবনের বাজি রেখে দায়িত্ব পালন করছেন। তাদেরকেও টার্গেট করে হামলা চালানো হচ্ছে। তারা যে অপরাধ করছে সাংবাদিকদের মাধ্যমে সেটি তাদের বিরুদ্ধে চলে যাবে সেজন্য তারা সাংবাদিকদের ওপরে হামলা চালায়।’

এর আগে ২৮ অক্টোবর বিএনপির সমাবেশকে কেন্দ্র করে ঢাকাসহ দেশের বিভিন্নস্থানে নাশকতা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে এক পুলিশ নিহত এবং ৪১ জন আহত হয়।

এই সময় উপস্থিত ছিলেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা।

পূর্ববর্তী বাংলাদেশকে হারিয়ে সেমির দৌড়ে টিকে থাকলো পাকিস্তান
পরবর্তী শর্তহীনভাবে যারা সংলাপে আসবেন তাদের স্বাগত জানাব: স্বরাষ্ট্রমন্ত্রী