সাংবিধানিক বাধ্যবাধকতার অংশ হিসেবে যথাসময়ে নির্বাচন হবে: সিইসি

যথাসময়ে নির্বাচন হবে সিইসি - জাতীয় - ৩১ অক্টোবর ২০২৩ (ফাইল ছবি)
যথাসময়ে নির্বাচন হবে সিইসি - জাতীয় - ৩১ অক্টোবর ২০২৩ (ফাইল ছবি)

www.HelloBangla.News – জাতীয় – ৩১ অক্টোবর, ২০২৩: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, নির্বাচন যথাসময়ে হবে। এ ব্যাপারে আমরা দৃঢ়প্রতিজ্ঞ। সিইসি আরও বলেন, ইসির হাতে কোনো অপশন (বিকল্প) নেই। ইসিকে সাংবিধানিক বাধ্যবাধকতার অংশ হিসেবে যথাসময়ে নির্বাচন করতে হবে।

আজ মঙ্গলবার (৩১ অক্টোবর) নির্বাচন ভবনে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, দলগুলো এককভাবে বা অ্যালায়েন্সের (জোট) মাধ্যমে অংশ নিতে পারে। তবে দৃঢ়ভাবে আমরা এগিয়ে যাচ্ছি, পরিস্থিতি অনুকূল বা প্রতিকূল হোক।

কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘নির্বাচন অনুষ্ঠানের জন্য আমরা দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছি। অনেক সময় নির্বাচনের অনুকূল বা প্রতিকূল পরিবেশ নিয়ে কথা ওঠে। এগুলো খুবই অর্থবহ। নির্বাচনের জন্য অনুকূল হোক বা প্রতিকূল হোক, আমাদের প্রত্যাশা হলো এবং আমরা শেষ পর্যন্ত প্রত্যাশা করি, বেশির ভাগ রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করে পরিবেশ অনুকূল করে তুলবে।’

তিনি বলেন, ‘পিটার হাস বিশ্বাস করেন সংলাপের মাধ্যমে রাজনৈতিক সমাধান সম্ভব। কথাটা আমরাও বলে এসেছি এবং বিশ্বাস করি। রাস্তায় শক্তি প্রদর্শনের মাধ্যমে সমস্যার সমাধান হবে বলে আমরা মনে করি না। পিটার হাসও তাই বলেছেন। তিনি বলেছেন, রাজনৈতিক দলগুলোকে এক টেবিলে বসে চা-চক্রের মাধ্যমে সমস্যার সমাধান করতে হবে। পিটার হাসও সবাইকে আহ্বান করবেন, সংলাপের মাধ্যমে বিরাজমান রাজনৈতিক পরিস্থিতির সমাধান হবে।’

পূর্ববর্তী একনেকের সভায় ৩৭টি প্রকল্পের অনুমোদন
পরবর্তী আগামীকাল শাহরুখের ৫৮ তম জন্মদিন