Author: Hello Bangla News

  • মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি

    মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি

    ঢাকা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগসহ নীলফামারী  জেলার উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। গত ১০ এপ্রিল থেকে শুরু হওয়া তাপ প্রবাহ আরো পাঁচদিন অব্যাহত থাকবে।

    সারাদেশে টানা মৃদু থেকে মাঝারী তাপ প্রবাহে বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। রোজায় দীর্ঘ সময় পানি না খাওয়া অবস্থায় প্রচুর ঘাম হলে শরীরে পানি শূন্যতা তৈরি হতে পারে। হতে পারে হিট স্ট্রোক। এ অবস্থায় জরুরী প্রয়োজন ছাড়া ঘরের বাইরে যাওয়া থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞগণ।

    আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগসহ নীলফামারী  জেলার উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। গত ১০ এপ্রিল থেকে শুরু হওয়া তাপ প্রবাহ আরো পাঁচদিন অব্যাহত থাকবে।

    বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে বলা হয়েছে, আগামী ৭২ ঘন্টায় মৃদু থেকে মাঝারি ধরনের এই তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। এসময়ে বৃষ্টির সম্ভাবনা নেই।

  • মুশফিক-তাইজুল টেস্ট র‍্যাঙ্কিংয়ে ক্যারিয়ার সেরা অবস্থানে

    মুশফিক-তাইজুল টেস্ট র‍্যাঙ্কিংয়ে ক্যারিয়ার সেরা অবস্থানে

    টেস্ট র‌্যাঙ্কিংয়ে ক্যারিয়ার সেরা অবস্থানে উঠে এসেছেন বাংলাদেশ জাতীয় দলের অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম। মিডল অর্ডারের এই ব্যাটার টেস্ট র‌্যাঙ্কিংয়ে পাঁচ ধাপ এগিয়ে ১৭তম অবস্থানে উঠেছেন।

    প্রথম ইনিংসে ১২৬ আর দ্বিতীয় ইনিংসে অপরাজিত ৫১—আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টে দুই ইনিংসেই ছন্দে ছিলেন মুশফিকুর রহিম। একই ম্যাচে বল হাতে তাইজুল ইসলাম নিয়েছিলেন যথাক্রমে ৫ ও ৪টি করে মোট ৯ উইকেট।

    এছাড়া তিন ধাপ এগিয়ে টেস্ট র‌্যাঙ্কিংয়ে সেরা ২০-এ ঢুকেছেন বাঁ-হাতি স্পিনার তাইজুল ইসলাম। ক্যারিয়ার সেরা অবস্থানে উঠেছেন তিনিও।

    মিরপুর টেস্টে আইরিশদের বিপক্ষে নৈপুণ্যের ফলে দুজনেরই রেটিং বেড়েছে। উঠে গেছেন ক্যারিয়ার–সেরা টেস্ট র‍্যাঙ্কিংয়েও। ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে মুশফিক ১৭ নম্বরে, বোলারদের র‍্যাঙ্কিংয়ে তাইজুল ২০ নম্বরে।

    আইসিসির হালনাগাদ র‍্যাঙ্কিংয়ে এই তথ্য জানানো হয়েছে।

    আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টের সিরিজে দারুণ ব্যাটিং করেছেন মুশফিকুর রহিম। দলকে জয় এনে দিতে প্রথম ইনিংসে তিনি ১২৬ রানের ইনিংস খেলেন। দ্বিতীয় ইনিংসে ফিফটি তুলে নেন। যে কারণে টেস্ট র‌্যাঙ্কিংয়ে সুফল পেয়েছেন তিনি।

    তাইজুল ইসলাম দুই ইনিংসে নয় উইকেট নিয়েছেন। প্রথম ইনিংসে পাঁচটি ও দ্বিতীয় ইনিংসে চার উইকেট নেন তিনি।

    টেস্ট র‌্যাঙ্কিংয়ে ব্যাটার হিসেবে বাংলাদেশের মধ্যে সেরা অবস্থানে আছেন লিটন দাস। দুই ধাপ পেছালেও তিনি ১৬তম অবস্থানে আছেন। বোলিং র‌্যাঙ্কিংয়ে দেশের সেরা তাইজুল। দ্বিতীয় সেরা সাকিব আল হাসান (২৬)। এছাড়া বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে তিনে আছেন।

  • জাতীয় ও আন্তর্জাতিকভাবে ষড়যন্ত্র চালানো হচ্ছেঃ প্রধানমন্ত্রী

    জাতীয় ও আন্তর্জাতিকভাবে ষড়যন্ত্র চালানো হচ্ছেঃ প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা তাঁর দলের নেতাদের আগামী জাতীয় নির্বাচনের আগে দলকে আরও শক্তিশালী করার পাশাপাশি যে কোনো ধরনের দেশি-বিদেশি ষড়যন্ত্রের বিরুদ্ধে সতর্ক থাকতে বলেছেন।

    তিনি বলেন, ‘জাতীয় ও আন্তর্জাতিকভাবে ষড়যন্ত্র চালানো হচ্ছে। অনেকেই এমন গতিতে একটি দেশের অগ্রগতি চায় না-তাই, তারা বাংলাদেশের বিরুদ্ধে কাজ করছে।’ আওয়ামী লীগের সারা দেশের জেলা শাখার নেতা-কর্মীরা আজ গণভবনে তাঁর সঙ্গে দেখা করতে গেলে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

    এ সময় সকল ষড়যন্ত্র মোকাবিলা কওে দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।

    তিনি বলেন, তাঁর সরকার ২০০৯ সাল থেকে টানা তিন মেয়াদে দেশ ও জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে। আওয়ামী লীগ সরকারের কঠোর পরিশ্রমের কারণে দারিদ্র্যের হার ২০০৬ সালের ৪১ শতাংশ থেকে ২০২৩ সালে ১৮ দশমিক ৭ শতাংশে নেমে এসেছে এবং অতি-দরিদ্রের হার ২৫ শতাংশ থেকে ৫ দশমিক ৬ শতাংশে নেমে এসেছে।

    তিনি বলেন, তাঁর সরকার দ্রুততম সময়ে দারিদ্র্যের হার আরও দুই বা তিন শতাংশ কমিয়ে আনার প্রচেষ্টাকে আরও গতিশীল করবে।

    শেখ হাসিনা বলেন, ‘বাংলাদেশে কোন অতি-দারিদ্রতা থাকবে না।’ তিনি আরো বলেন, তাঁর সরকার বিনা খরচে বাড়ি প্রদান, স্বাস্থ্যসেবা পরিষেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেয়া এবং দেশবাসীর অবস্থার পরিবর্তনের জন্য শিক্ষার হার বৃদ্ধিসহ সবকিছুই করছে।

    আওয়ামী লীগ সভাপতি বলেন, তাঁর দল ক্ষমতায় এলে জনগণের ভাগ্যের পরিবর্তন হয়।
    জাতীয় নির্বাচন দরজায় কড়া নাড়ছে উল্লেখ করে তিনি আওয়ামী লীগকে আরও শক্তিশালী করে জনগণের কল্যাণে আরও সম্মিলিতভাবে কাজ করার জন্য দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।
    তিনি বলেন, আমরা চাই আওয়ামী লীগের সংগঠন আরও শক্তিশালী হোক।

    জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশ স্বাধীন করেছেন-উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, তাই আমরা বঙ্গবন্ধুর আদর্শে দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছি।

    আওয়ামী লীগ সভাপতি দলীয় নেতা কর্মীদের স্মরণ করিয়ে দেন যে- দেশ ও জনগণের কল্যাণে নিজেদের উৎসর্গ করতে হবে। কারণ, বিএনপি ও জাতীয় পার্টির মতো রাজনৈতিক দলগুলো সামরিক স্বৈরশাসকের পকেট থেকে গঠিত হয়েছিল।

    শেখ হাসিনা বলেন, বিএনপি ও জাতীয় পার্টির মতো দল মাটি ও মানুষের দল নয়।

    গত ১৪ বছওে দেশের সার্বিক উন্নয়নের সংক্ষিপ্ত বিবরণ দিয়ে তিনি বলেন, অবকাঠামোগত উন্নয়ন, স্বাস্থ্যসেবা, শিক্ষা ও বাসস্থানের মতো প্রতিটি খাতে বাংলাদেশ ব্যাপক উন্নয়ন প্রত্যক্ষ করেছে।
    পদ্মা সেতুর সুফল দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষ পেলেও বাংলাদেশের ব্যাপক উন্নয়ন   দেখতে পাচ্ছেন না বলে প্রধানমন্ত্রী বিএনপি নেতা ও তাদের সমমনাদের কঠোর সমালোচনা করেন।
    তিনি আরো বলেন, ‘তারা কোনো উন্নয়ন দেখছে না। তারা প্রতিদিনই এমন কি রমজানের দিনেও উচ্চকণ্ঠে মিথ্যা কথা বলছে। কেন তারা এমন করছে- আমি তা বুঝতে পারছি না’ বলেন প্রধানমন্ত্রী।
    আওয়ামী লীগ সভানেত্রী বলেন, তাঁর সরকার জনগণের জন্য কাজ করেছে আর এ কারণেই জনগণ তাঁর দলকে ভোট দিয়েছে। তিনি বলেন, ‘আওয়ামী লীগের ক্ষমতায় যাওয়ার জন্য কোনো ভোট কারচুপির প্রয়োজন নেই কারণ তারা সবসময় জনগণের  সেবা করে তাদের আস্থা অর্জন করে ক্ষমতায় আসে। আওয়ামী লীগ কখনোই ভোট ছাড়া ক্ষমতায় আসে না।’

    তিনি বলেন, যারা নির্বাচনের কথা বলছে, তারা বন্দুকের মুখে ক্ষমতায় এসেছে।

    প্রধানমন্ত্রী বলেন, ‘তাই, জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে।’

    তিনি ২০০৮ সালের জাতীয় নির্বাচনের কথা উল্লেখ করে বলেন, ২০০৮ সালের নির্বাচন নিয়ে কেউ প্রশ্ন তোলেনি, এ নির্বাচনে বিএনপি পেয়েছিল ২৯ আসন।

    শেখ হাসিনা আরো বলেন, ‘বিএনপি এখনও তাদের আগের অবস্থানে অটলরয়েছে। অথচ দেশ ও জনগণের উন্নয়নে কাজ করে আওয়ামী লীগ তার অবস্থানকে আরও এগিয়ে নিয়ে গেছে।

    প্রধানমন্ত্রী বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্টের ভয়াল রাতে বাবা-মা, ভাইসহ সর্বস্ব হারানোর পর তিনি দেশবাসীকে নিজের কাছের মানুষ ভেবে তাদের জন্য কাজ করছেন।

    তিনি বলেন, ‘বাংলাদেশের জনগণই আমার পরিবার। আমি যা কিছু করেছি-তা মানুষের জন্য করেছি।’
    সবকিছু হারিয়ে দেশে ফিওে আসার পর আশ্রয় দেয়ায় প্রধানমন্ত্রী দেশবাসী ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের ধন্যবাদ জানান।

    প্রধানমন্ত্রী বলেন, ‘আপনারা (দলের লোকজন) আমার পাশে থাকলে আমি জনগণের জন্য কাজ করতে পারবো।’

    সূত্রঃ বাসস

  • ঘরে বসেই টাইপিং এ দক্ষতা অর্জন

    ঘরে বসেই টাইপিং এ দক্ষতা অর্জন

    আপনার বাসায় যদি কম্পিউটার থাকে তাহলে স্বল্প সময়েই  টাইপিং এ দক্ষ হতে পারবেন। কী-বোর্ডে না তাকিয়ে শুধু স্ক্রীনে তাকিয়েই লিখে যেতে পারবেন অনর্গল। সেজন্য আপনাকে সহজ একটি চর্চা করতে হবে।

    প্রথমে বাম হাতের কনিষ্ঠ আঙ্গুল থেকে তর্জনী আঙ্গুল পর্যন্ত কী-বোর্ডের A S D F বর্ণগুলোতে যথাক্রমে রাখুন এবং ডান হাতের কনিষ্ঠ আঙ্গুল থেকে তর্জনী আঙ্গুল পর্যন্ত কী-বোর্ডের ; L K J বর্ণগুলোর উপর যথাক্রমে রাখুন।

    এবার একটি বাক্য বারবার টাইপ করতে থাকুন। বাক্যটি হলো- The quick brown fox jumps over the lazy dog. এই বাক্যটিতে ইংরেজি সকল বর্ণমালা রয়েছে। সুতরাং, এই বাক্যটি যদি আপনি মাত্র ৫০ বার টাইপ করুন তাহলেই দেখবেন আপনার সম্পূর্ন ধারনা চলে আসবে টাইপিং এর। যতো বেশি চর্চা করবেন আপনার টাইপিং গতি বৃদ্ধি পাবে এবং হয়ে উঠবেন ততোটাই দক্ষ।

  • মুস্তাফিজকে নিয়ে ব্যাটিংয়ে দিল্লি

    মুস্তাফিজকে নিয়ে ব্যাটিংয়ে দিল্লি

    অবশেষে টানা তিন ম্যাচ বেঞ্চে বসে থাকার পর দিল্লি ক্যাপিটালসের একাদশে ফিরেছেন মুস্তাফিজুর রহমান।  বাংলাদেশি ভক্তদের অপেক্ষার অবসান হলো। টানা তিন ম্যাচ মোস্তাফিজুর রহমানকে একাদশে না দেখে হতাশা জুড়ে বসেছিল তাদের মনে। চতুর্থ ম্যাচে খুশির খবর মিললো। পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে দিল্লি ক্যাপিটালসের একাদশে বাঁহাতি কাটার মাস্টার। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) মঙ্গলবার (১১ এপ্রিল) দুদলের ম্যাচটি মাঠে গড়াবে বাংলাদেশ সময় রাত ৮টায়।

    প্রথম তিন ম্যাচেই হেরে গেছে দিল্লি। পেস নেতৃত্বে আনরিখ নর্কিয়ে হতাশ করেছেন। এবারও তিনি জায়গা ধরে রেখেছেন। তবে দক্ষিণ আফ্রিকান পেসারের সঙ্গে জুটি বাঁধবেন মোস্তাফিজ। পেসার খলিল আহমেদের বদলে দলে তিনি। এছাড়া রাইলি রুসোকে বসিয়ে ব্যাটার যশস্বী ধুলকে নিয়েছে দিল্লি, অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী অধিনায়ক প্রথমবার আইপিএল খেলছেন।

    আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ শেষ হতেই ১ এপ্রিল দিল্লি শিবিরে যোগ দেন মুস্তাফিজুর রহমান। ফ্র্যাঞ্চাইজিটির শুরুর ম্যাচ থেকে অ্যাভেইলেভেল থাকলেও তাকে মাঠে নামায়নি দিল্লি। মুম্বাইয়ের বিপক্ষে মাঠে নামার আগে দিল্লি খেলেছে মোট ৩টি ম্যাচ। সবগুলো ম্যাচেই হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে তাদেরকে। ব্যাটিংয়ে দিল্লি যতটা না ভুগেছে তার চেয়ে বেশি ভুগেছে বোলিংয়ে। যার কারণে চতুর্থ ম্যাচে বোলিংয়ে গুরুত্ব দিতে বিদেশি ব্যাটার রাইলি রুশোকে বসিয়ে মুস্তাফিজকে একাদশে নিয়েছে দিল্লি। তাতে চলতি আইপিএলে প্রথমবারের মতো মাঠে দেখা যাবে টাইগার পেসারকে। দিল্লি ক্যাপিটালস একাদশ: পৃথ্বি শ, ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), মনিশ পান্ডে, ইয়াশ দুল, রভম্যান পাওয়েল, ললিত যাদব, অক্ষর প্যাটেল, অভিষেক পোরেল, কুলদীপ যাদব, এরিখ নরকিয়া এবং মুস্তাফিজুর রহমান।

    মুম্বাই ইন্ডিয়ান্স একাদশ: রোহিত শর্মা, ইশান কিশান, ক্যামেরুন গ্রিন, সূর্যকুমার যাদব, তিলক বার্মা, নেহাল ওয়াদেরা, হৃত্তিক শোকিন, আর্শাদ খান, পিযুশ চাওলা, জ্যাসন বেহরেনড্রফ এবং রাইলি মেরেদিথ।

    অবশ্য শুরুতেই মোস্তাফিজের অ্যাকশন দেখা যাচ্ছে না। কারণ টস হেরে ব্যাটিংয়ে নামতে হচ্ছে দিল্লিকে। দুই ম্যাচ খেলে দুটিতেই হারা মুম্বাই টস জিতে বোলিং নিয়েছে।

  • ভরিতে দুই হাজার টাকা কমেছে স্বর্ণের দাম

    ভরিতে দুই হাজার টাকা কমেছে স্বর্ণের দাম

    দেশের বাজারে রেকর্ড প‌রিমাণ বেড়ে‌ ভরি প্রায় লাখ টাকা ছুঁয়েছিল স্বর্ণের দা‌ম। এবার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। ভালো মানের প্রতি ভরি স্বর্ণ ১ হাজার ৯৮৩ টাকা ক‌মিয়ে নতুন দাম নির্ধারণ করা হ‌য়ে‌ছে ৯৭ হাজার ১৬১ টাকা। এতদিন যা ছিল ৯৯ হাজার ১৪৪ টাকা।

    সোমবার (১০ এপ্রিল) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম কমেছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ জুয়েলারি সমিতি সোনার নতুন দাম নির্ধারণ করেছে, যা ১১ এপ্রিল থেকে কার্যকর করা হবে।

    নতুন মূল্য অনুযায়ী, সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেট প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম ১৯৮৩ টাকা কমিয়ে ৯৭ হাজার ১৬১ টাকা করা হয়েছে। ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম এক হাজার ৯২৪ টাকা কমিয়ে ৯২ হাজার ৭২৯ টাকা, ১৮ ক্যারেটের দাম ১৬৩৩ টাকা কমিয়ে ৭৯ হাজার ৪৯০ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ভরিতে ১ হাজার ৩৪১ টাকা কমিয়ে ৬৬ হাজার ২৫২ টাকা করা হয়েছে।

    সোনার দাম কমানো হলেও অপরিবর্তিত রাখা হয়েছে রুপার দাম। ক্যাটাগরি অনুযায়ী, ২২ ক্যারেটের রুপার দাম প্রতি ভ‌রি ১ হাজার ৭১৫ টাকা নির্ধারণ করা হয়েছে, ২১ ক্যারেটের রুপার দাম ১ হাজার ৬৩৩ টাকা, ১৮ ক্যারেটের রুপার দাম ১৪০০ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১০৫০ টাকায় অপরিবর্তিত আছে।

  • বিএনপি নির্বাচনে যাবে না, তলে তলে নির্বাচনের প্রস্তুতি: ওবায়দুল কাদের

    বিএনপি নির্বাচনে যাবে না, তলে তলে নির্বাচনের প্রস্তুতি: ওবায়দুল কাদের

    বিএনপি নির্বাচনে যাবে না মির্জা ফখরুল এমন কথা বললেও দলটিতে উকিল সাত্তারের (বিএনপি নেতা) অভাব নেই, এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।  তিনি বলেন, বিএনপির অনেক নেতা তলে তলে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে, যোগাযোগ করছে। যেটা সময় হলেই টের পাওয়া যাবে।

    তিনি বলেন, ‘বিএনপির অনেক নেতাকর্মী নির্বাচনের বিষয়ে যোগাযোগ করছেন। আপনাদের ভেতর উকিল আব্দুস সাত্তারের মতো অনেক নেতা আছেন। অনেকে নির্বাচনে অংশ নিতে পথ খুঁজছেন, তলে তলে যোগাযোগ করছেন। অপেক্ষা করুন দেখতে পাবেন।’

    আজ সোমবার বিকেলে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে তিনি এসব কথা বলেন।

    সিটি করপোরেশন নির্বাচন যথাসময়ে হলে মির্জা ফখরুলের মাথাব্যথা কেন প্রশ্ন রেখে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, কী অসুবিধা বিএনপির, তারা নির্বাচন করবে না।  অনেক নির্বাচন হয়েছে, তারা প্রকাশ্যে আসে না, কিন্তু ঘোমটা পরা প্রার্থী থাকে বিএনপির।  নির্বাচন কমিশনের অধীনে সিটি করপোরেশন নির্বাচন হবে।  কেউ আসুক আর না আসুক নির্বাচন নিয়ম অনুযায়ী অনুষ্ঠিত হবে।

    রাজনীতিতে চক্রান্ত ও ষড়যন্ত্রের নতুন খেলা শুরু হয়েছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, বিএনপি বুঝে গেছে, শেখ হাসিনার সঙ্গে নির্বাচন করে লাভ নেই।  বাংলাদেশে বিএনপি রাজনৈতিক দুর্ঘটনার পথে হাঁটছে উল্লেখ করে তিনি আরও বলেন, আওয়ামী লীগ সন্ত্রাসের রাজনীতি করে না। বিএনপির আন্দোলন বাংলাদেশের মানুষের কাছে কোনো সাড়া জাগাতে পারেনি। ভবিষ্যতেও পারবে না। উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের উপনির্বাচনে বিএনপি থেকে পদত্যাগ করা উকিল আবদুস সাত্তার ভূঁইয়া বেসরকারিভাবে জয়ী হন।

     

  • হিন্দিসহ বিদেশি চলচ্চিত্র আমদানিতে অনুমোদন

    হিন্দিসহ বিদেশি চলচ্চিত্র আমদানিতে অনুমোদন

    সম্মিলিত চলচ্চিত্র পরিষদের আবেদনের পরিপ্রেক্ষিতে শর্তসাপেক্ষে হিন্দিসহ উপমহাদেশীয় ভাষায় নির্মিত চলচ্চিত্র আমদানির বিষয়ে অনুমোদন দিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

    মঙ্গলবার (১১ এপ্রিল) এ সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়। এতে সই করেছেন চলচ্চিত্র শাখার উপসচিব সাইফুল ইসলাম।

    আদেশে বলা হয়, উপমহাদেশীয় ভাষায় নির্মিত চলচ্চিত্র আমদানি সংক্রান্ত সম্মিলিত চলচ্চিত্র পরিষদের আবেদনের পরিপ্রেক্ষিতে বাণিজ্য মন্ত্রণালয়ের মতামত চাওয়া হয়। সেখান থেকে ইতিবাচক মতামত পাওয়ার পর শর্তসাপেক্ষে বাংলাদেশি চলচ্চিত্র রপ্তানির বিপরীতে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক মুক্ত বাণিজ্য চুক্তির (সাফটা) দেশগুলো থেকে উপমহাদেশীয় ভাষায় নির্মিত চলচ্চিত্র আমদানি করার জন্য অনুমোদন দেওয়া হয়েছে।

    সেখান থেকে ইতিবাচক মতামত পাওয়ার পর আমদানি নীতি আদেশ ২০২১-২০২৪ এর ২৫ (৩৬) (গ) উপ-অনুচ্ছেদের শর্ত প্রতিপালনপূর্বক বাংলাদেশি চলচ্চিত্র রপ্তানির বিপরীতে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক মুক্তবাণিজ্য চুক্তির (সাফটা) দেশগুলো থেকে উপমহাদেশীয় ভাষায় নির্মিত চলচ্চিত্র আমদানি করার জন্য অনুমোদন দেওয়া হয়েছে।

    তবে আমদানির ক্ষেত্রে পাঁচটি শর্তারোপ করা হয়েছে। শর্তগুলো হলো- শুধু বাংলাদেশের বৈধ চলচ্চিত্র প্রযোজক, পরিবেশকরা উপমহাদেশীয় ভাষায় নির্মিত চলচ্চিত্র আমদানি করার সুযোগ পাবেন।

    উপমহাদেশীয় ভাষায় নির্মিত চলচ্চিত্র সাব-টাইটেলসহ পরীক্ষামূলক শুধু দুই বছরের জন্য রপ্তানির বিপরীতে আমদানি করার সুযোগ থাকবে। প্রথম বছর ১০টি চলচ্চিত্র রপ্তানির বিপরীতে আমদানি করতে পারবে।

    আমদানিকৃত উপমহাদেশীয় ভাষার চলচ্চিত্র প্রদর্শনের আগে অবশ্যই বাংলাদেশ ফিল্ম সেন্সর বোর্ডের সনদ গ্রহণ করতে হবে। বাংলাদেশে পবিত্র ঈদ-উল-ফিতর ও ঈদ-উল আজহা, দূর্গা পূজার সপ্তাহে উপমহাদেশীয় ভাষার কোনো চলচ্চিত্র প্রদর্শন করা যাবে না।

    এরআগে গত ১৯ ফেব্রুয়ারি সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, কিছু শর্ত জুড়ে দিয়ে দেশে ভারতীয় ছবি আমদানিতে সম্মত হয়েছে সম্মিলিত চলচ্চিত্র পরিষদ।

    আপনারা সবাই একমত হয়ে নির্দিষ্ট কিছু শর্তসাপেক্ষে ভারতীয় হিন্দি ছবি আমদানির ব্যাপারে একমত হয়েছেন। অতীতে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে আমার কাছে দাবি করা হয়েছিল ভারতীয় হিন্দি ছবি আমদানি করার জন্য৷ এটা আমি বারবার বলে এসেছি যে, সব সমিতি যদি একমত হয় (তাহলে বাস্তবায়ন সম্ভব), না হলে সেক্ষেত্রে আমরা কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে পারব না।’

    ‘কারণ অতীতে দেখা গেছে এরকম উদ্যোগ নেওয়া হয়েছিল; পরে শিল্পী সমিতি আপত্তি জানিয়েছিল। অনেক শিল্পীও আপত্তি জানিয়েছিল। সবাই একমত হলে পরে আমরা কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে পারব বলে সেটি বলেছিলাম। আপনারা একমত হয়েছেন, সবাই স্বাক্ষর করেছেন। একমত হওয়ার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই’, যোগ করেন তিনি।

    “প্রকৃতপক্ষে আমাদের দেশে সিনেমা ভালো হচ্ছে আগের তুলনায় এবং অনেক সিনেমা বক্স অফিস হিট করছে; কিন্তু এখনো প্রতি সপ্তাহে ভালোভাবে চালানোর মতো সিনেমা সব সময় হচ্ছে না, এটি বাস্তবতা।”

    মন্ত্রী বলেন, আপনারা ভেবেচিন্তে একটি প্রস্তাব দিয়েছেন যে নির্দিষ্ট সংখ্যক ভারতীয় হিন্দি ছবি যদি আমদানি হয় তাহলে অনেকে আবার হলমুখী হবে এবং বাংলা ছবি বা আমাদের ছবিও দেখতে যাবে।

  • ঈদের ছুটি ছয় দিন ৩০ রোজা হলে

    ঈদের ছুটি ছয় দিন ৩০ রোজা হলে

    ঈদুল ফিতর ও শবে কদরের মধ্যে একদিন (বৃহস্পতিবার) অফিস খোলা।  এবার ঈদের ছুটির সঙ্গে ওইদিন (২০ এপ্রিল) বাড়তি একদিন সাধারণ ছুটি ঘোষণা করে মঙ্গলবার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

    প্রজ্ঞাপনে বলা হয়, সরকার আগামী ২০ এপ্রিল (বৃহস্পতিবার) পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাধারণ ছুটি ঘোষণা করল।

    এই দিন ছুটির কারণে এবার ঈদে টানা পাঁচ বা ছয় দিনের ছুটি পাচ্ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।  রোজা ২৯টি হলে পাঁচ দিন এবং ৩০ রমজান পূর্ণ হলে ছয় দিনের ছুটি পাবেন সরকারি-কর্মকর্তারা।  শাওয়াল মাসের চাঁদ দেখার ওপর নির্ভর করছে ছয় দিনের ছুটি।

    প্রজ্ঞাপনে আরও জানানো হয়েছে, ঈদপরবর্তী সময়ে দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস রোববার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে।  শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকবে।

    এর আগে সোমবার মন্ত্রিপরিষদ সচিব বলেছিলেন, ‘এবার ২০ এপ্রিল বৃহস্পতিবার সরকারি ছুটি হিসেবে থাকবে। ১৯ এপ্রিল হলো শবে কদরের ছুটি, সেক্ষেত্রে ২০ এপ্রিল একদিন খোলা থাকে। সেক্ষেত্রে মানুষের যাতায়াত যাতে নির্বিঘ্ন হয়, মানুষের ভ্রমণটা যাতে স্মুথ হয় সেজন্য ছুটি ঘোষণা করা হয়েছে।’

    এবার রমজান মাস ২৯ দিন ধরে ২২ এপ্রিল (শনিবার) ঈদুল ফিতরের তারিখ নির্ধারণ করে ছুটির তালিকা করা হয়েছে। এক্ষেত্রে ২১ থেকে ২৩ এপ্রিল (শুক্র, শনি ও রোববার) ঈদের ছুটি থাকবে। এর আগে ১৯ এপ্রিল (বুধবার) শবে কদরের ছুটি। তবে ঈদের ছুটি শুরুর আগে ২০ এপ্রিল (বৃহস্পতিবার) অফিস খোলা। এখন ২০ এপ্রিল ছুটি ঘোষণা হওয়ায় সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ১৯ থেকে ২৩ এপ্রিল পর্যন্ত টানা পাঁচ দিনের ছুটি পাবেন। এর মধ্যে ২১ ও ২২ এপ্রিল পড়েছে সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার।

    তবে রমজান মাস ৩০ দিন হলে ঈদুল ফিতর হবে ২৩ এপ্রিল (রোববার)। সেক্ষেত্রে ছুটি একদিন বাড়বে। ২৪ এপ্রিলও (সোমবার) ছুটি থাকবে। ২০ এপ্রিল ছুটি হওয়ায় ১৯ থেকে ২৪ এপ্রিল পর্যন্ত টানা ছয় দিনের ছুটি পাবেন সরকারি চাকরিজীবীরা।

  • মিয়ানমারে ৫৩ জন নিহত হয়েছে সামরিক বাহিনীর হামলায়

    মিয়ানমারে ৫৩ জন নিহত হয়েছে সামরিক বাহিনীর হামলায়

    মিয়ানমারের সাগাইং অঞ্চলে সেনাবাহিনীর বিমান হামলায় অন্তত ৫৩ জন নিহত হয়েছে।  হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।  অভ্যুত্থানবিরোধীদের ঘাঁটি হিসেবে পরিচিত দেশটির মধ্যাঞ্চলের একটি শহরে এ হামলা চালিয়েছে জান্তা বাহিনী।  দেশটিতে চলমান সামরিক অভিযানের মধ্যে এটি সবচেয়ে প্রাণঘাতী হামলার ঘটনা।

    প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে আল-জাজিরা জানিয়েছে, ১১ এপ্রিল, মঙ্গলবার ইয়াঙ্গুন থেকে প্রায় ১১০ কিলোমিটার দূরবর্তী সাগাইং এলাকায় এ হামলার ঘটনা ঘটে।  বাসিন্দারা একটি প্রশাসনিক অফিস উদ্বোধনে জড়ো হওয়ার সময় সেখানে আকাশপথে হামলা চালানো হয়।  প্রত্যক্ষদর্শীদের বরাতে সংবামাধ্যম বিবিসি জানিয়েছে, এই হামলায় নিহতদের মধ্যে ১৫ নারী ও শিশু রয়েছে। তবে বিবিসি তাৎক্ষণিকভাবে সত্যতা যাচাই করতে পারেনি।

    থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক থেকে আলজাজিরার প্রতিবেদক টনি চেং জানান, স্থানীয় বাসিন্দারা প্রশাসনিক কার্যালয় উদ্বোধনের জন্য জড়ো হওয়ার সময় বিমান হামলার ঘটনা ঘটে। চেং বলেন, স্থানীয় সময় সকাল ৭টা ৩৫ মিনিটে জড়ো হয়েছিল বাসিন্দারা। সকালে জঙ্গিবিমান দিয়ে আক্রমণ চালায়। এরপর এমআই-৩৫ হেলিক্পটারে।

    এক উদ্ধারকারী জানিয়েছেন, হামলায় অন্তত ৪০ জন নিহত হয়েছেন। তবে মৃতের সংখ্যা আরও অনেক বাড়তে পারে। কারণ হামলাটি খুবই ভয়াবহ ছিল। নিহতরা সবাই বেসামরিক নাগরিক। তারা সামরিক বাহিনীর নিশানা হওয়ার যোগ্য ছিলেন না বলে জানিয়েছেন আল-জাজিরার সংবাদদাতা।

    ২০২১ সালে এক ক্যু-এর মাধ্যমে মিয়ানমারে ক্ষমতা দখলে নেয় সেনাবাহিনী। এরপর থেকে বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠীদের ওপর বিমান হামলার পরিমাণ বাড়িয়েছে মিয়ানমার জান্তা সরকার। সাগাইং অঞ্চলের পা জি ঘি গ্রামে বিরোধীরা সামরিক শাসনের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তুলেছে। তারা নিজেদের বাহিনী গড়েছে, সেইসঙ্গে স্কুল ও ক্লিনিকও বানিয়েছে। বিরোধীদের ঘাঁটি ধ্বংসেই এই হামলা চালানো হয়।

    তাৎক্ষণিকভাবে এ বিষয়ে মিয়ানমারের সামরিক নেতাদের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।