Author: Hello Bangla News

  • তীব্র গরমে শরীর সতেজ রাখবে তরমুজ

    তীব্র গরমে শরীর সতেজ রাখবে তরমুজ

    গরমে শরীর সতেজ রাখতে রসালো ফলমূল আর ঠান্ডা পানীয়ের দিকে ঝোঁকেন সবাই। এ সময়ে অনেকেরই প্রথম পছন্দ তরমুজ। এই ফল শরীর ঠান্ডাও করে, আবার শরীরে জলের চাহিদাও মেটায়। তরমুজে ৯২ শতাংশই জল, যা সহজেই গরমকালে ডিহাইড্রেশনের সমস্যা মেটাতে পারে। গরমে ঘেমে নেয়ে লাল টকটকে কয়েক ফালি তরমুজ কিংবা তরমুজের রস খেলেই চাঙ্গা হয়ে যায় শরীর। কিন্তু শুধুই কি শরীরের আর্দ্রতা ধরে রাখার জন্য এই ফল খাওয়া হয়? তা কিন্তু নয়। এই ফল খাওয়ার আরও অনেক কারণ রয়েছে। চলুন জেনে নেওয়া যাক, এই রসালো ফলের উপকারিতা এবং তরমুজ খাওয়ার বিভিন্ন উপায় –

    তরমুজ খাওয়ার উপকারিতা

    শরীর হাইড্রেট রাখে – তরমুজ শরীর ঠান্ডা করে এবং শরীরকে হাইড্রেট রাখতেও সাহায্য করে। এই ফলের বেশিরভাগটাই জল। এতে পটাশিয়ামের মতো ইলেক্ট্রোলাইটও রয়েছে। যে কারণে তরমুজ খেলে শরীরে জলের অভাব দূর হয়।

    হজমে সাহায্য করে – তরমুজে প্রচুর পরিমাণে ফাইবার থাকে, যা ভালো হজম এবং নিয়মিত মলত্যাগে সহায়তা করে। তাছাড়া, ফাইবার দীর্ঘক্ষণ পেট ভরা রাখে, যে কারণে অতিরিক্ত খাবার খাওয়ার সম্ভাবনা কম থাকে।

    ভিটামিন এবং খনিজ সমৃদ্ধ – এতে প্রচুর পরিমাণ ভিটামিন ও খনিজ পদার্থ রয়েছে। ভিটামিন এ, বি ৬, সি রয়েছে ভরপুর। আর এই সব গুণই ত্বক ও চোখ সুস্থ রাখে এবং রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ায়। তরমুজ রক্তচাপ নিয়ন্ত্রণেও সাহায্য করে।

    ক্যালোরি খুব কম – তরমুজে ক্যালোরির পরিমাণ খুবই কম। যে কারণে এই ফল প্রায় সকলের জন্যই স্বাস্থ্যকর। বিশেষত, যারা ওজন কমাতে চান, তাদের জন্য খুবই উপকারী তরমুজ।

    হার্ট ভালো রাখে – তরমুজে থাকা লাইকোপিন হৃদরোগের ঝুঁকি কমায়। তরমুজে সাইট্রুলিনও রয়েছে, এটি এক ধরনের অ্যামিনো অ্যাসিড, যা রক্তচাপ কমাতে সাহায্য করে।

    ক্যান্সার প্রতিরোধ করে – তরমুজে উপস্থিত সব অ্যান্টিঅক্সিড্যান্ট কোষের ক্ষয় আটকায় এবং ক্যান্সার প্রতিরোধ করে।

    তথ্যসূত্রঃ বোল্ডস্কাই

  • রমজানে দুই মসজিদে ৪ কোটি ৩০ লাখ মুসল্লির নামাজ আদায়

    রমজানে দুই মসজিদে ৪ কোটি ৩০ লাখ মুসল্লির নামাজ আদায়

    প্রায় ৪ কোটি ৩০ লাখ মুসল্লি রমজান মাসের শুরু থেকে এ পর্যন্ত ২০ দিনে ইসলাম ধর্মাবলম্বীদের দুই পবিত্র মসজিদ কাবা শরিফে ও মসজিদে নববি জিয়ারত ও নামাজ আদায় করছেন । তারমধ্যে কেবল কাবা শরিফ জিয়ারত করা মুসল্লির সংখ্যা ২ কোটি ২০ লাখেরও বেশি।

    সৌদি সরকারের কাবা শরিফ ও মসজিদে নববি বিষয়ক প্রশাসনিক দপ্তরের প্রেসিডেন্ট ডা. শেখ আবদুলরহমান বিন আবদুলাজিজ আল-সুদাইসের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সৌদির রাষ্ট্রায়ত্ত বার্তাসংস্থা সৌদি প্রেস এজেন্সি (এসপিএ)।

    আল-সুদাইস বলেন, রমজানের শুরু থেকে বিপুল পরিমাণ ওমরাহযাত্রী কাবা শরিফ জিয়ারত করতে আসছেন। রমজানের প্রথম ২০ দিনে মসজিদুল হারামে ২ কোটি ২০ লাখেরও বেশি মুসল্লি এসেছেন। ওমরাহযাত্রীদের সর্বোচ্চ সেবা নিশ্চিতে বেশ কিছু পরিকল্পনা নিয়েছে তার দপ্তর।

    সৌদিতে রমজান মাস শুরু হয়েছে ২৩ মার্চ থেকে। এসপিএকে আল-সুদাইস বলেন, রমজানের প্রথম থেকেই বিপুল পরিমাণ ওমরাহযাত্রী আসছেন কাবা শরিফ জিয়ারত করতে। তিনি আরও জানান, কাবা শরিফে নামাজ পড়তে আসা ওমরাহযাত্রীদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে বিশেষ কিছু পরিকল্পনাও নিয়েছে তার দপ্তর।

    সেই পরিকল্পনা অনুযায়ী, রমজানের প্রথম থেকেই কাবা শরিফ চত্বর ধোয়া হচ্ছে দিন অন্তত ১০ বার; আর এ কাজে নিযুক্ত করা হয়েছে চার হাজারেরও বেশি শ্রমিককে। এছাড়া বিশাল এই মসজিদটি জীবাণুমুক্ত রাখতে নিয়োগ করা হয়েছে ৭০টি কর্মীদল।

    মসজিদ চত্বর পরিষ্কার রাখার কাজে ব্যবহার করা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন রোবটও। অন্তত ১১ টি রোবটকে এ কাজে লাগানো হচ্ছে বলে এসপিএকে জানিয়েছেন আল-সুদাইস।

    এছাড়া মসজিদের প্রার্থনা হল থেকে মুসল্লিদের পার্কিং লট পর্যন্ত এগিয়ে দেওয়ার জন্য মসজিদ চত্বরে রাখা হয়েছে প্রায় ৮ হাজার গাড়ি। মুসল্লিদের মসজিদে প্রবেশ ও নির্গমনে সহায়তার জন্য ১৬০ জনেরও বেশি কর্মী সারাক্ষণ তৎপর আছেন।

    সুদাইস আরও জানান জানান, কাবা শরিফের সার্বিক রক্ষণাবেক্ষণে অন্যান্য কর্মীদের পাশপাশি রয়েছেন ৯০ জনেরও বেশি ইঞ্জিনিয়ার।

    চলতি রমজানে যতসংখ্যক মুসল্লি কাবা শরিফ জিয়ারত করেছেন, তার প্রায় সমান সংখ্যক মসুল্লি নামাজ আদায় করেছেন মদিনার মসজিদে নববিতেও। রমজানের প্রথম ২০ দিনে ২ কোটি ১০ লাখেরও বেশি মুসল্লি মসজিদে নববিতে নামাজ আদায় করছেন বলে এসপিএকে নিশ্চিত করছেন আল-সুদাইস।

    ‘রমজান মাসের হিসেবসহ গত ৯ মাসে কাবা শরিফ ও মসজিদে নববিতে নামাজ আদায়কারী মুসল্লির সংখ্যা প্রায় ১৭ কোটি,’ এসপিএকে বলেন আল সুদাইস।

    মসজিদে নববির ভেতরে ইসলাম ধর্মের প্রবর্তক হযরত মুহম্মদ (সা.)’র সমাধি রয়েছে; তার নাম আল রাওদা আল শরিফা। যদিও হজ ও ওমরাহযাত্রীদের জন্য নবীর সমাধি জিয়ারত আবশ্যিক নয়, তবে যাত্রীদের অনেকেই এ সমাধি জিয়ারত করেন।

    চলতি বছরের রমজানে লাখ লাখ মুসল্লি আল রাওদা আল শারিফা জিয়ারত করেছেন উল্লেখ করে এসপিএকে আল-সুদাইস বলেন, ‘আমরা আশা করছি, রমজান শেষ হওয়ার আগে এই সংখ্যা ১০ লাখ ছাড়িয়ে যাবে।’

  • বাঙালির সর্বজনীন উৎসব পহেলা বৈশাখ: সজীব ওয়াজেদ জয়

    বাঙালির সর্বজনীন উৎসব পহেলা বৈশাখ: সজীব ওয়াজেদ জয়

    বাংলা নববর্ষের প্রথম দিন পহেলা বৈশাখকে বাঙালির সার্বজনীন উৎসব বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

    ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে দেওয়া এক পোস্টে শুক্রবার (১৪ এপ্রিল) তিনি এ মন্তব্য করেন।

    ফেসবুক পোস্টে সজীব ওয়াজেদ জয় লিখেছেন, পৃথিবীর সব ভাষাভিত্তিক জাতির নিজস্ব সর্বজনীন উৎসব-পার্বণ রয়েছে। চীনাদের ‘চীনা নববর্ষ’, ইরান থেকে মধ্য এশিয়া পর্যন্ত ‘নওরোজ’, ইংরেজি ভাষাভাষীদের ‘ইংরেজি নববর্ষ’, ঠিক তেমনই পহেলা বৈশাখ বাঙালির সর্বজনীন উৎসব।

    পোস্টে তিনি আরও উল্লেখ করেন, নতুন বাংলা বছর বয়ে আনুক সুখ ও সমৃদ্ধি, দেশ-বিদেশে বসবাসরত সব বাংলাদেশিকে শুভ নববর্ষ, ১৪৩০।

  • নিউমার্কেট অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে

    নিউমার্কেট অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে

    আগুন লাগার ঘটনায় পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত রাজধানীর নিউ মার্কেট অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। জানিয়েছেন নিউমার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন। শনিবার দুপুরে তিনি এ কথা জানান।

    ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন বলেন, নিউমার্কেটের সার্বিক নিরাপত্তার বিষয়টি আমরা সবার আগে প্রাধান্য দিচ্ছি। সব দোকান মালিককে নিয়ে এই জায়গায় অবস্থান করছি। যতক্ষণ পর্যন্ত নিরাপত্তাব্যবস্থা পর্যাপ্ত না হবে; অর্থাৎ সম্পূর্ণভাবে আগুন না নিভবে ততক্ষণ পর্যন্ত মার্কেট খোলা হবে না। এটি সবার সঙ্গে বসেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    এছাড়াও আগুনের কারণে শনিবার সকাল থেকে আশেপাশের চাঁদনি চক, গাউছিয়া, হকার্স মার্কেট বন্ধ রয়েছে।

    এদিকে রাজধানীর বঙ্গবাজারের ভয়াবহ অগ্নিকাণ্ডের রেশ কাটতে না কাটতেই নিউমার্কেটে আগুন। ঈদের আগমুহূর্তে এসব অগ্নিকাণ্ডে ক্ষতির পরিমাণ অনেক বেশি। বারবার এসব ঘটনার পেছনে কোনো নাশকতা রয়েছে কিনা তা গোয়েন্দা সংস্থাকে খতিয়ে দেখার অনুরোধ জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন।

    আমিনুল ইসলাম বলেন, নিউ মার্কেটের সার্বিক নিরাপত্তার বিষয়টি আমরা প্রাধান্য দিচ্ছি। সব দোকান মালিকদের নিয়ে এই জায়গায় অবস্থান করছি। যতক্ষণ পর্যন্ত নিরাপত্তা ব্যবস্থা পর্যাপ্ত না হবে অর্থাৎ সম্পূর্ণভাবে আগুন না নিভবে ততক্ষণ পর্যন্ত মার্কেট খোলা হবে না। সবার সাথে বসেই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নিউমার্কেট বন্ধের ঘোষণা বলবৎ থাকবে বলেও জানান তিনি।

    আগুনে প্রায় দুই শ’ দোকান পুড়ে গেছে। প্রাথমিক হিসাব অনুযায়ী, প্রতিটি দোকানে ২০ লাখ থেকে এক কোটি টাকার মালামাল ছিল।

    গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশে প্রতিদিনই বড় বড় অগ্নিকাণ্ড ঘটছে। এ জন্য আমাদের প্রতিটি স্তরে যেমন- মার্কেট কমিটি, দোকানদার সমিতি এবং প্রতিটি দোকানির সচেতন থাকা দরকার। আমরা মার্কেট বা দোকানকে সৌন্দর্যপূর্ণ করার জন্য অনেক বড় বড় পাওয়ারের লাইভ ব্যবহার করি। প্রতিটি কিন্তু অগ্নিকাণ্ড যে কোনো জায়গা থেকে হতে পারে।

    ব্যবসায়ীদের উদ্দেশ্য ডিজি বলেন. অনেক লোক সমাগম হচ্ছে। আপনারা বেশি সতর্ক থাকবেন। বিশেষ করে দিনের বেলা থেকে রাতের বেলা বেশি সতর্ক থাকবেন। আমরা যদি সতর্ক থাকি তা হলে এসব বিস্ফোরণ, অগ্নিকাণ্ড নিরুপণ করতে পারব।

    ফায়ার সার্ভিসের ডিজি বলেন, আমরা প্রতিটি মার্কেটে যাচ্ছি, মহড়া করছি, নোটিশ দিচ্ছি, সতর্ক করছি। তার পর এ আগুন এড়ানো যাচ্ছে না। আমরা কেন সতর্ক না। সতর্ক হলে অগ্নিদুর্ঘটনা এড়ানো সম্ভব।

    সম্প্রতি একের পর এক আগুনের ঘটনা ঘটছে। যেটা এমন একটা সময় যখন ক্ষতির পরিমাণ বেশি হচ্ছে। আমি গোয়েন্দা সংস্থাকে আহ্বান করব— কোনো নাশকতা রয়েছে কিনা তা খতিয়ে দেখার জন্য।

  • নিউ সুপার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

    নিউ সুপার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

    রাজধানীর নীলক্ষেত নিউমার্কেটের নিউ সুপার মার্কেট (দ.) ভবনের আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ সকাল ৯ টা ১০ মিনিটের সময় আগুন নিয়ন্ত্রণে আনে দি লাইফ সেভিং ফোর্স। ‘দি লাইফ সেভিং ফোর্স বাহিনী’র মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

    এদিকে, আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩০টি ইউনিট একে একে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের ১২ জন ফায়ার ফাইটারসহ মোট ২৩ জন আহত হয়েছেন।  তাদেরকে উদ্বার করে ঢামেক হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।নিউ সুপার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে ১

    এদিকে, ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত ডিউটি অফিসার রাকিবুল হাসান বিষয়টি নিশ্চিত করে বাসস’কে জানান, আজ শনিবার ভোর ৫টা ৩৮ মিনিটের সময় নিউমার্কেটের নিউ সুপার মার্কেট (দ.) ভবনে আগুনের খবর জানতে পারে ফায়ার সার্ভিস। ৫টা ৪৩ মিনিটের সময় পলাশী থেকে প্রথম দ’ুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায়। এরপর একে একে হেডকোয়ার্টার থেকে ৫টি ইউনিট, পলাশী থেকে ২টি, লালবাগ-২, কল্যাণপুর-২, তেজগাঁও-৩, হাজারীবাগ-২টি, পোস্তগোলার-২টি, ডেমরা থেকে ২টি, সূত্রাপুর ১টি মোহাম্মদপুর থেকে ৩টি, খিলগাঁও-২টি এবং সদরঘাট থেকে ১টিসহ মোট ৩ টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

    প্রাথমিকভাবে আগুন লাগার কারণ, ক্ষয়ক্ষতির পরিমান এবং হতাহতদের কোন খবর জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

    ঢাকা মেডিক্যাল কলেজ ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ওসি) মো. বাচচু মিয়া বাসস’কে জানান, নীলক্ষেত নিউমার্কেটের নিউ সুপার মার্কেট (দ.) ভবনে আগুন নিয়ন্ত্রণ আনতে গিয়ে ফায়ার ফাইটারসহ মোট ২৩ জনকে চিকিৎসা দেয়া হয়েছে। তাদের মধ্যে দোকানদার ও পথচারী আছে। তারা আগুনের ধোঁয়ায় ও শ্বাসকষ্টে আহত হয়েছেন।

    এদিকে, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম সাংবাদিকদের জানান, ঢাকা নিউ মার্কেটের নিউ সুপার মার্কেট (দ.) ভবনের আগুন  নিয়ন্ত্রণে আনতে ১২ প্লাটুন বিজিবি ঘটনাস্থলে পৌঁছে কাজ করেছেন। এছাড়া ফায়ার সার্ভিসের সহায়তায় যোগ দিয়েছে পুলিশ, সেনা, নৌ ও বিমানবাহিনী, র‍্যাব ও আনসার।

    নিউ সুপার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে ২

    অপরদিকে, সকাল সোয়া ১০টার দিকে নিউমার্কেট  চার নং গেটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন জানান, প্রায় সাড়ে তিন ঘণ্টার চেষ্টার পর রাজধানীর নিউ সুপার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে, মার্কেটে দাহ্য পদার্থ থাকায় আগুন পুরোপুরি নেভাতে সময় লাগবে।
    তিনি জানান, ৯টা ১০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে। নিরাপত্তার স্বার্থে একটু দেরিতে জানানো হয়েছে।

    সূত্র- বাসস

  • অগ্নিকাণ্ড গুলো বিএনপি-জামায়াতের ষড়যন্ত্র কি না, খতিয়ে দেখার নির্দেশ প্রধানমন্ত্রীর

    অগ্নিকাণ্ড গুলো বিএনপি-জামায়াতের ষড়যন্ত্র কি না, খতিয়ে দেখার নির্দেশ প্রধানমন্ত্রীর

    প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেন, ভুলে যাবেন না বিএনপি-জামায়াতের অগ্নি সন্ত্রাসের কথা, কেউ যেন ভুলে না যায় তাদের অগ্নি সন্ত্রাস ভিন্ন রূপে বিরাজমান কিনা; ভিন্নরূপে তারা এ ধরনের কিছু করছে কিনা, এটা সবাইকে একটু নজরদারিতে রাখতে হবে।

    রাজধানীর বিভিন্ন মার্কেটে একের পর এক অগ্নিকাণ্ডে উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। একই সাথে এসব ঘটনা নাশকতা কি না তা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন সরকার প্রধান।

    তিনি বলেন, সেই অগ্নি সন্ত্রাসীরা এখন কি ভিন্ন পথ ধরল কিনা এটাই আমাদের দেখতে হবে। আগে তারা সাধারণ মানুষ পুড়িয়েছে, এখন তারা অর্থনীতিকে পঙ্গু করার পথে পা দিচ্ছে কিনা এর রহস্যটা বের করতে হবে।

    গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভা। সভাপতিত্ব করেন দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    সভায় বিভিন্ন মার্কেটে একের পর এক আগুন কেন? এ নিয়ে প্রশ্ন তুলে এগুলেঅ ষড়যন্ত্র বা নাশকতা কিনা তা খতিয়ে দেখার নির্দেশ দেন।

    দেশব্যাপী গুরুত্বপূর্ণ মার্কেটগুলোতে নজরদারিতে বাড়ানোও নির্দেশ দেন প্রধানমন্ত্রী। এসব অগ্নিকাণ্ডের সঙ্গে বিএনপি-জামায়াতের অগ্নিসন্ত্রাসের বিষয়টি জড়িত আছে কিনা তাও তদন্ত করে দেখতে বলেন।

    তিনি বলেন, “অগ্নিকাণ্ডের সঙ্গে বিএনপি-জামায়াতের অগ্নি-সন্ত্রাসের বিষয়টি জড়িত আছে কি না তাও তদন্ত করে দেখতে হবে। তারা অগ্নিকাণ্ডের মতো ঘটনা ঘটিয়ে ভিন্ন পন্থা অবলম্বন করছে কি না, তা খতিয়ে দেখতে হবে।”

    পরপর আগুন লাগা সন্দেহের কারণ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ঠিক ছয়টার পর আগুনটা লেগেছে। এটার ওপর নজরদারিটা বাড়াতে হবে, অন্যান্য মার্কেটগুলোকে সতর্ক থাকতে হবে। যদিও ফায়ার সার্ভিসের পক্ষ থেকে প্রত্যেকটা মার্কেটকে বারবার সতর্ক করা হচ্ছে। তাদের মার্কেটের যে অবস্থা সেখানে যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। কিন্তু এরপর চারটা দুর্ঘটনাকে যদি আমরা দেখি তাহলে এটা কি আদতেই আসলেই কোনো দুর্ঘটনা! নাকি এর পেছনে কোনো কারসাজি আছে?

    সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, আগামীতে কেউ যাতে এ ধরনের ঘটনা ঘটাতে না পারে, আমি শুধু ঢাকা শহরে না সারা দেশের সবাইকে সতর্ক করছি, সবাই যেন সতর্ক থাকেন।

    মার্কেটগুলোতে পাহারা জোরদার এবং নিজস্ব আগুন নেভানোর ব্যবস্থা রাখার আহ্বান জানিয়ে দোকান মালিকদের প্রধানমন্ত্রী বলেন, প্রত্যেকটা মার্কেটে যারা দোকান মালিক এবং মালিক সমিতি আছেন, তাদের আমি বলব- একটা সময় আগুন লাগছে। ওই সময়টা তাদের পাহারার ব্যবস্থা করা উচিত। তাদের প্রত্যেকের দোকানে তাদের নিজস্ব লোক রাখা দরকার, তাদের সতর্ক থাকা দরকার। আগুন লাগলে সঙ্গে সঙ্গে আগুন নেভানোর জন্য ফায়ার সার্ভিস যায়, তবে তাদের নিজস্ব ব্যবস্থাপনাও থাকতে হবে।

    কোথাও আগুন লাগলে সেখানে অহেতুক ভিড় করে কাজে বাধা সৃষ্টি না করার আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, আগুন লাগলে দেখার জন্য মানুষের ভিড় কমাতে হবে। দাঁড়িয়ে না দেখে সবাই যদি এক বালতি করে পানি নিয়ে আসে তাও তো আগুনটা নেভাতে সাহায্য হয়। সেটা না করে সবাই দেখতে আসে, সেলফি তোলে, ফটো তোলে, এটা কি ধরনের কাজ!

    যারা কাজে বাধা দেয় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, এখানে যারা কাজ করবে, কাজে যেন কেউ বাধা দিতে না পারে। আর যারা বাধা দেবে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে হবে।

    ফায়ার সার্ভিসের কাজে যারা বাধা সৃষ্টি করে তাদের সতর্ক করে শেখ হাসিনা বলেন, বঙ্গবাজারের অগ্নিকাণ্ডের পর যারা ফায়ার সার্ভিস ভেঙেছে, বঙ্গবাজারের যারা বাধা দিয়েছে, ভিডিও ফুটেজ দেখে তাদের শনাক্ত করা হচ্ছে, গ্রেফতার করা হচ্ছে, তাদের শাস্তি দেওয়া হবে।

    সবাইকে আরও বেশি সচেতন হওয়ার আহবান জানিয়ে প্রধানমন্ত্রী মার্কেট সংশ্লিষ্ট সবাইকে নিজস্ব উদ্যোগে পাহারার ব্যবস্থা করতে বলেন।

  • ঈদের আগে ৩ দিন ব্যাংক খোলা থাকবে যেসব এলাকায়

    ঈদের আগে ৩ দিন ব্যাংক খোলা থাকবে যেসব এলাকায়

    পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আগামী বৃহস্পতিবার (২০ এপ্রিল) সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার।  এর আগেরদিন বুধবার শবে কদরের ছুটি। ফলে বুধবার থেকেই শুরু হচ্ছে ঈদকেন্দ্রিক ছুটি। এসময় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে বন্ধ থাকবে সব বাণিজ্যিক ব্যাংক। তবে তৈরি পোশাকশিল্প এলাকায় শ্রমিক-কর্মচারীদের বেতন-বোনাসসহ অন্য ভাতা পরিশোধ ও রপ্তানি বিল বিক্রয়ের সুবিধার্থে ঈদের আগে তিনদিন সীমিত পরিসরে ব্যাংক খোলা থাকবে।

    পবিত্র ঈদুল ফিত‌রের আগে ১৯, ২০ ও ২১ এপ্রিল (বুধ, বৃহস্প‌তি ও শুক্রবার) সীমিত পরিসরে খোলা থাকবে বাণিজ্যিক ব্যাংক। আজ বৃহস্প‌তিবার (১৩ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অব সাইট সুপারভিশন থেকে এসংক্রান্ত নির্দেশনা জা‌রি করা হয়েছে।

    নির্দেশনায় বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয় আগামী ২০ এপ্রিল (বৃহস্পতিবার) পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাধারণ ছুটি ঘোষণা করায় তফসিলি ব্যাংকের শাখা ও উপশাখা বন্ধ থাকবে। ত‌বে আসন্ন ঈদুল ফিতরের পূর্বে তৈরি পোশাকশিল্প সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান কর্তৃক রপ্তানি বিল বিক্রয়ের এবং উক্ত শিল্পে কর্মরত শ্রমিক, কর্মচারী, কর্মকর্তাদের বেতন, বোনাসসহ অন্যান্য ভাতাদি পরিশোধের সুবিধার্থে ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে অবস্থিত তফসিলি ব্যাংকের তৈরি পোশাকশিল্প সংশ্লিষ্ট শাখাসমূহ পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে ১৯, ২০ এবং ২১ এপ্রিল সরকারি ছুটির দিন সীমিতসংখ্যক লোকবলের মাধ্যমে সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করবে।

    নির্দেশনায় আরো বলা হয়েছে, ১৯ ও ২০ এপ্রিল বুধবার ও বৃহস্প‌তিবার সকাল সা‌ড়ে ৯টা থে‌কে দুপুর ১টা পর্যন্ত লেন‌দেন হ‌বে আর অফিস চল‌বে দুপুর আড়াইটা পর্যন্ত। এর ম‌ধ্যে দুপুর ১টা ১৫ মি‌নিট থে‌কে দেড়টা পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাক‌বে।

    ২০ এপ্রিল শুক্রবার সকাল সা‌ড়ে ৯টা থে‌কে দুপুর সা‌ড়ে ১২টা পর্যন্ত লেন‌দেন হ‌বে আর অফিস চল‌বে বিকেল ৩টা পর্যন্ত। এর ম‌ধ্যে দুপুর ১টা ১৫ মি‌নিট থে‌কে দেড়টা পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাক‌বে বলেও এতে উল্লেখ করা হয়েছে।

  • উত্তর কোরিয়া বলছে সর্বশেষ পরীক্ষাটি ছিল ‘কঠিন-জ্বালানি’ আইসিবিএম: কেসিএনএ

    উত্তর কোরিয়া বলছে সর্বশেষ পরীক্ষাটি ছিল ‘কঠিন-জ্বালানি’ আইসিবিএম: কেসিএনএ

    উত্তর কোরিয়া বলেছে, তার সর্বশেষ অস্ত্র পরীক্ষাটি ছিল একটি ‘কঠিন-জ্বালানি’ আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। উত্তর কোরীয় নেতা কিম জং উন বলেছেন, এটি একটি পারমাণবিক পাল্টা হামলা চালানোর পিয়ংইয়ংয়ের সক্ষমতার বড় পদক্ষেপ। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম শুক্রবার এ কথা বলেছে।

    সরকারি বার্তা সংস্থা ‘কেসিএনএ’ এর প্রতিবেদনে জানিয়েছে নতুন ‘‘হুয়াসুং-১৮”আইসিবিএম’’ বৃহস্পতিবার কৌশলগত সামরিক শক্তির মূল উপায় হিসেবে পরীক্ষা করা হয়েছে।’
    কেসিএনএ জানিয়েছে, কিম বলেছেন,আইসিবিএম-এর উন্নয়ন ‘আমাদের কৌশলগত প্রতিরোধকে ব্যাপকভাবে পুনর্গঠিত করবে এবং আমাদের পারমাণবিক পাল্টা আক্রমণের কার্যকারিতাকে শক্তিশালী করবে।’

    সিউলের সামরিক বাহিনী বৃহস্পতিবার বলেছে, তারা একটি ‘মাঝারি পাল্লার বা তার বেশি’ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে যেটি একটি উঁচু গ্রহ নক্ষত্রের নির্দিষ্ট আবক্র পথে উৎক্ষেপণ করা হয়েছে। পিয়ংইয়ং এলাকা থেকে স্থানীয় সময় সকাল ৭:২৩ মিনিটে এটি উড়েছিল ১ হাজার কিলোমিটার ওপরে।

    পিয়ংইয়ং-এর পরিচিত সব আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রই তরল-জ্বালানিযুক্ত, এবং কঠিন-জ্বালানি আইসিবিএম যা ভূমি বা সাবমেরিন থেকে উৎক্ষেপণ করা যেতে পারে। এই পরীক্ষাটি দীর্ঘদিন ধরে কিমের পছন্দের তালিকার শীর্ষে ছিল।

    এই ধরনের ক্ষেপণাস্ত্র সংরক্ষণ এবং পরিবহন করা সহজ। উৎক্ষেপণের জন্য প্রস্তুত করা আরও স্থিতিশীল এবং দ্রুত, এবং এইভাবে আগে থেকে শনাক্ত এবং ধ্বংস করা কঠিন।

    ফেব্রুয়ারিতে পিয়ংইয়ংয়ে একটি সামরিক কুচকাওয়াজে, উত্তর কোরিয়া রেকর্ড সংখ্যক পারমাণবিক এবং আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রদর্শন করেছে। যার মধ্যে বিশ্লেষকরা সম্ভবত একটি নতুন কঠিন জ্বালানী আইসিবিএম ছিল বলে জানিয়েছিল।

    উত্তর কোরিয়া তার সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক বার্ষিকী ১৫ এপ্রিল সূর্যের দিন হিসেবে চিহ্নিত হওয়ার কয়েক দিন আগে এই ঘোষণা আসে।

    তারিখটির প্রতিষ্ঠাতা নেতা কিম ইল সুং এর জন্মবার্ষিকীকে স্মরণ করে এবং সাধারণত উল্লেখযোগ্য অস্ত্র পরীক্ষা বা সামরিক প্যারেডের সাথে উদযাপন করা হয়। -বাসস

     

  • মৃত পাখিরা ঝাঁক বেঁধে আকাশে উড়ে বেড়াচ্ছে

    মৃত পাখিরা ঝাঁক বেঁধে আকাশে উড়ে বেড়াচ্ছে

    ঝাঁক বেঁধে আকাশে উড়ে বেড়াচ্ছে পাখিরা। তবে তাদের কেউই জীবিত নয়! মৃত। রূপকথা নয় বিজ্ঞান। আমেরিকার নিউ মেক্সিকোর কয়েকজন বিজ্ঞানী এবং প্রযুক্তিবিদ মিলে মৃত পাখির খোলস ব্যবহার করে বানিয়ে ফেলেছেন এমনই অভিনব ‘ফ্ল্যাপিং উইং ড্রোন’। এ কাজে সাহায্য নেওয়া হয়েছে মৃত প্রাণীর খোলস ছাড়ানোর বিদ্যায় (ট্যাক্সোডার্মি) পারদর্শী কয়েকজন গবেষকেরও।

    শুধু দেখতেই পাখির মতো নয়। ওই যান্ত্রিক পাখির দলের ওড়ার ধরনও আসল পাখির মতো। ফলে তাদের সহজেই আসল পাখির ঝাঁকে ‘মিশিয়ে’ দেওয়া যেতে পারে। এই সুযোগ কাজে লাগিয়ে পরবর্তী সময়ে বন্যপ্রাণী পর্যবেক্ষণ এবং গবেষণার নতুন দিক খুলে যেতে পারে বলে জানিয়েছেন ‘ফ্ল্যাপিং উইং ড্রোনের’ অন্যতম নির্মাতা মোস্তাফা হাসনালিয়ন।

    পেশায় মেকানিক্যাল ইঞ্জিনিয়ার মোস্তাফা বলেন, ‘‘এই যন্ত্রের সাহায্যে পরিযায়ী পাখিদের গতিবিধির ওপর নিখুঁতভাবে পর্যবেক্ষণ এবং ছবি তোলা সম্ভব।’’ তাই আগামী দিনে পাখিদের পরিযান সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য এনে দিতে পারে এই বিহঙ্গ-ড্রোন।

    তবে অসুবিধা একটাই, এগুলি টানা মিনিট কুড়ির বেশি উড়তে পারে না। তাই প্রযুক্তিগত উৎকর্ষের লক্ষ্যে এ বিষয়ে আরও গবেষণা প্রয়োজন বলে জানান তিনি। শুধু প্রাণীবিজ্ঞান নয়, প্রতিরক্ষা ক্ষেত্রে বিশেষত গুপ্তচরবৃত্তির কাজে এই যান্ত্রিক পাখি ব্যবহার করা যেতে পারে বলে বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন।

    সূত্র : এবিপি

  • ৪০.২ ডিগ্রি সেলসিয়াসের ওপরে উঠল ঢাকার তাপমাত্রা

    ৪০.২ ডিগ্রি সেলসিয়াসের ওপরে উঠল ঢাকার তাপমাত্রা

    ঢাকায় আজ দিনে সর্বোচ্চ তাপমাত্রা ৪০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

    এবারের বৈশাখের প্রথম দিনটি ঢাকার তাপমাত্রার ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। ঘরের ভেতরে যাঁরা শীতাতপনিয়ন্ত্রিত কক্ষে থাকছেন, তাঁরা হয়তো বুঝতে পারবেন না। কিন্তু নানা কাজে বা পয়লা বৈশাখের উৎসবে যোগ দিতে যাঁরা দিনে ঘরের বাইরে বের হয়েছেন, তাঁরা টের পেয়েছেন গরম কাকে বলে। আজ রাজধানীতে গত ৫৮ বছরের ইতিহাসে সবচেয়ে বেশি উত্তপ্ত দুটি দিনের একটি ছিল।

    আজ গ্রীষ্মের প্রথম দিনে ঢাকার তাপমাত্রা সর্বোচ্চ রেকর্ড ছুঁয়েছে বেলা দেড়টায়। এ সময় সর্বোচ্চ তাপমাত্রা ৪০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াসে উঠেছিল। এর আগে একবার ২০১৪ সালের একই দিনে অর্থাৎ ১৪ এপ্রিল ঢাকার তাপমাত্রার পারদ একই উচ্চতায় উঠেছিল। অর্থাৎ ৪০ দশমিক ২ ডিগ্রি ছুঁয়েছিল। এর আগে এর চেয়ে বেশি তাপমাত্রা উঠেছিল ১৯৬৫ সালে—৪২ ডিগ্রি সেলসিয়াস। আর দেশের ইতিহাসে সবচেয়ে বেশি তাপমাত্রা রেকর্ড হয়েছিল ১৯৬০ সালে ৪২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

    আবহাওয়া অধিদপ্তর বলছে, আজ সন্ধ্যা ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। আর এ সময় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ঢাকায় ৩৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

    আজ শুক্রবার (১৪ এপ্রিল) সন্ধ্যা ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়েছে, ঢাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। সেই সঙ্গে পশ্চিম অথবা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। এছাড়া ঢাকার আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

    পূর্বাভাসে আরও বলা হয়, আজ সন্ধ্যা ৬টায় ঢাকার বাতাসের আদ্রতা ছিল ২৮ শতাংশ। ঢাকায় গত ৬ ঘণ্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাত হয়নি। ঢাকায় আগামীকালের সূর্যোদয় ভোর ৫টা ৩৮ মিনিট এবং সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ২০ মিনিটে।

    কয়েক দিন ধরে ঢাকাসহ দেশের বড় অংশজুড়ে প্রচণ্ড গরম অনুভূত হচ্ছে। গতকাল পর্যন্ত দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে তীব্র দাবদাহ বয়ে যায়। আজ সে সংখ্যা ১১টিতে পৌঁছেছে। নতুন করে যুক্ত হওয়া তিনটি এলাকার একটি ঢাকা। সাধারণত কোনো এলাকার তাপমাত্রা সর্বোচ্চ ৩৬ ডিগ্রি সেলসিয়াস হলে সেখানে মৃদু দাবদাহ বয়ে যাচ্ছে বলে ধরা হয়। তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস হলে সেখানে মাঝারি দাবদাহ এবং ৪০ ডিগ্রি সেলসিয়াসে উঠলে তীব্র দাবদাহ চলছে বলে ধরা হয়।

    ঢাকায় গতকাল (১৩ এপ্রিল) সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯ দমশিক ৫ ডিগ্রি সেলসিয়াস, তার আগের দিন ((১২ এপ্রিল) ৩৮ দশমিক ৯, তার আগের দিন (১১ এপ্রিল) ৩৮ দশমিক ৫ এবং তার আগের দিন (১০ এপ্রিল) ছিল ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ রাজধানীর এই কয়েক দিনে নিয়মিত তাপমাত্রা বেড়ে আজ প্রচণ্ড দাবদাহ শুরু হয়েছে।

    এ বিষয়ে জানতে চাইলে আবহাওয়া অধিদপ্তর বলছে, টানা ১০ দিন ধরে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়াজুড়ে মেঘমালার দেখা নেই। আর বছরের ওই সময়টা সূর্যকিরণ সবচেয়ে সরাসরি বাংলাদেশের ওপরে পড়ে। টানা ওই গরমে তাপমাত্রা পুঞ্জীভূত হয়ে ৪০ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করে গেছে।

    আবহাওয়াবিদেরা অবশ্য বলছেন, আগামীকাল ঢাকার তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। অর্থাৎ একই ধরনের গরম থাকার আশঙ্কা আছে। তবে দেশের উত্তর–পশ্চিম অংশ দিয়ে কিছুটা মেঘ আসা শুরু করেছে। এতে অবশ্য দেশের উত্তরাঞ্চলের রংপুর বিভাগের তাপমাত্রা কিছুটা কমতে পারে। তবে ঢাকাসহ দেশের বাকি এলাকায় তাপমাত্রা না কমার সম্ভাবনাই বেশি।

    আবহাওয়া অধিদপ্তর বলছে, ঢাকায় উত্তাপের পাশাপাশি বাতাসে আর্দ্রতা কমে যাওয়ার সমস্যা এখনো কাটেনি। অর্থাৎ বাতাসে জলীয়বাষ্প বা আর্দ্রতা কম থাকায় মানুষের শরীরে জ্বালাপোড়া করা এবং ঠোঁট-চামড়া ফেটে যাওয়ার সমস্যা আরও বেড়েছে। আজ সকালে ঢাকার সর্বোচ্চ আর্দ্রতা রেকর্ড করা হয়েছিল ৩২ শতাংশ, যা সাধারণত এই সময়ে ৭২ থেকে ৮২ শতাংশ থাকে।

    আবহাওয়াবিদ ও স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের তাপমাত্রায় নানা ধরনের শারীরিক সমস্যা তৈরি করতে পারে। শরীরে পানিশূন্যতা দেখা দিয়ে হঠাৎ করে হিট স্ট্রোক হতে পারে। ডায়রিয়া, উচ্চ রক্তচাপ বেড়ে যাওয়াসহ নানা ধরনের সমস্যা তৈরি হতে পারে। ফলে জরুরি কাজ ছাড়া এ সময়ে ঘরের বাইরে বের না হওয়ার পরামর্শ দিয়েছেন তাঁরা। আর যাঁরা রোজা রেখেছেন, তাঁদের ইফতার ও সাহ্‌রিতে প্রচুর পরিমাণ পানি খেতে হবে। সঙ্গে ফলমূল খাওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।