Author: Hello Bangla News

  • ভোটগ্রহণ শেষ হলো থাইল্যান্ডে, ফলাফলের অপেক্ষা

    ভোটগ্রহণ শেষ হলো থাইল্যান্ডে, ফলাফলের অপেক্ষা

    থাইল্যান্ডে রবিবার (১৪ মে) স্থানীয় সময় সকাল ৮টা থেকে শুরু হওয়া সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, পরবর্তী কয়েক ঘণ্টার মধ্যে প্রথম ফলাফল প্রত্যাশিত হবে। স্থানীয় সময় সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলে ভোটগ্রহণ পর্ব। প্রাথমিক জরিপ বলছে, দেশটির সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার মেয়ে পেতংতার্ন সিনাওয়াত্রা আছেন শক্ত অবস্থানে।

    নির্বাচনে এবার অংশগ্রহণ করেছে প্রায় ৭০টি দল। তাদের মধ্যে এগিয়ে আছে ফেউ থাই দল; যার নেতৃত্বে আছেন ৩৬ বছরের পেতংতার্ন সিনাওয়াত্রা। নিজের ভোট দেওয়ার পর নির্বাচনে জয়ী হওয়ার দৃঢ় প্রত্যয় প্রকাশ করে পেতংতার্ন বলেন, ‘মানুষ পরিবর্তন চায়’।

    অন্যদিকে আবারও ক্ষমতায় আসার জোর চেষ্টায় আছেন সেনা সমর্থিত প্রধানমন্ত্রী প্রায়ুথ চান ওচাও।  ৬৯ বছরের এই সাবেক সেনাপ্রধান ২০১৪ সালে দেশটিতে সর্বশেষ অভ্যুত্থান ঘটিয়েছেন। সে সময় থাকসিন সিনাওয়াত্রার বোন ইংলাক সিনাওয়াত্রার কাছ থেকে ক্ষমতা ছিনিয়ে নিয়েছিলেন তিনি।

    এর আগে বিবিসি জানায়, এবারের নির্বাচনে পার্লামেন্টের নিম্নকক্ষের ৫০০ সদস্যকে নির্বাচিত করতে ভোট দিচ্ছেন প্রায় ৫ কোটি নিবন্ধিত ভোটার। এ ছাড়া প্রায় ২০ লাখ ভোটার আগাম ভোট দিয়েছেন।

    সেনা সমর্থিত সরকারকে রুখতে অবশ্য জোর চেষ্টা চালাচ্ছে অন্যান্য দল। ওচা’র ইউনাইটেড থাই নেশনের চেয়ে এগিয়ে আছে ফেউ থাই ও মুভ ফরোয়ার্ড পার্টি। মুভ ফরোয়ার্ড পার্টির নেতৃত্ব দিচ্ছেন ৪২ বছরের সাবেক প্রযুক্তি নির্বাহী পিটা লিমজারোনরাত।

    ৬২ বছরের ভোটার ওনেসুয়াত চক্রবুন্ধু বলেন, ‘নির্বাচনে আশানুরূপ ফলাফলের অপেক্ষায় রয়েছি।  কেননা আমি চাই, কোনও যুদ্ধ ছাড়াই দেশ সামনে এগিয়ে যাক।’

    জরিপে ফেউ থাই দল এগিয়ে থাকলেও আদতে ক্ষমতায় আসতে পারবে কি না তা নিয়ে সন্দিহান দেশটির নাগরিকরা। ২০১৪ সালের অভ্যুত্থানের পর সংবিধানের পরিবর্তনের কারনে তৈরি হয়েছে এমন শঙ্কা।

    নতুন নিয়ম অনুসারে কারও একক সংখ্যাগরিষ্ঠতা না থাকলে সিনেট সদস্যদের ভোটে সরকার গঠন করতে হবে। এ ক্ষেত্রে সমস্যা হলো, সিনেটের প্রায় সব সদস্যই সেনা সমর্থিত দল থেকে নিয়োগপ্রাপ্ত। তাই স্বভাবতই তাদের ভোট যাবে প্রায়ুথ চান ওচার পক্ষে।

    সূত্র: রয়টার্স ও বিবিসি 

  • এরদোয়ানের ভাগ্য নির্ধারণের দিন আজ, চলছে ভোট

    এরদোয়ানের ভাগ্য নির্ধারণের দিন আজ, চলছে ভোট

    তুরস্কের ইতিহাসের গুরুত্বপূর্ণ দিন আজ। প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচনে ভোট গ্রহণ চলছে। তুরস্কের স্থানীয় সময় সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হয়। বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। ২০ বছর ক্ষমতায় থাকা রজব তাইয়্যেব এরদোয়ান প্রেসিডেন্ট থাকবেন কিনা তা নির্ধারণে রায় দিচ্ছেন তুর্কিরা। ২০১৬ সালে ব্যর্থ অভ্যুত্থান থেকে বেঁচে যাওয়ার পর প্রেসিডেন্ট এরদোয়ানের অর্জিত অনেক ক্ষমতা বাতিল করার প্রতিশ্রুতি দিয়েছেন তার প্রধান প্রতিদ্বন্দ্বী কামাল কিলিকদারোগলু।

    আধুনিক তুরস্কের ১০০ বছরের ইতিহাসে এটি অন্যতম তাৎপর্যপূর্ণ নির্বাচন। দেশটিতে ২০ বছর ধরে ক্ষমতায় আছেন রিসেপ তাইয়েপ এরদোয়ান। প্রেসিডেন্ট এরদোয়ান আর ক্ষমতায় থাকতে পারবেন কি না, তা আজকের নির্বাচনে নির্ধারিত হবে।

     স্থানীয় সময় রবিবার সকাল ৮টা থেকে প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয় তুরস্কে। ইতোমধ্যে ১৭ লাখের বেশি ভোটার বিদেশ থেকে তাদের সিদ্ধান্ত জানিয়েছেন। এ ছাড়া প্রথমবারের মতো এবার ভোট দিচ্ছেন ৫০ লাখ ভোটার।

    নির্বাচনে একজন ভোটার দুটি করে ভোট দেবেন। একটি প্রেসিডেন্টের জন্য, অন্যটি পার্লামেন্টের জন্য।

    এ ধাপে কোনও প্রেসিডেন্ট প্রার্থী ৫০ শতাংশের কম ভোট পেলে ২৮ মে শীর্ষ দুই প্রতিদ্বন্দ্বীর মধ্যে দ্বিতীয় ধাপে ভোট হবে।

    তুরস্কের ৬ কোটি ৪০ লাখ ভোটার কঠিন এক সময়ে প্রেসিডেন্ট নির্বাচন করতে যাচ্ছেন। ব্যাপক মুদ্রাস্ফীতির পাশাপাশি দেশের ১১টি প্রদেশ সম্প্রতি ভয়াবহ দুটি ভূমিকম্পের সাক্ষী হয়েছে। প্রাকৃতিক ওই দুর্যোগে ৫০ হাজারের বেশি মানুষ মারা গেছে।

    বিভিন্ন জনমত জরিপ অনুযায়ী, প্রেসিডেন্ট নির্বাচনে এরদোয়ানের প্রধান প্রতিদ্বন্দ্বী কামাল কিলিচদারোগলু কিছুটা এগিয়ে আছেন। বিরোধী ছয়টি দলের জোটকে নেতৃত্ব দিচ্ছেন কিলিচদারোগলু।

    প্রেসিডেন্ট এরদোয়ান অর্থনীতিতে সংস্কার আনায় মুদ্রাস্ফীতি বেড়েছে। অন্য দেশগুলো যখন সুদের হার বাড়াচ্ছে, তখন তিনি তা কমিয়ে দিয়েছেন।

    এবারের নির্বাচনে ২৪টি রাজনৈতিক দল এবং ১৫১ জন স্বতন্ত্র প্রার্থী ৬০০ সদস্যের তুরস্কের পার্লামেন্ট আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন।

    ভোটাররা তিন জন প্রেসিডেন্ট প্রার্থীর মধ্যে একজনকে বেছে নেবেন। এবার এই পদে লড়ছেন বর্তমান প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান, প্রধান বিরোধী নেতা কামাল কিলিকদারোগলু ও মুহাররেম ইনসে।

    বিভিন্ন জনমত জরিপ অনুযায়ী, প্রেসিডেন্ট নির্বাচনে এরদোয়ানের প্রধান প্রতিদ্বন্দ্বী কামাল কিলিচদারোগলু কিছুটা এগিয়ে আছেন। বিরোধী ছয়টি দলের জোটকে নেতৃত্ব দিচ্ছেন কিলিচদারোগলু।

    ন্যাটোর সদস্যদেশ তুরস্ক। সাড়ে ৮ কোটি মানুষের বসবাস দেশটিতে। এরদোয়ানের সরকার ক্রমবর্ধমানভাবে কর্তৃত্ববাদী হয়ে উঠছে। তুরস্কের অর্থনীতি সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। মানুষের জীবনযাত্রার ব্যয় অনেক বেড়ে গেছে। দেশটির পররাষ্ট্রনীতি অপ্রত্যাশিত দিকে মোড় নিয়েছে। ফলে ভবিষ্যতে দেশটি কীভাবে পরিচালিত হবে, তা–ও নির্ধারিত হবে আজকের ভোটে।

    নির্বাচনে এরদোয়ানের রক্ষণশীল একে পার্টির নেতৃত্বাধীন জোট পিপলস অ্যালায়েন্সের সঙ্গে কিলিচদারোগলুর নেতৃত্বাধীন নেশন অ্যালায়েন্সের হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে।

    তুরস্কের মোট ভোটারের মধ্যে ১৫ থেকে ২০ শতাংশ কুর্দি। নির্বাচনে তাঁরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে মনে করা হচ্ছে।

    সূত্র: বিবিসি, আল জাজিরা 

  • সোমবার (১৫ মে) এসএসসির সব বোর্ডের পরীক্ষা স্থগিত

    সোমবার (১৫ মে) এসএসসির সব বোর্ডের পরীক্ষা স্থগিত

    ঘূর্ণিঝড় মোখার কারণে বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি ২০২৩ সালের এসএসসি ও সমমানের সোমবারের (১৫ মে) অনুষ্ঠেয় সব বোর্ডের পরীক্ষা স্থগিত করেছে। রবিবার (১৪ মে) আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করে।

    এর আগে ঘূর্ণিঝড় ‘মোখা’উপকূলের দিকে এগিয়ে আসায় ছয় শিক্ষাবোর্ডে রোববার ও সোমবারের এসএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছিল। শনিবার আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছিল।

    বিজ্ঞপ্তিতে জানানো হয়, বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় ‘মোখা’র কারণে চলমান এসএসসি ও সমমান পরীক্ষার কুমিল্লা শিক্ষা বোর্ড, যশোর শিক্ষা বোর্ড, চট্টগ্রাম শিক্ষা বোর্ড, বরিশাল শিক্ষা বোর্ড, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীন আগামী সোমবারের (১৫ মে) পরীক্ষাগুলো স্থগিত করা হয়েছে। এদিন অনুষ্ঠেয় সব বোর্ডের প্রশ্ন অভিন্ন হওয়ায় ওই তারিখে সব বোর্ডের পরীক্ষাই স্থগিত করা হলো।

    ঘূর্ণিঝড় মোখার কারণে সৃষ্ট পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর শিক্ষাকেন্দ্র ও শিশু কল্যাণ ট্রাস্টের লার্নিং সেন্টারগুলো বন্ধ ঘোষণা করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

  • কক্সবাজার ও উত্তর মিয়ানমার উপকূল অতিক্রম করেছে ঘূর্ণিঝড় ‘মোখা’র কেন্দ্র

    কক্সবাজার ও উত্তর মিয়ানমার উপকূল অতিক্রম করেছে ঘূর্ণিঝড় ‘মোখা’র কেন্দ্র

    উপকূল অতিক্রমরত অতি প্রবল ঘূর্ণিঝড় ‘মোখা’র কেন্দ্র আজ বেলা ৩ টায় মিয়ানমারের সিটুয়ের কাছ দিয়ে কক্সবাজার-উত্তর মিয়ানমার উপকূল অতিক্রম করে মিয়ানমারের স্থলভাগের উপর অবস্থান করছে। সম্পূর্ণ ঘূর্ণিঝড়টি আজ সন্ধ্যা নাগাদ উপকূল অতিক্রম করে ক্রমান্বয়ে দুর্বল হতে পারে।
    অতি প্রবল ঘূর্ণিঝড়টির প্রভাবে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১২০ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ১৩০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।
    আজ বিকেল ৪টায় আবহাওয়া অধিদপ্তরের ২১ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে কক্সবাজার সমুদ্র বন্দরকে ১০ নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। চট্টগ্রাম ও পায়রা সমুদ্র বন্দরকে ৮ নম্বর মহাবিপদ সংকেত এবং মোংলা সমুদ্র বন্দরকে ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
    আবহাওয়াবিদ খোঃ হাফিজুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, উপকূলীয় জেলা কক্সবাজার এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহ ১০ নম্বর মহাবিপদ সংকেতের আওতায় থাকবে।
    উপকূলীয় জেলা চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, বরিশাল, ভোলা, পটুয়াখালী, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহ ৮ নম্বর মহাবিপদ সংকেতের আওতায় থাকবে বলে আবহাওয়া অফিস জানায়।
    কক্সবাজার, চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, বরিশাল, ভোলা, পটুয়াখালী, ঝালকাঠি, পিরোজপুর ও বরগুনা জেলার নদী বন্দরসমূহকে ৪ নম্বর নৌ-মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে।
    অতি প্রবল ঘূর্ণিঝড়টির অগ্রবর্তী অংশ ও বায়ুচাপ পার্থক্যের আধিক্যের প্রভাবে উপকূলীয় জেলা কক্সবাজার ও চট্টগ্রাম এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহের নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে ৫ থেকে ৭ ফুট অধিক উচ্চতার বায়ু তাড়িত জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে।
    অতি প্রবল ঘূর্ণিঝড়টির অগ্রবর্তী অংশ ও বায়ুচাপ পার্থক্যের আধিক্যের প্রভাবে উপকূলীয় জেলা ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, বরিশাল, ভোলা, পটুয়াখালী, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহের নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে ৩ থেকে ৫ ফুট অধিক উচ্চতার বায়ু তাড়িত জলোচ্ছাসে প্লাবিত হতে পারে।
    অতি প্রবল ঘূর্ণিঝড়টির প্রভাবে চট্টগ্রাম, সিলেট ও বরিশাল বিভাগে ভারী (৪৪-৮৮ মিলিমিটার) থেকে অতি ভারী (২৮৯ মিলিমিটার) বর্ষণ হতে পারে। অতি ভারী বর্ষণের প্রভাবে কক্সবাজার, বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও চট্টগ্রামের পাহাড়ী অঞ্চলের কোথাও কোথাও ভূমিধ্বস হতে পারে।
    উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

    সূত্র : বাসস

  • কেঁপে গেছে সেন্টমার্টিন, বাতাসের গতি ১৪৭ কিমি

    কেঁপে গেছে সেন্টমার্টিন, বাতাসের গতি ১৪৭ কিমি

    অতি প্রবল ঘূর্ণিঝড় ‘মোখা’র তাণ্ডবে এখনো কাঁপছে সেন্টমার্টিনের ভবনগুলো। সমুদ্র পেরিয়ে কক্সবাজারের স্থলভাগে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় মোখা। বর্তমানে টেকনাফ ও সেন্টমার্টিনের ওপর দিয়ে ঝড়টি অতিক্রম করছে। সেন্টমার্টিনে এখন বাতাসের গতি ঘণ্টায় ১৪৭ কিলোমিটার।

    রোববার (১৪ মে) আবহাওয়া অধিদফতর সূত্রে এতথ্য জানা যায়। আবহাওয়া অফিস জানায়, মোখার তাণ্ডবে সেন্টমার্টিনের বাড়িঘর ও দুর্বল স্থাপনার রিসোর্ট ভেঙে পড়েছে। তবে ঝড়ের তাণ্ডবে প্রাণহানির বা বড় রকমের ক্ষয়ক্ষতির খবর জানা যায়নি। এর আগে আবহাওয়া দফতরের পরিচালক আজিজুর রহমান বলেন, ‘ঘূর্ণিঝড়টি সেন্টমার্টিন ও টেকনাফ অতিক্রম করছে। আমরা ১১টার দিকে সেন্টমার্টিনে বাতাসের গতিবেগ পেয়েছিলাম ঘণ্টায় ৮০ কিলোমিটার। তবে এখন তা ১০০ কিলোমিটারের বেশি। সেখানে থাকা আমাদের কর্মীরা জানিয়েছেন, ঝড়ের কারণে সেখানকার ভবন কাঁপছে। বিকেল ৩টা পর্যন্ত বাতাসের গতি আরও বাড়বে।’

    এদিকে বিকেল ৪টার দিকে জোয়ার শুরু হবে জানিয়ে জলোচ্ছ্বাস হওয়ার শঙ্কা প্রকাশ করেন এ আবহাওয়াবিদ। তিনি বলেন, ঝড়ের প্রভাবের পাশাপাশি বিকেলে জোয়ার শুরু হলে জলোচ্ছ্বাসে প্লাবিত হবে সেন্টমার্টিন ও টেকনাফের নিম্নাঞ্চল। ওই সময় ৮ থেকে ১২ ফুট জলোচ্ছ্বাসের শঙ্কা রয়েছে।

    এদিকে সন্ধ্যা নাগাদ পুরো উপকূল অতিক্রম করবে মোখা। যদিও এর অগ্রভাগের প্রভাবে শনিবার গভীর রাত থেকেই উপকূলে শুরু হয় বিরূপ পরিস্থিতি।

    এর আগে দুপুর ১টায় আবহাওয়া অফিসের সবশেষ ব্রিফিংয়ে পরিচালক মো. আজিজুর রহমান বলেন, মোখার কেন্দ্রের আঘাত পড়ছে টেকনাফের ৫০ থেকে ৬০ কিলোমিটার দক্ষিণে মিয়ানমার উপকূলে। এতে পুরো কক্সবাজার উপকূল হুমকিতে থাকলেও, বড় ধরনের ক্ষতির শঙ্কা নেই।

    আবহাওয়া দফতর কক্সবাজার সমুদ্রবন্দরকে ১০ নম্বর মহাবিপদ সংকেত, চট্টগ্রাম ও পায়রা সমুদ্রবন্দরকে ৮ নম্বর মহাবিপদ সংকেত এবং মোংলা সমুদ্রবন্দরকে ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকত দেখিয়ে যেতে বলেছে।

    এ ছাড়া উপকূলীয় আরও ১১টি জেলায় বহাল থাকছে ৮ নম্বর মহাবিপদ সংকেত।

    ঝড়ের প্রভাবে কক্সবাজার ও চট্টগ্রাম এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরে স্বাভাবিক জোয়ারের চেয়ে ৮ থেকে ১২ ফুট পর্যন্ত জলোচ্ছ্বাসের ঝুঁকি রয়েছে। এছাড়া, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপর, ভোলাসহ উপকূলীয় ১০ জেলায় ৫ থেকে ৭ ফুট জলোচ্ছ্বাসের আশঙ্কা রয়েছে।

  • ইইউ ইন্দো-প্যাসিফিক মন্ত্রী ফোরামে তথ্যমন্ত্রী :  যুক্তরাজ্য, বেলজিয়াম, পর্তুগালের সাথে দ্বি-পক্ষীয় বৈঠক

    ইইউ ইন্দো-প্যাসিফিক মন্ত্রী ফোরামে তথ্যমন্ত্রী : যুক্তরাজ্য, বেলজিয়াম, পর্তুগালের সাথে দ্বি-পক্ষীয় বৈঠক

    স্টকহোমে দ্বিতীয় ইইউ ইন্দো-প্যাসিফিক মিনিস্টেরিয়াল ফোরামে যোগ দিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

    জনসংযোগ মন্ত্রণালয়ের পরিচালক মীর আকরাম উদ্দীন আহম্মদ জানান, শনিবার স্টকহোমে অনুষ্ঠিত দিনব্যাপী এ ফোরামের সম্মেলনে তিনি বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন এবং পাশাপাশি বেলজিয়ামের পররাষ্ট্রমন্ত্রী হাদজা লাহাবিব (Hadja Lahabib), যুক্তরাজ্যের পররাষ্ট্র, কমনওয়েলথ ও উন্নয়ন প্রতিমন্ত্রী লর্ড আহমদ (Lord Ahmad) এবং পর্তুগালের সেক্রেটারি অভ স্টেট ফ্রান্সিসকো আন্দ্রের (Francisco Andre) সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হন।

    রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা করবে যুক্তরাজ্য ও বেলজিয়াম

    যুক্তরাজ্যের মধ্যপ্রাচ্য, দক্ষিণ এশিয়া, উত্তর আফ্রিকা ও জাতিসংঘ বিষয়ক প্রতিমন্ত্রী লর্ড আহমদের সঙ্গে সাক্ষাৎকালে মন্ত্রী হাছান মাহমুদ বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে বহুমুখী সম্পর্কের সার্বিক বিষয়ে আলোচনা করেন। রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আলোচনায় যুক্তরাজ্যের প্রতিমন্ত্রী আশ্বাস দেন যে যুক্তরাজ্য রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশকে সমর্থন দেওয়া অব্যাহত রাখবে এবং দেশটি রোহিঙ্গাদের তাদের মাতৃভূমি মিয়ানমারে টেকসই প্রত্যাবর্তন নিশ্চিত করতে সক্রিয় থাকবে।

    ইইউ ইন্দো-প্যাসিফিক মন্ত্রী ফোরামে তথ্যমন্ত্রী : যুক্তরাজ্য, বেলজিয়াম, পর্তুগালের সাথে দ্বি-পক্ষীয় বৈঠক
    তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ সুইডেনের স্টকহোমে শনিবার অনুষ্ঠিত ইইউ ইন্দো-প্যাসিফিক মিনিস্টেরিয়াল ফোরামের সাইডলাইনে পর্তুগালের সেক্রেটারি অভ স্টেট ফ্রান্সিসকো আন্দ্রের (Francisco Anfre) সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হন।

    বৈঠকে তারা জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সহযোগিতা এবং বাণিজ্য ও বিনিয়োগ বিষয়ে বিশেষ আলোকপাত করেন। যুক্তরাজ্যের প্রতিমন্ত্রী এ সময় রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার ঐতিহাসিক অভিষেক অনুষ্ঠানে যোগদানের জন্য  বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি ধন্যবাদ জানান এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশের  অর্থনৈতিক উন্নয়নের প্রশংসা করেন।

    বেলজিয়ামের পররাষ্ট্রমন্ত্রী হাদজা লাহাবিবের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকেও রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আলোচনা হয় এবং বেলজিয়ামের মন্ত্রী এ বিষয়ে আন্তরিক সহায়তার মনোভাব জানান। দু’দেশের মধ্যে বাণিজ্য বৃদ্ধির ওপরও জোর দেন তারা।

    আগামী বছর ঢাকায় কনসুল্যার মিশন খুলতে পারে পর্তুগাল

    পর্তুগালের সেক্রেটারি অভ স্টেট ফ্রান্সিসকো আন্দ্রে বৈঠকে মন্ত্রী হাছান মাহমুদকে জানান, পর্তুগাল সরকার আগামী বছরের মধ্যে ঢাকায় একটি কনস্যুলার মিশন খোলার প্রক্রিয়া হাতে নিয়েছে। এতে করে বাংলাদেশিদের পর্তুগাল ভ্রমণ সহজ হবে। তথ্যমন্ত্রী এ উদ্যোগকে স্বাগত জানান।

    ইইউ ইন্দো-প্যাসিফিক মন্ত্রী ফোরামে তথ্যমন্ত্রী : যুক্তরাজ্য, বেলজিয়াম, পর্তুগালের সাথে দ্বি-পক্ষীয় বৈঠক
    তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ সুইডেনের স্টকহোমে শনিবার অনুষ্ঠিত ইইউ ইন্দো-প্যাসিফিক মিনিস্টেরিয়াল ফোরামের সাইডলাইনে যুক্তরাজ্যের পররাষ্ট্র, কমনওয়েলথ ও উন্নয়ন প্রতিমন্ত্রী লর্ড আহমদের (Lord Ahmad) সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হন।

    ফ্রান্সিসকো আন্দ্রে পর্তুগালে ক্রমবর্ধমান বাংলাদেশিদের উদ্যোক্তা হিসেবে কর্মকান্ড এবং পরিশ্রমী মনোভাবের প্রশংসা করে বলেন, পর্তুগিজ সমাজের সাথে মিলেমিশে তারা অর্থনীতিতে ইতিবাচক অবদান রাখছে।

    সুত্রঃ পরিচালক-জনসংযোগ মন্ত্রণালয়

  • ‘মোহাম্মদ’ জার্মানির বার্লিনে জনপ্রিয় নাম

    ‘মোহাম্মদ’ জার্মানির বার্লিনে জনপ্রিয় নাম

    হজরত মুহাম্মদ সা: সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী। তাঁর চেয়ে সেরা কোনো নবী নেই এবং তিনিই সর্বশেষ নবী। তাঁর পরে আর কোনো নবী আসবেন না। মুসলিম বিশ্বের মতো ইউরোপের বিভিন্ন দেশেও এ নামটি জনপ্রিয় হয়ে উঠছে। এবার জার্মানিতেও জনপ্রিয় নামের তালিকায় আছে নামটি। ২০২১ ও ২০২২ সালে জার্মানির রাজধানী বার্লিন শহরে ছেলেশিশুদের জনপ্রিয় নামের তালিকায় শীর্ষস্থান অধিকার করেছে মোহাম্মদ, যা পুরো জার্মানিতে ২০তম অবস্থানে রয়েছে।

    গত ৮ মে উইসবাডেনভিত্তিক ভাষা গবেষণাপ্রতিষ্ঠান দ্য সোসাইটি ফর দ্য জার্মান ল্যাঙ্গুয়েজ প্রকাশিত সমীক্ষা থেকে এই তথ্য জানা যায়।

    নামের সমীক্ষায় দেখা যায়, বার্লিন শহরের ছেলেশিশুদের জনপ্রিয় অপর দুটি নাম হলো নুহ (Noah) ও আদম (Adam)। এর আগে নুহ ও আদম যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে ছিল।

    এদিকে মেয়েশিশুদের সবচেয়ে জনপ্রিয় তিনটি নাম হলো সোফিয়া (Sophia/Sofia) এমিলিয়া (Emilia) ও এমা (Emma)। আর পুরো দেশে ছেলেশিশুদের জনপ্রিয় নামের তালিকার শীর্ষে রয়েছে নুহ, ম্যাথিও (Matt(h)eo/Mat(h)eo) ও লিওন (Leon)।

    হামবুর্গভিত্তিক সাপ্তাহিকী ডাই জেইট থেকে জানা যায়, জার্মানির ৭৫০টির বেশি জন্মনিবন্ধন অফিস থেকে এই তথ্য সংগ্রহ করা হয়; যেখানে প্রায় ৭০ হাজার ভিন্ন ভিন্ন নামে ১০ লাখ এন্ট্রি রয়েছে। এসব নামের ৯০ শতাংশের বেশি সোসাইটি ফর দ্য জার্মান ল্যাঙ্গুয়েজ কর্তৃক রেকর্ড করা হয়। ১৯৭৭ সাল থেকে প্রতিষ্ঠানটি প্রতিবছর জনপ্রিয় নামের সমীক্ষা প্রকাশ করছে।

    তাতে আরো বলা হয়, ২০১৮ সালেও বার্লিন শহরে মোহাম্মদ নামটি সাধারণ মানুষের পছন্দের শীর্ষে ছিল না। তবে ২০২১ সালে এসে নামটি পছন্দের তালিকার তৃতীয় অবস্থানে চলে যায়। এবং ২০২২ সালে দুই হাজার ৭৫৮ জনের নাম মোহাম্মদ রাখা হয়; ফলে নামটি তালিকার শীর্ষস্থান অধিকার করে।

    ডয়চে ভেলের তথ্য মতে, জার্মানির জনপ্রিয় নামগুলোর মধ্যে অনেক আরবি নামও রয়েছে। নামবিষয়ক ওয়েবসাইটে (beliebte-Vornamen) প্রকাশিত তথ্য অনুসারে, গত বছর ছেলেদের জনপ্রিয় নামের মধ্যে মালিক ও আলী এবং মেয়েদের নামের মধ্যে আলিয়া ও জয়নব ছিল। তাছাড়া অনেক জার্মান ও আরবদের মধ্যে হানা, লিনদা ও লিনা নামের প্রচলন দেখা যায়।

    মোহাম্মদ নামটি এশিয়া অঞ্চলে খুবই পরিচিত নাম। গত এক দশক ধরে নামটি যুক্তরাজ্যসহ ইউরোপের বিভিন্ন দেশে জনপ্রিয় নামের শীর্ষে রয়েছে। ব্রিটেনের জাতীয় পরিসংখ্যান অফিসের (ওএনএস) তথ্য মতে, গত এক দশকের বেশি সময় ধরে মোহাম্মদ নামটি যুক্তরাজ্যে জনপ্রিয় নামের তালিকায় রয়েছে। তাছাড়া গত বছর আয়ারল্যান্ডের একটি শহরে মোহাম্মদ নামটি জনপ্রিয় নামের শীর্ষে ছিল। ফ্রান্সে প্রতি পাঁচ নবজাতকের মধ্যে একজনের নাম মোহাম্মদ। বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসেও নামটি খুবই জনপ্রিয়।

    ইসলাম ধর্মের প্রবর্তক ও শেষ নবীর নাম মোহাম্মদ সা:। তাঁর ওপর অবতীর্ণ পবিত্র কুরআনে নামটির উল্লেখ আছে। তাঁর নামানুসারে অনেক ছেলেশিশুর নাম মোহাম্মদ রাখা হয়। আরবি ভাষায় মোহাম্মদ শব্দের অর্থ প্রশংসিত। এছাড়া হাদিসে সুন্দর ও অর্থবহ নাম রাখতে উৎসাহ দেয়া হয়েছে।

    সূত্র : আলজাজিরা

  • দেশবিরোধী প্রচারণা রুখতে ঐক্যবদ্ধ প্রয়াস নিন : স্টকহোমে তথ্যমন্ত্রী

    দেশবিরোধী প্রচারণা রুখতে ঐক্যবদ্ধ প্রয়াস নিন : স্টকহোমে তথ্যমন্ত্রী

    তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ইউরোপে বসবাসের সুবিধার অপব্যবহার করে কিছু ব্যক্তি অর্থের বিনিময়ে দেশবিরোধী প্রচারণায় লিপ্ত। ইউরোপ প্রবাসী দেশপ্রেমিক বাংলাদেশিদের ঐক্যবদ্ধ থেকে এসব হীন ষড়যন্ত্র প্রতিহত করতে হবে।
    আজ ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সুইডেনের রাজধানীতে অনুষ্ঠেয় ‘ইইউ ইন্দো-প্যাসিফিক মিনিস্টেরিয়াল ফোরামে’ অংশ নিতে আজ শনিবার স্টকহোমে পৌঁছালে তথ্যমন্ত্রীকে বিমান বন্দরে স্বাগত জানান বাংলাদেশের রাষ্ট্রদূত মেহেদী হাসান এবং সেখানকার স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। তাদের সাথে মতবিনিময়কালে মন্ত্রী এ কথা বলেন।
    তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ ২০০৭-২০০৮ সালে ইউরোপীয় ইউনিয়ন আওয়ামী লীগের ভূমিকার বিশেষ প্রশংসা করে বলেন, ‘ইউরোপীয় ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ প্রয়োজনের সময় সবক্ষেত্রে আমাদের প্রাণপ্রিয় নেত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার পাশে দাঁড়িয়েছেন। তাদের উপার্জিত বৈদেশিক মুদ্রা পাঠিয়ে তারা দেশের অর্থনৈতিক অগ্রগতিতেও ভূমিকা রেখে চলেছেন।’
    সুইডেন আওয়ামী লীগ সভাপতি জাহাঙ্গীর কবির, সাধারণ সম্পাদক ড. ফরহাদ আলী খান, সহ-সভাপতি সিরাজুল হক খান রানা, যুগ্ম সাধারণ সম্পাদক দলিল উদ্দিন দুলু, কোষাধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম, সহ-প্রচার সম্পাদক আফসার আহমেদসহ সুইডেন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং বঙ্গবন্ধু প্রকৌশল পরিষদ নরডিক শাখার নেতৃবৃন্দ বিমানবন্দরে উপস্থিত ছিলেন।

    সূত্র : বাসস

  • ঘূর্ণিঝড় ‘মোখা’ মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী

    ঘূর্ণিঝড় ‘মোখা’ মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকার ঘূর্ণিঝড় ‘মোখা’ মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে।
    ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের (আইইবি) ৬০তম সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতাকালে তিনি বলেন, ‘ঘূর্ণিঝড় ‘মোখা’ আসছে। আমরা ঘূর্ণিঝড় কেন্দ্রগুলোকে প্রস্তুত রেখেছি ও ঝড়টি মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি নিয়েছি।’
    ঘূর্ণিঝড়ের সময় পানি জমে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘সুতরাং সেই সময়ে বিদ্যুৎ ও গ্যাসের কার্যক্রম বন্ধ রাখতে হবে।’
    তিনি বলেন, এই পদক্ষেপ (গ্যাস ও বিদ্যুত বন্ধ) সাময়িক দুর্ভোগ সৃষ্টি করলেও মানুষের জীবন রক্ষা পাবে।
    শেখ হাসিনা আরো বলেন, ‘আমরা এই ধরনের ব্যবস্থা নিব ও নিচ্ছি।’
    পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অতি প্রবল ঘূর্ণিঝড় ‘মোখা’ আরো ঘনীভূত হয়ে উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা থাকায় কক্সবাজার সমুদ্র বন্দরকে ১০ নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে।
    মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৮ নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে এবং মংলা সমুদ্র বন্দরকে ৪ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
    দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. এনামুর রহমান জানান, আজ এক বিশেষ আবহাওয়া ব্রিফিংয়ে সর্বশেষ সমুদ্র উপকূল বন্দর সতর্ক সংকেত দেয়া হয়েছে।
    আবহাওয়া অফিসের বিশেষ বুলেটিনে বলা হয়েছে, অতিপ্রবল ঘূর্ণিঝড় ‘মোখা’ ১৪ মে রোববার সন্ধ্যা ৬টার মধ্যে কক্সবাজার-মিয়ানমার উত্তর উপকূল অতিক্রম করতে পারে।
    কক্সবাজার ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় আজ সন্ধ্যার মধ্যে অতি প্রবল ঘূর্ণিঝড়ের প্রভাব পড়বে।

    সূত্র : বাসস

  • ‘দ্য গডফাদার অফ এআই’ গুগল ছেড়েছে এবং আগামির বিপদ সম্পর্কে সতর্ক করেছে

    ‘দ্য গডফাদার অফ এআই’ গুগল ছেড়েছে এবং আগামির বিপদ সম্পর্কে সতর্ক করেছে

    গুগলের (Google) মোটা বেতনের চাকরি ছাড়লেন আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স (Artificial Intelligence) বা কৃত্রিম মেধার জনক জিওফ্রে হিন্টন (Geoffrey Hinton)। বিশ্বখ্যাত প্রযুক্তিবিদ জানালেন, এআই (AI) নিয়ে উৎকণ্ঠায় ভুগছেন তিনি।

    এআই-এর ‘গডফাদার’ বলা হয় ৭৫ বছরের জিওফ্রেকে। টুইট করে গুগলের চাকরি ছাড়ার কথা জানিয়েছেন তিনি। এও বলেছেন যে সংস্থা থেকে অবসর নেওয়ায় এবার এআই-এর ঝুঁকি নিয়ে খোলা মনে কথা বলতে পারবেন। নিজের আবিষ্কার নিয়েই অনুশোচনায় ভুগছেন তিনি। চাকরি ছাড়ায় গুগলের সমালোচনা করতে পারবেন। যদিও এখনও পর্যন্ত গুগল যথেষ্ট দায়িত্ববোধ দেখিয়েছে বলেই বিশ্বাস তাঁর।

    সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের এক সাক্ষাৎকারে জিওফ্রে বলেছেন, “এখন আর কোনও বাধা রইল না। খোলাখুলি কৃত্রিম মেধার বিপজ্জনক দিক নিয়ে কথা বলতে পারি। বেশ কিছু বিষয়ে বিপদের দিক রয়েছে। এখন এটুকু বলা যেতে পারে যে এখনও পর্যন্ত বুদ্ধিবৃত্তিতে ওরা (এআই) আমাদের ছাপিয়ে যায়নি। আমার ধারনা, শীঘ্রই সেই ফারাক থাকবে না।” এআই-এর ব্যবহারে বহু মানুষ চাকরি হারাবেন ভবিষ্যতে, আগেই এমন আশঙ্কার কথা জানিয়েছেন বিশেষজ্ঞেরা।

    সংবাদমাধ্যমে সাক্ষাৎকারে জিওফ্রে আরও জানিয়েছেন, কৃত্রিম মেধা কোটি কোটি মানুষের চাকরি ছিনিয়ে নেবে। ভবিষ্যতের পৃথিবী সত্যি-মিথ্যে, কল্পনা-বাস্তব গুলিয়ে ফেলবে। এই প্রযুক্তি দুষ্কৃতকারীদের হাতে পড়লে কী হতে পারে, ভেবে কুল পাচ্ছেন না। জিওফ্রে জানিয়েছেন, বিবেক দংশন থেকে বাঁচতে নিজেকে প্রবোধ দেন, আমি সৃষ্টি না করলে এই কাজ অন্য কেউ করতো।

    তথ্যসূত্রঃ এনডিটিভি এবং এনওয়াই টাইমস