প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সার্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিতে পিছিয়ে থাকা দেশগুলোকে সহায়তায় এগিয়ে আসার জন্য উন্নত দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, ‘প্রয়োজনীয় তহবিল বিতরণ করে সার্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ধনী দেশগুলোর এগিয়ে আসা উচিত। অনেক দেশ এখনও পিছিয়ে রয়েছে। তাদের সহায়তা প্রয়োজন।’ তিনি নগরীর একটি হোটেলে ‘অ্যাকসিলারেটিং ইউনিভার্সাল হেলথ কভারেজ টুওয়ার্ডস স্মার্ট বাংলাদেশ’ শীর্ষক একটি উচ্চ পর্যায়ের অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ইউনিসেফ, ডব্লিউএইচও, সিআরআই, সুচনা ফাউন্ডেশন ও চ্যাথাম হাউস লন্ডনের মতো বেশ কয়েকটি জাতীয় ও আন্তর্জাতিক সংস্থার সহায়তায় এ অনুষ্ঠানের আয়োজন করে। ইভেন্টের দুটি অংশ ছিল। প্রথম অংশে প্রধান অতিথি, বিশেষ অতিথি ও বিশেষজ্ঞদের প্রশোত্তরপর্ব। মানসিক স্বাস্থ্য ও অটিজম বিষয়ে ডব্লিউএইচও’র মহাপরিচালকের উপদেষ্টা এবং চ্যাথাম হাউস কমিশনের ইউনিভার্সাল হেলথ বিষয়ক সম্মানিত কমিশনার সায়মা ওয়াজেদ এটি পরিচালনা করেন। নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী ও চ্যাথাম হাউস কমিশনের কো-চেয়ার হেলেন ক্লার্ক অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
শেখ হাসিনা বলেন, ‘যেসব ক্ষেত্রে এখনও উন্নয়ন হয়নি বা যেগুলো স্বাস্থ্যের দিকে খুব বেশি অগ্রগতি করতে পারেনি, সেখানে স্বাস্থ্য ও পুষ্টিকে সহায়তার জন্য একটি উল্লেখযোগ্য তহবিল গঠন করা উচিত। কারণ স্বাস্থ্যই সকল সুখের মূল।’ সার্বজনীন স্বাস্থ্যসেবার জন্য একটি আন্তর্জাতিক পরিকল্পনার আহ্বান জানিয়ে তিনি বলেন, সার্বজনীন স্বাস্থ্যসেবা খুবই গুরুত্বপূর্ণ। তিনি বলেন, ‘এই বিষয়টিকে আরও গুরুত্ব দেওয়া এবং একটি আন্তর্জাতিক পরিকল্পনা করা উচিত।’ এ প্রসঙ্গে তিনি বলেন, এরপর বোঝা যাবে কোন দেশের বেশি প্রয়োজন। তিনি বলেন, ‘এটি নির্দিষ্ট করা যেতে পারে এবং সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা যেতে পারে। তবে আমি বিশ্বাস করি, আমাদের সকলকে একসাথে এটি করতে হবে।’
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক অনুষ্ঠানে বক্তব্য রাখেন এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব ড. মো. আনোয়ার হোসেন হাওলাদার স্বাগত বক্তব্য রাখেন। জাতিসংঘের সাধারণ পরিষদ ২০২৩ সালের সেপ্টেম্বরে ইউএইচসি বিষয়ে একটি উচ্চ পর্যায়ের বৈঠকের আয়োজন করতে যাচ্ছে।
অনুষ্ঠানে মন্ত্রী, সংসদ সদস্য, জাতীয় ও আন্তর্জাতিক বিশেষজ্ঞ, ঊর্ধ্বতন কর্মকর্তা, সুশীল সমাজের সদস্য ও যুব নেতৃবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন।
Author: Hello Bangla News
-

সার্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিতে ধনী দেশগুলোকে এগিয়ে আসতে হবে : প্রধানমন্ত্রী
-

মনের কথাও জানিয়ে দিবে কৃত্রিম বুদ্ধিমত্তা
মানুষের মনে কী চিন্তা চলছে তা ব্যক্তির মস্তিষ্কের তরঙ্গ থেকেই জানা যাবে। সেই তরঙ্গকে আবার শব্দে রূপান্তরিতও করতে পারবে কৃত্রিম বুদ্ধিমত্তা। এমনই এক মডেল আবিষ্কার করেছেন বিজ্ঞানীরা।
বিজ্ঞান সাময়িকী নেচার নিউরোসায়েন্সে প্রকাশিত এক নিবন্ধের বরাত দিয়ে জেরুজালেম পোস্ট এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। এ গবেষণায় যুক্তরাষ্ট্রের অস্টিনে অবস্থিত ইউনিভার্সিটি অব টেক্সাসের নিউরোসায়েন্স অ্যান্ড কম্পিউটার সায়েন্স বিভাগের সহযোগী অধ্যাপক অ্যালেক্স হাথের নেতৃত্বে একদল গবেষক কাজ করেছেন। তারা বলছেন, মস্তিষ্ক বা ব্রেইন কম্পিউটার বানানোর ক্ষেত্রে এটি একটি বিরাট অগ্রগতি। নতুন এ মডেল অনুসারে, বিজ্ঞানীদের আবিষ্কৃত সেমানটিক ডিকোডার (যা তরঙ্গকে শব্দে রূপান্তরিত করে) সরাসরি মানুষের মস্তিষ্কে সরাসরি রোপণ করা হয় না।
তার পরিবর্তে একটি ফাংশনাল ম্যাগনেটিক রিসোন্যান্স ইমেজিং বা এফএমআরআই স্ক্যানারের সাহায্যে মানুষের মস্তিষ্কের তরঙ্গকে চিহ্নিত করা হয় এবং তার পর ডিকোডারের সাহায্যে তা শব্দে রূপান্তর করা এ বিষয়ে অ্যালেক্স হাথ বলেন, ‘আমরা ধারাবাহিকভাবে দীর্ঘ সময় ধরে জটিল ধারণাসহ মানুষের মস্তিষ্ক থেকে শব্দ ডিকোড করার একটি মডেল আবিষ্কার করেছি।’ এ আবিষ্কার যারা বিভিন্ন ধরনের স্ট্রোকের কারণে কথা বলতে অক্ষম কিন্তু মস্তিষ্ক সচল তাদের যোগাযোগ করার একটি নতুন দ্বার খুলে দেবে। তবে গবেষকরা বলছেন, তাদের মডেলে আরও বেশ কিছু কাজ বাকি রয়েছে। কারণ, এখন তাদের মডেল কেবল নির্দিষ্ট কিছু চিন্তার ক্ষেত্রে তাকে শব্দে রূপান্তরিত করতে পারবে।
তথ্যসূত্রঃ নেচার.কম
-

মাস সেরার আইসিসির পুরস্কার হাতে পেলেন সাকিব
গেল মার্চে ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের বিপক্ষে পরপর দুই সিরিজে দারুণ পারফর্ম করেছিলেন সাকিব আল হাসান। তাই মার্চ মাসের আইসিসির সেরা ক্রিকেটার সংক্ষিপ্ত তালিকা মনোনয়ন পেয়েছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। টাইগার অলরাউন্ডারের প্রতিপক্ষ ছিলেন দুই জন। নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন ও আরব আমিরাতের আসিফ খানকে পেছনে ফেলে প্রথমবারের মতো আইসিসির মাস সেরার পুরস্কার জিতেছেন সাকিব। আর আজ মেনস প্লেয়ার অফ দ্য মান্থ অ্যাওয়ার্ডের পুরস্কার হাতে পেলেন এই অলরাউন্ডার। আইসিসির অফিসিয়াল ওয়েবসাইটের এক টুইটারে বিষয়টি নিশ্চিত করা হয়।
বাংলাদেশের টাইগার অলরাউন্ডার সাকিবকে মাস সেরা পুরস্কার দেওয়ার কারণ, তিনি সেই মাসে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন। সেটিকেই বিবেচনায় নেওয়া হয়েছে। জস বাটলারদের বিপক্ষে ওয়ানডে সিরিজ হারলেও ব্যক্তিগত নৈপুণ্যে উজ্জ্বল ছিলেন সাকিব। এছাড়া সিরজে সর্বোচ্চ রানসংগ্রাহক ও উইকেটশিকারি তালিকায় ও ছিলেন উপরে। তাই মার্চের সেরা হয়েছেন টাইগার এই অলরাউন্ডার।
ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে হারলেও অলরাউন্ড নৈপুণ্যে দারুণ উজ্জ্বল ছিলেন সাকিব। টাইগারদের হয়ে সর্বোচ্চ রান সংগ্রহের পাশাপাশি সর্বোচ্চ উইকেট শিকারিও হয়েছিলেন টাইগার ক্রিকেটের এই পোস্টার বয়। সিরিজের শেষ ম্যাচে ৭১ বলে খেলেছিলেন ৭৫ রানের অনবদ্য ইনিংস, আর বল হাতে ৪ উইকেট নিয়ে দলকে জিতিয়ে হয়েছিলেন ম্যাচসেরা।
অপরদিকে ইংলিশদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ব্যাটে বলে আলো ছড়িয়েছেন সাকিব যার ফলে ঘরে মাঠে জস বাটলারদেরকে হোয়াইটওয়াশ করে বাংলাদেশ। এরপর আয়ারল্যান্ডে সিরিজেও সে ধারাবাহিকতায় অব্যাহত রাখে টাইগার অলরাউন্ডার। মার্চে মোট ১২ ম্যাচ খেলে টাইগার আলরাউন্ডার ৩৫৩ রান ও বল হাতে তুলেন ১৫টি উইকেট।
এর আগে মার্চ মাস সেরা হয়ে সাকিব বলেছেন, ‘আমি এই পুরস্কার জিতে গর্বিত, বিশেষজ্ঞ প্যানেলকে ধন্যবাদ জানায় যারা আমার জন্য ভোট করেছেন। এই স্বীকৃতি আমার কাছে অনেক মূল্যবান কারণ অনেকগুলো প্রতিভাবান ক্রিকেটার থেকে এ মাসে বিশেষ পারফরম্যান্স এসেছে।’
-

জাতিসংঘের বিশেষ দূত ওলিভিয়ার ডি শ্যুটার ঢাকায় আসছেন
চরম দারিদ্র্য ও মানবাধিকার বিষয়ক জাতিসংঘের বিশেষ প্রতিবেদক ওলিভিয়ার ডি শ্যুটার দারিদ্র্য বিমোচনে সরকারের উদ্যোগ পর্যবেক্ষণে বাংলাদেশ সফর করবেন। আগামী ১৭ থেকে ২৯ মে পর্যন্ত তিনি বাংলাদেশ সফর করবেন।
স্বাধীন বিশেষজ্ঞ ডি শ্যুটার বিঞ্জপ্তিতে বলেন, ‘অর্থনৈতিক ও জলবায়ুজনিত অভিঘাতের প্রেক্ষাপটে মানুষকে দারিদ্র্যমুক্ত রাখতে ও সবার জন্য মানসম্পন্ন জীবনমান নিশ্চিতকরণে সরকার যাতে সহযোগিতা প্রদান অব্যাহত রাখতে পারে, সেসব বিষয়ে কিছু দিকনির্দেশনা প্রদান করতে পারবো।’
সফরকালে জাতিসংঘ বিশেষজ্ঞ ঢাকা ও রংপুর বিভাগের কিছু এলাকা এবং কক্সবাজার পরিদর্শন করবেন। তিনি এসব এলাকার স্থানীয় সরকারি কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি, দারিদ্র্যপীড়িত সম্প্রদায় ও মানুষের সঙ্গে সাক্ষাৎ করবেন।
এছাড়া সামাজিক সুরক্ষা কর্মসূচির কার্যকারিতা নিরূপণে ডি শ্যুটার দারিদ্র্যের ওপর বাংলাদেশের শ্রম আইন, স্বাস্থ্যসেবা, গৃহায়ণ এবং শিক্ষা ব্যবস্থার প্রভাবগুলো পর্যবেক্ষণ করবেন। নারী, শিশু, প্রতিবন্ধী, বৃদ্ধ, তৈরি পোশাককর্মী এবং রোহিঙ্গা শরণার্থীসহ যেসব গোষ্ঠী দারিদ্র্য ও বৈষম্যের শিকার, তাদের অবস্থাও পর্যবেক্ষণ করবেন তিনি।
সফরের শেষ দিকে ২৯ মে বাংলাদেশ সময় ৩টায় ঢাকার হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে ডি শ্যুটার তার প্রাথমিক পর্যবেক্ষণ ও পরামর্শগুলো একটি সাংবাদ সম্মেলনের মাধ্যমে জানাবেন। এ ছাড়া ২০২৪ সালের জুনে চূড়ান্ত প্রতিবেদন জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলে পেশ করবেন তিনি।
-

আরও ৩৭ পণ্য বাধ্যতামূলক মান সনদের আওতায়
প্রেসার কুকার, গ্রিন টি, টুথব্রাশ, সুইটমিট, এলপিজি গ্যাস সিলিন্ডার, মাইক্রোওয়েভ ওভেনসহ ৩৭টি পণ্যকে বাধ্যতামূলক মান সনদের আওতাভুক্ত করেছে মান নিয়ন্ত্রণকারী সংস্থা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।
রাজধানীর তেজগাঁওয়ে বিএসটিআইয়ের প্রধান কার্যালয়ে প্রতিষ্ঠানের সর্বোচ্চ নীতিনির্ধারণী কর্তৃপক্ষ কাউন্সিলের ৩৮তম সভায় বাধ্যতামূলক মান সনদের তালিকায় ৩৭টি নতুন পণ্য অন্তর্ভুক্তির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।
শিল্পমন্ত্রী ও বিএসটিআই কাউন্সিলের চেয়ারম্যান নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন সভাপতিত্ব করেন। সভায় বিএসটিআই কাউন্সিলের প্রথম ভাইস চেয়ারম্যান শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার এমপি, দ্বিতীয় ভাইস চেয়ারম্যান শিল্প সচিব জাকিয়া সুলতানা, বিএসটিআই মহাপরিচালক ও কাউন্সিলের সদস্য সচিব মো. আবদুস সাত্তার প্রমুখ উপস্থিত ছিলেন।
এছাড়া শিল্প, স্বরাষ্ট্র, অর্থ, মৎস্য ও প্রাণিসম্পদ, বাণিজ্য, বস্ত্র ও পাট, তথ্য, কৃষি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, জ্বালানি ও খনিজসম্পদ, তথ্য অধিদফতর, বাংলাদেশ টেলিভিশন, কৃষি গবেষণা কাউন্সিল, বিসিএসআইআর, আমদানি ও রফতানি নিয়ন্ত্রক, ইপিবি এবং এমসিসিআই, ক্যাবসহ কাউন্সিলের সদস্য প্রতিষ্ঠানের প্রতিনিধিরা সভায় অংশ নেন।
বিএসটিআই মহাপরিচালক ও কাউন্সিলের সদস্য সচিব আবদুস সাত্তার সভা পরিচালনা করেন।
সভায় শিল্পমন্ত্রী বলেন, বিএসটিআই সবার জন্য একটি আস্থার জায়গা তৈরি করেছে। পণ্যের মান নিয়ন্ত্রণে বিএসটিআইকে আরও সক্রিয় ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।
ব্যবসায়ীদের উদ্দেশে তিনি বলেন, রাতারাতি বড়লোক হওয়ার মানসিকতা পরিবর্তন করতে হবে। অনেক ব্যবসায়ী যেসব কর্মকাণ্ড করেন তা কোনো নৈতিকতার মধ্যে পড়ে না। তাদের সংশোধন হতে হবে।
জনগণের স্বার্থরক্ষায় প্রয়োজনে বিএসটিআইকে আরও কঠোর ভূমিকা পালন করার আহ্বান জানান শিল্প প্রতিমন্ত্রী। এসময় ভোক্তাস্বার্থ রক্ষায় বিএসটিআইকে দায়িত্ব নিতে হবে উল্লেখ করে বলেন, স্বাস্থ্যসম্মত খাবার নিশ্চিত করতে হবে। এ লক্ষ্যে অন্য প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সমন্বয় করে নিম্নমানের পণ্য ও খাদ্যে ভেজাল রোধে বিএসটিআইকে কাজ করতে হবে।
নতুন বাধ্যতামূলক মান সনদের আওতাভুক্ত পণ্য হচ্ছে- গ্রিন টি, সয়া সস, চাটনিজ, ডেকোরেটেড কেক, মল্ট বেইজড ফুড, মল্ট ড্রিঙ্ক, ছানা, চিজেস, হুয়ে চিজেস, ক্রিম চিজেস, এক্সট্রা হার্ড গ্রাটিং চিজ, হেয়ার ক্রিম, কাজল, ফেস প্যাক, গ্লিসারিন টয়লেট সোপ, লিকুইড টয়লেট সোপ, ট্রান্সপারেন্ট টয়লেট সোপ, ক্লিন কুক স্টোভস এন্ড কুকিং সল্যুশনস, ইন্ডাস্ট্রিয়াল সেফটি হেলমেট, হেসিয়ান জুট ব্যাগস ফর রাইচ অ্যান্ড পালস, হেসিয়ান জুট ব্যাগস (লেমিনেটেড/ইনার লিনার) ফর পোল্ট্রি ফিড এন্ড ফিস ফিড, হেসিয়ান জুট ব্যাগস ফর প্যাকিং ৩০ কেজি ফুড গ্রেইনস, জুট ব্যাগস ফর প্যাকিং ৫০ কেজি ফুড গ্রেইনস, টেক্সটাইল লাইট ওয়েট জুট সাকিং ব্যাগস ফর প্যাকিং ৫০ কেজি ফুড গ্রেইনস, ননওভেন উয়িপস, সিল্ক ফেব্রিকস, সিনথেটিক মসকুইটো নেটস, টাওয়েলস অ্যান্ড টাউয়েলিং, লিড-এসিড ট্রাকশন ব্যাটারিজ, সিঙ্গেল ফেস মটর এবং টুথ ব্রাশ।
-

তত্ত্বাবধায়ক সরকার নিয়ে বিদেশি কোনো চাপ নেই: ওবায়দুল কাদের
তত্ত্বাবধায়ক সরকার ব্যাপারে বিদেশি বন্ধুরা সরকারের কাছে কোনো প্রস্তাব করেনি, চাপও সৃষ্টি করেনি বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেন, বিএনপি তিনটি দাবি নিয়ে মাঠে নেমেছে। সরকারের পদত্যাগ, পার্লামেন্ট বিলুপ্তি ও তত্ত্বাবধায়ক সরকার। এই তিনটির কোনটির ব্যাপারে বিদেশি বন্ধুরা সরকারের কাছে কোনো প্রস্তাবও করেনি, কোনো চাপও সৃষ্টি করেনি।
ওবায়দুল কাদের আজ বুধবার সকালে রাজধানীর একটি হোটেলে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বৈদ্যুতিক গাড়ি রুপান্তর সংক্রান্ত বৈঠক ও সক্ষমতা বৃদ্ধি বিষয়ক এক কর্মশালা শেষ সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।
তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার, সরকারের পদত্যাগ এবং পার্লামেন্টের বিলুপ্তি নিয়ে বিএনপি কথা বলছে। বিদেশি বন্ধুরা এটা নিয়ে কিছু বলেনি। তবে হ্যাঁ, বাংলাদেশের তারা ফ্রি এন্ড ফেয়ার ইলেকশন চায়। বিএনপির যেসব দাবি সেগুলোর বিষয়ে বিদেশিরা একটি শব্দও উচ্চারণ করেনি।
ওবায়দুল কাদের বলেন, বিএনপিকে সংলাপ এবং নির্বাচনকালীন সরকারে ডাকা হয়নি। এখানে প্রলোভনের ফাঁদের প্রশ্ন আসে কেন? রাজনৈতিক দল হিসেবে নির্বাচনে অংশগ্রহণ বিএনপির গণতান্ত্রিক অধিকার, সুযোগ নয়। আওয়ামী লীগ কেন তাদের অনুগ্রহ করবে? ডেকে আনবে। আওয়ামী লীগ তাদের কোন ফাঁদে ফেলছে না।
তিনি বলেন, বিএনপি কেন আওয়ামী লীগকে বিশ্বাস করছে না? আওয়ামী লীগ কী প্রতিশ্রুতি তাদের দিয়েছিল? নির্বাচন হবে দেশের সংবিধান অনুযায়ী, পৃথিবীর গণতান্ত্রিক দেশে যেভাবে নির্বাচন হয় বাংলাদেশে সেভাবে নির্বাচন হবে।
ওবায়দুল কাদের বলেন, গণতান্ত্রিক অধিকার তাদের (বিএনপি) নিজেদের প্রয়োগ করা উচিত, ইলেকশনে আসাটা তাদের নিজেদের বিষয়। আওয়ামী লীগ তাদের অনুগ্রহ করবে কেন? আওয়ামী লীগ কেন তাদের ডেকে আনবে? এর মানে বুঝি না, তারা কী বলতে চায়?
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, জাহাঙ্গীর আলম আওয়ামী লীগ থেকে মেয়র হয়েছিলেন, তার মা আওয়ামী লীগের সঙ্গে সরাসরি যুক্ত কিনা জানা নেই। আর নির্বাচনের অংশগ্রহণের বিষয়টি নির্বাচন কমিশনের।
এর আগে কর্মশালায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে ঢাকার রাস্তায় চলবে বৈদ্যুতিক গণপরিবহন। সে লক্ষ্যে চলতি বছরের শেষ দিকে বিআরটিসি বহরে ১০০টি দোতলা বৈদ্যুতিক বাস যুক্ত হতে যাচ্ছে। এর মধ্যে ৮০টি ঢাকা নগরীতে, আর ২০টি ঢাকা-চট্টগ্রাম রুটে চলবে।
তিনি বলেন, কার্বন ডাই-অক্সাইড নিঃসরণ কমানোই হবে এর লক্ষ্য। বিআরটি প্রকল্পেও চলবে বৈদ্যুতিক গণপরিবহন।
প্রকল্পটি বিশ্বব্যাংক ও সড়ক পরিবহন মন্ত্রণালয় যৌথভাবে বাস্তবায়ন করবে। আজকের কর্মশালায় দক্ষিণ-পূর্ব এশিয়ার ১২টি দেশের প্রতিনিধিরা অংশ নিয়েছেন।ওবায়দুল কাদের বলেন, বড় বড় দেশগুলো কার্বন নিঃসরণের জন্য দায়ী, বাংলাদেশের মতো ছোট ছোট দেশগুলো ভোগান্তির শিকার। তাই আমাদের সিদ্ধান্ত নিতে হবে, অ্যাকশনে যেতে হবে। পাশাপাশি সবাইকে সচেতন হতে হবে।
সেতুমন্ত্রী বলেন, ২০৩০ সালের মধ্যে ৪ মিলিয়ন টন কার্বন নিঃসরণ কমাতে হবে। সড়ক-পরিবহন খাতে নূন্যতম ৩০ শতাংশ পরিবহনকে বৈদ্যুতিক গণপরিবহনে রূপান্তর করতে হবে।
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এবিএম আমিন উল্লাহ নুরীর সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন বিদুৎ বিভাগের সচিব হাবিবুর রহমান ও বিশ্ব ব্যাংকের কোঅপারেশন ম্যানেজার দানদান চেন বক্তব্য রাখেন। সূত্র : বাসস
-

ঘূর্ণিঝড় মোখা এখন সুপার সাইক্লোনের দিকে
দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে। কয়েক ঘণ্টার মধ্যেই বঙ্গোপসাগরের বুকে তৈরি হতে চলেছে এই ঘূর্ণিঝড়। বুধবার সকালেই দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপ আরও পশ্চিমে সরে গিয়ে পরিণত হয়েছে অতি গভীর নিম্নচাপে। আবহাওয়াবিদরা জানাচ্ছেন, বুধবার সন্ধ্যা থেকে রাতের মধ্যেই সেই অতি গভীর নিম্নচাপ থেকে জন্ম নেবে ঘূর্ণিঝড় মোখা।
আবহবিদরা বলছেন, দ্রুত শক্তি সঞ্চয় করছে ‘মোখা’। আর সেই জন্যই এক দিনের মধ্যেই তা পরিণতি পেতে চলেছে গভীর নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ে।
আবহবিদরা মনে করছেন, এভাবে শক্তি সঞ্চয় করলে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার পর তা দু’দিনের মাথাতেই অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হবে।
১৩ মে সন্ধ্যা থেকে ১৪ মে ভোরে নিম্নচাপটি ঘূর্ণিঝড় আকারে আঘাত হানতে পারে। কক্সবাজার এবং সেন্টমার্টিনের নিম্ন এলাকায় আঘাত হানবে প্রথমে। এরপর চট্টগ্রাম এলাকায় আঘাত করবে। তবে এর গতি পরিবর্তন হতে পারে যেকোনও সময়।
নিম্নচাপ সংক্রান্ত আবহাওয়া অধিদপ্তরের তৃতীয় বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিম্নচাপটি (বুধবার) দুপুর ১২টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১৫১৫ কি.মি. দক্ষিণে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১৪৩৫ কি.মি. দক্ষিণে, মোংলা সমুদ্রবন্দর থেকে ১৫১০ কি.মি. দক্ষিণ-দক্ষিণপূর্বে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১৪৬৫ কি.মি. দক্ষিণ-দক্ষিণপূর্বে অবস্থান করছিল। এটি আরও ঘণীভূত হয়ে আগামীকাল পর্যন্ত উত্তর-উত্তরপশ্চিম দিকে এবং পরবর্তীতে দিক পরিবর্তন করে ক্রমান্বয়ে উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হতে পারে।
দেশের ৯ জেলার ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।
বর্তমানে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন দক্ষিণ আন্দামান সাগরে অবস্থান করছে অতি গভীর নিম্নচাপটি। তবে ক্রমেই সেটি সরে যাচ্ছে আরও পশ্চিমে এবং উত্তর-পশ্চিমে। সেখানেই সরে গিয়ে তৈরি হবে ঘূর্ণিঝড়।
বুধবার সকালের তুলনায় পোর্ট ব্লেয়ারের থেকে দূরত্ব কমিয়েছে অতি গভীর নিম্নচাপটি। বর্তমানে এই অতি গভীর নিম্নচাপ পোর্ট ব্লেয়ার থেকে ৫১০ কি.মি. দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছে।
অতি গভীর নিম্নচাপটি বর্তমানে বাংলাদেশের কক্সবাজার থেকে ১৪৮০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ-পশ্চিমে রয়েছে। মিয়ানমারের সিতওয়ে থেকে দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমে ১৩৬০ কিলোমিটার দূরে রয়েছে।
অতি গভীর নিম্নচাপটি বর্তমান অবস্থান থেকে আরও উত্তর ও উত্তর-পশ্চিমে অগ্রসর হচ্ছে। এই অঞ্চলেই শক্তি বাড়িয়ে অতি গভীর নিম্নচাপ দ্রুত ঘূর্ণিঝড়ে পরিণত হবে বলে আবহাওয়া অফিস সূত্র জানিয়েছে।
অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বৃহস্পতিবার সন্ধ্যাতেই। অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার পর মোখার গতিবেগ থাকবে ঘণ্টায় ১৮০ কিমি। সমুদ্রে বাধা না পেয়ে তা হু-হু করে এগিয়ে আসবে উপকূলের দিকে। তবে উপকূলে আছড়ে পরার আগেই শক্তিক্ষয় করতে শুরু করবে মোখা। শনিবার থেকে ধীরে ধীরে শক্তি কমতে শুরু করবে মোখার। রোববার দুপুরের দিকে কক্সবাজার এবং মিয়ানমারের কাউকপুর ওপর আছড়ে পড়তে পারে মোখা। এরপর তা দক্ষিণ-পূর্ব বাংলাদেশ এবং উত্তর মায়ানমারের দিকে এগিয়ে যাবে। বাংলাদেশ-মিয়ানমার উপকূলে সর্বোচ্চ ১২০ থেকে ১৩০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড়টি।
-

৬ টি আশ্চর্যজনক উপকার পেতে প্রতিদিন হাঁটুন
প্রতিদিন হাঁটা আপনার স্বাস্থ্য এবং সুস্থতার জন্য অনেক উপকারী হতে পারে। হাঁটা হল একটি সহজ ব্যায়ামের অনুশীলন যা বেশিরভাগ লোকেরা করতে পারে। এবং এটি আপনার দৈনন্দিন রুটিনে অন্তর্ভুক্ত করা চমৎকার ব্যাপার। প্রতিদিন হাঁটার অভ্যাসে আপনি শারীরিক ও মানসিক বেশ কিছু সুবিধা লাভ করতে পারেন। প্রতিদিন হাঁটা ৬টি সুবিধা হলোঃ
উন্নত কার্ডিওভাসকুলার স্বাস্থ্য: হাঁটা আপনার হৃদরোগ, স্ট্রোক এবং উচ্চ রক্তচাপের ঝুঁকি হ্রাস করে আপনার হার্টের সুস্থতা উন্নতি করতে সাহায্য করতে পারে।
রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো: হাঁটা আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং সর্দি, ফ্লু এবং অন্যান্য অসুস্থতার ঝুঁকি কমাতে সাহায্য করে।
প্রফুল্লতা তৈরি: হাঁটা মানসিক চাপ, উদ্বেগ এবং বিষণ্নতা হ্রাস করে আপনার প্রফুল্ল মেজাজ উন্নত করতে সাহায্য করতে পারে।
দীর্ঘস্থায়ী রোগের ঝুঁকি হ্রাস: নিয়মিত হাঁটা আপনার দীর্ঘস্থায়ী রোগ যেমন- ডায়াবেটিস, স্থূলতা এবং ক্যান্সারের ঝুঁকি কমাতে পারে।
হাড়ের স্বাস্থ্যের উন্নতি: হাঁটা একটি ওজন বহনকারী কার্যকলাপ, যার মানে এটি আপনার হাড়ের স্বাস্থ্যের উন্নতি করতে এবং অস্টিওপরোসিসের ঝুঁকি কমাতে সাহায্য করতে পারে।
বর্ধিত শক্তি এবং সহনশীলতা: নিয়মিত হাঁটা আপনার শক্তি এবং সহনশীলতা বাড়াতে সাহায্য করতে পারে। এটি আপনার দৈনন্দিন কাজগুলিকে সহজ করে তোলে।
প্রতিদিনের হাঁটার অভ্যাসকে আপনার রুটিনে অন্তর্ভুক্ত করে, আপনি এই সুবিধাগুলি কাটাতে পারেন এবং আপনার সামগ্রিক স্বাস্থ্যর কল্যাণ লাভ করতে পারেন। সর্বাধিক সুবিধার জন্য প্রতিদিন কমপক্ষে ৩০ মিনিট দ্রুত হাঁটার লক্ষ্য রাখুন।
তথ্যসূত্রঃ রিয়েলসিম্পল
-

৯ উইকেটে ২৪৬ রান তুলেছে বাংলাদেশ
আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে আগে ব্যাটিং করতে নেমে ইনিংসের প্রথম ওভারেই উইকেট হারায় বাংলাদেশ। সেই থেকে নিয়মিত বিরতিতেই উইকেট হারিয়েছে তামিম ইকবালের দল। এর মধ্যে মাঝখানে মুশফিকুর রহিম দারুণ এক ফিফটি তুলে নিয়েছেন। এছাড়া নাজমুল হোসেন শান্ত, সাকিব, তৌহিদ হৃদয়রা কিছুটা সাপোর্ট দেওয়ায় ৫০ ওভারে ৯ উইকেটে ২৪৬ রান তুলেছে বাংলাদেশ।
ইংল্যান্ডের বাউন্সি কন্ডিশনে ইনিংসের শুরুতেই বাংলাদেশকে চেপে ধরেছিল আইরিশ পেসাররা। জশ লিটল-মার্ক অ্যাডায়ারের তোপের মুখে সুবিধা করতে পারেননি দুই ওপেনার তামিম ইকবাল-লিটন দাস। তবে মিডল অর্ডার ব্যাটাররা প্রতিরোধ গড়লেও কেউই বড় ইনিংস খেলতে পারেননি। শেষ পর্যন্ত মুশফিকের হাফ সেঞ্চুরিতে লড়াই করার পুঁজি পায় বাংলাদেশ।
চেমসফোর্ডে টস হেরে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৪৬ রান সংগ্রহ করে বাংলাদেশ। দলের পক্ষে সর্বোচ্চ ৬১ রান করেন মুশফিক। ৬১ রানে ৩ উইকেট হসিকার করে ইনিংসের সেরা বোলার লিটল।
ব্যাটিং করতে নেমে শুরুতে ধাক্কা খায় বাংলাদেশ। আইরিশদের হয়ে বল হাতে ইনিংস ওপেন করা জশ লিটল প্রথম ওভারেই বেশ ভুগিয়েছেন বাংলাদেশি ব্যাটারদের। নতুন বলে এই পেসারের বাড়তি সুইং আর পেস সামলাতে পারেননি লিটন। ইনিংসের চতুর্থ বলটি অফ স্টাম্পের ওপর ইয়র্কার করেছিলেন লিটল, সেখানে সোজা ব্যাটে ডিফেন্স করতে গিয়ে ব্যাটে-বলে করতে পারেননি লিটন। তাতে বল আঘাত হানে তার প্যাডে। আর আম্পায়ার তাতে আঙ্গুল তুলতে খুব একটা সময় নেননি।
লিটনের বিদায়ের পর বেশিক্ষণ টিকতে পারেননি তামিম ইকবালও। যদিও শুরুটা ভালোই করেছিলেন এই ওপেনার। দুই বাউন্ডারিতে ভালো শুরুর আভাস দিয়েও থিতু হতে পারেননি বাংলাদেশ অধিনায়ক। চতুর্থ ওভারের পঞ্চম বলটি অফ স্টাম্পের অনেকটা বাইরে ফুলার লেন্থে করেছিলেন মার্ক অ্যাডায়ার। সেখানে বড় শট খেলতে গিয়ে তামিমের ব্যাটের কানা ছুঁয়ে বল চলে যায় উইকেটকিপার লরকান টাকারের গ্লাভসে। তাতে আউটের আবেদন করেন আইরিশরা। কিন্তু আম্পায়ার তাতে সাড়া দেননি। ফলে রিভিউ নেয় তারা। তাতে সিদ্ধান্ত বদলে আউট দিত্যে বাধ্য হন আম্পায়ার।
দুই ওপেনারের বিদায়ের পর দলের হাল ধরেন সাকিব আল হাসান ও নাজমুল হোসেন শান্ত। তাদের দৃঢ়তায় দলীয় অর্ধশতক পূরণ করে বাংলাদেশ। কিন্তু শুরুর পাওয়ার প্লে শেষে আর বেশিক্ষণ টিকতে পারলেন না সাকিব। ১২তম ওভারের প্রথম বলে গ্রাহাম হিউমকে ডাউন দ্য উইকেটে এসে উড়িয়ে মারতে গিয়ে ব্যাটে বলে করতে পারেননি সাকিব। তাতে বল সরাসরি আঘাত হানে তার উইকেটে। সাজঘরে ফেরার আগে ২১ বলে ২০ রান করেছেন এই অভিজ্ঞ অলরাউন্ডার।
সাকিব ফিরে যাওয়ার পরও দুর্দান্ত ব্যাটিং করছিলেন শান্ত। শুরুতে কিছুটা ধীরগতির ব্যাটিং করলেও সময়ের সঙ্গে সঙ্গে খোলস ছেড়ে বেরিয়ে আসেন এই টপ অর্ডার ব্যাটার। হৃদয়ের সঙ্গে চতুর্থ উইকেট জুটিতে হাফ সেঞ্চুরি পূর্ণ করে ব্যাক্তিগত হাফ সেঞ্চুরির খুব কাছেই ছিলেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত আর মাইলফলক ছুঁতে পারেননি। ২২তম ওভারের চতুর্থ বলে কুর্টিস ক্যাম্পারকে উড়িয়ে মারতে গিয়ে সীমানায় অ্যাডায়ারের হাতে ধরা পড়েন শান্ত। ৭ চারে ৬৬ বলে ৪৪ রান এসেছে তার ব্যাট থেকে।
দেশের মাটিতে সর্বশেষ সিরিজে দুর্দান্ত খেলেছিলেন তাওহিদ হৃদয়। নিজের অভিষেক সেই সিরিজের ফর্ম টেনে নিতে পারলেন না ইংল্যান্ডে। আইরিশ পেসারদের সামলে উইকেটে থিতু হলেও ইনিংস বড় করতে পারলেন না এই তরুণ ব্যাটার। ২৭তম ওভারের তৃতীয় বলটি অফ স্টাম্পের বাইরেফুল লেন্থে করেছিলেন গ্রাহাম হিউম। এই পেসারকে ডিফেন্স করতে গিয়ে আউট সাইড এইডজে ধরা পড়েন হৃদয়। উইকেটের পেছনে দুর্দান্ত ক্যাচ নিয়েছেন লরকান টাকার। সাজঘরে ফেরার আগে ৩১ বলে ২৭ রান করেছেন হৃদয়।
১২২ রানে পঞ্চম উইকেট হারানোর পর দায়িত্ব বেড়ে গিয়েছিল মিরাজের। সেটার ছাপও ছিল তার ব্যাটিংয়ে। অভিজ্ঞ মুশফিকের সঙ্গে দেখে-শুনেই খেলছিলেন এই তরুণ অলরাউন্ডার। কিন্তু হঠাৎ মাথা গরম করে বআইপড ডেকে আনেন তিনি! ৩৮তম ওভারের তৃতীয় বলে জর্জ ডকরেলকে স্লগ সুইপ করেন মিরাজ। কিন্তু ব্যাটে-বলে ঠিকমতো টাইমিং না হওয়ায় এইডজ হয়ে বল ওপরে উঠে যায়। তাতে ধোহেনির হাতে ধরা পড়েন ২৭ রান করা মিরাজ।
জন্মদিনে খেলতে নেমে ট্যাক্টরের কাছ থেকে যেন উপহার পেলেন মুশফিক! ৩১তম ওভারের চতুর্থ বলটি অফ স্টাম্পের বাইরে লেন্থ ডেলিভারী ছিল, মুশফিক কাট করার পর হাওয়া ভাসতে ভাসতে বল চলে যায় ব্যাকওয়াড পয়েন্টে। সেখানে দাঁড়িয়ে থাকা হ্যারি ট্যাক্টর জায়গায় দাঁড়িয়ে বলের নাগাল পেলেও হাতে জমাতে পারেননি। তাতে ১৯ রানে জীবন পাওয়া মুশফিক ৬৩ বলে হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন। তার ব্যাট থেকে এসেছে সর্বোচ্চ ৬১ রানের ইনিংস। যা এই মাঠে ওয়ানডেতে কোনো ব্যাটারের দ্বিতীয় সর্বোচ্চ ব্যাক্তিগত ইনিংস।
৪৫তম ওভারে মুশফিক ফিরে গেলে অলআউটের শঙ্কায় পরে বাংলাদেশ। তবে শেষদিকে তাইআজুল ৩৬ বলে ১৪ এবং শরীফুল ১৫ বলে ১ ছক্কায় ১৬ রান করে অবদান রাখেন। ৩ উইকেট নেন জস লিটল।
২টি করে নিয়েছেন মার্ক অ্যাডায়ার এবং গ্রাহাম হিউম।
-

ইমরান খান গ্রেপ্তার
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে ইসলামাবাদ হাইকোর্টের সামনে থেকে গ্রেপ্তার করা হয়েছে। দুর্নীতি মামলায় জামিন নিতে আদালতে হাজির হলে আধা সামরিক বাহিনী পাক রেঞ্জার্স তাকে গ্রেপ্তার করে।
পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) একজন জ্যেষ্ঠ কর্মকর্তা ফাওয়াদ চৌধুরী বলেছেন, ‘‘ইমরানকে মঙ্গলবার আদালত প্রাঙ্গণ থেকে দেশটির দুর্নীতিবিরোধী সংস্থা জাতীয় জবাবদিহি ব্যুরোর এজেন্টরা গ্রেপ্তার করেছে।’’
এর আগে মঙ্গলবার বিকেলে আদালত থেকে ইমরান খানকে গ্রেপ্তার করা হয়। তিনি গত বছর তার পদ হারানোর পর থেকে বিচারাধীন কয়েক ডজন মামলার শুনানির জন্য তিনি ইসলামাবাদ হাইকোর্টে গিয়েছিলেন।
ইমরানকে গ্রেপ্তার এবং বড় জমায়েতের নিষেধাজ্ঞামূলক আদেশ জারি করার পরই ইসলামাবাদজুড়ে বিক্ষোভ শুরু হয়। তবে ইসলামাবাদ পুলিশ বলেছে, ১৪৪ ধারা বলবৎ আছে এবং লঙ্ঘনের জন্য ব্যবস্থা নেওয়া হবে।
ইসলামাবাদ ছাড়াও রাওয়ালপিণ্ডি, লাহোর, করাচি, গুজরানওয়ালা, ফয়সালাবাদ, মুলতান, পেশোয়ার এবং মারদানে বিক্ষোভ শুরু হয়েছে বলে জানিয়েছে জিও নিউজ।
করাচি এবং রাওয়ালপিণ্ডিতে বিক্ষোভকারীরা পুলিশের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, জনগণকে নিয়ন্ত্রণ করতে টিয়ার গ্যাসের শেল নিক্ষেপ করেছে পুলিশ। ঘটনাস্থলের ভিডিওতে দেখা গেছে, বিক্ষোভকারীরা ‘ইমরান খানকে মুক্তি দাও’ এবং ‘পাকিস্তান বন্ধ করো’ স্লোগান দিচ্ছে।
পিটিআই তাদের সমর্থকদের প্রতিবাদ করার আহ্বান জানিয়ে টুইটে বলেছে, এখন না করলে এ সুযোগ আর আসবে না।
সূত্র : এনডিটিভি, ডন