Author: Hello Bangla News

  • কমিউনিটি ক্লিনিকের বৈশ্বিক স্বীকৃতিতে প্রধানমন্ত্রীর সন্তোষ প্রকাশ

    কমিউনিটি ক্লিনিকের বৈশ্বিক স্বীকৃতিতে প্রধানমন্ত্রীর সন্তোষ প্রকাশ

    প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর উদ্ভাবিত কমিউনিটি ক্লিনিকের বিশ্বব্যাপী স্বীকৃতি পাওয়ায় সন্তোষ প্রকাশ করে বলেছেন, স্বাস্থ্যসেবা সারাদেশের মানুষের দোরগোড়ায় পৌঁছে গেছে।
    তিনি বলেন, ‘এমনকি আমি নিজেও জানতাম না যে প্রস্তাবটি (কমিউনিটি ক্লিনিকের বিষয়ে) কখন জাতিসংঘে উত্থাপিত হয়েছিল। প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে পাস হওয়ার পর জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আমাকে অবহিত করেছিলেন।’
    প্রধানমন্ত্রীর কার্যালয়ের (পিএমও) মন্ত্রিসভা কক্ষে মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠকে সভাপতিত্বকালে শেখ হাসিনা এ কথা বলেন।
    মন্ত্রিসভার পক্ষ থেকে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ প্রধানমন্ত্রীর এমন মানবিক উদ্যোগের জন্য তাঁকে ধন্যবাদ জানাতে একটি প্রস্তাব উত্থাপন করেন।
    প্রধানমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধিসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আনুষ্ঠানিকভাবে ৭০টি দেশকে ধন্যবাদ জানাতে বলেন, যারা প্রস্তাবটি কো-স্পন্সর করেছে এবং জাতিসংঘের সবক’টি সদস্য দেশ সর্বসম্মতভাবে এটিকে সমর্থন করেছে।
    শেখ হাসিনা আরো বলেন, সবচেয়ে গুরুত্ব¡পূর্ণ বিষয় হল স্বাস্থ্যসেবা পরিষেবাগুলি প্রতিটি মানুষের দোরগোড়ায় পৌঁছে গেছে এবং সাধারণ মানুষ সেখানে চিকিৎসা নিতে আসছে।’
    তিনি বলেন, কমিউনিটি ক্লিনিকগুলোকে কেন্দ্র করে বিশাল কর্মসংস্থান সৃষ্টি হয়েছে।

    শেখ হাসিনা বলেন, তাঁর সরকারের কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেয়ার অভিজ্ঞতা সেসব দেশে ভাগ করে নিতে চায়, যারা এখনও তাদের দেশের তৃণমূল পর্যায়ে চিকিৎসা সেবা পৌঁছে দিতে পারেনি।
    তিনি আরো বলেন, ‘অনেক দেশ এখনও মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে পারেনি। তারা চাইলে আমরা তাদের কাছে আমাদের অভিজ্ঞতা শেয়ার করব।
    সব মানুষের দোরগোড়ায় প্রাথমিক চিকিৎসা নিশ্চিত করার লক্ষ্যে কমিউনিটি ক্লিনিক উদ্যোগের স্থপতি শেখ হাসিনা বলেন, ১৯৯৬ সালে ক্ষমতায় আসার পর তারা সীমিত সম্পদ নিয়ে এই কার্যক্রম শুরু করেছিলেন।
    প্রধানমন্ত্রী বলেন, তাঁর সরকার ১১ হাজার বাড়ি তৈরি করেছে এবং ৪ হাজার বাড়িতে স্বাস্থ্যকেন্দ্র স্থাপন করেছে।
    তিনি আরো বলেন, স্বাস্থ্যসেবা কেন্দ্র চালু করার ফলাফল সম্পর্কে জানার জন্য তারা এক বছর পর একটি জরিপ পরিচালনা করে এবং এর সাফল্যের হার ৭০ শতাংশের বেশি পাওয়া গেছে।
    ইতিবাচক ফলাফল দেখে তিনি বলেন, ওই সময়ে সরকার এই সাফল্যে অনুপ্রাণিত হয়ে ১১ হাজার বাড়িতে স্বাস্থ্যকেন্দ্র নির্মাণের ব্যবস্থা নেয়।
    শেখ হাসিনা বলেন, কিন্তু তাঁর সরকারের পাঁচ বছরের মেয়াদ শেষ হওয়ায় তারা তা করতে ব্যর্থ হয়।
    ২০০১ সালে ক্ষমতায় এসে বিএনপি-জামাত জোট সরকার স্বাস্থ্যকেন্দ্রগুলো বন্ধ করে দেয়। কারণ তারা মনে করেছিল সেখান থেকে চিকিৎসা নেয়া জনগণ নিশ্চয়ই আওয়ামী লীগকে ভোট দিয়েছে।
    আওয়ামী লীগ-বিএনপি-জামাত সমর্থকসহ সব মানুষ ক্লিনিক থেকে চিকিৎসা সেবা নিলেও বিএনপি-জামাত জোট কেন কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দিয়েছিল সে প্রশ্ন তোলেন প্রধানমন্ত্রী।
    শেখ হাসিনা বলেন, ২০০৮ সালে দ্বিতীয়বারের মতো ক্ষমতায় আসার পর যে তারা ট্রাস্ট গঠনের মাধ্যমে কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠা করেছেন যাতে এটি আর কেউ বন্ধ করতে না পারে।
    প্রধানমন্ত্রী আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পদাঙ্ক অনুসরণ করে তিনি কমিউনিটি ক্লিনিকের উদ্যোগ নিয়েছেন। বঙ্গবন্ধু স্বাস্থ্যসেবা দোরগোড়ায় পৌঁছে দিতে ইউনিয়ন পর্যায়ে একটি ১০ শয্যার হাসপাতাল প্রতিষ্ঠা করেন।
    ক্ষমতাসীন আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা এজন্য জনগণকে ধন্যবাদ জানান। কারণ তারা ভোটের মাধ্যমে আওয়ামী লীগকে নির্বাচিত করে বারবার তাদের সেবা করার সুযোগ দিয়েছেন।
    বুলেট, বোমা ও গ্রেনেড থেকে রক্ষা পাওয়ায় প্রধানমন্ত্রী সর্বশক্তিমান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
    শেখ হাসিনা বলেন, ‘গ্রেনেড, বোমা ও বুলেট হামলার পরও আমি বেঁচে আছি বলে আল্লাহর কাছে আমার সকল কৃতজ্ঞতা। আমি এখনও দেশবাসীর কল্যাণে কাজ করে যাচ্ছি।’
    সম্প্রতি জাতিসংঘে (ইউএন) বাংলাদেশে কমিউনিটি ভিত্তিক স্বাস্থ্যসেবা সংক্রান্ত একটি প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হওয়ায় কমিউনিটি ক্লিনিকগুলি বিশ্বব্যাপী স্বীকৃতি পেয়েছে।
    এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘কমিউনিটি-ভিত্তিক প্রথমিক স্বাস্থ্যসেবা : সার্বজনীন স্বাস্থ্য পরিষেবা অর্জনে একটি অংশগ্রহণমূলক এবং অন্তর্ভুক্তিমূলক পদ্ধতি’ শিরোনামের প্রস্তাবটি কমিউনিটি ক্লিনিকগুলিকে আন্তর্জাতিক স্বীকৃতি দিয়েছে।
    প্রধানমন্ত্রী শেখ হাসিনা কমিউনিটি ভিত্তিক স্বাস্থ্যসেবা উদ্ভাবনী সেবা উদ্যোগ গড়ে তুলেছেন এবং সেই উদ্যোগের আওতায় জনগণকে স্বাস্থ্যসেবা দিতে দেশে কমিউনিটি ক্লিনিক স্থাপন করা হয়েছে।
    প্রস্তাবিত রেজুলেশনে জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলো কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফল উদ্ভাবনী উদ্যোগকে ব্যাপকভাবে স্বীকৃতি দেয় এবং এই উদ্যোগটিকে ‘শেখ হাসিনা উদ্যোগ’ নামে অভিহিত করে।

    সূত্র : বাসস

  • অ্যাপ ব্যবহারে সতর্কতা

    অ্যাপ ব্যবহারে সতর্কতা

    জীবনযাত্রাকে সহজ করে দিতে কতোরকম অ্যাপ আমরা প্রতিনিয়ত ইন্সটল করে ব্যবহার করছি। এতে করে জীবনযাপন সহজ হবার পাশাপাশি আমরা নিজের অজান্তেই কিছু ঝুঁকিও গ্রহণ করছি। যেসব কারনে আমাদের নানারকম প্রাইভেসি ক্ষতিগ্রস্থ হচ্ছে এবং মোবাইলেও সমস্যা দেখা দিচ্ছে। কিছু কৌশল জানা থাকলে এসব বিপদ এড়াতে পারবেন খুব সহজে। চলুন দেখে নেওয়া যাক অ্যাপ ইনস্টলের সময় যে ভুলগুলো করবেন না-

    ১. অ্যাপ ইনস্টলের সময় কী কী ব্যাপারে পারমিশন দিচ্ছেন, তা নিয়ে সতর্ক থাকুন। ফোনে কোনো অ্যাপ ইনস্টল করার সময় সেখানে অনেক ধরনের পারমিশন চাওয়া হয়। এর অর্থ হলো, আপনি সেই অ্যাপটিকে আপনার ফোনের সব কিছুর অ্যাক্সেস দিচ্ছেন। তাই কোনো কিছু সিলেক্ট করার আগে ভালো করে দেখে নিন।

    ২. অনেক সময় ফোনে একটি কাজের জন্য একাধিক অ্যাপ থাকে। আপনার প্রয়োজন অনুযায়ী কেনাকাটা, হোটেল বুকিং, সোশ্যাল মিডিয়ার অ্যাপগুলো বেছে নিন। একাধিক অ্যাপ ব্যবহার করলে ফোন ওভারলোড হয়ে যায়, যার ফলে ফোন একটা সময়ে অনেক স্লো হয়ে যায়।

    ৩. ফোনের অ্যাক্টিভিটি ট্র্যাকিং বন্ধ রাখুন। এই বিষয়টি অনেক ব্যবহারকারী জানেন না। খেয়াল করলে দেখবেন আপনি হয়তো কোনো একটি অ্যাপে কিছু সার্চ করছেন। পরবর্তীতে দেখা যায় সেই বিষয়টি আপনার অন্যান্য অ্যাপেও বিজ্ঞাপন দেখাচ্ছে বা কনটেন্ট সাজেস্ট করছে। একে অ্যাক্টিভিটি ট্র্যাকিং বলা হয়। এতে ফোনের ব্যাটারি খরচ বেড়ে যায়। শুধু তাই নয়, এসব বিজ্ঞাপন ফোনের পারফরম্যান্সকেও খারাপ করে দেয়। তাই অ্যাপের সেটিংসে গিয়ে অ্যাক্টিভিটি ট্র্যাকিং বন্ধ করে রাখুন।

  • আর্জেন্টিনার গোলরক্ষক মার্টিনেজ কলকাতায় আসছেন

    আর্জেন্টিনার গোলরক্ষক মার্টিনেজ কলকাতায় আসছেন

    আগামী জুলাইয়ে কলকাতায় আসছেন বিশ্বকাপজয়ী আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। সতদ্রু দত্ত ফাউন্ডেশনের ‘সিটি অফ জয়’ নামক প্রচারণার অংশ হিসেবে ভারতে দুই দিন থাকবেন কাতার বিশ্বকাপের গোল্ডেন গ্লাভস পুরস্কার বিজয়ী। এমন তথ্যই উঠে এসেছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে।

    আর্জেন্টাইন আলোচিত গোলরক্ষককে কলকাতায় আনার উদ্যোগ নিয়েছেন শতদ্রু দত্ত। তার উদ্যোগেই এর আগে ভারতে পা রাখেন কিংবদন্তি পেলে ও দিয়েগো ম্যারাডোনা। ধারণা করা হচ্ছে, মার্টিনেজের ভ্রমণের সম্ভাব্য তারিখ ২০-২১ জনু কিংবা ১-৩ জুলাই। কলকাতায় ভ্রমণে তার সঙ্গে সবকিছু স্বাক্ষরিত হয়েছে এবং চূড়ান্ত তারিখ শীগগিরই ঘোষণা করা হবে বলে জানা গেছে।একইসঙ্গে ভারতের ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলীর সঙ্গে একটি সৌজন্য সাক্ষাৎও রয়েছে মার্টিনেজের। একই সঙ্গে, মোহনবাগান ক্লাব পরিদর্শনে যাওয়ার কথাও রয়েছে ৩০ বছর বয়সী এই গোলরক্ষকের।

    লিওনেল মেসির নেতৃত্বে ৩৬ বছর পর কাতারে বিশ্বকাপ জেতে আর্জেন্টিনা। নেদারল্যান্ডসের বিপক্ষে উত্তেজনাপূর্ণ কোয়ার্টার ফাইনাল ম্যাচে দুটি পেনাল্টি শট ঠেকিয়েছিলেন এমি এবং ফাইনালে ফ্রান্সের বিপক্ষেও সেটির পুনরাবৃত্তি করেছেন।

    ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব অ্যাস্টন ভিলার হয়ে খেলেন মার্টিনেজ। কলকাতা সফরে তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে দেখা করবেন। একইসঙ্গে ভারতের ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলীর সঙ্গে একটি সৌজন্য সাক্ষাতে মিলিত হবেন। এ ছাড়া মোহনবাগান ক্লাব পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে ৩০ বছর বয়সী এই গোলরক্ষকের।

    মার্টিনেজের সঙ্গে আলাপকালে শতদ্রু দত্ত জানান, কলকাতার পাশাপাশি বাংলাদেশেও জনপ্রিয়তা রয়েছে মোহনবাগানের। সে সময় বাংলাদেশের নাম শুনে মার্টিনেজ সঙ্গে সঙ্গে বলেন, আমরা বাংলাদেশ সম্পর্কে জানি। আমরা তাদের (উন্মাদনা) দেখেছি।

  • ১০ জুন বাংলাদেশে আসছে আফগানিস্তান ক্রিকেট দল

    ১০ জুন বাংলাদেশে আসছে আফগানিস্তান ক্রিকেট দল

    পূর্ণাঙ্গ সিরিজ খেলতে আগামী ১০ জুন বাংলাদেশ সফরে আসছে আফগানিস্তান ক্রিকেট দল। সফরে একটি টেস্ট, তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টিতে টাইগারদের মোকাবিলা করতে হবে আফগানদের।

    বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বুধবার বাংলাদেশ-আফগানিস্তানের দ্বিপক্ষীয় সিরিজের সূচি ঘোষণা করে। খবর বাসসের।

    সূত্র জানিয়েছে, পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ১০ জুন ঢাকায় পা রাখবেন মোহাম্মদ নবী-রশিদ খানরা। ১৪ থেকে ১৮ জুন মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হবে একমাত্র টেস্ট। প্রথমভাগে টেস্ট খেলে ভারতে সিরিজ খেলতে যাবেন আফগানরা।

    ১৯ জুন ভারত সফরে যাবে আফগানিস্তান। ভারতের মাটিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে তারা।

    পরে বাংলাদেশে ফিরে ৫, ৮ ও ১১ জুলাই ওয়ানডে খেলবে দুই দল। সব খেলাই চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

    পরে সিলেটের মাটিতে ১৪ ও ১৬ জুলাই টি-টোয়েন্টি ফরম্যাটে টাইগাররা আফগানদের মোকাবিলা করবে।

    এখন পর্যন্ত একবার টেস্ট ফরম্যাটে মুখোমুখি হয় বাংলাদেশ ও আফগানিস্তান।

    ২০১৯ সালের সেপ্টেম্বরে চট্টগ্রামের মাটিতে হওয়া ঐ টেস্টে আফগানদের কাছে ২২৪ রানের বিশাল ব্যবধানে হেরেছিল বাংলাদেশ।

    বাংলাদেশের সঙ্গে আফগানিস্তানের দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি খেলার কথা ছিল, কিন্তু ভারত সফরে যেতে একটি করে টেস্ট ও টি-টোয়েন্টি বাতিল করার অনুরোধ করে আফগানিস্তান ক্রিকেট বোর্ড।

    বিসিবি সেই অনুরোধ আমলে নিয়ে আফগানিস্তানের সফর সূচি সমন্বয় করে।

  • বৈশ্বিক গড় উষ্ণতা রেকর্ড ভেঙে দেড় ডিগ্রি বাড়তে পারে

    বৈশ্বিক গড় উষ্ণতা রেকর্ড ভেঙে দেড় ডিগ্রি বাড়তে পারে

    বৈশ্বিক গড় উষ্ণতা রেকর্ড ভেঙে দেড় ডিগ্রি বাড়তে পারে

    বিশ্ব আবহাওয়া সংস্থা (ডব্লিউএমও) জানিয়েছে, বৈশ্বিক গড় উষ্ণতা ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। আগামী কয়েক বছরের মধ্যে প্রথমবারের মতো তার আগের রেকর্ড ভেঙে ফেলতে পারে বলে ভবিষ্যদ্বাণী করেছেন বিজ্ঞানীরা।

    বিশ্ব আবহাওয়া সংস্থা হুঁশিয়ারি দিয়ে বলেছে, আগামী পাঁচ বছরের মধ্যে উষ্ণতা বৃদ্ধির বিষয়টি পরিলক্ষিত হবে। ইতিহাসে এবারই প্রথমবারের মতো এমন শঙ্কা দেখা দিয়েছে বলেও জানিয়েছে আন্তর্জাতিক এ সংস্থাটি। খবর: বিবিসি’র।

    অন্যদিকে বিবিসি জানায়, গবেষকরা বলছেন, ৬৬ ভাগ সম্ভাবনা রয়েছে যে ২০২৭ সালের মধ্যে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পাবে ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এই সীমায় পৌঁছানোর অর্থ হলো, ১৯ শতকের দ্বিতীয়ার্ধের পর বিশ্ব ১ দশমিক ৫ সেলসিয়াস বেশি উষ্ণ।

    তবে ২০১৫ সালে প্যারিস চুক্তিতে বৈশ্বিক উষ্ণতা শিল্প-পূর্ব সময়ের তুলনায় ১ দশমিক ৫ শতাংশ বৃদ্ধির যে সীমা নির্ধারণ করা হয়েছিল, সেই সীমা লঙ্ঘন করবে না এটি।

    যুক্তরাজ্যের আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘকালীন আবহাওয়া পূর্বাভাসের প্রধান অ্যাডাম স্কেইফ বলেছেন, ২০২৭ সালের মধ্যে তাপমাত্রা ১ দশমিক ৫ শতাংশ বৃদ্ধির আশঙ্কা রয়েছে ৬৬ শতাংশ। ইতিহাসে এবারই প্রথম আমরা উষ্ণতা ১ দশমিক ৫ শতাংশ বৃদ্ধির এত কাছাকাছি রয়েছি।

    গত বছর বলা হয়েছিল, পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির এ আশঙ্কা ৫০-৫০। উষ্ণতা বৃদ্ধির আংশিক কারণ হলো এল নিনো ওয়েদার প্যাটার্ন। আগামী কয়েক মাসে এ প্যাটার্ন তৈরি হবে বলে ধারণা করা হচ্ছে।

  • আন্তর্জাতিক পর্যায়ে ষড়যন্ত্র হচ্ছে: প্রধানমন্ত্রী

    আন্তর্জাতিক পর্যায়ে ষড়যন্ত্র হচ্ছে: প্রধানমন্ত্রী

    বাংলাদেশের অর্জন নস্যাৎ করতে দেশে এবং আন্তর্জাতিক পর্যায়ে ষড়যন্ত্র হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    আজ বুধবার (১৭ মে) সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে শুভেচ্ছা জানাতে আসা নেতাকর্মীদের উদ্দেশে এ কথা বলেন।

    তিনি বলেছেন, জনগণের ভাগ্য নিয়ে কেউ যেন ছিনিমিনি খেলতে না পারে, সেদিকে সবাইকে নজর দিতে হবে।

    প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘জাতীয় ও আন্তর্জাতিক পর্যায় থেকে একটা গভীর ষড়যন্ত্র চলতেই থাকবে, যেন আমাদের অর্জনগুলো নস্যাৎ হয়। তবে কেউ যাতে জনগণের ভাগ্য নিয়ে আর ছিনিমিনি খেলতে না পারে, সে ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে, নজর দিতে হবে।’

    আন্তর্জাতিক পর্যায়ে ষড়যন্ত্র হচ্ছে: প্রধানমন্ত্রী
    শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ ।ছবি- সংগৃহীত

    তিনি বলেন, আওয়ামী লীগই একমাত্র দল, যারা বাংলাদেশের মানুষের কল্যাণের চিন্তা করে। বাকি সব লুটেরার দল। তারা এ দেশের মানুষের কল্যাণের চিন্তা করে না। সে কথা মাথায় রেখে ওই সন্ত্রাসের দল, খুনির দল, ওই যুদ্ধাপরাধীদের দল যেন আর বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে না পারে, সেদিকে নজর দিতে হবে।

  • শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনে নতুন ইতিহাস তৈরি হয়েছে : জয়

    শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনে নতুন ইতিহাস তৈরি হয়েছে : জয়

    আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনে নতুন ইতিহাস তৈরি হয়েছে, গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে এবং মধ্যম আয়ের সমৃদ্ধ ডিজিটাল রাষ্ট্র গড়ে উঠেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক (আইসিটি) উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।
    মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের  ভেরিফায়েড পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
    সজীব ওয়াজেদ জয় লিখেছেন, শেখ হাসিনা যার প্রত্যাবর্তনে তৈরি হয় নতুন ইতিহাস, পুনরুদ্ধার হয় গণতন্ত্র গড়ে ওঠে মধ্যম আয়ের সমৃদ্ধ ডিজিটাল রাষ্ট্র।
    তিনি বলেন, ১৯৮১ সালের ১৭ মে, মা-বাবা-ভাই হারিয়ে এক বিষাদগ্রস্থ মন, অশ্রুভেজা চোখ, নিদারুণ কষ্ট বুকে নিয়ে দেশে ফিরেছিলেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা।
    জয় বলেন, তিনি দেশে ফিরেছিলেন বলেই আজ আমরা স্বাধীনতার ফল ভোগ করতে পারছি। হিংসার রাজনীতি দূরীভূত হয়ে আজ আমরা সচ্ছল হয়ে উঠেছি, শান্তির নিঃশ্বাস নিতে পারছি একটি সুজলা-সুফলা শ্যামল বাংলাদেশে।
    প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, গ্রাম থেকে গ্রামান্তরে, শহর-উপশহর-মফস্বলের প্রতিটি স্তরের মানুষের জীবনমান পরিবর্তনে বৈপ্লবিক কর্মযজ্ঞ সম্পন্ন করেছে আওয়ামী লীগ সরকার।এমনকি তথ্যপ্রযুক্তিসহ শিক্ষাখাতের যে আধুনিকায়ন করা হয়েছে, তার মাধ্যমে নতুন প্রজন্ম নিজেদের মানবিক ও স্মার্ট নাগরিক হিসেবে গড়ে তোলার সুযোগ পাচ্ছে। বঙ্গবন্ধুকন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী পরিকল্পনায় স্মার্ট প্রজন্মের হাত ধরে ক্রমেই গড়ে উঠছে স্মার্ট বাংলাদেশ। সূত্র : বাসস

     

  • জাতীয় পরিচয়পত্র যাচাই করতে করণীয়

    জাতীয় পরিচয়পত্র যাচাই করতে করণীয়

    বিভিন্ন প্রাতিষ্ঠানিক কাজে বিবিধ সময় জাতীয় পরিচয় পত্র জমা নেয়ার প্রয়োজন থাকে। এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়ার পূর্বে ব্যক্তির পরিচয় পত্রের তথ্য ঠিক আছে কিনা তা মিলিয়ে নেয়া খুব জরুরী। সেজন্য আপনাকে জাতীয় পরিচয়পত্র চেকিং করার ক্ষেত্রে সহজ কিছু ধাপ অনুসরণ করতে হবে। আসুন জেনে নেই সেই ধাপগুলো।

    প্রথমে ভিজিট করতে হবে ldtax.gov.bd ওয়েবসাইটে। এরপরে নাগরিক কর্নার অপশনটি বাছাই করতে হবে। পরবর্তী পেইজে মোবাইল নাম্বার এবং জাতীয় পরিচয় পত্র নম্বর ও জন্ম তারিখ দিলেই জাতীয় পরিচয়পত্রের তথ্য পাওয়া যাবে।

    প্রথমে ভিজিট করুন ভূমি উন্নয়ন কর অফিসিয়াল ওয়েবসাইট। এর পরে নিচের পেইজের মতো অনেকগুলো অপশন দেখতে পাবেন সেখান থেকে নাগরিক কর্নার লেখাটিতে ক্লিক করতে হবে। এর পরে আপনাকে একটি রেজিস্ট্রেশন পেজে নিয়ে যাওয়া হবে ।

    উক্ত পেইজে আপনি একটি রেনডম মোবাইল নাম্বার ব্যবহার করুন। এবং যার জাতীয় পরিচয় পত্র চেক করতে চান তার জাতীয় পরিচয় পত্র নাম্বার সেটা হোক ১০ ডিজিট কিংবা ১৩ কিংবা ১৭, উল্লেখ করে তার সঠিক জন্ম তারিখটি সিলেকশন করুন। জাতীয় পরিচয় পত্র তথ্য জানার জন্য পরবর্তী পদক্ষেপ নামের একটি বাটন দেখতে পাবেন সেটিতে ক্লিক করুন

    উপরোক্ত পেইজে আপনি আপনার কাঙ্ক্ষিত জাতীয় পরিচয় পত্র নাম্বারের ব্যক্তি এবং ব্যক্তির ছবিসহ ব্যক্তির ব্যক্তি ব্যক্তিগত তথ্য নাম ঠিকানা এবং ইত্যাদি তথ্য দেখতে পাবেন। জাতীয় পরিচয় পত্র সংক্রান্ত যেকোনো সমস্যা হলে কল করুন ১০৫ নম্বরে।

  • সম্ভাব্য সবকিছুই করবে মেসিকে ফেরাতে বার্সার সভাপতি

    সম্ভাব্য সবকিছুই করবে মেসিকে ফেরাতে বার্সার সভাপতি

    আগামী জুনে মেসির সঙ্গে পিএসজির চুক্তি শেষ হবে। লিওনেল মেসি সামনের মৌসুমে কোথায় খেলবেন তা এখনো নিশ্চিত নয়। কোনো সূত্র বলছে তিনি সৌদি আরবের একটি ক্লাবে যোগ দিয়েই ফেলেছেন। কেউ কেউ বলছেন মেসি বার্সায় ফিরবেন।

    মেসির ফরাসি ক্লাবটির সঙ্গে অনিশ্চিত আর্জেন্টাইন তারকার ভবিষ্যত। ক্লাব ফুটবলে তার সম্ভাব্য ভবিষ্যৎ নিয়ে সৌদি আরবের ক্লাব, যুক্তরাষ্ট্রের ক্লাবের পাশাপাশি আলোচনায় আছে বার্সেলোনায় ফেরার সম্ভাবনাও। এমন গুঞ্জনের পালে হাওয়া জুগিয়েছেন খোদ ক্লাবটির প্রেসিডেন্ট হুয়ান লাপোর্তা। তার মতে, ন্যু ক্যাম্পে মেসিকে ফেরাতে সম্ভাব্য সবকিছু করবে বার্সা।

    ‘মেসিকে ফেরাতে আমরা সম্ভাব্য সবকিছু করব’ ২৭ তম লা লিগা শিরোপা নিশ্চিত করার পর বার্সা সভাপতি হুয়ান লাপোর্তাকে মেসি বিষয়ক প্রশ্নের উত্তর দিতে হয়। সেখানেই তিনি এই মন্তব্য করেন।

    সম্প্রতি এসপানিওলকে হারিয়ে লা লিগার শিরোপা নিশ্চিত করেছে বার্সেলোনা। চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে তারা অনেক আগেই পিছিয়ে দিয়েছিল। তাই তাদের শিরোপা উৎসবের ছিল কেবল কিছু সময়ের অপেক্ষা। তবে মেসি বিহীন কাতালান ক্লাবটি এই প্রথম লা লিগায় চ্যাম্পিয়ন হয়েছে। তাই তো শিরোপা জয়ের পর এই মহাতারকা প্রসঙ্গই বারবার ওঠে এসেছে। সেখানে মেসির বার্সায় ফেরার সম্ভাবনা নিয়ে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন লাপোর্তা।

    তারই বরাত দিয়ে দলবদলের বিশ্বস্ত সাংবাদিক ও স্কাই স্পোর্টস ইতালির সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো একটি টুইট করেছেন। স্পেনের কিংস লিগের দল জিজান্তেস এফসিতে কথাটি বলেছেন লাপোর্তা, ‘দীর্ঘদিন ধরেই আমরা পরের মৌসুম নিয়ে কাজ করছি। তাকে (মেসি) ফেরাতে আমরা সম্ভাব্য সবকিছুই করব।’

    মেসির প্রত্যাবর্তনের প্রসঙ্গে লাপোর্তা আরও বলেন, ‘এটা নিয়ে আলোচনা হয়েছে। মেসির সঙ্গে আমার কথা হয়েছে। একে অপরকে বার্তা পাঠিয়েছি। প্যারিসে কিছু অস্বস্তিকর পরিস্থিতির মুখে পড়েছিল সে।’

    এদিকে মেসির ফেরা অসম্ভব বলে মনে করেন কোম্যান। ইএসপিএনকে তিনি বলেছেন, ‘মনে হয় না মেসি বার্সেলোনায় ফিরবে। বুসকেটস বার্সেলোনা ছেড়েছে। জর্দি আলবাও থাকছে না। তিনজনই খুব ভালো বন্ধু। আমি মোটেও অবাক হব না, যদি বাকি দুই বন্ধুর সঙ্গে মেসি সৌদি আরব বা যুক্তরাষ্ট্রের লিগে খেলতে চলে যায়।’

  • আইএমএফ শর্ত মেনে নয়, দেশের প্রয়োজন অনুষায়ী বাজেট হয় : পরিকল্পনামন্ত্রী

    আইএমএফ শর্ত মেনে নয়, দেশের প্রয়োজন অনুষায়ী বাজেট হয় : পরিকল্পনামন্ত্রী

    পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) উপর আমরা নির্ভরশীল নই। তাই তাদের শর্ত মেনে জাতীয় বাজেট তৈরি করা হয় না। আমাদের নিজস্ব প্রয়োজনে নিজেরা বাজেট তৈরি করি।
    সোমবার রাজধানীর বঙ্গবন্ধু অন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে “আইএমএফ’ এর সময়কালে অসুবিধাগ্রস্ত মানুষের কথা জাতীয় বাজেটে কীভাবে প্রতিফলিত হতে পারে?” বিষয়ক এক নাগরিক সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) ও নাগরিক প্ল্যাটফর্ম যৌথভাবে এই সংলাপের আয়োজন করে।
    পরিকল্পনামন্ত্রী বলেন,‘আমাদের বাজেট তৈরির ক্ষেত্রে আইএমএফ কোন বিষয় নয়। তাদের উপর আমরা নির্ভরশীল নই। নিজেরা বাজেট তৈরি করি, নিজেদের প্রয়োজনে।’ তিনি আরও বলেন, আইএমএফ তৈরি হয়েছিল সদস্য দেশকে সহযোগিতা করার জন্য। বাংলাদেশ নিজেদের প্রয়োজনে ঋণ নিয়েছে। ঋণ নেওয়ার ক্ষেত্রে সংস্থাটি কোন শর্ত দেয়নি বলে তিনি জানান।
    তিনি মূল্যস্ফীতির বিষয়ে বলেন, বর্তমানে মূল্যস্ফীতি সবচেয়ে বড় সমস্যা। তবে গত মাসে মূল্যস্ফীতি সামান্য কমেছে। আগামীতে আরও কমবে বলে তিনি আশা ব্যক্ত করেন। পরিকল্পনামন্ত্রী বলেন, মূল্যস্ফীতি কমাতে সরকারকে আরও কাজ করে যেতে হবে।
    বর্তমানে বৈদেশিক মুদ্রার রিজার্ভ স্বস্তিদায়ক অবস্থায় রয়েছে উল্লেখ করে এম এ মান্নান বলেন, রিজার্ভ একটা চলমান ব্যাপার, বাড়বে-কমবে। তবে রিজার্ভ নিয়ে বর্তমানে কোন খারাপ পরিস্থিতি তৈরি হয়নি। রিজার্ভ স্বস্তিদায়ক অবস্থায় রয়েছে।
    পরিকলল্পনামন্ত্রী জানান, আগামী অর্থবছরের বাজেটে প্রতিবন্ধীদের ভাতার পরিমাণ বাড়বে। তবে অন্যান্য ভাতার পরিমাণ অপরিবর্তিত থাকবে।
    শ্রম মজুরির বিষয়ে তিনি বলেন, গত তিন বছর ধরে খুব ধীরে হলেও শ্রম মজুরি ক্রমাগতভাবে বেড়েছে। তিনি বলেন, বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নের হার বাড়াতে আমরা কাজ করে যাচ্ছি।
    অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপনকালে সিপিডির সম্মাননীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টচার্য বলেন, আইএমএফ-এর শর্ত পরিপালন করে বাজেট তৈরি করলে আর্থ-সামাজিক বৈষম্য বেড়ে যাবে।
    সিপিডি বোর্ড অব ট্রাস্টি অ্যাডভোকেট সুলতানা কামালের সঞ্চালনায় অনুষ্ঠানে সংসদ সদস্য রানা মোহাম্মদ সোহেল, সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা, সিপিডির সম্মাননীয় ফেলো অধ্যাপক মোস্তাফিজুর রহমান, ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ, সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন, বিল্ড-এর নির্বাহী পরিচালক ফেরদৌস আরা বেগম প্রমুখ বক্তব্য রাখেন। সূত্র : বাসস