Author: Hello Bangla News

  • ভবন নির্মাণের সময় রাজউক কর্মকর্তাদের উপস্থিত থাকার নির্দেশ

    ভবন নির্মাণের সময় রাজউক কর্মকর্তাদের উপস্থিত থাকার নির্দেশ

    www.HelloBangla.News – জাতীয় – ১৫ জানুয়ারি, ২০২৪: ভবন নির্মাণের সময় যেন কোন ত্রুটি না থাকে তাই বিষয়টি তদারকির সময় রাজউক কর্মকর্তাদের উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। রাজউকের আওতাধীন ভবন মালিক, আমমোক্তার নির্মাণকারী প্রতিষ্ঠানের ভবন নির্মাণের সময় ভবনের পাইলিং লেআউট, প্লিন্থ লেভেল ও ছাদ ঢালাইয়ের অনুমোদিত নকশা নিশ্চিত করতে উদ্যোগ নিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। এতে ভবন নির্মাণে স্বচ্ছতা বাড়বে।

    আজ সোমবার (১৫ জানুয়ারি) রাজউক সূত্রে এ তথ্য জানা গেছে।

    ইতোমধ্যে এ বিষয়ে রাজউকের সব অথরাইজড অফিসার, সহকারী অথরাইজড অফিসার, প্রধান ইমারত পরিদর্শক, ইমারত পরিদর্শকদের কাছে চিঠির বাধ্যমে বিষয়টি অবহিত করা হয়েছে।

    রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ জানিয়েছেন, রাজউকের আওতাধীন এলাকায় রাজউক আইন-বিধি অনুযায়ী ভবন নির্মাণ নিশ্চিতকরণের লক্ষ্যে ভবন মালিক, আমমোক্তার, নির্মাণকারী প্রতিষ্ঠানের ভবন নির্মাণের সময় ভবনের পাইলিং লেআউট, প্লিন্থ লেভেল ও ছাদ ঢালাইয়ের সময় সংশ্লিষ্ট এলাকার ইমারত পরিদর্শক, প্রধান ইমারত পরিদর্শক এবং সহকারী অথরাইজড অফিসারদের আবশ্যিকভাবে উপস্থিত থাকতে হবে। মূলত অনুমোদিত নকশা অনুযায়ী নির্মাণকাজ নিশ্চিত করতে এই কার্যক্রম পরিচালনা করা হবে। পাশাপাশি তারা পরিদর্শন বইয়ে যথাযথভাবে লিপিবদ্ধ করবেন বিষয়টি।

    তিনি আরও জানান, ভবন নির্মাণের সময় ইমারত পরিদর্শক, প্রধান ইমারত পরিদর্শক, সহকারী অথরাইজড অফিসার উপস্থিত থাকার ও পরিদর্শনের বিষয়টি লিপিবদ্ধ করা এবং সংশ্লিষ্ট অথরাইজড অফিসারকে নিশ্চিত করতে হবে। সংশ্লিষ্ট অথরাইজড অফিসার প্রমাণস্বরূপ স্থির চিত্র ও ভিডিও ক্লিপ সংশ্লিষ্ট পরিচালকের মাধ্যমে পরিচালক (উন্নয়ন নিয়ন্ত্রণ-১) রাজউককে পাঠানোর জন্যও নির্দেশ দেওয়া হয়েছে।

  • জানুয়ারির প্রথম ১২ দিনে প্রবাসী আয় এসেছে প্রায় ৯২ কোট ডলার

    জানুয়ারির প্রথম ১২ দিনে প্রবাসী আয় এসেছে প্রায় ৯২ কোট ডলার

    www.HelloBangla.News – অর্থনীতি – ১৫ জানুয়ারি, ২০২৪: বাংলাদেশ ব্যাংকের এক তথ্যে জানা গেছে নতুন বছরে প্রবাসী আয়ে শুভ সূচনা হয়েছে। বছরের প্রথম মাসের ১২ দিনে প্রবাসী আয় এসেছে ৯১ কোটি ৫৯ লাখ ১০ হাজার মার্কিন ডলার। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১০ হাজার কোটি টাকা (প্রতি ডলার ১০৯ টাকা ৫০ পয়সা ধরে)।

    এই প্রবাসী আয় আগের মাস ডিসেম্বর বা আগের বছরের জানুয়ারি মাসের চেয়ে বেশি।

    চলতি বছরের প্রথম মাস জানুয়ারির ১২ দিনের প্রতি দিন প্রবাসী আয় এসেছে ৭ কোটি ৬৩ লাখ ২৫ হাজার ৮৩৩ মার্কিন ডলার। বিদায়ী ২০২৩ সালের শেষ মাস ডিসেম্বরে এসেছিল ৬ কোটি ৬৩ লাখ ২৯ হাজার ডলার। আর আগের বছরের জানুয়ারি মাসের একই সময়ে প্রতি দিন এসেছিল ৬ কোটি  ৫২ লাখ ৯৫ হাজার ৬৬৬ মার্কিন ডলার।

    গত বছরের সেপ্টেম্বর মাসে সর্বনিম্ন প্রবাসী আয় আসার পর প্রবাসী আয়ের ডলারের দাম বৃদ্ধি, প্রণোদনা বৃদ্ধি ও প্রবাসী আয়ের ডলার কেনার ক্ষেত্রে  ব্যাংকগুলোকে কিছুটা ছাড় দেওয়ার পর থেকে প্রবাসী আয় বাড়তে থাকে।

    জানুয়ারি মাসের ১২ দিনে রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৮ কোটি ১৮ লাখ ৬০ হাজার মার্কিন ডলার। কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে ১ কোটি ১ লাখ ৭০ হাজার মার্কিন ডলার। বেসরকারি ব্যাংকের মাধ্যমে এসেছে ৮২ কোটি ৫ লাখ ৪০ হাজার মার্কিন ডলার। দেশে ব্যবসারত বিদেশি বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩৩ লাখ ৪০ হাজার মার্কিন ডলার।

    প্রবাসী আয়ের এই ধারা অব্যাহত থাকবে বলে মনে করছেন অর্থনীতিবিদরা।

  • জন্মদিনে ঋত্বিক নাট্যপ্রাণ লিয়াকত আলী লাকী শুভেচ্ছায় সিক্ত

    জন্মদিনে ঋত্বিক নাট্যপ্রাণ লিয়াকত আলী লাকী শুভেচ্ছায় সিক্ত

    www.HelloBangla.News – বিনোদন – ১৫ জানুয়ারি, ২০২৪: ন্যাটাঙ্গনের সকলের ভালোবাসা ও শ্রদ্ধায় সিক্ত হলেন ঋত্বিক নাট্যজন এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক জনাব লিয়াকত আলী লাকী। শিল্পবন্ধু পর্ষদের আয়োজনে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে শনিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হলো সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও গুণীজন জনাব লিয়াকত আলী লাকীর ৬৮ তম জন্মদিন। দিনটি উপলক্ষ্যে সারাদেশ থেকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছে শিশু শিল্পীরা। বিকেলের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে বিভিন্ন দলের সাংস্কৃতিক পরিবেশনা এবং শুভেচ্ছা বক্তব্য প্রদান করেছেন সংস্কৃতি অঙ্গনের গুণী ব্যক্তিত্বরা।

    অনুষ্ঠানে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস ফুল দিয়ে শুভেচ্ছা জানান মহাপরিচালককে। বক্তব্যে তিনি বলেন- “সাংস্কৃতিক ব্যক্তিত্ব হিসেবে লিয়াকত আলী লাকী সংস্কৃতি ক্ষেত্রে যে আদর্শকে জীবনে ধারণ করেছেন তা আজীবন বয়ে বেড়াচ্ছেন।”

    তিনি আরও বলেন – “লিয়াকত আলী লাকী সময়ের প্রতি দায়বদ্ধ একজন শিল্পী। মুক্তিযুদ্ধ ও প্রগতির আদর্শ তিনি ধারন করেছেন। বঙ্গবন্ধুকে হত্যার কঠিন সময়ে সৈরাচার বিরোধী লড়াই ,সোহরাওয়ার্দী উদ্যানে ১৯৭৬ সালের সেই সময়ে ছাত্র রাজনীতিতে সক্রিয় থেকেছেন, সংস্কৃতিকে ধারণ করেই আলো ছড়িয়ে দিয়েছেন সবখানে”।

    এর আগে জন্মদিনের শুভেচ্ছা জানান নাট্যব্যক্তিত্ব মঞ্চসারথি আতাউর রহমান। বক্তব্যে তিনি বলেন “সহকর্মী বন্ধুর মতো লিয়াকত আলী লাকী সবার আগে এগিয়ে এসেছেন, চাইলে অনেক কিছু হতে পারতেন কিন্তু নিজেকে ছড়িয়ে দিয়েছেন কর্মের মধ্যে, শিশুদের মধ্যে, বাঙালিত্ব ছড়িয়ে দিয়েছেন সবার মাঝে ”।

    এছাড়াও ইন্টারন্যাশনাল থিয়েটার ইন্সটিটিউট (আইটিআই) এর পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য প্রদান করেন এর সাধারণ সম্পাদক দেবপ্রসাদ দেবনাথ। বিশিষ্ট নৃত্যশিল্পী মিনু হক, নাট্যব্যক্তিত্ব ও বাংলাদেশ শিশু একাডেমির চেয়ারম্যান লাকী ইনাম, বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব ও অভিনেতা ঝুনা চৌধুরী অনুষ্ঠানে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য প্রদান করেন। এছাড়াও শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন পথ নাট্য পরিষদের মিজানুর রহমান, আবৃত্তি পরিষদের আজাদুর রহমান আজাদ, গ্রুপ থিয়েটার ফেডারেশনের সাবেক সেক্রটারী আকতারুজ্জামান, চারুশিল্পী সংগঠনের সাধারণ সম্পাদক কামাল পাশা। পরে বিশিষ্ট কন্ঠশিল্পী ফাতিমাতুজ্জুহুরা গানে গানে শুভেচ্ছা জানান জনাব লিয়াকত আলী লাকীকে।

    অনুষ্ঠানে বিভিন্ন জেলা থেকে শিল্পকলা একাডেমির পরিবেশনা উপস্থাপন করা হয়। মহাপরিচালককে শুভেচ্ছা জানিয়ে ভার্চুয়ালি সরাসরি সম্প্রচারের মাধ্যমে সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করে জেলা শিল্পকলা একাডেমির সঙ্গীত ও নৃত্যদল । এছাড়াও জন্মদিনে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন, গ্রুপ থিয়েটার ফেডারেশনের বিভিন্ন নাট্য সংগঠন, নৃত্য শিল্পী সংস্থা, সঙ্গীত, সাংবাদিক, সাহিত্যিকসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন সাংস্কৃতিক অঙ্গণের গুণী ব্যক্তিত্বরা। বাংলাদেশ শিল্পকলা একাডেমির পক্ষ থেকে সকল বিভাগ শিল্পী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ ফুল দিয়ে আনুষ্ঠানিক শুভেচ্ছা জ্ঞাপন করে।

    নানান আয়োজন ও সাংস্কৃতিক পরিবেশনার শেষ পর্যায়ে জেলা পর্যায় ও প্রত্যন্ত এলাকা থেকে আসা সকল সংগঠন ও বিশিষ্টজনদের কৃতজ্ঞতা জানিয়ে বক্তব্যে তিনি বলেন, ‘শিল্প, সাহিত্য ও সংস্কৃতির ক্ষমতায়ন জরুরি। যে রাজনীতিতে সংস্কৃতি, সাহিত্য নাই তা রাজনীতি হতে পারে না। রাজনীতির মাপকাঠি শিল্প- সাহিত্য, সংস্কৃতি।” তিনি আরো বলেন- “যে সাংস্কৃতিক আন্দোলন আমরা শুরু করেছি, তা হয়তো সফল করে যেতে পারবোনা। তবে যারা আজ আমার পাশে আছে তারাই সফল করবে এবং দেশকে উন্নত করবে”। আগামী ১৯ ফেব্রুয়ারি ২০২৪ বাংলাদেশ শিল্পকলা একাডেমির ৫০ বছর পূর্তি উপলক্ষে বছরব্যাপী অনুষ্ঠানমালার ঘোষণা দেন তিনি।

    পরে মিলনায়তনে থাকা দর্শক এবং মঞ্চের শিশুদের নিয়ে সুর মিলিয়ে “মাগো ভাবনা কেন” গান পরিবেশন করেন তিনি।

  • ইরান মেঘ চুরির অভিযোগ তুলেছে তুরস্কের বিরুদ্ধে

    ইরান মেঘ চুরির অভিযোগ তুলেছে তুরস্কের বিরুদ্ধে

    www.HelloBangla.News – আন্তর্জতিক – ১৫ জানুয়ারি, ২০২৪: ইরানে বেশ কয়েক বছর ধরে চলছে অনাবৃষ্টি ও খরা। আর এই বৃষ্টি না হওয়ার কারণকে ইরান বলছে তাদের মেঘ চুরি করেছে তুরস্ক। বৃষ্টির প্রধান উপাদান হচ্ছে মেঘ। আর সেই মেঘ যদি চুরি হয় তাহলে বৃষ্টি হবে কোথাথেকে। এর আগে, ২০১৮ সালে জলবায়ুতে প্রভাব খাটিয়ে মেঘ ও তুষার চুরির জন্য ইসরায়েলকে দোষারোপ করেছিল ইরান।

    ইরানের আকাশে মেঘের ছিটেফোঁটাও নেই, দেশজুড়ে চলছে খরা আর অনাবৃষ্টি। কিন্তু সীমান্তের ঠিক ওপারে তুরস্কের আকাশে মেঘের ঘনঘটা আর পর্বতশৃঙ্গ তুষার আবৃত। সীমান্ত লাগোয়া দুই দেশের মধ্যে জলবায়ুর ধরনে এত পার্থক্য কেন হবে তা নিয়ে ইরানিদের নাগরিকদের কেউ কেউ বলছেন, তুর্কিরা কোনো ভাবে ইরানের মেঘ আকাশ থেকে সরিয়ে নিজেদের অংশে নিয়ে যাচ্ছে!

    মধ্যপ্রাচ্যে তীব্র খরা ও কম বৃষ্টিপাতের কারণে দেশগুলো আকাশের মেঘ থেকে যত বেশি সম্ভব কৃত্রিমভাবে বৃষ্টি নামানোর জন্য ক্লাউড সিডিংসহ বিকল্প সব ব্যবস্থা প্রয়োগ করে দেখছে। ইরান, তুরস্ক, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের মতো দেশগুলো আবহাওয়া পরিবর্তন কর্মসূচি গ্রহণ করেছে। এ কারণে চলমান উত্তেজনার মধ্যে নতুন করে পরিবেশগত শত্রুতার দুয়ার আরও উন্মোচিত হতে পারে ধারণা করা হচ্ছে।

  • সুপারকাপ ফাইনালে রিয়ালের কাছে ৪-১ গোলে হেরেছে বার্সা

    সুপারকাপ ফাইনালে রিয়ালের কাছে ৪-১ গোলে হেরেছে বার্সা

    www.HelloBangla.News – খেলাধুলা – ১৫ জানুয়ারি, ২০২৪: ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়রের দুর্দান্ত এক হ্যাটট্রিকের সুবাদে বার্সেলোনাকে ৪-১ গোলে উড়িয়ে স্প্যানিশ সুপার কাপের শিরোপা জিতেছে রিয়াল মাদ্রিদ।

    গতকাল রবিবার রাতের খেলায় সৌদি আরবের আল আওয়াল পার্কে ভিনিসিয়ুসকেই যেন থামাতে পারছিলেন না গত আসরের চ্যাম্পিয়ন বার্সেলোনার খেলোয়াড়রা। সেই ভিনিকে আটকাতে না পেরে দুইবার ফাউল করে লালকার্ড দেখেন বার্সার ডিফেন্ডার রোনাল্ড আরাজাও। ফলে ম্যাচের ৭১তম মিনিটে ১০ জনের দলে পরিণত হয় বার্সা।

    বার্সা ১০ জনের দলে পরিণত হওয়ার আগেই নিজেদের ৪ গোল করে ফেলেছে রিয়াল। এরপর গোল করা আরও সহজ হলেও ব্যবধান আর বাড়ায় লস ব্লাঙ্কোসরা। ম্যাচের ৩৩তম মিনিটে বার্সেলোনার হয়ে একমাত্র গোলটি করেছেন পোল্যান্ডের ফরোয়ার্ড রবার্ট লেভানডস্কি।

    ম্যাচের শুরুর দিকেই রিয়ালের গোল উৎসবের উদ্বোধন করেন ভিনিসিয়ুস। ৭তম মিনিটে ইংল্যান্ডের মিডফিল্ডার জুড বেলিংহ্যামের অ্যাসিস্টে বার্সার জালে বল জড়ান ভিনি।

    এরপর ৩ মিনিটে আবারও ভিনি। এবার আরেক ব্রাজিলিয়ান রদ্রিগো অ্যাসিস্ট করেন তাকে। অর্থাৎ ১০ মিনিটের মধ্যেই ২-০ ব্যবধানে এগিয়ে যায় রিয়াল। এরপর ৩৩তম মিনিটে লেভানডস্কির গোলে ব্যবধান ২-১ করে বার্সেলোনা।

    ম্যাচের ৩৯তম মিনিটে আবার গোল করে দারুণ এক হ্যাটট্রিক করেন ভিনি। ফলে ৩-১ ব্যবধানে এগিয়ে যায় রিয়াল। দ্বিতীয়ার্ধে খেলতে নেমে আবারও গোল রিয়ালের। তবে এবার গোল করেন রদ্রিগো নিজেই। ৬৪ মিনিটে রদ্রিগোর গোলে ৪-১ ব্যবধান করে রিয়াল।

    রিয়ালের ৪-১ গোলের ব্যবধান আর কমাতে পারেনি বার্সা। এর ৭ মিনিট পর আরাজাও লালকার্ড দেখলে তো আরও দুর্বল হয়ে যায় জাভির শিষ্যরা। ফলে বড় ব্যবধানে জিতেই স্প্যানিশ সুপার কাপের ফাইনালে জিতে শিরোপা ঘরে তোলে রিয়াল।

  • আগুন সন্ত্রাস যারা করেছে তাদের রেহাই নেই: প্রধানমন্ত্রী

    আগুন সন্ত্রাস যারা করেছে তাদের রেহাই নেই: প্রধানমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ১৪ জানুয়ারি, ২০২৪: আগুন সন্ত্রাস যারা করেছে তাদের রেহাই নেই, বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, “যারা আগুন সন্ত্রাস করেছে, মানুষ মেরেছে; তাদের রেহাই নেই। আমরা প্রমাণ খুঁজে বের করছি। এই জঘন্য সন্ত্রাসের হুকুমদাতাদের গ্রেপ্তার করা হচ্ছে।”

    আজ রবিবার (১৪ জানুয়ারি) গোপালগঞ্জের কোটালীপাড়ায় স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত শুভেচ্ছা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

    শেখ হাসিনা বলেন, “শুধু টাকা খরচের জন্য নয়, প্রকল্প ফলপ্রসূ ও মানুষের উপকারে আসে কি না, সে বিষয়ে কর্মকর্তাদের সতর্ক থাকতে হবে। কিছু মানুষ সরকারের উন্নয়নের সমালোচনা করেই যাচ্ছে। তবে সরকার তাদের কথায় কর্ণপাত না করে দেশ ও মানুষের কল্যাণে কাজ করে যাবে। আত্মবিশ্বাস ও আত্মমর্যাদা বোধ নিয়ে কাজ করে যেতে হবে। অনেক দেশই ভাবতে পারেনি যে ১৫ বছরে বাংলাদেশের এত উন্নয়ন হবে।”

    প্রধানমন্ত্রী বলেন, “বিএনপির নির্বাচন বানচালের ষড়যন্ত্র রুখে দিয়েছে জনগণ। ৭ জানুয়ারির নির্বাচনে জনগণের জয় হয়েছে। গণতন্ত্রের জয় হয়েছে।”

    তিনি বলেন, “উন্নয়ন নিয়ে অনেকের মধ্যে পরশ্রীকাতরতা আছে। তবে সেদিকে খেয়াল না করে দেশ ও মানুষের উন্নয়নে কাজ করতে হবে।”

  • বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে কাজ করবো: অর্থমন্ত্রী

    বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে কাজ করবো: অর্থমন্ত্রী

    www.HelloBangla.News – অর্থনীতি – ১৪ জানুয়ারি, ২০২৪: বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে কাজ করবো, বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। তিনি বলেন, “পণ্যের দাম নিয়ন্ত্রণ করতে অর্থ মন্ত্রণালয় একা পারবে না। বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে কাজ করবো।”

    আজ রবিবার (১৪ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

    বর্তমান অর্থনীতিতে যে সংকট সেটা কীভাবে কাটিয়ে উঠবেন সে বিষয়ে অর্থমন্ত্রী বরেন, “আমার করণীয় বলতে আমাকে একটু সময় দিতে হবে। সমস্যার বিষয়ে আমরা সবাই জানি। আমি দেখছি এবং বোঝার চেষ্টা করছি। পাশাপাশি সমাধানের চেষ্টা করবো।”

    আমরা কতদিন অপেক্ষা করবো- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমিতো বসে থাকার লোক না, নেত্রী যে দায়িত্ব দিয়েছেন সেটা আমি দায়িত্ব নিয়ে করবো।”

    বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে কীভাবে সমন্বয় করবেন- জানতে চাইলে তিনি বলেন, “মিলেমিশে কাজ করতে হবে। অর্থ মন্ত্রণালয় তো একা পারবে না।

    অর্থপাচার হচ্ছে- এ বিষয়ে আপনার মন্ত্রণালয়ে কোনো কর্মপরিকল্পনা আছে কি না- জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, “পরিকল্পনা নিতে সময় লাগবে। আমিতো মাত্র এলাম। চ্যালেঞ্জের বিষয়ে আমরা সবাই জানি। সমাধান করতে হবে।”

    সামনে রমজান মাস, সেটা নিয়ে কী পরিকল্পনা- এমন প্রশ্নের জবাবে মাহমুদ আলী বলেন, “আগে দেখি না। সময় দিতে হবে। আমাদের সময় দেন। আমাদের অগ্রাধিকার হলো রোজার কথা চিন্তা করতে হবে।”

     

  • আমরা কখনো কারও কোনো চাপ অনুভব করি নাই: পররাষ্ট্রমন্ত্রী

    আমরা কখনো কারও কোনো চাপ অনুভব করি নাই: পররাষ্ট্রমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ১৪ জানুয়ারি, ২০২৪: আমরা কখনো কারও কোনো চাপ অনুভব করি নাই, বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনিবলেন, “আমরা কারও চাপ অনুভব করছি না। নির্বাচন নিয়ে চাপ… গভীর চাপ, মধ্যম চাপ আরও নানান ধরনের চাপ ছিল। সব চাপ উতরে নির্বাচন হয়ে গেছে। সুতরাং আমরা কখনো কারও কোনো চাপ অনুভব করি নাই।”

    ড. হাছান মাহমুদ নতুন পররাষ্ট্র মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহনের পর তার প্রথম অনুষ্ঠানে আজ রবিবাার (১৪ জানুয়ারি) মূলধারার মিডিয়ার সাথে আলাপচারিতায় বলেন, ‘আমি আমার প্রধান ফোকাস হিসাবে অর্থনৈতিক কূটনীতির উপর জোর দেব।’

    তিনি বলেন, “অর্থনৈতিক কূটনীতির অংশ হিসেবে ঢাকা বিশেষ করে আফ্রিকা এবং দক্ষিণ আমেরিকার দেশগুলোর সঙ্গে সম্প্রসারিত অর্থনৈতিক সম্পর্ক অন্বেষণ করতে আগ্রহী।”

    মাহমুদ বলেন, “ক্রমবর্ধমান বিশ্ব মেরুকরণের পটভূমিতে পূর্ব ও পশ্চিম গোলার্ধের দেশগুলোর সঙ্গে সম্পর্ক বজায় রাখা একটি বড় চ্যালেঞ্জ হিসেবে আবির্ভূত হয়েছে।”

    পররাষ্ট্রমন্ত্রী বলেন, “বাংলাদেশ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নীতিতেই অটল থাকবে, সবার সাথে বন্ধুত্ব, কারো প্রতি বিদ্বেষ নয়।”

    মাহমুদ বলেন, “বিভিন্ন দেশের বিভিন্ন দৃষ্টিভঙ্গি ও বর্ণনা আছে, আমরা তাদের মূল্যায়ন করি এবং দিনের শেষে আমরা (তাদের সবাইকে নিয়ে) কাজ করব।”

    মন্ত্রী বলেন, “পূর্ব ও পশ্চিম উভয় দেশগুলো এখন ঢাকার সাথে কাজ করার আগ্রহ দেখিয়েছে। নতুন সরকার দেশের বাইরের কোনো চাপ অনুভব করছে না।”

    তিনি বলেন, “নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে এবং যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ সব দেশের দূত নতুন সরকারকে অভিনন্দন জানিয়েছেন এবং ঢাকার সঙ্গে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন।”

    পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এবং মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিটের সচিব রিয়ার অ্যাডমিরাল (অব.) খোরশেদ আলম এ সময় উপস্থিত ছিলেন।

  • আমাদের প্রধানমন্ত্রী হৃদয় দিয়ে দেশকে ভালোবাসেন: স্বরাষ্ট্রমন্ত্রী

    আমাদের প্রধানমন্ত্রী হৃদয় দিয়ে দেশকে ভালোবাসেন: স্বরাষ্ট্রমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ১৪ জানুয়ারি, ২০২৪: আমাদের প্রধানমন্ত্রী হৃদয় দিয়ে দেশকে ভালোবাসেন, বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, “আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন অত্যন্ত দক্ষ, বিচক্ষণ, দূরদর্শী নেতা। তিনি মাথানত করে কারও সঙ্গে কথা বলেন না, তিনি মাথাউঁচু করে থাকেন এবং হৃদয় দিয়ে বাংলাদেশকে ভালোবাসেন বলেই এই সমস্ত চাপ তার কাছে কোনো চাপ নয়। তিনি অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে তার দক্ষতা ও প্রজ্ঞা দিয়ে এসব মোকাবিলা করে যাচ্ছেন।”

    ফের স্বরাষ্ট্রমন্ত্রী নির্বাচিত হওয়ার পর প্রথম দিন রবিবার (১৪ জানুয়ারি) সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন। তবে কাদের উদ্দেশ্য করে এ বক্তব্য দিয়েছেন সেটি স্পষ্ট করেননি মন্ত্রী।

    সেতুমন্ত্রী বলেছেন দেশি-বিদেশি চাপ এখনো রয়েছে। ষড়যন্ত্র চলছে। বিএনপি পুনরায় নির্বাচনের দাবি তুলেছে। এ পরিস্থিতিতে সামনে আপনার কী চ্যালেঞ্জ- এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “সড়ক পরিবহন মন্ত্রী যেটা বলেছেন যথার্থই বলেছেন। অনেক বৈদেশিক চাপ আমরা পেয়েছি।”

    তিনি বলেন, “দু-চারদিন ধরে আবার আমরা এটাও লক্ষ্য করছি। যারা অনেক ধরনের কথা বলেছে, তাদের সুর আবার পাল্টেও যাচ্ছে। একটু একটু করে তারা আবার ভিন্ন সুরেও কথা বলছে। এসবই হলো আমাদের প্রধানমন্ত্রীর দক্ষতা ও বিচক্ষণতা। তার যে দূরদর্শী সিদ্ধান্তগুলো এগুলো তার মূল কারণ।”

    আসাদুজ্জামান খান আরও বলেন, “আমাদের মন্ত্রী মহোদয় যেটা বলেছেন সঠিকও বলেছেন এগুলো তো আছেই। যারা সবসময় একটা ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় আসতে চাইতেন। ২০১৪-১৫ দুটি বছর তারা অগ্নিসন্ত্রাস যারা দেশকে একটা অকার্যকর দেশে পরিণত করতে চেয়েছিল। বৈদেশিক চাপ সবসময়ই থাকে। অনেক হিসাব-নিকাশ সেখানে থাকে। প্রধানমন্ত্রী সেগুলো যথাযথভাবে মোকাবিলা করে একটা সুন্দর নির্বাচন আমাদের উপহার দিয়েছেন। আমাদের আইনশৃঙ্খলা বাহিনী যথাযথভাবে তাদের দায়িত্ব পালন করেছেন। আপনারা এমন কোনো জায়গা পাননি, যেখানে একটা অনিয়ম হয়েছে। অনিয়ম যেখানে হয়েছে সেখানে আমাদের নির্বাচন কমিশন তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছে।”

    স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “ আমরা মনে করি, একটা সুন্দর নির্বাচন হয়েছে। এই নির্বাচনকে বিদেশিরা সবাই স্বাগত জানিয়েছে, আমাদের সরকারকে স্বাগত জানাচ্ছেন। এই চাপ কিংবা রাষ্ট্রদ্রোহী কর্মকাণ্ড আগেও ছিল এখনো চলবে, এগুলো আমাদের জন্য কোনো ব্যাপার না।”

  • বিয়ে করেছেন শোবিজ তারকা অর্ষা ও ইমরান

    বিয়ে করেছেন শোবিজ তারকা অর্ষা ও ইমরান

    www.HelloBangla.News – বিনোদন – ১৪ জানুয়ারি, ২০২৪:  নতুন বছরের প্রথম মাসেই দেশীয় শোবিজে বিয়ের হাওয়া বইতে শুরু করেছে। স্যোশাল মিডিয়ার তথ্যে জাান গেছে বিয়ে করলেন তরুণ প্রজন্মের আলোচিত অভিনেত্রী নাজিয়া হক অর্ষা এবং নির্মাতা ও অভিনেতা মোস্তাফিজুর নূর ইমরান।

    আজ রবিবার (১৪ জানুয়ারি) নাজিয়া হক অর্ষা বিয়ের খবর নিশ্চিত করে স্যোশাল মিডিয়ায় ছবি পোস্ট করেছেন। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘প্রকৃতি আর পরিবার নিয়ে এখন আমি থেকে আমরা। আনুষ্ঠানিকভাবে আমরা বিবাহিত।’ তবে কবে কোথায় বিয়ে করেছেন সে বিষয়ে বিস্তারিত জানাননি অর্ষা।

    জানা গেছে, দুই থেকে তিন মাস আগে দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে ঘরোয়া আয়োজনে বিয়েটা সেরেছেন জনপ্রিয় এই দুই তারকা।

    নাজিয়া হক অর্ষা লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতা দিয়ে শোবিজে পদার্পণ করেন। তারপর থেকে টেলিভিশন নাটকে অভিনয় করে দর্শক হৃদয়ে জায়গা করে নিয়েছেন । দুই দশকের ক্যারিয়ারে শতাধিক টিভি নাটকে অভিনয় করেছেন তিনি। চলতি সময়ে একাধিক ওয়েব ফিল্মে অভিনয় করছেন। ‘নেটওয়ার্কের বাইরে’, ‘১৯৭১ সেই সব দিন’, ‘সাবরিনা’সহ বেশ কয়েকটি আলোচিত সিনেমা সিরিজে অভিনয় করেছেন অর্ষা।

    অন্যদিকে মোস্তাফিজ নূর ইমরান ২০১১ সালে গেরিলা সিনেমা দিয়ে অভিনয় শুরু করেন। ‘মহানগর’ সিরিজের পুলিশ কর্মকর্তা মলয় চরিত্রে অভিনয় করে আলোচিত হয়েছেন তিনি। ‘কাইজার’, ‘জাহান’সহ বেশ কয়েকটি কনটেন্টে অভিনয় করেছেন ইমরান।

    নাজিয়া হক অর্ষা এসআরকে স্টুডিওস’ এর ডাবিংকৃত কোরিয়ান সিরিজ হোটেল ডেল-লুনা’সহ আরও বেশ কিছু মু্ভিতে কন্ঠ দিয়েছেন।