Author: Hello Bangla News

  • গাজায় যুদ্ধ বন্দের দাবিতে ওয়াশিংটন ও লন্ডনে লাখো মানুষের বিক্ষোভ

    গাজায় যুদ্ধ বন্দের দাবিতে ওয়াশিংটন ও লন্ডনে লাখো মানুষের বিক্ষোভ

    www.HelloBangla.News – আন্তর্জাতিক – ১৪ জানুয়ারি, ২০২৪:  তিন মাসেরও বেশি সময় ধরে গাজায় চলছে ইসরায়েলি অভিযান। এতে গাজায় প্রাণ হারিয়েছে প্রায় ২৪ হাজার মানুষ। যাদের মধ্যে অধিকংশই নারী ও শিশু। এই অবস্থায় ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ আনা হয়েছে। অন্য দিকে সারা বিশ্ব গাজায় যুদ্ধবিরতির দাবি উঠেছে। বিষয়টি অবশ্যই উদ্বেগের। যদিও যুদ্ধবিরতির বিষয়ে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য নীরব ছিল।

    গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবিতে এবং  ইসরাইলের প্রতি মার্কিন ও ব্রিটিশ সমর্থনের বিরোধিতা করে ‘বিশ্বব্যাপী  প্রতিবাদ দিবসের’ অংশ হিসেবে গতকাল শনিবার ওয়াশিংটন, লন্ডন এবং অন্যত্র হাজার হাজার ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারী মিছিল করেছে।

    গাজা উপত্যকায় ইসরায়েল-হামাস যুদ্ধের ৯৯তম দিনে সংহতি প্রদর্শনে ওয়াশিংটনে জড়ো হওয়া বিশাল জনতার বেশিরভাগ তরুণ বিক্ষোভকারী ফিলিস্তিনের ঐতিহ্যবাহী কেফিয়াহ পরেছে এবং জনতা ফিলিস্তিনি পতাকা নেড়ে বিক্ষোভ প্রদর্শন করেছে।

    বিক্ষোভকারীরা ‘এখনই যুদ্ধবিরতি কার্যকর করুন’ বলে শ্লোগান দেয় এবং তাদের হাতে বহন করা ব্যানার ও পোস্টারে লেখা ছিল ‘মুক্ত প্যালেস্টাইন’ চাই এবং ‘গাজার যুদ্ধ শেষ করুন’।

    হোয়াইট হাউসের কয়েক ব্লক পরে একটি মঞ্চে, বেশ অনেক ফিলিস্তিনি-আমেরিকান, যারা মূলত গাজার বাসিন্দা কিন্তু এখন মিশিগান থেকে টেক্সাস পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করছেন, তারা গাজায় নিহত বা আহত তাদের বন্ধু এবং আত্মীয়দের আবেগঘন বিবরণ দিয়েছেন।

    তারা মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে ইসরায়েলের জন্য সামরিক ও আর্থিক সহায়তা বন্ধ করার আহ্বান জানিয়েছেন।

    একজন বক্তা বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে চাপ দিয়ে ‘প্রেসিডেন্ট বাইডেন সহজেই এই উন্মাদনা বন্ধ করতে পারেন’। এ সময় ব্যাপক করতালি দিয়ে বিক্ষোভকারীরা এই বক্তব্যে সমর্থন জানায়।

    ৭ অক্টোবরের পর থেকে গাজায় ইসরায়েলি ভয়াবহ বিমান হামলা ও স্থল অভিযানের প্রতিবাদে লন্ডনে সপ্তমবারে শরিবার ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভ হয়েছে। ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার অজুহাতে প্রতিশোধ নিতে ইসরায়েল গাজায় ধ্বংসাত্মক অভিযান শুরু করে।

    ইসরায়েল হামাসকে ধ্বংস করার প্রতিশ্রুতি দিয়েছে এবং তিন মাসের বেশী সময় ধরে গাজায় নির্বিচার এবং অবিরাম বোমাবর্ষণ অব্যাহত রেখেছে। এতে অন্তত ২৩,৮৪৩ জন নিহত হয়েছে, যাদের বেশিরভাগই নারী এবং শিশু। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় সর্বশেষ এই মৃতের সংখ্যা প্রকাশ করেছে।

    লন্ডন বিক্ষোভের নিরাপত্তা নিশ্চিত করতে শনিবার প্রায় ১,৭০০ পুলিশ মোতায়েন করা হয়।

    ২৭ বছর বয়সী স্বাস্থ্যসেবা কর্মী মালিহা আহমেদ, যিনি তার পরিবারের সাথে মিছিলে ছিলেন, তিনি এএফপিকে বলেছেন,‘আমরা ফিলিস্তিনের জনগণকে দেখাতে চাই যে আমরা তাদের সাথে আছি এবং আমাদের সরকারের বিরুদ্ধেও কথা বলতে চাই।’

    মালিহা আহমেদ বলেন, ‘ইসরায়েলকে যা করছে তা চালিয়ে যেতে দেওয়ার জন্য তারা (ব্রিটিশ সরকার) একটি খুব বড় ভূমিকা পালন করছে এবং এটি গ্রহণযোগ্য নয়।’

    আরেকজন মিছিলকারী, ৩৭ বছর বয়সী দীপেশ কোথার বলেছেন, ‘বসে বসে বিশ্বকে কিছুই না করতে দেখা খুবই হতাশাজনক।’

    তিনি বলেন,‘তাই আমরা ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থন জানাতে এবং সারা বিশ্বের সরকারের প্রতি আমাদের ক্ষোভ প্রকাশ করতে বেরিয়ে আসি।’

    ইরান-সমর্থিত গ্রুপগুলোর গাজার সাথে সংহতি প্রকাশ করে লোহিত সাগরে জাহাজে হামলার পর এই সপ্তাহে ইয়েমেনে হুথি ঘাঁটির বিরুদ্ধে মার্কিন ও ব্রিটিশ বিমান হামলার কারণে শনিবারের বিক্ষোভগুলো বিশেষ তাৎপর্যপূর্ণ।

    একটি ব্রিটিশ সংগঠিত জোটের ডাকা এই ‘বিশ্বব্যাপী প্রতিবাদ দিবসে’ ৩০ টি দেশে বিক্ষোভ হয়েছে।

    এই জোটের অংশ পারমাণবিক নিরস্ত্রীকরণ অভিযানের কেট হাডসন বলেছেন, এই বিক্ষোভ অনুষ্ঠানটি ‘স্থায়ী যুদ্ধবিরতি এবং সমস্ত ফিলিস্তিনিদের জন্য একটি স্থায়ী রাজনৈতিক নিষ্পত্তি দাবি করছে।’

    তিনি বলেন, ব্রিটিশ সরকারকে অবশ্যই গাজায় ইসরায়েলের নৃশংস যুদ্ধের প্রতি সমর্থন বন্ধ করতে হবে এবং এর যুদ্ধাপরাধের নিন্দায় বৃহত্তর আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে যোগ দিতে হবে।

    সূত্র: বাসস

  • কঠিন চ্যালেঞ্জ আমরা অতিক্রম করতে পারি: সেতুমন্ত্রী

    কঠিন চ্যালেঞ্জ আমরা অতিক্রম করতে পারি: সেতুমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ১৪ জানুয়ারি, ২০২৪: কঠিন চ্যালেঞ্জ আমরা অতিক্রম করতে পারি, বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, “বর্তমান বিশ্ব পরিস্থিতিতে চ্যালেঞ্জ আরও কঠিন। তবে আমি মনে করি কোনো চ্যালেঞ্জই অনতিক্রম্য নয়। সব চ্যালেঞ্জ আমরা অতিক্রম করতে পারি।”

    আজ রবিবার (১৪ জানুয়ারি) চতুর্থবারের মতো সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পর সচিবালয়ে নিজ কার্যালয়ে এসে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

    সেতুমন্ত্রী বলেন, “আমাদের অনেকগুলো কাজ আছে, চ্যালেঞ্জ অনেক আছে।  আমি এখনো বলি, সড়কে শৃঙ্খলা, যানবাহনে শৃঙ্খলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা এখনো তা পুরোপুরিভাবে অর্জন করতে পারিনি। বিশ্বব্যাংকের অর্থায়নে আমরা একটি পরিকল্পনা হাতে নিয়েছি, আমি আশা করি যে এই পরিকল্পনাটা বাস্তবায়ন হলে সড়কে নিরাপত্তা, রোড সেফটির প্রোগ্রাম আমরা সফলতার দিকে নিয়ে যেতে পারব।”

    তিনি বলেন, “আমরা যখন পদ্মাসেতুর কাজ শুরু করেছিলাম তখন কেউ ভাবেনি এটা শেষ করা সম্ভব হবে৷ বিশ্বব্যাংকও পাশে ছিল না৷ কিন্তু আমরা পদ্মাসেতু করতে পেরেছি৷ মেট্রোরেল দিয়ে যে এ শহর সমৃদ্ধ হবে এ কথাও কেউ ভাবেনি৷ কিন্তু সেটাও শেখ হাসিনার সরকার উপহার দিয়েছে৷ আমাদের অনেক কাজ আছে সামনে৷ অনেক চ্যালেঞ্জ আছে৷ তবে এখনো আমরা সড়কে যানবাহনের শৃঙ্খলা আনতে পারিনি৷ বিশ্বব্যাংকের সঙ্গে একযোগে আমরা একটা প্রকল্প হাতে নিয়েছি৷ এটা করতে পারলে রোড সেফটি নিশ্চিত হবে৷ আজ অনেক রাস্তা হচ্ছে৷ রাস্তাগুলো স্মার্ট করতে হবে৷ এ বিষয়গুলোও আমরা দেখব৷ অনেক সড়কের নির্মাণকাজ শেষ করতে হবে৷”

    মন্ত্রিসভায় দেশি বিদেশি চাপ প্রসঙ্গে সেতুমন্ত্রী বলেন, “দেশি বিদেশি চাপ প্রসঙ্গে আমাদের প্রধানমন্ত্রী বলেছেন চাপ বিদেশ থেকে আছে৷ দেশে তো আছেই৷ আমরা সব চাপ মোকাবিলা করার সক্ষমতা রাখি৷ আমাদের শক্তি এ দেশের জনগণ৷ দেশের জনগণ সঙ্গে থাকলে কোনো চাপই মোকাবিলা করা অসম্ভব নয়৷ অনেকেই ভেবেছে নির্বাচন করতে পারবেনা৷ কিন্তু তাদের স্বপ্ন স্বপ্নই রয়ে গেছে৷ অর্থনৈতিক চাপও রয়েছে৷ এগুলোকে ভয় পেলে হবে না৷ আজকাল আমাদের গ্রামীণ বাজার পর্যন্ত ভরপুর খাদ্য সামগ্রী, ফলমূল সব আছে৷ সীমান্তেও একই অবস্থা৷কিছু নিম্ন আয়ের মানুষের কষ্ট হচ্ছে৷ মানুষ যাতে সহজে দ্রব্যমূল্য কিনতে পারে সেক্ষেত্রে আমরা জোর দেব৷”

    তিনি আরও বলেন, “এ দেশটা সকলের৷ দেশ যে শুধু আওয়ামী লীগের সেটা তো বলতে পারি না৷ সত্যিকার অর্থে গণতান্ত্রিক রাজনৈতিক চর্চায় আসতে হবে৷ আমরা চিরজীবন ক্ষমতায় থাকব না৷ একটা দল চিরজীবন ক্ষমতায় থাকেও না৷ এ দেশের সকল সম্পদ জনগণের৷ বিরোধী দলের যারা আছে তারাও এ সম্পদের অংশীদার৷ কাজেই উন্নয়নের যে যাত্রা শুরু হয়েছে সেটা ২০৪১ সাল অবধি আমাদের ভিশনে নিয়ে যেতে হবে৷”

  • পরিবেশমন্ত্রী ১০০ দিনের পরিকল্পনা দিতে চান

    পরিবেশমন্ত্রী ১০০ দিনের পরিকল্পনা দিতে চান

    www.HelloBangla.News – জাতীয় – ১৪ জানুয়ারি, ২০২৪: নতুন মন্ত্রিসভার সদস্যরা নিজ নিজ দফতরে বসে কর্মপরিকল্পনা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন। এমপি সাবের হোসেন চৌধুরী এবার পরিবশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। তিনি আগামী সাতদিনের মধ্যে ১০০ দিবসের পরিকল্পনা দেওয়ার কথা জানিয়েছেন।

    আজ রবিবার (১৪ জানুয়ারি) সকালে সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বৈঠকে এ কথা বলেন তিনি।

    পরিবেশ মন্ত্রী বলেন, “আমাদের নির্বাচনী ইশতেহার পূরণ করবো। ইশতেহার বাস্তবায়নের অগ্রগতি নিয়মিত মনিটরিং করা হবে। কাজের জন্য কোনো কাঠামো বদলের দরকার হলে সেটা করতে হবে। আমাদের কাজের সাথে যা দরকার সেটা করবো। আমরা চাই এটা যাতে এক নম্বর মন্ত্রণালয় হয়। আমার পক্ষ থেকে আইনের প্রতি শতভাগ স্বচ্ছতার সঙ্গে সিদ্ধান্ত নেব। মিডিয়ার সঙ্গে সমন্বয় করে কাজ করবো।”

    তিনি আরও বলেন, “সাতদিনের মধ্যে একশ দিবসের পরিকল্পনা দিতে চাই। এছাড়াও অন্যান্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে কাজ করবো। বায়ু দূষণ প্রতিরোধ করতে হবে। বন সংরক্ষণ করতে হবে। টেকসই উন্নয়নের জন্যই পরিবেশ রক্ষা করতে হবে। এখানে দুর্নীতি বা অনিয়ম আমরা প্রশ্রয় দেব না। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, সেই অগ্রগতিকে টেকসই করতে হবে বলেও তিনি উল্লেখ করেন।”

    পরিবেশমন্ত্রী বলেন, “আমাদের নির্বাচনী ইশতেহার পূরণ করবো। নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অগ্রগতি নিয়মিত মনিটরিং করা হবে। কাজের জন্য কোনো কাঠামো বদলের দরকার হলে সেটা করতে হবে। আমাদের কাজের সঙ্গে যা দরকার সেটা করবো।”

  • টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

    টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

     

    www.HelloBangla.News – জাতীয় – ১৩ জানুয়ারি, ২০২৪: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ও তৎপরবর্তী সরকার গঠনের পর প্রথমবারের মতো নিজ জেলা গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে ফাতেহা পাঠ ও দোয়া-মোনাজাত করেন তিনি। এসময় তার সঙ্গে ছিলেন ছোটবোন শেখ রেহানা ও মন্ত্রিপরিষদের সদস্যরা।

    আজ শনিবার (১৩ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় টুঙ্গিপাড়ায় পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    বেলা ১১টা ৫০ মিনিটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ বেদীতে পুস্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। তখন কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন প্রধানমন্ত্রী। এসময় তিন বাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন।

    পরে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্য এবং মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী শহীদের আত্মার শান্তি কামনা করে ফাতেহাপাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন। পরে দলীয় প্রধান হিসেবে ছোট বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানান।

    এরপর প্রধানমন্ত্রী নয়া মন্ত্রী পরিষদ ও উপদেষ্টা পরিষদের সদস্যদের নিয়ে জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানান।

  • রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

    রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

    www.HelloBangla.News – জাতীয় – ১৩ জানুয়ারি, ২০২৪: গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত হয়েছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনে ২২৩ আসনে জয় পেয়েছে আওয়ামী লীগ। স্বাভাবিক কারণে সরকার গঠন করেছে দলটি। নতুন মন্ত্রিসভার সদস্যদের নিয়ে আজ টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শ্রদ্ধাশেষে এক সভায় তিনি দেশের মানুষ যাতে স্বস্তিতে থাকতে পারে সেজন্য আজ নবনিযুক্ত মন্ত্রীদের আসন্ন পবিত্র রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে রাখার প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন।

    তিনি বলেন, “পবিত্র রমজান ঘনিয়ে আসছে, তাই প্রয়োজনীয় পদক্ষেপ নিন, কারণ, এই মাসে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়ানো উচিত নয়।”

    জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাতে এখানে আসা নবনিযুক্ত মন্ত্রীদের সঙ্গে অনানুষ্ঠানিক বৈঠকে প্রধানমন্ত্রী এ নির্দেশ দেন। টুঙ্গিপাড়ায় তাঁর নিজ বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

    বৈঠকের পর প্রধানমন্ত্রীর সচিব মোহাম্মদ সালাহউদ্দিন সাংবাদিকদের ব্রিফ করেন। তিনি  বলেন, “এটি একটি অনানুষ্ঠানিক মন্ত্রিসভার বৈঠক ছিল।”

    সচিব বলেন, “প্রধানমন্ত্রী রমজানের সময় বিশেষ করে বড় মজুদদাররা যাতে কৃত্রিম সংকট সৃষ্টির জন্য জরুরি পণ্য মজুদ করতে না পারে সে ব্যাপারে পদক্ষেপ নেয়ার জন্য মন্ত্রীদের নির্দেশ দেন।”

    মন্ত্রীদের এই বিষয়ে নিয়মিত মজুত বিরোধী অভিযান পরিচালনার নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, “প্রয়োজনীয় জিনিসের দাম নিয়ন্ত্রণে রাখুন যাতে সাধারণ মানুষ স্বস্তিতে থাকতে পারে।”

    প্রধানমন্ত্রীর সচিব বলেন, “প্রধানমন্ত্রী প্রথমবারের মতো নবনিযুক্ত মন্ত্রীদের প্রথমে তাদের মন্ত্রনালয়ের সার্বিক বিষয়ে তথ্য জানার জন্য নির্দেশ দেন।”

    তিনি আরও বলেন, “শেখ হাসিনা দেশ ও জনগণের জন্য কল্যাণকর যে কোনো প্রকল্প গ্রহণের সময় মন্ত্রীদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে বলেন।”

    সূত্র: বাসস

  • নির্বাচন বর্জনকারীরা নতুন করে ষড়যন্ত্র করছে: সেতুমন্ত্রী

    নির্বাচন বর্জনকারীরা নতুন করে ষড়যন্ত্র করছে: সেতুমন্ত্রী

    www.HelloBangla.News – রাজনীতি – ১৩ জানুয়ারি, ২০২৪: নির্বাচন বর্জনকারীরা নতুন করে ষড়যন্ত্র করছে, বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, “নির্বাচন বর্জনকারীরা এখনো কিছু হটেননি, তারা নতুন করে ষড়যন্ত্র শুরু করেছেন। ”

    আজ শনিবার (১৩ জানুয়ারি) গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে নতুন মন্ত্রিপরিষদের শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি৷

    সেতুমন্ত্রী বলেন, “আজকে তারা নতুন করে ষড়যন্ত্র শুরু করেছেন। এ সরকার যেন থাকতে না পারে। তারা আশা করছেন কম্বোডিয়ার মতো নিষেধাজ্ঞা দেশে আসবে। কিন্তু শেখ হাসিনা ভিসা বিধি নিষেধের কোনো পরোয়া করেন না।”

    তিনি আরো বলেন, “আওয়ামী লীগ রাজনীতিকে রাজনীতি দিয়েই মোকাবিলা করতে চায়। কিন্তু বিরোধীরা রাজনীতিতে সহিংসতা ও সন্ত্রাসের উপাদান যুক্ত করলে যা করণীয় সবই করা হবে।”

  • দেশে  শৈত্যপ্রবাহ অব্যাহত থাকবে

    দেশে শৈত্যপ্রবাহ অব্যাহত থাকবে

    www.HelloBangla.News – জাতীয় – ১৩ জানুয়ারি, ২০২৪: বেশ কয়েক দিন ধরে দেশের ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে শৈত্যপ্রবাহ। কোন কোন জেলায় দিনের বেলা সূর্যের দেখা মিলছেনা। আজ রাজধানী ঢাকাতেও শীত জেঁকে বসেছে।  এতে খেটে খাওয়া মানুষরা পড়েছে চরমা বিপাকে। আবহাওয়া অফিস বলছে এই  শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে।

    আজ শনিবার (১৩ জানুয়ারি) এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। শৈত্যপ্রবাহের সঙ্গে ঘন কুয়াশার কারণে দেখা নেই সূর্যের উজ্জ্বল কিরণের, সঙ্গে কনকনে ঠাণ্ডা বাতাসে বেড়েছে শীতের অনুভূতিও।

    বর্তমানে দেশের পাঁচটি জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আগেরদিন যা চার জেলায় ছিল। আবার শুক্রবার (১২ জানুয়ারি) তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকলেও তা নিচে নেমে ৮ ডিগ্রির ঘরে চলে এসেছে।

    আবহাওয়া অফিস জানিয়েছে, ভোরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দিনাজপুরে ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া সৈয়দপুরে ৯ ডিগ্রি, তেঁতুলিয়ায় ৯ দশমিক ৩ ডিগ্রি, বদলগাছীতে ৮ দশমিক ৯ ডিগ্রি, রাজশাহীতে ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

    ঢাকার তাপমাত্রা আজ নেমে এসেছে ১৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াসে।

    আবহাওয়া অফিস বলছে, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলে অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

    আগামীকাল রাবিবার (১৪ জানুয়ারি) সকাল পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

    এদিকে রাজশাহী, পাবনা, নওগাঁ, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলাসহ রংপুর বিভাগের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। দেশের কোথাও কোথাও দিনে ঠাণ্ডা পরিস্থিতি বিরাজ করতে পারে।

    আগামী দুদিনে আবহাওয়ার তেমন পরিবর্তন নেই। সোমবার (১৫ জানুয়ারি) দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে, তবে পরের দিন ফের কমার আভাস রয়েছে।

  • জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চার জন শিক্ষক নিয়োগ

    জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চার জন শিক্ষক নিয়োগ

    www.HelloBangla.News – চাকরি – ১৩ জানুয়ারি, ২০২৪: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা এবং মাইক্রোবায়োলজি  এই দুই বিভাগে চার জন শিক্ষক নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ২৩ জানুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন।

     

    বিস্তারিত তথ্য:

    প্রতিষ্ঠানের নাম: জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)

    বিভাগের নাম: গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ এবং মাইক্রোবায়োলজি বিভাগ।

    (এর মধ্যে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে ২ জন সহকারী অধ্যাপক এবং একজন প্রভাষক নিয়োগ দেওয়া হবে। অপর দিকে সাইক্রোবায়োলজি বিভাগে ১ জন সহকারী অধ্যাপক নিয়োগে হবে। আবেদনকারীরা নারী ও পুরুষ উভয়ে এই দুই বিভাগে আবেদন করতে পারবে।

    চাকরির ধরন: স্থায়ী

    কর্মস্থল: জবি-ঢাকা

     

    বাংলাদেশের যে কোন নাগরিক Online –এ আবেদন করতে পারবে।

    শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, বেতন স্কেল ও সাধারণ শর্তাবীলসহ পূর্ণাঙ্গ নিয়োগ বিজ্ঞপ্তি এবং Online-এ আবেদন করতে পারবে। আবেদন করার বিস্তারিত নিয়মাবলী বিশ্ববিদ্যালয়ের ওয়েবাসইট www.hrm.job.jnu.ac.bd –এ পাওয়া যাবে।

     

    বিস্তারিত তথ্য ও আবেদন পাঠানোর ঠিকানা: রেজিস্ট্রার, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা।

     

    আবেদন ফি: মোবাইল ব্যাংকিং শিউরক্যাশ/নগদ/রকেট এর মাধ্যমে ৬০০ টাকা পাঠাতে হবে।

    আবেদনের শেষ সময়: ২৩ জানুয়ারি ২০২৪ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।

  • তেজগাঁও মোল্লাবাড়ি বস্তির অগ্নিকাণ্ডে দুই জনের মৃত্যু

    তেজগাঁও মোল্লাবাড়ি বস্তির অগ্নিকাণ্ডে দুই জনের মৃত্যু

    www.HelloBangla.News – জাতীয় – ১৩ জানুয়ারি, ২০২৪: রাজধানীর তেজগাঁও এলাকার বিএফডিসি গেট সংলগ্ন মোল্লাবাড়ি বস্তিতে লাগা আগুনে পুড়ে দুইজন নিহত হয়েছেন। এছাড়া আরও কয়েকজনের আহত হওয়ার খবর পাওয়া গেছে। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ১৩ ইউনিটের চেষ্টায় ভোর ৩টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

    আজ শনিবার (১৩ জানুয়ারি) ভোরে ঘটনাস্থলে এক সংবাদ সম্মেলনে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী।

    ফায়ার সার্ভিস কতৃপক্ষ জানিযেছে, “বস্তিতে সাধারণত গ্যাস লিকেজ কিংবা শর্ট সার্কিট থেকে আগুনে সূত্রপাত হয়ে থাকে। এ বস্তিতেও একই কারণে আগুন লেগেছে বলে আমাদের প্রাথমিক ধারণা। তবে আমরা তদন্তের মাধ্যমে জানতে পারব আসলেই কী কারণে আগুন লেগেছে। এই ঘটনায় দুইজন মারা গিয়েছেন। পরিবারের দাবি অনুযায়ী লাশ শনাক্তকরণের কাজ চলছে।”

    এদিকে প্রত্যক্ষদর্শীরা জানান, “হঠাৎ করে বস্তিতে আগুন লেগে যায়। এ সময় ভিতর অধিকাংশ মানুষ ঘুমন্ত অবস্থায় ছিলেন। তাদের ধারণা নিহতরা ঘুমন্ত অবস্থায় ছিলেন বলে বের হতে পারেননি।”

    অবশ্য অনেকে ধারণ করছেন, প্রচণ্ড শীতের জন্য কেউ আগুন পোহানোর সময় এই অগ্নিকাণ্ড ঘটতে পারে।

    এদিকে আহতদের বিষয়ে ফায়ার সার্ভিস কতৃপক্ষ জানায়, “কারওয়ান বাজারে অগ্নিকাণ্ডে মা ও তার শিশুসন্তান দগ্ধ হয়ে বার্ন ইনস্টিটিউটে চিকিৎসা নিচ্ছেন।

    এর আগে, শুক্রবার (১২ জানুয়ারি) দিনগত রাত ২টা ২৩ মিনিটে মোল্লাবাড়ি বস্তির অগ্নিকাণ্ডে ধাপে ধাপে ১৩ ইউনিট কাজ করে। পরে ৩টা ৪০ মিনিটে তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন বলে জানয়েছে ফায়ার সার্ভিস।

    এদিকে প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করে বস্তিতে আগুন লেগে যায়। এ সময় ভিতর অধিকাংশ মানুষ ঘুমন্ত অবস্থায় ছিলেন। তাদের ধারণা নিহতরা ঘুমন্ত অবস্থায় ছিলেন বলে বের হতে পারেননি।

  • বাংলাদেশের প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যরা যে বেতন ভাতা পেয়ে থাকেন

    বাংলাদেশের প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যরা যে বেতন ভাতা পেয়ে থাকেন

    www.HelloBangla.News – জাতীয় – ১৩ জানুয়ারি, ২০২৪: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর গঠিত হয়েছে বাংলাদেশ সরকারের নতুন মন্ত্রিসভা। এবারের মন্ত্রিসভায় বেশ কিছু নতুন মুখ রয়েছে। তাদের অনেকেই প্রথমবারের মতো মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে তার নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নিয়েছেন।

    বাংলাদেশে একজন মন্ত্রী, প্রতিমন্ত্রী বা উপমন্ত্রীর বেতন ভাতা কেমন? এর বাইরে তারা কি কি সুযোগ সুবিধা পান? এখানে সেটা তুলে ধরা হয়েছে।

     

    প্রধানমন্ত্রীর বেতন ভাতা:

    • দ্য প্রাইম মিনিস্টার’স (রেমুনারেশেন অ্যান্ড প্রিভিলেজ) (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০১৬ অনুযায়ী, বাংলাদেশের প্রধানমন্ত্রীর বেতন মাসে এক লাখ ১৫ হাজার টাকা। এছাড়া তিনি মাসিক বাড়ি ভাড়া পান এক লাখ টাকা, দৈনিক ভাতা পান তিন হাজার টাকা।

     

    মন্ত্রীর বেতন ভাতা:

    • দ্য মিনিস্টারস, মিনিস্টার অব স্টেট অ্যান্ড ডেপুটি মিনিস্টারস (রেমুনারেশন অ্যান্ড প্রিভিলেজ) (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০১৬ অনুযায়ী, একজন মন্ত্রী বেতন পান মাসিক এক লাখ পাঁচ হাজার টাকা। ডেপুটি স্পিকার, বিরোধী দলীয় নেতা এবং চিফ হুইপরাও সমান বেতন পান।
    • মন্ত্রী, প্রতিমন্ত্রী বা উপমন্ত্রী কাউকেই তাদের বেতনের জন্য কোন কর দিতে হয় না।

     

    এছাড়া একজন মন্ত্রী আরো যেসব সুবিধা পান:

    • দৈনিক ভাতা: দুই হাজার টাকা
    • নিয়ামক ভাতা: মাসিক ১০ হাজার টাকা
    • স্বেচ্ছাধীন তহবিল: ১০ লাখ টাকা
    • মোবাইল ফোন কেনার জন্য ৭৫ হাজার টাকা
    • সরকারি খরচে সার্বক্ষণিক গাড়ি। ঢাকার বাইরে অফিসিয়াল ট্যুরের জন্য অতিরিক্ত একটি জিপ গাড়ি পাবেন, যার যাবতীয় খরচ সরকার বহন করবে।
    • সরকারি খরচে রেল ভ্রমণ ও বিদেশ ভ্রমণ
    • বিনা ভাড়ায় সরকারি বাসভবন: গ্যাস, বিদ্যুৎ, পানি, টেলিফোনসহ ভবনটির যাবতীয় রক্ষণাবেক্ষণ সরকার বহন করবে
    • আসবাবপত্র: সরকারি বাসায় সর্বোচ্চ পাঁচ লাখ টাকা মূল্যের আসবাবপত্র
    • সরকারি বাসায় না থাকলে: বাড়ি ভাড়া বাবদ ৮০ হাজার টাকা, সেই সঙ্গে বাড়ি ব্যবস্থাপনা খরচ ও সব ধরণের সেবা খাতের বিল
    • বিমান ভ্রমণের জন্য বীমা সুবিধা আট লাখ টাকা
    • সার্বক্ষণিক নিরাপত্তা প্রহরী
    • বাসস্থান থেকে অফিস বা অফিস থেকে বাসস্থানে যাতায়াতের খরচ পাবেন। নিজের এবং পরিবারের সদস্যদের ভ্রমণ খরচও তিনি পাবেন। এছাড়া অন্তত দুইজন গৃহকর্মীর ভ্রমণের খরচ পাবেন।
    • উপ-সচিব পদমর্যাদার একজন একান্ত সচিব, সহকারী সচিব পদমর্যাদার একজন সহকারী একান্ত সচিব এবং ক্যাডারের বাইরে থেকে আরেকজন সহকারী একান্ত সচিব। জাতীয় বেতন স্কেলে দশম গ্রেডের দুইজন কর্মকর্তা।
    • আরো পাবেন একজন জমাদার ও একজন আর্দালি, দুইজন এমএলএসএস, একজন পাচক বা পিয়ন।

     

    প্রতিমন্ত্রীর বেতন ভাতা

    • প্রতিমন্ত্রীদের বেতন প্রতি মাসে ৯২ হাজার টাকা। এই আয়ের ওপর কোন কর নেই। এছাড়া তিনি আরো পাবেন:
    • দৈনিক ভাতা: দেড় হাজার টাকা
    • প্রতিমন্ত্রীর নিয়ামক ভাতা: ৭ হাজার ৫০০ টাকা
    • স্বেচ্ছাধীন তহবিল: সাড়ে ৭ লাখ টাকা
    • মোবাইল ফোন কেনার জন্য ৭৫ হাজার টাকা
    • বিনা ভাড়ায় সরকারি বাসভবন: গ্যাস, বিদ্যুৎ, পানি, টেলিফোনসহ ভবনটির যাবতীয় রক্ষণাবেক্ষণ সরকার বহন করবে
    • আসবাবপত্র: সরকারি বাসায় সর্বোচ্চ চার লাখ টাকা মূল্যের আসবাবপত্র
    • সরকারি বাসায় না থাকলে: বাড়ি ভাড়া বাবদ ৭০ হাজার টাকা, সেই সঙ্গে গ্যাস, বিদ্যুৎ, পানি, টেলিফোনসহ সব ধরণের সেবা খাতের বিল ও বাড়ি ব্যবস্থাপনা খরচ
    • উপ-সচিব পদমর্যাদার একজন একান্ত সচিব, সহকারী সচিব পদমর্যাদার একজন সহকারী একান্ত সচিব এবং ক্যাডারের বাইরে থেকে আরেকজন সহকারী একান্ত সচিব। জাতীয় বেতন স্কেলে দশম গ্রেডের দুইজন কর্মকর্তা।
    • আরো পাবেন একজন জমাদার ও একজন আর্দালি, দুইজন এমএলএসএস, একজন পাচক বা পিয়ন।

     

    উপমন্ত্রীর বেতন ভাতা:

    • একজন উপমন্ত্রী বেতন পান ৮৬ হাজার ৫০০ টাকা। তাকেও বেতন ভাতার জন্য কোন কর দিতে হবে না।
    • দৈনিক ভাতা: দেড় হাজার টাকা
    • নিয়ামক ভাতা: পাঁচ হাজার টাকা
    • স্বেচ্ছাধীন তহবিল: সাড়ে ৫ লাখ টাকা
    • মোবাইল ফোন কেনার জন্য ৭৫ হাজার টাকা
    • বিনা ভাড়ায় সরকারি বাসভবন: গ্যাস, বিদ্যুৎ, পানি, টেলিফোনসহ ভবনটির যাবতীয় রক্ষণাবেক্ষণ সরকার বহন করবে
    • আসবাবপত্র: সরকারি বাসায় সর্বোচ্চ চার লাখ টাকা মূল্যের আসবাবপত্রসরকারি বাসায় না থাকলে: বাড়ি ভাড়া বাবদ ৭০ হাজার টাকা, সেই সঙ্গে বাড়ি ব্যবস্থাপনা খরচ ও সব ধরণের সেবা খাতের বিল
    • সহকারী সচিব পদমর্যাদার একজন একান্ত সচিব, এবং ক্যাডারের বাইরে থেকে আরেকজন সহকারী একান্ত সচিব। এছাড়া একজন ব্যক্তিগত সহকারী, একজন জমাদার ও একজন আর্দালি, একজন এমএলএসএস, একজন পাচক বা পিয়ন।

     

    মন্ত্রী, প্রতিমন্ত্রী বা উপমন্ত্রী হিসাবে দায়িত্ব পালনের পাশাপাশি যারা সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হয়েছে, তারা আরো কিছু অতিরিক্ত সুবিধা পাবেন।

     

    বাংলাদেশের আইন অনুযায়ী একজন সংসদ সদস্য যেসব সুযোগ-সুবিধা পান সেগুলো হচ্ছে:

    ১. সংসদ সদস্যদের মাসিক বেতন ৫৫,০০০ টাকা

    ২. নির্বাচনী এলাকার ভাতা প্রতিমাসে ১২,৫০০ টাকা

    ৩. সম্মানী ভাতা প্রতিমাসে ৫,০০০ টাকা

    ৪. শুল্কমুক্তভাবে গাড়ি আমদানির সুবিধা

    ৫. মাসিক পরিবহন ভাতা ৭০,০০০ টাকা

    ৬. নির্বাচনী এলাকায় অফিস খরচের জন্য প্রতিমাসে ১৫,০০০ টাকা

    ৭. প্রতিমাসে লন্ড্রি ভাতা ১,৫০০ টাকা

    ৮. মাসিক ক্রোকারিজ, টয়লেট্রিজ কেনার জন্য ভাতা ৬,০০০ টাকা

    ৯. দেশের অভ্যন্তরে বার্ষিক ভ্রমণ খরচ ১২০,০০০ টাকা

    ১০. স্বেচ্ছাধীন তহবিল বার্ষিক পাঁচ লাখ টাকা

    ১১. বাসায় টেলিফোন ভাতা বাবদ প্রতিমাসে ৭,৮০০ টাকা

    ১২. সংসদ সদস্যদের জন্য সংসদ ভবন এলাকায় এমপি হোস্টেল আছে।

     

    সূত্র: বিবিসি বাংলা