Category: খেলাধুলা

  • ইউরো ফুটবলে ২-১ গোলে স্লোভাকিয়াকে হারিয়েছে ইংল্যান্ড

    ইউরো ফুটবলে ২-১ গোলে স্লোভাকিয়াকে হারিয়েছে ইংল্যান্ড

    www.HelloBangla.News – খেলাধুলা – ১ জুলাই, ২০২৪: ইউরো কাপে ইংলিশরা কেন যেন খেই হারিয়ে ফেলছিল প্রতি ম্যাচে। স্লোভাকিয়ার বিপক্ষেও দেখা গেল সেই প্রতিচ্ছবি। প্রথমার্ধে গোল হজম করে মূল সময় শেষ হয়ে গেলেও সেই গোল শোধ করতে পারেনি তারা।

    শেষ মুহূর্তে দুর্দান্ত বাইসাইকেল শটে সমতা আনেন জুড বেলিংহ্যাম। এতে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানে হ্যারি কেইনের গোলে এগিয়ে যায় ইংলিশরা। অবশেষে ১২০ মিনিটের খেলায় এই ব্যবধানেই জয় নিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে ইংল্যান্ড। জার্মানির ভেলটিন্স অ্যারেনাতে অনুষ্ঠিত হয় খেলাটি।

    ম্যাচের নবম মিনিটে উল্লেখযোগ্য সুযাগ পায় ইংল্যান্ড। ডান থেকে আক্রমণে গিয়ে জুড বেলিংহ্যাম বল বাড়ান বাঁ দিকে ট্রিপিয়ারের উদ্দেশে। কিন্তু দারুণ বল পেয়েও গোলপোস্টের উপর দিয়ে উড়িয়ে মারেন ইংলিশ লেফট ব্যাক। ২৩তম মিনিটে এগিয়ে যেতে পারত তারা। বক্সে ফোডেনকে বল বাড়ান বেলিংহ্যাম। সেখান থেকে ট্রিপিয়ার ক্রস বাড়ান কেইনের উদ্দেশে। বায়ার্ন স্ট্রাইকার অবশ্য পোস্টের বাইরে দিয়ে উড়িয়ে মারেন।

    দুই মিনিট পর এগিয়ে যায় স্লোভাকিয়া। স্ট্রেলেচের বাড়ানো বল বক্সে টেনে নিয়ে পিকফোর্ডকে পরাস্ত করে জাল খুঁজে নেন ইভান স্রান্স। গোল হজম করে সমতায় ফিরতে মরিয়া হয়ে ওঠে ইংল্যান্ড। ৩৯তম মিনিটে সুযোগও পায় তারা। ফোডেনের নেওয়া ফ্রি-কিক প্রতিপক্ষের কারো গায়ে লেগে ট্রিপিয়ারের কাছে চলে যায়। এই লেফট ব্যাক ডেকলান রাইসের উদ্দেশে বল বাড়ান। তবে তিনি ঠিকঠাক শট নিতে পারেননি।

    বিরতির পর খেলতে নেমে ৫০তম মিনিটে জালের দেখা পায় ইংল্যান্ড। কেইনের ক্রস থেকে বল নিয়ন্ত্রণে নিয়ে ফোডেনকে বাড়ান ট্রিপিয়ার। পায়ের স্পর্শে ম্যান সিটি উইঙ্গার বল জালে পাঠিয়ে উচ্ছ্বাসে ভাসেন। যদিও ভিএআর দেখে বুঝা যায় অফসাইডে ছিলেন তিনি। পরে গোলটি বাতিল করা হয়।

    ৮১তম মিনিটে দারুণ সুযোগ পায় ইংলিশরা। বুকায়ো সাকা ডেকলাইন রাইসের উদ্দেশে বল বাড়ালে সেটি গিয়ে লাগে পোস্টে। ফিরতি বল কেইন পেলেও তার হাফ ভলি বাইরে দিয়ে চলে যায়। শেষ পর্যন্ত নিজেদের সবটুকু দিয়ে চেষ্টা চালিয়ে যেতে থাকে ইংল্যান্ড। যোগ করা সময়ে গিয়ে পায় সুফল। ওয়াকারের লম্বা থ্রো থেকে উড়ে আসা বল প্রতিপক্ষ কারও মাথায় লেগে বক্সে থাকা বেলিংহ্যামের দারুণ এক বাইসাইকেল কিকে জালে জড়ায়। এই গোলেই ড্র নিয়ে নির্ধারিত ৯০ মিনিট শেষ করে দুদল।

    অতিরিক্ত সময়ে এগিয়ে যেতে খুব বেশি সময় নেয়নি ইংল্যান্ড। প্রথম মিনিটেই এজের ভলি থেকে হেডে বল গোলমুখে বাড়ান ইভান টনি। সেখান থেকে হেডে লক্ষ্যভেদ করে কেইন। এরপর লড়াই চালিয়ে

    স্লোভাকিয়া শেষ পর্যন্ত চেষ্টা করে যায় তারা। এসময় রক্ষণাত্মক খেলতে থাকে ইংলিশরা। এই কৌশলে শেষ পর্যন্ত এগিয়ে থেকে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে তারা।

    ইউরো কাপে অন্য আর এক খেলায় জর্জিয়াকে ৪-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে চলে গেছে অন্যতম ফেবারিট স্পেন। সেমিফাইনালে যাওয়ার লড়াইয়ে স্বাগতিক জার্মানির মুখোমুখি হবে তারা।

  • টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন ভারত

    টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন ভারত

    www.HelloBangla.News – খেলাধুলা – ৩০ জুন, ২০২৪: টি-টোয়েন্টি বিশ্বকাপে এবার দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। এই জয়ে ১৭ বছরের আক্ষেপ দূর করলো দেশটি। কপিল দেব ও মহেন্দ্র সিং ধোনির পর ভারতকে বিশ্বকাপ জেতানো তৃতীয় অধিনায়ক এখন রোহিত শর্মা। শেষ ওভারে ভারতকে জিততে ১৬ রান আটকাতে হতো। ঠিক সেই সময় হার্দিক ৮ রানে তুলে নেন দুই উইকেট। শেষ ওভারে প্রোটিয়াদের ৭ রানে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো ভারত। এই জয়ে আনন্দ অশ্রু ঝরেছে ভারতীয় সব ক্রিকেটারদের!

    গত এক বছরে আইসিসির তিনটি প্রতিযোগিতার ফাইনালে খেললো ভারত। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের পর ঘরের মাঠে ওয়ানডে বিশ্বকাপের ফাইনালেও হেরেছিল ভারত। এবার আরও একটি হারের মুখেই ছিল রোহিতের দল। ক্লাসেন ঝড়ের পর জয়ের সুবাস পাচ্ছিল দক্ষিণ আফ্রিকা। কিন্তু ডেথ ওভারে যশপ্রীত বুমরা ও হার্দিকের বোলিং এবং ডেভিড মিলারের নিশ্চিত ছক্কা সূর্যকুমার যেভাবে ক্যাচে পরিণত করলেন- তাতেই অপরাজিত থেকে ১১ বছরের ট্রফি খরা ঘুচালো ভারত।

    শুধু ভারতেরই নয়, দ্রাবিড়ের অনেক আক্ষেপ, অতৃপ্তি ঘুচেছে। দলকে চ্যাম্পিয়ন করেই ভারতের কোচ হিসেবে দ্রাবিড়ের অধ্যায় শেষ হলো।

    ভারত তৃতীয়বার টি-টোয়েন্টি বিশ্বকাপে ফাইনাল খেলে দ্বিতীয় শিরোপা জিতেছে। অন্যদিকে টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবারের মতো ফাইনালে খেলে ট্রফি ছোঁয়া হলো না দক্ষিণ আফ্রিকার। শন পোলক, গ্রায়েম স্মিথ, এবি ডি ভিলিয়ার্স, জ্যাক ক্যালিস, হ্যানসি ক্রনিয়ের মতো দক্ষিণ আফ্রিকার অনেক কিংবদন্তিরা যা পারেননি, সেটাই করে দেখিয়েছিলেন এইডেন মারক্রাম। প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকাকে ফাইনালে তুলে ইতিহাস গড়ার দ্বারপ্রান্তে ছিল প্রোটিয়ারা। কিন্তু শেষ মুহূর্তে এসে আবার নিজেদের চোকার্স নামটার সার্থকতা বজায় রাখলো দক্ষিণ আফ্রিকা।

    গতকাল শনিবার রাতে বারবাডোসের ব্রিজটাউনের কেনসিংটন ওভালে আগে টস জিতে ব্যাটিং করে ভারত। নিজের সেরা ইনিংসটি যেন ফাইনালের জন্যই তুলে রেখেছিলেন কোহলি। সেমিফাইনাল পর্যন্ত ১০.৭১ গড়ে ৭৫ রান করেছিলেন তিনি। বারবাডোসে দলের বিপর্যয়ে ঢাল হয়ে খেলেছেন ৭৬ রানের অসাধারণ এক ইনিংস। দলও পেয়েছে ৭ উইকেটে ১৭৬ রানের ভালো সংগ্রহ। প্রোটিয়াদের জিততে হলে ইতিহাস গড়তে হতো। কেন না টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে এত রান তাড়া করে সফল হওয়ার ইতিহাস নেই।

    ১৭৭ রানের লক্ষ্যে খেলতে নেমে দলীয় ১২ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে দক্ষিণ আফ্রিকা। ভারতের দুই পেসার শুরুতেই ফিরিয়ে দেন ওপেনার রিজা হেন্ডরিকস (৪) ও অধিনায়ক মার্করামকে (৪)। তৃতীয় উইকেটে ট্রিস্টান স্টাবসের (৩১) সঙ্গে ৫৮ রানের জুটি গড়ে দলকে চাপমুক্ত করেন কুইন্টন ডি কক। এরপর প্রোটিয়া ওপেনার ৩৬ রানের আরেকটি গুরুত্বপূর্ণ জুটি গড়েন ক্লাসেনের সঙ্গে। এই জুটিতেই জয়ের ভিত তৈরি করেছিল প্রোটিয়ারা। ডি কক ৩৯ রানে আউট হওয়ার পর আরও আক্রমণাত্মক হয়ে উঠেন ক্লাসেন। ডেভিড মিলারের সঙ্গে ২২ বলে ৪৫ রানের জুটি গড়ে ম্যাচটা প্রায় বের করে এনেছিলেন ক্লাসেন। অক্ষর প্যাটেলের করা ইনিংসের ১৫তম ওভারে ২ চার ও ২ ছয়ে ২৪ রান নিয়ে সমীকরণ ৩০ বলে ৩০ রানে নামিয়ে এনেছিলেন। সেখান থেকে ম্যাচটা জিততে পারেনি প্রোটিয়ারা। আবার প্রমাণ করলো, এখনও চোক থেকে বের হতে পারেনি তারা। হার্দিকের করা ইনিংসের ১৭তম ওভারের প্রথম বলে ক্লাসেন ফিরে গেলে বিপদে পড়ে যায় প্রোটিয়ারা। ক্লাসেন ২৭ বলে ২ চার ও ৫ ছয়ে খেলেন ৫২ রানের ইনিংস।

    শেষ তিন ওভারে ২২ রান প্রয়োজন ছিল প্রোটিয়াদের। কিন্তু বুমরার ১৮তম ওভারে মাত্র ২ রান নিতে পারে তারা, হারায় একটি উইকেটও। এরপর ১৯তম ওভারে আর্শদীপ সিং ৪ রান খরচ করলে ম্যাচ ঝুঁকে যায় ভারতের দিকে। শেষ ওভারে জয়ের জন্য দক্ষিণ আফ্রিকার দরকার ছিল ১৬ রান। হার্দিকের ওভারে প্রথম বলে ছয় মারতে চেয়েছিলেন মিলার। কিন্তু বাউন্ডারিতে দুর্দান্ত এক ক্যাচে তাকে ফেরান সূর্যকুমার। পরে আর সমীকরণ মেলাতে পারেনি তারা।

    ২০১৩ সালের আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি জয়ের পর ঘুচলো ভারতের শিরোপা খরা। আর ২০০৭ সালে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পর হাতে এলো আরেকটি শিরোপা। আর ২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপের পর বিশ্বমঞ্চে প্রথমবার চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পেলো।

    টসে জিতে ভারতের অধিনায়ক রোহিত ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন। কেন ব্যাটিং নিলেন সেটি প্রমাণ করতেই যেন ফাইনাল ম্যাচে খোলস ছেড়ে বেরিয়ে এলেন কোহলি। মার্কো ইয়ানসনের প্রথম ওভারে তিন চারে ঝলক শুরু করেন কোহলি। পরের ওভারে কেশব মহারাজকে প্রথম দুই বলে চার মেরে রোহিত আক্রমণাত্মক শুরু করেন। ১.২ ওভারেই ভারত তোলে ২৩ রান। এরপরই খেই হারান ব্যাটাররা।

    মহারাজ তার চতুর্থ ও ষষ্ঠ বলে একে একে ফেরান রোহিত ও রিশাভ পান্তকে। ৫ বলে রোহিত ৯ রান করলেও পান্ত রানের খাতা খুলতে পারেননি। প্রোটিয়া স্পিনারকে সুইপ করতে গিয়ে ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে ক্লাসেনের দারুণ ক্যাচ হন ভারতের অধিনায়ক। পান্তও সুইপ করতে গিয়ে আকাশে বল তুলে দিয়ে বিদায় নেন ডি ককের তালুবন্দি হয়ে। এরপর ক্রিজে নামেন চলতি টুর্নামেন্টে ভারতের সবচেয়ে সফল ব্যাটার সূর্যকুমার যাদব। কিন্তু তিনিও ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে ব্যর্থ হয়েছেন। ফাইন লেগে উড়িয়ে খেলতে গিয়ে ক্যাচ তুলে দিয়েছেন। সেখানেও ক্যাচটি নেন ক্লাসেন। ১১ রানের ব্যবধানে ৩ উইকেট হারিয়ে ভীষণ চাপে পড়ে ভারত।

    সেই চাপ থেকে দলকে উদ্ধার করার গুরু দায়িত্ব পড়ে পুরো টুর্নামেন্টে ব্যাট হাতে ব্যর্থ হওয়া কোহলির ওপর। সেই দায়িত্বটা খুব ভালো করেই সামাল দিয়েছেন তিনি। ম্যাচআপের অংশ হিসেবে অক্ষর প্যাটেলকে নামানো হয় চার নম্বরে। ঠিক যে কারণে অক্ষরকে নামানো হয়েছে, সেই দায়িত্বটা ঠিকঠাকভাবেই করেছেন স্পিনিং এই অলরাউন্ডার। চতুর্থ উইকেটে ৫৪ বলে ৭২ রানের জুটি গড়েন এই দুজন।

    ১৪তম ওভারে অক্ষর রানআউট হলে ভাঙে এই জুটি। রাবাদার বলে ফ্লিক করতে যান কোহলি। কিন্তু ঠিকঠাক টাইমিং হয়নি, বল থাকে উইকেটরক্ষকের কাছাকাছি। এর মধ্যে রান নেওয়ার চেষ্টা করেন অক্ষর, কিন্তু কোহলি ফিরিয়ে দেন তাকে। ফেরার জন্য যথেষ্ট সময় পেলেও দ্রুততা ছিল না অক্ষরের। উইকেটরক্ষকের জায়গা থেকে সরাসরি থ্রোতে নন স্ট্রাইক প্রান্তে স্টাম্প ভাঙেন ডি কক। ৩১ বলে ১টি চার ও চারটি ছক্কায় ৪৭ রান করে সাজঘরে ফেরত যান অক্ষর।

    তার বিদায়ের পর হাফ সেঞ্চুরি তুলে নেন কোহলি। এই টুর্নামেন্টে প্রথমবার এই মাইলফলক স্পর্শ করেন তিনি। আগের সাত ইনিংসে স্রেফ ৭৫ রান করেছিলেন, দুবার আউট হয়েছিলেন শূন্য রানে। ফাইনালে ৪৮ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন কোহলি।

    ফিফটি পাওয়ার পর কিছুটা চালিয়ে খেলার চেষ্টা করেন কোহলি। হাফ সেঞ্চুরি পাওয়ার পরের ১১ বলে ১৬ রান আসে তার ব্যাট থেকে। মার্কো ইয়ানসেনের আগের বলে ছক্কা হাঁকিয়েছিলেন। পরেরটি একটু স্লো করেন তিনি, এবার পুল করতে গিয়ে ক্যাচ দেন রাবাদার হাতে।

    কোহলির সঙ্গে পরে পঞ্চাশ পেরোনো জুটি হয়েছিল দুবেরও। ইনিংসের দুই বল বাকি থাকতে আউট হন দুবে। ১৬ বলে ৩টি চার ও ১টি ছক্কায় ২৭ রান করে সাজঘরে ফেরেন তিনি। শেষ বলে জাদেজাও আউট হন। তবে ততক্ষণে টি-টোয়েন্টি বিশ্বকাপের সর্বোচ্চ রান করে ফেলেছে ভারত। নিউজিল্যান্ডের বিপক্ষে করা অস্ট্রেলিয়ার ১৭৩ রান টপকে তারা করে ১৭৬ রান।

    পুরো টুর্নামেন্টে রানের জন্য ছটফট করেছিলেন কোহলি। সবকিছুই যেন তুলে রেখেছিলেন ফাইনালের জন্য। নেমেই এক ওভারে তিন চারে দারুণ কিছুর ইঙ্গিত দিচ্ছিলেন। তবে দ্রুত তিন উইকেট হারানোর পর দলের পরিকল্পনাতেই হোক কিংবা প্রোটিয়া বোলারদের তোপেই হোক, একটু যেন খোলসবন্দি হয়ে যান। তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গেই আগ্রাসী ব্যাটিং করতে থাকেন। শেষ পর্যন্ত অবশ্য টিকতে পারেননি তিনি, ১৯তম ওভারে ইয়ানসেনের শিকার হয়ে সাজঘরে ফেরেন। তার আগে ৫৯ বলে ৭৬ রানের দারুণ এক ইনিংস খেলে কিং কোহলি খ্যাত ভারতীয় এই ব্যাটার। শেষ পর্যন্ত ভারত পায় ৭ উইকেটে ১৭৬ রানের বড় স্কোর।

    প্রোটিয়া বোলারদের মধ্যে আনরিখ নর্কিয়া ২৬ রান দিয়ে ২টি উইকেট শিকার করেছেন। এছাড়া মহারাজ ২৩ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। ইয়ানসেন ও কাগিসো রাবাদা একটি করে উইকেট নেন।

    বিরাট কোহলি ম্যাচসেরা পুরস্কার নিতে এসেই ঘোষণা দেন, ‘এটাই ছিল ভারতের হয়ে আমার শেষ টি-টোয়েন্টি ম্যাচ।’ সংবাদ সম্মেলনে এলো আরেক তারকার অবসরের ঘোষণা। ভারতকে দ্বিতীয় টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতিয়ে এই ফরম্যাট থেকে বিদায়ের ঘোষণা দিলেন অধিনায়ক রোহিত শর্মা।

  • খেলাধুলায় ব্যস্ত রাখলে মাদক থেকে দূরে থাকা যায়: মেয়র আতিক

    খেলাধুলায় ব্যস্ত রাখলে মাদক থেকে দূরে থাকা যায়: মেয়র আতিক

    www.HelloBangla.News – খেলাধুলা – ২৯ জুন, ২০২৪: খেলাধুলায় ব্যস্ত রাখলে মাদক থেকে দূরে থাকা যায়, বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম। তিনি বলেন, “যে তরুণরা মাদককে নো বলতে পারে তারাই প্রকৃত স্মার্ট, তারাই মর্ডান। কারণ তারা জানে মাদক একটি নীরব ঘাতকের নাম, যা সব শেষ করে দেয়। তাই মাদক থেকে নিজেকে দূরে রেখে, খেলাধুলায় নিজেকে বেশি ব্যস্ত রাখতে হবে।”

    আজ শনিবার (২৯ জুন) সকাল সাড়ে ৯টায় রাজধানীর উত্তরা ৪ নম্বর সেক্টর পার্কে ঢাকা নর্থ মেয়র বাস্কেটবল টুর্নামেন্ট-২০২৪ উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

    মেয়র আতিক বলেন, “একটি শিশুর সুষ্ঠু মেধা বিকাশ ঘটে খেলাধুলার মাধ্যমে। শিশু-কিশোরদের খেলাধুলার বিষয়ে অভিভাবকদের আরও বেশি যত্নশীল হতে হবে। তাদের দামি দামি মোবাইল ফোন না কিনে দিয়ে খেলার সামগ্রী কিনে দেন। তারা ঠিকই মাঠে নেমে আসবে।”

    তিনি বলেন, “এখন বাচ্চাদের হাতে হাতে মোবাইল ফোন। দিনরাত তারা সেটা নিয়ে পড়ে থাকছে। তাদের এই অভ্যাসগুলো পরিবর্তন করতে হবে।”

    মেয়র বলেন, “খেলাধুলার দরজা সবার জন্য উন্মুক্ত। সিটি কর্পোরেশন তরুণ প্রজন্মকে স্বাগতম জানাতে রেডি। আমরা সবসময় তাদের পাশে থাকবো।”

    উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ঢাকা ১৮ আসনের সংসদ সদস্য খনরু চৌধুরী, সাবেক সংসদ সদস্য শফিউল ইসলাম মহিউদ্দিন প্রমুখ।

    উদ্বোধন শেষে টুর্নামেন্টের ট্রফি উন্মোচন করা হয়। টুর্নামেন্টে ৪৪টি শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন একাডেমির টিম অংশগ্রহণ করবে।

  • ব্রাজিল ৪-১ গোলে হারিয়েছে প্যারাগুয়েকে

    ব্রাজিল ৪-১ গোলে হারিয়েছে প্যারাগুয়েকে

    www.HelloBangla.News – খেলাধুলা – ২৯ জুন, ২০২৪: এবারের আসরে কোপা আমেরিকার প্রথম ম্যাচে ড্র করেছিলো ব্রাজিল। দেশটির সমর্থকদের মনে প্রশ্ন দেখা দিয়েছিলো দ্বিতীয় ম্যাচে কি আবার ড্র হবে। কিন্তু না তা হয়নি । ভিনির জোড়া গোলে প্যারাগুয়েকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে ব্রাজিল।স্বরূপে ফিরেছে দেশটি।

    লাস ভেগাসের অ্যালিগায়েন্ট স্টেডিয়ামে শনিবার রাতের গ্রুপপর্বের দ্বিতীয় ম্যাচে প্যারাগুয়ের মুখোমুখি হয় দরিভাল জুনিয়রের শিষ্যরা। কোস্টারিকার বিপক্ষে প্রথম ম্যাচে ড্র করার পর কোপায় টিকে থাকার লড়াইয়ে যা প্রয়োজন ছিল, সেটাই পূরণ করলেন ভিনি-লুকাস পাকেতারা। ভিনির জোড়া অবদান ছাড়াও প্রথম একাদশে সুযোগ পেয়েই গোল করেছেন ২০ বছর বয়সী স্যাভিও মোরেইরা, পেনাল্টিতে আরেক গোল আসে লুকাস পাকেতার পা থেকে।

    বড় জয়ে ‘ডি’ গ্রুপের পয়েন্ট টেবিলের দুইয়ে উঠে গেছে ব্রাজিল। দুই ম্যাচেই জয় পাওয়া কলম্বিয়া আছে শীর্ষে। এদিকে, আজকের হারে কোপা থেকে বিদায় নিশ্চিত হয়ে গেছে প্যারাগুয়ের। যদিও ব্রাজিলের সঙ্গে প্রায় সমানতালে লড়েছিল র‌্যাঙ্কিংয়ের ৫৮ নম্বর দলটি। গোল লক্ষ্যে দু’দলই সমান ছয়টি করে শট নেয়। ফাউলের সংখ্যাও সমান ১৩টি করে, এর মধ্যে কড়া ট্যাকল করে প্যারাগুয়ে একটি লাল ও দুটি হলুদ কার্ড দেখেছে। ব্রাজিলও হলুদ কার্ড দেখেছে তিনটি।

    ম্যাচে ব্রাজিল মূল কাজের অনেকটা প্রথমার্ধেই সেরে ফেলে। ৩-০ ব্যবধানে এগিয়ে থাকার পর তারা দ্বিতীয়ার্ধে আরেকবার বল জালে জড়ায়। তবে এর মধ্যে ব্যবধান কমানো দারুণ এক গোল করেন প্যারাগুয়ের ওমর অ্যালদারেত। বুক দিয়ে নিয়ন্ত্রণ করা বল নামিয়ে তিনি শট নেন ডি-বক্সের বেশ বাইরে থেকে। শেষদিকে উভয়পক্ষই গোল বাড়ানোর চেষ্টা করলেও, আর স্কোরশিটে কারও নাম ওঠেনি। উল্টো হার নিয়ে মাঠ ছাড়তে যাওয়া প্যারাগুয়ের তিক্ততা বাড়িয়ে ৮৩তম মিনিটে লাল কার্ড দেখেন আন্দ্রেস কুবাস। সেলেসাও মিডফিল্ডার ডগলাস লুইজকে পেছন থেকে মারাত্মক ট্যাকলের শাস্তি হিসেবে আসে এটি। তবে শেষ মুহূর্তে ১০ জনের দলের বিপক্ষে আর কোনো সুযোগ নিতে পারেনি দরিভালের শিষ্যরা।

    এর আগে ম্যাচের ১৪তম মিনিটেই প্যারাগুয়ে এগিয়ে যেতে পারত। তবে প্রতিপক্ষের জোরালো শট ঝাঁপিয়ে ঠেকান ব্রাজিল গোলরক্ষক অ্যালিসন বেকার। এরপর দুই পক্ষের বক্সেই একের পর এক হানা সামলাতে হয় গোলরক্ষকদের। ব্রাজিলই প্রথম এগিয়ে যাওয়ার সুযোগ পায় ৩২তম মিনিটে। তাদের নেওয়া শট লাফিয়ে ফেরাতে গিয়ে প্যারাগুয়ে ফুটবলারের হাতে লাগে। পেনাল্টিতে দলকে লিড এনে দেওয়ার সুযোগ পেয়েও বাইরে মেরে বসেন পাকেতা।

    তার সেই আক্ষেপ টিকলো তিন মিনিট। দারুণ দলীয় বোঝাপড়ায় ডেডলক ভেঙে ব্রাজিলকে প্রথম উৎসবের উপলক্ষ্য এনে দেন ভিনিসিয়ুস। রিয়াল স্ট্রাইকার জাতীয় দলে গোল করতে পারছেন না কেন, তা নিয়ে কম সমালোচনা সইতে হয়নি। তারই যেন জবাব আজ অল্প সময়ের ব্যবধানে দুই গোল দিয়ে দিয়ে দিলেন তিনি। ভিনি নিজেই বল নিয়ে বক্সের দিকে এগিয়েছেন, এরপর রদ্রিগো-পাকেতার দারুণ এক টাচ থেকে আবার তার পায়ে আসে। প্রথমে গোলরক্ষকে বোকা বানিয়ে বলে একপাশে নিয়ে যান, এরপর তার ঠিকানা বানান জালে।

    ৪৩তম মিনিটে আসে দ্বিতীয় গোলটি। রদ্রিগো গোয়েসের নেওয়া শট ঠেকান প্যারাগুয়ে গোলরক্ষক, তবে পুরো নিয়ন্ত্রণে নিতে পারেননি বল। ফলে। প্যারাগুয়ে ডিফেন্ডারের পা ছুঁয়ে ফাঁকায় থাকা স্যাভিও পেয়ে যান, আলতো টোকায় তিনি লিড দ্বিগুণ করেন। বিরতির আগেই দুপক্ষই হাতাহাতিতে জড়ায়। একটি করে হলুদ কার্ড দেখে দু’দলই। সেই উত্তেজনার পারদ উঁচুতে রেখেই যোগ করা সময়ে ফের ব্রাজিলের আক্রমণ। বল বানিয়ে গোলও দিয়ে ফেলেছিলেন রদ্রিগো। তবে গোলরক্ষকের বাধা পেয়ে আলতোভাবে বল পেছনে ঠেলে দিলে, দৌড়ে এসে ভিনি নিজের দ্বিতীয় ও ব্রাজিলের তৃতীয় গোল পূর্ণ করেন। যা পরে পাকেতার সফল পেনাল্টিতে চারে পরিণত হয়।

  • দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল

    দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল

    www.HelloBangla.News – খেলাধুলা – ২৮ জুন, ২০২৪: বাংলাদেশ ক্রিকেট দল টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্বে প্রথমবারের মতো তিন জয় পেয়েছে । অপর দিকে পাকিস্তান, নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের মতো দলগুলো প্রথম পর্ব থেকে বিদায় নিয়েছে। কিন্তু সুপার এইটে তিনটি খেলায় কোন জয় পায়নি বাংলাদেশ। বিশেষ ভাবে শেষ খেলায় আফগানিস্তানের কাছে হেরে গিয়ে দারুন সমালোচনায় পড়ে দলটি। সুপার এইটে তিন পরাজয় মাথায় নিয়ে হতাশাকে সঙ্গী করে আজ দেশে ফিরেছে বাংলাদেশ দল।

    আজ শুক্রবার (২৮ জুন) সকাল ৯টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন ক্রিকেটাররা। অ্যান্টিগা থেকে যুক্তরাষ্ট্রের মায়ামি ও দুবাই হয়ে ঢাকায় এসেছেন তারা।

    দেশে ফেরার পর আপাতত দুই সপ্তাহের বিশ্রাম পাচ্ছেন ক্রিকেটাররা। এরপর যারা টেস্ট খেলবেন, এমন ক্রিকেটাররা চলে যাবেন চট্টগ্রামে চলমান বাংলাদেশ টাইগার্স ক্যাম্পে। আসন্ন লাল বলের ক্রিকেটের জন্য কোচ সোহেল ইসলামের অধীনে সেখানে প্রস্তুতি নেবেন তারা।

    এর মধ্যে সাকিব আল হাসান খেলবেন যুক্তরাষ্ট্রের মেজর লিগে, কানাডার গ্লোবাল টি-টোয়েন্টিতে খেলবেন শরীফুল ইসলাম ও রিশাদ হোসেন। মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ খেলবেন এলপিএলে।

    বিমানবন্দরে দলের সহ-অধিনায়ক পেসার তাসকিন আহমেদ সাংবাদিকদের বলেন, এই ব্যর্থতার বড় কারণ ব্যাটারদের ব্যর্থতা। ঠিক সময়ে জ্বলে উঠতে পারেননি তারা। তাওহীদ হৃদয় ছাড়া ব্যাটিংয়ে বলার মতো তেমন কিছুই করতে পারেননি কেউ।

    তিনি আরও বলেন, “ব্যাটিং বিপর্যয় যেটা, আসলে সত্যি বলতে বিশ্বকাপের প্রথম রাউন্ডে যুক্তরাষ্ট্রে যখন খেলা হয়েছে, তখন কিন্তু ব্যাটারদের ফেভার খুব কম ছিল। আপনারা যদি স্ট্যাট চেক করেন, অন্যান্য দেশের ব্যাটার, বড় বড় দলগুলোও স্ট্রাগল করেছে। ওখানে বোলারদের একটু অ্যাডভান্টেজ ছিল।ওয়েস্ট ইন্ডিজে যাওয়ার পর একটু ভালো উইকেটে খেলছি আমরা। কিন্তু তাও আসলে, এত লম্বা…কখনোই আমি ক্রিকেট খেলার পর, বাংলাদেশ দলের হয়ে শেষ ১০ বছর ধরে খেলছি, কখনো এরকম লম্বা ব্যাটিংয়ে খারাপ সময় দেখিনি। আশা করি এটা দ্রুতই কাটিয়ে উঠবে।”

  • ইংল্যান্ডকে হারিয়ে ভারত ফাইনালে

    ইংল্যান্ডকে হারিয়ে ভারত ফাইনালে

    www.HelloBangla.News – খেলাধুলা – ২৮ জুন, ২০২৪: গতকাল রাতের খেলায় ইংল্যান্ডকে ৬৮ রানে হারিয়ে ফাইনালে উঠেছে ভারত। আগামীকাল শনিবার রাত ৮টা ৩০মিনিটে ভারত ফাইনালে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকার। এর আগের সেমিফাইনালে আফগানিস্তানকে খুব সহজেই হারিয়ে ফাইনালে উঠে দক্ষিণ আফ্রিকা। দুই দল টি-টোয়েন্টি বিশ্বকাপে এখনও অপরাজিত আছে। প্রথমবারের মতো ফাইনালে খেলছে দক্ষিণ আফ্রিকা। তবে অভিজ্ঞতার আলোকে ভারত এগিয়ে আছে। ফাইনাল খেলা অনেক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলে আশা করা যাচ্ছে।

    গতকাল বৃহস্পতিবার রাতে ইংল্যান্ডকে ৬৮ রানে হারিয়েছে ভারত। শুরুতে ব্যাট করে ৭ উইকেট হারিয়ে ১৭১ রান করে তারা। পরে ওই রান তাড়া করতে নেমে ১৬ ওভার ৪ বলে ১০৩ রানে অলআউট হয় ইংলিশরা।

    বৃষ্টির কারণে খেলা শুরু হয় দেড় ঘণ্টা দেরিতে। টস হেরে ব্যাট করতে নেমে আরও একবার বিরাট কোহলিকে নিয়ে ওপেনিংয়ে নামেন রোহিত শর্মা। পুরো টুর্নামেন্টের মতো এদিনও ব্যর্থ হন কোহলি। ৯ বলে ৯ রান করে রিচ টপলির বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরত যান তিনি। এর আগে তিনবার টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে খেলে প্রতিবারই হাফ সেঞ্চুরি ছুয়েছিলেন তিনি, পারেননি এবার।

    একদিকে রোহিত শর্মা দারুণ খেললেও আরেকদিকে উইকেট হারায় ভারত। ঋষভ পান্ত ফেরেন পাওয়ার প্লে শেষ হওয়ার চার বল আগে। ৬ বলে ৪ রান করে স্যাম কারানের বলে মিডউইকেটে দাঁড়ানো জনি বেয়ারস্টোর হাতে ক্যাচ দেন তিনি। পাওয়ার প্লের ছয় ওভারে দুই উইকেট হারিয়ে ৪৬ রান করে ভারত।

    পান্ত ফেরার পর সূর্যকুমারের সঙ্গে দারুণ এক জুটি গড়ে তোলেন রোহিত। কিন্তু এর মধ্যেই নেমে আসে বৃষ্টি। এক ঘণ্টার বেশি সময় খেলা বন্ধ থাকার পর ফের শুরু হয়। এরপরও জুটি অবিচ্ছিন্ন থাকে সূর্য ও রোহিতের। টানা দ্বিতীয় ম্যাচে হাফ সেঞ্চুরি তুলে নেন ভারতীয় অধিনায়ক। স্যাম কারানের বলে মারা ছক্কায় এ ম্যাচে নিজের ফিফটির সঙ্গে টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজের পঞ্চাশতম ছক্কাটিও হাঁকান তিনি।

    রোহিতের সঙ্গে সূর্যের ৫০ বলে ৭৩ রানের জুটিটি ভাঙেন লেগ স্পিনার আদিল রশিদ। ছয়টি চার ও দুটি ছক্কায় ৩৯ বলে ৫৭ রান করে বোল্ড হয়ে যান রোহিত। এই উইকেটের মধ্যে দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের সর্বোচ্চ উইকেট শিকারী হয়ে যান রশিদ। তার উইকেট ৩১টি, স্টুয়ার্ট ব্রডের ৩০টি।

    রোহিতের ফেরার এক ওভার পর ফিরে যান সূর্যকুমারও। ৩৬ বলে ৪৭ রান করে জফরা আর্চারের বলে লং অনে দাঁড়ানো ক্রিস জর্ডানের হাতে ক্যাচ দেন তিনি। এরপর উইকেটে এসে ঝড় তোলার চেষ্টা করেন হার্দিক।

    ১৮তম ওভারে ক্রিস জর্ডানকে টানা দুটি ছক্কাও হাঁকিয়েছিলেন তিনি। কিন্তু টানা দুই বলে দুই উইকেট নিয়ে আবার ইংল্যান্ডকে ম্যাচে ফিরিয়ে আনেন তিনিই। প্রথমে ১৩ বলে ২৩ রান করা পান্ডিয়া ক্যাচ দেন জর্ডানের হাতে। পরের বলেই উইকেটের পেছনে শিভাম দুবের ক্যাচ নেন জশ বাটলার।

    শেষদিকে নেমে ৬ বলে ১০ রান করেন অক্ষর প্যাটেল। ৯ বলে ১৭ রানে অপরাজিত ছিলেন রবীন্দ্র জাদেজা। রান তাড়ায় নেমে শুরুটা ভালোই হয়েছিল ইংল্যান্ডের। কিন্তু ২৬ রানের উদ্বোধনী জুটি ভাঙে বাটলার আউট হলে। ১৫ বলে ২৩ রান করে অক্ষর প্যাটেলের বলে ক্যাচ তুলে দেন তিনি। এরপরই শুরু হয় ইংল্যান্ডের দুর্গতির।

    একের পর এক ব্যাটার সাজঘরে ফেরেন। এর মধ্যে ১৯ বলে সর্বোচ্চ ২৫ রান করেন হ্যারি ব্রুক, কুলদ্বীপের বলে বোল্ড হন তিনি। এছাড়া দুই অঙ্কে যেতে পেরেছেন দুজন। ১৫ বলে ২১ রান করেন আর্চার, ১৬ বলে ১১ রান করে সাজঘরে ফেরত যান আর্চার। ভারতের হয়ে তিন উইকেট করে পান কুলদ্বীপ ও অক্ষর।

    ম্যাস সেরা হয়েছেন অক্ষর প্যাটেল।

  • আফগানিস্তানকে হারিয়ে ফাইনালে দক্ষিণ আফ্রিকা

    আফগানিস্তানকে হারিয়ে ফাইনালে দক্ষিণ আফ্রিকা

    www.HelloBangla.News – খেলাধুলা – ২৭ জুন, ২০২৪: টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটে ওয়ানডে বিশ্বকাপ চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে হারিয়ে চমক সৃষ্টি করে আফগানিস্তান। সেমিফাইনালে সম্ভাবনা জাগিয়েও বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার বিদায় হয়েছে সুপার এইট থেকে। সবাই ভেবেছিলো দল হিসেবে আফগানিস্তান বেশ যোগ্য। কিন্তু আজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেমিফাইনালে দাঁড়াতেই পারেনি আফগানরা। আফগানিস্তান ৫৬ রানে অলআউট হয়ে গেলে দক্ষিণ আফ্রিকা সেই রান করতে খেলেছে ৮.৫ ওভার। খুব হতাশাজনকভাবে থেমে গেল আফগান রূপকথা। তৈরি হলো দক্ষিণ আফ্রিকার ইতিহাস রচনার প্রেক্ষাপট।

    আফগানিস্তানকে ৯ উইকেটে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠেছে প্রোটিয়ারা। চোকার্স তকমা ঘুচিয়ে বিশ্বকাপ ইতিহাসে এটাই তাদের প্রথম ফাইনাল।

    ত্রিনিদাদ এন্ড টোবাগোর ব্রায়ান লারা স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে মাত্র ৫৬ রানেই গুটিয়ে যায় আফগানিস্তান। টি-টোয়েন্টিতে এটাই তাদের সর্বনিম্ন সংগ্রহ।  প্রোটিয়া পেস তোপের সামনে দাঁড়াতেই পারেনি তারা। সর্বোচ্চ ১৩ রান এসেছে অতিরিক্ত থেকে।  দুই অঙ্ক ছুঁতে পেরেছেন কেবল আজমতউল্লাহ ওমরজাই (১০)। এছাড়া বাকি সব ব্যাটার আউট হয়েছেন এক অঙ্কের ঘরে থেকে। তাদের ব্যাটিং লাইন ধসিয়ের দেওয়ার শুরুটা করেন মার্কো ইয়ানসেন। ৩ ওভারে স্রেফ ১৬ রান দিয়ে ৩ উইকেট শিকার করে ম্যাচসেরা হন বাঁহাতি এই পেসার। তিনটি উইকেট নেন তাবরেইজ শামসিও। তবে তার আগে দুটি করে উইকেট ঝুলিতে যায় কাগিসো রাবাদা ও আনরিখ নরকিয়ার।

    ৫৭ রানের লক্ষ্য পাড়ি দিতে তেমন কষ্ট করতে হয়নি দক্ষিণ আফ্রিকাকে। তবু চোকার্স হওয়ায় একটু ভয় তো ছিলই ভক্তদের মনে। কিন্তু সেই ভয়কে এবার সত্যি সত্যিই জয় করল প্রোটিয়ারা। শুরুতে কুইন্টন ডি ককের (৫) উইকেট হারালেও রিজা হেনড্রিকস ও অধিনায়ক এইডেন মারক্রামের ব্যাটে ঠিকই পৌঁছে যায় ফাইনালের ঠিকানায়। তাও ৬৭ বল হাতে রেখে। বলের হিসেবে এটাই তাদের সবচেয়ে বড় জয়।  অবিচ্ছিন্ন ৫৫ রানের জুটিতে হেনড্রিকস ২৯ ও মারক্রাম অপরাজিত ছিলেন ২৩ রানে।

    এদিকে গায়ানায় দিনের অপর সেমিফাইনালে আজ বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টা মুখোমুখি হবে ভারত-ইংল্যান্ড।

  • মার্টিনেজের গোলে আর্জেন্টিনার জয়

    মার্টিনেজের গোলে আর্জেন্টিনার জয়

    www.HelloBangla.News – খেলাধুলা – ২৬ জুন, ২০২৪: ২০২২ বিশ্বকাপে পর মার্টিনেজ নিজেকে ঠিকই ফিরিয়ে এনেছেন চেনা ছন্দে। চলতি বছর ইন্টার মিলানের হয়ে ইতালিয়ান সিরিআ জয় করেছেন। যেখানে মার্টিনেজ হয়েছেন বর্ষসেরা স্ট্রাইকার। তবু কোপা আমেরিকায় চিলির বিপক্ষে ম্যাচে আর্জেন্টিনার প্রথম একাদশে জায়গা মেলেনি তার।

    প্রথমার্ধের হতাশা আর দ্বিতীয়ার্ধে চাপের মুখে থাকায় শেষ পর্যন্ত মার্টিনেজকেই মাঠে নামাতে বাধ্য হলেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। ৭৩ মিনিটে মাঠে নেমে ৮৮ মিনিটে করলেন দলের জয়সূচক গোল। লিওনেল মেসির কর্নার থেকে এলো জয়সূচক গোল।

    ১-০ গোলের এই জয়ে ৬ পয়েন্ট নিয়ে প্রথম দল হিসেবে কোপা আমেরিকার শেষ আটে পা রাখল আর্জেন্টিনা। গ্রুপে তারা আছে সবার ওপরে। ৩ পয়েন্ট নিয়ে কানাডা আছে দুইয়ে। চিলি এবং পেরু দুই দলেরই ঝুলিতে আছে ১ পয়েন্ট। ম্যাচের শুরু থেকে গোছানো ফুটবল খেলতে থাকে আর্জেন্টিনা। ধীরে ধীরে আসে আক্রমণেও। যদিও চিলিও প্রায়ই প্রতি আক্রমণে ভয় ধরায়, কিন্তু আলবিসেলেস্তেদের ডিফেন্স ভাঙতে পারেনি তারা।

    ২২ মিনিটের মাথায় সবচেয়ে ভালো সুযোগ পায় আর্জেন্টিনা। কিন্তু নিকোলাস গঞ্জালেসের নেওয়া শট আটকে দেন চিলির গোলরক্ষক ক্লদিও ব্রাভো। এর মিনিট পাঁচেক পর রদ্রিগো দি পলের শট থামিয়ে দেন চিলির ডিফেন্ডার।

    ৩০ মিনিটের সময় শূন্যে ভাসা বল ফাঁকায় পেয়ে যান নিকোলাস গঞ্জালেস। কিন্তু তার ধীরগতির হেড সহজেই ধরে ফেলেন ব্রাভো। এই ম্যাচে মেসি চোট পান, তার অস্বস্তিও ছিল স্পষ্ট। কিন্তু এর মধ্যেও চিলিকে ভয় ধরিয়ে দিয়েছিলেন তিনি।

    ৩৬ মিনিটে তার বক্সের বাইরে থেকে নেওয়া বাঁ পায়ের জোরালো শট পোস্টে লেগে বাইরে চলে যায়। অল্পের জন্য গোল পাওয়া হয়নি তার। ৩ মিনিট পর মেসির কাছ থেকে পাওয়া বল ছয় গজ বক্সের সামনে দাঁড়িয়ে হেড করেন ম্যাক অ্যালিস্টার। কিন্তু তার বলও আটকে যায়।

    বিরতির ঠিক আগে অ্যালিস্টারের আরও একটি প্রচেষ্টা ব্যর্থ হয়। পরের মিনিটে আলভারেসের শট যায় পোস্টের উপর দিয়ে। প্রথমার্ধে আর্জেন্টিনার গোলমুখে একটি শটও নিতে পারেনি চিলি। আলবিসেলেস্তেরা নেয় ১৩টি শট।

    বিরতির পরও আক্রমণের ধার ধরে রাখে আর্জেন্টিনা। মুর্হুমূহু আক্রমণে পর্যুদস্ত করে চিলিকে। কিন্তু গোলের দেখা মিলছিল না কিছুতেই। দ্বিতীয়ার্ধের পাঁচ মিনিটের মাথায় দুর্দান্ত এক সুযোগ পায় আলবিসেলেস্তেরা। বক্সের বাইরে থেকে নাহুয়েল মালিনার উদ্দেশ্যে বল বাড়ান মেসি। বক্সের ডান প্রান্ত থেকে নেওয়া শট ঠেকিয়ে দেন ব্রাভো।

    এক মিনিট পর সুযোগ হারান মার্তিনেসও। ৫৭ মিনিটে আরও একবার ম্যাক অ্যালিস্টারের শট ঠেকিয়ে দেন চিলির গোলরক্ষক। একের পর এক আক্রমণেও গোলের দেখা আর্জেন্টিনা পাচ্ছিল না কিছুতেই।

    হুট করে খেলার ধারও কিছুটা কমে যায়। ৭৩ মিনিটে হুলিয়ান আলভারেসকে তুলে লাউতারো মার্তিনেসকে নামান লিওনেল স্কালোনি। তার হাত ধরেই গোলের দেখা পেয়ে যায় আর্জেন্টিনা। তাও একদম শেষ মুহূর্তে।

    বক্সে জটলার মধ্যে সেভ দেন ব্রাভো। তার ঠিক পাশেই এক ডিফেন্ডারের সঙ্গে লড়াইয়ে থাকা ম্যাক অ্যালিস্টার গোললাইন সামনে থাকা মার্তিনেসের কাছে বল দেন। বাঁ কর্নার দিয়ে জোরালো এক শটে বল জালে জড়ান মার্তিনেস। ভিআরএ চেক করেও গোল বহাল রাখেন রেফারি।

    অতিরিক্ত সময়ে আরও একটি সুযোগ পায় আর্জেন্টিনা। কিন্তু দি মারিয়ার কাছ থেকে পাওয়া পাসে বল জালে জড়াতে পারেননি মার্তিনেস। শেষ অবধি এক গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে আর্জেন্টিনা।

  • বাংলাদেশকে হারিয়ে সেমিফাইনালে আফগানিস্তান

    বাংলাদেশকে হারিয়ে সেমিফাইনালে আফগানিস্তান

    www.HelloBangla.News – খেলাধুলা – ২৫ জুন, ২০২৪: আফগানিস্তানের বিপক্ষে ১১৬ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে বাংলাদেশ অলআউট হয়েছে ১০৫ রানে। মাঝখানে বৃষ্টির কারণে দুইবার খেলা বন্ধ হয় ফলে ১৯ ওভারে বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় ১১৪ রান। তবে সেমিফাইনালে যেতে হলে বাংলাদেশকে এই রান করতে হতো ১২.১ ওভারে।শান্তরা শুরু করেছিল ঠিক সেভাবেই।

    কিন্তু ২৩ রানের মধ্যে তানজিদ, শান্ত ও সাকিবের বিদায়ের পর তখন বাংলাদেশের লক্ষ্য হয়ে দাঁড়ায় সুপার এইটে একটি জয় তুলে নেওয়া। কিন্তু শেষ পর্যন্ত টাইগাররা সেটাও পারেনি। এক পাশ আগলে রেখে ৫৪ রানে অপরাজিত থেকে গেছেন লিটন ।

    টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার লড়াই চলল শেষ ম্যাচ পর্যন্ত। আজ মঙ্গলবার (২৫ জুন) খেলতে নামা আফগানিস্তান এবং বাংলাদেশের যেমন সুযোগ ছিল। তেমনই এই ম্যাচের উপর নির্ভর করছিল অস্ট্রেলিয়ার ভাগ্য। তিন দলের কাছেই সুযোগ ছিল টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার। শেষ পর্যন্ত বাংলাদেশকে ৮ রানে হারিয়ে সেমিফাইনালে আফগানিস্তান।

     

    সুপার ৮-এ ভারতের বিরুদ্ধে হারলেও অস্ট্রেলিয়া এবং বাংলাদেশের বিরুদ্ধে জিতল আফগানিস্তান। চার পয়েন্ট নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে উঠলেন রশিদেরা। সেমিফাইনালে তাদের খেলতে হবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে।

    বাংলাদেশের বোলারদের মধ্যে রিশাদ নিয়েছেন ৩ উইকেট। অপর দিকে আফগানিস্তানের পক্ষে অধিানয়ক রশিদ ও নাভিন উল হক ৪ টি করে উকেট নিয়েছেন। নাভিন উল হক হয়েছেন ম্যান অফ দ্যা ম্যাচ।

    গতকাল রাতের খেলায় হেরেছে অস্ট্রেলিয়া

    অ্যান্টিগায় গতকাল রাপতে অস্ট্রেলিয়াকে ২৪ রানে হারিয়ে সেমিফাইনালে পা রেখেছে ভারত। যেখানে তাদের প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড। অ্যান্টিগায় টস হেরে ব্যাট করতে নেমে রোহিতের বিধ্বংসী ইনিংসে ৫ উইকেটে ২০৫ রান করেছে ভারত।

    জবাবে অস্ট্রেলিয়া থামে ৭ উইকেটে ১৮১ রানে।

  • ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দক্ষিণ আফ্রিকার সেমিফাইনাল নিশ্চিত

    ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দক্ষিণ আফ্রিকার সেমিফাইনাল নিশ্চিত

    www.HelloBangla.News – খেলাধুলা – ২৪ জুন, ২০২৪: টি-টোয়েন্টি বিশ্বকাপে আজকের সকালে অনুষ্ঠিত ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকা। অ্যান্টিগায় আজ গ্রুপ পর্বে ডু অর ডাই ম্যাচে ৩ উইকেটে জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা। আগে ব্যাট করে তাদের সামনে (৮ উইকেট হারিয়ে) ১৩৬ রানের লক্ষ্য দিতে পেরেছিল ওয়েস্ট ইন্ডিজ। পরে বৃষ্টি আইনে সেই লক্ষ্য নেমে আসে ১২৩ রানে। যা ৭ উইকেট হারিয়ে পেরিয়ে যায় দক্ষিণ আফ্রিকা।  টি-টোয়েন্টি বিশ্বকাপের এক আসরে সবচেয়ে বেশি (৭) ম্যাচ জেতার রেকর্ডও গড়েছে তারা। এর আগে ২০০৯ সালে ৬ ম্যাচ জিতেছিল শ্রীলঙ্কা।

    লক্ষ্য তাড়ায় নেমে শুরুতেই ধাক্কা খেয়েছিল প্রোটিয়ারা। দ্বিতীয় ওভারে তারা হারায় দুই ওপেনার রিজা হ্যানড্রিকস ও কুইন্টন ডি ককের উইকেট। দুজনকেই ফেরান ক্যারিবীয় পেস বোলিং অলরাউন্ডার আন্দ্রে রাসেল। এরপর নামে বৃষ্টি। পরে বৃষ্টি থামলে বৃষ্টি আইনে ইনিংসের দৈর্ঘ্য নেমে আসে ১৭ ওভারে, লক্ষ্য দাঁড়ায় ১২৩ রানে।

    বৃষ্টির পরে প্রতিরোধ গড়েন প্রোটিয়া অধিনায়ক এইডেন মার্করাম ও ট্রিস্টান স্টাবস। কিন্তু ষষ্ঠ ওভারে মার্করাম (১৮) বিদায় নিলে ভাঙে এই জুটি। সপ্তম ওভারে গুদাকেশ মোতির বলে হেনরিখ ক্লাসেনের তিন চার ও এক ছক্কায় আসে ২০ রান। তবে পরের ওভারে আলজারি জোসেফের শিকার হন ১০ বলে ২২ রান করা ক্লাসেন।

    প্রথম ১০ ওভারে ৪ উইকেট হারিয়ে ৮৯ রান তোলে দক্ষিণ আফ্রিকা। কিন্তু পরের দুই ওভারেই ফের চাপে পড়ে যায় তারা। রাসেলের এক ওভারে আসে ৩ রান। পরের ওভারে রোস্টন চেজের বলে আউট হন ডেভিড মিলার (৪)। ওই ওভারে আসে মাত্র ২ রান। এরপর রাসেল ৬ রান খরচ করে ওভার শেষ করেন।

    ১৪তম ওভারে ফের ধাক্কা খায় দক্ষিণ আফ্রিকা। চেজের করা ওভারের প্রথম বলেই বিদায় নেন ভালো খেলতে থাকা স্টাবস (২৯)। শেষ ৩ ওভারে তখন ১৯ রান দরকার ছিল দক্ষিণ আফ্রিকার। ক্রিজে স্বীকৃত ব্যাটার বলতে মার্কো ইয়েনসেন। ১৫তম ওভারে আসে ৬ রান।

    ১৬তম ওভারের প্রথম বলেই কেশভ মহারাজকে বিদায় করেন চেজ। ওভারের শেষ বলে চার হাঁকিয়ে লক্ষ্যটাকে হাতের মুঠোয় নিয়ে আসেন। তাতে শেষ ওভারে মাত্র ৫ রানের লক্ষ্য দাঁড়ায়। ভয় কাটিয়ে ১৭তম ওভারের প্রথম বলেই ছক্কা হাঁকিয়ে ম্যাচ শেষ করে দেন ইয়েনসেন।

    এর আগে টস হেরে ব্যাট করতে নেমে সুবিধা করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। ওপেনার কাইল মেয়ার্সের ৩৪ বলে ৩৫ রান ও চেজের ৪২ বলে ৫২ রানের ইনিংসে ভর করেই লড়াই করার মতো পুঁজি পায় বিশ্বকাপের সহ-আয়োজকরা। শেষদিকে ৯ বলে ১৫ রান করে কিছুটা ভূমিকা রাখেন রাসেল। কিন্তু তাদের এই পুঁজি যথেষ্ট প্রমাণিত হয়নি।

    এই জয়ে গ্রুপ ‘টু’ থেকে সেমিফাইনাল নিশ্চিত হলো দক্ষিণ আফ্রিকার। ৩ ম্যাচের সবকটিতেই জিতে ৬ পয়েন্ট হয়েছে তাদের। দুই ম্যচ জিতে তদের সঙ্গী হয়েছে ইংল্যান্ডও। ফলে সহ-আয়োজক হয়েও সুপার এইট থেকেই বিদায় নিতে হলো ওয়েস্ট ইন্ডিজকে।

    গতাকাল রাতে যুক্তরাষ্ট্রকে ১০ উইকেটে হারিয়েছে ইংল্যান্ড

    টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে গতকাল বার্বাডোসের কেনসিংটন ওভালে টস জিতে যুক্তরাষ্ট্রকে ব্যাটিংয়ে পাঠায় ইংল্যান্ড। আগে ব্যাট করতে নেমে ১৮.৫ ওভারে সবগুলো উইকেট হারিয়ে ‍যুক্তরাষ্ট্র সংগ্রহ করে ১১৫ রান। এই রান কোনো উইকেট না হারিয়ে ৬২ বল হাতে রেখেই তাড়া করে ফেলে ইংল্যান্ড।

    আজকের খেলা

    আজকের গুরুত্বপূর্ণ খেলায় অংশ নেবে ভারত ও অস্ট্রেলিয়া। সেন্ট লুসিয়ায় ম্যাচটি শুরু হবে রাত ৮টা ৩০ মিনিটে। আজ অস্ট্রেলিয়া জিতলে সেমিফাইনাল প্রায় নিশ্চিত হবে। তবে গতকাল সকালে যদি আফগানিস্তান ভালো অবস্থানে থেকে বাংলাদেশকে হারায় তবে তারাই যাবে সেমিফাইনালে। আর অস্ট্রেলিয়া হারলে বাংলাদেশেরও সেমিফাইনালে যাওয়ার সম্ভাবনা তৈরি হবে। অবশ্য এই বড় ব্যবধানে আফগানদের হারাতে হবে শান্ত বাহিনীকে।