আফগানিস্তানকে হারিয়ে ফাইনালে দক্ষিণ আফ্রিকা

South Africa in the final - Sports - 27 June 2024
South Africa in the final - Sports - 27 June 2024

www.HelloBangla.News – খেলাধুলা – ২৭ জুন, ২০২৪: টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটে ওয়ানডে বিশ্বকাপ চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে হারিয়ে চমক সৃষ্টি করে আফগানিস্তান। সেমিফাইনালে সম্ভাবনা জাগিয়েও বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার বিদায় হয়েছে সুপার এইট থেকে। সবাই ভেবেছিলো দল হিসেবে আফগানিস্তান বেশ যোগ্য। কিন্তু আজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেমিফাইনালে দাঁড়াতেই পারেনি আফগানরা। আফগানিস্তান ৫৬ রানে অলআউট হয়ে গেলে দক্ষিণ আফ্রিকা সেই রান করতে খেলেছে ৮.৫ ওভার। খুব হতাশাজনকভাবে থেমে গেল আফগান রূপকথা। তৈরি হলো দক্ষিণ আফ্রিকার ইতিহাস রচনার প্রেক্ষাপট।

আফগানিস্তানকে ৯ উইকেটে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠেছে প্রোটিয়ারা। চোকার্স তকমা ঘুচিয়ে বিশ্বকাপ ইতিহাসে এটাই তাদের প্রথম ফাইনাল।

ত্রিনিদাদ এন্ড টোবাগোর ব্রায়ান লারা স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে মাত্র ৫৬ রানেই গুটিয়ে যায় আফগানিস্তান। টি-টোয়েন্টিতে এটাই তাদের সর্বনিম্ন সংগ্রহ।  প্রোটিয়া পেস তোপের সামনে দাঁড়াতেই পারেনি তারা। সর্বোচ্চ ১৩ রান এসেছে অতিরিক্ত থেকে।  দুই অঙ্ক ছুঁতে পেরেছেন কেবল আজমতউল্লাহ ওমরজাই (১০)। এছাড়া বাকি সব ব্যাটার আউট হয়েছেন এক অঙ্কের ঘরে থেকে। তাদের ব্যাটিং লাইন ধসিয়ের দেওয়ার শুরুটা করেন মার্কো ইয়ানসেন। ৩ ওভারে স্রেফ ১৬ রান দিয়ে ৩ উইকেট শিকার করে ম্যাচসেরা হন বাঁহাতি এই পেসার। তিনটি উইকেট নেন তাবরেইজ শামসিও। তবে তার আগে দুটি করে উইকেট ঝুলিতে যায় কাগিসো রাবাদা ও আনরিখ নরকিয়ার।

৫৭ রানের লক্ষ্য পাড়ি দিতে তেমন কষ্ট করতে হয়নি দক্ষিণ আফ্রিকাকে। তবু চোকার্স হওয়ায় একটু ভয় তো ছিলই ভক্তদের মনে। কিন্তু সেই ভয়কে এবার সত্যি সত্যিই জয় করল প্রোটিয়ারা। শুরুতে কুইন্টন ডি ককের (৫) উইকেট হারালেও রিজা হেনড্রিকস ও অধিনায়ক এইডেন মারক্রামের ব্যাটে ঠিকই পৌঁছে যায় ফাইনালের ঠিকানায়। তাও ৬৭ বল হাতে রেখে। বলের হিসেবে এটাই তাদের সবচেয়ে বড় জয়।  অবিচ্ছিন্ন ৫৫ রানের জুটিতে হেনড্রিকস ২৯ ও মারক্রাম অপরাজিত ছিলেন ২৩ রানে।

এদিকে গায়ানায় দিনের অপর সেমিফাইনালে আজ বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টা মুখোমুখি হবে ভারত-ইংল্যান্ড।

পূর্ববর্তী এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীদের জন্য ডিএমপির ১৯ নির্দেশনা
পরবর্তী গত বছরের হিসেবে আওয়ামী লীগের আয় বেড়েছে