Category: খেলাধুলা

  • বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে হারিয়ে আফগানিস্তানের চমক

    বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে হারিয়ে আফগানিস্তানের চমক

    www.HelloBangla.News – খেলাধুলা – ২৩ জুন, ২০২৪: আজকের ম্যাচটি দেখার সময় গত ওয়ানডে বিশ্বকাপে অস্ট্রেলিয়া ও আফগানিস্তানের খেলার কথা মনে পড়ে যায়। তবে এখানে ব্যতিক্রম হারতে বসা অস্ট্রেলিয়াকে জেতাতে পারেননি গ্লেন ম্যাক্সওয়েল। কিন্তু বিশ্বকাপে একাই জিতিয়েছিলেন দলকে। আজ তিনি দাঁড়িয়ে গিয়েছিলেন কিন্তু এবার পারলেননা। আজ ২১ রানে হেরেছে অস্ট্রেলিয়া।

    গত ওয়ানডে বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে হারানোর স্বপ্ন দেখেছিল আফগানিস্তান। কিন্তু সেই স্বপ্ন সত্যি হয়নি গ্লেন ম্যাক্সওয়েলের এক অতিমানবীয় ইনিংসের কারণে।

    এই জযের ফলে সেমিফাইনালে খেলার আশা বাঁচিয়ে রাখল দলটি। শেষ ম্যাচে বাংলাদেশকে হারালেই এবং ভারতের কাছে অস্ট্রেলিয়া হারলে ইতিহাস গড়বে তারা।

    ১৪৯ রান তাড়া করতে নেমে পাওয়ার প্লের ভেতরই সাজঘরে ফেরে অস্ট্রেলিয়ার টপ অর্ডার। প্রথম ওভারে ট্রাভিস হেডকে (০) বোল্ড করেন নাভিন উল হক। পরের ওভারে অধিনায়ক মিচেল মার্শকেও (১২) ফেরান ডানহাতি এই পেসার। পাওয়ার প্লের আগে ডেভিড ওয়ার্নারকে (৩) বিদায় করেন মোহাম্মদ নবি।

    ৩২ রানে ৩ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা অস্ট্রেলিয়ার হাল ধরেন ম্যাক্সওয়েল ও মার্কাস স্টয়নিস। ৩৯ রানের জুটিতে  চাপ কাটিয়ে ওঠেন তারা। আর ম্যাক্সওয়েল ফেরেন রানের ছন্দে। এবারের আসরে এর আগে একদমই হাসেনি তার ব্যাট। কিন্তু ঠিক তখনই আগমন গুলবাদিন নায়েবের। ছোট ছোট সুইংয়ে অস্ট্রেলিয়া ব্যাটারদের একে একে পাঠিয়েছেন সাজঘরে।

    ১১তম ওভারে হাতে প্রথম বল তুলে নেন নায়েব। এসেই তৃতীয় বলে স্টয়নিসকে (১১) ফেরান  এই মিডিয়াম পেসার। পরের ওভারে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন টিম ডেভিডকে। নিজের তৃতীয় ওভারে এসে সবচেয়ে বড় মাছ শিকার করেন তিনি। সেদিন অতিমানবীয় ইনিংস খেলে আফগানদের হৃদয় ভাঙা ম্যাক্সওয়েল আজও হাঁটছিলেন একই পথে। কিন্তু এবার তা হতে দেননি নায়েব। তার কিছুটা ওপরের দিকের ডেলিভারিতে ড্রাইভ করতে গিয়ে ব্যাকওয়ার্ড পয়েন্টে থাকা নুর আহমেদের হাতে ক্যাচ দেন  ম্যাক্সওয়েল। ৪১ বলে ৬ চার ও ৩ ছক্কায় ৫৯ রানে ফেরেন ডানহাতি এই ব্যাটার।

    বিপদ কেটে যাওয়ার পর আফগানিস্তানের জয় আর ঠেকায় কে! চার বল হাতে রেখেই অস্ট্রেলিয়াকে ১২৭ রানে গুটিয়ে দেয় তারা। ৪ ওভারে স্রেফ ২০ রান দিয়ে ৪ উইকেট শিকার করে ম্যাচসেরা হন নায়েব। সমান রান দিয়ে ৩ উইকেট ঝুলিতে নেন নাভিন।

    সেন্ট ভিনসেন্টে এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে দারুণ শুরু পায় আফগানিস্তান। উদ্বোধনী জুটি থেকেই আসে ১১৮ রান। এবারের আসরে  রহমানউল্লাহ গুরবাজ ও ইব্রাহীম জাদরানের তৃতীয় শতরানের জুটি। ব্যক্তিগত অর্ধশতকের পর অবশ্য বেশিক্ষণ টিকতে পারেননি দুই ওপেনার। ৪৯ বলে সমান ৪টি করে চার ও ছক্কা মেরে ৬০ রান করা গুরবাজ তুলে নিয়ে এ জুটি ভাঙেন মার্কাস স্টয়নিস। ১৭তম ওভারে এসে ইব্রাহীম (৫১) ও আজমতউল্লাহ ওমরজাইকে সাজঘরে ফেরান অ্যাডাম জাম্পা।

    এরপর আফগানদের রানের চাকা আরও কমিয়ে দেয় প্যাট কামিন্সের হ্যাটট্রিক। আগের ম্যাচে বাংলাদেশের বিপক্ষেও হ্যাটট্রিকের দেখা পেয়েছিলেন এই পেসার। প্রথম বোলার হিসেবে এবার টি-টোয়েন্টিতে পরপর দুই ম্যাচে হ্যাটট্রিকের কীর্তি গড়লেন তিনি।

    ১৮তম ওভারের শেষ বলে রশিদ খানকে সাজঘরে ফেরান কামিন্স। তাকে উড়িয়ে মারতে চাইলেও লং অনে টিম ডেভিডের হাতে ধরা পড়েন রশিদ। ইনিংসের শেষ ওভারও কামিন্সের হাতে বল তুলে দেন অস্ট্রেলিয়া অধিনায়ক মিচেল মার্শ। ওভারের প্রথম বলেই করিম জানাতকে শিকার করেন ডানহাতি এই পেসার। এবারও লং অনে সেই ক্যাচ নেন ডেভিড। হ্যাটট্রিক বলে ঠিকমতো টাইমিংস করতে পারেননি গুলবাদিন নায়েব। ক্যাচ তুলে দেন লেগে থাকা গ্লেন ম্যাক্সওয়েলের কাছে। পরের বলে ডাবল হ্যাটট্রিকের খুব কাছাকাছিও চলে গিয়েছিলেন কামিন্স। কিন্তু নানগেয়ালি খারোতের ক্যাচ ফেলে দেন ডেভিড ওয়ার্নার।   এরপর আফগানরা থামে ৬ উইকেটে ১৪৮ রান নিয়ে। এতোটুকু পুঁজি নিয়েই অস্ট্রেলিয়াকে হারিয়ে দিল রশিদ খানের দল!

    গতকাল রাতের খেলায় হেরেছে বাংলাদেশ

    শনিবার রাতে অ্যান্টিগায় টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটের ম্যাচে বাংলাদেশকে ৫০ রানে হারিয়েছে ভারত। শুরুতে ব্যাট করে ৫ উইকেট হারিয়ে ১৯৬ রান করে ভারত। পরে ওই রান তাড়া করতে নেমে ৬ উইকেট হারিয়ে ১৪৬ রানের বেশি করতে পারেনি বাংলাদেশ। গ্রুপ পর্বে চার ম্যাচের তিনটি জিতে সুপার এইটে ওঠা বাংলাদেশ হেরেছিল অস্ট্রেলিয়ার কাছেও। টানা দুই হারে অনেকটা শেষ হয়ে গেছে সেমিফাইনালের স্বপ্ন।

    আজ রাতের খেলায় অংশ নিবে ইংল্যান্ড ও যুক্তরাষ্ট্র। ব্রিজটাউনে খেলা শুরু হবে রাত ৮টা ৩০ মিনিটে।

  • ৯ উইকেটে যুক্তরাষ্ট্রকে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ

    ৯ উইকেটে যুক্তরাষ্ট্রকে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ

    www.HelloBangla.News – খেলাধুলা – ২২ জুন, ২০২৪: টি-টোয়েন্টি বিশ্বকাপ মানে চার ও ছয়ের খেলা। যা আজ যুক্তরাষ্ট্রের বিপক্ষে করে দেখিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ১২৯ রান তাড়া করতে গিয়ে ৫৫ বল হাতে রেখেই জয় পেয়েছে দেশটি। নিকোলাস পুরানের ছক্কার নতুন রেকর্ড গড়ার ম্যাচে যুক্তরাষ্ট্রকে ৯ উইকেটে হারালো ক্যারিবীয়রা।

    বারবাডোজের কিংসটাউনে আজ শনিবার (২২ জুন) সকালে আগে ব্যাট করে ১২৮ রান তুলতেই সব উইকেট হারিয়ে ফেলে যুক্তরাষ্ট্র। দলটির কোনো ব্যাটার ৩০-এর কোটা পেরোতে পারেননি। সর্বোচ্চ ১৬ বলে ২৯ রান করেছেন ওপেনার আন্দ্রিস গোউস। এছাড়া নিতিশ কুমার ২০ ও মিলিন্দ কুমার ১৯ রান করেছেন।

    ওয়েস্ট ইন্ডিজের হয়ে বল হাতে ৩টি করে উইকেট নিয়েছেন আন্দ্রে রাসেল ও রোস্টন চেজ। এছাড়া আলজারি জোসেফ ২টি ও গুদাকেশ মোতি নিয়েছেন ১ উইকেট।

    জবাবে ১ উইকেট হারিয়েই ম্যাচ জিতে নেয় ওয়েস্ট ইন্ডিজ। শাই হোপ ও জনসন চার্লসের ওপেনিং জুটিতে আসে ৬৭ রান। এরপর বাকি পথ সহজেই পাড়ি দেন হোপ এবং পুরান। এর মধ্যে হোপ মাত্র ৩৯ বলে ৮২ রান করে অপরাজিত থাকেন। ব্যাট হাতে তিনি হাঁকিয়েছেন ৮টি ছক্কা ও ৪টি চার।

    অন্যদিকে ১২ বলে অপরাজিত ২৭ রান করার পথে ৩টি ছক্কা হাঁকিয়ে রেকর্ড বইয়ে নাম লিখিয়েছেন পুরান। টি-টোয়েন্টি বিশ্বকাপের এক আসরে সবচেয়ে বেশি ছক্কা (১৭টি) মারার রেকর্ড এখন তার দখলে। আগের রেকর্ডটি তার স্বদেশী সাবেক ব্যাটার ক্রিস গেইলের দখলে ছিল। ‘ইউনিভার্স বস’ খ্যাত গেইল ২০১২ বিশ্বকাপে ১৬টি ছক্কা হাঁকিয়েছিলেন।

    হোপ ও পুরানের তাণ্ডবে ৫৫ বল হাতে রেখে ম্যাচ জিতে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। টি-টোয়েন্টি বিশ্বকাপে ১০০-এর বেশি রানের লক্ষ্য তাড়ায় এর চেয়ে বেশি বল হাতে রেখে জয়ের নজির আছে আর একটিই। ২০০৭ সালে কেপটাউনে শ্রীলঙ্কার বিপক্ষে ৫৮ বল হাতে রেখে জিতেছিল অস্ট্রেলিয়া।

    রাতের ম্যাচে ইংল্যান্ডকে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা

    বিশ্বকাপের সুপার এইটে গতকাল সেন্ট লুসিয়ার ড্যারেন স্যামি জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে দক্ষিণ আফ্রিকাকে ব্যাটিংয়ে পাঠায় ইংল্যান্ড। আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬৩ রান সংগ্রহ করে দক্ষিণ আফ্রিকা। এই রান তাড়া করতে নেমে ১৫৬ রানের বেশি করতে পারেনি ইংল্যান্ড। দক্ষিণ আফ্রিকা জেতে ৭ রানে।

    আজ রাতে ভারতে বিপক্ষে খেলবে বাংলাদেশ

    এবার ক্রিকেট আসরে সুপার এইটে প্রথম খেলায় বাংলাদেশ হারে অস্ট্রেলিয়ার কাছে। শান্ত বাহিনীকে সেমিফাইনালে যেতে হলে আজকের ম্যাচে জয় ছাড়া আর কোন বিকল্প নেই। কিন্তু ভারত সব দিক দিয়ে শক্তিশালী। স্বাভাবিক কারণে রোহিত শর্মারা চাইবে জয়। কেননা এই গ্রুপে ভারতের খেলা বাকি আছে অস্ট্রেলিয়ার সঙ্গে। তবে বাংলাদেশের জন্য আশার কথা গ্রুপ পর্বেই ফর্মে ফিরেছে সাকিব। গত খেলায় ছন্দে ফিরেছে অধিনায়ক শান্ত।

    আজ খেলা শুরু হবে রাত ৮ টা ৩০ মিনিটে।

  • বৃষ্টি আইনে বাংলাদেশকে হারিয়েছে অস্ট্রেলিয়া

    বৃষ্টি আইনে বাংলাদেশকে হারিয়েছে অস্ট্রেলিয়া

    www.HelloBangla.News – খেলাধুলা – ২১ জুন, ২০২৪: প্রথম ওভারে বাংলাদেশ হারায় তানজিদ হাসান তামিমের উইকেট। শূন্য রানে বাংলাদেশের প্রথম উইকেট হারালেও অধিনায়ক শান্তর ৪১ এবং তাওহীদ হৃদয়ের ৪০ রানের সুবাদে বাংলাদেশ সংগ্রহ করে ১৪০ রান। অল্প পুঁজি নিয়ে মাঠে নামার পর ভালো করতে পারেননি বোলাররাও। ডেভিড ওয়ার্নার ও ট্রাভিস হেডের ঝড়ে সহজ জয় পেয়েছে অজিরা।

    শুক্রবার অ্যান্টিগায় টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে বৃষ্টি আইনে অস্ট্রেলিয়ার কাছে ২৮ রানে হেরেছে বাংলাদেশ। ১৪১ রান জয়ের লক্ষে নেমে বৃষ্টিতে খেলা বন্ধ ‍হওয়ার আগে ১১ ওভার দুই বলে ২ উইকেট হারিয়ে ঠিক ১০০ রান করে অজিরা।

    টস হেরে ব্যাট করতে নেমে ইনিংসের তৃতীয় বলেই প্রথম উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ। ৩ বলে শূন্য রানে ফেরেন তানজিদ। তার বিদায়ের ওভারেই একটি চার হাঁকান শান্ত।

    পরের ওভারে জশ হ্যাজলউড দেন মেডেন। প্রথম বাউন্ডারির মতো ছক্কাও আসে শান্তর ব্যাট থেকেই। নিজের দ্বিতীয় ওভার করতে এসে প্রথম বলেই ছক্কা হজম করেন হ্যাজলউড। পরের ওভারে স্টার্ককে দুটি বাউন্ডারি হাঁকিয়ে রানের চাকা সচল রাখেন লিটন দাস।

    পাওয়ার প্লের শেষ ওভার করতে এসে সবমিলিয়ে ১২রান হজম করেন প্যাট কামিন্স। ছয় ওভারে ৩৯ রান করে বাংলাদেশ। প্রথম উইকেট হারানোর চাপ তারা কিছুটা সামলে উঠেছিল লিটন দাস ও নাজমুল হোসেন শান্তর জুটিতে। কিন্তু এই স্বস্তি খুব বেশি দীর্ঘস্থায়ী হয়নি বাংলাদেশের জন্য।

    অ্যাডাম জাম্পার বলে সুইপ করতে গিয়ে মিস করেন লিটন। তার পেছনের পায়ে লেগে বল চলে যায় স্টাম্পে। ২৫ বলে ১৬ রান করে আউট হন লিটন। ভাঙে শান্তর সঙ্গে তার ৪৮ বলে ৫৮ রানের জুটি। এরপর রিশাদ হোসেনকে পাঠানো হয় ব্যাটিংয়ে প্রমোশন দিয়ে। কিন্তু গ্লেন ম্যাক্সওয়েলের বলে তুলে মারতে গিয়ে ব্যাটের আগায় লেগে ক্যাচ যায় জাম্পার হাতে।

    এরপর শান্তও ফেরেন সাজঘরে। জাম্পার বলে এলবিডব্লিউ হয়ে যান তিনি। এর আগে পাঁচটি চার ও ১টি ছক্কায় ৩৬ বলে ৪১ রান করেন শান্ত। হৃদয়ের সঙ্গী হন সাকিব আল হাসান। ১০ বলে ৮ রান করে স্টয়নিসের বলে তার হাতে ক্যাচ দেন তিনি।

    সাকিব আউট হওয়ার এক বল পর স্ট্রাইক পান হৃদয়। মার্কোস স্টয়নিসকে টানা দুটি ছক্কা হাঁকান তিনি। কিন্তু পরের ওভারের শেষ দুই বলে দুই উইকেট তুলে নেন প্যাট কামিন্স। প্রথমে তার বাউন্সারে পুল করতে গিয়ে বল স্টাম্পে চলে আসে ৩ বলে ২ রান করা মাহমুদউল্লাহর। পরের বলে আপার কাট করতে গিয়ে থার্ডম্যানে ক্যাচ দেন মাহেদী হাসান।

    কামিন্স নিজের পরের ওভারে এসে পূরণ করে নেন হ্যাটট্রিকও। ‍দুটি চার ও সমান ছক্কায় ২৮ বলে ৪০ রান করে স্কুপ করতে গিয়ে শর্ট ফাইন লেগে ক্যাচ দেন হৃদয়। স্রেফ দ্বিতীয় বোলার হিসেবে বিশ্বকাপে হ্যাটট্রিক করেন কামিন্স। বাকি চার বলে সাত রান নেন তানজিম হাসান সাকিব ও তাসকিন আহমেদ।

    রান তাড়ায় নামা অস্ট্রেলিয়ার সামনে প্রথম ওভার করতে এসে ৫ রান দেন মাহেদী হাসান। দ্বিতীয় ওভারের প্রথম বলে সুযোগ পেয়ে যায় বাংলাদেশ। কিন্তু তানজিমের বল পয়েন্টে দাঁড়িয়ে নিতে পারেননি তাওহীদ হৃদয়। এরপর ঝড়ের শুরু অস্ট্রেলিয়ার দুই ওপেনারের।

    চতুর্থ ওভারে তাসকিন ১৫ ও পরের ওভারে মোস্তাফিজ দেন ১৪ রান। পাওয়ার প্লের শেষ ওভারে ১০ রান দেন তানজিম। ছয় ওভারে তারা তোলে ৫৯ রান। এরপর দুই বল হতেই নেমে আসে বৃষ্টি।

    বৃষ্টির বিরতির পর ফিরে বাংলাদেশকে কিছুটা স্বস্তি এনে দেন রিশাদ হোসেন। তার বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরত যান ট্রাভিস হেড। এর আগে ২১ বলে তিন চার ও দুই ছক্কায় ৩২ রান করেন তিনি। নিজের পরের ওভারে এসেও উইকেট পান রিশাদ।

    এবার তার বলে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়েন মিচেল মার্শ। কিন্তু এরপর অজিদের ঝড় থামেনি। আগে থেকেই উইকেটে থাকা ওয়ার্নারের সঙ্গে এবার যোগ দেন ম্যাক্সওয়েল। ১২তম ওভারে বৃষ্টি নামার আগে ১৪ বলে ৩০ রান করেন দুজন।

    ৫ চার ও ৩ ছক্কায় ৩৫ বলে ৫৩ রান করে ওয়ার্নার এবং ৬ বলে ১৪ রান করে অপরাজিত থাকেন ম্যাক্সওয়েল। ১১ ওভার ২ বলের সময় বৃষ্টিতে খেলা বন্ধ হয়, এরপর আর শুরু না হলে বৃষ্টি আইনে জয় পায় অস্ট্রেলিয়া।

    আগামীকাল ভারতের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ।

    রাতের খেলায় জিতেছে ভারত

    সুপার এইটের গতকাল রাতের ম্যাচে টস জিতে ৮ উইকেট হারিয়ে ১৮১ রান পেয়েছে ভারত। তাড়া করতে নেমে ১৩৪ রানেই গুটিয়েছে আফগানরা। ফলে ভারত জেতে ৪৭ রানে। ভারতের হয়ে তিনটি করে উইকেট নেন জাসপ্রিত বুমরাহ। আফগানদের ব্যাটিংয়েল সর্বোচ্চ ২৬ রান আসে আজমতউল্লা ওমরজাইয়ে কাছ থেকে। এছাড়া আর কেউই দাঁড়াতে পারেননি।

    আজ রাতের খেলায় অংশ নিবে ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা। খেলা শুরু হবে রাত ৮-৩০ মিনিটে।

  • ওয়েস্ট ইন্ডিজকে ৮ উইকেটে হারিয়েছে ইংল্যান্ড

    ওয়েস্ট ইন্ডিজকে ৮ উইকেটে হারিয়েছে ইংল্যান্ড

    www.HelloBangla.News – খেলাধুলা – ২০ জুন, ২০২৪: গতবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ড গ্রুপ পর্বে খুব একটা ভালো করতে পারেনি। কিন্তু সুপার এইটে প্রথম খেলায় চমক দেখিয়েছে। তৃতীয় উইকেট জুটিতে ফিল সল্ট ও জনি বেয়ারস্টোর ৯৭ রানের সুবাদে ইংল্যান্ড ৮ উইকেটে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজকে। জয়ের জন্য নির্ধারিত ২০ ওভারে প্রয়োজন ছিল ১৮১ রানে। ইংল্যান্ড সেই রান করেছে ১৫ বল হাতে রেখেই।

    সেন্ট লুসিয়ার ড্যারেন সামি স্টেডিয়ামে আগে ব্যাট করে উইন্ডিজরা ৪ উইকেটে ১৮০ রান সংগ্রহ করেছিল। চলমান বিশ্বকাপের নিরিখে যাকে চ্যালেঞ্জিং স্কোরই বলা চলে। কিন্তু আলজারি জোসেফ ও আন্দ্রে রাসেলরা সেই রান ডিফেন্ড করতে ব্যর্থ হয়েছেন। চার–ছক্কার বাউন্ডারিতে তাদের নাজেহাল করেছেন সল্ট, বেয়ারস্টো ও মঈন আলিরা। ফলে ১৭.৩ ওভারেই দুই উইকেট হারানো ইংলিশরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যায়। তাদের হয়ে সর্বোচ্চ ৮৭ রান করেছেন সল্ট, বেয়ারস্টো করেন ৪৮ রান।

    ক্যারিবীয় লক্ষ্য তাড়ায় শুরুটা ঠিকঠাকই করেছিল ইংল্যান্ড। ওপেনিংয়ে বাটলার–সল্ট জুটিই এনে দেয় ৬৭ রান। এর মধ্যে পাওয়ার প্লেতে উঠেছে ৫৮ রান। রোস্টন চেজের করা এক ফ্ল্যাট ডেলিভারিতে এগিয়ে এসে খেলতে গিয়ে এলবিডব্লু হন বাটলার। এর আগে ইংলিশ অধিনায়কের ইনিংস আক্রমণাত্মক ছিল না, ২২ বলে করেছেন ২৫ রান। মাঝে মঈন আলিও (১০ বলে ১৩) ক্রিজে এসে আউট হয়ে যান।

    তবে এই জুটির শুরুতে সল্ট ছিলেন দর্শক হয়ে, আরেকপ্রান্তে ঝড় তোলেন উইকেটরক্ষক ব্যাটার বেয়ারস্টো। আকিলের করা ১৫তম ওভারে তিনি ১৬ রান করেন। পরের ওভারেই তার পথ ধরে শেফার্ডের ছয় বলেই বাউন্ডারি হাঁকান বেয়ারস্টো। শেষ পর্যন্ত দুজনেই ছিলেন অপরাজিত। সল্ট হাফসেঞ্চুরি তুলে নেন ৩৮ বলে, শেষ পর্যন্ত ৪৭ বলে ৭টি চার ও পাঁচটি ছক্কায় ৮৭ রান করে ম্যাচসেরাও হয়েছেন। অন্যদিকে, বেয়ারস্টো ২৬ বলে ৫টি চার ও ২ ছক্কায় করেন ৪৬ রান।

    এর আগে টস হেরে শুরুতে ব্যাটিংয়ে নেমে ভালো শুরুর পরও ক্যারিবীয়রা হোঁচট খায় ওপেনার ব্রেন্ডন কিং রিটায়ার্ড হার্ট হয়ে ওঠে যাওয়ায়। মাঝে ধীরগতির ব্যাটিংয়ের পর শেষে ঝড় তুলেছেন অধিনায়ক রভম্যান পাওয়েল (১৭ বলে ৩৬) ও শেরফান রাদারফোর্ডরা (১৫ বলে ২৮)। তাতে স্বাগতিকরা ৪ উইকেট হারিয়ে ১৮০ রানের পুঁজি পেয়ে যায়। ম্যাচসেরা হয়েছেণ সল্ট।

    দক্ষিণ আফ্রিকা হারিয়েছে যুক্তরাষ্ট্রকে

    দক্ষিণ আফ্রিকা গ্রুপ পর্বের চার খেলায় জিতলেও খুব একটা ভালো ক্রিকেট উপহার দিতে পারেনি। অপর দিকে প্রথাবার বিশ্বকাপ খেলতে আসা যুক্তরাষ্ট্র গ্রুপ পর্বে পাকিস্তানকে হারিয়ে চমক দেখালেও সুপির এইটের প্রথম খেলায় হেরেছে দক্ষিণ আফ্রিকার কাছে।

    শুরুতে কুইন্টন ডি ককের ঝড়ে দক্ষিণ আফ্রিকা পায় বড় সংগ্রহ। ওই রান তাড়া করতে নেমে বেশ অনেক দূর গেলেও শেষ অবধি ফিরতে হয়েছে হতাশা নিয়ে।

    বুধবার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটের ম্যাচে যুক্তরাষ্ট্রকে ১৮ রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। শুরুতে ব্যাট করে ৪ উইকেট হারিয়ে ১৯৪ রান করে প্রোটিয়ারা। ওই রান তাড়া করতে নেমে ৬ উইকেট হারিয়ে ১৭৬ রানের বেশি করতে পারেনি যুক্তরাষ্ট্র।

    আজকে রাতের খেলায় অংশ নিবে ভারত ও আফগানিস্তান

    আজ রাতে বর্বাডোজে সুপার এইটের তৃতীয় খেলায় অংশ নিবে ভারত ও আফগানিস্তান। খেলা শুরু হবে রাত ৮টা ৩০ মিনিটে।

  • নবাগত জর্জিয়াকে ৩-১ গোলে হারিয়েছে তুরস্ক

    নবাগত জর্জিয়াকে ৩-১ গোলে হারিয়েছে তুরস্ক

    www.HelloBangla.News – খেলাধুলা – ১৯ জুন, ২০২৪: ইউরো ২০২৪–এ ইতোমধ্যে অংশগ্রহণকারী ২৪ দলের প্রায় সবাই এক ম্যাচ করে খেলে ফেলেছে। নিজেদের প্রথম ম্যাচে গতকাল (মঙ্গলবার) রাতে নবাগত জর্জিয়াকে ৩-১ গোলে হারিয়েছে তুরস্ক। দুর্দান্ত এক গোলে দেশটির মেসি–খ্যাত আর্দা গুলার ২০ বছর আগে ক্রিশ্চিয়ানো রোনালদোর করা একটি রেকর্ডও ভেঙে দিয়েছেন।

    প্রথমবারের মতো ইউরো খেলতে নেমেছিলেন গুলার। তার মাঠে নামটা হয়েছে এরকম– এলাম, দেখলাম আর জয় করলাম। অভিষেক ম্যাচে দুর্দান্ত গোলের পর তিনি ম্যাচসেরাও হয়েছেন। এর আগে ৬৫ মিনিটের আগপর্যন্ত তুরস্ক-জর্জিয়া ম্যাচটি সমতায় ছিল ১–১ গোলে। এরপরই নজরকাড়া গোল করে গুলার তুরস্ককে লিড এনে দেন।

    সতীর্থের বাড়ানো বল পেয়ে কিছুটা এগিয়ে গিয়ে ২৫ গজ দূর থেকে প্রতিপক্ষের দুই খেলোয়াড়ের মাঝ দিয়ে বাঁ পায়ে বুলেট গতির শট নেন ১৯ বছর বয়সী অ্যাটাকিং মিডফিল্ডার। সেই বল দূরের পোস্ট দিয়ে জালে জড়ায়। বাঁকানো সেই শটে তাকিয়ে থাকা ছাড়া জর্জিয়া গোলরক্ষকের কিছুই করার ছিল না। আর এর মধ্য দিয়ে তিনি ভেঙে দিলেন পর্তুগাল সুপারস্টার রোনালদোর অভিষেক ম্যাচে করা রেকর্ড।

    গুলার ইউরো অভিষেকে গোল করলেন সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে। এই কীর্তি গড়ার সময় তার বয়স ছিল ১৯ বছর ১১৪ দিনে। এর আগে রিয়াল মাদ্রিদের সাবেক তারকা সিআরসেভেন ২০০৪ সালে ইউরোতে যখন প্রথম গোল করেন, তখন বয়স ছিল ১৯ বছর ১২৮ দিন। মহাদেশীয় টুর্নামেন্টটিতে গ্রিসের বিপক্ষে অভিষেক ম্যাচে গোল করেছিলেন রোনালদো। দুজনের নামের সঙ্গে জড়িয়ে আছে রিয়াল মাদ্রিদের নামও, একজন সাবেক এবং আরেকজন উদীয়মান তারকা। ইতোমধ্যে গুলারও লস ব্লাঙ্কোসদের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন এবার।

    তুরস্কের মেসির গত জানুয়ারিতে রিয়ালের জার্সিতে অভিষেক হয়েছিল। ২০২৩-২৪ মৌসুমে ইউরোপের সফলতম দলটির হয়ে ১২ ম্যাচে মাত্র ৪৪৭ মিনিট খেলে ৬ গোল করেন তিনি। তুরস্কের প্রথম খেলোয়াড় হিসেবে পান চ্যাম্পিয়ন্স লিগ জয়ের স্বাদ। সেই ফর্ম এবার নিজ দেশের হয়েও টেনে নিয়ে গেলেন এই অ্যাটাকিং মিডফিল্ডার। এখন পর্যন্ত জাতীয় দলের হয়ে ৮ ম্যাচে তিনি দ্বিতীয় গোল করলেন।

    অভিষেক রাঙানো এমন ম্যাচের পর গুলারের উচ্ছ্বাসটাও দেখার মতো। ম্যাচ শেষে দর্শকদের অভিবাদনের জবাব দিয়েছেন টাচলাইনে দাঁড়িয়ে। পরে প্রতিক্রিয়া জানান এভাবে, ‘আমার অনুভূতি ভাষায় বর্ণনা করার মতো নয়, আমি খুবই রোমাঞ্চিত। সবসময় এমন গোলের স্বপ্ন দেখেছি। অসাধারণ ভালোবাসা পাচ্ছি, তার প্রতিদান দেওয়ার জন্য কঠোর পরিশ্রমও করছি আমি। এভাবে গোল করতে পেরে আমি খুবই খুশি। কার্লো আনচেলত্তি (রিয়াল কোচ) আজ ম্যাচের আগেও আমাকে বার্তা পাঠিয়ে শুভকামনা জানিয়েছিলেন।’

    পর্তুগাল হারিয়েছে চেক প্রজাতন্ত্রকে

    ইউরোয় নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার মুখে থাকলেও চেক প্রজাতন্ত্রের বিপক্ষে ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে পর্তুগাল। এ ম্যাচে সবচেয়ে বয়স্ক ফুটবলার হিসেবে ইউরো খেলার রেকর্ড গড়েন পেপে। একইসঙ্গে সর্বোচ্চ ৬টি আসর খেলে ইতিহাসে নাম লেখান অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদো।

  • তানজিম সাকিবের রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড সৃষ্টি ফার্গুসনের

    তানজিম সাকিবের রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড সৃষ্টি ফার্গুসনের

    www.HelloBangla.News – খেলাধুলা – ১৮ জুন, ২০২৪: তানজিম সাকিবের রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড সৃষ্টি করলেন লকি ফার্গুসন। নেপালের বিপক্ষে তানজিম হাসান সাকিব ২১ টি ডট বল করে টি-টোয়েন্টি বিশ্বকাপে রেকর্ড গড়েছিলেন। সেই রেকর্ড মাত্র এক দিন পরে ভেঙ্গে দিয়ে নতুন রেকর্ড সৃষ্টি করলেন লকি ফার্গুসন।চার ওভারে ২৪ ডি ডট বল করেন নিউজিল্যান্ডের এই বোলার। সাথে নিয়েছে পাপুয়া নিউ গিনির ৩ উইকেট। এই রেকর্ড হয়তো কোনদিন ভাঙ্গা যাবে কিন্তু নতুন রেকর্ড সৃষ্টি করা যাবেনা।

    ইনিংসের পঞ্চম ওভারে প্রথম বোলিংয়ে আসেন ফার্গুসন। কিউই পেসারের করা প্রথম বলেই ড্রাইভ করতে গিয়ে প্রথম স্লিপে ক্যাচ দেন আসাদ ভালা। টানা দুই ওভার মেডেন নিলেও উইলিয়ামসন বোলিং থেকে সরিয়ে নেন ফার্গুসনকে।

    দ্বিতীয় স্পেলে ১১তম ওভারে আবারও আক্রমণে আসেন ফার্গুসন। এবার দ্বিতীয় বলে চার্লস আমিনিকে এলবিডব্লু করে দেন। ফার্গুসন উইকেট নেন ১৪তম ওভারের দ্বিতীয় বলেও, এবার বোল্ড চ্যাড সোপার।

    ম্যাচ শেষে ফার্গুসন বলেন, ‘ব্যাটিংয়ের জন্য কঠিন উইকেট। তবে এমন উইকেটে বোলিং করা আনন্দের। উচ্চাশা নিয়ে এসে আজই বিদায় নেওয়া হতাশার। তবে এটাই খেলা। খুব বেশি টি-টোয়েন্টি ম্যাচে আমি পুরোটা সময় সিম-আপ বোলিং করিনি। উইকেটে সহায়তা ছিল। সুইংও হচ্ছিল।’

    ৪ ওভারে ৪ মেডেন, আন্তর্জাতিক টি–টোয়েন্টি প্রথম এমনটা দেখে ২০২১ সালে। কানাডার বাঁহাতি স্পেনার সাদ বিন জাফর কুলিজে পানামার বিপক্ষে ৪ ওভারে কোনো রান না দিয়ে নিয়েছিলেন ২ উইকেট।

  • সুপার এইটে বাংলাদেশের প্রথম খেলা ২১ জুন

    সুপার এইটে বাংলাদেশের প্রথম খেলা ২১ জুন

    www.HelloBangla.News – খেলাধুলা – ১৮ জুন, ২০২৪: সুপার এইটে প্রতিটি দল যোগ্যতাসম্পন্ন। ডি গ্রুপ থেকে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা সুপার এইটে গেলেও টুরর্নামেন্টে খুব একটা যোগ্য দল হিসেবে খেলতে পারেনি। বিশেষ ভাবে দক্ষিণ আফ্রিকাকে প্রতি টুর্নামেন্টে সম্ভাব্য চ্যাম্পিয়ন হিসেবে ভাবা হয়। কিন্তু এবার দলটির ব্যাটিং লাইন খুব নড়বড়ে। বাংলাদেশের ঠিক একই অবস্থা।তার পরেও আশার কথা সাকিব ফর্মে ফিরেছেন। এদিকে সুপার এইটে বাংলাদেশ প্রতিপক্ষ ভারত, অস্ট্রেলিয়া ও আফগানিস্তান। দলগুলো প্রতিটি দিকে শক্তিশালী। তাই বাংলাদেশ যদি ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং এ  সর্বচ্চটা দিতে না পারে তাহলে বাংলাদেশ হতাশ করবে সমর্থকদের। তবে বোলার হিসেবে মোস্তাফিজ প্রতিদিন অসাধারণ বোলিং করছেন। এই ধারাবাহিকতা বজায় রাখেতে পারলে বাংলাদেশ যে কোন প্রতিপক্ষকে হারাতে পারে।

    গ্রুপ পর্বে চার ম্যাচের মধ্যে তিনটিতেই জিতেছে বাংলাদেশ।যেটি হেরেছে, সেটিও মাত্র ৪ রানে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। ‘ডি’ গ্রুপে দক্ষিণ আফ্রিকা চার ম্যাচের সবকটি জিতে এক নম্বরে। বাংলাদেশ শেষ করেছে দুইয়ে থেকে।

    এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটের সাত দল চূড়ান্ত হয়ে গিয়েছিল আগেই। বাকি ছিল শুধু বাংলাদেশ। শেষ দল হিসেবে সুপার এইটে উঠেছে নাজমুল হোসেন শান্তর দল।

    সুপার এইটে বাংলাদেশ পড়েছে কঠিন গ্রুপে। তাদের তিন প্রতিপক্ষ ভারত, অস্ট্রেলিয়া এবং আফগানিস্তান।

    সূচিও বেশ কঠিন। অস্ট্রেলিয়া এবং ভারতের মতো শক্তিশালী দুই দলের বিপক্ষে টানা দুই দিন (২১ এবং ২২ জুন) ম্যাচ খেলতে হবে বাংলাদেশকে। এরপর দুদিন বিরতি পাবে টাইগাররা। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ ২৫ জুন।

    গ্রুপ-১: ভারত, অস্ট্রেলিয়া, আফগানিস্তান, বাংলাদেশ

    গ্রুপ-২: যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা।

    বাংলাদেশের ম্যাচের সূচি

    ২১ জুন-বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া (নর্থ সাউন্ড)

    ২২ জুন-বাংলাদেশ বনাম ভারত (নর্থ সাউন্ড)

    ২৫ জুন-বাংলাদেশ বনাম আফগানিস্তান (কিংসটাউন)

  • ঈদের দিন গ্রুপ পর্বের শেষ খেলায় ২১ রানে জিতেছে বাংলাদেশ

    ঈদের দিন গ্রুপ পর্বের শেষ খেলায় ২১ রানে জিতেছে বাংলাদেশ

    www.HelloBangla.News – খেলাধুলা – ১৭ জুন, ২০২৪: ঈদুল আজহার দিন দেশবাসীর আনন্দ আরো বাড়িয়ে দিলো বাংলাদেশ ক্রিকেট দল। ২১ রানে নেপালকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে ‘ডি’ গ্রুপ থেকে দক্ষিণ আফ্রিকার পর সুপার এইটে গেল বাংলাদেশ।বাংলাদেশের বোলাররা রয়েছে দারুন ছন্দে। শেষ দুই ওভারে জেতার জন্য যখন প্রয়োজন ২২ রান তখন ১৯ তম ওভারে মোস্তাফিজুর কোন রান না দিয়ে নিয়েছেন এক উইকেট। ২০ তম ওভারের প্রথম দুই বলে সাকিব নিয়েছে ২ উইকেট। ফলে আজ সোমবার (১৭ জুন) ভোর সাড়ে ৫টায় আর্নস ভ্যালে স্টেডিয়ামে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ১০৬ রানের পুঁজি নিয়েও নেপালকে ২১ রানে হারিয়েছে টাইগাররা।

    নেপালের টপ অর্ডার গুঁড়িয়ে দেওয়ার নায়ক তানজিম। ডানহাতি এই পেসারকে দিয়ে ৪ ওভারের টানা স্পেল করান বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তানজিমও তাকে হতাশ করেননি। ২ মেডেনসহ স্রেফ ৭ রান দিয়ে ৪ উইকেট তুলে নেন তিনি।

    নেপালকে আটকাতে হলে শুরু থেকেই চাপ সৃষ্টি করতে হতো। যদিও প্রথম দুই ওভারে কোনো উইকেট পায়নি। তবে তৃতীয় ওভারে জোড়া আঘাত হানেন তানজিম হাসান সাকিব। দ্বিতীয় বলে কুশল ভুর্তলকে ফুলটস ডেলিভারিতে বোল্ড করেন ডানহাতি এই পেসার। তার চতুর্থ বলটি মিডঅফের ওপর দিয়ে পাঠাতে চেয়েছিলেন অনিল শাহ। কিন্তু ধরা পড়েন নাজমুল হোসেন শান্তর হাতে। ডাবল উইকেটের ওভারটি তানজিম শেষ করেন মেডেন দিয়ে।

    চতুর্থ ওভারে অবশ্য খরুচে ছিলেন তাসকিন। ১১ রান খরচ করেন তিনি। তবে পঞ্চম ওভারে এসে নেপালের অধিনায়ক রোহিত পৌড়েলের উইকেট তুলে নেন তানজিম। তানজিমের বলে পয়েন্টে থাকা রিশাদের হাতে ক্যাচ দিয়ে ফেরেন ১ রান করা রোহিত।

    পাওয়ার প্লের শেষ ওভারে আসিফ শেখকে ফেরান মোস্তাফিজুর রহমান। আর নিজের শেষ ওভারের শেষ বলে সন্দ্বীপ জরাকে শিকার করেন তানজিম। রোহিতের মতো সন্দ্বীপও ধরা পড়েন পয়েন্টে থাকা রিশাদের হাতে।

    বিপর্যয়ে থাকা নেপালের এরপর হাল ধরেন কুশল মল্লা ও দীপেন্দ্র সিং ঐরী। মাটি কামড়ে পড়ে থেকে পঞ্চম উইকেটে ৫২ রানের জুটিও গড়ে ফেলেন তারা। সেই জুটি ভাঙে শান্তর হাতে এসে। ১৭তম ওভারে মোস্তাফিজের বলে মল্লার (২৭) দারুণ এক ক্যাচ নেন তিনি। পরের ওভারে গুলশান ঝাকে ফেরান তাসকিন। ১৯তম ওভারে এসে কোনো রানই দেননি মোস্তাফিজ। একইসঙ্গে শেষ বলে শিকার করেন ২৫ রান করা দীপেন্দ্রর উইকেট। ৪ ওভারে ১ মেডেনসহ ৭ রান খরচে ২ উইকেট নেন বাঁহাতি এই পেসার। শেষ ওভারে এসে প্রথম দুই বলেই দুই উইকেট নেপালের ৮৫ রানে ইনিংসের ইতি ঘটান সাকিব।

    ডি গ্রুপ থেকে এর আগে সুপার এইট নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকা। তাদের সঙ্গী হতে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। সম্পাল কামির বাউন্সার ডাউন দ্য উইকেটে এসে পুল করতে যান তানজিদ হাসান তামিম। কিন্তু টাইমিং ঠিকঠাক হয়নি, বোলারের কাছেই ক্যাচ দেন তিনি। প্রথম ওভার থেকে আসে স্রেফ ৩ রান।

    দ্বিতীয় ওভারেও উইকেট হারায় বাংলাদেশ। এবার বোল্ড হয়ে যান অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। দীপেন্দ্র সিংয়ের বলে আউট হওয়ার আগে ৫ বলে ৪ রান করেন তিনি।

    মাঝে দুই ওভার বাদ দিয়ে আবার উইকেট এনে দেন সম্পাল। নিজের তৃতীয় ওভারে এসে লিটন দাসকে ফেরান তিনি। তার বলে পুল করতে গিয়ে আসিফ শেখের হাতে ক্যাচ দেন লিটন। ১২ বলে ১০ রান করে সাজঘরে ফেরেন তিনি।

    পাওয়ার প্লের আগেই তাওহীদ হৃদয়কেও হারিয়ে ফেলে বাংলাদেশ। রোহিত পোডেলকে সুইপ করতে গেলে বল বাতাসে ভেসে যায়। হৃদয়ের দুর্দান্ত এক ক্যাচ নেন সন্দীপ লামিচানে। ৭ বলে ৯ রান করে আউট হন হৃদয়।

    পাওয়ার প্লেতে মাহমুদউল্লাহ রিয়াদের সঙ্গে সাকিব আল হাসানের জুটিটিই ছিল বাংলাদেশের জন্য বড় ভরসা। দুজন মিলে দলকে দিচ্ছিলেন ভালো কিছুর বার্তাও। কিন্তু হুট করেই ফের ঘটে ছন্দপতন!

    কিন্তু ২০ বলে দুজনের ২২ রানের জুটি ভাঙে হতাশার রান আউটে। সাকিব আল হাসান ফুলটস বল পাঠিয়েছিলেন এক্সট্রা কাভারে। দৌড়ও শুরু করেছিলেন, কিন্তু হঠাৎ তার মনে হয় বলের কাছাকাছি আছেন ফিল্ডার। সাকিব ফেরত পাঠান মাহমুদউল্লাহ রিয়াদকে। কিন্তু তিনি ফেরার আগেই নন স্ট্রাইক প্রান্তের স্টাম্প ভাঙে। ১৩ বলে ১৩ রান করে সাজঘরে ফেরত যান রিয়াদ।

    তার আউট হওয়ার পর মাথায় হাত দিয়ে হতাশায় বসে পড়েন সাকিব। কিন্তু এরপর নিজেও দায়িত্ব নিয়ে ইনিংস টানতে পারেননি। রোহিত পোডেলের বলে এলবিডব্লিউ হওয়ার আগে ২২ বলে ১৭ রান করেন সাকিব। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি তিনি।

    ১৪তম ওভারের প্রথম বলে সন্দীপ লামিচানে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন তানজিম হাসান সাকিবকে। রিভিউ নিয়ে ওই বলে বেঁচে যান তিনি। কিন্তু পরের বলে আরও এক গুগলিতে বোল্ড হয়ে যান ৫ বলে ৩ রান করে।

    এরপর বাংলাদেশের জন্য শেষ ভরসা ছিলেন জাকের আলি। অনেকগুলো বলও খেলেছিলেন তিনি। কিন্তু জাকেরও লামিচানের গুগলি না বুঝতে পেরে বোল্ড হয়ে যান। ২৬ বল খেলে ১২ রান করে সাজঘরে ফেরেন তিনি।

    তার বিদায়ের পর রিশাদ একটু আশা জাগিয়েছিলেন। কুশল ব্রুথালকে ১৭তম ওভারের প্রথম বলে ছক্কা ও দ্বিতীয়টিতে চার হাঁকান তিনি। ওই ওভার থেকে আসে ১৩ রান। কিন্তু পরের ওভারের প্রথম বলেই লং অফে ক্যাচ দেন রিশাদ।

    বাংলাদেশের একশ রানের আশাও তখন মনে হচ্ছিল দূরের কল্পনা। তবে শেষ উইকেট জুটিতে মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ ১৪ বলে ১৮ রান করলে একশ ছাড়াতে পারে বাংলাদেশ। ‍তৃতীয় বলে মোস্তাফিজ রান আউট হলে জুটি ভাঙে। ১৫ বলে ১২ রান করে অপরাজিত থাকেন তাসকিন। নেপালের হয়ে দুই উইকেট করে নেন সম্পাল, লামিচানে, রোহিত ও দীপেন্দ্র।

    ব্যাটারদের ব্যর্থতাকে ঢেকে দিয়ে শেষ পর্যন্ত আলো ছড়ালেন বোলাররা। যার ফলে প্রথম আসরের পর আবারও টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে খেলার সুযোগ পেল বাংলাদেশ। ঈদের দিনে এমন বাড়তি আনন্দই তো চেয়েছিলেন সমর্থকরা।

    এই প্রথম বাংলাদেশ দল গ্রুব পর্বে চাল খেলায় তিনিটতে খেলে জয়লাভ করলো। যদিও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশ হরে ৫ রানে। দক্ষিণ আফ্রিকা নেপালকে হারায় ১ রানে।

    দিনের অপর খেলায় শ্রীলঙ্কা হারিয়েছে নেদারল্যান্ডকে

    সান্ত্বনার জয় দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ করল শ্রীলঙ্কা। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে নেদারল্যান্ডসকে ৮৩ রানের বড় ব্যবধানে হারিয়েছে তারা।

    গতকাল রাতের খেলায় জিতেছে পাকিস্তান

    গতকাল রবিবার রাতে আয়ারল্যান্ডের বিপক্ষে নিয়ম রক্ষার ম্যাচ খেলেছে পাকিস্তান। এই ম্যাচে ১০৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৭ বল বাকি থাকতে আইরিশদের ৩ উইকেটে হারিয়েছে তারা। এতে সান্ত্বনার জয় দিয়ে বিশ্বকাপ মিশন শেষ করেছে বাবর আজমরা।

    আজ নিউজিল্যান্ড গ্রুপ পর্বের শেষ খেলায় অংশ নিবে পাপুয়া নিউগিনির বিপক্ষে। ত্রিনিদাদে খেলাটি অনুষ্ঠিত হবে রাত ৮টা ৩০ মিনিটে।

  • অস্ট্রেলিয়া ৫ উইকেটে হারিয়েছে স্কটল্যান্ডকে

    অস্ট্রেলিয়া ৫ উইকেটে হারিয়েছে স্কটল্যান্ডকে

    www.HelloBangla.News – খেলাধুলা – ১৬ জুন, ২০২৪: টি-টোয়েন্টি বিশ্বকাপ ‘বি’ গ্রুপের সমীকরণ ঠিক এভাবেই দাঁড়িয়ে গিয়েছিল যে আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে স্কটল্যান্ড জিতলে পয়েন্ট তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকতো। ফলে ইংল্যান্ডকে এই গ্রুপ থেকে বিদায় নিতে হতো। জয়ের লক্ষ্যে খেলতে নেমে নির্ধারিত ২০ ওভারে স্কটল্যান্ড করে ১৮০ রান। এক বল বাকি থাকতেই ৫ উইকেটে জয় তুলে নেয় অস্ট্রেলিয়া। স্কটল্যান্ড ও ইংল্যান্ডের সমান পয়েন্ট হলেও ভালো রানরেটের কারণে বি গ্রুপে অস্ট্রেরিয়ার সঙ্গে সুপার এইটে খেলবে ইংলিশরা।

    বাংলাদেশ সময় রবিবার (১৬ জুন) সকালে গ্রস আইলেটে শুরু হওয়া ম্যাচে স্কটল্যান্ড ৫ উইকেটে ১৮০ রান করেছিল। স্কটল্যান্ডের বড় সংগ্রহে বড় অবদান রেখেছেন ব্রান্ডন ম্যাকমুলেন। ৬০ রান করেন তিনি। তার সঙ্গে অধিনায়ক রিচি বেরিংটন ও ওপেনার জর্জ মুনসেও দারুণ ব্যাটিং করেছেন। বেরিংটন ৩১ বলে ৪২ রান করেছেন। অন্যদিকে মুনসে ২৩ বলে করেন ৩৫ রান। অস্ট্রেলিয়ার সফল বোলার ছিলেন গ্লেন ম্যাক্সওয়েল। ৪ ওভারে ৪৪ রানে দুই উইকেট নেন তিনি।

    জবাবে ইনিংসের শুরুতে নাজুক অবস্থায় পড়েছিল অস্ট্রেলিয়া। ৬০ রান করতে ৩ উইকেট হারিয়েছিল তারা। এ অবস্থায় বিধ্বংসী ব্যাটি করেন মার্কাস স্টয়নিস। একের পর এক বলকে সীমানা ছাড়া করে মাত্র ২৯ বলে ৫৯ রান করেন। ৯টি বাউন্ডারির পাশাপাশি দুটো ওভার বাউন্ডারিতে সাজানো ছিল তার ইনিংসটি।

    অস্ট্রেলিয়ার এ জয়ে অবদান কম নয় ওপেনার ট্রাভিস হেডের। ৪৯ বলে ৬৮ রান করেছেন তিনি। পাঁচটি বাউন্ডারির পাশাপাশি চারটি ওভার বাউন্ডারিতে সাজানো ছিল তার ইনিংসটি। স্টয়নিসের সঙ্গে চতুর্থ উইকেটে ৮০ রানের জুটি গড়েন তিনি। ৭.২ ওভারে এই রান করেন তারা। তাদের বিদায়ের পর বাকি কাজটুকু সারেন টিম ডেভিড। ১৪ বলে ২৪ রান করেন তিনি।

    এ জয়ের ফলে ‘বি’ গ্রুপ থেকে শতভাগ জয় নিয়ে অস্ট্রেলিয়া গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে। ইংল্যান্ড ও স্কটল্যান্ড উভয়ের পয়েন্ট ৫। তবে রানরেটে সুবিধাজনক অবস্থায় থেকে অস্ট্রেলিয়ার সঙ্গী হয়েছে ইংল্যান্ড।

    মধ্য রাতের খেলায় জিতেছে ইংল্যান্ড

    শনিবার দিবাগত মধ্যরাতে নর্থ সাউন্ডে বৃষ্টি আইনে নামিবিয়াকে ৪১ রানে হারিয়েছে ইংল্যান্ডকে। ১০ ওভারে নেমে আসা ম্যাচে ৫ উইকেট হারিয়ে ১২২ রান করে ইংল্যান্ড। ওই রান তাড়া করতে নেমে ৩ উইকেটে ৮৪ রানের বেশি করতে পারেনি নামিবিয়া।

    আজকের খেলা

    আজ ফ্লোরিডায় রাত ৮টা ৩০মিনিটে নিয়ম রক্ষার ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তান ও আয়ারল্যান্ড। এই দুই দল ইতিমধ্যে ‘এ’ গ্রুপ থেকে সুপার এইটে খেলার যোগ্যাতা হারিয়েছে। এই গ্রুপ থেকে সুপার এইটে খেলবে ভারত ও যুক্তরাষ্ট্র।

  • ইউরো কাপের প্রথম ম্যাচে জার্মানি ৫-১ গোলে হারিয়েছে স্কটল্যান্ডকে

    ইউরো কাপের প্রথম ম্যাচে জার্মানি ৫-১ গোলে হারিয়েছে স্কটল্যান্ডকে

    www.HelloBangla.News – খেলাধুলা – ১৫ জুন, ২০২৪: সাম্প্রতিক সময়টা জার্মানির জন্য খুব একটা ভালো যাচ্ছিলনা। গত কয়েক বিশ্বকাপে তো গ্রুপপর্বই পার হতে পারেনি তারা। এবারেও ইউরোতে তারা কাই হার্ভাটজকেই রেখেছে মূল স্ট্রাইকারের ভূমিকায়, যিনি মূলত একজন অ্যাটাকিং মিডফিল্ডার।এতেই সফল হয়েছে জার্মান দল।ইউরো কাপের প্রথম ম্যাচে গোল উৎসব করেছে স্বাগতিক জার্মানি। শুক্রবার রাতে অনুষ্ঠিত উদ্বোধনী ম্যাচে তারা স্কটল্যান্ডকে ৫-১ গোলের বড় ব্যবধানে হারিয়েছে। ফ্লোরিন উইটজ, জামাল মুসিয়ালা, কাই হাভার্টজ, নিকলাস ফোক্রুগ ও এমরি ক্যান জার্মানির হয়ে গোল করেন।

    স্কটল্যান্ডের বিপক্ষে এ ম্যাচ নিয়ে কম আতঙ্কিত ছিল না জার্মানরা। অতীত ইতিহাস এ ম্যাচের আগে জার্মানদের আতঙ্কিত করে তুলেছিল। ২০১৮ ও ২০২২ সালের বিশ্বকাপ এবং ২০২০ সালের ইউরো চ্যাম্পিয়নশিপের স্মৃতি এখনো উজ্জ্বল জার্মানদের। এ তিন আসরে নিজেদের প্রথম ম্যাচে মাথা নিচু করে মাঠ ছাড়তে হয়েছিল। তিন আসরের উদ্বোধনী ম্যাচে হেরেছিল তারা। ফলে এ ম্যাচ নিয়ে উদ্বেগের শেষ ছিল না। কিন্তু মাত্র ২০ মিনিটের মধ্যে আতঙ্কের পরিবর্তে জার্মান শিবিরে আনন্দ স্থান করে নেয়। ২০ মিনিটের মধ্যে তারা দুই গোলে এগিয়ে যায়। ফ্লোরিন উইটজ দশ মিনিটের সময় এবং জামাল মুসিয়ালা ১৯ মিনিটে গোল করেন।

    এদিকে প্রথমার্ধের শেষভাগে জার্মানদের স্বস্তি আরো বাড়িয়ে দেয় একটা লাল কার্ড। ৪৪ মিনিটে স্কটিশ খেলোয়াড় রায়ান পোর্টেয়স লাল কার্ড দেখে মাঠ ছাড়লে জার্মানদের জন্য গোল করা আরো সহজ হয়ে যায়। দ্বিতীয়ার্ধে আরো দুই গোল পায় তারা। ৫-১ গোলে জয়ের ফলে ইউরোর ইতিহাসে জার্মানি তাদের সবচেয়ে বড় জয়টি পায়।

    ম্যাচের শেষ সময়ে স্কটল্যান্ড একটা গোল পায়। যদিও সেটা ছিলো আত্মঘাতি গোল।

    জার্মানি পরবর্তী ম্যাচে হাঙ্গেরির মুখোমুখি হবে। এ ম্যাচটি বুধবার মাঠে গড়াবে। গ্রুপ ‘এ’তে থাকা স্বাগতিক জার্মানি গ্রুপের শেষ ম্যাচে সুইজারল্যান্ডের মুখোমুখি হবে।