শেখ রাসেলের ৬০তম জন্মদিনে তার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

শেখ রাসেলের জন্মদিনে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা - জাতীয় - ১৮ অক্টোবর ২০২৩
শেখ রাসেলের জন্মদিনে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা - জাতীয় - ১৮ অক্টোবর ২০২৩

www.HelloBangla.News – জাতীয় – ১৮ অক্টোবর, ২০২৩:  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শেখ রাসেলের ৬০তম জন্মদিনে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা।

আজ বুধবার (১৮ অক্টোবর) সকাল ৭টায় ১০ মিনিটে রাজধানীর বনানী কবরস্থানে শেখ রাসেলসহ ১৫ আগস্টে নিহত শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী। এসময় তার সঙ্গে ছিলেন ছোট বোন শেখ রেহানা।

এ সময়  কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে শহিদদের স্মরণ করেন দুই বোন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোটভাই শেখ রাসেল ১৯৬৪ সালের এই দিনে ধানমন্ডির ঐতিহাসিক স্মৃতি-বিজড়িত বঙ্গবন্ধু ভবনে জন্মগ্রহণ করেন।

১৯৭৫ সালের ১৫ আগস্ট মানবতার শত্রু ঘৃণ্য ঘাতকদের নির্মম বুলেট থেকে রক্ষা পাননি শিশু শেখ রাসেল। বঙ্গবন্ধুর সঙ্গে নরপিশাচরা নির্মমভাবে তাকেও হত্যা করেছিল। তিনি ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র ছিলেন।

শিশু রাসেলের জীবন সম্পর্কে শিশু-কিশোরদের কাছে তুলে ধরতে তার জন্মদিনকে ‘শেখ রাসেল দিবস’ হিসেবে ঘোষণা করা হয়েছে।

রাষ্ট্রীয়ভাবে তৃতীয়বারের মতো ‘শেখ রাসেল দিবস ২০২৩’ পালনের প্রতিপাদ্য ‘শেখ রাসেল দীপ্তিময়, নির্ভীক নির্মল দুর্জয়’।

দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাণী দিয়েছেন। আজ সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দিবসের আনুষ্ঠানিকতার উদ্বোধন করবেন এবং শেখ রাসেল পদক ও স্মার্ট বাংলাদেশ পুরস্কার দেবেন।

শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন কর্মসূচি গ্রহণ করেছে। ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগ, সহযোগী সংগঠন এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনও কর্মসূচি নিয়েছে।

 

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের উদ্যোগে দেশ ও দেশের বাইরে বাংলাদেশ দূতাবাসগুলোতে দিবসটি একযোগে পালিত হবে। গতকাল মঙ্গলবার (১৭ অক্টোবর) আইসিটি টাওয়ারে সংবাদ সম্মেলনে এ বিষয়ে জানান আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

এ ছাড়া দেশের বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে দিবসটি উপলক্ষে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, র‍্যালিসহ নানা আয়োজন করা হয়েছে।

পূর্ববর্তী বিশ্বকাপের চতুর্থ রাউন্ডের প্রথম ম্যাচে টস হেরে ব্যাটিং করছে নিউজিল্যান্ড
পরবর্তী নিষ্পাপ শিশু রাসেলকেও ১৫ আগস্টে হত্যা করা হয়েছে: তথ্যমন্ত্রী