Category: লিড নিউজ

  • তফসিল ঘোষণার পর এই সরকার নির্বাচনকালীন সরকার: আইনমন্ত্রী

    তফসিল ঘোষণার পর এই সরকার নির্বাচনকালীন সরকার: আইনমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ২৬ অক্টোবর, ২০২৩: আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন নির্বাচন কমিশন যখন তফসিল ঘোষণা করবে, তখন থেকে এই সরকার নির্বাচনকালীন সরকার ।

    আজ বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ কথা জানান।

    আগামী নভেম্বর মাঝামাঝি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

    নির্বাচনকালীন সরকারের বিষয়ে জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, যখন নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করবে, তখন থেকে এই সরকার নির্বাচনকালীন সরকার।

    বিএনপি-জামায়াত প্রতিবার নির্বাচন নষ্ট করার চেষ্টা করেছে মন্তব্য করে আইনমন্ত্রী বলেন, তত্ত্বাবধায়ক সরকারের প্রভিশন ফিরিয়ে আনার কোনো সুযোগ নেই।

    আনসারকে গ্রেপ্তারের ক্ষমতা দেওয়া হচ্ছে কি না— এ বিষয়ে প্রশ্ন করা হলে আইনমন্ত্রী বলেন, এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্টভাবে বলেছেন যে এ সব কোনো ক্ষমতা আনসারকে দেওয়া হচ্ছে না। এই আইনটা নিয়ে যেসব বিষয়ে প্রশ্ন ছিল, সেই সব ব্যাপার দেখা হয়েছে। তদন্তের কথা বলা হয়েছে, পুলিশ বাহিনীর বক্তব্যগুলো প্রাধান্য দিয়ে এই আইনটা পাস হবে।

  • বিএনপি প্রতিরোধের নামে সহিংসতা করতে চায়: সেতুমন্ত্রী

    বিএনপি প্রতিরোধের নামে সহিংসতা করতে চায়: সেতুমন্ত্রী

    www.HelloBangla.News – আন্তর্জাতিক – ২৬ অক্টোবর, ২০২৩: বিএনপি প্রতিরোধের নামে সহিংসতা করতে চায়, উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, বিএনপি ৭১ এর চেতনা ধারণ করে না। তারা ১৯৪৭ সালের দ্বিজাতিতত্ত্বের ধারণা ধারণ করে। তারা প্রতিরোধের নামে সহিংসতা করতে চায়।

    এসময় তিনি আরও জানিয়েছেন, ‘২৮ তারিখের শান্তির সমাবেশে হামলা হলে আমাদের কর্মীরাও পালটা হামলা করবে’।

    আজ বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সকালে রাজধানীর সেতু ভবনে ২৮ অক্টোবর কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল উদ্বোধনের জন্য আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

    ওবায়দুল কাদের বলেন, নির্বাচন নিয়ে চাপ কেন হবে? অবাধ, শান্তিপূর্ণ নির্বাচন হবে সেখানে চাপের কিছু নেই।

    কাদের বলেন, বাংলাদেশের রাজনীতিতে এমন ভয়, আতঙ্ক থাকেই। এর মধ্য দিয়েই দেশ এগিয়ে যাচ্ছে।

    তিনি আরও বলেন, আমরা উস্কানি দেব কেন? আমাদের তার কোনো প্রয়োজন নেই। শান্তিপূর্ণভাবে দেশটা চালাতে পারব। আজকের এই উন্নয়ন, বিরোধীরা স্বপ্নেও কখনো এমন উন্নয়ন দেখেনি। এমন উন্নয়নের কথা ভাবতেও পারেনি। তারা আন্দোলন করছে। আমরা একদিকে জনগণের জানমালের নিরাপত্তা রক্ষায় রাজপথে সতর্ক পাহারায় আছি। অন্যদিকে আমাদের উন্নয়ন কার্যক্রমক পরিচালিত হচ্ছে।

    এর আগে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের টানেল নিয়ে বিস্তারিত তুলে ধরেন। ২৮ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রামের পতেঙ্গা প্রান্তে টানেল উদ্বোধন করবেন। এরপর আনোয়ারা প্রান্তে জনসভায় অংশ নেবেন। উদ্বোধনের পরের দিন সকাল ৬টা থেকে টানেলে গাড়ি চলাচল শুরু হবে।

  • শিল্পকলার আয়োজনে আলোকচিত্র প্রতিযোগিতা

    শিল্পকলার আয়োজনে আলোকচিত্র প্রতিযোগিতা

    www.HelloBangla.News – বিনোদন – ২৬ অক্টোবর, ২০২৩: আলোকচিত্র হচ্ছে এমন এক মাধ্যম যা বস্তু, দৃশ্য বা ঘটনাকে বাস্তবসন্মতভাবে মানুষের সামনে উপস্থাপনের সুযোগ করে দেয়। তাই আলোকচিত্রের ভাষা খুব স্পষ্ট। সেই কারণে আলোকচিত্র হচ্ছে শিল্পকলার একটি বড় শাখা। আলোকচিত্রে আগ্রহীদের জন্য বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজন করেছে “জাতীয় আলোকচিত্র প্রতিযোগিতা ২০২৩”।

    কোনো মাধ্যমে ধারণ করার মতো ছবি সর্বপ্রথম তৈরি হয় ১৮১৪ সালে। অ্যারিস্টটলের সময়ে (৪০০ খ্রিস্টপূর্বাব্দ) গ্রিসে কোনো ছোট জিনিসকে বড় করে দেখার কাজে ও সূর্যের আলো কোনো বিন্দুতে ফোকাস করে আগুন ধরানোর জন্য লেন্স ব্যবহার হতো। অ্যারিস্টটল নিজেও সূর্যগ্রহণের সময় অর্ধচন্দ্রাকৃতি প্রতিবিম্ব তৈরি করতে সমর্থ হয়েছেন, যা আসলে পিনহোল ক্যামেরার মূলসূত্র। প্রায় একইসময় চীনে মো-তি নামে একজন গবেষক আলোর একই বৈশিষ্ট্য ব্যাখ্যা করেন।

    খ্রিস্টিয় দ্বিতীয় সহস্রাব্দের শুরুতে ইরাকি গবেষক ইবনে আল-হাইতাম (৯৬৫-১০৩৯ খ্রি.) কায়রোতে গৃহবন্দী থাকা অবস্থায় কিতাব আল মানাজির নামের ৭ খন্ডের একটি বই লেখেন, যেখানে তিনি আলোর ধর্ম সম্পর্কে ধারণা দেন ও আলোক রশ্মির জ্যামিতিক আচরণ ব্যাখ্যা করেন। তার এই লেখাই অপটিক লেন্স-এর বৈশিষ্ট্য ব্যাখ্যা করে। পাশাপাশি তিনি প্রথমবারের মতো ক্যামেরা অবসকিউরা যন্ত্রটি তৈরি করেন, যা পিনহোল ক্যামেরার পূর্বরূপ। ল্যাটিন ভাষায় ক্যামেরা অবসকিউরা শব্দটির অর্থ অন্ধকার প্রকোষ্ঠ। ১৬০৪ সালে জার্মান জ্যোতির্বিদ জোহানেস কেপলার প্রথম এই নামটি ব্যবহার করেন।

    ইউরোপে আলোকচিত্র স্ফুরণের প্রায় সঙ্গে সঙ্গেই ভারতীয় উপমহাদেশে, তৎকালীন বৃটিশ ইন্ডিয়ায় ফটোগ্রাফির চর্চা শুরু হয়। ১৯ শতকের বিভিন্ন সময়ে তোলা প্রাচীন ছবিগুলোর অধিকাংশই ছিল পারিবারিক পোরট্রেইট, ল্যান্ডস্কেপ, বিভিন্ন সংস্কৃতির রেকর্ড ও স্থাপত্যবিষয়ক। ১৮৬৩ সালে কোলকাতায় প্রতিষ্ঠিত হয় ‘বোর্ন অ্যান্ড শেফার্ড’ স্টুডিও। বৃটিশ ভারতের বিভিন্ন শহরে এবং বৃটিশ ভারতের বাইরে লন্ডন ও প্যারিসেও ‘বোর্ন অ্যান্ড শেফার্ড’-এর শাখা ছিল। বৃটিশ ইন্ডিয়ার প্রথমদিকে তোলা প্রামাণ্য আলোকচিত্রগুলোর অন্যতম হল  জন ফ্যালকনারের এ শিফটিং ফোকাস। বৃটিশ লাইব্রেরি থেকে প্রকাশিত এ সংকলনে ১৮৫০ থেকে ১৯০০ সাল পর্যন্ত বৃটিশ ভারতে তোলা অধিকাংশ আলোকচিত্র স্থান পেয়েছে। বলা যায় তখন তখন থেকেই আধুনিক আলোকচিত্র শিল্পের যাত্রা। বর্তমানে আধুনিক ক্যামেরা দিয়ে ছবি তোলার পাশাপাশি মোবাইলের মাধ্যমেও ছবি তোলা সম্ভব।

    শিল্পকলার এই শাখাটি সর্বজনীন করতে শুরু হতে যাচ্ছে “জাতীয় আলোকচিত্র প্রতিযোগিতা ২০২৩”। বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে চারুকলা বিভাগের ব্যবস্থাপনায় শুরু হতে যাচ্ছে জাতীয় আলোকচিত্র প্রতিযোগিতা।  প্রতিযোগিতায় আলোকচিত্র পাঠানোর সময় বাড়ানো হয়েছে ১৫ নভেম্বর পর্যন্ত। বিষয়: “উন্নয়নের বাংলাদেশ, নান্দনিক বাংলাদেশ” ক্যামেরা ও মুঠোফোনে তোলা ছবি পাঠাতে পারেন।

    প্রতিযোগিতায় অংশগ্রহণ সংক্রান্ত তথ্যাদি ও নিয়মাবলী একাডেমির চারুকলা বিভাগ থেকে এবং (www.shilpakala.gov.bd)থেকে সংগ্রহ করা যাবে। অথবা ফোন নাম্বার- ২২২৩৩৮০৬০২ অবথা মোবাইল-০১৯১৪৮৫৪৮১২ এই নাম্বারে যোগাযোগ করতে পারেন।

  • বিশ্বকাপে রেকর্ড সৃষ্টি করে জয় পেয়েছে অস্ট্রেলিয়া

    বিশ্বকাপে রেকর্ড সৃষ্টি করে জয় পেয়েছে অস্ট্রেলিয়া

    www.HelloBangla.News – খেলাধুলা – ২৬ অক্টোবর, ২০২৩: বিশ্বকাপ ক্রিকেটে বেশ কয়েটি রেকর্ডের সৃষ্টি হয়েছে। ৫ বারের বিশ্বচাম্পিয়নরা জানান দিয়েছে তারা এবারও কাপ পাওয়ার মতো যোগ্য দল।যদিও দুটি ম্যাচ হেরে তারা কিছুটা পিছিয়ে পড়েছিলো। গতকাল ওয়ানডে বিশ্বকাপ ইতিহাসে নেদারল্যান্ডসকে ৩০৯ রানের বড় ব্যবধানে হারিয়েছে রেকর্ড করেছে অস্ট্রেলিয়া । বিশ্বকাপের ইতিহাসে রান বিবেচনায় এটিই সর্ব বৃহৎ জয়। এছাড়া নিজেদের ওয়ানডে ইতিহাসে সবচেয়ে বড় জয়ের নয়া রেকর্ডও গড়লো অসিরা। ওয়ানডে ইতিহাসে রান বিবেচনায় এটি দ্বিতীয়স্থানে।

    ডেভিড ওয়ার্নার ও গ্লেন ম্যাক্সওয়েলের জোড়া সেঞ্চুরিতে ওয়ানডে বিশ্বকাপে নিজেদের পঞ্চম ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৮ উইকেটে ৩৯৯ রান করে অস্ট্রেলিয়া। ওয়ার্নার ৯৩ বলে ১০৪ রান করেন। এর পরে বিশ্বকাপে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েন ম্যাক্সওয়েল। ৪০ বলে সেঞ্চুরি পূর্ন করে ৪৪ ডেলিভারিতে ১০৬ রান করে আউট হন ম্যাক্সওয়েল। জবাবে অস্ট্রেলিয়ার বোলিং তোপে ২১ ওভারে মাত্র ৯০ রানে অলআউট হয় নেদারল্যান্ডস। স্পিনার এডাম জাম্পা ৮ রানে ৪ উইকেট নেন।

    এই জয়ে ৫ খেলায় ৬ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থস্থানে আছে অস্ট্রেলিয়া। ৫ ম্যাচ শেষে ভারত ১০, দক্ষিণ আফ্রিকা-নিউজিল্যান্ড ৮ করে পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষ তৃতীয়স্থানে আছে। এ ম্যাচ বড় ব্যবধানে হেরে যাওয়ায় রান রেটে পিছিয়ে পড়ে ৫ খেলায় ২ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে চলে গেল নেদারল্যান্ডস। এতে নবমস্থানে উঠলো বাংলাদেশ।

    দিল্লিতে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্বান্ত নেয় অস্ট্রেলিয়া। এবার দলকে ভালো সূচনা এনে দিতে পারেননি আগের ম্যাচে পাকিস্তানের বিপক্ষে উদ্বোধনী জুটিতে ২৫৯ রান করা ওয়ার্নার ও মিচেল মার্শ। চতুর্থ ওভারে দলীয় ২৮ রানে বিদায় নেন মার্শ। পাকিস্তানের বিপক্ষে ১২১ রান করা এ ব্যাটার আজ থামেন   ৯ রানে ।

    দ্বিতীয় উইকেটে স্টিভেন স্মিথের সাথে শতরানের জুটি গড়েন ওয়ার্নার। ৯টি চার ও ১টি ছক্কায় ৬৮ বলে ৭১ রান করে ২৪তম ওভারে ফিরেন স্মিথ। ওয়ার্নারের সাথে ১১৮ বলে ১৩২ রান যোগ করেন স্মিথ।

    এরপর লাবুশেনকে নিয়ে ৭৬ বলে ৮৪ রান যোগ করে দলের রান ২শ পার করেন ওয়ার্নার। ৪৭ বলে ৭টি চার ও ২টি ছক্কায় ৬২ রান করা লাবুশেন  ফেরার পর ৯১ বল খেলে ওয়ানডেতে ২২তম ও বিশ্বকাপে ষষ্ঠ সেঞ্চুরি করেন ওয়ার্নার। আগের ম্যাচে পাকিস্তানের বিপক্ষেও সেঞ্চুরি করেছিলেন তিনি। এতে অস্ট্রেলিয়ার হয়ে বিশ্বকাপে টানা দুই ম্যাচে সেঞ্চুরিতে মার্ক ওয়াহ, রিকি পন্টিং ও ম্যাথু হেইডেনের রেকর্ড স্পর্শ করেন  ওয়ার্নার।

    সেঞ্চুরির পর বেশি দূর যেতে পারেননি ওয়ার্নার। নেদারল্যান্ডসের পেসার লোগান ভ্যান বিকের শিকার হবার আগে ১১টি চার ও ৩টি ছক্কায় ৯৩ বলে ১০৪ রান করেন এই বাঁ-হাতি ব্যাটার।

    পাঁচ নম্বরে নামা জশ ইংলিশ ১৪ রানে আউট হলে ৪০তম ওভারে উইকেটে আসেন ম্যাক্সওয়েল। ঐ সময় অস্ট্রেলিয়ার রান ছিলো ৪ উইকেটে ২৬৬। ক্রিজে এসেই ব্যাট হাতে ঝড় তুলে  ২৭ বলে ওয়ানডেতে ২৪তম হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন ম্যাক্সওয়েল।

    এরপর পরের ১৩ বলে আর ৫০ রান তুলে ওয়ানডেতে তৃতীয় সেঞ্চুরি করেন ম্যাক্সওয়েল। সেই সাথে ৪০ বলে বিশ্বকাপে দ্রুততম সেঞ্চুরির মালিক হন এ অলরাউন্ডার । এতে ভেগে যায় দক্ষিণ আফ্রিকার মার্করামের রেকর্ড। এই বিশ্বকাপেই গত ৭ অক্টোবর শ্রীলংকার বিপক্ষে ৪৯ বলে সেঞ্চুরি করেছিলেন মার্করাম। ওয়ানডেতে দ্রুততম সেঞ্চুরির তালিকায় চতুর্থস্থানে জায়গা করে নেন  ম্যাক্সওয়েল।

    বিকের করা ইনিংসের শেষ ওভারের তৃতীয় বলে আউট হওয়ার আগে ৯টি চার ও ৮টি ছক্কায় ৪৪ বলে ১০৬ রান করেন তিনি। সপ্তম উইকেটে অধিনায়ক কামিন্সের সাথে ৪৪ বলে ১০৩ রান যোগ করেন  ম্যাক্সওয়েল। বিশ্বকাপে সপ্তম বা তার নীচে অস্ট্রেলিয়ার পক্ষে সর্বোচ্চ রানের জুটি এটি। শেষ পর্যন্ত ৫০ ওভারে ৮ উইকেটে ৩৯৯ রান করে অস্ট্রেলিয়া। যা বিশ্বকাকাপে নেদারল্যান্ডসের বিপক্ষে অস্ট্রলিংয়ার সর্বোচ্চ দলীয় রান সংগ্রহ। নেদারল্যান্ডসের বিক ৭৪ রানে ৪ উইকেট নেন। আরেক পেসার বাস ডি লিডে ১০ ওভারে ১১৫ রানে ২ উইকেট নেন। ওয়ানডেতে এটিই সবচেয়ে ব্যয়বহুল বোলিং ফিগার।

    জয়ের জন্য পাহাড়সম ৪০০ রানের লক্ষ্যে খেলতে নেমে ভালো শুরুর চেষ্টা করেন নেদারল্যান্ডসের দুই ওপেনার বিক্রমজিত সিং ও ম্যাক্স ও’দাউদ। ২৯ বলে ২৮ রানের সূচনা করে বিচ্ছিন্ন হন তারা। ৬ রান করা দাউদকে শিকার করেন অস্ট্রেলিয়ার পেসার মিচেল স্টার্ক।

    প্রথম উইকেট পতনের পর নিয়মিত বিরতি দিয়ে উইকেট হারাতে থাকে নেদারল্যান্ডস। অস্ট্রেলিয়ার জাম্পার স্পিন ঘুর্ণিতে নেদারল্যান্ডসের কোন ব্যাটারই বড় ইনিংস খেলতে পারেনি। ২১ ওভারে ৯০ রানে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকাকে হারানো ডাচরা। দলের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ১৪ রান করেন তেজা নিদামানুরু। অস্ট্রেলিয়ার জাম্পা ৩ ওভারে ৮ রানে ৪ উইকেট নেন। ম্যাচসেরা হয়েছেন ম্যাক্সওয়েল।

    সংক্ষিপ্ত স্কোর :

    অস্ট্রেলিয়া : ৩৯৯/৮, ৫০ ওভার (ম্যাক্সওয়েল ১০৬, ওয়ার্নার ১০৪, বিক ৪/৭৪)।

    নেদারল্যান্ডস : ৯০/১০, ২১ ওভার (বিক্রমজিত ২৫, নিদামানুরু ১৪, জাম্পা ৪/৮)।

  • টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ইংল্যান্ড

    টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ইংল্যান্ড

    www.HelloBangla.News – খেলাধুলা – ২৬ অক্টোবর, ২০২৩: বিশ্বকাপে অন্যতম ফেভারিট দুটি দল শ্রীলঙ্কা ও ইংল্যান্ড। তবে শক্তির বিচারে ইংল্যান্ড অনেক এগিয়ে থাকলেও সাম্প্রতিক পারফরম্যান্স খুব একটা ভালো নয় দলটির। বিশ্বকাপের ২৫তম ম্যাচে মুখোমুখি হয়েছে শ্রীলঙ্কা ও ইংল্যান্ড। বৃহস্পতিবার বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ইংল্যান্ড। ইতিমধ্যে দল দুটি একটি করে খেলায় জিতেছে। ইংল্যান্ড দলে ফিরেছেন মঈন আলী।

    শ্রীলঙ্কা একাদশ: পাথুম নিসাঙ্কা, কুশল পেরেরা, কুশল মেন্ডিস (অধিনায়ক), সাদিরা সামারাবিক্রমা, চরিথ আসালাঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, অ্যাঞ্জেন ম্যাথুয়েস, লাহুরু কুমারা, মহেশ থিকশানা, কাসুন রাজিথা ও দিলশান মাদুশঙ্কা।

    ইংল্যান্ড একাদশ: জনি বেয়ারেস্ট, ডেভিড মালান, জো রুট, বেন স্টোকস, জস বাটলার (অধিনায়ক, উইকেটরক্ষক), ডেভিড উইলি, লিয়াম লিভিংশন, মঈন আলী, আদিল রশিদ, ক্রিস

  • গাজায় স্থল যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন নেতানিয়াহু

    গাজায় স্থল যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন নেতানিয়াহু

    www.HelloBangla.News – আন্তর্জাতিক – ২৬ অক্টোবর, ২০২৩: ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, গাজায় স্থল যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে তার দেশ। গত ১৯ দিন ধরে ইসরায়েল বোমা হামলা চালিয়ে আসছে ফিলিস্তিনের হামাস নিয়ন্ত্রিত গাজায় । এই হামলা বন্ধে ব্যাপক আন্তর্জাতিক আহ্বান সত্ত্বেও বুধবার এক টেলিভিশন ভাষণে নেতানিয়াহু যুদ্ধের প্রস্তুতির কথা জানান।

    হামাস গত ৭ অক্টোবর ইসরায়েলে আকস্মিক বড়ো ধরনের হামলা চালায়। এই প্রেক্ষিতে নেতানিয়াহু বলেছেন, ‘ইসরায়েল এখনও শোকার্ত এবং ক্ষুব্ধ। আমরা আমাদের অস্তিত্বের জন্যে লড়াই চালিয়ে যাচ্ছি’।

    কিন্তু ইসরায়েলের অব্যাহত বোমা বর্ষণের প্রেক্ষিতে গাজায় তীব্র মানবিক সংকটের কারনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনসহ অন্যান্য বিদেশী নেতৃবৃন্দ গাজায় নিরীহ বেসামরিক নাগরিকদের রক্ষার এবং যুদ্ধের নিয়মনীতি মেনে চলার আহ্বান জানিয়েছে।

    বাইডেন বুধবার বলেছেন, তিনি ব্যক্তিগতভাবে সুপারিশ করছেন গাজায় স্থল যুদ্ধের আগে ইসরায়েলের জিম্মিদের বের করে আনতে হবে।

    তিনি বলেন, এটা তাদের সিদ্ধান্ত। কিন্তু আমি তা চাচ্ছি না।

    এদিকে বাইডেন ইসরায়েলের প্রতিরক্ষার জন্যে আরো অর্থ বরাদ্দে কংগ্রেসের প্রতি আহ্বান জানিয়েছেন।

    ফরাসী প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ সতর্ক করে বলেছেন, বড়ো ধরনের হামলার কারণে বেসামরিক নাগরিকদের ঝুঁকি আরো বাড়বে যা হবে মারাত্বক ভুল।

    কিন্তু হামাসের ওপর নারকীয় গোলাবর্ষণ এবং হাজার হাজার যোদ্ধাকে হত্যার কারণে নেতানিয়াহু বলেছেন, হামাসকে নির্মূলে এবং বন্দীদের ফিরিয়ে আনতে কখন স্থল যুদ্ধ শুরু করা হবে তা তার যুদ্ধকালীন মন্ত্রিসভা এবং সামরিক বাহিনী নির্ধারণ করবে।

    তিনি বলেন, কখন কীভাবে স্থল অভিযান শুরু হবে তা আমি বলব না।

    এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, গাজায় ইসরায়েলের বোমা বর্ষণে ছয় হাজার পাঁচশ’ ফিলিস্তিনি নিহত হয়েছে। এদের মধ্যে দুই হাজারেরও বেশি নারী ও শিশু রয়েছে। আহত হয়েছে শিশুসহ কয়েক হাজার মানুষ।

  • গ্লোবাল গেটওয়ে ফোরামে যোগ দিতে ব্রাসেলসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    গ্লোবাল গেটওয়ে ফোরামে যোগ দিতে ব্রাসেলসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ২৫ অক্টোবর, ২০২৩: বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্লোবাল গেটওয়ে ফোরামে যোগ দিতে ব্রাসেলসে পৌঁছেছেন । ইউরোপীয় কমিশন (ইসি) প্রেসিডেন্ট উরসুলা ভন ডের লেইন এর আমন্ত্রণে ২৫-২৬ অক্টোবর বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে অনুষ্ঠিতব্য “গ্লোবাল গেটওয়ে ফোরামে” যোগ দিতে সেখানে গেছেন প্রধানমন্ত্রী।

    প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইট (বিজি ২০৭) আজ (ব্রাসেলস সময়) ৬টা ৩০মিনিটে বেলজিয়ামের ব্রাসেলস জাভেনটেম বিমানবন্দরে, অবতরণ করে।

    বেলজিয়ামে বাংলাদেশের রাষ্ট্রদূত মাহবুব হাসান সালেহ বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। ব্রাসেলস যাওয়ার পথে প্রধানমন্ত্রী ফ্লাইটের প্রতিটি প্রান্তে ঘুরেন এবং যাত্রী ও বিমানের ক্রুদের সঙ্গে কুশল বিনিময় করেন।

    ফ্লাইটে ঘোরাঘুরির সময় তিনি এক বছরের শিশু ইয়াসিনকে কোলে নেন এবং তার সাথে কিছু সময় কাটান। এক পর্যায়ে শিশুটি তার (প্রধানমন্ত্রীর) চশমা কেড়ে নেয়।

    অনেক যাত্রীকে ছবি ও সেলফি তুলতে দেখা গেছে, মহিলারা প্রধানমন্ত্রীর সাথে আলিঙ্গন করেন। এর আগে ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গতকাল সকাল ৯টায় ছেড়ে যায়।

    সফরকালে প্রধানমন্ত্রী ফোরামের সাইডলাইনে ইউরোপীয় দেশগুলোর নেতাদের সঙ্গে বেশ কয়েকটি বৈঠক করবেন।

    ২৫ অক্টোবর সকালে, তিনি ইসির নির্বাহী ভাইস প্রেসিডেন্ট এবং ইউরোপীয় বাণিজ্য কমিশনার ভালদিস ডোমব্রোভস্কিসের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করবেন।

    পরে বাংলাদেশের প্রধানমন্ত্রী ইসি প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লেয়েনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন।

    এই দ্বিপাক্ষিক বৈঠকের পর বাংলাদেশ সরকারের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) এবং ইউরোপীয় বিনিয়োগ ব্যাংকের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি খাতে ৩৫০ মিলিয়ন ইউরোর একটি ঋণ সহায়তা চুক্তি স্বাক্ষরিত হবে।

    ইউরোপীয় কমিশন এবং ইউরোপীয় বিনিয়োগ ব্যাংকের মধ্যে বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে ৪৫ মিলিয়ন ইউরোর একটি অনুদান চুক্তি স্বাক্ষরিত হবে।

    বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বাংলাদেশ সরকার এবং ইউরোপীয় কমিশনের মধ্যে একটি ১২ মিলিয়ন ইউরো অনুদান চুক্তিও স্বাক্ষরিত হবে। এই সফরে বাংলাদেশ সরকার এবং ইউরোপীয় কমিশন বাংলাদেশের সামাজিক খাতে ৭০ মিলিয়ন ইউরোর পাঁচটি বিভিন্ন অনুদান চুক্তি স্বাক্ষর করবে।

    একই দিনে শেখ হাসিনা গ্লোবাল গেটওয়ে ফোরামের উদ্বোধনী পূর্ণাঙ্গ অধিবেশনে যোগ দেবেন এবং ভাষণ দেবেন।

    বিকেলে ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংকের প্রেসিডেন্ট ড. ওয়ার্নার হোয়ার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করবেন।

    ইসি কমিশনার ফর ক্রাইসিস ম্যানেজমেন্ট জেনেজ লেনারসিক এবং ইসি কমিশনার ফর ইন্টারন্যাশনাল পার্টনারশিপ জুটা উরপিলাইনেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

    সন্ধ্যায় প্রধানমন্ত্রী গ্লোবাল গেটওয়ে ফোরামে অংশগ্রহণকারী রাষ্ট্র ও সরকার প্রধানদের সম্মানে উরসুলা ভন ডের লেয়েনের দেয়া নৈশভোজে যোগ দেবেন।

    ২৬ অক্টোবর, তিনি তার বেলজিয়ামের প্রতিপক্ষ আলেকজান্ডার ডি ক্রুর সাথে একটি দ্বিপাক্ষিক বৈঠক করবেন।

    প্রধানমন্ত্রী লুক্সেমবার্গের প্রধানমন্ত্রী জেভিয়ার বেটেলের সঙ্গেও দ্বিপাক্ষিক বৈঠক করবেন। একই দিন বিকেলে শেখ হাসিনা বেলজিয়ামে বসবাসরত বাংলাদেশী প্রবাসীদের দেয়া সংবর্ধনায় যোগ দেবেন। টিভি চ্যানেল ইউরোনিউজ এবং পোলিটিকো বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাক্ষাৎকার নেবে।

    আগামী ২৭ অক্টোবর প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।

    সূত্র: বাসস

  • সাবেক যোগাযোগমন্ত্রী আবুল হোসেনের মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক

    সাবেক যোগাযোগমন্ত্রী আবুল হোসেনের মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক

    www.HelloBangla.News – জাতীয় – ২৫ অক্টোবর, ২০২৩: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ।

    আজ বুধবার (২৫ অক্টোবর) আলাদা বার্তায় তারা শোক প্রকাশ করেন।

    রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী শোক বার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

    শোকবার্তায় তারা বলেন, আবুল হোসেনের মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগ এক নিবেদিতপ্রাণ নেতাকে হারালো। নিজের কর্মকাণ্ডের মধ্য দিয়ে তিনি আমাদের মাঝে স্মরণীয় হয়ে থাকবেন।

    মঙ্গলবার (২৪ অক্টোবর) দিবাগত রাত ২টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

    মৃত্যুকালে তিনি স্ত্রী খাজা নার্গিস ও দুই মেয়ে রেখে গেছেন। তার মৃত্যুর পর তার নির্বাচনী এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

    তিনি মাদারীপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও যোগাযোগমন্ত্রী এবং আওয়ামী লীগের সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ছিলেন।

    জানা যায়, সৈয়দ আবুল হোসেন ১৯৫১ সালে মাদারীপুর জেলার ডাসার উপজেলার ডাসার ইউনিয়নের বেতগ্রামে জন্মগ্রহণ করেন। তিনি পেশায় একজন রাজনীতিবিদ ও ব্যবসায়ী। সৈয়দ আবুল হোসেন বাংলাদেশ আওয়ামী লীগের হয়ে মাদারীপুর-৩ আসন থেকে ১৯৯১ সালে পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর তিনি সপ্তম, অষ্টম ও নবম সংসদ নির্বাচনে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকারের এলজিইডি প্রতিমন্ত্রী ছিলেন। এবং ২০০৯ থেকে ২০১২ পর্যন্ত আওয়ামী লীগ সরকারের যোগাযোগমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি।

  • বিএনপি শান্তিপূর্ণভাবে অবস্থান করলে আমাদের কিছুই বলার নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

    বিএনপি শান্তিপূর্ণভাবে অবস্থান করলে আমাদের কিছুই বলার নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ২৫ অক্টোবর, ২০২৩: বিএনপির ২৮ তারিখের মহাসমাবেশ যদি শান্তিপূর্ণভাবে নির্দিষ্ট স্থানে অবস্থান করে তাহলে আমরা কোনো বাধা দেব না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তিনি বলেন, আমরা ঢাকা রাস্তাঘাট কেন বন্ধ করব? ঢাকায় মানুষ চাকরি-বাকরি এবং ব্যবসার কাজে আসে। আমরা ঢাকার কোনো রাস্তা বন্ধ করব না। বিএনপি যদি শান্তিপূর্ণভাবে নির্দিষ্ট স্থানে অবস্থান করে চলে যায়, তাহলে আমাদের কিছুই বলার নেই। আমরা কোনো বাধা দেব না।

    আজ বুধবার (২৫ অক্টোবর) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আসন্ন বিজয় দিবস উপলক্ষে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা কমিটির সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

    স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের দেশে অনেক দল ও মত রয়েছে। জামায়াতে ইসলামী এর আগেও কয়েক জায়গায় আলোচনা করেছে। আমাদের দেশের নিয়ম-কানুন মেনে, দেশের আইনশৃঙ্খলা বাহিনীর নির্দেশনা মেনে, যে কেউ যেকোনো কথা বলতে পারেন। এটা গণতান্ত্রিক দেশ, এখানে গণতান্ত্রিক চর্চা রয়েছে। দেশের আইন কানুনের মধ্যে থেকে তাদের এসব করতে হবে।

    তিনি আরও বলেন, ‘বিএনপি সমাবেশের অনুমতি চেয়ে আবেদন কিভাবে করেছেন, তা পুলিশ কমিশনার জানেন। তারা এতো লোক, সারা বাংলাদেশের যারা বিএনপি করে—তাদের সবাইকে ঢাকায় আনবেন। কোথায় তাদের সমাবেশের অনুমতি দিলে ভালো হবে। এছাড়া এতো লোক ঢাকায় এলে একটা অন্য ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে। এ জন্য তাদের কোথায় সমাবেশ করতে দেওয়া হবে এটা পুলিশ কমিশনার বুঝবেন। সেইভাবে তিনি সিদ্ধান্ত নেবেন।’

    সরকারের পতনের দাবিতে ২৮ অক্টেবর সমাবেশ হচ্ছে। এতে আইনশৃঙ্খলার অবনতি হওয়ার শঙ্কা আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘সরকার এমন কিছু না, যে ধাক্কা দিলেই পরে যাবে। এটা গণতান্ত্রিক সরকার, কাজেই মেয়াদ শেষ হওয়ার পর নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তন হবে। ধাক্কা দিলে সরকার পরে যাবে—এমন কথা সংবিধানে লেখা নেই।’

  • জাতিসংঘের মহাসচিব গুতেরেসের পদত্যাগ চেয়েছেন ইসরায়েল

    জাতিসংঘের মহাসচিব গুতেরেসের পদত্যাগ চেয়েছেন ইসরায়েল

    www.HelloBangla.News – আন্তর্জাতিক – ২৫ অক্টোবর, ২০২৩: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের গতকালের (২৪ অক্টোবর) অধিবেশনে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, ৫৬ বছর ধরে ফিলিস্তিনের জনগণ দখলদারিত্বের শিকার হয়েছেন। তারা তাদের ভূখণ্ড (ইসরায়েলি) বসতিতে পরিণত এবং সহিংসতায় জর্জরিত হতে দেখেছেন। তাদের অর্থনীতি থমকে গেছে। এখানকার বাসিন্দারা বাস্তুচ্যুত হয়েছেন এবং তাদের ঘরবাড়ি ধ্বংস করা হয়েছে। তাদের দুর্দশার রাজনৈতিক সমাধানের আশা ধূলিসাৎ হয়ে গেছে।

    উত্তর গাজা খালি করার ইসরায়েলি নির্দেশের প্রসঙ্গ টেনে মহাসচিব বলেন, ১০ লাখ মানুষকে দক্ষিণে চলে যেতে বলাকে সুরক্ষা দেওয়ার বলা যায় না, যেখানে কোনো আশ্রয় নেই, খাবার নেই, পানি নেই, ওষুধ নেই, জ্বালানি নেই। আর মানুষকে দক্ষিণে যেতে বলে সেখানে বোমা হামলা চালিয়ে যাওয়া যাচ্ছে।

    তিনি আরও বলেন, ফিলিস্তিনিদের দুর্দশা হামাসের ভয়ংকর হামলাকে ন্যায্যতা দেয় না। আর ওই ভয়ংকর হামলার কারণে ফিলিস্তিনি মানুষদের সম্মিলিতভাবে যে শাস্তি দেওয়াও ন্যায্যতা পায় না।

    হামাস-ইসরায়েল যুদ্ধ প্রসঙ্গে গুতেরেস এমন মন্তব্যের পর তার সঙ্গে পূর্ব নির্ধারিত বৈঠকে বসবেন না বলে জানিয়েছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী এলি কোহেন। এদিকে জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত গিলার্ড এরডান মহাসচিবকে পদত্যাগের আহ্বান জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লিখেছেন, আমি তাকে এ মুহূর্তে পদত্যাগের আহ্বান জানাচ্ছি। ইসরায়েলের জনগণ ও ইহুদিদের বিরুদ্ধে চালানো সবচেয়ে জগণ্য অপরাধের প্রতি যারা সহানুভূতি দেখায় তাদের সঙ্গে কথা বলার যৌক্তিকতা নেই।

    এদিকে ইসরায়েলি প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ বলেন, বলেন: ‘হিজবুল্লাহ আগুন নিয়ে খেলছে। আমি স্পষ্ট করে বলতে চাই, আমরা আমাদের উত্তর সীমান্তে কোনও সংঘাত চাইছি না। কিন্তু যদি হিজবুল্লাহ আমাদের যুদ্ধে টেনে নেয়, তবে এটা পরিষ্কার হওয়া উচিত যে, লেবাননকে চড়া মূল্য দিতে হবে।’

    মূলত গাজা ভূখণ্ডে চলমান যুদ্ধের মধ্যেই ইসরায়েল ও লেবাননের মধ্যে ছড়িয়ে পড়েছে সংঘাত। ইসরায়েলের উত্তর সীমান্তের এই সংঘাতে এখন পর্যন্ত ৩০ জনেরও বেশি হিজবুল্লাহ যোদ্ধা নিহত হয়েছেন। এছাড়া হিজবুল্লাহর হামলায় ইসরায়েলি সেনা নিহতের ঘটনাও ঘটেছে।

    এমনকি হিজবুল্লাহর তীব্র হামলার মুখে সীমান্ত এলাকার হাজার হাজার বাসিন্দাকে সরিয়ে নেওয়ার কাজ চালাচ্ছে ইসরায়েল। এতে করে হামাস-ইসরায়েল যুদ্ধে দ্বিতীয় যুদ্ধক্ষেত্র হয়ে ওঠার শঙ্কা তৈরি হয়েছে লেবানন-ইসরায়েল সীমান্ত। লেবাননের দক্ষিণাঞ্চলের সীমান্ত এলাকা থেকে প্রত্যেক দিনই উত্তর ইসরায়েলে রকেট, ক্ষেপণাস্ত্র এবং গোলাবর্ষণ করা হচ্ছে।

    গত শনিবার ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ভাষা, ধর্ম এবং সুরক্ষিত বেড়ায় বিভক্ত হওয়া সত্ত্বেও ইসরায়েল-লেবানন সীমান্তের উভয়পাশের বাসিন্দারা ব্যাপক অস্থিতিশীলতার মুখোমুখি হয়েছেন। সীমান্ত এলাকায় ক্রমবর্ধমান সহিংসতার কারণে উভয়পাশের হাজার হাজার বেসামরিক নাগরিক তাদের বাড়িঘর ছেড়ে অন্যত্র আশ্রয় খুঁজতে বাধ্য হয়েছেন।