Category: লিড নিউজ

  • প্রধানমন্ত্রী বাংলাদেশে সুইস বিনিয়োগ চেয়েছেন

    প্রধানমন্ত্রী বাংলাদেশে সুইস বিনিয়োগ চেয়েছেন

    www.HelloBangla.News – জাতীয় – ২৩ অক্টোবর, ২০২৩: সুইস উদ্যোক্তারা বাংলাদেশে একটি মিনি সুইজারল্যান্ড তৈরি করতে পারে, বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একইসঙ্গে তিনি বলেছেন, তাঁর সরকার একটি ব্যাপক ভিত্তিক অংশীদারিত্ব গড়ে তুলতে চায়।

    প্রধানমন্ত্রীর কার্যালয়ে আজ সোমাবার (২৩ অক্টোবর) সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেটো সিগফ্রিড রেংগলি তাঁর সাথে সৌজন্য সাক্ষাৎ করতে এলে শেখ হাসিনা এ কথা বলেন।

    তিনি আরো বলেন, ‘আমরা (এসইজেডএসে) জমি দেব। তারা (সুইস উদ্যোক্তারা) বাংলাদেশে একটি মিনি সুইজারল্যান্ড তৈরি করতে পারে।’

    বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের এ কথা জানান।

    করিম প্রধানমন্ত্রীর উদ্ধৃতি দিয়ে বলেন, ‘আমরা বাংলাদেশ-সুইজারল্যান্ড দ্বিপাক্ষিক সম্পর্ককে একটি ব্যাপক ভিত্তিক অংশীদারিত্বে রূপ দেয়ার অপেক্ষায় আছি।’

    করিম জানান, সুইস কোম্পানিগুলোও বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহী বলে রাষ্ট্রদূত উল্লেখ করেছেন।

    বাংলাদেশ ও সুইজারল্যান্ডের মধ্যে বাণিজ্যের পরিমাণ বাড়াতে হবে উল্লেখ করে রাষ্ট্রদূত বলেছেন, তিনি দ্বি-পাক্ষিক সম্পর্ক ও সহযোগিতা আরও জোরদারে কাজ করে যাবেন।

    তিনি গত এক দশকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের প্রশংসা করেন।

    এছাড়া রাষ্ট্রদূত জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় বাংলাদেশের সঙ্গে সুইজারল্যান্ড একসঙ্গে কাজ করবে বলেও জানান।

    শেখ হাসিনা বলেন, বাংলাদেশের গ্রামীণ জনগণের উন্নয়নই তাঁর সরকারের মূল লক্ষ্য।

    উন্নয়নের মেরুদ- মধ্যবিত্ত শ্রেনীর মানুষ উল্লেখ করে তিনি আরো বলেন, ‘আমরা চরম দারিদ্র্যের হার শূন্য, অন্তত এক শতাংশে নামিয়ে আনতে অনেক কর্মসূচি নিচ্ছি।’

    তিনি উল্লেখ করেন যে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘বাংলাদেশকে প্রাচ্যের সুইজারল্যান্ড হিসেবে গড়ে প্রধানমন্ত্রী স্মরণ করে বলেন, বঙ্গবন্ধুর লন্ডনে অস্ত্রোপচারের পর সুইস সরকারের আমন্ত্রণে সুইজারল্যান্ড সফরকালে তাঁর সঙ্গে তিনিও ছিলেন।

    সংযোগ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, তাঁর সরকার বিমানবন্দরের উন্নয়ন করছে যাতে বাংলাদেশ পূর্ব ও পশ্চিমের মধ্যে সেতুবন্ধন করতে পারে।

    প্রধানমন্ত্রী ঢাকায় দায়িত্ব পালনকালে রাষ্ট্রদূতকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

    সুইস রাষ্ট্রদূত শেখ হাসিনার কাছে একটি চিঠি হস্তান্তর করেন, যা বঙ্গবন্ধু বাংলাদেশকে একটি স্বাধীন দেশ হিসেবে সুইস স্বীকৃতির জবাবে সুইজারল্যান্ড সরকারকে পাঠিয়েছিলেন। চিঠি পেয়ে প্রধানমন্ত্রী বলেন, এটি (চিঠি) জাদুঘরে রাখা হবে।

    এ সময়ে প্রধানমন্ত্রীর মূখ্য সচিব এম. তোফাজ্জেল হোসেন মিয়া এবং ঢাকায় সুইস মিশনের উপ-প্রধান করিন হেনচোজ পিগনানি উপস্থিত ছিলেন।

    সূত্র: বাসস

  • আজ দেশের আট বিভাগে বৃষ্টি হতে পারে

    আজ দেশের আট বিভাগে বৃষ্টি হতে পারে

    www.HelloBangla.News – জাতীয় – ২৩ অক্টোবর, ২০২৩: পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি ইতোমধ্যে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এটি আজকের মধ্যে ঘূর্ণিঝড় ‘হামুন’-এ পরিণত হতে পারে। এর প্রভাবে ইতোমধ্যে চট্টগ্রামে বৃষ্টি শুরু হয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আজ সোমবার (২৩ অক্টোবর) দেশের আট বিভাগেই বৃষ্টি হতে পারে বলে ।

    আবহাওয়া অধিদপ্তর থেকে পাওয়া তথ্যে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি সোমবার সকাল ৬টায় ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়ে একই এলাকায় অবস্থান করছে। এটি আরও উত্তর ও উত্তর-পূর্ব দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে।

    সোমবার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায়; ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমক বা ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের দক্ষিণাঞ্চলের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এ সময়ে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

    আগামী দু’দিন (মঙ্গল ও বুধবার) বৃষ্টিপাতের প্রবণতা আরও বেড়ে তাপমাত্রা কমতে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে।

    সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়- খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে পূর্ব বা উত্তর-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

  • খালেদা জিয়া ও হাজী সেলিম নির্বাচনে অংশ নিতে পারবেন না

    খালেদা জিয়া ও হাজী সেলিম নির্বাচনে অংশ নিতে পারবেন না

    www.HelloBangla.News – জাতীয় – ২৩ অক্টোবর, ২০২৩: হাইকোর্টের রায় অনুযায়ী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও আওয়ামী লীগের সংসদ সদস্য হাজী মো. সেলিমসহ সাজাপ্রাপ্ত কেউই আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন না, বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের প্রধান আইনজীবী খুরশীদ আলম খান ।

    আজ সোমবার (২৩ অক্টোবর) সুপ্রিম কোর্ট চত্বরের সামনে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

    খুরশীদ আলম খান বলেন, হাইকোর্ট গতকালকের প্রকাশিত রায়ে বলেছেন, সাজা কখনও স্থগিত হয় না। উপযুক্ত আদালতে সাজা বাতিল না হওয়া পর্যন্ত নির্বাচনে অংশগ্রহণের সুযোগ নাই। এই রায়ের আলোকে খালেদা জিয়া, হাজী সেলিমসহ দুই বছরের বেশি সাজাপ্রাপ্ত কোনো ব্যক্তিই আসন্ন সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন না। কারণ তাদের সাজা বাতিল হয়নি।

    এর আগে গতকাল রাবিবার সংবিধানকে উদ্ধৃত করে হাইকোর্ট এক রায়ে বলেছেন, দুই বছরের ওপর সাজাপ্রাপ্ত আসামি সংবিধান অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচনে অযোগ্য হবেন। বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের হাইকোর্ট বেঞ্চ এক রায়ের পর্যবেক্ষণে এ মন্তব্য করেছেন।

    আদালত বলেছেন, জামিন বা সাজা স্থগিত থাকলেও তিনি নির্বাচনে অংশ নিতে পারবেন না, যদি না তার সাজা উপযুক্ত আদালত কর্তৃক বাতিল না হয়। আপিল বিচারাধীন থাকা মানে দণ্ডিত ব্যক্তি নির্দোষ নয়। একমাত্র উপযুক্ত আদালত কর্তৃক সাজা বাতিল হলে দণ্ডিত ব্যক্তি নির্দোষ হবেন। দণ্ড বাতিল না হওয়া পর্যন্ত নির্বাচনে অংশগ্রহণের কোনো সুযোগ নেই।

    আমান উল্লাহ আমানসহ বিএনপির পাঁচ নেতার দুর্নীতির পৃথক মামলায় বিচারিক আদালতের দেওয়া দণ্ড ও সাজা স্থগিতের আবেদন খারিজ করে ২০১৮ সালে রায় দিয়েছিলেন হাইকোর্ট। ৪৪ পৃষ্ঠার সেই রায় রবিবার (২২ অক্টোবর) সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

  • গাজায় যুদ্ধবিরতি চায়না ইসরায়েল

    গাজায় যুদ্ধবিরতি চায়না ইসরায়েল

    www.HelloBangla.News – আন্তর্জাতিক – ২৩ অক্টোবর, ২০২৩: গাজায় যুদ্ধ বিরতির ঘোষণা দেওয়ার কোনো পরিকল্পনা নেই ইসরায়েলের। দেশটির প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে ফিলিস্তিনের গাজা উপত্যকার নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসের হাতে জিম্মি ২ শতাধিক ইসরায়েলি ও অন্যান্য দেশের নাগরিকদের মুক্ত করেই এখন তাদের প্রধান লক্ষ্য।

    মধ্যপ্রাচ্যের ইহুদিশাসিত এই ভূখণ্ডের এক জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা রবিবার এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র উভয়ই হামাসের হাতে থাকা জিম্মিদের যত দ্রুত সম্ভব মুক্ত করতে চায়; কিন্তু সেজন্য গাজায় যুদ্ধবিরতির কোনো পরিকল্পনা আমাদের নেই। কারণ, আমাদের মিশন হলো হামাসকে ধ্বংস করা এবং এমন কোনো পদক্ষেপ আমরা নিতে চাইছি না—যা এই মিশনকে ক্ষতিগ্রস্ত করতে পারে।’

    ওই কর্মকর্তা আরও বলেন, ‘যুক্তরাষ্ট্রের আহ্বানে আমরা গাজায় ত্রাণ সামগ্রী পৌঁছানোর সুযোগ করে দিয়েছি। রাফাহ ক্রসিং খুলে গেছে। ইসরায়েলের অনেকেই তা পছন্দ করেনি, কিন্তু তারপরও আমরা এটি করেছি গাজার সাধারণ ফিলিস্তিনিদের জন্য; কিন্তু হামাসকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।’

    গত ৭ অক্টোবর ভোরে ইসরায়েলের উত্তরাংশে ইরেজ সীমান্তে অতর্কিত হামলা চালায় হামাস। সেদিন কয়েকশ হামাস যোদ্ধা বুলডোজার দিয়ে সীমান্ত বেড়া ভেঙে ইসরায়েলের প্রবেশ করেন, শত শত ইসরায়েলি ও অন্যান্য দেশের নাগরিকদের হতাহত করেন এবং ইসরায়েল থেকে ২ শতাধিক মানুষকে জিম্মি হিসেবে গাজায় নিয়ে যান।

    এই জিম্মিদের মধ্যে ইসরায়েলি ছাড়াও যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশের নাগরিকরা রয়েছেন এবং তাদের সবাই বেসামরিক নাগরিক।

    হামাসের এই হামলার জবাবে সেদিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েলের বিমান বাহিনী, (আইএএফ) যা এখনও চলছে। এই অভিযানে ইতোমধ্যে ৪ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহতও হয়েছেন।

    যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন জানিয়েছেন, গাজা উপত্যকার পরিস্থিতি ও জিম্মিদের মুক্তির ব্যাপারে সারাক্ষণ ইসরায়েলের সঙ্গে যোগাযোগ রাখছে বাইডেন প্রশাসন।

    এদিকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। ভূখণ্ডটির জাবালিয়া শরণার্থী শিবিরে চালানো ওই হামলায় ৩০ জন নিহত হয়েছেন। নিহতদের বেশিরভাগই শিশু। এছাড়া হামলায় আহত হয়েছেন আরও ২৭ জন।

  • শিল্পকলার আয়োজনে পর্দা উঠলো ‘গণজাগরনের নৃত্য উৎসব’এর

    শিল্পকলার আয়োজনে পর্দা উঠলো ‘গণজাগরনের নৃত্য উৎসব’এর

    www.HelloBangla.News – বিনোদন – ২৩ অক্টোবর, ২০২৩: নৃত্যের মাধ্যমে শুদ্ধ সংস্কৃতি চর্চা ও গণজাগরণ সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমি, এ উৎসবের আয়োজন করেছে। শুদ্ধভাবে নৃত্যচর্চায় উব্দুদ্ধ করার লক্ষ্যে জেলা, বিভাগ পর্যায় ছাড়াও দেশের বাইরে যুক্তরাষ্ট্র থেকেও অংশগ্রহণ করছে অর্ধশতাধিক নৃত্যদল। শিল্পের মাধ্যমে, শিল্পচর্চার মাধ্যমে সংস্কৃতির বার্তা ছড়িয়ে দিয়ে গনজাগরণের মধ্য দিয়ে নৃত্যদলগুলোকে পৃষ্টপোষকতা প্রদানের লক্ষ্যেই বাংলাদেশ শিল্পকলা একাডেমির এ আয়োজন।

    গতকাল ২২ অক্টোবর ২০২৩ রবিবার সন্ধ্যায় জাতীয় নাট্যশালা মিলনায়তনে প্রদীপ প্রজ্জোলনের মধ্য দিয়ে সূচনা হলো ‘গণজাগরণের নৃত্য উৎসব’ এর । ১ম দিনের পরিবেশনায় অংশ নেয় ৯ টি নৃত্যদল । দেশের ৬৭ টিসহ মোট ৭৫ টি নৃত্য দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হচ্ছে এ উৎসব। যুক্তরাষ্ট্র থেকে ভিডিও কলের মাধ্যমে যুক্ত হবে ৪ টি নৃত্যদল। জাকজমকর্পূণ এ নৃত্য উৎসবের উদ্বোধনী দিনে ছিলো বিভিন্ন দলের পরিবেশনা। উদ্বোধনী পর্বে স্বাগত বক্তব্য প্রদান করেন জনাব সালাহউদ্দিন আহাম্মদ, সচিব, বাংলাদেশ শিল্পকলা একাডেমি। তিনি বলেন, ‘সংস্কৃতি চর্চার মাধ্যমে মানুষের মধ্যে ভালো চিন্তা ও শুভ বোধ সৃষ্টির লক্ষ্যেই নৃত্য উতসবের এ আয়োজন।’

    পর্দা উঠলো ‘গণজাগরনের নৃত্য উৎসব’এর - বিনোদন - ২৩ অক্টোবর  ২০২৩ (খ)_1
    পর্দা উঠলো ‘গণজাগরনের নৃত্য উৎসব’এর – বিনোদন – ২৩ অক্টোবর ২০২৩ (খ)_1

    সভাপতি হিসেবে উৎসবের উদ্বোধন করেন জনাব লিয়াকত আলী লাকী, মহাপরিচালক, বাংলাদেশ শিল্পকলা একাডেমি । বক্তব্যে তিনি বলেন,‘ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ সবক্ষেত্রেই শিল্পীরা গুরুত্বপূণ ভুমিকা পালন করেছে। সংস্কৃতি চর্চার মাধ্যমেই প্রত্যেক মানুষের কাছে আমরা পৗছে যেতে চাই।’

    তিনি আরো বলেন, ‘আমাদের দেশ থাকবে ঐক্যবদ্ধ, জাতির পিতা যে স্বপ্ন নিয়ে দেশ স্বাধীন করেছেন সে লক্ষে এগিয়ে যা্ওয়ার উদ্দেশ্যেই আমরা কাজ করে যাচ্ছি।’

    এছাড়া্ও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন বরেণ্য নৃত্যশিল্পী মিনু হক।

    উৎসবের প্রথমদিনের আয়োজনে শুরুতেই ‘অবহেলার মৃত্য নয়’ পরিবেশন করে বাংলাদেশ শিল্পকলা একাডেমির শিশু নৃত্যদল। এরপর পরিবেশিত হয় নৃত্যালেখ্য পরিবেশন করে নৃত্যদল – নৃত্যাঞ্চল। কত্থক কম্পোজিশন (তারানা) পরিবেশিত হয় নৃত্য পরিচালক শামীম আরা নীপা ও শিবলী মোহাম্মদ। এরপরে নৃত্যালেখ্য ‘বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধাঞ্জলি’ পরিবেশন করে বাংলাদেশ ইন্সটিটিউট অফ পারফর্মিং আর্টস (বিপা-নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র) নৃত্য পরিচালক এ্যানি ফেরদৌস। খন্ডনৃত্য ‘প্রিয় বাংলাদেশ’ পরিবেশন করে ভঙ্গিমা ডান্স থিয়েটার। নৃত্য পরিচালনায় সৈয়দা সায়লা আহমেদ লিমা। নৃত্যালেখ্য ‘ষড়ঋতু’ পরিবেশন করে নৃত্যদল- নন্দন কলা কেন্দ্ৰ। নৃত্য পরিচানায় এম আর ওয়াসেক। ‘আমাদের বাংলাদেশ’ নৃত্যালেখ্য পরিবেশন করে ম্যাশ মাহবুব কোরিওগ্রাফি টিম। নৃত্য পরিচালনায় মাশরুর রহমান ও হোসেন মাহবুব। বিঝু উৎসব খন্ডনৃত্য পরিবেশন করে তপস্যা নৃত্যদল। নৃত্য পরিচালনায় ফিফা চাকমা। এরপরে ছিলো নৃত্যালেখ্য ‘স্বপ্নসুরের বাংলাদেশ’ পরিবেশনায় বাংলাদেশ একাডেমি অফ ফাইন আর্টস, নৃত্য পরিচালক ফারহানা চৌধুরী। নৃত্যালেখ্য ‘হৃদয়ের কবি’ পরিবেশন করেন নৃত্যালোক সাংস্কৃতিক কেন্দ্ৰ। নৃত্য পরিচালনায়-কবিরুল ইসলাম রতন এবং সবশেষে ‘বঙ্গবন্ধুর প্রিয় গান, বঙ্গবন্ধুকে নিয়ে গান’ শিরোনামে সমবেত নৃত্য পরিবেশন করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রতিশ্রুতিশীল নৃত্যদল। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন ডালিয়া আহমেদ।

    আজ ২৩ অক্টোবর সোমবার ‘গণজাগরণের নৃত্য উৎসব’ যে সব দল নৃত্য পরিবেশনা করবে সেগুলো হচ্ছে নৃত্যসুর, নৃত্যছন্দ, সৃষ্টি একাডেমি অফ পারফর্মিং আর্টস (নিউ জার্সি, যুক্তরাষ্ট্র), ধ্রুপদী নৃত্যালয়, রিদম ডান্স গ্রুপ, অ্যালিফিয়া স্কোয়াড, নাচঘর, বাংলাদেশ শিল্পকলা একাডেমি শিশু নৃত্যদল, ঘুঙ্গুর নৃত্যালাপ। প্রতিদিনই রয়েছে কমপক্ষে ৮-৯ টি নৃত্যদলের মনোমুগ্ধকর পরিবেশনা। প্রতিদিনকার এ নৃত্য উৎসব আয়োজন অনুষ্ঠিত হবে একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে সন্ধ্যা ৬.৩০ মিনিটে। নৃত্য উৎসব সকলের জন্য উন্মুক্ত।নৃত্য উৎসব চলচে ২৭ অক্টোবর পর্যন্ত।

  • নিউজিল্যান্ডকে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে ভারত

    নিউজিল্যান্ডকে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে ভারত

    www.HelloBangla.News – খেলাধুলা – ২৩ অক্টোবর, ২০২৩: ওয়ানডে বিশ্বকাপে নিজেদের পঞ্চম ম্যাচ শুরুর আগে ভারত ও নিউজিল্যান্ড ছিল অপরাজিত দল। এখন বিশ্বকাপের একমাত্র অপরাজিত দল হচ্ছে ভারত। এখন পর্যন্ত ভারত অলআউট হয়নি। যদিও তাদের প্রথম ছয় উইকেট পড়েছে।অপরদিকে নিউজিল্যান্ড কাল প্রথম অলআউট হওয়ার স্বাদ পেয়েছে। গতকাল নিজেদের পঞ্চম ম্যাচে ভারত ৪ উইকেটে হারিয়েছে নিউজিল্যান্ডকে। এতে টুর্নামেন্টের একমাত্র দল হিসেবে এখনো অপরাজিত থাকা ভারত ৫ খেলায় ১০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে উঠলো। ৫ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়স্থানে নেমে গেল নিউজিল্যান্ড।

    ড্যারিল মিচেলের ১৩০ রানের সুবাদে ভারতের বিপক্ষে প্রথমে ব্যাট করে ৫০ ওভারে সব উইকেট হারিয়ে ২৭৩ রান করে নিউজিল্যান্ড। এবারের বিশ্বকাপে প্রথমবারের মত খেলতে নেমে ৫৪ রানে ৫ উইকেট নেন ভারতীয় পেসার মোহাম্মদ সামি। জবাবে বিরাট কোহলির ৯৫ রানের কল্যাণে ১২ বল বাকী রেখে ম্যাচ জিতে নেয় ভারত। ম্যাচ সেরা হন সামি।

    ধর্মশালায় টস জিতে প্রথমে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠায় ভারত। ব্যাটিংয়ে নেমে চতুর্থ ওভারেই ধাক্কা খায় নিউজিল্যান্ড। রানের খাতা খোলার আগের নিউজিল্যান্ডের ওপেনার ডেভন কনওয়েকে সাজঘওে পাঠান মোহাম্মদ সিরাজ। নবম ওভারে আরেক ওপেনার উইং ইয়ংকে ১৭ রানে থামিয়ে দেন সামি।

    ১৯ রানে দুই ওপেনারের বিদায়ের পর ভারতীয় বোলারদের সামনে প্রতিরোধ গড়ে তুলেন রবীন্দ্র ও মিচেল। ২১তম ওভারে নিউজিল্যান্ডের রান ১শতে নেন তারা। ২৩তম ওভারে ওয়ানডেতে তৃতীয় হাফ-সেঞ্চুরির দেখা পান ৫৬ বল খেলা রবীন্দ্র। ২৭তম ওভারে ওয়ানডেতে পঞ্চম অর্ধশতক করেন ৬০ বল খেলা মিচেল। ৩০তম ওভারে জাদেজার বলে মিচেলের ক্যাচ ফেলেন ভারতীয় উইকেটরক্ষক লোকেশ রাহুল। তখন ৫৯ রানে ছিলেন মিচেল। এরপর ব্যক্তিগত ৭০ রানে স্পিনার কুলদীপ যাদবের বলে বুমরাহর হাতে জীবন পান মিচেল।

    ১২ রানে জীবন পাওয়া রবীন্দ্রকে ইনিংসের ৩৩তম ওভারে ফিরিয়ে ভারতকে ব্রেক-থ্রু এনে দেন সামি। ৬টি চার ও ১টি ছক্কায় ৮৭ বলে ৭৫ রান করেন বিশ^কাপের উদ্বোধনী ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি করা রবীন্দ্র। তৃতীয় উইকেটে মিচেলের সাথে ১৫২ বলে ১৫৯ রান উপহার দেন রবীন্দ্র। বিশ্বকাপে ভারতের বিপক্ষে যেকোন উইকেটে এটিই নিউজিল্যান্ডের সর্বোচ্চ রানের জুুটি। এতে ভেঙে যায় ৪৪ বছরের পুরনো রেকর্ড। ভারতের বিপক্ষে বিশ^কাপে এতদিন সর্বোচ্চ রানের জুটির মালিক ছিলেন জন রাইট ও ব্রুস এডগার। ১৯৭৯ সালের বিশ^কাপে লিডসে উদ্বোধনী জুটিতে ১০০ রান করেছিলেন রাইট ও এডগার।

    রবীন্দ্রর বিদায়ে উইকেটে এসে দুই অংকের কোটা পার করতে পারেননি নিউজিল্যান্ড অধিনায়ক টম ল্যাথাম। কুলদীপের প্রথম শিকার হয়ে ৫ রানে আউট হন ল্যাথাম। এরপর গ্লেন ফিলিপসকে নিয়ে ৪১তম ওভারে ওয়ানডে ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি তুলে নেন মিচেল। বিশ্বকাপে ভারতের বিপক্ষে চার নম্বরে নেমে সেঞ্চুরি করা চতুর্থ ব্যাটার হলেন মিচেল।

    মিচেল-ফিলিপস ক্রিজে থাকা অবস্থায় ৪০ থেকে ৪৫ ওভারে মাত্র ২৮ রান পায় নিউজিল্যান্ড। ৪৫তম ওভারে ফিলিপসকে ২৩ রানে থামিয়ে নিউজিল্যান্ডের উপর চাপ বাড়ান কুলদীপ। মিচেলের সাথে জুটিতে ৪৫ বলে ৩৮ রান তুলেছিলেন ফিলিপস।

    ফিলিপস ফেরার পর নিউজিল্যান্ডের পরের ব্যাটারদের দুই অংকের কোটা স্পর্শ করতে দেননি ভারতীয় পেসার সামি। অন্যপ্রান্তে মিচেল থাকলেও দ্রুত রান তুলতে পারেননি তিনিও। সামির তোপে ৫০ ওভারে ২৭৩ রানে অলআউট হয় নিউজিল্যান্ড। শেষ ৬ ওভারে ৬ উইকেটে হারিয়ে মাত্র ৩০ রান তুলতে পারে নিউজিল্যান্ড। সামির শিকার হবার আগে ৯টি চার ও ৫টি ছক্কায় ১২৭ বলে ১৩০ রান করেন মিচেল।

    ভারতের সামি ১০ ওভারে ৫৪ রানে ৫ উইকেট নেন। ৯৪ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে তৃতীয়বারের মত ইনিংসে পাঁচ উইকেট নিলেন সামি। প্রথম ভারতীয় বোলার হিসেবে বিশ^কাপে দু’বার ইনিংসে পাঁচ উইকেট নিলেন তিনি।

    ২৭৪ রানের টার্গেটে খেলতে নেমে ভারতকে ১১ ওভারে ৭১ রানের দারুন সূচনা এনে দেন দুই ওপেনার রোহিত শর্মা ও শুভমান গিল। তবে ৫ রানের ব্যবধানে ভারতের দুই ওপেনারকে বিদায় করেন নিউজিল্যান্ডের পেসার লুকি ফার্গুসন। ৪টি করে চার-ছক্কায় ৪০ বলে ৪৬ রান করেন রোহিত। ৫টি চারে ৩১ বলে ২৬ রান তুলে ফিরেন গিল।

    ৭৬ রানের মধ্যে দুই ওপেনারের বিদায়ের পর জুটি গড়ার চেষ্টা করে সফল হন বিরাট কোহলি ও শ্রেয়াস আইয়ার। ৪৯ বলে ৫২ রানের জুটি গড়েন তারা। ডিপ স্কয়ার লেগে কনওয়ের দারুন ক্যাচে আইয়ারকে ৩৩ রানে আউট করে জুটি ভাঙ্গেন পেসার ট্রেন্ট বোল্ট।

    আইয়ারের পর চতুর্থ উইকেটে লোকেশ রাহুলকে নিয়ে আবারও হাফ-সেঞ্চুরির জুটি গড়ে ভারতকে লড়াইয়ে রাখেন কোহলি। ৩৩তম ওভারে স্যান্টনারের ডেলিভারিতে এলবিডব্লিউর ফাঁদে পড়েন রাহুল। নিউজিল্যান্ডের রিভিউতে আউট হবার আগে ৩টি চারে ২৭ রান করেন রাহুল।

    রাহুলের বিদায়ে ক্রিজে আসেন এ বিশ্বকাপে প্রথমবারের মত খেলতে নামা সূর্যকুমার যাদব। স্যান্টনারের দুর্দান্ত ফিল্ডিংয়ে রান আউট হয়ে ২ রানে বিদায় নেন সূর্য। ১৯১ রানে পঞ্চম উইকেট হারিয়ে চাপে পড়ে ভারত।

    এ অবস্থায় জাদেজাকে নিয়ে জুটি গড়ার চেষ্টা করেন কোহলি। সাবধানে খেলে ৮৩ বলে ৭৮ রানের জুটি গড়ে ভারতের জয়ের পথ সহজ করেন কোহলি। কিন্তু জয় থেকে ৫ রান দূরে থাকতে হেনরির বলে নার্ভাস নাইন্টিতে আউট হন কোহলি। ওয়ানডেতে ৬৯তম হাফ-সেঞ্চুরির ইনিংসে ৮টি চার ও ২টি ছক্কায় ১০৪ বলে ৯৫ রান করেন কোহলি। এই ইনিংসে এই বিশ্বকাপে সর্বোচ্চ রানের মালিক এখন কোহলি।

    কোহলি ফেরার ৩টি চার ও ১টি ছক্কায় ৪৪ বলে অপরাজিত ৩৯ রান করেন জাদেজা। ১ রানে অপরাজিত থাকেন সামি। নিউজিল্যান্ডের ফার্গুসন নিয়েছেন ২ উইকেট। ভারত জেতে ৪ উইকেটে ।

  • টস জিতে ব্যাটিং নিয়েছে পাকিস্তান

    টস জিতে ব্যাটিং নিয়েছে পাকিস্তান

    www.HelloBangla.News – খেলাধুলা – ২৩ অক্টোবর, ২০২৩: শেষ চারে খেলতে হলে আজকের ম্যাচে জিততেই হবে পাকিস্তানকে। অন্যদিকে আফগানিস্তান শক্তিশালী ইংল্যান্ডকে হারিয়ে চমক সৃষ্টি করার পাশাপাশি নিজেদের দলিয় শক্তির প্রকাশ ঘটিয়েছে আফগানিস্তান।তাই আজও দলটি চাইবে জিততে।

    চেন্নাইয়ের এমএ চিদাম্বরাম স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। আগের ম্যাচ থেকে একাদশে পরিবর্তন এসেছে বলে জানান তিনি। জ্বরে আক্রান্ত মোহাম্মদ নাওয়াজের জায়গায় খেলছেন শাদাব খান। আফগানিস্তান একাদশে এসেছে বদল। ফজল হক ফারুকিকে বাদ দিয়ে স্পিনার নুর আহমেদকে যোগ করেছে তারা।

    পাকিস্তান একাদশ: আব্দুল্লাহ শফিক, ইমাম উল হক, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, সাউদ শাকিল, ইফতিখার আহমেদ, শাদাব খান, উসামা মীর, হাসান আলী, শাহিন আফ্রিদি, হারিস রউফ।

    আফগানিস্তান একাদশ: রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাশমতউল্লাহ শহীদি (অধিনায়ক), আজমতউল্লাহ ওমরজাই, ইকরাম আলীখিল, মোহাম্মদ নবি, মুজিব উর রহমান, নাভিন উল হক, নুর আহমেদ।

  • বাংলাদেশের মানুষ সব সময় অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাস করে: প্রধানমন্ত্রী

    বাংলাদেশের মানুষ সব সময় অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাস করে: প্রধানমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ২২ অক্টোবর, ২০২৩: বাংলাদেশের মানুষ সব সময় অসাম্প্রদায়িক চেতাকে ধারণ করে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বাংলাদেশের মানুষ সবসময় উদার মনের, তারাও সব সময় অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাস করে। যে কারণে আজকে আমাদের স্লোগান, ধর্ম যার যার উৎসব সবার। সবাই আমরা ঠিকই এভাবে উৎসব পালন করে যাচ্ছি।

    প্রধানমন্ত্রী আজ রবিবার (২২ অক্টোবর) দুপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে পূজামণ্ডপে ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

    প্রধানমন্ত্রী বলেন, ’৭৫ পর বাংলাদেশকে অসাম্প্রদায়িক চেতনা থেকে দূরে সরিয়ে নিয়ে গিয়েছিল। হিন্দু সম্প্রদায়ের ওপর অনেক অত্যাচার নির্যাতন হয়েছে। ’৯২, ২০০১ ও তার আগে বার বার আঘাত এসেছে। কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ সবসময় আপনাদের পাশে ছিল, পাশে আছি।

    শেখ হাসিনা বলেন, আমাদের আইন-শৃঙ্খলা বাহিনীর সবার আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছে। আমি বলব, আমাদের যতটুকু করার আমি করেছি।

    তিনি আরও বলেন, এ মাটির সন্তান সবাই। এই মাটিতে নিজ নিজ অধিকার নিয়ে সবাই বাস করবেন। মহান মুক্তিযুদ্ধে সবাই একই যুদ্ধ করেছেন, এখানে সবার অধিকার রয়েছে। সে অধিকার যাতে সুপ্রতিষ্ঠিত থাকে আমরা সেই চেষ্টাই করি।

    প্রধানমন্ত্রী আরও বলেন, বাংলাদেশে এখন ঘরে ঘরে খাবার আছে, ঘরে ঘরে বিদ্যুৎ আছে, চিকিৎসা সেবা মানুষের কাছে আমরা দিয়ে দিচ্ছি, সারা বাংলাদেশে যে উন্নয়নের ছোঁয়া, এটা মানুষের কল্যাণেই আমাদের কাজ। মানুষের কল্যাণ করাটাই আমাদের একমাত্র দায়িত্ব।

    শেখ হাসিনা বলেন, আমরা সবসময় বিশ্বাস করি, সবি ধর্ম বর্ণের মানুষ সমান অধিকার ভোগ করবে। আপনারা শান্তিপূর্ণভাবে পূজা শেষ করেন, সেটাই আমরা চাই। আইন-শৃঙ্খলা কর্মী থেকে শুরু করে আমাদের প্রত্যেক নেতারা থাকবে, যাতে কোনো ধরনের ঘটনা না ঘটতে পারে। সেদিকে আমরা সতর্ক থাকবো। আমরা চাই, আপনারা ভালোভাবে পূজা উদযাপন করেন।

    এসময় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস, বাংলাদেশ পূজা উদযাপন কমিটির সভাপতি জে এল ভৌমিক ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. চন্দ্রনাথ পোদ্দার উপস্থিত ছিলেন।

  • ইইউ থেকে নির্বাচন পর্যবেক্ষণের জন্য ৭ সদস্য আসবে: পররাষ্ট্রমন্ত্রী

    ইইউ থেকে নির্বাচন পর্যবেক্ষণের জন্য ৭ সদস্য আসবে: পররাষ্ট্রমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ২২ অক্টোবর, ২০২৩: ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে আসন্ন জাতীয় নির্বাচন পর্যবেক্ষণে জন্য ৭ সদস্যের একটি প্রতিনিধিদল দল আসবেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন । বাংলাদেশ সফরের জন্য প্রতিনিধিদলের খরচ বহন করবে না সরকার। তবে বাংলাদেশে অবস্থানকালে প্রতিনিধিদলকে লজিস্টিক সমর্থন দেবে সরকার।

    আজ রবিবার (২২ অক্টোবর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্রাসেলস সফর নিয়ে এক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন মন্ত্রী।

    পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইইউ বলেছে─ তারা বড় দল পাঠাবে না। তাদের বাজেটে সমস্যা। সব দেশে এখন বাজেটে সমস্যা। তারা এজন্য সাতজনের একটি প্রতিনিধিদল পাঠাবে। এদের জন্য কোনো পয়সা লাগবে না। আমরা অর্থ দিয়ে আনব না। তবে এখানে আসলে পরে যে সব খরচ, সেটা দেওয়া হবে। তারা বিভিন্ন জেলায় যাবেন, তার জন্য তাদের খাওয়া-দাওয়া; এসব খরচ দেওয়া হবে।

    গত বৃহস্পতিবার অবশ্য নির্বাচন কমিশন জানায়, পূর্ণাঙ্গ পর্যবেক্ষক মিশন না পাঠালেও বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচনে চার সদস্যের একটি পর্যবেক্ষণক দল পাঠাবে ইইউ। বিষয়টি তারা চিঠি দিয়ে ব্রাসেলসে বাংলাদেশের রাষ্ট্রদূতকে জানিয়েছে। গত বৃহস্পতিবারই ইইউর এ–সংক্রান্ত চিঠি নির্বাচন কমিশন পেয়েছে।

  • নভেম্বরে নির্বাচনের ট্রেন ছেড়ে দেবে: সেতুমন্ত্রী

    নভেম্বরে নির্বাচনের ট্রেন ছেড়ে দেবে: সেতুমন্ত্রী

    www.HelloBangla.News – রাজনীতি – ২২ অক্টোবর, ২০২৩: নভেম্বরে নির্বাচনের ট্রেন চেড়ে দেবে, উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, নির্বাচনের সিডিউল হবে নভেম্বরের মাঝামাঝি। সংবিধান অনুযায়ী নির্বাচন হবে জানুয়ারিতে। নভেম্বরে নির্বাচনের ট্রেন ছেড়ে দেবে, মিস করলে পিছিয়ে পড়বেন। কারও জন্য অপেক্ষা করবে না। যথাসময়ে সংবিধান অনুযায়ী আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

    আজ রবিবার (২২ অক্টোবর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

    তিনি বলেন, সংবিধানকে যারা কচুকাটা করেছে, তারাই এখন সংবিধান মানে না। অস্বাভাবিক তত্ত্বাবধায়ক সরকার উচ্চ আদালত বাদ দিয়েছে। আওয়ামী লীগ বাদ দেয়নি। যে জিনিস নাই, সেটা দাবি করছে বিএনপি। এদেশে আর তত্ত্বাবধায়ক সরকার আর আসবে না। এই সংবিধান অনুযায়ী নির্বাচন হবে।

    সেতুমন্ত্রী বলেন, আমরা জাতিকে বিভক্ত করছি না। আমরা মুক্তিযুদ্ধের চেতনায় এই দেশকে গড়তে চাই। বঙ্গবন্ধুকে হত্যা করে মুক্তিযুদ্ধের মূল্যবোধ, আদর্শ-চেতনাকে আপনারা ধ্বংস করেছেন। ভোট চুরি করেছেন। ২০০৬ সালে নির্বাচন করতে গিয়ে দেখা গেছে আপনারা ভুয়া ভোটার তৈরি করেছেন। কাজে আমাদের সঠিক জায়গায় আসতে হবে। এ দেশকে সংবিধান অনুযায়ী চালাতে হবে। নির্বাচন ব্যবস্থা সংবিধান অনুযায়ী চালাতে হবে। এর বাইরে যারা যাবেন এবং অবরোধ দখলের হুমকি দিয়ে সেই খায়েশ পূর্ণ হবে না।

    ওবায়দুল কাদের বলেন, যারা মনে মনে স্বপ্ন দেখছেন রাস্তা অবরোধ করে দখল করে আগের মতো বাস পুড়িয়ে, মানুষ পুড়িয়ে আপনারা আপনাদের ইচ্ছামত সংবিধানকে কচুকাটা করবেন; সেই স্বপ্ন কোনদিনও পূরণ হবে না। সেটা আমরা হতে দেব না। এই সংবিধান ব্যবস্থা বহাল রেখে নির্বাচন হবে। কারও জন্য নির্বাচন আটকে থাকবে না।

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী। আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি বেগম রওশন আরা মান্নান, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার, হাইওয়ে পুলিশ প্রধান অতিরিক্ত আইজিপি এ কে এম শাহাবুদ্দিন খান, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি মশিউর রহমান রাঙ্গা, মহাসচিব এনায়েত উল্যাহ খন্দকার, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি শাজাহান খান, সাধারণ সম্পাদক ওসমান আলী, নিরাপদ সড়ক চাই (নিসচা)- এর চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন প্রমুখ।