Category: লিড নিউজ

  • বাংলাদেশের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে নেদারল্যান্ডস

    বাংলাদেশের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে নেদারল্যান্ডস

    www.HelloBangla.News – খেলাধুলা – ২৮ অক্টোবর, ২০২৩: প্রধম ম্যাচে আফগানিস্তানকে সহজে হারালেও বিশ্বকাপে টানা চার ম্যাচ হারের পর কলকাতায় জয়ের খোঁজে এসেছে বাংলাদেশ। প্রতিপক্ষ অপেক্ষাকৃত নেদারল্যান্ডস।

    ইডেন গার্ডেনসে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ডাচ অধিনায়ক স্কট এডওয়ার্ডস। একাদশে দুটি পরিবর্তন এনেছে তারা। অন্যদিকে দক্ষিণ আফ্রিকার ম্যাচের একাদশ থেকে হাসান মাহমুদকে বাদ দিয়েছে বাংলাদেশ। খেলছেন তাসকিন আহমেদ।

    বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ, মুশফিকুর রহিম, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ।

    নেদারল্যান্ডস একাদশ: বিক্রমজিত সিং, ম্যাক্স ও’ডাউড, কলিন অ্যাকারম্যান, বাস ডে লেডে, ওয়েসলি বারেসি, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), সাইব্রান্ড এঙ্গেলব্রেখট, লোগান ফন বিক, শারিজ আহমেদ, আরিয়ান দত্ত, পল ফন মেকেরেন।

  • প্রথম ব্যক্তি হিসেবে বঙ্গবন্ধু টানেলে টোল দিলেন প্রধানমন্ত্রী

    প্রথম ব্যক্তি হিসেবে বঙ্গবন্ধু টানেলে টোল দিলেন প্রধানমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ২৮ অক্টোবর, ২০২৩: কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল’উদ্বোধনের পর নিজের গাড়ি বহর নিয়ে পাড়ি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    আজ শনিবার (২৮ অক্টোবর) বেলা ১১টা ৪০ মিনিটের দিকে বঙ্গবন্ধু টানেল উদ্বোধন করেন তিনি।

    উদ্বোধনের পরপরই গাড়ি বহর নিয়ে টানেল পতেঙ্গা প্রান্ত থেকে আনোয়ারায় যান প্রধানমন্ত্রী। টানেল পার হতে তিনি নিজের হাতে টোল দেন। প্রধানমন্ত্রীর কাছ থেকে টানেলের টোল কালেকশন করেন ঝুমুর আক্তার।

    টোল গ্রহণ শেষে ঝুমুর আক্তার সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রী টানেলের প্রথম টোল প্রদানকারী ব্যক্তি। তার কাছ থেকে টোল নিতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। বাংলাদেশ আজ নতুন গৌরবময় এক অধ্যায়ে পা রাখছে। এর মধ্য দিয়ে স্মার্ট বাংলাদেশ বাস্তবায়ন আরও এক ধাপ এগিয়ে গেল। প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি।

    প্রধানমন্ত্রীর গাড়িবহরে রয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু ওবায়দুল কাদের, প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, আরেক যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র এম রেজাউল করিমসহ অন্যান্যরা।

    দুপুরে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা চট্টগ্রামের আনোয়ারায় কোরিয়ান ইপিজেড মাঠে জনসমাবেশে যোগ দেবেন।

    ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে কক্সবাজারের ৪০ কিলোমিটার দূরত্ব ও এক ঘণ্টা সময় কমিয়েছে বঙ্গবন্ধু টানেল। টানেলটি পার হতে সময় লাগবে মাত্র কয়েক মিনিট।

    দুটি টিউবের চার লেনের সড়কের মাধ্যমে নদীর তলদেশ দিয়ে পাঁচ মিনিটে চট্টগ্রামের পতেঙ্গা প্রান্ত থেকে যাওয়া যাবে আনোয়ারায়।

    আগামীকাল রবিবার (২৯ অক্টোবর) সকাল ৬টা থেকে সর্বসাধারণের যান চলাচলের জন্য টানেলটি খুলে দেওয়া হবে।

    দেশের বাণিজ্যিক নগরী চট্টগ্রামকে চীনের সাংহাই শহরের আদলে ‘ওয়ান সিটি টু টাউন’ করবে প্রকল্পটি। চট্টগ্রামের নতুন শহর গড়ে উঠবে নদীর অপর প্রান্তেও। চট্টগ্রাম নগরীর অর্থনৈতিক ও ভৌগোলিক আকার হবে দ্বিগুণ।

    দুই টিউব সংবলিত মূল টানেলের দৈর্ঘ্য ৩ দশমিক ৩২ কিলোমিটার। এ দুই টিউব তিনটি সংযোগ পথের (ক্রস প্যাসেজ) মাধ্যমে যুক্ত থাকবে। বিপদের সময় অন্য টিউবে গমনের জন্য এ ক্রস প্যাসেজগুলো ব্যবহার হবে। টানেল টিউবের দৈর্ঘ্য ২ দশমিক ৪৫ কিলোমিটার ও ভেতরের ব্যাস ১০ দশমিক ৮০ মিটার।

     

    টানেল কর্ণফুলী নদীর পতেঙ্গা নেভাল একাডেমি আর অপর প্রান্তের চট্টগ্রাম ইউরিয়া সার কারখানা (সিইউএফএল) প্রান্তকে যুক্ত করেছে।

  • ট্রাভিস হেডের সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৩৮৮ রান

    ট্রাভিস হেডের সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৩৮৮ রান

    www.HelloBangla.News – খেলাধুলা – ২৮ অক্টোবর, ২০২৩: ইনজুরিতে কাটিয়ে দলে ফিরেই সেঞ্চুরি করে দুর্দান্ত এক সেঞ্চুরি হাঁকিয়ে রেকর্ড বইয়ে নিজের নাম যুক্ত করলেন হেড। আর তাতে ভর করে ৩৮৮ রানের বিশাল সংগ্রহ দাঁড় করিয়েছে অস্ট্রেলিয়া।৩৮৯ রানের জয়ের লক্ষ্যে এখন ব্যাটিং করছে নিউজিল্যান্ড

    ধর্মশালায় আজ টস জিতে অজিদের ব্যাটিংয়ে পাঠায় নিউজিল্যান্ড। তাদের এই সিদ্ধান্ত যে ভুল, তা শুরু থেকেই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেন দুই অজি ওপেনার ডেভিড ওয়ার্নার ও ট্রাভিস হেড। দুজনের জুটিতে আসে ১৭৫ রান। ইনিংসের দ্বিতীয় ওভারে ম্যাট হেনরির করা টানা দুই নো বলে ফ্রি হিট পেয়ে ছক্কা মারেন তিনি। পরে ইনজুরি কাটিয়ে ফেরা এই ব্যাটার মাত্র ৫৯ বলে সেঞ্চুরি হাঁকিয়েছেন। অস্ট্রেলিয়ার হয়ে বিশ্বকাপে এটি তৃতীয় দ্রুততম সেঞ্চুরি। এর আগে মাত্র ২৫ বলে ফিফটি হাঁকান তিনি।

    হেড ঝড় তুললেও কম যাননি ওয়ার্নার। ঝোড়ো এক ইনিংস খেলেছেন এই বাঁহাতি ওপেনার। নিউজিল্যান্ডের ফিল্ডাররা অবশ্য দুইবার ওয়ার্নারের ক্যাচ মিস করেছেন। যার খেসারত দিতে হয়েছে রানবন্যায় ভেসে। প্রথম ১৩ ওভারে ১১টি ছক্কা হজম করেছেন কিউই বোলাররা। ওয়ার্নার মাত্র ৬৫ বলে ৫ চার ও ৬ ছক্কায় ৮১ রান করে কিউই পেসার গ্লেন ফিলিপসের বলে আউট হন। হেডও সেঞ্চুরি হাঁকিয়ে বেশিদূর যেতে পারেননি। ৬৭ বলে ১০৯ রান করে ফিলিপসের বলেই বোল্ড হয়ে ফেরেন তিনি। ১০টি চার ও ৭টি ছক্কায় সাজানো তার ইনিংসটিই অজিদের ইনিংসের মূল ভিত্তি। এরপর বাকিরা সেই ভিত্তির ওপর গড়েন বিশাল সংগ্রহ। মিচেল মার্শ (৩৬), স্টিভেন স্মিথ (১৮) ও মার্নাস লাবুশেন (১৮) ঝড় তুলতে না পারলেও গ্লেন ম্যাক্সওয়েল ক্রিজে এসেই তাণ্ডব চালান।

    মাত্র ২৪ বলের মোকাবিলায় ৪১ রান করে কিউই পেস অলরাউন্ডার জিমি নিশামের বলে আউট হন ম্যাক্সওয়েল। স্বল্পস্থায়ী ইনিংসটি ৫টি চার ও ২টি ছক্কায় সাজানো। তবে তার বিদায়েও অস্ট্রেলিয়ার রানের চাকায় বাঁধ সাধতে পারেনি কিউইরা। উইকেটকিপার-ব্যাটার জশ ইংলিস ২৮ বলে করেছেন ৩৮ রান। শেষদিকে অধিনায়ক প্যাট কামিন্স মাত্র ১৪ বলে ৩৭ রান করে সংগ্রহটাকে নিয়ে ৪০০ ছুঁইছুঁই দূরত্বে। ব্যাট হাতে ৪টি ছক্কা ও ২টি চারে ইনিংসটি সাজান কামিন্স। কিন্তু তারপরও ৫০ ওভার পূর্ণ করতে পারেনি অস্ট্রেলিয়া। অলআউট হয়েছে ৪ বল হাতে রেখেই।

    বল হাতে নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট ও গ্লেন ফিলিপস তুলে নেন ৩টি করে উইকেট। এছাড়া স্পিনার মিচেল স্যান্টনার ২টি এবং ১টি করে উইকেট নেন ম্যাট হেনরি ও নিশাম।

  • আওয়ামী লীগ ও বিএনপির মহা-সমাবেশের কারণে ঢাকায় গণপরিবহন সংকট

    আওয়ামী লীগ ও বিএনপির মহা-সমাবেশের কারণে ঢাকায় গণপরিবহন সংকট

    www.HelloBangla.News – জাতীয় – ২৮ অক্টোবর, ২০২৩: আজ রাজধানীতে ঢাকায় দেশের বৃহৎ দুই দল- আওয়ামী লীগ ও বিএনপির মহাসমাবেশকে ঘিরে আতঙ্ক সৃষ্টি হয়েছে জনমনে।সকাল থেকে গণপরিবহন চরম সংকট দেখা দিয়েছে। সড়কে দেখা মিলছে না কোনো গণপরিবহন।ফলে ভোগান্তিতে পড়েছেন কর্মজীবী মানুষেরা। তারা অফিসের কাজে কিংবা প্রয়োজনীয় কাজের জন্য রাস্তায় বের হয়ে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে আছেন। কিন্তু বাসের দেখা পাচ্ছেন না। গন্তব্যে পৌঁছাতে কেউ যাচ্ছেন রিকশা, মোটরসাইকেল কিংবা সিএনজি করে। আবার কেউ কেউ যাচ্ছেন পায়ে হেঁটে হেঁটে।

    বাস ছাড়াও সিএনজি, রাইড শেয়ারিং-এর কার, ভাড়ায় চালিত প্রাইভেটকারসহ অন্যান্য বাহনও তেমন দেখা যাচ্ছে না। ফলে সকাল থেকেই ভোগান্তিতে পড়েছেন অফিসগামী যাত্রীরা। বাইরে কোনো যানবাহন না পেয়ে কয়েক ঘণ্টা অপেক্ষা করতে দেখা গেছে। অনেকে অপেক্ষার পরে কোনো উপায় না পেয়ে বাসায় ফেরত যাচ্ছেন।

    আজ শনিবার (২৮ অক্টোবর) সকালে রামপুরা, খিলক্ষেত, বনানী, মোহাম্মদপুর, ধানমন্ডি, কুড়িলসহ রাজধানীর বিভিন্ন এলাকায় দেখা গেছে এমন চিত্র।

    তবে অনেকক্ষণ পর অন্য রুটের একটি বাস আসা মাত্র, সে রুটের যাত্রীরা সবাই হুড়োহুড়ি করে ওঠার চেষ্টা করছেন ।

    বিভিন্ন রুটের যাত্রীরা বলছেন রাস্তার অবস্থা খুবই খারাপ। রাস্তায় বাস নেই বললেই চলে। আধা ঘণ্টা পর পর একটা করে বাসের দেখা মিলছে। তাও সব রুটের বাস নেই।

    তবে গণপরিবহন না থাকার সুযোগে সিএনজিচালিত, অটোরিকশা, রিকশা চালকরা দ্বিগুণ-তিনগুণেরও বেশি ভাড়া হাঁকাচ্ছেন।সব মিলিয়ে চরম ভোগান্তিতে পড়েছেন অফিসগামী সাধারণ যাত্রীরা।

    ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সূত্রে জানা গেছে, বড় দুই দলের সমাবেশকে ঘিরে এমনিতেই সংঘাতের সম্ভাবনা আছে। এ জন্য চালকরা রাস্তায় যানবাহন কম নামিয়েছেন। এছাড়া রাজনৈতিক দলগুলো অনেক বাস ভাড়া করেছে, সে কারণেও বাসের সংখ্যা কম। তবে যানবাহন কম চালানোর বিষয়ে মালিক সমিতি কোনো নির্দেশনা দেয়নি বলে জানা গেছে।

    এদিকে দুপুর ২টায় নয়াপল্টনের দক্ষিণ গেটে বিএনপির মহাসমাবেশ শুরু হবে। অন্যদিকে শান্তি ও উন্নয়ন সমাবেশ করবে আওয়ামী লীগ। দুপুর ২টায় বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে তারা সমাবেশ শুরু করবে। এছাড়া অনুমতি না পেলেও জামায়াতে ইসলামী রাজধানীর শাপলা চত্বরে মহাসমাবেশ করার ঘোষণা দিয়েছে।

    কারওয়ান বাজার এফডিসি সংলগ্ন এলডিপি কার্যালয়ের সামনে বিকেল ৩টায় সমাবেশ করবে এলডিপি, বিকেল ৩টায় মালিবাগ মোড়ে সমাবেশ করবে এনডিএম ও বিজয়নগর পানির ট্যাংক মোড়ে দুপুর ২টায় সমাবেশ করবে ১২ দলীয় জোট।

    এছাড়া বিজয়নগর পানির ট্যাংক মোড়ে বেলা ১১টায় সমাবেশ করবে গণঅধিকার পরিষদ (নুরুল হক), পুরানো পল্টন আলরাজী কমপ্লেক্সের সামনে দুপুর ২টায় সমাবেশ করবে জাতীয়তাবাদী সমমনা জোট, পুরানো পল্টন কালভার্ট এলাকায় বিকেল ৩টায় সমাবেশ করবে গণঅধিকার পরিষদ (রেজা কিবরিয়া) ও জাতীয় প্রেসক্লাবের সামনে দুপুর ১২টায় সমাবেশ করবে গণতান্ত্রিক বাম ঐক্য।

    জাতীয় প্রেসক্লাবের সামনে বিকেল ৩টায় সমাবেশ করবে গণতন্ত্র মঞ্চ, মতিঝিল নটর ডেম কলেজের উল্টো দিকে দুপুর ১২টায় সমাবেশ করবে গণফোরাম ও পিপলস পার্টি ও পুরানো পল্টন মোড়ে বিকেল ৪টায় সমাবেশ করবে লেবার পার্টি

  • ব্রাসেলস থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

    ব্রাসেলস থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ২৭ অক্টোবর, ২০২৩:  ‘গ্লোবাল গেটওয়ে ফোরাম’ সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশ যোগদান উপলক্ষে বেলজিয়ামের রাজধানী ব্রাসিলস সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    আজ শুক্রবার (২৭ অক্টোবর ) বেলা ১১টা ৫১ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। গত ২৪ অক্টোবর ব্রাসেলসে যান প্রধানমন্ত্রী।

    দেশে ফেরার পথে প্রধানমন্ত্রী বিমানে ঘুরে ঘুরে যাত্রীদের সঙ্গে কুশল বিনিময় করেন।

    এর আগে ব্রাসেলস সময় রাত ১০ টা ১০ মিনিটে বিমান এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইটে বেলজিয়ামের ব্রাসেলস জাভেনটেম বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হন।

    ইউরোপীয় কমিশনের (ইসি) প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লেয়েনের আমন্ত্রণে ২৫-২৬ অক্টোবর অনুষ্ঠিত গ্লোবাল গেটওয়ে ফোরামে যোগ দেন তিনি।

    সফরকালে প্রধানমন্ত্রী ফোরামের সাইডলাইনে ইউরোপীয় দেশগুলোর নেতাদের সঙ্গে বেশ কয়েকটি বৈঠক করেন।

    ২৫ অক্টোবর সকালে, তিনি ইসির নির্বাহী ভাইস প্রেসিডেন্ট এবং ইউরোপীয় বাণিজ্য কমিশনার ভালদিস ডোমব্রোভস্কিসের সঙ্গে বৈঠক করেন।

    পরে বাংলাদেশের প্রধানমন্ত্রী ইসি প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লেয়েনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন।

    এই বৈঠকের পর, বাংলাদেশ সরকারের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) এবং ইউরোপীয় বিনিয়োগ ব্যাংকের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি খাতে ৩৫০ মিলিয়ন ইউরোর একটি ঋণ সহায়তা চুক্তি স্বাক্ষরিত হয়।

    ইউরোপীয় কমিশন ও ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংকের মধ্যে বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে ৪৫ মিলিয়ন ইউরোর একটি অনুদান চুক্তিও স্বাক্ষরিত হয়েছে।

    একইসঙ্গে বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতের জন্য বাংলাদেশ সরকার ও ইসির মধ্যে একটি ১২ মিলিয়ন ইউরোর অনুদান চুক্তি স্বাক্ষরিত হয়।

    এছাড়া, এই সফরে বাংলাদেশ সরকার এবং ইসি বাংলাদেশের সামাজিক খাতে ৭০ মিলিয়ন ইউরোর পাঁচটি ভিন্ন অনুদান চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

    শেখ হাসিনা একই দিন ২৫ অক্টোবর গ্লোবাল গেটওয়ে ফোরামের উদ্বোধনী পূর্ণাঙ্গ অধিবেশনে যোগ দেন এবং বক্তৃতা করেন।

    বিকেলে ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংকের প্রেসিডেন্ট ড. ওয়ার্নার হোয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন।

    ইসি কমিশনার ফর ক্রাইসিস ম্যানেজমেন্ট জেনেজ লেনারসিক এবং ইসি কমিশনার ফর ইন্টারন্যাশনাল পার্টনারশিপ জুটা উরপিলাইনেনও বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

    সন্ধ্যায়, প্রধানমন্ত্রী গ্লোবাল গেটওয়ে ফোরামে অংশগ্রহণকারী রাষ্ট্র ও সরকার প্রধানদের সম্মানে উরসুলা ভন ডের লেয়েনের দেওয়া নৈশভোজে যোগ দেন।

    ২৬ অক্টোবর সকালে, তিনি বেলজিয়ামের প্রধানমন্ত্রী আলেকজান্ডার ডি ক্রুর সঙ্গে এবং লুক্সেমবার্গের প্রধানমন্ত্রী জেভিয়ার বেটেলের সঙ্গে দুটি বৈঠক করেন।

    একই দিন বিকেলে প্রধানমন্ত্রী গ্লোবাল গেটওয়ে ফোরামের সমাপনী পূর্ণাঙ্গ অধিবেশনে যোগ দেন।

    শেখ হাসিনা পরে বেলজিয়ামে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের দেওয়া সংবর্ধনায় যোগ দেন। টিভি চ্যানেল ‘ইউরো নিউজ’ এবং ‘পলিটিকো’ যথাক্রমে ২৫ ও ২৬ অক্টোবর বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাক্ষাৎকার নেয়।

    বিমানবন্দরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের নেতৃত্বে প্রধানমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।

  • নিউক্লিয়ার পাওয়ার সবার কাছে পৌঁছে দেওয়া সম্ভব: মন্ত্রী

    নিউক্লিয়ার পাওয়ার সবার কাছে পৌঁছে দেওয়া সম্ভব: মন্ত্রী

    www.HelloBangla.News – প্রযুক্তি – ২৭ অক্টোবর, ২০২৩: আগামী এক থেকে দেড় বছরের মধ্যে নিউক্লিয়ার পাওয়ার সবার কাছে পৌঁছে দেওয়া সম্ভব হবে, বলে জানিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান ।

    আজ শুক্রবার (২৭ অক্টোবর) সকালে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ আলট্রাসনোগ্রাফি সোসাইটির ৩৫তম জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আশা প্রকাশ করেন।

    এ সময় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী বলেন, ‘নিউক্লিয়ার এনার্জির ব্যাপারে বাংলাদেশ সম্পূর্ণভাবে ৩৩তম দেশ হবে পৃথিবীতে। এখানে যারা আলট্রাসনোগ্রাফি নিয়ে কাজ করছেন, তাদের কাজের সঙ্গেও এর মিল রয়েছে। অর্থাৎ, এক্সরে থেকে আরম্ভ করে সবকিছু’।

    স্থপতি ইয়াফেস ওসমান বলেন, ‘সব মিলিয়ে আমি বলবো, সরকার পুরোটাই বিজ্ঞানকে ধরে এগোতে চাচ্ছে। এছাড়া উপায়ও নেই আসলে। পৃথিবীর মধ্যে আমাদের ছোট্ট একটা দেশ, এত মানুষ, সেখানে বিজ্ঞান ছাড়া এগোনো সম্ভব নয়।’

    আলট্রাসনোগ্রাফারদের বাদ দিয়ে চিকিৎসাশাস্ত্রের কাজ সম্ভব নয় বলেও মন্তব্য করেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী।

    অনুষ্ঠানে আগত চিকিৎসকদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের আরও উন্নত ও সঠিক চিকিৎসাকার্য পরিচালনা করতে হবে। আপনি ভুল করলে রোগীর চিকিৎসাও হবে ভুল!

    বাংলাদেশ আলট্রাসনোগ্রাফি সোসাইটির সভাপতি প্রফেসর মিজানুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান প্রফেসর অশোক কুমার পাল, পপুলার গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও ডা. মোস্তাফিজুর রহমান প্রমুখ।

  • গাজায় ৩ হাজার শিশুসহ নিহতের সংখ্যা ৭ হাজার ছাড়াল

    গাজায় ৩ হাজার শিশুসহ নিহতের সংখ্যা ৭ হাজার ছাড়াল

    www.HelloBangla.News – আন্তর্জাতিক – ২৭ অক্টোবর, ২০২৩: অবরুদ্ধ গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহতের সংখ্যা  বেড়েই চলেছে। বৃহস্পতিবার গাজায় ইসরায়েলি বোমা বর্ষণে নিহত সাত হাজার লোকের নামের তালিকা প্রকাশ করেছে ফিলিস্তিনের হামাস যোদ্ধারা্। এর মধ্যে নিহত শিশুর সংখ্যা হাজার। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন নিহতের সংখ্যা নিয়ে সন্দেহ প্রকাশ করার পর হামাস বৃহস্পতিবার এই তালিকা প্রকাশ করে।

    গত ৭ অক্টোবর হামাস ইসরায়েলে হামলা চালানোর কারণে ইসরায়েল গাজায় প্রতিশোধমূলক যে পাল্টা অভিযান শুরু করে তাতে এই পর্যন্ত সাত হাজার ২৮ জন প্রাণ হারিয়েছেন। হামাস এই কথা জানিয়েছে।

    অন্যদিকে ইসরায়েলে হামাসের হামলায় ১৫শ’ লোক নিহত হয়েছে।

    হামাস নিয়ন্ত্রিত সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় ছয় হাজার ৭৪৭ জনের তালিকা প্রকাশ করেছে। তালিকায় নিহত প্রত্যকের লিঙ্গ, বয়স এবং পরিচিতি কার্ড নম্বর তুলে ধরা হয়েছে। মন্ত্রণালয় বলেছে, তারা এখনো পর্যন্ত ২৮১ জনের পরিচয় শনাক্ত করতে পারেনি।

    মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র তাদের ঘোষিত সংখ্যা নিয়ে নির্লজ্জভাবে সন্দেহ প্রকাশ করেছে।

    জো বাইডেন বুধবার হামাসের ঘোষিত নিহতের পরিসংখ্যান নিয়ে সন্দেহ প্রকাশ করে বলেছেন, এতো লোক মারা যায়নি।

    গাজায় শিশুদের হতাহতের ঘটনা বাড়তে থাকায় নিন্দা জানিয়েছে ইউনিসেফ। ইউনিসেফের মধ্যপ্রাচ্য ও উত্তর আমেরিকার আঞ্চলিক পরিচালক আদেল খোদর বলেন, গাজা উপত্যকার পরিস্থিতি আমাদের সবার বিবেকের ওপর ক্রমবর্ধমান কলঙ্ক।

  • টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান

    টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান

    www.HelloBangla.News – খেলাধুলা – ২৭ অক্টোবর, ২০২৩: বিশ্বকাপে একটি ম্যাচ হারলেও দারুণ দুর্দান্ত ফর্মে আছে দক্ষিণ আফ্রিকা। অপর দিকে বিশ্বকাপে থেকে ছিটকে পড়তে যাচ্ছে পাকিস্তান। এই অবস্থায় আজ মুখোমুখি দুই দল।

    চেন্নাইয়ের এমএ চিদাম্বারাম স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। একাদশে এসেছে দুটি পরিবর্তন। উসামা মীরের পরিবর্তে মোহাম্মদ নাওয়াজ ও অসুস্থ হাসান আলীর জায়গায় এসেছে মোহাম্মদ ওয়াসিম জুনিয়র।

    বদল এসেছে দক্ষিণ আফ্রিকা একাদশেও। অসুস্থততা কাটিয়ে একাদশে ফিরেছেন অধিনায়ক টেম্বা বাভুমা। এছাড়া বাদ দেওয়া হয়েছে কাগিসো রাবাদা ও লিজাড উইলিয়ামসকে। তাদের পরিবর্তে একাদশে ফিরেছেন লুঙ্গি এনগিদি ও তাবরাইজ শামসি।

    পাকিস্তান একাদশ: ইমাম উল হক, আব্দুল্লাহ শফিক, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, সাউদ শাকিল, ইফতিখার আহমেদ, শাদাব খান, মোহাম্মদ নাওয়াজ, শাহিন আফ্রিদি, মোহাম্মদ ওয়াসিম, হারিস রউফ।

    দক্ষিণ আফ্রিকা একাদশ: টেম্বা বাভুমা (অধিনায়ক), কুইন্টন ডি কক, রাসি ফন ডার ডুসেন, এইডেন মারক্রাম, হাইনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, মার্কো ইয়ানসেন, গেরাল্ড কোজি, কেশভ মহারাজ, তাবরাইজ শামসি, লুঙ্গি এনগিদি।

  • দেশবাসীকে আবারও নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী

    দেশবাসীকে আবারও নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ২৭ অক্টোবর, ২০২৩: প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা, দেশবাসীকে আবারও নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘কেউ যেন নির্বাচন ভন্ডুল ও প্রশ্নবিদ্ধ করতে না পারে—সতর্ক থাকুন।’

    বেলজিয়ামের ব্রাসেলসে বৃহস্পতিবার তার সম্মানে বাংলাদেশি কমিউনিটি আয়োজিত এক সংবর্ধনায় ভার্চ্যুয়ালি দেওয়া বক্তৃতায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

    আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘অপপ্রচারের যথার্থ জবাব হিসেবে গত ১৫ বছরে আওয়ামী লীগ সরকার বাংলাদেশে যে উন্নয়নমূলক কর্মকাণ্ড করেছে তা জনগণের কাছে তুলে ধরুন।’

    শেখ হাসিনা বলেন, ‘খুনি-সন্ত্রাসীদের কেউ যেন পুনরায় জনগণের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে না পারে সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে হবে।’

    দেশের চলমান উন্নয়নের চিত্র তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ সরকার দেশকে উন্নয়নশীল দেশে পরিণত করেছে। আন্তরিকতা, সুনির্দিষ্ট পরিকল্পনা এবং সে অনুযায়ী পরিকল্পনা বাস্তবায়নের কারণে আমরা বাংলাদেশের ব্যাপক উন্নয়ন করতে সক্ষম হয়েছি।’

    আওয়ামী লীগ সরকার গত ১৫ বছরে ব্যাপক উন্নয়ন করলেও ১৯৭৫-১৯৯৬ এবং ২০০১-২০০৯ পর্যন্ত ২৯ বছরে বিএনপি-জামায়াতসহ অন্যান্য সরকার বাংলাদেশের উন্নয়নে কী করেছে তা নিয়ে প্রশ্ন তোলেন প্রধানমন্ত্রী।

    ২৯ বছর দেশের জনগণের জন্য অন্ধকার ও কষ্টের সময় ছিল উল্লেখ করে তিনি বলেন, ‘তাদের হাতে বাংলাদেশের কোনো ভবিষ্যৎ নেই এবং তারা বাংলাদেশের জনগণের কথা চিন্তা করে না।’

    ঐতিহাসিক ৬ দফা দাবি ও ১৯৭১ সালের মুক্তিযুদ্ধসহ সব সংগ্রামে প্রবাসী বাংলাদেশিদের অবদানের কথা স্মরণ করেছেন প্রধানমন্ত্রী।

    সরকার রেমিট্যান্সে ৫ শতাংশ প্রণোদনা দিচ্ছে জানিয়ে তিনি প্রবাসী বাংলাদেশিদের ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে রেমিট্যান্স পাঠানোর অনুরোধ জানান।

    প্রধানমন্ত্রী বলেন, ‘সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করায় বাংলাদেশে অতি দরিদ্র থাকবে না।’

    তিনি জানান, তার সরকার ইতোমধ্যেই সারাদেশে ৮ লাখ ৪০ হাজার গৃহহীন ও ভূমিহীন পরিবারকে বিনামূল্যে বাড়ি নির্মাণ করে দিয়েছে। দেশকে অতি দারিদ্র্য মুক্ত করতে সরকার ভূমিহীন ও গৃহহীনদের জন্য আরও ১১ হাজার বাড়ি নির্মাণ করছে। এ সরকার ২০৪১ সালের মধ্যে দেশকে স্মার্ট বাংলাদেশে পরিণত করতে কাজ করে যাচ্ছে।

  • আমাদের অবশ্যই যুদ্ধ, সংঘাত ও অস্ত্র প্রতিযোগিতার অবসান ঘটাতে হবে: প্রধানমন্ত্রী

    আমাদের অবশ্যই যুদ্ধ, সংঘাত ও অস্ত্র প্রতিযোগিতার অবসান ঘটাতে হবে: প্রধানমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ২৬ অক্টোবর, ২০২৩: ‘গ্লোবাল গেটওয়ে ফোরাম’ সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বনেতাদের উদ্দেশ্যে বলেন, মানব সংযোগ শান্তি ও অগ্রগতির লাইফলাইন। আমাদের অবশ্যই যুদ্ধ, সংঘাত ও অস্ত্র প্রতিযোগিতার অবসান ঘটাতে হবে।

    গতকাল বুধবার (২৫ অক্টোবর) বেলজিয়ামের রাজধানী ব্র্যাসেলসে শেখ হাসিনা তার আবাসস্থলের জিজিএফ কনফারেন্স হলে ‘গ্লোবাল গেটওয়ে ফোরাম’ সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনে বক্তব্যকালে এ কথা বলেন।

    বেলজিয়ামের ব্রাসেলসে পৌঁছানোর পর প্রধানমন্ত্রী গ্লোবাল গেটওয়ে ফোরামের উদ্বোধনী অধিবেশন এবং দ্বিপাক্ষিক আলোচনাসহ অন্যান্য পার্শ্ব ইভেন্টসহ মোট নয়টি ইভেন্টে যোগ দেন।

    ইসি প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লেইন, ট্রেড কমিশনার এবং ইসি নির্বাহী ভাইস প্রেসিডেন্ট ভালদিস ডোমব্রোভস্কিস, ইসি ক্রাইসিস ম্যানেজমেন্ট কমিশনার জেনেজ লেনারসিক, ইউরোপীয় পার্লামেন্টের ভাইস-প্রেসিডেন্ট নিকোলা বিয়ার, ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংকের প্রেসিডেন্ট ড. হোয়ার এবং ইসি ইন্টারন্যাশনাল পার্টনারশীপ কমিশনার জুটা উরপিলাইনেন এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়।

    বৈঠকে উপস্থিত তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন,  ‘আলাপকালে তার সাথে দেখা হওয়া প্রতিটি ব্যক্তিই শেখ হাসিনার বিচক্ষণ নেতৃত্বে বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়নের ভূয়সী প্রশংসা করেছেন।

    এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সবচেয়ে বড় বিষয় আসন্ন সাধারণ নির্বাচনের মাত্র দুই মাস আগে প্রধানমন্ত্রীকে এমন একটি বিশ্ব ফোরামে যোগদানের আমন্ত্রণ প্রমাণ করেছে বিশ্ব ও ইইউ প্রধানমন্ত্রীর পাশে রয়েছে।

    প্রধানমন্ত্রী বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে ইইউর ভূমিকার প্রশংসা করেন।

    পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী বিনিয়োগের সবচেয়ে অনুকুল পরিবেশ উল্লেখ করে ইইউভুক্ত দেশগুলোকে  বাংলাদেশে  আরো  বৃহত্তর বিনিয়োগের আহবান জানান।

    ইউরোপীয় ইউনিয়নের নেতাদের সঙ্গে বৈঠকে মূলত রোহিঙ্গা, জলবায়ু পরিবর্তন এবং সম্পর্কের বিষয়টি এসেছে।
    তবে আগামী নির্বাচন ও মানবাধিকার নিয়ে কোনো ইস্যু আলোচনা হয়নি বলে জানান তিনি।
    পররাষ্ট্রমন্ত্রী বলেন, মানবাধিকার, মানবিক ন্যায়বিচার, মানবিক মর্যাদা ও গণতন্ত্র প্রতিষ্ঠায় বাংলাদেশ একটি রোল মডেল কেননা এই মহৎ উদ্দেশ্যেই দেশের ৩০ লাখ মানুষ জীবন উৎসর্গ করেছেন।

    মোমেন জানান, ইসির ক্রাইসিস ম্যানেজমেন্ট কমিশনার জেনেজ লেনারসিক রোহিঙ্গাদের জন্য বাংলাদেশকে বাড়তি সাড়ে দশ মিলিয়ন মিলিয়ন ইউরো দেওয়ার আশ্বাস দিয়েছেন।

    প্রধানমন্ত্রী ও ইইউ নেতারা বাংলাদেশ ও ইইউর মধ্যে বিদ্যমান ৫০ বছরের দ্বিপাক্ষিক সম্পর্ককে অন্য উচ্চতায় উন্নীত করার অঙ্গীকার করেছেন বলেও উল্লেখ করেন পররাষ্ট্রমন্ত্রী।

    এ লক্ষ্যে প্রধানমন্ত্রী ইইউর সঙ্গে একটি অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষরের জন্য আলোচনায় সম্মতি দিয়েছেন বলে জানান তিনি।
    ড. মোমেন বলেন, প্রধানমন্ত্রী আজ ল্লোবাল গেটওয়ে ফোরাম সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে ভাষণ দিয়ে ইতিহাস সৃষ্টি করেছেন এবং সকল বাঙালির তাকে নিয়ে গর্ব করা উচিত।

    পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তিনি (শেখ হাসিনা) পুরো অনুষ্ঠানের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন।’ তিনি বলেন, প্রধানমন্ত্রী তাঁর বক্তৃতায় যুদ্ধ ও অস্ত্র বন্ধের আহবান জানানোয় অধিবেশনে উপস্থিত সকল নেতা বার বার হাততালি দেন, তাঁর কাছে ছুটে আসেন এবং তাঁর বক্তব্যের জন্য তার প্রশংসা করেন।

    এ বিষয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, ‘পুরো অধিবেশনের কেন্দ্রবিন্দু ছিলেন  শেখ হাসিনা।’
    তিনি আরও বলেন, গ্লোবাল গেটওয়ে ফোরামের উদ্বোধনী অধিবেশনে দেওয়া বক্তৃতার মধ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভাষণটি ছিল সবচেয়ে মর্মস্পর্শী এবং সবচেয়ে আকর্ষণীয়।

    এ সময় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মোঃ তোফাজ্জেল হোসেন মিয়া এবং অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব শরিফা খান উপস্থিত ছিলেন।

    এদিকে বাংলাদেশের বিদ্যুৎখাতের টেকসই সবুজ রূপান্তরে অবদান রাখতে সরকারের সঙ্গে ইউরোপীয়ান ইনভেস্টমেন্ট ব্যাংক (ইআইবি) নবায়নযোগ্য জ্বালানি প্রকল্পের জন্য ৪০০ মিলিয়ন ইউরোর চুক্তি সই করেছে। এটি দেশের জলবায়ু প্রশমন লক্ষ্যমাত্রা পূরণের লক্ষ্যেও করা হয়েছে।

     

    ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট উরসুলা ভন এক বার্তায় লিখেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে গেছেন।

    গতকাল ব্রাসেলসে এই চুক্তি সই হয়। এ সময় ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়েন এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্লোবাল গেটওয়ে ফোরামে ইইউ ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক সম্প্রসারণ ও উন্নয়নে একটি নতুন অংশীদারিত্ব ও সহযোগিতা চুক্তির বিষয়ে আলোচনা  করেন।

    সূত্র: বাসস