www.HelloBangla.News – আন্তর্জাতিক – ২৬ অক্টোবর, ২০২৩: বিএনপি প্রতিরোধের নামে সহিংসতা করতে চায়, উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, বিএনপি ৭১ এর চেতনা ধারণ করে না। তারা ১৯৪৭ সালের দ্বিজাতিতত্ত্বের ধারণা ধারণ করে। তারা প্রতিরোধের নামে সহিংসতা করতে চায়।
এসময় তিনি আরও জানিয়েছেন, ‘২৮ তারিখের শান্তির সমাবেশে হামলা হলে আমাদের কর্মীরাও পালটা হামলা করবে’।
আজ বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সকালে রাজধানীর সেতু ভবনে ২৮ অক্টোবর কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল উদ্বোধনের জন্য আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
ওবায়দুল কাদের বলেন, নির্বাচন নিয়ে চাপ কেন হবে? অবাধ, শান্তিপূর্ণ নির্বাচন হবে সেখানে চাপের কিছু নেই।
কাদের বলেন, বাংলাদেশের রাজনীতিতে এমন ভয়, আতঙ্ক থাকেই। এর মধ্য দিয়েই দেশ এগিয়ে যাচ্ছে।
তিনি আরও বলেন, আমরা উস্কানি দেব কেন? আমাদের তার কোনো প্রয়োজন নেই। শান্তিপূর্ণভাবে দেশটা চালাতে পারব। আজকের এই উন্নয়ন, বিরোধীরা স্বপ্নেও কখনো এমন উন্নয়ন দেখেনি। এমন উন্নয়নের কথা ভাবতেও পারেনি। তারা আন্দোলন করছে। আমরা একদিকে জনগণের জানমালের নিরাপত্তা রক্ষায় রাজপথে সতর্ক পাহারায় আছি। অন্যদিকে আমাদের উন্নয়ন কার্যক্রমক পরিচালিত হচ্ছে।
এর আগে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের টানেল নিয়ে বিস্তারিত তুলে ধরেন। ২৮ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রামের পতেঙ্গা প্রান্তে টানেল উদ্বোধন করবেন। এরপর আনোয়ারা প্রান্তে জনসভায় অংশ নেবেন। উদ্বোধনের পরের দিন সকাল ৬টা থেকে টানেলে গাড়ি চলাচল শুরু হবে।
