Category: লিড নিউজ

  • আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি আগুন সন্ত্রাস করছে: সেতুমন্ত্রী

    আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি আগুন সন্ত্রাস করছে: সেতুমন্ত্রী

    www.HelloBangla.News – রাজনীতি – ১০ নভেম্বর, ২০২৩: আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি আগুন সন্ত্রাস করছে, বলে উল্লেখ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি আরও বলেন, দেশের গণতন্ত্র কঠিন চ্যালেঞ্জ অতিক্রম করছে।

    আজ শুক্রবার (১০ নভেম্বর) সকালে রাজধানীর গুলিস্তানের জিরো পয়েন্টে শহীদ নূর হোসেন স্কয়ারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর তিনি এ কথা বলেন।

    সেতুমন্ত্রী বলেন, তারাই (বিএনপি) আজকে গণতন্ত্রের নামে আন্দোলন করছে। সেই আন্দোলনের ব্যর্থতার একপর্যায়ে অগ্নিসন্ত্রাস ও সন্ত্রাসী তৎপরতা চালাচ্ছে। তারা এখন আগুন দিয়ে বাস পোড়ানো, পরিবহন পোড়ানো ও আগুন সন্ত্রাসের মতো অপতৎপরতা চালাচ্ছে। তারা সেই ২০১৩, ১৪ ও ১৫ সালের মতো নির্বাচনকে সামনে রেখে এসব অপতৎপরতার পুনরাবৃত্তি ঘটাচ্ছে। আজকে তারা যে আন্দোলন করছে, সেই আন্দোলনে জনসম্পৃক্ততার অভাব।

    তিনি বলেন, আন্দোলনের ব্যর্থতাকে তারা চোরাগোপ্তার দিকে নিয়ে গেছে। চোরাগোপ্তা আন্দোলন চালিয়ে তারা বর্তমান সরকার এবং শেখ হাসিনাকে হঠাতে চায়। এর মাধ্যমে তারা নির্বাচন বানচাল করতে চায়— এটাই হচ্ছে বিএনপির নেতৃত্বে বিরোধীদলের আন্দোলনের প্রধান লক্ষ্য।

    আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘গণতন্ত্র মুক্তি পাক, স্বৈরাচার নিপাত যাক’— এই স্লোগান নূর হোসেন বুকে ও পিঠে লিখে রাজপথের কর্মসূচিতে যোগ দিয়েছিলেন। নূর হোসেনের রক্ত গণতন্ত্রকে শিকলমুক্ত করার লড়াইয়ে এক নতুন দিগন্ত উন্মোচন করে। এটা ছিল অনেকটা টার্নিং পয়েন্টের মতো। আজকের দিনে অনেক বাধা বিপত্তি ও চ্যালেঞ্জ অতিক্রম করে গণতন্ত্রের অগ্রযাত্রা আমাদের দেশে অব্যাহত রয়েছে। গণতন্ত্রকে শিকলমুক্ত করতে আমাদের দেশে স্বৈরাচারবিরোধী সংগ্রামে আপসহীন সংগ্রামের ভূমিকা পালন করেছিলেন আমাদের নেত্রী প্রধানমন্ত্রী ও তৎকালীন বিরোধীদলীয় নেত্রী শেখ হাসিনা।

    সেতুমন্ত্রী বলেন, পৃথিবীতে গণতন্ত্র নিয়ে যত কথাই বলুক, গণতন্ত্র কোথাও পারফেক্ট নয়। গণতন্ত্রের ত্রুটি আছে।

    এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, মির্জা আজম, সুজিত রায় নন্দী, প্রচার ও প্রকাশনাবিষয়ক সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক আব্দুস সবুর, সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, কৃষি ও সমবায়বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, শিক্ষা ও মানবসম্পদবিষয়ক সম্পাদক শামসুন নাহার চাপা, উপ-দপ্তর সায়েম খান এবং উপ-প্রচার ও প্রকাশনাবিষয়ক সম্পাদক আব্দুল আউয়াল শামীম ।

  • কৃত্রিম বৃষ্টির আগে প্রাকৃতিক বৃষ্টিতে দিল্লিতে স্বস্তি

    কৃত্রিম বৃষ্টির আগে প্রাকৃতিক বৃষ্টিতে দিল্লিতে স্বস্তি

    www.HelloBangla.News – আন্তর্জাতিক – ১০ নভেম্বর, ২০২৩: গত কয়েকদিন ধরেই মারাত্মক দূষণের কবলে ছিল দিল্লি।এর আগে গত ৬ নভেম্বর দিল্লিতে শ্বিকাপের বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার খেলা অনুষ্ঠিত হয়ছিলো দূষণের মধ্যেই। তাই সরকার ভাবছিলো দেশটির রাজধানী দিল্লিকে সরকার কৃত্রিম বৃষ্টির প্রস্তুতি নিয়েছিল। কথা ২০ এবং ২১ নভেম্বরের দিকে দিল্লিতে কৃত্রিম বৃষ্টিপাত করানো হবে। তবে তার আগেই প্রাকৃতিক বৃষ্টিতে ভিজল দিল্লি।

    আজ শুক্রবার রাতের এ বৃষ্টি সেখানকার মানুষের জন্য স্বস্তি নিয়ে এসেছে। রাতভর বৃষ্টিপাতের কারণে বাতাসে দূষণের মাত্রাও উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। গত ৪৮ ঘণ্টা ধরে এয়ার কোয়ালিটি ইনডেক্সে দূষণের মাত্রা ছিল প্রায় ৫০০। তা কমে দাঁড়িয়েছে ১৭২-এ।

    এর আগে দিল্লির পরিবেশমন্ত্রী গোপাল রাই জানিয়েছিলেন, ২০ থেকে ২১ নভেম্বর দিল্লিতে দূষণের মাত্রা কমাতে কৃত্রিম ডিভাইস ব্যবহার করে বৃষ্টি নামানো হবে।

    দিল্লির বাতাসের মান অত্যন্ত খারাপ থাকায় গত কয়েক দিন ধরে একেবারে নীচু থেকে নবম শ্রেণি পর্যন্ত সব ক্লাস অনলাইনে করার নির্দেশ দিয়েছিল কেজরিওয়াল সরকার। ১৮ নভেম্বর পর্যন্ত স্কুলগুলোতে আগাম শীতের ছুটি দেওয়া হচ্ছে। সাধারণত ডিসেম্বর-জানুয়ারিতে শিশুরা যে ছুটি পেয়ে থাকে এটি সেই ছুটিরই অংশ। পরে শীতের ছুটির সময়ে দিন কমিয়ে দেওয়া হবে। শিশুদের স্বাস্থ্যের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত বলে জানানো হয়।

    এরই মধ্যে নাসার একটি উপগ্রহ চিত্রে ভয়াবহ পরিস্থিতি দেখা গেছে। উপগ্রহে ধরা পড়া সেই ছবিতে দেখা গেছে, উত্তরে পাঞ্জাব থেকে পূর্বে বঙ্গোপসাগর পর্যন্ত ধোঁয়াশার চাদর বিস্তৃত রয়েছে। দিল্লির এই ভয়াবহ দূষণের দায় গিয়ে পড়েছে মূলত পাঞ্জাব ও হরিয়ানা সরকারের ওপরে।

    এদিকে গতরাতের বৃষ্টির পর আম আদমি পার্টির নেতা সোমনাথ ভারতী বলেছেন, দিল্লিতে বৃষ্টি হচ্ছে, এটা কৃত্রিম বৃষ্টি নয়, বৃষ্টি পাঠিয়েছেন ঈশ্বর। ভগবান সবসময় অরবিন্দজি এবং আম আদমি পার্টির সঙ্গে আছেন।

  • শ্রীলঙ্কাকে হারিয়ে সেমির পথে নিউজিল্যান্ড

    শ্রীলঙ্কাকে হারিয়ে সেমির পথে নিউজিল্যান্ড

    www.HelloBangla.News – খেলাধুলা – ১০ নভেম্বর, ২০২৩: শ্রীলঙ্কার দেওয়া জয়ের জন্য ১৭২ রানের টার্গেট মাত্র ২৩.২ ওভারে করে ৫ উইকেটে জিতে শেষ চারে এক পা যেন দিয়েই রাখল নিউজিল্যান্ড। এদিকে এই জয়ে  ৯ ম্যাচ শেষে ১০ পয়েন্ট নিয়ে চারে আছে নিউজিল্যান্ড। সেমিফাইনালে উঠতে রানরেটেও (+০.৯২২) বেশ শক্ত অবস্থানে আছে তারা। তাই তাদের টপকে সেমিফাইনালে যেতে হলে নিজেদের শেষ ম্যাচে বিশাল ব্যবধানে জিততে হবে পাকিস্তান (+০.০৩৬) ও আফগানিস্তানকে (-০.৩৩৮)। অন্যদিকে বিশ্বকাপের শেষ ম্যাচ হেরে চ্যাম্পিয়নস লিগ স্বপ্নে বড় ধাক্কাই খেল শ্রীলঙ্কা। ৯ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের নয়ে আছে তারা।

    গতকাল বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় কিউইরা। সেমিফাইনাল নিশ্চিত করতে আজকের ম্যাচে জয়ের বিকল্প ছিল না তাদের। সেই কাজ আরও সহজ করে দেন বোলাররা। যদিও ওপেনিংয়ে নেমেই আগ্রাসী ব্যাটে খেলতে থাকেন কুশল পেরেরা। চার-ছক্কার পসরা সাজিয়ে মাত্র ২২ বলে ছুঁয়ে ফেলেন ফিফটি।

    চলতি বিশ্বকাপে যা দ্রুততম। কিন্তু ফিফটির পরই থেমে যেতে হলো তাকে। এরপর দুই প্রান্তে সমান তালে উইকেট শ্রীলঙ্কাকে ১৭১ রানে গুটিয়ে দেয় নিউজিল্যান্ড। কুশল পেরেরা বাদে আর কোনো লঙ্কান ব্যাটারই থিতু হতে পারেননি। ২৮ বলে ৯ চার ও ২ ছক্কায় ৫১ রানে ফেরেন পেরেরা। দ্বিতীয় সর্বোচ্চ অপরাজিত ৩৯ রান আসে মাহিশ থিকশানার ব্যাট থেকে।

    কিউইদের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন ট্রেন্ট বোল্ট। এছাড়া রাচিন রবীন্দ্র, লকি ফার্গুসন ও মিচেল স্যান্টনারের শিকার দুটি করে উইকেট।

    ১৭২ রানের লক্ষ্যে শুরুটা দারুণ করে নিউজিল্যান্ড। রাচিন রবীন্দ্র ও ডেভন কনওয়ের উদ্বোধনী জুটি থেকে আসে ৮৬ রান। এরপর দ্রুত কিছু উইকেট হারালেও জয় নিশ্চিত করেই মাঠ ছাড়ে কিউইরা। রাচিন ৪২, কনওয়ে ৪৫ ও মিচেল করেন ৪৩। দারুণ বোলিংয়ে ম্যাচসেরা হন বোল্ট। এই ম্যাচেই বিশ্বকাপে ৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন কিউই পেসার।

    ম্যাচ সেরা হয়েছেন ট্রেন্ট বোল্ট(নিউজিল্যান্ড)।

    সংক্ষিপ্ত স্কোর :

    শ্রীলংকা : ১৭১/১০, ৪৬.৪ ওভার (পেরেরা ৫১, থিকশানা ৩৮*, বোল্ট ৩/৩৭)।

    নিউজিল্যান্ড : ১৭২/৫, ২৩.২ ওভার (কনওয়ে ৪৫, মিচেল ৪৩, ম্যাথুজ ২/২৯)।

    ফল : নিউজিল্যান্ড ৫ উইকেটে জয়ী।

  • জাতীয় সংসদের নির্বাচনের তফসিল দ্রুত ঘোষণা করা হবে: সিইসি

    জাতীয় সংসদের নির্বাচনের তফসিল দ্রুত ঘোষণা করা হবে: সিইসি

    www.HelloBangla.News – জাতীয় – ০৯ নভেম্বর, ২০২৩: নির্দিষ্ট সময়ে জাতীয় সংসদ নির্বাচন করতে আমাদের বাধ্যবাধকতা থাকায় আমরা খুব দ্রুত তফসিল ঘোষণা করবো, বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

    আজ বৃহস্পতিবার (৯ নভেম্বর) দুপুরে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বে কমিশনের একটি প্রতিনিধি দল। এসময় তিনি এ কথা বলেন।

    সাক্ষাৎকালে প্রধান নির্বাচন কমিশনার আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক প্রস্তুতি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

    সিইসি বলেন, আগামী নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনের প্রস্তুতির বিষয়ে রাষ্ট্রপতিকে অবহিত করেছি। আমাদের প্রস্তুতিতে রাষ্ট্রপতি সন্তুষ্ট হয়েছেন। রাষ্ট্রপতি আশা প্রকাশ করেছেন, আগামী নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে। অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে তিনি নির্বাচন কমিশনকে সব ধরনের সহযোগিতা করবেন।

    হাবিবুল আউয়াল জানান, রাষ্ট্রপতি বলেছেন, যেকোনো মূল্যে সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করতে হবে।

    সংবিধান অনুযায়ী সংসদের পাঁচ বছর মেয়াদ শেষ হওয়ার ৯০ দিনের মধ্যে সংসদ নির্বাচন অনুষ্ঠানের বাধ্যবাধকতা রয়েছে। বর্তমান সংসদের মেয়াদ ২০২৪ সালের ২৯ জানুয়ারি শেষ হবে। এক্ষেত্রে ৯০ দিনের গণনা শুরু হবে ২০২৩ সালের ১ নভেম্বর থেকে। নভেম্বরের মাঝামাঝি জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা ও জানুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছে বলে নির্বাচন কমিশন জানিয়েছে।

    জাতীয় সংসদ নির্বাচনের আসনভিত্তিক ভোটার তালিকা চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। এতে মোট ভোটার ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৬৩৩। মোট ভোটারের মধ্যে নারী ৫ কোটি ৮৯ লাখ ১৯ হাজার ২০২, পুরুষ ভোটার ৬ কোটি ৭ লাখ ৭১ হাজার ৫৭৯ এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৮৫২ জন।

    সংসদ নির্বাচন সামনে রেখে তরুণদের অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ দেওয়ায় ভোটার সংখ্যা বেড়েছে ৫ লাখ ৪০ হাজার ১৯৩ জন। জেলা নির্বাচন কর্মকর্তারা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ৩০০ আসনভিত্তিক ভোটার তালিকা চূড়ান্ত করেছে ইসি। এ তালিকা অনুযায়ী সংসদ নির্বাচনের ভোটগ্রহণ করা হবে।

    এ সময় নির্বাচন কমিশনার এবং রাষ্ট্রপতির সচিবগণ উপস্থিত ছিলেন।

  • বছরে ২৭ লাখ মেট্রিক টন আলু উদ্বৃত্ত থাকার কথা: বাণিজ্যমন্ত্রী

    বছরে ২৭ লাখ মেট্রিক টন আলু উদ্বৃত্ত থাকার কথা: বাণিজ্যমন্ত্রী

    www.HelloBangla.News – অর্থনীতি – ০৯ নভেম্বর, ২০২৩: বছরে ২৭ লাখ মেট্রিক টন আলু উদ্বৃত্ত থাকার কথা, বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।তিনি বলেন, আলু কোল্ড স্টোরেজে আছে। এটা ঠিক ব্যবসায়ীরা কিছুটা সুযোগ নিচ্ছে। এখানে কিছু তথ্য সংক্রান্ত ব্যাপার পরিষ্কার হওয়া দরকার। আমাদের কৃষি মন্ত্রণালয় বলছে, এক কোটি ৭-৮ লাখ মেট্রিক টন আলু আমাদের দেশে উৎপাদিত হয়। আর আমরা ভোগ করি ৭০-৭৫ লাখ মেট্রিক টন। তাহলে ২৭ লাখ মেট্রিক টন আলু উদ্বৃত্ত থাকার কথা। কিন্তু আমরা এই হিসাবটি সঠিক বলে দেখছি না। আজকে আমরা সব কোল্ড স্টোরেজ হিসাব করে দেখেছি, এককেজি আলুও আমদানি হয়নি। তাহলে কোথাও ভুল রয়েছে।

    আজ বৃহস্পতিবার (৯ নভেম্বর) সকালে দেশব্যাপী এক কোটি স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ ও চালসহ টিসিবি পণ্য বিক্রয় কার্যক্রম-২০২৩ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

    রাজধানীর মালিবাগে অবস্থিত পিডব্লিউডি স্টাফ কোয়ার্টারে এ অনুষ্ঠানের আয়োজন করে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) আঞ্চলিক কার্যালয়।

    বাণিজ্যমন্ত্রী বলেন, আলু আজকে আমাদের দেশে ঢুকতে শুরু করেছে। ৬৮ হাজার টন আলু দেশে এসেছে । যা আমাদের জন্য কিছুই না। কিন্তু তারই প্রভাব পড়তে শুরু করেছে। অসাধু ব্যবসায়ীরা বুঝতে পারছে আলু ঢুকবে, তারা দাম কমাতে শুরু করেছে। এই কথা সত্যি অসাধু ব্যবসায়ীরা বার বার সুযোগ নেয়। আমরা চেষ্টা করছি, সীমিত জনশক্তি নিয়ে এটিকে নিয়ন্ত্রণ করার।

    পেঁয়াজের দামের বিষয়ে তিনি বলেন, আজকে বিশ্বজুড়ে যে মূল্যস্ফীতি চলছে, এর প্রভাব থেকে আমরা বের হতে পারছি না। আমাদের দেশে যতটুকু পেঁয়াজ প্রয়োজন তার ৮০ শতাংশ আমরা উৎপাদন করি। ২০ শতাংশ পেঁয়াজ আমাদের সংকট রয়েছে। বেশ কয়েক বছর ধরে আমরা এটি উন্নীত করার চেষ্টা করছি। এই বছরও আমাদের ২৪ লাখ টন পেঁয়াজ প্রয়োজন। এর মধ্যে আমাদের ৭-৮ লাখ টন সংকট রয়েছে। এটি আমাদের আমদানি করতে হয়। আর আমরা ৯০ শতাংশ পেঁয়াজ আমদানি করি ভারত থেকে। কিন্তু গত কয়েক মাস আগে ভারত তাদের পেঁয়াজ রপ্তানির ওপর ৪০ শতাংশ শুল্ক আরোপ করলো। তাদের দেশেও অভাব শুরু হয়েছে।

    বাণিজ্যমন্ত্রী আরও বলেন, গত দিন ১৫ আগে ভারত পেঁয়াজ রপ্তানির দাম ঠিক করে দিয়েছে আটশ ডলার। অতএব ভারত থেকে যদি পেঁয়াজ আমদানি করতে হয়, তাহলে আমাদের ৯০ টাকা কেজি দাম ধরতে হবে। তারপর আবার ট্যাক্স আছে, ডিউটি আছে। অর্থাৎ ভারত থেকে আমরা যদি পেঁয়াজ আমদানি করি তাহলে ১১০ থেকে ১২০ টাকা দাম পড়বে। বর্তমান পরিস্থিতিতে আমাদের এই দামেই পেঁয়াজ আনতে হবে। আমাদের দেশি পেঁয়াজও শেষ প্রান্তে। আশা করছি, আগামী মাসের মাঝামাঝিতে নতুন পেঁয়াজ বাজারে আসবে, তখন পেঁয়াজের দাম কমবে।

    ডিমের দামের বিষয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, ডিম আমাদের দেশে একটিও ঢুকেনি। কিন্তু ডিম আমদানির নির্দেশ দেওয়ার পরদিন এক টাকা করে প্রতি ডিমে দাম কমে গেছে। দেড় মাস চেষ্টার পর আমরা ডিম আমদানি করতে পারলাম। বিভিন্ন আইনি জটিলতা পার করে গত দুই দিন আগে ডিম দেশে এসেছে। বাজারে ভীষণ রকমভাবে এর প্রভাব পড়েছে। আজকে কোথাও কোথাও ১০ টাকা- সাড়ে ১০টাকায় কোথাও কোথাও ডিম পাওয়া যাচ্ছে। আলুও ঢুকতে শুরু করেছে। আলুর দামও কমে যাবে।

    তিনি আরও বলেন, আমরা একটি স্বপ্নের বাংলাদেশ তৈরি করতে চেয়েছিলাম। অসংখ্য মানুষের রক্তে কেনা এই বাংলাদেশ। আমাদের এই বাংলাদেশকে বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ করতেই হবে। কোনো অসাধু রাজনীতিবিদ, সুযোগ সন্ধানী, যাদের মাথার ওপর এখনো পাকিস্তানের ভূত আছে, সেসব রাজনীতিবিদের হাত থেকে বাংলাদেশকে আমাদের বের করে নিয়ে আসতে হবে।

    টিসিবির স্মার্ট কার্ডের বিষয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশের দিকে নিয়ে যাচ্ছেন। তারই ধারাবাহিকতায় এক কোটি পরিবারকে টিসিবির স্মার্ট কার্ড দেওয়ার কাজ শুরু হয়েছে। এখন থেকে আর কোথাও কোনো অসামঞ্জস্যতা থাকবে না। আমরা কয়েক মাসের মধ্যে এই এক কোটি কার্ড সবার মাঝে পৌঁছে দেবো।কেউ একটি টাকাও এর জন্য খরচ করবেন না।

    অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস ও বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ। এছাড়া অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. আরিফুল হাসান, ডিএসসিসির ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মামুন রশিদ শুভ্র। এতে সহযোগিতা করেন মেসার্স জে. কে. ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. মনির হোসেন জমাদ্দার।

    এই স্মার্ট ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রতি মাসে একটি পরিবারকে ৩০ টাকা দরে পাঁচ কেজি চাল, ১শ টাকা দরে দুই লিটার সয়াবিন তেল, ৬০ টাকা দরে দুই কেজি মশুর ডাল, ৭০ টাকা দরে এক কেজি চিনি দেওয়া হবে।

  • আজ শুরু হচ্ছে বঙ্গবন্ধু শিল্পনগর থেকে পণ্য রফতানি

    আজ শুরু হচ্ছে বঙ্গবন্ধু শিল্পনগর থেকে পণ্য রফতানি

    www.HelloBangla.News – অর্থনীতি – ০৯ নভেম্বর, ২০২৩: মীরসরাইয়ের বঙ্গবন্ধু শিল্পনগর থেকে আজ প্রথমবারের মতো পণ্য রফতানি শুরু হচ্ছে। চীনের মালিকানাধীন কেপিএসটি সু (বিডি) কোম্পানি লিমিটেড সব প্রক্রিয়া শেষে বেপজা থেকে অনুমোদন পেয়েছে।

    আজ বৃহস্পতিবার (৯ নভেম্বর) এই শিল্পনগর থেকে পণ্য রফতানি শুরু হচ্ছে। প্রথম চালানে জুতা তৈরির সামগ্রী প্রায় তিন লাখ ৪৯৩ হাজার মার্কিন ডলারের ইভা শিট রফতানি হবে।

    গত ৩ নভেম্বর থেকে কেপিএসটি সু (বিডি) কোম্পানি লিমিটেড বাণিজ্যিক উৎপাদন শুরু করে। ৮.০৬ মিলিয়ন ডলার বিনিয়োগ পরিকল্পনা নিয়ে কোম্পানি এখন পর্যন্ত বিনিয়োগ করেছে ৩.৪৮ মিলিয়ন ডলার।

    জানা গেছে বিদেশে রফতানির সব প্রক্রিয়া অনুসরণ করে এই চালানটি ঢাকার গাজীপুরের ব্লু ওশান ফুটওয়্যার নামের প্রতিষ্ঠানে যাবে। বিদেশি বায়ার মনোনীত কোম্পানি হিসেবে কেপিএসটি সুজ থেকে ব্লু ওশান ফুটওয়্যার জুতা তৈরির সামগ্রী নিচ্ছে। এটাকে ডিমড এক্সপোর্ট বলা হয়।

    বেপজা সূত্র জানায়, এরই মধ্যে বেপজা অর্থনৈতিক অঞ্চলে চীনের মালিকানাধীন ফ্যানকুন কম্পোজিট ম্যাটেরিয়াল কোম্পানি বিডি লিমিটেড ও কাইশি লিঙ্গারি বাংলাদেশ কোম্পানি লিমিটেড নামে আরও দুটি প্রতিষ্ঠান পরীক্ষামূলক উৎপাদন শুরু করেছে। এর মধ্যে জুতার অ্যাকসেসরিজ উৎপাদনকারী ফ্যানকুন কম্পোজিট বিনিয়োগ করবে ২.২ মিলিয়ন ডলার, কাইশি লিঙ্গারি বিনিয়োগ করবে ৬১ মিলিয়ন ডলার।

  • গাজায় মানবিক সহায়তার বিষয়ে সম্মেলন করবে ফ্রান্স

    গাজায় মানবিক সহায়তার বিষয়ে সম্মেলন করবে ফ্রান্স

    www.HelloBangla.News – আন্তর্জাতিক – ০৯ নভেম্বর, ২০২৩: প্রায় এক মাসেরও বেশি সময় ধরে গাজায় হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল । ইতোমধ্যে গাজায় প্রতিশোধমূলক ইসরায়েলি সামরিক অভিযানে ১০,৫০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। এদের মধ্যে অধিকাংশই নারীও শিশু।

    এই প্রেক্ষিতে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ আজ বৃহস্পতিবার (৯ নভেম্বর) গাজার জন্য মানবিক সহায়তার বিষয়ে একটি সম্মেলনের আয়োজন করতে যাচ্ছেন। তবে ইসরায়েল এই সম্মেলনে থাকবে না।

    ম্যাক্রোঁর একজন সহযোগী সম্মেলনের আগে নাম প্রকাশ না করার শর্তে সাংবাদিকদের বলেছেন, ‘ইসরায়েলসহ সব সরকারেরই গাজার মানবিক পরিস্থিতির উন্নতিতে আগ্রহ’ রয়েছে।’

    ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, জিম্মিদের মুক্তি না দেওয়া পর্যন্ত গাজায় কোনো জ্বালানি সরবরাহ করা যাবে না এবং হামাসের সঙ্গে কোনো যুদ্ধবিরতিও হবে না।

    এলিসি প্যালেস জানিয়েছে, ম্যাক্রাঁ মঙ্গলবার নেতানিয়াহুর সাথে কথা বলেছেন এবং বৃহস্পতিবারের সহায়তা সম্মেলন শেষ হলে এই জুটি আবার কথা বলবেন।

    হামাসের ঘনিষ্ঠ একটি সূত্র বুধবার এএফপি’কে জানিয়েছে, গাজা উপত্যকায় তিন দিনের যুদ্ধবিরতির বিনিময়ে ছয় আমেরিকানসহ হামাসের হাতে আটক এক ডজন জিম্মিকে মুক্তি দেওয়ার জন্য আলোচনা চলছে।

    অন্য একটি সূত্র জানিয়েছে, কাতার ‘এক থেকে দুই দিনের যুদ্ধবিরতির বিনিময়ে ১০-১৫ জিম্মিকে মুক্ত করতে’ মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সমন্বয় করে আলোচনায় মধ্যস্থতা করছে।

    মিশরের মতো কাতারও গাজা উপত্যকায় আরও সাহায্য আনার প্রচেষ্টায় মুখ্য ভূমিকা পালন করে আসছে।

    এলিসি প্রাসাদ জানিয়েছে, ম্যাক্রোঁ মঙ্গলবার মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি এবং কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানির সাথে কথা বলেছেন।

    বৃহস্পতিবারের সহায়তা সম্মেলনটি ১০-১১ নভেম্বর বার্ষিক প্যারিস শান্তি ফোরামের সাইডলাইনে তাড়াহুড়ো করে একসাথে করা হয়েছে।

    ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রনালয় গত সপ্তাহে বলেছে, ‘সমস্ত প্রধান দাতাদের কাছাকাছি যাওয়া এবং গাজায় সাহায্যের গতি বাড়ানোর ধারণাটি হল, এতে খাদ্য, জ্বালানি এবং চিকিৎসা সরবরাহ, আর্থিক এবং মানবিক সহায়তার মতো পণ্যের অনুদানের বিভাগ থাকবে।

    কিছু আরব দেশ প্রতিনিধি পাঠাবে বলে আশা করা হচ্ছে, যদিও ফিলিস্তিনি কর্তৃপক্ষ তার প্রধানমন্ত্রী এবং মিশর এক মন্ত্রী পর্যায়ের প্রতিনিধি পাঠাবে।

    ইইউ প্রধান চার্লস মিশেল এবং উরসুলা ভন ডার লেইনের সাথে গ্রীস, আয়ারল্যান্ড এবং লুক্সেমবার্গের প্রধানমন্ত্রীরা উপস্থিত থাকবেন।

    সম্মেলন শেষে কোনো যৌথ ঘোষণার পরিকল্পনা নেই।

    সূত্র: বাসস

  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ফিল্ডিং নিয়েছে নিউজিল্যান্ড

    শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ফিল্ডিং নিয়েছে নিউজিল্যান্ড

    www.HelloBangla.News – খেলাধুলা – ০৯ নভেম্বর, ২০২৩: আজকের খেলায় জেতার পাশাপাশি নিউজিল্যান্ডের রানরেট বাড়াতে হবে তাহলে সেমিফাইনালে যাওয়ার সম্ভাবনা আছে। অপর দিকে চ্যাম্পিয়ন ট্রফিতে খেলার যোগ্যতা অর্জন করতে হলে আজকের খেলায় শ্রীলঙ্কাকে জিতেতে হবে। তাই কেউ কাউকে ছাড় দেয়ার প্রশ্নই আসে না। বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে এই সমীকরণকে সামনে রেখে টস করতে নেমে জয় পেয়েছেন কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন। টস জিতে ফিল্ডিং করছে নিউজিল্যান্ড।

    বেঙ্গালুরুতে আবহাওয়া নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে আজ। বৃষ্টিতেও ভেসে যেতে পারে আজকের ম্যাচটি। আবহাওয়ার কথা বিবেচনা করেই শ্রীলঙ্কাকে ব্যাট করতে পাঠিয়েছেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। নিজেরা ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন।

    একটি পরিবর্তন আনা হয়েছে নিউজিল্যান্ড একাদশে। ইস সোধির পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন লকি ফার্গুসন। শ্রীলঙ্কা দলেও একটি পরিবর্তন আনা হয়েছে। কাসুন রাজিথার পরিবর্তে দলে সুযোগ পেয়েছেন চামিকা করুনারত্নে।

     

    নিউজিল্যান্ড একাদশ

    ডেভন কনওয়ে, রাচিন রাবিন্দ্রা, কেন উইলিয়ামসন, ড্যারিল মিচেল, মার্ক চাপম্যান, গ্লেন ফিলিপস, টম লাথাম, মিচেল সান্তনার, লকি ফার্গুসন, টিম সাউদি ও ট্রেন্ট বোল্ট।

     

    শ্রীলঙ্কা একাদশ

    পাথুম নিশাঙ্কা, কুশল পেরেরা, কুশল মেন্ডিস (অধিনায়ক), সাদিরা সামারাবিক্রমা, চারিথ আশালঙ্কা, অ্যাঞ্জেলো ম্যাথিউজ, ধনঞ্জয়া ডি সিলভা, চামিকা করুনারত্নে, মহেশ থিকসানা, দুষ্মন্তে চামিরা ও দিলশান মধুশঙ্কা।

  • নেদারল্যান্ডসের বিপক্ষে ১৬০ রানে জিতেছে ইংল্যান্ড

    নেদারল্যান্ডসের বিপক্ষে ১৬০ রানে জিতেছে ইংল্যান্ড

    www.HelloBangla.News – খেলাধুলা – ০৯ নভেম্বর, ২০২৩: আট খেলায় দুইটিতে জয় নিয়ে বাংলাদেশে সমান পয়েন্ট ইংল্যান্ডের। তবে গতকাল নেদারল্যান্ডকে ১৬০ রানে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার আশা বাঁচিয়ে রাখলো ইংল্যান্ড।এদিকে আফগানিস্তান ও নেদারল্যান্ড ভালো অবস্থানে রয়েছে।বাংলাদেশ শেষ খেলায় অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় বা রান রেট যদি ভালো করতে পারে তাহলে চ্যাস্পিয়ন ট্রফিতে খেলতে পারবে।

    বিশ্বকাপের ৪০তম ম্যাচে গতকাল পুনের মহারাষ্ট্র ক্রিকেট স্টেডিয়ামে নেদারল্যান্ডসের বিপক্ষে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৩৩৯ রান সংগ্রহ করে ইংল্যান্ড। জবাব দিতে নেমে ৩৭.২ ওভারে ১৭৯ রানে গুটিয়ে যায় ডাচরা। বেন স্টোকসের সেঞ্চুরির পর বল হাতে নৈপুণ্য দেখিয়েছেন আদিল রশিদ ও মঈন আলী।

    আগে ব্যাট করতে নেমে দেখেশুনে খেলতে থাকেন ইংলিশ দুই ওপেনার জনি বেয়ারস্টো ও ডেভিড মালান। তবে ইনিংস লম্বা করতে পারেননি বেয়ারস্টো। ১৫ রানে তার বিদায়ের পর তিনে নেমে কিছুক্ষণ লড়ে যান জো রুট। মালানের সঙ্গে গড়েন ৮৫ রানের জুটি। রুটকে ২৮ রানে ফিরিয়ে এই জুট ভাঙেন ফন বিক। এরপর দ্রুত উইকেট হারান হ্যারি ব্রুক (১১), জস বাটলার (৫) ও মঈন আলী (৪)।

    সপ্তম উইকেটে লড়তে থাকা স্টোকসকে সঙ্গ দেন ক্রিস ওকস। ৫৮ বলে ফিফটি পূর্ণ করা স্টোকসের সঙ্গে তিনি গড়েন ১২৯ রানের জুটি। ৪৪ বলে ফিফটিরও দেখা পান এই ব্যাটার। এরপর আর এক রান যোগ করতেই হারান উইকেট। তবে লড়ে যান স্টোকস। ৭৮ বলে তুলে নেন সেঞ্চুরি। শেষ ওভারের চতুর্থ বলে এসে হারান ‍উইকেট। এর আগে তিনি খেলে যান ৮৪ বলে ৬ চার ও ৬ ছক্কায় ১০৮ রানের ইনিংস।

    ডাচদের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেন বাস ডি লিড। জোড়া উইকেট পান আরিয়ান দুত ও ফন বিক। একটি উইকেট তুলে নেন পল ফন মিকারেন।

    ৩৪০ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে ৫ রানেই বিদায় নেন ম্যাক্স ও ডাউড। তিনে নামা অ্যাকরমান ফেরেন ডাক মেরে। চারে নেমে ওপেনার ওয়েসলে বারেসির সঙ্গে কিছুক্ষণ থিতু হন অ্যাঙ্গলব্রেখট। তবে রান আউট হয়ে বারেসি (৩৭) ফিরে গেলে ভাঙে জুটি। বেশিক্ষণ টিকতে পারেননি অ্যাঙ্গলব্রেখটও। তিনি বিদায় নেন ৩৩ রান করে। এরপর বাস ডি লিড এসে করেন ১০ রান।

    ষষ্ঠ উইকেটে স্কট এডওয়ার্ডসের সঙ্গে ইনিংসের সর্বোচ্চ ৫৯ রানের জুটি গড়েন নিদামানুরু। এডওয়ার্ডসকে ৩৮ রানে ফিরিয়ে সেই জুটি ভাঙেন মঈন। পরবর্তীতে নিদামানুরু ছাড়া আর কেউ টিকতে পারেননি। অপরাজিত থাকা নিদামানুরু করেন ৩৪ বলে সর্বোচ্চ ৪১ রান।

    ইংলিশদের হয়ে ৩টি করে উইকেট নেন রশিদ ও মঈন। জোড়া উইকেট পান ডেভিড উইলি। একটি উইকেট নেন ক্রিস ওকস। ম্যাচ সেরা হয়েছেন বেন স্টোকস(ইংল্যান্ড)।

     

    সংক্ষিপ্ত স্কোর :

    ইংল্যান্ড : ৩৩৯/৯, ৫০ ওভার (স্টোকস ১০৮, মালান ৮৭, লিডে ৩/৭৪)।

    নেদারল্যান্ডস : ১৭৯/১০, ৩৭.২ ওভার (নিদামানুরু ৪১*, এডওয়ার্ডস ৩৮, মঈন ৩/৪২)।

  • সৌদি আরব সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

    সৌদি আরব সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ৮ নভেম্বর, ২০২৩: ‘ইসলামে নারী বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন’-এ যোগদান এবং পবিত্র ওমরাহ পালন শেষে সৌদি আরব থেকে আজ সকালে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইট সকাল ৭টা ৪০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

    বিমানবন্দরে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ফুলের তোড়া দিয়ে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান। এসময় বিমান প্রতিমন্ত্রী ও সংশ্লিষ্ট মন্ত্রনালয়ের সচিব এবং পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    এরআগে, বিমানটিটি স্থানীয় সময় রাত ১০.৫৪ মিনিটে জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।

    প্রধানমন্ত্রী ৫ নভেম্বর মদিনার প্রিন্স মোহাম্মদ বিন আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান এবং মদিনার মসজিদ আল-নববীতে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর রওজা মোবারক জিয়ারত এবং আসরের নামাজের পর সেখানে ফাতেহা পাঠ করেন।

    একই দিনে তিনি মদিনা ছেড়ে মক্কায় পৌঁছান। সেখানে প্রধানমন্ত্রী এশার নামাজের পর আল মসজিদ আল-হারামে (কা’বা শরীফ) পবিত্র ওমরাহ পালন করেন।

    গত ৬ নভেম্বর প্রধানমন্ত্রী ইসলামে নারী বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে বক্তব্য রাখেন।

    জেদ্দা হিলটনে সম্মেলনে যোগ দেওয়ার পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) মহাসচিব হিসেন ব্রাহিম তাহা, ইরানের নারী ও পরিবারবিষয়ক বিভাগের ভাইস প্রেসিডেন্ট এনসিহ খাজালি, ওআইসি নারী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ড. আফনান আলশুয়াইবি এবং সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহানের সঙ্গেও বৈঠক করেন।

    ৬-৮ নভেম্বর সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত এ আন্তর্জাতিক সম্মেলন ওআইসির সদর দপ্তরের সমন্বয়ে সৌদি আরবে আয়োজন করে।

    সূত্র : বাসস