www.HelloBangla.News – অর্থনীতি – ০৯ নভেম্বর, ২০২৩: মীরসরাইয়ের বঙ্গবন্ধু শিল্পনগর থেকে আজ প্রথমবারের মতো পণ্য রফতানি শুরু হচ্ছে। চীনের মালিকানাধীন কেপিএসটি সু (বিডি) কোম্পানি লিমিটেড সব প্রক্রিয়া শেষে বেপজা থেকে অনুমোদন পেয়েছে।
আজ বৃহস্পতিবার (৯ নভেম্বর) এই শিল্পনগর থেকে পণ্য রফতানি শুরু হচ্ছে। প্রথম চালানে জুতা তৈরির সামগ্রী প্রায় তিন লাখ ৪৯৩ হাজার মার্কিন ডলারের ইভা শিট রফতানি হবে।
গত ৩ নভেম্বর থেকে কেপিএসটি সু (বিডি) কোম্পানি লিমিটেড বাণিজ্যিক উৎপাদন শুরু করে। ৮.০৬ মিলিয়ন ডলার বিনিয়োগ পরিকল্পনা নিয়ে কোম্পানি এখন পর্যন্ত বিনিয়োগ করেছে ৩.৪৮ মিলিয়ন ডলার।
জানা গেছে বিদেশে রফতানির সব প্রক্রিয়া অনুসরণ করে এই চালানটি ঢাকার গাজীপুরের ব্লু ওশান ফুটওয়্যার নামের প্রতিষ্ঠানে যাবে। বিদেশি বায়ার মনোনীত কোম্পানি হিসেবে কেপিএসটি সুজ থেকে ব্লু ওশান ফুটওয়্যার জুতা তৈরির সামগ্রী নিচ্ছে। এটাকে ডিমড এক্সপোর্ট বলা হয়।
বেপজা সূত্র জানায়, এরই মধ্যে বেপজা অর্থনৈতিক অঞ্চলে চীনের মালিকানাধীন ফ্যানকুন কম্পোজিট ম্যাটেরিয়াল কোম্পানি বিডি লিমিটেড ও কাইশি লিঙ্গারি বাংলাদেশ কোম্পানি লিমিটেড নামে আরও দুটি প্রতিষ্ঠান পরীক্ষামূলক উৎপাদন শুরু করেছে। এর মধ্যে জুতার অ্যাকসেসরিজ উৎপাদনকারী ফ্যানকুন কম্পোজিট বিনিয়োগ করবে ২.২ মিলিয়ন ডলার, কাইশি লিঙ্গারি বিনিয়োগ করবে ৬১ মিলিয়ন ডলার।










