আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি আগুন সন্ত্রাস করছে: সেতুমন্ত্রী

বিএনপি আগুন সন্ত্রাস করছে সেতুমন্ত্রী - রাজনীতি - ১০ - নভেম্বর ২০২৩ (ফাইল ছবি)
বিএনপি আগুন সন্ত্রাস করছে সেতুমন্ত্রী - রাজনীতি - ১০ - নভেম্বর ২০২৩ (ফাইল ছবি)

www.HelloBangla.News – রাজনীতি – ১০ নভেম্বর, ২০২৩: আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি আগুন সন্ত্রাস করছে, বলে উল্লেখ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি আরও বলেন, দেশের গণতন্ত্র কঠিন চ্যালেঞ্জ অতিক্রম করছে।

আজ শুক্রবার (১০ নভেম্বর) সকালে রাজধানীর গুলিস্তানের জিরো পয়েন্টে শহীদ নূর হোসেন স্কয়ারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর তিনি এ কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, তারাই (বিএনপি) আজকে গণতন্ত্রের নামে আন্দোলন করছে। সেই আন্দোলনের ব্যর্থতার একপর্যায়ে অগ্নিসন্ত্রাস ও সন্ত্রাসী তৎপরতা চালাচ্ছে। তারা এখন আগুন দিয়ে বাস পোড়ানো, পরিবহন পোড়ানো ও আগুন সন্ত্রাসের মতো অপতৎপরতা চালাচ্ছে। তারা সেই ২০১৩, ১৪ ও ১৫ সালের মতো নির্বাচনকে সামনে রেখে এসব অপতৎপরতার পুনরাবৃত্তি ঘটাচ্ছে। আজকে তারা যে আন্দোলন করছে, সেই আন্দোলনে জনসম্পৃক্ততার অভাব।

তিনি বলেন, আন্দোলনের ব্যর্থতাকে তারা চোরাগোপ্তার দিকে নিয়ে গেছে। চোরাগোপ্তা আন্দোলন চালিয়ে তারা বর্তমান সরকার এবং শেখ হাসিনাকে হঠাতে চায়। এর মাধ্যমে তারা নির্বাচন বানচাল করতে চায়— এটাই হচ্ছে বিএনপির নেতৃত্বে বিরোধীদলের আন্দোলনের প্রধান লক্ষ্য।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘গণতন্ত্র মুক্তি পাক, স্বৈরাচার নিপাত যাক’— এই স্লোগান নূর হোসেন বুকে ও পিঠে লিখে রাজপথের কর্মসূচিতে যোগ দিয়েছিলেন। নূর হোসেনের রক্ত গণতন্ত্রকে শিকলমুক্ত করার লড়াইয়ে এক নতুন দিগন্ত উন্মোচন করে। এটা ছিল অনেকটা টার্নিং পয়েন্টের মতো। আজকের দিনে অনেক বাধা বিপত্তি ও চ্যালেঞ্জ অতিক্রম করে গণতন্ত্রের অগ্রযাত্রা আমাদের দেশে অব্যাহত রয়েছে। গণতন্ত্রকে শিকলমুক্ত করতে আমাদের দেশে স্বৈরাচারবিরোধী সংগ্রামে আপসহীন সংগ্রামের ভূমিকা পালন করেছিলেন আমাদের নেত্রী প্রধানমন্ত্রী ও তৎকালীন বিরোধীদলীয় নেত্রী শেখ হাসিনা।

সেতুমন্ত্রী বলেন, পৃথিবীতে গণতন্ত্র নিয়ে যত কথাই বলুক, গণতন্ত্র কোথাও পারফেক্ট নয়। গণতন্ত্রের ত্রুটি আছে।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, মির্জা আজম, সুজিত রায় নন্দী, প্রচার ও প্রকাশনাবিষয়ক সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক আব্দুস সবুর, সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, কৃষি ও সমবায়বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, শিক্ষা ও মানবসম্পদবিষয়ক সম্পাদক শামসুন নাহার চাপা, উপ-দপ্তর সায়েম খান এবং উপ-প্রচার ও প্রকাশনাবিষয়ক সম্পাদক আব্দুল আউয়াল শামীম ।

পূর্ববর্তী কৃত্রিম বৃষ্টির আগে প্রাকৃতিক বৃষ্টিতে দিল্লিতে স্বস্তি
পরবর্তী সুশৃঙ্খল নির্বাচনের জন্য প্রয়োজনে ক্ষমতা ও শক্তি প্রয়োগ করবেন: সিইসি