Category: লিড নিউজ

  • বিশ্বকাপে ভারত ১৬০ রানে হারিয়েছে নেদারল্যান্ডসকে

    বিশ্বকাপে ভারত ১৬০ রানে হারিয়েছে নেদারল্যান্ডসকে

    www.HelloBangla.News – খেলাধুলা – ১৩ নভেম্বর, ২০২৩: বিশ্বকাপ ক্রিকেটের লিগ পর্বের শেষ খেলায় ভারত ১৬০ রানে নেদারল্যান্ডসকে হারিয়ে অপরাজিত থাকলো। বিরাট এই রানের ব্যবধানে নেদারল্যান্ডসের পরাজয়ের কারণে রান রেটের ভিত্তিতে বাংলাদেশের ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফির খেলার সুযোগ হয়েছৈ। ফলে নিজেদের বিশ্বকাপ শেষ হয়ে গেলেও এই ম্যাচের দিকে চোখ ছিল বাংলাদেশ দলেরও।

    গতকাল রবিবার বেঙ্গালুরুতে পাহাড় গড়ে নেদারল্যান্ডসকে ২৫০ রানে অলআউট করে ১৬০ রানে জয় তুলে নিয়েছে ভারত। এ নিয়ে টানা ৯ জয়ে সেমিতে খেলবে স্বাগতিকরা।

    টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে ৪ উইকেটে ৪১০ রানের পাহাড়সম সংগ্রহ দাঁড় করায় ভারত। দীপাবলি উৎসবের দিনে সমর্থকদের দারুণ ব্যাটিং প্রদর্শনী উপহার দিল স্বাগতিকরা। সেঞ্চুরি করেন শ্রেয়াস আইয়ার ও লোকেশ রাহুল।

    এর আগে শুরুটা হয় রোহিত শর্মা ও শুভমান গিলের ব্যাট থেকে। উদ্বোধনী জুটিতে ১০০ রান যোগ করেন তারা। গিল ৫১ রানে ফিরলে ভাঙে সেই জুটি। ফিফটির পর বিদায় নেন রোহিতও। ৫৪ বলে ৬১ রান করেন ভারতীয় অধিনায়ক। তিনে নেমে ফিফটির দেখা পান বিরাট কোহলি। আইপিএলে এটাই তার ঘরের মাঠ। সেই তুলনায় সমর্থকদের অনেকটা নিরাশই করেছেন তিনি। আউট হন ৫৬ বলে ৫১ রান করে।

    তবে এরপর ডাচ বোলারদের তুলোধুনো করে ছাড়েন আইয়ার ও রাহুল। চতুর্থ উইকেট জুটিতে ২০৮ রান যোগ করেন তারা। কিন্তু আইয়ারের মতো রাহুল অপরাজিত থাকতে পারেননি শেষ পর্যন্ত। ৬৪ বলে ১১ চার ও ৪ ছক্কায় করা সপ্তম সেঞ্চুরিতে ১০২ রানে থামেন তিনি।

    চতুর্থ সেঞ্চুরি পাওয়া আইয়ার অপরাজিত থাকেন ৯৪ বলে ১০ চার ও ৫ ছক্কায় ১২৮ রান করে। ওয়ানডে ইতিহাসে এবারই প্রথম ভারতের উপরের সারির পাঁচ ব্যাটার পেলেন পঞ্চাশোর্ধ ইনিংসের দেখা।

    এরপর জবাবে নেদারল্যান্ডসকে দ্রুত গুটিয়ে ফেলার সু্যোগ পেয়েও বিরাট কোহলি, শুভমান গিলসহ ৯ বোলারকে ব্যবহার করেন ভারতীয় অধিনায়ক রোহিত। এমনকি নিজেও বোলিং করেন ভারতীয় অধিনায়ক।

    নেদারল্যান্ডসের একমাত্র ফিফটি তেজা নিদামানুরুরের। ৫৪ রানে আউট হন তিনি। দ্বিতীয় সর্বোচ্চ ৪৫ রান করেন সিব্র্যান্ড এঙ্গেলব্রেখট। ভারতের হয়ে জনপ্রিত বুমরাহ ও মোহাম্মদ সিরাজ ২টি করে উইকেট নেন। কোহলি ও রোহিত ১টি করে।

    এ নিয়ে লিগ পর্বের সব ম্যাচ জিতে ১৮ পয়েন্ট হলো ভারতের। পয়েন্ট তালিকার শীর্ষেও থাকা নিশ্চিত করেই সেমিতে যাচ্ছে তারা। ৪ পয়েন্ট নিয়ে সবার শেষে নেদারল্যান্ডস। সমান পয়েন্ট বাংলাদেশেরও। তবে নেট রানরেটে এগিয়ে থাকায় আটে রইলো টাইগাররা। আর তাতেই চ্যাম্পিয়নস লিগ নিশ্চিত হলো তাদের।

    ম্যাচ সেরা হয়েছেন আউয়ার (ভারত)

    সংক্ষিপ্ত স্কোর :

    ভারত : ৪১০/৪, ৫০ ওভার (আইয়ার ১২৮*, রাহুল ১০২, লিডে ২/৮২)।

    নেদারল্যান্ডস : ২৫০/১০, ৪৭.৫ ওভার (নিদামানুরু ৫৪, এঙ্গেলব্রেখট ৪৫, সিরাজ ২/২৯)।

  • বিশ্ব ডায়াবেটিস দিবসে সিটি হাসপাতালে ফ্রি চিকিৎসা ক্যাম্প

    বিশ্ব ডায়াবেটিস দিবসে সিটি হাসপাতালে ফ্রি চিকিৎসা ক্যাম্প

    www.HelloBangla.News – জাতীয় – ১৩ নভেম্বর, ২০২৩: আজ বিশ্ব ডায়াবেটিস দিবস। দিবসটি উপলক্ষে জাতীয় ও আন্তর্জাতিক ভাবে বিভিন্ন  কর্মসূচী পালন করা হচ্ছে। এর অংশ হিসেবে সিটি হাসপাতালে ১৩ ও ১৪ নভেম্বর দুই দিন ব্যাপি ফ্রি ডায়াবেটিস ক্যাম্প আজ সোমবার (১৩ নভেম্বর) ৮টায় শুরু হয়েছে। এই ক্যাম্প চলবে দুপুর ২-৩০মিঃ পর্যন্ত। আগামীকাল এই সময়ে চলবে একই ডায়াবেটিস ফ্রি চিকিৎসা।

    বিশ্ব ডায়াবেটিস দিবসে ফ্রি চিকিৎসা ক্যাম্প - জাতীয় - ১৩ - নভেম্বর ২০২৩ (খ)_1
    বিশ্ব ডায়াবেটিস দিবসে ফ্রি চিকিৎসা ক্যাম্প – জাতীয় – ১৩ – নভেম্বর ২০২৩ (খ)_1

    সিটি হাসপাতালের বিভাগিয় প্রধান (মার্কেটিং) জনাব মোস্তাফিজুর রাহমান জানিয়েছেন, ডায়াবেটিস রোগ হিসেবে সাধারণ হলেও চিকিৎসা ও নিয়মের মধ্যে না থাকলে ভয়াবহ রুপ নিতে পারে। কিন্তু একটু সচেতন হলে অতি সহজে একে নিয়ন্ত্রনে রাখা যায়। তাই সিটি হাসপাতাল কতৃপক্ষ সবার জন্য দুই দিনের জন্য ফ্রি ডায়াবেটিক পরিক্ষা ও অন্যান্য সেবা দিচ্ছে। পরবর্তী সময়ে এসব রোগিরা চিকিৎসা নিতে এলেও পাবেন বিশেষ ছাড়।

    পরে ডায়াবেটিস আক্রান্ত রোগিদের জন্য কাউন্সিলিং এবং প্রয়োজনীয় শিক্ষামূলক আয়োজন ও টেলিফোনে পরামর্শ দিয়ে সেবা প্রদান করবে সিটি হাসপাতাল কতৃপক্ষ।

    রোগিদের সেবা প্রদানে সিটি হাসপাতাল ডায়াবেটিস সেন্টার সবার জন্য উন্মুক্ত থাকবে ।

    হাসপাতলে আগত ডায়াবেটিস রোগি জাহাঙ্গীর রেজা সিটি হাসপাতালের এই মহতি উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।

  • প্রধানমন্ত্রী আজ দক্ষিণ এশিয়ার বৃহত্তম সার কারখানা উদ্বোধন করলেন

    প্রধানমন্ত্রী আজ দক্ষিণ এশিয়ার বৃহত্তম সার কারখানা উদ্বোধন করলেন

    www.HelloBangla.News – জাতীয় – ১২ নভেম্বর, ২০২৩: দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ পরিবেশবান্ধব ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সার কারখানার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    আজ রবিবার (১২ নভেম্বর) দুপুর ১২টা ৪৫ মিনিটে তিনি এ সার কারখানা আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় তিনি এ সার কারখানা উদ্বোধন উপলক্ষে প্রকাশিত স্মারক ডাক টিকিট, উদ্বোধনী খাম ও সিলমোহর অবমুক্ত করেন।

    প্রধানমন্ত্রী শেখ হাসিনা পলাশ সার কারখানা উৎপাদন কার্যক্রমসহ প্রকল্পটির বিভিন্ন এলাকা ঘুরে দেখেন।

    প্রধানমন্ত্রী  সার কারখানা উদ্বোধন করলেন - জাতীয় - ১২ নভেম্বর ২০২৩ (খ)
    প্রধানমন্ত্রী সার কারখানা উদ্বোধন করলেন – জাতীয় – ১২ নভেম্বর ২০২৩ (খ)

    এরপর প্রধানমন্ত্রী কারখানা চত্বরে অনুষ্ঠানস্থলে পৌঁছালে নৃত্য পরিবেশনের মাধ্যমে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানানো হয়। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা সার কারখানাটি উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন ও ডাক টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার৷

    নব নির্মিত পলাশ ইউরিয়া সার কারখানাটি দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ পরিবেশবান্ধব সার কারখানা। জ্বালানি সাশ্রয়ী ও পরিবেশবান্ধব কারখানাটি চালু হলে বার্ষিক ৯ লাখ ২৪ হাজার মেট্রিকটন ইউরিয়া সার উৎপাদিত হবে। তাহলে সবমিলিয়ে দেশে প্রায় ২০ লাখ মেট্রিকটন ইউরিয়া সার উৎপাদন হবে। এছাড়া এই প্রতিষ্ঠানে কয়েক হাজার মানুষের কর্মসংস্থান হবে।   বর্তমানে দেশে ২৬ লাখ মেট্রিক টন ইউরিয়া সার চাহিদা রয়েছে।

    উল্লেখ্য, নরসিংদীর পলাশে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ পরিবেশবান্ধব ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সার কারখানায় এরই মধ্যে শুরু হয়েছে পরীক্ষামূলক উৎপাদন। দিনে উৎপাদন হবে ২ হাজার ৮০০ মেট্রিক টন। প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় হয়েছে ১৫ হাজার ৫০০ কোটি টাকা।

    প্রকল্প সংশ্লিষ্টরা জানান, ২০১৮ সালের অক্টোবরে কারখানার নির্মাণকাজ শুরু হয়। ২০২০ সালে বিশ্বজুড়ে করোনা মহামারি শুরু হলে প্রকল্পের অবকাঠামোর কাজ বাধাপ্রাপ্ত হয়। পরে একই বছরের ১৬ আগস্ট পূর্ণোদ্যমে কাজ শুরু হয়। যার দায়িত্ব পায় চীনের সিসি সেভেন এবং জাপানের ঠিকাদারি প্রতিষ্ঠান মিৎসুবিশি হেভি ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এরপর ২০২২ সালের ২১ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে এই প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

    ১১০ একর জমির ওপর নির্মিত প্রকল্পটি বাস্তবায়নে বাংলাদেশ সরকার ৪ হাজার ৫৮০ কোটি ২১ লাখ টাকা আর জাপান ও চীনের ঠিকাদারদের যৌথ কনসোর্টিয়াম ব্যাংক অব টোকিও-মিৎসুবিশি ইউএফজে লিমিটেড ও দ্য হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং করপোরেশন লিমিটেড ১০ হাজার ৯২০ কোটি টাকার ঋণ দেয়।

  • ১৩০টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে: বিজিএমইএ সভাপতি

    ১৩০টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে: বিজিএমইএ সভাপতি

    www.HelloBangla.News – অর্থনীতি – ১২ নভেম্বর, ২০২৩: মজুরি বৃদ্ধির পরও আন্দোলনের নামে কারখানা ভাঙচুর করা হচ্ছে, তাই ১৩০টি পোশাক কারখানার সব কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছেন তৈরি পোশাক মালিক ও রপ্তানিকারক সমিতি বিজিএমইএ সভাপতি ফারুক হাসান।

    তিনি বলেন, মজুরি বৃদ্ধির পরও আন্দোলনের নামে বিভিন্ন জায়গায় কারখানা ভাঙচুর করা হচ্ছে। মজুরি ঘোষণার পর থেকে বেশ কিছু কারখানায় অজ্ঞাতনামা কিছু উচ্ছৃঙ্খল শ্রমিক অযৌক্তিক দাবিতে বেআইনিভাবে কর্মবিরতি পালন করে কর্মকর্তাদের মারধর করেছে। কারখানার ভেতরে ব্যাপক ভাঙচুর ও ধ্বংসযজ্ঞ চালিয়েছে। উদ্ভূত পরিস্থিতে আশুলিয়া, কাশিমপুর, মিরপুর ও কোনাবাড়ি এলাকার প্রায় ১৩০টি পোশাক কারখানা ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বাধ্য হয়ে অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। এসব কারখানার মালিকরা মূলত কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকদের নিরাপত্তা এবং কারখানার সম্পত্তি রক্ষার স্বার্থে কারখানার সব বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। যেসব কারখানা শ্রমিকরা কাজ করতে আগ্রহী ,সেগুলোতে কাজ চলছে । তাদের কাজ চলমান থাকবে।

    আজ রবিবার (১২ নভেম্বর) উত্তরায় বিজিএমইএ অফিসে ‘পোশাক শিল্পে ন্যূনতম মজুরি ও বর্তমান শ্রম পরিস্থিতি’ বিষয়ক সংবাদ সম্মেলনে বিজিএমইএ সভাপতি এ কথা বলেন।

    ফারুক হাসান বলেন, আমরা যখন বৈশ্বিক ও আর্থিক চাপের মধ্যে থেকেই টিকে থাকার সংগ্রাম করছি, ঠিক তখন শিল্পকে নিয়ে শুরু হয়েছে নানা অপতৎপরতা। বিশেষ করে আমাদের শান্ত শ্রমিক গোষ্ঠীকে উসকানি দিয়ে অশান্ত করা হচ্ছে। আমরা গভীর উদ্বেগের সঙ্গে সেটা লক্ষ্য করছি, মজুরি বৃদ্ধির পরও আন্দোলনের নামে বিভিন্ন জায়গায় কারখানা ভাঙচুর করা হচ্ছে।

    বিজিএমইএ সভাপতি বলেন, উদ্যোক্তারা কিন্তু অনেক সীমাবদ্ধতার মধ্যে থেকেই অনেক ঝুঁকি নিয়ে এই শিল্প পরিচালনা করছেন, কর্মসংস্থান সৃষ্টি করছেন, অর্থনীতিতে অবদান রাখছেন। এমন অনেক উদ্যোক্তা আছেন, যারা লোকসান দিয়েও কারখানা সচল রেখেছেন, শুধুমাত্র ব্যবসা টিকিয়ে রাখার জন্য। শ্রমিকদেরকে বেতন দিচ্ছেন ঋণের বোঝা মাথায় রেখে।

    তিনি বলেন, শুরু থেকে এখন পর্যন্ত প্রায় ৬ হাজার ৮৮৫টি পোশাক কারখানা বিজিএমইএ এর সদস্যপদ গ্রহণ করলেও কালের পরিক্রমায় ৩ হাজার ৯৬৪টি সদস্য কারখানা বিভিন্ন কারণে বন্ধ হয়ে গেছে। অবশিষ্ট ২ হাজার ৯২১টি সদস্য কারখানার মধ্যে ২ হাজার ৩৩৯টি কারখানা বিজিএমইএ-তে তাদের সদস্যপদ নবায়ন করেছে। এই ২ হাজার ৩৩৯টি সদস্য কারখানার মধ্যে মাত্র ১ হাজার ৬০০টি সদস্য কারখানা ক্রেতাদের কাছ থেকে সরাসরি অর্ডার এনে কাজ করছে। অর্থাৎ আমাদের এ মুহূর্তে সরাসরি রপ্তানিকারক কারখানার সংখ্যা মাত্র ১ হাজার ৬০০টি।

    তিনি আরও বলেন, ‘সদস্যপদ নবায়ন করা ২ হাজার ৩৩৯টি কারখানার মধ্যে ১ হাজার ৬০০ কারখানা বাদে বাকি কারখানাগুলোর মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক কারখানা বিভিন্ন ব্যাংক দেনা ও দায়ের কারণে সরাসরি ব্যাক-টু-ব্যাক খুলতে পারছে না। ফলে তারা ক্রেতাদের কাছ থেকে সরাসরি অর্ডার নিতে পারছে না। এই সদস্য কারখানাগুলো মূলত সাব-কন্ট্রাক্টের মাধ্যমে তাদের ব্যবসা টিকিয়ে রেখেছে। অবশিষ্ট কারখানাগুলো ব্যাংক দেনা ও আর্থিক সংকটের কারণে বন্ধ হয়ে গেছে। তবে তারা আগামীতে দেনা পরিশোধ করে ব্যবসায় ফিরে আসতে ইচ্ছুক।’

    বিজিএমইএ সভাপতি আরও বলেন, ‘শুধু করোনা মহামারির কারণে ২০২০-২১ সালে বন্ধ হওয়া কারখানার সংখ্যা ৩১৭টি এবং পরবর্তীতে অন্যান্য কারণে প্রতিযোগী সক্ষমতা ধরে রাখতে না পারার কারণে ২৬০টি কারখানা বন্ধ হয়েছে।’

  • অনলাইনে মনোনয়নপত্র সাবমিশনে নির্বাচন ব্যবস্থা আরও সহজ হবে

    অনলাইনে মনোনয়নপত্র সাবমিশনে নির্বাচন ব্যবস্থা আরও সহজ হবে

    www.HelloBangla.News – জাতীয় – ১২ নভেম্বর, ২০২৩: অনলাইনে মনোনয়নপত্র সাবমিশন করা সম্ভব হলে নির্বাচন ব্যবস্থা আরও সহজ ও পরিশুদ্ধ হবে, বলে জানিয়েছেন  প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

    দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগেই আজ রবিবার (১২ নভেম্বর) ‘অনলাইন নমিনেশন সাবমিশন সিস্টেম (ওএনএসএস) ও স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট অ্যাপ’ উদ্বোধন করলো নির্বাচন কমিশন। তবে এটা কবে নাগাদ চালু হবে, তার নিশ্চয়তা নেই।

    প্রধান নির্বাচন কমিশনার আরও বলেছেন, মনোনয়নপত্র সাবমিশন করতে গিয়ে শোডাউন করা হয়। এই শোডাউন কালচারে পরিণত হয়েছে। এতে নির্বাচনী আচরণবিধি ভঙ্গ হয়, সংঘাতও হতে পারে। অনলাইনে কাজ হলে এসব অনাচার কমবে, নির্বাচন ব্যবস্থা আরও সহজ হবে।

    তিনি বলেন, অনলাইন ভোটিং, ঘরে বসে ভোট এটা পৃথিবীর কোথাও হয়নি এখনো। তবে ভারতের প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাতের সময় তিনি আমাকে জানিয়েছেন যে, তারা চেষ্টা করছেন, ঘরে বসে মোবাইলে অনলাইন ভোটিংয়ের ব্যবস্থা করার। আমার বিশ্বাস ওটা হয়তো বাস্তবায়িত হবে। বাস্তবায়িত হলে আমরা হয়তো বলতে পারবো, আমরাও সেটা করতে পারবো কি-না। কিন্তু তার আগে আমরা এখন কোনো রকম নিশ্চয়তা দিতে পারবো না যে অনলাইন ভোটিং সিস্টেম কবে চালু হবে।

    সিইসি বলেন, প্রথম যে প্রযুক্তিটা আমরা ব্যবহার করতাম, সেটা হলো রেডিওতে খবর শুনতাম, এখন মোবাইলেও খবর শুনতে পাই। প্রযুক্তির যে পরিবর্তন গত ৫০-৬০ বছরে হয়েছে তা অবিস্মরণীয়। এই পরিবর্তন-উন্নয়নকে যদি আমরা গ্রহণ করতে না পারি, তাহলে আমরা পিছিয়ে যাবো।

    তিনি আরও বলেন, এখন ইন্টারনেটে ইউলিটি বিল পে করছি। বিগত পাঁচ সাত বছর অনলাইন পেমেন্ট করছি। এটা খুবই স্বস্তিদায়ক এবং খুবই সহজ। এগুলো কিন্তু আমাদের জীবনকে খুব সহজ করে দেয়।

    কাজী হাবিবুল আউয়াল বলেন, আজকে  যে পদ্ধতি যেটা প্রবর্তনের কথা বলা হচ্ছে, এটা শুধু আমাদের তথ্য সরবরাহ সহজ ও দ্রুত করে দেবে তা নয়, স্বচ্ছতার ক্ষেত্রেও এটি খুবই সহায়ক হবে। অর্থাৎ দুই ঘণ্টা পরে কী (ভোট পড়ার হার) পেলাম, চার ঘণ্টা পরে কী পেলাম, ছয় ঘণ্টা পরে কী পেলাম, হঠাৎ করে আকাশচুম্বি কিছু একটা হয়ে যায়, তখন কিন্তু বিশ্লেষণের একটা সুযোগ হবে। কাজেই এটা কিন্তু স্বচ্ছতার সৃষ্টি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

    সিইসি বলেন, আমাদের একটু কষ্ট করে শিখে নিতে হবে অ্যাপের মাধ্যমে কিভাবে বিভিন্ন তথ্যগুলো আমরা অবলোকন করবো। আর অনলাইন মনোনয়নপত্র দাখিলের বিষয়টা যেটা বলা হয়েছে, এটা কিন্তু বেশ কয়েকটি উপ-নির্বাচনে এটা আমরা করেছি। এটা অসম্ভব কিছু না। এটা ব্যবহারের মাধ্যমে সহজ হয়ে যাবে।

    তিনি বলেন, পৃথিবী এগিয়ে যাচ্ছে প্রযুক্তির মাধ্যমে। আমাদেরও এগিয়ে যেতে হবে প্রযুক্তির মাধ্যমে। ভারতে এটা আছে। অনুকরণ করে আমরা আরো আধুনিক করেছি। নিমেনেশন পেপারে তোলা বা জমা দেওয়ার সময় শোডাউনটা আমাদের কালচারে পরিণত হয়েছে। এতে আচরণবিধি ভঙ্গ হতে পারে। অনেক সময় সংঘাতও হতে পারে। কাজেই এটা সহজ করা হয়েছে।

    সিইসি আরো বলেন, নমিনেশন পেপার তুলতে বাধা প্রদান যেমন করা হয়, তেমনি অনেক জমা দেওয়ার সময় চাপ প্রয়োগ করা হয়, যে প্রত্যাহার করো। এই যে অনাচারগুলো, অনলাইন সিস্টেমের মাধ্যমে কমে আসতে পারে এবং টোটাল নির্বাচনি ব্যবস্থাটা আরো নির্ভরযোগ্য, আরো সহজ এবং আরো পরিশুদ্ধ হতে পারে।

    নির্বাচন ভবনের মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এ অ্যাপ উদ্বোধন করার সময় আরও উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান, রাশেদা সুলতানা, মো. আলমগীর, মো. আনিছুর রহমান ও ইসি সচিব মো. জাহাংগীর আলম।

  • আল-শিফা হাসপাতালের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় উদ্বেগ ডব্লিউএইচও ‘র

    আল-শিফা হাসপাতালের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় উদ্বেগ ডব্লিউএইচও ‘র

    www.HelloBangla.News – আন্তর্জাতিক – ১২ নভেম্বর, ২০২৩: এক মাসেরও বেশি সময় ধরে চলা ইসরায়েলি হামলায় গাজার জনজীবনে শুধু মৃত্যুই নেমে আসেনি পাশাপাশি চরমভাবে মানবাধিকর লঙ্ঘিত হচ্ছে। যুদ্ধের পাশাপাশি এবার ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার বৃহত্তম আল-শিফা হাসপাতালের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও)। এতে করে সেখানকার আহত রোগীদের কোনো খোঁজখবর পাওয়া যাচ্ছে না।

    গতকাল শনিবার (১১ নভেম্বর) ডব্লিউএইচও নিজেই এই তথ্য জানিয়েছে। একইসঙ্গে ইসরায়েলি আগ্রাসনের মধ্যে হাসপাতালটিতে আটকে পড়া মানুষের নিরাপত্তা নিয়েও গুরুতর উদ্বেগ জানিয়েছে সংস্থাটি।

    আজ রবিবার (১২ নভেম্বর) বার্তাসংস্থা রয়টার্স এবং সংবাদমাধ্যম আল জাজিরা পৃথক প্রতিবেদনে জানিয়েছে, গাজার উত্তরাঞ্চলে অবস্থিত আল শিফা হাসপাতালের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে বলে শনিবার জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। একইসঙ্গে অবরুদ্ধ এই ভূখণ্ডে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে হাসপাতালে আটকে পড়া প্রত্যেকের নিরাপত্তা নিয়ে ‘গুরুতর উদ্বেগ’ প্রকাশ করেছে সংস্থাটি।

    গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, জ্বালানি ফুরিয়ে যাওয়ার পর গাজা ভূখণ্ডের বৃহত্তম আল শিফা হাসপাতাল কমপ্লেক্সে স্বাস্থ্যসেবা পরিষেবা শনিবার বন্ধ করে দেওয়া হয়।

    ডব্লিউএইচও বলছে, তারা ‘স্বাস্থ্য কর্মীদের নিরাপত্তার পাশাপাশি সেখানকার শত শত অসুস্থ ও আহত রোগী, লাইফ সাপোর্টে থাকা শিশু এবং বাস্তুচ্যুত ব্যক্তিদের যারা হাসপাতালের অভ্যন্তরে রয়েছেন’ তাদের সুরক্ষার বিষয়ে গভীরভাবে উদ্বিগ্ন।

    একইসঙ্গে গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকরের আহ্বানও পুনর্ব্যক্ত করেছে সংস্থাটি।

    এদিকে যোগাযোগ বিপর্যয় মানে গাজায় মৃতের সংখ্যা আর আপডেট না হওয়া বলে জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটি বলছে, ‘গাজার উত্তরে অবস্থিত হাসপাতালগুলোতে পরিষেবা এবং যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায়’ গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় আহত ও নিহত মানুষের সর্বশেষ সংখ্যা আপডেট করতে বিলম্ব করছে।’

    অধিকৃত ফিলিস্তিনি অঞ্চলে জাতিসংঘের ত্রাণ সংস্থা তার সর্বশেষ আপডেটে জানিয়েছে, গত শুক্রবার দুপুর ২টায় গাজায় ১১ হাজার ৭৮ জনের মৃত্যুর তথ্য ছিল। নিহতদের মধ্যে ছিল ৪ হাজার ৫০৬ শিশু এবং ৩ হাজার ২৭ জন নারী।

    জাতিসংঘ বলছে, ‘প্রায় দেড় হাজার শিশুসহ আরও প্রায় ২৭০০ জনের নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে এবং তারা ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে থাকতে পারে বা মারা যেতে পারে।’

    ইসরায়েলি হামলায় আরও ২৭ হাজার ৪৯০ জন ফিলিস্তিনি আহত হয়েছেন বলে জানা গেছে।

    অন্যদিকে গাজা গত শুক্রবার উপত্যকায় গড়ে প্রতি ১০ মিনিটে একটি করে শিশু নিহত হচ্ছে বলে জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান টেড্রোস আধানম গেব্রেইয়েসুস।

  • সেনানিবাসে ‘আমরা তোমাদের ভুলব না’ ভাস্কর্যের উদ্বোধন

    সেনানিবাসে ‘আমরা তোমাদের ভুলব না’ ভাস্কর্যের উদ্বোধন

    www.HelloBangla.News – জাতীয় – ১২ নভেম্বর, ২০২৩: জাতির সূর্যসন্তান সাত বীরশ্রেষ্ঠ স্মরণে নির্মিত ভাস্কর্য ‘আমরা তোমাদের ভুলব না’ উদ্বোধন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। তাঁরাই আমাদের বাঙালির গৌরব, আত্মত্যাগ ও সাহসিকতার এক অনন্য প্রতীক।

    আজ রবিবার (১২ নভেম্বর ) ঢাকা সেনানিবাসের মাটিকাটা মিলিটারি পুলিশ চেকপোস্ট এলাকায় নির্মিত এ ভাস্কর্য উদ্বোধন করেন তিনি।

    আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানায়।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৯৭১ সালের ২৬ মার্চ সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতার ডাকে সাড়া দিয়ে আপামর জনতার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সশস্ত্র বাহিনীর বাঙালি সদস্যরা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন এবং ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর অর্জিত হয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। এ স্বাধীনতা অর্জনের পেছনে রয়েছে সর্বোচ্চ আত্মত্যাগকারী ৩০ লাখ শহীদ এবং সাতজন অকুতোভয় বীরশ্রেষ্ঠর চিরস্মরণীয় অবদান।

    ‘আমরা তোমাদের ভুলব না’ ভাস্কর্যটিতে ‘অর্ধবৃত্তাকার প্রাচীরে’- সংগ্রামের মাধ্যমে অর্জিত স্বাধীন সার্বভৌম বাংলাদেশকে তুলে ধরা হয়েছে। ভাস্কর্যের সম্মুখে ‘ফোয়ারা’- নদীমাতৃক বাংলাদেশের প্রতিচ্ছবি।

    ফোয়ারা থেকে প্রাচীর পর্যন্ত সংযুক্ত রেখাগুলো ‘সূর্যরশ্মির প্রতীক’- যা দিয়ে নির্দেশ করা হয়েছে, বীরশ্রেষ্ঠরা জাতির সূর্য সন্তান এবং তারা সূর্যরশ্মির ন্যায় দেশের ভবিষ্যৎ প্রজন্মের জন্য আলোর দিশারী ও অনবদ্য অনুপ্রেরণার উৎস।

    অনুষ্ঠানে ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা, অন্যান্য অফিসার, জুনিয়র কমিশনড অফিসার, অন্যান্য পদবির সেনাসদস্য ও গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

  • বিশ্বকাপে ৯ ম্যাচের ৭ টিতে হেরে আজ দেশে ফিরেছে ক্রিকেটাররা

    বিশ্বকাপে ৯ ম্যাচের ৭ টিতে হেরে আজ দেশে ফিরেছে ক্রিকেটাররা

    www.HelloBangla.News – খেলাধুলা – ১২ নভেম্বর, ২০২৩: ক্রিকেট বিশ্বকাপে নিজেদের ৯ ম্যাচের মধ্যে ২টিতে জিতে এবং ৭টিতে হেরে চরম হতাশা নিয়ে দেশে ফিরেছে বাংলাদেশ। প্রথম খেলায় আফগানিস্তানকে হারিয়ে ভালো সূচনা করে টাইগাররা। পরে অবশ্য শ্রীলঙ্কাকে হারিয়ে চার পয়েন্ট নিয়ে রান রেটের ভিত্তিতে কোনমতে চ্যাম্পিয়ন  ট্রফিতে খেলার সুযোগ পায় বাংলাদেশ। তবে গোটা বিশ্বকাপে দলীয় পরফরম্যান্স ছিলো হতাশাজনক।

    বিশ্বকাপের শুরুতে তামিমকে নিয়ে বিতর্ক। খেলার সময় শুরুতেই দলের প্রথম সারির কয়েকজন খেলোয়াড়দের ব্যর্থতা। শ্রীলঙ্কার কাছে জয় পেলেও ম্যাথুসের টাইম আউট নিয়ে বিতর্ক। সবচেয়ে হতাশার বিষয় ছিল নেদারল্যান্ডসের কাছে হারের বিষয়টি। এরই মধ্যে শেষ হলো বাংলাদেশের বিশ্বকাপের হতাশার মিশন।

    নিজেদের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ায় বিপক্ষে ৮ উইকেটের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ দল। আর এই হারের মাধ্যমেই শেষ হয়েছে টাইগারদের বিশ্বকাপ যাত্রা। বিশ্বকাপ শেষ না হতেই আজ রবিবার (১২ নভেম্বর)  সকাল দশটায় ভারত থেকে দেশে এসে পৌঁছেছে বাংলাদেশ দল। ফ্লাইট বিলম্বের কারণে নির্ধারিত সময়ের ১ ঘণ্টা পর দেশের মাটিতে পা রাখে টাইগার ক্রিকেটাররা।

    বেশিরভাগ বিদেশি কোচিং স্টাফ ছাড়া দেশে ফিরেছেন টিম ম্যানেজমেন্টের বাকি সদস্যরা। ফিরে এসেছেন সকল ক্রিকেটাররা। সঙ্গে কোচিং স্টাফের একমাত্র সদস্য হিসেবে এসেছেন হেডকোচ চন্ডিকা হাথুরুসিংহে। দেশে ফিরে অবশ্য কিছুদিন বিশ্রামের সুযোগ পাচ্ছেন ক্রিকেটাররা। তবে ২৭ তারিখ থেকে মাঠে গড়াবে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্ট।

    তার তিন দিন আগে থেকে অবশ্য শুরু হবে ক্যাস্প। প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে সিলেটে এরপর শেষ টেস্ট অনুষ্ঠিত হবে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে। আর টেস্ট দুটি খেলতে আগামী ২২ নভেম্বর ঢাকায় পা রাখবে কিউইরা।

    শুরুতে জানা গিয়েছিল ম্যাচ শেষ করেই রাতে ঢাকার বিমান ধরবে বাংলাদেশ দল। টিম ম্যানেজমেন্ট সূত্রে বলা হয়েছিল, আজ দিবাগত রাত ১টার ফ্লাইটে পুনে থেকে দেশের পথে রওনা হবে বাংলাদেশ দল। তবে পরবর্তীতে জানানো হয়েছে রাতে নয়, সকালেই দেশে ফিরছেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা।

    ধারণা করা হচ্ছে বিদেশি কোচরা আসবেন না দলের সাথে। যাবেন যার যার নিজ দেশে। এদের মধ্যে দক্ষিণ আফ্রিকান কোচ অ্যালান ডোনাল্ডের বাংলাদেশ অধ্যায় শেষ হচ্ছে। থাকছেন না পারফর্ম্যান্স অ্যানালিসিস্ট শ্রীনিবাস চন্দ্রশেখরন।

  • পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা নিশ্চিত ইংল্যান্ডের

    পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা নিশ্চিত ইংল্যান্ডের

    www.HelloBangla.News – খেলাধুলা – ১২ নভেম্বর, ২০২৩: পাকিস্তান ও ইংল্যান্ড তাদের নিজেদের শেষ ম্যাচে অংশ নেয় গতকাল। খেলায় পাকিস্তানকে ৯৩ রানে হারিয়ে চ্যাম্পিয়ন ট্রফি নিশ্চিত করেছে ইংল্যান্ড। চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ইংল্যান্ডের জয় নিশ্চিত করতে হতো। অপর দিকে পাকিস্তান সেমিফাইনালে খেলতে গেলে আগে ব্যাট করে বড়ো রানের ব্যাধানে হারাতে হতো। কিন্তু টাস জিতে ইংল্যান্ড ব্যাটিং নেওয়ার পর পাকিস্তান টুর্নামেন্ট থেকে মূলত বিদায় হয়ে যায়।

    কলকাতার ইডেন গার্ডেনসে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে তারা করে ৩৩৭ রান। পাকিস্তানের বিপক্ষে বিশ্বকাপে যেটি তাদের সর্বোচ্চ স্কোর। রান তাড়ায় খেলতে নেমে পাকিস্তান গুটিয়ে যায় ৪৩.৩ ওভারেই; ২৪৪ রান করে।

    ডেভিড মালান ও জনি বেয়ারস্টোর ব্যাটে শুরুটা ভালোই করে ইংল্যান্ড। উদ্বোধনী জুটিতে তারা যোগ করেন ৮২ রান। ১৪ তম ওভারে মালানকে ৩১ রানে ফিরিয়ে এই জুটি ভাঙেন ইফতিখার আহমেদ। তবে লড়তে থাকেন আরেক ওপেনার বেয়ারস্টো। ৫২ বলে ফিফটি তুলে নেওয়া এই ব্যাটার অবশ্য ৫৯ রানের বেশি করতে পারেননি। এরপর জো রুটের সঙ্গে বেন স্টোকস গড়েন দারুণ এক জুটি।

    দুইজনেই পান ফিফটির দেখা। ৫৩ বলে পূর্ণ করেন স্টোকস। আর রুটের লাগে ৬৫ বল। ১৩১ বলে ১৩২ রানের এই জুটিটি ভেঙে ব্রেকথ্রু আনেন শাহিন শাহ আফ্রিদি। স্টোকস বিদায় নেন ৭৬ বলে ৮৪ রানের দারুণ ইনিংস খেলে। পরের বলেই বিদায় নেন রুট। তিনি করেন ৬০ রান। এরপর হ্যারি ব্রুক এসে ১৭ বলে ৩০ রানের ঝড়ো ইনিংস খেলে বিদায় নেন। অধিনায়ক বাটলার ১৮ বলে ২৭ রান করে হারান উইকেট। শেষদিকে উইলির ৫ বলে ১৫ রানের ক্যামিওতে বড় সংগ্রহ পায় ইংলিশরা।

    পাকিস্তানের পক্ষে ৬৪ রান খরচায় ১০ ওভারে ৩ উইকেট পান হারিস রউফ। দুইটি করে শিকার করেন শাহিন ও ওয়াসিম।

    রান তাড়ায় খেলতে নেমে দ্বিতীয় বলে ডাক মেরে বিদায় নেন পাক ওপেনার আবদুল্লাহ শফিক। আরেক ওপেনার ফখর জামান করেন মাত্র ১ রান। তিনে নেমে বাবর আজম কিছুক্ষণ থিতু হলেও ইনিংস লম্বা করতে পারেননি। ৪৫ বলে তিনি করেন ৩৮ রান। চারে নামা রিজওয়ানও ৩৬ রানের বেশি যোগ করতে পারেননি। ব্যাট হাতে ভালো করেননি সাউদ শাকিলও। তার ব্যাট থেকে আসে ২৯ রান।

    ছয়ে নামা আগা সালমান অবশ্য লড়াই করেন বেশি কিছুক্ষণ। মাঝে ইফতেখার ও শাদাব এসে বিদায় নেন দ্রুত। লড়তে থাকা সালমান ফিফটি তুলে নেন ৪২ বলে। এরপর আর এক রান যোগ করেই বিদায় নেন তিনি। শাহিন বিদায় নেন ২৫ রান করে। শেষদিকে লড়াই করেন ওয়াসিম ও রউফ। তাদের ৫৩ রানেরই জুটিটিই ইনিংসে সর্বোচ্চ। ক্রিস ওকস এসে রউফকে বিদায় করলে গুটিয়ে যায় ইনিংস। ২৩ বলে ৩৫ রান করেন পাক ব্যাটার। ১৬ রানে অপরাজিত থাকেন ওয়াসিম।

    ইংলিশদের পক্ষে ৩ উইকেট নেন উইলি। দুইটি করে শিকার ধরেন আদিল রশিদ, আটকিনসন ও মঈন আলী। একটি উইকেট পান ওকস। ম্যাচ সেরা ডেভিড উইলি(ইংল্যান্ড)

    সংক্ষিপ্ত স্কোর :

    ইংল্যান্ড : ৩৩৭/৯, ৫০ ওভার (স্টোকস ৮৪, রুট ৬০, রউফ ৩/৬৪)।

    পাকিস্তান : ২৪৪/১০, ৪৩.৩ ওভার (সালমান ৫১, বাবর ৩৮, উইলি ৩/৫৬)।

  • নেদারল্যান্ডসের বিপক্ষে টস জিতে ব্যাট করছে ভারত

    নেদারল্যান্ডসের বিপক্ষে টস জিতে ব্যাট করছে ভারত

    www.HelloBangla.News – খেলাধুলা – ১২ নভেম্বর, ২০২৩: বিশ্বকাপের শেষ চারে সবার আগেই জায়গা করে নিয়েছিল ভারত। ভারত এখনও কোন ম্যাচ হারেনি। তাই হারলেও ভারত থাকবে পয়েন্ট টেবিলের সবচেয়ে উপরে। অপর দিক ম্যাচটি যদি নেদারল্যান্ডস জিতে যায় বা ড্র করতে পারে তাহলে তারাই বাংলাদেশের পরিবর্তে খেলবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে। তাই নেদারল্যান্ডস বড়ো ব্যবধানে হারলে বাংলাদেশ খেলতে পারবে চ্যাম্পিযন্স ট্রফিতে। এই সমিকরণে আজ খেলা শুরু হয়েছে দুই দেশের।

    লিগপর্বের শেষ ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে টস জিতে আগে ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়েছে তারা। ব্যাঙ্গালোরের রানপ্রসবা উইকেটে বড় টার্গেট দিয়ে প্রতিপক্ষকে নাস্তানাবুদ করাই যেন তাদের লক্ষ্য।

    দুই দলই নামছে অপরিবর্তিত একাদশ নিয়ে।

    ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, মোহাম্মদ শামি, জাসপ্রিত বুমরাহ ও মোহাম্মদ সিরাজ।

    নেদারল্যান্ডস একাদশ:  ওয়েসলি বারেসি, ম্যাক্স ওডাউড, কলিন অ্যাকারম্যান, সাইব্র্যান্ড এঙ্গেলব্রেখ্ট, স্কট এডওয়ার্ডস (উইকেটরক্ষক/অধিনায়ক), বাস ডি লিড, তেজা নিদামানুরু, লোগান ভ্যান বেক, রোয়েলফ ভ্যান ডার মেরওয়ে, আরিয়ান দত্ত ও পল ভ্যান মিকারেন।