সৌদি আরব সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী - জাতীয় - ৮ নভেম্বর ২০২৩
দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী - জাতীয় - ৮ নভেম্বর ২০২৩

www.HelloBangla.News – জাতীয় – ৮ নভেম্বর, ২০২৩: ‘ইসলামে নারী বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন’-এ যোগদান এবং পবিত্র ওমরাহ পালন শেষে সৌদি আরব থেকে আজ সকালে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইট সকাল ৭টা ৪০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিমানবন্দরে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ফুলের তোড়া দিয়ে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান। এসময় বিমান প্রতিমন্ত্রী ও সংশ্লিষ্ট মন্ত্রনালয়ের সচিব এবং পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এরআগে, বিমানটিটি স্থানীয় সময় রাত ১০.৫৪ মিনিটে জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।

প্রধানমন্ত্রী ৫ নভেম্বর মদিনার প্রিন্স মোহাম্মদ বিন আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান এবং মদিনার মসজিদ আল-নববীতে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর রওজা মোবারক জিয়ারত এবং আসরের নামাজের পর সেখানে ফাতেহা পাঠ করেন।

একই দিনে তিনি মদিনা ছেড়ে মক্কায় পৌঁছান। সেখানে প্রধানমন্ত্রী এশার নামাজের পর আল মসজিদ আল-হারামে (কা’বা শরীফ) পবিত্র ওমরাহ পালন করেন।

গত ৬ নভেম্বর প্রধানমন্ত্রী ইসলামে নারী বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে বক্তব্য রাখেন।

জেদ্দা হিলটনে সম্মেলনে যোগ দেওয়ার পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) মহাসচিব হিসেন ব্রাহিম তাহা, ইরানের নারী ও পরিবারবিষয়ক বিভাগের ভাইস প্রেসিডেন্ট এনসিহ খাজালি, ওআইসি নারী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ড. আফনান আলশুয়াইবি এবং সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহানের সঙ্গেও বৈঠক করেন।

৬-৮ নভেম্বর সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত এ আন্তর্জাতিক সম্মেলন ওআইসির সদর দপ্তরের সমন্বয়ে সৌদি আরবে আয়োজন করে।

সূত্র : বাসস

পূর্ববর্তী বিএনপি ভার্চুয়াল সংবাদ সম্মেলনে নেতাকর্মীদের সন্ত্রাসের নির্দেশ দিচ্ছে: সেতুমন্ত্রী
পরবর্তী নেদারল্যান্ডসের বিপক্ষে ১৬০ রানে জিতেছে ইংল্যান্ড