জাতীয় সংসদের নির্বাচনের তফসিল দ্রুত ঘোষণা করা হবে: সিইসি

নির্বাচনের তফসিল দ্রুত ঘোষণা করা হবে সিইসি - জাতীয় - ০৯ - নভেম্বর ২০২৩ (ফাইল ছবি)
নির্বাচনের তফসিল দ্রুত ঘোষণা করা হবে সিইসি - জাতীয় - ০৯ - নভেম্বর ২০২৩ (ফাইল ছবি)

www.HelloBangla.News – জাতীয় – ০৯ নভেম্বর, ২০২৩: নির্দিষ্ট সময়ে জাতীয় সংসদ নির্বাচন করতে আমাদের বাধ্যবাধকতা থাকায় আমরা খুব দ্রুত তফসিল ঘোষণা করবো, বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

আজ বৃহস্পতিবার (৯ নভেম্বর) দুপুরে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বে কমিশনের একটি প্রতিনিধি দল। এসময় তিনি এ কথা বলেন।

সাক্ষাৎকালে প্রধান নির্বাচন কমিশনার আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক প্রস্তুতি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

সিইসি বলেন, আগামী নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনের প্রস্তুতির বিষয়ে রাষ্ট্রপতিকে অবহিত করেছি। আমাদের প্রস্তুতিতে রাষ্ট্রপতি সন্তুষ্ট হয়েছেন। রাষ্ট্রপতি আশা প্রকাশ করেছেন, আগামী নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে। অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে তিনি নির্বাচন কমিশনকে সব ধরনের সহযোগিতা করবেন।

হাবিবুল আউয়াল জানান, রাষ্ট্রপতি বলেছেন, যেকোনো মূল্যে সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করতে হবে।

সংবিধান অনুযায়ী সংসদের পাঁচ বছর মেয়াদ শেষ হওয়ার ৯০ দিনের মধ্যে সংসদ নির্বাচন অনুষ্ঠানের বাধ্যবাধকতা রয়েছে। বর্তমান সংসদের মেয়াদ ২০২৪ সালের ২৯ জানুয়ারি শেষ হবে। এক্ষেত্রে ৯০ দিনের গণনা শুরু হবে ২০২৩ সালের ১ নভেম্বর থেকে। নভেম্বরের মাঝামাঝি জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা ও জানুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছে বলে নির্বাচন কমিশন জানিয়েছে।

জাতীয় সংসদ নির্বাচনের আসনভিত্তিক ভোটার তালিকা চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। এতে মোট ভোটার ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৬৩৩। মোট ভোটারের মধ্যে নারী ৫ কোটি ৮৯ লাখ ১৯ হাজার ২০২, পুরুষ ভোটার ৬ কোটি ৭ লাখ ৭১ হাজার ৫৭৯ এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৮৫২ জন।

সংসদ নির্বাচন সামনে রেখে তরুণদের অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ দেওয়ায় ভোটার সংখ্যা বেড়েছে ৫ লাখ ৪০ হাজার ১৯৩ জন। জেলা নির্বাচন কর্মকর্তারা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ৩০০ আসনভিত্তিক ভোটার তালিকা চূড়ান্ত করেছে ইসি। এ তালিকা অনুযায়ী সংসদ নির্বাচনের ভোটগ্রহণ করা হবে।

এ সময় নির্বাচন কমিশনার এবং রাষ্ট্রপতির সচিবগণ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী বছরে ২৭ লাখ মেট্রিক টন আলু উদ্বৃত্ত থাকার কথা: বাণিজ্যমন্ত্রী
পরবর্তী শ্রীলঙ্কাকে হারিয়ে সেমির পথে নিউজিল্যান্ড