Category: বাংলাদেশ

  • বিশ্ব ইজতেমা উপলক্ষে থাকবে বিশেষ ট্রেন

    বিশ্ব ইজতেমা উপলক্ষে থাকবে বিশেষ ট্রেন

    www.HelloBangla.News – জাতীর – ২৩ জানুয়ারি, ২০২৪: আসন্ন বিশ্ব ইজতেমা -২০২৪ উপলক্ষে ১৭টি বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। এরমধ্যে শুধু আখেরি মোনাজাতের দিন চলবে ১৪টি ট্রেন।

    বিশ্ব ইজতেমায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে ট্রেনে আসা মুসুল্লিদের যাতায়াত সুবিধার্থে টঙ্গী স্টেশনে সব ট্রেনের যাত্রা বিরতি করানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। তবে আখেরি মোনাজাতের দিনগুলোতে শুধু ৪টি ট্রেন থামবে না।

    আজ মঙ্গলবার (২৩ জানুয়ারি) দুপুরে রেল ভবনে বিশ্ব ইজতেমা উপলক্ষে বাংলাদেশ রেলওয়ের প্রস্তুতি বিষয়ক এক সংবাদ সম্মেলনে এ কথা জানান বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. কামরুল আহসান।

    তিনি বলেন, ১ ফেব্রুয়ারি রাত ১২টা ১ মিনিট থেকে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত এবং ৮ ফেব্রুয়ারি রাত ১২টা ১ মিনিট থেকে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত ঢাকা অভিমুখী সব আন্তঃনগর, মেইল ও কমিউটার ট্রেন টঙ্গী স্টেশনে ৩ (তিন) মিনিট করে থামবে। আগামী ৪ ও ১১ ফেব্রুয়ারি (দুই পর্বের ইজতেমা) আখেরি মোনাজাতের দিন (সুবর্ণ, সোনার বাংলা, কক্সবাজার ও পর্যটক এক্সপ্রেস ব্যতীত) সব আন্তঃনগর, মেইল ও কমিউটার ট্রেনগুলো (আপ ও ডাউন) টঙ্গী স্টেশনে ৩ মিনিট করে থামবে।

    তিনি আরও বলেন, ৪ ও ১১ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের দিন ৪৯ নং বলাকা কমিউটার ট্রেন ৪টা ৪৫ মিনিটের পরিবর্তে ৫টায় ছাড়বে। ৪ ও ১১ ফেব্রুয়ারি (রোববার) ৭৯২/৭৯১ নম্বর বনলতা এক্সপ্রেস ট্রেন বন্ধ থাকবে, তবে ৭৫৪/৭৫৩ নম্বর সিল্কসিটি এক্সপ্রেস ট্রেন ৪ ও ১১ ফেব্রুয়ারি সাপ্তাহিক বন্ধের দিনও চলাচল করবে।

    রেলওয়ের মহাপরিচালক বলেন, আখেরি মোনাজাতের পরের দিন অর্থাৎ ৫ ও ১২ ফেব্রুয়ারি তারিখ ইজতেমা থেকে বহির্গামী টিকিটধারী যাত্রীদের ফেরত যাওয়া ও টঙ্গী স্টেশনে আরোহণের সুবিধার্থে আন্তঃনগর ট্রেনগুলো টঙ্গী স্টেশনে ৩ মিনিট থামবে।

    সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন রেলপথমন্ত্রী মো. জিল্লুল হাকিম, রেলপথ মন্ত্রণালয়ের সচিব ড. মো. হুমায়ুন কবীর, বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) সরদার সাহাদাত আলী।

  • শেখ হাসিনাকে চেক প্রধানমন্ত্রীর অভিনন্দন

    শেখ হাসিনাকে চেক প্রধানমন্ত্রীর অভিনন্দন

    www.HelloBangla.News – জাতীয় – ২২ জানুয়ারি, ২০২৪: টানা চারবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন চেক প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রী পেত্র ফিয়ালা।

    বাংলাদেশের প্রধানমন্ত্রীকে লেখা এক অভিনন্দন বার্তায় চেক প্রধানমন্ত্রী বলেন, “চেক প্রজাতন্ত্র এবং বাংলাদেশের মধ্যে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে তা আমি গভীরভাবে মূল্যায়ন করি এবং আমি বিশ্বাস করি আমরা আমাদের উভয় দেশের পারস্পরিক স্বার্থে তা আরও গভীর ও জোরদার ভবিষ্যতেও অব্যাহত রাখব।”

    তিনি শেখ হাসিনাকে অভিন্ন স্বার্থে সকল ক্ষেত্রে দ্বিপাক্ষিক স্তরে এবং আন্তর্জাতিক সংস্থাগুলোতে আরও উন্নয়ন সহযোগিতার বিষয়ে তার দেশের আগ্রহের আশ্বাস দেন।

    ফিয়ালা আরও বলেন, “বাংলাদেশের জনগণের কল্যাণে  আপনার দাবিকৃত কাজের সর্বাত্মক সাফল্য কামনা করছি।”

  • প্রধানমন্ত্রীর ছয় উপদেষ্টার দায়িত্ব বণ্টন

    প্রধানমন্ত্রীর ছয় উপদেষ্টার দায়িত্ব বণ্টন

    www.HelloBangla.News – জাতীয় – ২২ জানুয়ারি, ২০২৪: প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টাদের মধ্যে দায়িত্ব বণ্টন করা হয়েছে। গতকাল রবিবার মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রধানমন্ত্রী রুলস অব বিজনেস অনুযায়ী উপদেষ্টাদের মধ্যে এই দায়িত্ব প্রদান করেছেন।

    প্রজ্ঞাপন অনুযায়ী, প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. মসিউর রহমান, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী, আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী, বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ড. কামাল আবদুল নাসের চৌধুরী এবং নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক।

    দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন গত ৭ জানুয়ারি (রবিবার) সম্পন্ন হয়। গত এর পর গত ১০ জানুয়ারি (বুধবার) নতুন নির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেওয়ার পর ১১ জানুয়ারি ( বৃহস্পতিবার) নতুন মন্ত্রি ও প্রতিমন্ত্রীরা শপথ গ্রহণ করেন। ২১ জানুয়ারি (রবিবার) প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টাদের মধ্যে দায়িত্ব বণ্টন করা হয়।

    সূত্র: বাসস

  • গুলশান শপিং সেন্টার গুঁড়িয়ে দেয়ার নির্দেশ

    গুলশান শপিং সেন্টার গুঁড়িয়ে দেয়ার নির্দেশ

    www.HelloBangla.News – জাতীয় – ২২ জানুয়ারি, ২০২৪: ঝুঁকিপূর্ণ গুলশান শপিং সেন্টার ভেঙে গুঁড়িয়ে দিতে হাইকোর্টের নির্দেশ বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এই শপিং সেন্টারটি রাজধানীর গুলশান-১ এ অবস্থিত।

    এ সংক্রান্ত বিষয়ে শুনানি নিয়ে আজ সোমবার (২২ জানুয়ারি) প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।

    এর আগে গত ১৩ ডিসেম্বর রাজধানীর গুলশান-১ এ অবস্থিত ‘গুলশান শপিং সেন্টার’ ৩০ দিনের মধ্যে গুড়িয়ে দিতে নির্দেশ দেন হাইকোর্ট। ডিএনসিসি, রাজউকসহ সংশ্লিষ্টদের এ নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়।

    এ বিষয়ে জারি করা রুলের চূড়ান্ত শুনানি শেষে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

    আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোস্তাক আহমেদ চৌধুরী। রাজউকের পক্ষে ব্যারিস্টার খান মোহাম্মদ শামীম আজিজ ও রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায় উপস্থিত ছিলেন।

    গত ২৩ জুলাই রাজধানীর গুলশান-১ এ অবস্থিত ‘গুলশান শপিং সেন্টার’টি ঝুঁকিপূর্ণ হওয়ায় সিলগালা করে দেয় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)।

    ‘গুলশান শপিং সেন্টার’-এর হোটেল, দোকান, ব্যবসা প্রতিষ্ঠান সিলগালা ও মোবাইল কোর্ট পরিচালনা করেন আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুলকার নায়ান ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুব হাসান।

    ‘গুলশান শপিং সেন্টার’-এর জরাজীর্ণ ভবন ও অগ্নিনির্বাপক ব্যবস্থা না থাকার কারণে ২০২১ সালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর মার্কেটটিকে ঝুঁকিপূর্ণ ও পরিত্যক্ত ঘোষণা করে ডিএনসিসিকে জরুরি ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য চিঠি দেয়।

    ঝুঁকিপূর্ণ হওয়ায় ও নিরাপত্তার স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীর ৫ প্লাটুন পুলিশ, ১ প্লাটুন এপিবিএন ও অন্যান্য সেবা প্রদানকারী প্রতিষ্ঠানসহ উপস্থিত হয়ে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মার্কেটটির গেটগুলো তালাবদ্ধ ও সিলগালা করা হয়। এসময় মাইকিং করা হয় ও মালামাল সরানোর জন্য নিদের্শনা দেওয়া হয়। এ ছাড়া বিদ্যুৎ, গ্যাস ও অন্যান্য সেবা সংস্থার প্রতিনিধির উপস্থিতিতে এগুলোর সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

  • জাতীয় পার্টি সংসদে প্রধান বিরোধী দল: সেতুমন্ত্রী

    জাতীয় পার্টি সংসদে প্রধান বিরোধী দল: সেতুমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ২২ জানুয়ারি, ২০২৪: জাতীয় পার্টি সংসদে প্রধান বিরোধী দল, বলে জানিয়েছেন জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, “নির্বাচনে দ্বিতীয় সর্বোচ্চ আসন পাওয়া রাজনৈতিক দলই হবে প্রধান বিরোধীদল। স্বতন্ত্ররা স্বতন্ত্রই আছেন। দল যদি বলেন, তাহলে জাতীয় পার্টি। উপজেলা ও স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রতীক থাকবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত হবে আজ সন্ধ্যায় কার্যনির্বাহী কমিটির বৈঠকে।”

    আজ সোমবার (২২ জানুয়ারি) দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

    আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, “বিএনপি সব হারিয়ে এখন শোক সাগরে নিমজ্জিত। তারা এখন সরকার বিরোধী তৎপরতায় লিপ্ত হয়ে দেশে-বিদেশে গুজব ছড়াচ্ছে। তাদের অগ্নিসন্ত্রাসের সঙ্গে যুক্ত হয়েছে গুজব সন্ত্রাস।”

    ওবায়দুল কাদের বলেন, “সারা বিশ্বে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। আর বাংলাদেশে তারা বিষয়টিকে দুর্ভিক্ষের পদধ্বনি বলে অপপ্রচার করছে। তারা মনে করছে আওয়ামী লীগ কচু পাতার ওপর শিশিরবিন্দু, সহজেই পড়ে যাবে। সেটা সম্ভব নয়। আওয়ামী লীগের শিকড় মাটির অনেক গভীরে।”

    তিনি বলেন, “আওয়ামী লীগের শক্তি দেশের জনগণ। কথার বোমা মেরে এ সরকারকে উৎখাত করা যাবে না। বিএনপির রাজনীতির ভুলের চোরাবালিতে আটকে আছে। তারা যত সরকারের পতনের কথা বলবে, সরকারের তত উত্থান হবে। বিএনপি যদি ইতিবাচক রাজনীতি নিয়ে এগিয়ে যেতো, তাহলে হঠাৎ করে তাদের এমন পতন হতো না। সরকারের পতন ঘটাতে গিয়ে নিজেরাই খাদে পড়েছে।”

    সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি এম  মোজাম্মেল হক, সুজিত রায় নন্দী, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া প্রমুখ।

  • প্রধানমন্ত্রী ও ইসি’র মাধ্যমে একটি সুন্দর নির্বাচন হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

    প্রধানমন্ত্রী ও ইসি’র মাধ্যমে একটি সুন্দর নির্বাচন হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ২২ জানুয়ারি, ২০২৪: প্রধানমন্ত্রী ও নির্বাচন কমিশনের মাধ্যমে একটি সুন্দর নির্বাচন হয়েছে, বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তিনি বলেন,  “কোনো দেশ থেকে এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা হয়নি। কারণ নির্বাচন নিয়ে যারা বিরূপ মন্তব্য করেছেন তারা এখন বুঝে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নির্বাচন কমিশনের মাধ্যমে একটি সুন্দর নির্বাচন হয়েছে।”

    আজ সোমবার (২২ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে চীন সরকারের গ্রেট ওয়াল কমোরেটিভ মেডেল’ হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন আজ এ মেডেল হস্তান্তর করেন। এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কর্মকর্তা ও চীনের প্রতিনিধিদল উপস্থিত ছিলেন।

    স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আমাদের নির্বাচন নিয়ে অনেকগুলো দেশ অনেক মন্তব্য করেছে। কিন্তু চায়না সরকার আমাদের বন্ধু। তারা সব সময় বলেছে এটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় সেখানে আমাদের কোনো মন্তব্য নেই।”

    মন্ত্রী আরও বলেন, “আমি মনে করি তারা এখন বুঝে গেছেন আমাদের প্রধানমন্ত্রী ও নির্বাচন কমিশনের মাধ্যমে দেশে একটি সুন্দর নির্বাচন হয়েছে।

    তিনি বলেন, “চায়না সঙ্গে আমাদের বন্ধুত্বপূর্ণ যে সম্পর্ক পাশাপাশি অন্যান্য প্রতিবেশী দেশের সঙ্গেও আমাদের চমৎকার সম্পর্ক রয়েছে, এটি আরও শক্তিশালী হবে। আপনারা এইমাত্র দেখলেন চায়না আমাদের কীভাবে তাদের সাপোর্ট দিয়ে গেল।”

    চীনের কাছে আমরা কী সহযোগিতা চেয়েছি- এ বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “সব সময় সাইবার সিকিউরিটির বিষয়ে আমরা উদ্বিগ্ন আছি। ট্রান্স ন্যাশনাল ক্রাইম, আন্তর্জাতিক ক্রাইম এ সমস্ত ক্রাইমগুলো যাতে আমরা প্রতিরোধ করতে পারি সেগুলোর জন্য সহযোগিতা চাচ্ছি।”

    আসাদুজ্জামান খান বলেন, “তারা সবসময় আমাদের নিরাপত্তা বাহিনীকে প্রশিক্ষণ দিয়ে আসছেন। এটা আরও দেওয়ার জন্য এর পরিধি আরও বাড়ানোর জন্য অনুরোধ জানিয়েছি। তারা কনসিডার করেছেন যে, তারা আমাদের আরও ট্রেনিংয়ের ব্যবস্থা করবেন।”

    স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “ট্রেনিংয়ের জন্য আমাদের পুলিশ মহাপরিদর্শক এরই মধ্যে তালিকা তাদের হস্তান্তর করেছেন। আমরা আশা করি, তারা সেটি গ্রহণ করবে।”

  • দেশে মোট ভোটার ১২ কোটি ১৭ লাখ ৭৫ হাজার ৪৫০ জন

    দেশে মোট ভোটার ১২ কোটি ১৭ লাখ ৭৫ হাজার ৪৫০ জন

    www.HelloBangla.News – জাতীয় – ২১ জানুয়ারি, ২০২৪: দেশে মোট ভোটার ১২ কোটি ১৭ লাখ ৭৫ হাজার ৪৫০ জন। গত বছরের তুলনায় দেশে মোট ভোটার বেড়েছে ২০ লাখ ৮৬ হাজার ১৬১ জন।
    আজ (২১ জানুয়ারি) নির্বাচন কমিশনে (ইসি) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।
    অশোক কুমার দেবনাথ বলেন, “দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর মোট ভোটার বেড়েছে ২০ লাখ ৮৬ হাজার ১৬১ জন। এর মধ্যে নারী ৭ লাখ ৬৫ হাজার ৬৯০ জন, পুরুষ ১৩ লাখ ২০ হাজার ৩৯৬ জন এবং হিজড়া ৭৫ জন। বাড়ি বাড়ি ভোটার তালিকা সংগ্রহ না করায় কমেছে নারী ভোটার। তবে যখন বাড়ি বাড়ি ভোটার সংখ্যা সংগ্রহ করা হবে তখন নারী ভোটার বাড়বে।”
    তিনি জানান, “সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশে ভোটার ছিল ১১ কোটি ৯৬ লাখ ৮৯ হাজার ২৮৯ জন। এর মধ্যে পুরুষ ৬ কোটি ৭ লাখ ৬৯ হাজার ৭৪১ জন, নারী ৫ কোটি ৮৯ লাখ ১৮ হাজার ৬৯৯ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৮৪৯ জন।”
    সংবাদ সম্মেলনে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের (এনআইডি) মহাপরিচালক এ কে এম হুমায়ুন কবীর বলেন, “১ জানুয়ারি পর্যন্ত যারা ভোটার হয়েছেন তাদের সংযোজিত করে খসড়া তালিকা প্রকাশ করা হয়েছে। এটা আগামী ২ মার্চ চূড়ান্ত ভোটার তালিকা হিসেবে প্রকাশ করা হবে।”
    গত বছরের ২৮ নভেম্বর ‘জনশুমারি ও গৃহগণনা ২০২২’ এর প্রতিবেদন প্রকাশ করে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। এতে দেখা যায়, দেশের মোট জনসংখ্যা ১৬ কোটি ৯৮ লাখ ২৮ হাজার ৯১১ জন। এদের মধ্যে পুরুষ ৮ কোটি ৪১ লাখ ৩৪ হাজার, নারী ৮ কোটি ৫৬ লাখ ৮৬ হাজার ৭৮৪ ও তৃতীয় লিঙ্গের মানুষ ৮ হাজার ১২৪ জন।

  • আস্তে আস্তে ট্রেড ইউনিয়ন গঠনের সুযোগ কমানো হবে: আইনমন্ত্রী

    আস্তে আস্তে ট্রেড ইউনিয়ন গঠনের সুযোগ কমানো হবে: আইনমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ২১ জানুয়ারি, ২০২৪: শিল্প কারখানায় ট্রেড ইউনিয়ন গঠনে শ্রমিকদের সম্মতির হার আরও কমিয়ে প্রক্রিয়া সহজ করার অনুরোধ জানিয়েছে যুক্তরাষ্ট্র।

    আইনমন্ত্রী বলেন, “যেসব কারখানায় তিন হাজারের কম শ্রমিক রয়েছেন, সেখানে ১৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ শ্রমিকের সইয়ে ট্রেড ইউনিয়ন গঠনের সুযোগ দেওয়ার প্রস্তাব করেছেন তারা। আমরা আস্তে আস্তে কমানোর বিষয়ে গুরুত্ব দিয়েছি। আমি পরিষ্কার করে দিয়েছি, আমাদের এমপ্লয়ার্স এবং ওয়ার্কাস ফেডারেশনগুলো সবসময় বলে আসছে, আস্তে আস্তে কমানোটাই তাদের জন্য ভালো হবে। বাংলাদেশের শ্রমিক অধিকারের পরিবেশ অনুসারে এটা কমানো হবে। সেটিই আমাদের সিদ্ধান্ত “

    আজ রবিবার (২১ জানুয়ারি) সচিবালয়ে আইন মন্ত্রণালয়ে ঢাকায় মার্কিন দূতাবাসের লেবার অ্যাটাশে লিনা খান ও ফার্স্ট সেক্রেটারি (রাজনৈতিক) ম্যাথু বেহের সঙ্গে বৈঠকের পর মন্ত্রী এমন তথ্য জানান।

    যুক্তরাষ্ট্রের একজন ফার্স্ট সেক্রেটারি ও লেবার অ্যাটাশে এসেছেন। তাদের সঙ্গে কী নিয়ে কথা হয়েছে। জানতে চাইলে মন্ত্রী বলেন, “বিষয়টি হচ্ছে যে শ্রমিক অধিকার নিয়ে তারা নিজেদের বক্তব্য দিয়েছেন। আপনারা হয়তো খেয়াল রাখবেন, গত বছর থেকেই এ আলোচনা হচ্ছে। আইনটিতে কী অগ্রগতি হয়েছে, আরও অগ্রগতি সম্ভব কিনা; বিভিন্ন সময়ে এ বিষয়ে তাদের সঙ্গে আলাপ-আলোচনা করি। একটা পদক্ষেপ হিসেবেই আজকের আলোচনা হয়েছে। আজকের আলোচনার বিষয়বস্তু ছিল, আপনারা জানেন, রাষ্ট্রপতির কাছে যখন শ্রম আইনটি গিয়েছিল, তখন একটি বিশেষ কারণে সেটি ফিরিয়ে দেওয়া হয়েছিল, কারণটা আগেও আমি ব্যাখ্যা করেছি, আজকের আলোচনায় সেটিও উঠে এসেছে।”

    আনিসুল হক বলেন, “মার্কিন কর্মকর্তারা তাদের থ্রেশহোল্ড সম্পর্কে এবং অন্যান্য বিষয় নিয়ে কথা হয়েছে তাদের সঙ্গে। বিশেষ করে তারা আমাকে বলেছেন যে এই ব্যাপারে যুক্তরাষ্ট্র আমাদের সঙ্গে অংশীদার হিসেবে কাজ করতে চায়। আর যুক্তরাষ্ট্রে শ্রমিকের অধিকার নিয়ে তারা খুবই সচেতন এবং এটা তাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ একটা ইস্যু। তখন আমি তাদের বলেছি, এটা বাংলাদেশ সরকার ও আওয়ামী লীগ সরকারের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এটা এতই গুরুত্বপূর্ণ বিষয় যে, এবার শ্রম ও কর্ম সংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব নিজের হাতে রেখেছেন। সে রকম গুরুত্ব এটিকে দেওয়া হয়। আমি এটাও বলেছি যে, আগামী বুধবার শ্রম মন্ত্রণালয়ের একটি টিমের সঙ্গে আলোচনায় বসবো।”

    আইনমন্ত্রী বলেন, “আগামী মার্চে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) গভর্নিং বডির বৈঠক বসবে আমাদের অগ্রগতি সম্পর্কে ওয়াকিফহাল হওয়ার জন্য এবং তাদের দুয়েকটা জানার বিষয় আছে, সে বৈঠকের পর আমরা জানাব। আজ এ পর্যন্তই আলোচনা হয়েছে।”

    মার্কিন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে দাবি করে তিনি বলেন, “এ বিষয়ে যুক্তরাষ্ট্র কোনো আপত্তি তোলেনি। এছাড়া আজকের বৈঠকে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের বিষয়ে কোনো কথা হয়নি বলেও জানান তিনি।”

    যুক্তরাষ্ট্রের উদ্বেগের বিষয়গুলো কী ছিল এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “থ্রেশহোল্ড নিয়ে তাদের বক্তব্য ছিল। এটা সবসময়ই ছিল। আমি বলেছি, থ্রেশহোল্ড আমরা ১৫ শতাংশে নামিয়ে এনেছি। সেখানে বলা আছে, যে কারখানায় তিন হাজার বা তার বেশি শ্রমিক আছে। কথা হচ্ছে, সেটার বিষয়ে একটা আলোচনা হতে পারে। তারা এটাও বলেছেন, তিন হাজার বা তিন হাজারের বেশি শ্রমিক আছে, এমন কারখানা অনেক কম। এটা আগেও আমি শুনেছি। সেই বিষয়ে যখন প্রশ্ন এসেছে, স্টেকহোল্ডারদের (অংশীজন) সঙ্গে আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নিতে পারবো।”

    তারা কত শতাংশ চাচ্ছেন, জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, “সাধারণত এটা ১০ শতাংশ। আমি পরিষ্কার করে দিয়েছি, আমাদের এমপ্লয়ার্স এবং ওয়ার্কাস ফেডারেশনগুলো সবসময় বলে আসছে, আস্তে আস্তে কমানোটাই তাদের জন্য ভালো হবে। বাংলাদেশের শ্রমিক অধিকারের পরিবেশ অনুসারে এটা কমানো হবে। সেটিই আমাদের সিদ্ধান্ত। যে কারণে আমরা আস্তে আস্তে কমানোর বিষয়ে গুরুত্ব দিয়েছি।

    আনিসুল হক বলেন, “আমি এটাও বলেছি, আগামী বুধবার শ্রম মন্ত্রণালয়ের একটা টিমের সঙ্গে আলোচনায় বসবো। আইএলওর গভর্নিং বডির মিটিং হচ্ছে মার্চ মাসে, আমাদের অগ্রগতি সম্পর্কে সম্পূর্ণ ওয়াকিবহুল হওয়ার জন্য এবং দু’একটা বিষয় তারা জানতে চেয়েছেন, সেই মিটিং এরপরে তাদের আমরা জানাবো। আমাদের আলোচনা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে এবং মার্কিন যুক্তরাষ্ট্র আপত্তি বা এমন কিছু তোলেনি।”

  • শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করেছেন গুতেরেস: পররাষ্ট্রমন্ত্রী

    শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করেছেন গুতেরেস: পররাষ্ট্রমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ২১ জানুয়ারি, ২০২৪: পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের স‌ঙ্গে সাক্ষাৎ করেছেন । এই সময় জাতিসংঘের মহাস‌চিব প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করেছেন।

    আজ রবিবার (২১ জানুয়ারি) উগান্ডার কাম্পালায় তৃতীয় দক্ষিণ শীর্ষ সম্মেলনের সাইডলাইনে এই সাক্ষাৎ হয়।

    বৈঠকে মহাসচিব বৈশ্বিক অর্থনীতির কাঠামো সংস্কারের ক্ষেত্রে বাংলাদেশের ভূমিকাকে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন এবং জাতিসংঘের নেতৃত্বে বেশ কয়েকটি বৈশ্বিক প্রক্রিয়ায় চ্যাম্পিয়ন হওয়ার জন্যও তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করেন।

    বাংলাদেশের সরকার ও জনগণের পক্ষ থেকে পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ ফিলিস্তিনের গাজায় যুদ্ধ নিরসনে জাতিসংঘ মহাসচিবের সাহসী ও গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করেন। পাশাপাশি রোহিঙ্গা ইস্যুকে জাতিসংঘের আলোচ্যসূচির শীর্ষে রাখার জন্য অ্যান্তোনিও গুতেরেসকে অনুরোধ করেন মন্ত্রী।

    ২০২৪ সাল জাতিসংঘে বাংলাদেশের সদস্য হওয়ার সুবর্ণজয়ন্তীর বছর উল্লেখ করে হাছান মাহমুদ এটিকে যথাযথভাবে উদযাপনের প্রয়োজনীয়তার ওপর জোর দেন। তিনি গুতেরেসকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানান।

    দেশের জাতীয় সংসদ নির্বাচন নিয়েও মহাসচিবকে ব্রিফ করেন হাছান মাহমুদ। তিনি জানান, জনগণের অংশগ্রহণে একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

    উগান্ডার কাম্পালায় জোট নিরপেক্ষ আন্দোলনের (ন্যাম) ১৯তম শীর্ষ সম্মেলন এবং ৭৭ জাতি গ্রুপ ও চীনের তৃতীয় দক্ষিণ শীর্ষ সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী।

    পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রয়েছেন পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন, জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মুহাম্মদ এ মুহিত, কেনিয়া ও উগান্ডায় বাংলাদেশের হাইকমিশনার তারেক মুহাম্মদ প্রমুখ।

  • শহীদ আসাদ দিবস উপলক্ষে রাষ্ট্রপতির বাণী

    শহীদ আসাদ দিবস উপলক্ষে রাষ্ট্রপতির বাণী

    www.HelloBangla.News – জাতীয় – ২০ জানুয়ারি, ২০২৪: আজ ২০ জানুয়ারি। শহীদ আসাদ দিবস। ১৯৬৯ সালের এই দিনে তৎকালীন স্বৈরাশাসকের বিরুদ্ধে আন্দোলনের সময় প্রাণ হারিয়েছিলেন আসাদ। সেই থেকে দিনটিকে শহীদ আসাদ দিবস হিসেবে পালনক করা হয়। এই উপলক্ষে আজ শনিবার ( ২০ জানুয়ারি) রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এক বাণীতে বলেন, “শহীদ আসাদের আত্মত্যাগ দেশের গণতন্ত্রকামী মানুষের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।”

    রাষ্ট্রপতি বলেন, “শহীদ আসাদ দিবস, বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে অবিস্মরণীয় একটি দিন। ১৯৬৯ সালের ২০ জানুয়ারি তৎকালীন পাকিস্তানি স্বৈরশাসক আইয়ুব খানের বিরুদ্ধে দেশের ছাত্রসমাজের ১১ দফা দাবি আদায়ের মিছিলে পুলিশের গুলিতে শহীদ হন ছাত্রনেতা মোহাম্মদ আসাদুজ্জামান ওরফে আসাদ।”

    রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, “ঊনসত্তরের গণআন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আসাদের আত্মত্যাগ আন্দোলনকে বেগবান করে। জেল-জুলুম উপেক্ষা করে স্বাধিকারের দাবিতে সোচ্চার সব শ্রেণি-পেশার মানুষ রাজপথে নেমে আসে। পর্যায়ক্রমে আন্দোলন তীব্র থেকে তীব্রতর হয় এবং গণঅভ্যুত্থানে রূপ নেয়। স্বৈরশাসক আইয়ুব ক্ষমতা ছাড়তে বাধ্য হন, পতন হয় স্বৈরশাসনের।”

    তিনি আরও বলেন, “এ গণঅভ্যুত্থানের পথ ধরেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে ও নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা অর্জন করি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানে শহীদ আসাদের আত্মত্যাগ আমাদের মুক্তিসংগ্রাম ও স্বাধীনতার ইতিহাসে একটি অনন্য মাইলফলক হিসেবে বিবেচিত হবে এবং দেশের গণতন্ত্রকামী মানুষের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।”