Category: বাংলাদেশ

  • প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনার প্রত্যাবর্তন অত্যন্ত জরুরি ছিল: এডিবি

    প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনার প্রত্যাবর্তন অত্যন্ত জরুরি ছিল: এডিবি

    www.HelloBangla.News – জাতীয় – ১৭ জানুয়ারি, ২০২৪: প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনার প্রত্যাবর্তন অত্যন্ত জরুরি ছিল, বলে জানিয়েছেন এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) কান্ট্রি ডিরেক্টর এডিমন গিনটিং।

    আজ বুধবার (১৭ জানুয়ারি) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে বৈঠককালে তিনি এ কথা বলেন। এদিন গণভবনে সাক্ষাৎকালে টানা চতুর্থ মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে এডিবি প্রেসিডেন্ট মাসাতসুগু আসাকাওয়ার পাঠানো অভিনন্দনপত্র হস্তান্তর করেন গিনটিং।

    এ সময় অ্যাম্বাসেডর এ্যাট লার্জ মো. জিয়াউদ্দিন এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া উপস্থিত ছিলেন।

    এডিবির কান্ট্রি ডিরেক্টরের বরাত দিয়ে প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি কে এম শাখাওয়াত মুন সাংবাদিকদের বলেন, “বাংলাদেশের সুন্দর ভবিষ্যতের জন্য তাঁর (শেখ হাসিনা) প্রত্যাবর্তন খুবই প্রয়োজন ছিল।”

    শাখাওয়াত মুন বলেন, “এডিবির কান্ট্রি ডিরেক্টর টানা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন। তিনি প্রধানমন্ত্রীকে বলেন, “এডিবি খুবই খুশি।”

    গিনটিং উল্লেখ করেন, এডিবি দীর্ঘদিন ধরে বাংলাদেশের উন্নয়ন সহযোগী হিসেবে কাজ করছে। তিনি বলেন, “আগামী দিনগুলোতেও আমরা একই সংগে কাজ করতে প্রস্তুত। আমরা বাংলাদেশের সাথে কাজ করতে সবসময় প্রস্তুত।”

    তিনি বাংলাদেশের সঙ্গে জ্বালানি খাত ও জলবায়ু পরিবর্তন ইস্যুতে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।

    এডিবির কান্ট্রি ডিরেক্টর আরও বলেন, তারা কক্সবাজারে জলবায়ু পুনর্বাসন প্রকল্পে তাদের কার্যক্রম সম্প্রসারণ করতে চান।

    প্রধানমন্ত্রী পার্বত্য জেলাগুলোতেও তাদের একই কাজ করার অনুরোধ জানান ।

    তিনি বাংলাদেশের জন্য এডিবির সহায়তা অব্যাহত রাখার প্রয়োজনীয়তার উল্লেখ করে বলেন, “আশা করি আপনারা সমর্থন অব্যাহত রাখবেন।”

    শেখ হাসিনা বাংলাদেশকে অগ্রাধিকারমূলক খাতে মূল্য সংযোজন প্রকল্প গ্রহণের উন্নয়ন প্রচেষ্টায় ক্রমাগত সহায়তা করার জন্য এডিবিকে ধন্যবাদ জানান।

    তিনি এডিবিকে গত বছরে সর্বোচ্চ ৩ দশমিক ৬ বিলিয়ন মার্কিন ডলারের প্রতিশ্রুতিতে পৌঁছানোর জন্যও ধন্যবাদ জানান।

    বর্তমানে, এডিবি বাংলাদেশের অর্থনীতির ৭ (সাত)টি প্রধান খাতে ৬১টি প্রকল্পে অর্থায়ন করছে। এরমধ্যে পরিবহন, পানি ও শহুরে অবকাঠামো এবং সেবা, জ্বালানি, মানব ও সামাজিক উন্নয়ন, কৃষি, খাদ্য, প্রাকৃতিক ও গ্রামীণ উন্নয়ন, অর্থ, সরকারি খাত ব্যবস্থাপনা এবং শাসন খাত রয়েছে। .

    শেখ হাসিনা এডিবিকে বাংলাদেশের অর্থনীতির গ্রাজুয়েশন চ্যালেঞ্জের চাহিদা পূরণে প্রকল্প হাতে নেয়ার অনুরোধ করেন, যেখানে লজিস্টিক অবকাঠামোর উন্নতি এবং পরিষেবা সরবরাহকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া উচিত।

    তিনি বলেন, “জলবায়ু ঝুঁকি এবং জলবায়ু জরুরী অবস্থার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ এডিবি’র জলবায়ু অর্থায়নের একটি বড় অংশ পাবে বলে আশা করে।”

    তিনি “মুজিব জলবায়ু সমৃদ্ধি পরিকল্পনা ২০২২-২০৪১’ তে উদ্ভাসিত জাতীয় আকাঙ্ক্ষা ‘জাতীয় অভিযোজন পরিকল্পনা’ এবং ‘বাংলাদেশ ডেল্টা প্ল্যান ২১০০’ এর সঙ্গে একইসাথে জলবায়ু ফলাফলকে সমর্থন করার জন্য উচ্চমানের জলবায়ু প্রকল্প এবং কর্মসূচিগুলোর একটি পাইপলাইন বিকাশে বাংলাদেশের জন্য তার অনুদান এবং রেয়াতমূলক জলবায়ু অর্থায়ন বাড়াতে এডিবিকে অনুরোধ করেন।”

    তিনি এডিবি’র সাম্প্রতিক ৪০০ মিলিয়ন ডলার অনুমোদনের জন্য ধন্যবাদ জানান।

    তিনি এডিবিকে অবহিত করেন যে ২০২৩-২৪ এবং ২০২৪-২৫ অর্থবছরের জন্য পাইপলাইনে বেশ কয়েকটি বাজেট সহায়তা রয়েছে যার উপর এডিবি নির্ধারিত সময়সীমার মধ্যে তাদের অনুমোদন নিশ্চিত করতে আগেই আলোচনা শুরু করতে পারে।

    তিনি আশাবাদ ব্যক্ত করেন যে এডিবি বাংলাদেশের অগ্রাধিকার খাতগুলিতে অর্থায়ন অব্যাহত রাখবে যাতে দেশের প্রবৃদ্ধির গতি বজায় থাকে এবং একটি ‘স্মার্ট বাংলাদেশের’ ভবিষ্যত রূপকল্প বাস্তবায়নে সহায়তা করা যায়।

    তিনি বলেন, “এডিবি তাঁদের অগ্রাধিকারপ্রাপ্ত খাতে প্রকল্পে অর্থায়ন অব্যাহত রাখবে।”

    প্রধানমন্ত্রী বলেন, “বাংলাদেশের অর্থনীতি যেহেতু উচ্চ প্রবৃদ্ধির পথে অগ্রসর হচ্ছে, তাই এটা আকাঙ্খিত যে এডিবি এমন প্রকল্প হাতে নেয়ার জন্য বড় ধরনের সহযোগিতা দেবে যা ডিজিটাল গ্যাপ কমিয়ে দেবে, বাণিজ্য প্রতিযোগিতা ত্বরান্বিত করবে, উন্নত ও কম কার্বন প্রযুক্তি হস্তান্তর করবে, সবুজ শক্তি উৎপাদন করবে, জলবায়ু-সহনশীল কৃষির সম্প্রসারণ ঘটাবে, রপ্তানি বহুমুখীকরণ, স্মার্ট সিটি গড়ে তোলা এবং দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি করবে।”

    তিনি বলেন, “চলমান যুদ্ধ পরিস্থিতি এবং বিশ্ব অর্থনীতিতে এর প্রভাবগুলির সার্বিক এবং সামগ্রিক অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশের অতিরিক্ত আর্থিক সহায়তার প্রয়োজন হতে পারে।”

    এই প্রসঙ্গে, তিনি আশা করেন যে এডিবি তার পাইপলাইনে অতিরিক্ত কাউন্টারসাইক্লিক্যাল এবং পলিসি ভিত্তিক ঋণদান (পিবিএল) সহায়তা ব্যবস্থা রাখবে যাতে বাংলাদেশ প্রয়োজনের ক্ষেত্রে অবিলম্বে সেগুলি ব্যবহার করতে পারে।

    এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি) বছরের পর বছর ধরে বাংলাদেশের সবচেয়ে নির্ভরযোগ্য উন্নয়ন সহযোগী সংস্থা।

    ১৯৭৩ সাল থেকে ডিসেম্বর ২০২৩ পর্যন্ত বাংলাদেশের প্রতি এডিবি’র প্রতিশ্রুতি ৩২ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে; যার মধ্যে ঋণের পরিমাণ ৩১.৪ বিলিয়ন মার্কিন ডলার এবং অনুদানের পরিমাণ ৫৭১.২ মিলিয়ন মার্কিন ডলার। একই সময়ের মধ্যে, এডিবি এর মোট প্রদেয় ছিল ২৩.২ বিলিয়ন ডলার।

  • বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র ঘনিষ্ঠভাবে কাজ করবে

    বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র ঘনিষ্ঠভাবে কাজ করবে

    www.HelloBangla.News – জাতীয় – ১৭ জানুয়ারি, ২০২৪: ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বলেছেন, আগামী দিনে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র ঘনিষ্ঠভাবে কাজ করবে।

    আজ বুধবার (১৭ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

    সাক্ষাৎ শেষে মার্কিন রাষ্ট্রদূত বলেন, “নতুন পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে আজ দেখা করার সু‌যোগ হ‌য়ে‌ছে। ভবিষ্যতে আমাদের দুই পক্ষের সম্পর্কের কার্যক্রম নিয়ে আমরা কথা বলেছি। আমরা দুই পক্ষের স্বার্থ সং‌শ্লিষ্ট বিষয়গুলো কীভাবে এগিয়ে নেব তা নিয়ে আলোচনা করেছি।”

    পিটার হাস বলেন, “দুই পক্ষের মধ্যে ব্যবসা-বা‌ণিজ্য এবং রো‌হিঙ্গা সংকটে একে অপরকে কীভাবে সহ‌যো‌গিতা কর‌তে পা‌রি, সে বিষয়ে আলোচনা করেছি। সামনের মাসগুলোতে আমাদের পারস্প‌রিক স্বার্থ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আরও কাজ করব।”

  • বাংলাদেশে সব ধরনের ভবন ভূমিকম্প সহনীয় করার প্রস্তাব

    বাংলাদেশে সব ধরনের ভবন ভূমিকম্প সহনীয় করার প্রস্তাব

    www.HelloBangla.News – জাতীয় – ১৭ জানুয়ারি, ২০২৪: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. মহিববুর রহমান জানয়েছেন, দেশের সব আবাসিক ও বাণিজ্যিক ভবন ভূমিকম্প সহনীয় হিসেবে নির্মাণ করতে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করা হবে।

    মন্ত্রী বলেন, “বাংলাদেশ অত্যন্ত ভূমিকম্প ঝুঁকিতে রয়েছে। কিন্তু অবকাঠামো ভূমিকম্প সহনীয় পর্যায়ে নেই। তাই আমাদের সক্ষমতা বাড়াতে কাজ করতে হবে। সরকারের কাছে প্রস্তাব করবো যেন দেশের সব ভবন ভূমিকম্প সহনীয় থাকে।”

    আজ বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) দুপুরে রাজধানীর মহাখালীতে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সভাকক্ষে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে তিনি দায়িত্ব নেওয়ায় এ মতবিনিময় সভার আয়োজন করে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর।

    সভায় এ সময় উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব কামরুল হাসান, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মিজানুর রহমান প্রমুখ।

    প্রতিমন্ত্রী বলেন, “বাংলাদেশে এ মন্ত্রণালয়ের গুরুত্ব অপরিসীম। আমরা সুনাম রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করবো। বন্যা, ঘূর্ণিঝড়ে ক্ষয়ক্ষতি কমানো আমাদের লক্ষ্য।”

    তিনি বলেন, “আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন করতে হবে। প্রধানমন্ত্রীর চাওয়া ও স্বপ্ন বাস্তবায়ন করতে হবে। আমি আমার মন্ত্রণালয়ের সবাইকে একসঙ্গে নিয়ে নিজেদের যোগ্যতা প্রমাণ করবো। মানুষ কীভাবে ভালো থাকবে সে লক্ষ্যে কাজ করবো। আমরা স্মার্ট সোনার বাংলা গড়ে তুলবো।”

    দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বিভিন্ন কার্যক্রম সভায় তুলে ধরেন মহাপরিচালক মিজানুর রহমান। এসময় জনগণের জন্য সঠিক কার্যক্রম গ্রহণে সংশ্লিষ্টদের নির্দেশ দেন প্রতিমন্ত্রী।

  • প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে বিটিএমএ’র কম্বল ও অনুদান প্রদান

    প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে বিটিএমএ’র কম্বল ও অনুদান প্রদান

    www.HelloBangla.News – জাতীয় – ১৭ জানুয়ারি, ২০২৪: বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ) শীতার্ত দুস্থদের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে কম্বলসহ আর্থিক অনুদান দিয়েছে।

    প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি কে এম সাখাওয়াত মুন জানান, বিটিএমএ সভাপতি মোহাম্মদ আলী খোকন আজ গণভবনে আর্থিক অনুদানের চেক ও ৬ হাজার কম্বল শেখ হাসিনার হাতে তুলে দেন।

    এখানে উল্লেখ থাকে যে বিগত প্রায় দুই সপ্তাহ ধরে সারা সারা দেশেই অনুভূত হচ্ছে শীতের তীব্রতা। পাশাপাশি রাজধানী ঢাকাতেও প্রায় সপ্তাহ খানেক ধরেই শীত অব্যাহত আছে। এর মধ্যেই আবহাওয়া অফিস জানিয়েছে বৃষ্টিপাত হতে পারে দেশের তিনটি বিভাগে।

    শীতে দিনমজুর ও স্বল্প আয়ের মানুষরা রয়েছে বিপদে। তাদের সাহায্যের প্রয়োজন । এই অবস্থায় বিভিন্ন সংস্থা ও সামাজিক প্রতিষ্ঠান এবং ব্যক্তিগত উদ্যোগে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে বিভিন্ন ধরণের সাহায্য দিচ্ছে। আজ এগিয়ে এসেছে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ) ।

    সূত্র: বাসস

  • দেশের তিনটি বিভাগে বৃষ্টির পূর্বাভাস

    দেশের তিনটি বিভাগে বৃষ্টির পূর্বাভাস

    www.HelloBangla.News – জাতীয় – ১৭ জানুয়ারি, ২০২৪: সারা দেশেই অনুভূত হচ্ছে শীতের তীব্রতা। পাশাপাশি রাজধানী ঢাকাতেও প্রায় সপ্তাহ খানেক ধরেই শীত অব্যাহত আছে। এর মধ্যেই আবহাওয়া অফিস জানিয়েছে বৃষ্টিপাত হতে পারে দেশের তিনটি বিভাগে।

    আজ বুধবার (১৭ জানুয়ারি) এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

    আবহাওয়া অফিস জানিয়েছে, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বাংলাদেশের উত্তরপশ্চিমাঞ্চল পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

    বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সকাল পর্যন্ত রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

    রাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং এটি কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীন নৌ পরিবহন এবং সড়ক যোগাযোগে সাময়িক ভাবে বিঘ্ন ঘটতে পারে।

    সারাদেশে রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রী সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রাও সামান্য বৃদ্ধি পেতে পারে। কুয়াশার কারণে দেশের কোথাও কোথাও দিনে ঠান্ডা পরিস্থিতি বিরাজ করতে পারে।

    বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার (১৯ জানুয়ারি) সকাল পর্যন্ত রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

    রাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারী থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং এটি কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীন নৌ পরিবহন এবং সড়ক যোগাযোগে সাময়িক ভাবে বিঘ্ন ঘটতে পারে।

    শুক্রবার সকাল থেকে শনিবার (২০ জানুয়ারি) সকাল পর্যন্ত আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। রাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং এটি কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

    কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীন নৌ পরিবহন এবং সড়ক যোগাযোগে সাময়িক ভাবে বিঘ্ন ঘটতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। দেশের কোথাও কোথাও দিনে ঠান্ডা পরিস্থিতি বিরাজ করতে পারে।

    বুধবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বান্দরবানে ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

  • মুক্তিযুদ্ধে প্রবাসীদের বিরাট অবদান রয়েছে: প্রধানমন্ত্রী

    মুক্তিযুদ্ধে প্রবাসীদের বিরাট অবদান রয়েছে: প্রধানমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ১৬ জানুয়ারি, ২০২৪: মুক্তিযুদ্ধে প্রবাসীদের বিরাট অবদান রয়েছে, বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলে “স্বাধীনতা-সংগ্রামে বিশ্ব জনমত সৃষ্টিতে প্রবাসীরা বিরাট অবদান রাখেন। প্রতিটি আন্দোলন-সংগ্রাম, মুক্তিযুদ্ধে প্রবাসীদের বিরাট অবদান রয়েছে। সেটা ছাড়াও প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বাংলাদেশের অর্থনীতির মূল চালিকাশক্তি।”

    আজ মঙ্গলবার (১৬ জানুয়ারি) দুপুরে গণভবনে প্রবাসী আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

    শেখ হাসিনা বলেন, “আপনারা যারা প্রবাসে কাজ করেন, ন্যাশনাল পেনশন স্কিমে যুক্ত হতে পারেন। সবার জন্য এ সুবিধা করে দিয়েছি। রেমিট্যান্স পাঠানোর জন্য সব অনলাইন করে দিয়েছি। সহজে এখন টাকা পাঠাতে পারবেন।”

    প্রধানমন্ত্রী  বলেন, “৭ জানুয়ারি নির্বাচন হয়ে গেছে। আমি জনগণের প্রতি কৃতজ্ঞতা জানাই, কারণ জনগণই স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে এসেছে। কারণ বিএনপি যখন নির্বাচনে আসবে না, কেউ যাতে নির্বাচনে না আসে, কেউ যেন ভোট না দেয় এর জন্য লিফলেট বিতরণ শুরু করল। এই লিফলেট বিতরণের পরে ঘটনা উল্টো হয়ে গেল, মানুষজন আরও উৎসাহিত হলো, আমাদের ভোট দিতেই হবে।”

    তিনি আরও বলেন, “আওয়ামী লীগ প্রমাণ করেছে, সরকার জনগণের সেবক। আমি প্রধানমন্ত্রী হিসেবে নয়, সেবক হিসেবে কাজ করে দেশকে এগিয়ে নিয়ে এসেছি। টানা ১৫ বছর ক্ষমতায় থাকায় খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছে। মানুষ এখন ভবিষ্যতের স্বপ্ন দেখে।”

    আওয়ামী লীগ সভাপতি বলেন, “সেই ক্ষেত্রে একটা সুষ্ঠু নির্বাচন হয়েছে। নির্বাচন স্বচ্ছ, সুষ্ঠু, কোনোরকম দুর্ঘটনা যেন না ঘটে, একটা অবাধ-নিরপেক্ষ নির্বাচন যাতে হয়– সেই প্রচেষ্টাই আমাদের ছিল। যার কারণে একের পর এক নির্বাচনে সংস্কার আমরা নিয়ে আসি। কারণ সেনা শাসকরা যখন একের পর এক ক্ষমতা দখল করে তখন তারা নির্বাচনে ভোট কারচুপি করা শুরু করেছিল। সেই জায়গা থেকে মানুষের অধিকার মানুষকে ফিরিয়ে দেওয়ার সেই আন্দোলন-সংগ্রামটাই আমরা করেছি।”

    শেখ হাসিনা বলেন, “আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর দেশের মানুষ উপলব্ধি করেছে সরকার জনগণের সেবক। সেই ঘোষণা জাতির পিতা দিয়েছিলেন, আমি জাতির পিতার কন্যা হিসেবে তারই পদাঙ্ক অনুসরণ করে সেই ঘোষণাটাই দিয়েছি– আমি প্রধানমন্ত্রী না, জাতির জনকের কন্যা হিসেবে মানুষের সেবক হিসেবে কাজ করবে, যেন মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারি।”

    তিনি বলেন, “আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি, যেটা ২০২৪ সালে কার্যকর করার কথা ছিল, সেটা আমরা দুই বছর বাড়িয়ে নিয়েছি। করোনাভাইরাসের অতিমারি, ইউক্রেন-রাশিয়া যুদ্ধ, এরপর ফিলিস্তিনের ওপর হামলা, শিশু-নারী হাসপাতালে আক্রমণ করা। আমরা সবসময় ফিলিস্তিনের পক্ষে আছি। এভাবে একটা জাতিকে ধ্বংস করা, নারীদের ধ্বংস করা, এটা এক ধরনের গণহত্যা। আমরা সাহায্য পাঠিয়েছি, আগামীতে পাঠাব। এরপর আবার ইয়মেনে আক্রমণ। আমরা যুদ্ধ চাই না, শান্তি চাই। মিয়ানমার যখন অশান্ত হলো, তারা আশ্রয় চাইল, আমরা তাদের আশ্রয় দিয়েছি। মিয়ানমারের সঙ্গে আমরা আলোচনা করেছি, আমরা যুদ্ধে যাইনি। কারণ আমরা শান্তি চেয়েছি।”

    প্রধানমন্ত্রী বলেন, “আজ এই যে অস্ত্র প্রতিযোগিতা, আন্তর্জাতিকভাবে আমি যেখানেই গিয়েছি সেখানেই বলেছি, এই অস্ত্র প্রতিযোগিতা বন্ধ করে ওই টাকা শিশুদের খাদ্য, শিশুদের চিকিৎসা, শিশুদের শিক্ষায় ব্যয় হোক। আজ শিশুরা কষ্ট পায়, নারীরা কষ্ট পায়, মানবজাতি কষ্ট পায় সে ধরনের কাজ করতে হবে কেন। আমরা এর ঘোর বিরোধিতা করি, আমরা কখনো যুদ্ধ চাই না, শান্তি চাই।”

    শেখ হাসিনা বলেন, “বিএনপি অফিসে তারাই তালা দেয়, তারাই ভাঙে। তারা এখন পথ হারানো পথিক হয়ে গেছে। জানি না তাদের সাংগঠনিক কোনো যোগ্যতা আছে কি না, একটাই আছে আগুন দেওয়া।”

  • অনুমোদনবিহীন হাসপাতালের ব্যাপারে ছাড় দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী

    অনুমোদনবিহীন হাসপাতালের ব্যাপারে ছাড় দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ১৬ জানুয়ারি, ২০২৪: অনুমোদনবিহীন হাসপাতালের ব্যাপারে ছাড় দেওয়া হবে না, বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। তিনি বলেন, “নিজেরাই যদি লাইসেন্স ছাড়া ক্লিনিক-হাসপাতালগুলো বন্ধ না করে, তাহলে কঠিন পদক্ষেপ নেবে মন্ত্রণালয়।”

    আজ মঙ্গলবার (১৬ জানুয়ারি) সকালে সচিবালয়ে তিনি এ নির্দেশ দেন।

    মন্ত্রী বলেন, “আমি নিজেও লাইসেন্সবিহীন হাসপাতালের ভুক্তভোগী। সুতরাং আমি কখনই এ বিষয়ে ছাড় দেব না। আপনারা জানেন, এরইমধ্যে আমি বলেছি দুর্নীতির বিরুদ্ধে আমার অবস্থান থাকবে, তেমনি অনুমোদনবিহীন হাসপাতালের ব্যাপারেও ছাড় দেওয়া হবে না।”

    করোনা প্রসঙ্গে মন্ত্রী বলেন, “দেশ থেকে এখনো করোনা যায়নি। বিশেষ করে নতুন ভ্যারিয়েন্ট নিয়ে আমাদের সতর্ক থাকতে হবে। তিনি করোনা বেড়ে যাওয়ায় ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে জনসমাগম এড়িয়ে চলা ও সবাইকে মাস্ক ব্যবহারের পরামর্শ দেন।”

    এসময় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মো. খুরশিদ আলম বলেন, “করোনার নতুন ভ্যারিয়েন্ট খুব বেশি মারাত্মক না হলেও আমরা সবাই সতর্ক থাকব। আমরা এবছর এক কোটি ২৫ লাখ মানুষকে করোনা টিকার চতুর্থ ডোজ দেওয়ার লক্ষ্যমাত্রা ঠিক করেছি। গ্যাভি (গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিন ইনিশিয়েটিভ) থেকে টিকা আসা মাত্রই আমরা কার্যক্রম শুরু করব।”

    এর আগে আয়ানের মৃত্যুর সুষ্ঠু বিচারের দাবিসহ চার দফা দাবি নিয়ে সকালে সচিবালয়ের স্বাস্থ্য মন্ত্রণালয়ে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে আসেন আয়ানের বাবা শামীম আহমেদ ও তার পরিবার। এসময় স্বাস্থ্যমন্ত্রীর কাছে আয়ানের বাবা সন্তানের মৃত্যুর ঘটনার বর্ণনা দেন।

    এই প্রসঙ্গে সামন্ত লাল বলেন, “শিশু আয়ানের মৃত্যু খুবই দুঃখজনক ঘটনা। আয়ানের মৃত্যুর ঘটনায় যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। যতটুকু জানি আগামীকালই আয়ানের মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটি প্রতিবেদন দেবে। চিকিৎসায় যদি কোনো অবহেলা থাকে তাহলে কোনো ছাড় দেওয়া হবে না।”

  • তীব্র শীতে স্কুল বন্ধ রাখার নির্দেশ

    তীব্র শীতে স্কুল বন্ধ রাখার নির্দেশ

    www.HelloBangla.News – জাতীয় – ১৬ জানুয়ারি, ২০২৪: তীব্র শীতে শীতের কারণে ঠান্ডাজনিত নানা রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে রয়েছে শিশুরা। বিশেষ ভাবে স্কুলগামী শিশুরা রয়েছে চরম ঝুকিতে। তাই তীব্র শীতে মাধ্যমিক পর্যায়ের স্কুল বন্ধে নতুন নির্দেশনা দেওয়া হয়েছে।

    নির্দেশনা অনুযায়ী, যেসব জেলায় তাপমাত্রা ১৭ ডিগ্রির নিচে নামবে সেখানে স্কুল বন্ধ রাখা যাবে।

    আজ মঙ্গলবার (১৬ জানুয়ারি) বিকেলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে। এতে সই করেছেন মাউশির সহকারী পরিচালক (মাধ্যমিক-২) এস এম জিয়াউল হায়দার হেনরী।

    নির্দেশনায় বলা হয়েছে, দেশের বিভিন্ন জেলায় তীব্র শৈত্যপ্রবাহ প্রবাহিত হচ্ছে। চলমান এ শৈত্যপ্রবাহে শিক্ষার্থীদের শিক্ষার স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে জানা যাচ্ছে। এক্ষেত্রে যেসব জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াসের নিচে (সংশ্লিষ্ট আবহাওয়া অফিসের আবহাওয়ার পূর্বাভাসের প্রমাণক অনুযায়ী) নেমে যাবে, আঞ্চলিক উপ-পরিচালকরা সেসব জেলার শিক্ষা কর্মকর্তার সঙ্গে আলোচনা করে মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ রাখার নির্দেশনা দেবেন।

  • ২০২৩ সালে সড়ক দুর্ঘটনায় নিহত ৫০২৪ জন

    ২০২৩ সালে সড়ক দুর্ঘটনায় নিহত ৫০২৪ জন

    www.HelloBangla.News – জাতীয় – ১৬ জানুয়ারি, ২০২৪: বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি’র (বিআরটিএ) দেওয়া তথ্যমতে সদ্য বিদায়ী ২০২৩ সালে সড়কে ৫ হাজার ৪৯৫টি দুর্ঘটনায় ৫ হাজার ২৪ জন নিহত ও ৭ হাজার ৪৯৫ জন আহত হয়েছে ।

    আজ মঙ্গলবার (১৬ জানুয়ারি) রাজধানীর বনানীতে বিআরটিএর প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্থাটির চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার। বিআরটিএর বিভাগীয় অফিসের মাধ্যমে সারা দেশের সড়ক দুর্ঘটনার পরিসংখ্যান সংগ্রহ করে সংস্থাটি।

    নুর মোহাম্মদ মজুমদার বলেন, ২০২৩ সালের জানুয়ারি মাসে ৩২২ দুর্ঘটনায় নিহত ৩৩৩ জন ও আহত হন ৩৩৬ জন; ফেব্রুয়ারি মাসে ৩০৮ দুর্ঘটনায় নিহত ৩০৩ ও আহত ৪১৬ জন; মার্চ মাসে ৩৮৭ দুর্ঘটনায় নিহত ৪১৫ ও আহত ৬৮৮; এপ্রিল মাসে ৪৭৬ দুর্ঘটনায় নিহত ৪৫৯ ও আহত ৭০৫ জন; মে মাসে ৪৮৩ দুর্ঘটনায় নিহত ৩৯৪ ও আহত ৬৪৯ জন; জুন মাসে ৫৬২ দুর্ঘটনায় নিহত ৫০৪ ও আহত ৭৮৫ জন; জুলাই ৫৬৬ দুর্ঘটনায় ৫৩৩ ও ৯৩৪ জন; আগস্ট মাসে ৪৫৮ দুর্ঘটনায় নিহত ৩৭৬ ও আহত ৬৯৫ জন; সেপ্টেম্বর মাসে ৪৫৪ দুর্ঘটনায় নিহত ৪১০ ও আহত ৬০৯ জন; অক্টোবর মাসে ৪৩৭ দুর্ঘটনায় নিহত ৩৯৪ ও আহত ৪৯২ জন; নভেম্বর মাসে ৫৫৯ দুর্ঘটনায় নিহত ৪৭০ ও আহত ৫৮১ জন এবং ডিসেম্বর মাসে ৪৮৩ দুর্ঘটনায় ৪৩৩ জন নিহত ও ৬৪১ জন আহত হয়েছেন।

    তিনি আরও বলেন, ২০২৩ সালে সড়ক দুর্ঘটনায় পতিত মোট ৭ হাজার ৮৩৭টি মোটরযানের মধ্যে মোটরকার/জিপ ২০৬টি, বাস/মিনিবাস ১ হাজার ৮৩টি, ট্রাক/কাভার্ডভ্যান ১৩৮৯টি, পিকআপ ৩৭০টি, মাইক্রোবাস ২২৬টি, অ্যাম্বুলেন্স ১৬১টি, মোটরসাইকেল ১ হাজার ৭৪৭টি, ভ্যান ২৩০টি,  ট্রাক্টর ১২৮টি, ইজিবাইক ২১৭টি, ব্যাটারিচালিত রিকশা ৪১৫টি, অটোরিকশা ৪৯৭টি এবং অন্যান্য যান ১ হাজার ১৬৮টি রয়েছে।

  • স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

    স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ১৫ জানুয়ারি, ২০২৪: স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে কাজ করতে হবে, বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, “সরকার পরিচালনার স্বচ্ছতা-জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। সরকারি আয় ব্যয় এবং ক্রয় এসব বিষয়ে বিশেষ দৃষ্টি দিতে হবে এবং স্বচ্ছতা জবাবদিহিতার সঙ্গে করতে হবে। এখানে কোনো ধরনের দুর্নীতি-অনিয়ম বরদাস্ত করব না।”

    আজ সোমবার (১৫ জানুয়ারি) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গঠিত নতুন সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠকের সূচনা বক্তব্যে তিনি এ নির্দেশনা দেন।

    টানা চারবারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, “দুর্নীতি দেশের জন্য ভালো না। আমাদের যতটুকু সম্পদ আমরা যথাযথভাবে কাজে লাগাবো। আর্থিক শৃঙ্খলা বজায় রেখে আমরা এগোবো।”

    শেখ হাসিনা বলেন, “আমাদের সীমিত সম্পদ জনসংখ্যা বেশি। আমাদের সীমিত সম্পদ দিয়েই জনগণের কল্যাণ করতে হবে।”

    প্রধানমন্ত্রী বলেন, “বয়স্ক ভাতা ও সামাজিক সুরক্ষা ভাতা সঠিক লোক যথাযথভাবে যেন পায় সেদিকেও দৃষ্টি দিতে হবে।”

    মন্ত্রীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, “দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে হবে। মূল্য কেনো বাড়ছে, তা নিরূপণ করে মূল্য সমন্বয়ের মাধ্যমে মানুষকে স্বস্তি দিতে হবে।”

    প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় শেখ হাসিনা আরো বলেন, “একটা পক্ষ সরকারের প্রতি মানুষকে বিক্ষুব্ধ করতে বাজার নিয়ে চক্রান্ত করতে পারে। এ ব্যাপারে সতর্ক থাকতে হবে।”

    প্রধানমন্ত্রী বলেন, “তথ্য প্রযুক্তি ব্যবহার করে উৎপাদন, মজুদ, সরবরাহ, আমদানিসহ সার্বিক তথ্য জানার মাধ্যমে সুনির্দিষ্ট পরিকল্পনা করেই নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার নিয়ন্ত্রণ করা হবে। সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বেচাকেনা হলে, দ্রব্যমূল্য নিয়ে যেকোনো ভোক্তা বা সাধারণ মানুষ একটি নির্ধারিত টেলিফোন নাম্বারে সরাসরি ফোন করে অভিযোগ করার সঙ্গে সঙ্গে, প্রশাসন দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। আগামী ৩১ জানুয়ারির মধ্যে এ ব্যাপারে কার্যকর উদ্যোগ নেয়া হবে।”

    মাদক নিয়ন্ত্রণে আনতে সংশ্লিষ্টদের ব্যবস্থা নিতে বলেন দেশের পঞ্চম বারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।