দেশে মোট ভোটার ১২ কোটি ১৭ লাখ ৭৫ হাজার ৪৫০ জন

দেশে মোট ভোটার ১২ কোটির বেশি - জাতীয় - ২১ জানুয়ারি ২০২৪ (ফাইল ছবি)
দেশে মোট ভোটার ১২ কোটির বেশি - জাতীয় - ২১ জানুয়ারি ২০২৪ (ফাইল ছবি)

www.HelloBangla.News – জাতীয় – ২১ জানুয়ারি, ২০২৪: দেশে মোট ভোটার ১২ কোটি ১৭ লাখ ৭৫ হাজার ৪৫০ জন। গত বছরের তুলনায় দেশে মোট ভোটার বেড়েছে ২০ লাখ ৮৬ হাজার ১৬১ জন।
আজ (২১ জানুয়ারি) নির্বাচন কমিশনে (ইসি) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।
অশোক কুমার দেবনাথ বলেন, “দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর মোট ভোটার বেড়েছে ২০ লাখ ৮৬ হাজার ১৬১ জন। এর মধ্যে নারী ৭ লাখ ৬৫ হাজার ৬৯০ জন, পুরুষ ১৩ লাখ ২০ হাজার ৩৯৬ জন এবং হিজড়া ৭৫ জন। বাড়ি বাড়ি ভোটার তালিকা সংগ্রহ না করায় কমেছে নারী ভোটার। তবে যখন বাড়ি বাড়ি ভোটার সংখ্যা সংগ্রহ করা হবে তখন নারী ভোটার বাড়বে।”
তিনি জানান, “সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশে ভোটার ছিল ১১ কোটি ৯৬ লাখ ৮৯ হাজার ২৮৯ জন। এর মধ্যে পুরুষ ৬ কোটি ৭ লাখ ৬৯ হাজার ৭৪১ জন, নারী ৫ কোটি ৮৯ লাখ ১৮ হাজার ৬৯৯ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৮৪৯ জন।”
সংবাদ সম্মেলনে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের (এনআইডি) মহাপরিচালক এ কে এম হুমায়ুন কবীর বলেন, “১ জানুয়ারি পর্যন্ত যারা ভোটার হয়েছেন তাদের সংযোজিত করে খসড়া তালিকা প্রকাশ করা হয়েছে। এটা আগামী ২ মার্চ চূড়ান্ত ভোটার তালিকা হিসেবে প্রকাশ করা হবে।”
গত বছরের ২৮ নভেম্বর ‘জনশুমারি ও গৃহগণনা ২০২২’ এর প্রতিবেদন প্রকাশ করে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। এতে দেখা যায়, দেশের মোট জনসংখ্যা ১৬ কোটি ৯৮ লাখ ২৮ হাজার ৯১১ জন। এদের মধ্যে পুরুষ ৮ কোটি ৪১ লাখ ৩৪ হাজার, নারী ৮ কোটি ৫৬ লাখ ৮৬ হাজার ৭৮৪ ও তৃতীয় লিঙ্গের মানুষ ৮ হাজার ১২৪ জন।

পূর্ববর্তী আস্তে আস্তে ট্রেড ইউনিয়ন গঠনের সুযোগ কমানো হবে: আইনমন্ত্রী
পরবর্তী বাণিজ্যমেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী