Category: বাংলাদেশ

  • প্রধানমন্ত্রী রোহিঙ্গা সমস্যা সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ চাইলেন

    প্রধানমন্ত্রী রোহিঙ্গা সমস্যা সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ চাইলেন

    www.HelloBangla.News – জাতীয় – ২৮ জানুয়ারি, ২০২৪: রোহিঙ্গাদের তাদের মাতৃভূমি মিয়ানমারে প্রত্যাবাসনে ও সেখানে তাদের মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করার ব্যবস্থা নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    তিনি বলেন, ‘বিশ্বের উচিৎ রোহিঙ্গা সংকট সমাধানের উপায় বের করা, যাতে তারা স্বদেশে ফিরে গিয়ে সেখানে একটি সুন্দর জীবনযাপন করতে পারে।’

    আজ রবিবার ( ২৮ জানুয়ারি) যুক্তরাজ্যের বাংলাদেশ বিষয়ক সর্বদলীয় সংসদীয় দলের (এপিপিজি) ভাইস চেয়ার ও ইন্দো-ব্রিটিশ বিষয়ক এপিপিজি-র চেয়ার বীরেন্দ্র শর্মা এমপি’র নেতৃত্বে যুক্তরাজ্যের ক্রস পার্টি একটি পার্লামেন্টারি প্রতিনিধি দল প্রধানমন্ত্রীল সঙ্গে গণভবনে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।

    বৈঠক শেষে প্রধানমন্ত্রীর স্পিচরাইটার এম. নজরুল ইসলাম সাংবাদিকদের ব্রিফ করেন।

    গত ৭ জানুয়ারি বাংলাদেশে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর এটিই যুক্তরাজ্য সংসদীয় দলের প্রথম সফর।

    বৈঠককালে শেখ হাসিনা বলেন, “২০১৭ সালে অমানবিক নির্যাতনের মুখে রোহিঙ্গাদের ব্যাপকভাবে দেশত্যাগের পর বাংলাদেশ তাদের আশ্রয় দিয়েছিল।”

    প্রধানমন্ত্রী আরো বলেন, “মিয়ানমার তাদের নাগরিকদের ফিরিয়ে নিতে সম্মত হলেও, ছয় বছর অতিবাহিত হওয়া সত্ত্বেও এই লক্ষ্যে কোনো ব্যবস্থা নেয়নি।”

    কোভিড-১৯ মহামারী এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পর থেকে বৈশ্বিক আর্থিক সহায়তা কমে যাওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, “সুতরাং রোহিঙ্গারা এখন বাংলাদেশের মতো একটি ছোট দেশের জন্য বিশাল বোঝা হয়ে উঠছে।”

    শেখ হাসিনা বলেন, “জোরপূর্বক দেশ থেকে বিতারিত করার সময় বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের মধ্যে প্রায় ৪০ হাজার গর্ভবতী নারী ছিল। তিনি বলেন, বাংলাদেশের সরকার ও জনগণ প্রাথমিকভাবে তাদের খাদ্য ও আশ্রয় দিয়েছে।”

    প্রধানমন্ত্রী বলেন, “ছয় বছর অতিবাহিত হওয়া সত্ত্বেও মিয়ানমার তাদের নাগরিকদের ফিরিয়ে নেওয়ার জন্য বাস্তবসম্মত কিছুই করেনি। যদিও, তারা আগে তা করতে রাজি হয়েছিল। ফলে, মিয়ানমারের নাগরিকরা বাংলাদেশের ক্যাম্পে মানবেতর জীবনযাপন করছে। এমনকি রোহিঙ্গারাও এখন অপরাধমূলক কর্মকাণ্ডে লিপ্ত হচ্ছে-যার মধ্যে মাদক, অস্ত্র ও মানব পাচার এবং অভ্যন্তরীণ দ্বন্দ্বও রয়েছে যেগুলো থেকে কখনও কখনও রক্তপাতও ঘটছে,’ তিনি যোগ করেন “

    শেখ হাসিনা আরো বলেন, “ভাসানচর দ্বীপে সরকার রোহিঙ্গাদের জন্য উন্নত আবাসনের ব্যবস্থা করেছে।”

    তিনি বলেন, “কিছু রোহিঙ্গাকে ইতোমধ্যে ভাসানচরে পুনর্বাসন করা হয়েছে। আমরা তাদের জন্য খাবার, চিকিৎসা সুবিধা, শিক্ষা ও কর্মসংস্থানের ব্যবস্থা করেছি বলে তারা সেখানে অনেক ভালো আছে।”

    প্রধানমন্ত্রী বলেন, “রোহিঙ্গারা কয়েকটি ছোট ছোট দলে বিভক্ত। এক দল ভাসানচরে যেতে চাইলে আরেক দল বাধা দেয়।”

    প্রতিনিধি দল মিয়ানমার থেকে নির্যাতিত রোহিঙ্গাদের বাংলাদেশের উদার আতিথেয়তা ও দীর্ঘায়িত রোহিঙ্গা সঙ্কটের সমাধানে তাদের সমর্থন পুনর্নিশ্চিত করতে ৩০ জানুয়ারি কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবে।

    পাঁচ সদস্যের সংসদীয় প্রতিনিধি দলে রয়েছেন- প্রাক্তন টেক ও ডিজিটাল অর্থনীতির কনজারভেটিভ মন্ত্রী পল স্কুলি, এমপি, ইউকে হাউস অফ কমন্স সিলেক্ট কমিটির মেম্বার ফর ফরেন অ্যাফেয়ার্স নীল কোয়েল, এমপি, হাউস অফ কমন্সের বিরোধীদলীয় হুইপ অ্যান্ড্রু ওয়েস্টার্ন, এমপি এবং হাউস অফ কমন্সের সিনিয়র সংসদীয় সহকারী ডমিনিক মফিট।

    এ সময় প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান, অ্যাম্বাসেডর-অ্যাট-লার্জ এম জিয়াউদ্দিন ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের (পিএমও) সচিব এম সালাউদ্দিন উপস্থিত ছিলেন।

    প্রতিনিধি দলটির আগামী ৩১ জানুয়ারি লন্ডনের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।

     

    সূত্র: বাসস

  • করোনার নতুন ভ্যারিয়েন্ট খুব দ্রুত ছড়ায়: ডিজি স্বাস্থ্য অধিদপ্তর

    করোনার নতুন ভ্যারিয়েন্ট খুব দ্রুত ছড়ায়: ডিজি স্বাস্থ্য অধিদপ্তর

    www.HelloBangla.News – জাতীয় – ২৮ জানুয়ারি, ২০২৪: স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম জানিয়েছেন করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট খুব দ্রুত ছড়ায়।

    আজ রবিবার (২৮ জানুয়ারি) সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

    এ সময়  স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সামন্ত লাল সেন উপস্থিত ছিলেন।

    করোনার নতুন ধরনের বিষয়ে সরকারের পরিকল্পনা জানতে চাইলে মহাপরিচালক বলেন, “করোনার নতুন ভ্যারিয়েন্ট খুব দ্রুত ছড়ায়। কিন্তু এতে প্রাণহানির শঙ্কা কম। এই ভ্যারিয়েন্টের এগেনেস্টে আমাদের যে ভ্যাকসিন আছে, সেটা কার্যকরি এবং এটা দেওয়ার পদক্ষেপ নিয়েছি।”

    তিনি আরও বলেন, “এই সিজনে অন্যান্য বছরের তুলনায় অবশ্যই নিউমোনিয়ার প্রকোপ অনেক বেশি। বিশেষ করে শিশু ওয়ার্ডগুলো রোগীতে ভর্তি হয়ে গেছে।”

    স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলেন, “আমাদের বাতাসে যে পরিমাণ ধুলা-বালি, ময়লা আছে তা খুব একটা সুখকর নয়। আমরা মাস্ক পরতে বলছি। সাধারণ স্বাস্থ্য বিধি মেনে চলতে বলছি। আমরা ফ্রন্ট লাইনে যেমন ডাক্তার আছেন, তাদেরকে আমরা বলছি আমাদের টিকা আছে, আপনারা টিকা নিয়ে নেবেন।”

  • আমরা বছরে ২০ লাখ যুবকের কর্মসংস্থান করবো: সেতুমন্ত্রী

    আমরা বছরে ২০ লাখ যুবকের কর্মসংস্থান করবো: সেতুমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ২৮ জানুয়ারি, ২০২৪: আমরা বছরে ২০ লাখ যুবকের কর্মসংস্থান করবো, বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, “সমসাময়িক বিষয় নিয়ে আমরা চ্যালেঞ্জের মুখে আছি। পাঁচ বছরের জন্য আমাদের যে নির্বাচনী ইশতেহার, সেটা বাস্তবায়নে চ্যালেঞ্জ রয়েছে। আমরা কোটি যুবককে পাঁচ বছরে কর্মসংস্থানের ব্যবস্থা করবো, বছরে ২০ লাখ করে।”

    আজ রবিবার (২৮ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ কথা বলেন। এর আগে মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা।

    তিনি বলেন, “আমাদের যে চ্যালেঞ্জ তা হলো আমাদের দ্রব্যমূল্যকে নিয়ন্ত্রণ করা। আমাদের ডলার সংকট আছে, রিজার্ভ সংকট আছে, জ্বালানি সংকট আছে। এ সংকটগুলোকে নিয়ন্ত্রণ করা। এগুলোকে মানুষের ক্রয়ক্ষমতা মধ্যে নিয়ে আসা একটা বড় চ্যালেঞ্জ।”

    সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, “গত সোমবার প্রথম মন্ত্রিসভা বৈঠকে মন্ত্রণালয়গুলোকে কর্মপরিকল্পনা হাতে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সব মন্ত্রণালয় তাদের প্ল্যান-প্রোগ্রাম করছে, বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে নিজেরা সিদ্ধান্ত নিচ্ছে। আমরা কাজে বসে গেছি।”

    তিনি আর বলেন, “আমাদের উন্নয়ন দরকার ইনভেস্ট দরকার, টাকা দরকার। আমরা জাপানের কাছে চাইতে পারি, চীনের কাছেও। যাকে আমার উন্নয়নের জন্য প্রয়োজন তারা যদি দেয় তাহলে আমাদের সমস্যা কোথায়।”

    ড. ইউনুস প্রসঙ্গে সেতুমন্ত্রী বলেন, “যারা ক্ষতিগ্রস্ত, যারা বঞ্চিত তারাই মামলা করেছে। গরিবের টাকা আত্মসাৎ করেছে আর বিচার হবে না। এটা তো হয় না।”

  • সন্ধ্যায় স্বতন্ত্র সংসদ সদস্যদের সঙ্গে শেখ হাসিনার বৈঠক

    সন্ধ্যায় স্বতন্ত্র সংসদ সদস্যদের সঙ্গে শেখ হাসিনার বৈঠক

    www.HelloBangla.News – জাতীয় – ২৮ জানুয়ারি, ২০২৪: আওয়ামী লীগ সভাপতি ও সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সন্ধ্যায় দ্বাদশ জাতীয় সংসদের সব স্বতন্ত্র সংসদ সদস্যদের সঙ্গে বৈঠক করবেন ।

    আজ রবিবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় গণভবনে তাদের সঙ্গে বসবেন তিনি।

    আওয়ামী লীগ দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া গণমাধ্যমকে এ তথ্য জানান।

    গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৬২ জন স্বতন্ত্র সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। যাদের অধিকাংশই আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা।

    আগামী ৩০ জানুয়ারি মঙ্গলবার দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে।

  • অচিরেই আমরা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনতে পারব: সেতুমন্ত্রী

    অচিরেই আমরা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনতে পারব: সেতুমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ২৭ জানুয়ারি, ২০২৪: অচিরেই আমরা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনতে পারব, বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, “দেশের মানুষ সংকটে পড়লে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হৃদয়ে আঘাত লাগে। সামনে পবিত্র রমজান মাস, অচিরেই আমরা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনতে পারব। আস্থা হারাবেন না। বিএনপি’র কথায় কান দেবেন না।”

    ওবায়দুল কাদের আজ শনিবার (২৭ জানুয়ারি) বিকেলে বঙ্গবন্ধু এ্যাভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত শান্তি ও গণতন্ত্র সমাবেশে একথা বলেন। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ এই সমাবেশের আয়োজন করে।

    ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরের সঞ্চলনায় সমাবেশে বক্তব্য রাখেন- আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ড. আব্দুর রাজ্জাক, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন ও এ্যাডভোকেট কামরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক এবং পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ ও মাহবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক প্রমুখ।

    আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, “বিদেশিদের ভয় দেখান? ৪১.৮ শতাংশ ভোটারের ভোটে সরকার গঠিত হয়েছে। এই সরকার জনগণের সরকার, নির্বাচিত সরকার। যেখানে ২৮টি দল অংশ নিয়েছে।”

    তিনি বলেন, “সরকারকে যারা বিদেশিদের ভয় দেখায়, তাদের দেশপ্রেম নিয়ে সন্দেহ রয়েছে। চীন-ভারত-রাশিয়া আমাদের বন্ধু হতে পারে, কিন্তু আমাদের সরকারকে কোনো বিদেশি শক্তি ক্ষমতায় বসায়নি। দেশের মানুষের বিপুল ভোটে এ সরকার নির্বাচিত হয়েছে। শেখ হাসিনা মহান আল্লাহ ছাড়া কাউকে ভয় পান না।”

    ওবায়দুল কাদের বলেন, “১৫ বছর গেল, সামনে আরও ৫ বছর। লন্ডনের তারেক রহমানে আর কারো আস্থা নেই। নেতাকর্মীরা এখন আর তারেকের ফরমায়েশে কান দেয় না।”

    আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, “কালো পতাকা মানে শোকের মিছিল। এ আরেক ভুয়া কর্মসূচি। ৩০ তারিখে আবার ডেকেছে, সেটাও ভুয়া। আপনারা সবাই ৩০ জানুয়ারি সকাল থেকে মাঠে থাকবেন।”

    তিনি বলেন, “আওয়ামী লীগের নেতাকর্মীরা ৩০ তারিখ পতাকা হাতে ‘শান্তি, গণতন্ত্র ও উন্নয়ন’ সমাবেশে অংশ নেবেন। তারা সতর্ক পাহারায় থাকবেন।”

    ওবায়দুল কাদের বলেন, “এদের আমরা আর বাড়তে দিতে পারি না, এদের রুখতে হবে। স্বাধীনতার সপক্ষের শক্তিকে ঐক্যবদ্ধভাবে এদের মোকাবিলা করতে হবে।”

    তিনি বলেন, “নির্বাচনের খেলা শেষ, এখন খেলা রাজনীতির। দুর্নীতির বিরুদ্ধে,  সাম্প্রদায়িকতার বিরুদ্ধেও খেলা হবে। খেলা হবে হরতাল ও আগুন-সন্ত্রাসের বিরুদ্ধে। ৩০ তারিখ আবার কালো পতাকা মিছিল। সে দিন আপনারা লাল-সবুজের পতাকা নিয়ে গণতন্ত্র, শান্তি ও উন্নয়ন সমাবেশ করবেন।”

    আব্দুর রাজ্জাক বলেন, “কালো পতাকা কাকে দেখাবে? বিএনপির উচিত ছিল, নেতারা যারা ব্যর্থ কর্মসূচি দিয়েছে, তাদের কালো পতাকা দেখিয়ে তৃণমূল নেতাদের নেতৃত্বে নিয়ে আসা। এখন বিএনপিকে আগামী পাঁচ বছর নীরব দর্শকের ভূমিকা পালন করতে হবে।”

    তিনি বলেন, “নির্বাচনকে বানচাল করার জন্য এমন কোনো হীন কাজ নেই, যা তারা (বিএনপি) করেনি। বিদেশি ষড়যন্ত্রসহ সকল ষড়যন্ত্র মোকাবিলা করে আমরা শান্তিপূর্ণ নির্বাচন করেছি। আজকে আমাদের আনন্দের দিন, পঞ্চমবারের মতো আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দায়িত্ব গ্রহণ করেছেন। শান্তিপূর্ণ নির্বাচনের মধ্য দিয়ে আবার সরকার এসেছে। এতে দক্ষিণ আওয়ামী লীগ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।”

    কামরুল ইসলাম বলেন, “বাংলাদেশকে একটি স্মার্ট বাংলাদেশ করার প্রত্যয় নিয়ে শেখ হাসিনা এগিয়ে যাচ্ছে। বিএনপি নির্বাচনে না এসে, নির্বাচন বন্ধ করার চেষ্টা করে, মানুষ পুড়িয়ে মেরে যে অপরাধ করেছে- সে অপরাধের বোধ তাদের হবে। তারা হয় তাদের ভুল স্বীকার করে রাজনীতি থেকে বিদায় নেবে, না হয় জনগণের কাছে ভুল স্বীকার করে আবার রাজনীতিতে আসবে।”

    আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এবং পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, “বিভিন্ন রাষ্ট্রপ্রধান ও সরকারপ্রধান শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন। বাংলাদেশের মানুষ শেখ হাসিনাকে নির্বাচিত করেছে। বিএনপি কালো পতাকা কাকে দেখাতে চায়? জনগণ আওয়ামী লীগকে ভোট দিয়ে বিএনপিকে কালো পতাকা দেখিয়ে দিয়েছে। তাদের আন্দোলনে বিদেশিরা সাড়া দেয়নি। দেশের জনগণ তাদের কালো পতাকা দেখিয়েছে।”

    মাহবুব-উল আলম হানিফ বলেন, “নির্বাচন কোনো দল বয়কট করলে কিছু যায় আসে না। নির্বাচনে এই দেশের জনগণের অংশগ্রহণ বলে দেয় তাদের ষড়যন্ত্র বানচাল হয়ে গেছে। যতক্ষণ জনগণ থাকে ততক্ষণ বানচাল করার কোনো সুযোগ নেই। বাংলাদেশের মানুষ উন্নয়ন চায়, এই অপশক্তির বিলীন দেখতে চায়।”

    সূত্র: বাসস

  • শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে হাঙ্গেরি ও কিরগিজস্তান

    শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে হাঙ্গেরি ও কিরগিজস্তান

    www.HelloBangla.News – জাতীয় – ২৭ জানুয়ারি, ২০২৪: হাঙ্গেরি ও কিরগিজস্তান বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে পুনরায় ক্ষমতা গ্রহণ করায় শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে ।

    হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান তার শুভেচ্ছা বার্তায় বলেছেন, তারা বিগত সময়ে বাংলাদেশের উন্নয়ন এবং শেখ হাসিনা দায়িত্বশীল নীতির মাধ্যমে অঞ্চলের স্থিতিশীলতায় যে অবদান রেখেছেন, তা প্রশংসনীয়।

    অরবান বলেন, তিনি নিশ্চিত যে, শেখ হাসিনার প্রতি নতুন করে বাংলাদেশের জনগণের আস্থা জ্ঞাপন তাকে তার সাফল্য অব্যাহত রাখতে সক্ষম করবে।

    তিনি আশ্বাস দিয়েছেন যে, তার সরকার অর্ধ শতাব্দীরও বেশি সময় ধরে বিদ্যমান তাদের সহযোগিতাকে আরও গভীর করতে ভবিষ্যতে একটি প্রতিশ্রুতিবদ্ধ উপায়ে কাজ করে যাবে।

    হাঙ্গেরির প্রধানমন্ত্রী শুভেচ্ছা বার্তায় অত্যন্ত দায়িত্বশীল এ কর্তব্য পালনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাফল্য এবং তার সুস্বাস্থ্য কামনা করেছেন।

    কিরগিজস্তানের প্রেসিডেন্ট সাদির জাপারভ তার বার্তায় বলেন, তিনি বিশ্বাস করেন যে, সরকার প্রধান শেখ হাসিনার কার্যক্রম দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করতে এবং বাণিজ্য-অর্থনৈতিক, বৈজ্ঞানিক, প্রযুক্তিগত, সাংস্কৃতিক এবং জনগণের সঙ্গে জনগণের ক্ষেত্রে বহুমুখী কিরগিজ-বাংলাদেশ সহযোগিতার উন্নয়নে অবদান রাখবে।

    তিনি আশ্বাস দিয়েছেন যে, তারা কিরগিজস্তান ও বাংলাদেশের স্বার্থ রক্ষায় দ্বিপাক্ষিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে গঠনমূলক সহযোগিতা জোরদার করতে প্রস্তুত।

    কিরগিজস্তানের প্রেসিডেন্ট তার শুভেচ্ছা বার্তায় শেখ হাসিনার সুস্বাস্থ্য, সমৃদ্ধি এবং রাষ্ট্রীয় কাজে সাফল্য কামনা করেন।

    সূত্র: বাসস

  • রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায় আমাদের পাশে আছে: পররাষ্ট্রমন্ত্রী

    রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায় আমাদের পাশে আছে: পররাষ্ট্রমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ২৭ জানুয়ারি, ২০২৪: রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায় আমাদের পাশে আছে, বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ। তিনি বলেন, “রোহিঙ্গা ইস্যুতে ব্রিটিশ পার্লামেন্ট প্রতিনিধিদলের সঙ্গে আলোচনা হয়েছে। আমরা মনে করি, রোহিঙ্গাদের সেখানে ফিরে যাওয়াই একমাত্র সমাধান। তারাও আমাদের সঙ্গে এ ব্যাপারে একমত। রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায় আমাদের পাশে আছে। আমরা মনে করি, রোহিঙ্গাদের ফেরাতে তাদের প্রচেষ্টা ও চাপ অব্যাহত থাকবে।”

    আজ শ‌নিবার (২৭ জানুয়া‌রি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ তথ্য জানান। এর আগে ব্রিটিশ পার্লামেন্টের পাঁচ সদস্যের এক‌টি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।

    বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে হাছান মাহমুদ জানান, মিয়ানমার সীমান্তে দীর্ঘদিন ধরেই উত্তেজনা চলছে। এমন পরিস্থিতিতে সেখানে আমাদের সীমান্তরক্ষীরা সতর্ক অবস্থানে রয়েছেন।

    এক প্রশ্নের উত্তরে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ জানান, আন্তর্জাতিক বিচার আদালতে দক্ষিণ আফ্রিকার দায়ের করা মামলায় ফিলিস্তিনের গাজা উপত্যাকায় ইসরায়েলের নৃশংস গণহত্যা বন্ধের রায়কে আমরা স্বাগত জানাই। এই মামলা দক্ষিণ আফ্রিকাকে আমরা আগেই সমর্থন দিয়েছি।

    আজ পাঁচদি‌নের সফ‌রে বাংলা‌দেশে এসেছে ব্রিটিশ পার্লামেন্টের ৫ সদস্যের এক‌টি প্রতি‌নি‌ধিদল। যুক্তরাজ্যের সাবেক টেক অ্যান্ড ডিজিটাল ইকোনমিবিষয়ক মন্ত্রী পল স্কলি এমপির নেতৃত্বে পাঁচ সদস্যের সংসদীয় প্রতিনিধিদলে রয়েছেন লেবার পার্টির এমপি বীরেন্দ্র শর্মা, নিল কোয়েল ও অ্যান্ড্রু ওয়েস্টার্ন।

    এছাড়া প্রতিনিধি দলে রয়েছেন হাউস অব কমন্সের বিরোধীদলীয় হুইপ ও সিনিয়র সংসদীয় সহকারী ডমিনিক মফিট, কুইন্স কমনওয়েলথ ট্রাস্টের উপদেষ্টা জিল্লুর হোসেন ও কানেক্টের সিইও ড.ইভেলিনা বানিয়ালিভা।

    সফরের প্রথম দিন শনিবার পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের স‌ঙ্গে সৌজন্য বৈঠক করে প্রতিনিধিদল।

  • শেখ হাসিনার নেতৃত্বে প্রান্তিকদের উন্নয়ন হয়েছে: সমাজকল্যাণমন্ত্রী

    শেখ হাসিনার নেতৃত্বে প্রান্তিকদের উন্নয়ন হয়েছে: সমাজকল্যাণমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ২৭ জানুয়ারি, ২০২৪: শেখ হাসিনার নেতৃত্বে প্রান্তিকদের উন্নয়ন সম্ভব হয়েছে, বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী দীপু মনি। তিনি বলেন, “বলেন, সমাজের প্রান্তিকদের প্রশিক্ষণ, শিক্ষা ও আর্থিক সহায়তাসহ থাকার ঘর দিয়ে উন্নয়নের মূল ধারায় নিয়ে আসার সুযোগ তৈরি করে দেওয়া হয়েছে। আর এসব উন্নয়ন শেখ হাসিনার নেতৃত্বে হয়েছে। যা অন্যকোনো সরকার করতে পারেনি।”

    আজ শনিবার (২৭ জানুয়ারি) সকালে চাঁদপুর সরকারি শিশু পরিবার ও সরকারি বাক-শ্রবণ প্রতিবন্ধী বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    সমাজকল্যাণমন্ত্রী বলেন, “আমাদের এসব প্রতিষ্ঠান ভালোভাবে চালাতে হবে এবং সব সংকট ও সমস্যা দূর করতে হবে। এসব শিক্ষাপ্রতিষ্ঠানে যে শিশুরা রয়েছে, তারাও যেন অন্য শিশুদের মতো সমান সুযোগ পেয়ে যোগ্য, মানবিক ও সৃজনশীল মানুষ হয়ে সুযোগ্য নাগরিক হওয়ার সুযোগ-সুবিধা পায়, তা নিশ্চিত করতে হবে। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার সরকার সে কাজ করার চেষ্টা করছে।”

    এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কামরুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল ইসলাম, চাঁদপুর সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক রজত শুভ্র সরকার, স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন নাহার চৌধুরী, সরকারি শিশু পরিবারের প্রধান শিক্ষক আলপনা চাকমা, বাক-শ্রবণ প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল উদ্দিন প্রমুখ।

  • দেশে মোটরসাইকেল দুর্ঘটনায় মৃত্যুর হার বেড়েছে

    দেশে মোটরসাইকেল দুর্ঘটনায় মৃত্যুর হার বেড়েছে

    www.HelloBangla.News – জাতীয় – ২৭ জানুয়ারি, ২০২৪: বেসরকারি সংস্থা- রোড সেফটি ফাউন্ডেশনের এক গবেষণায় দেখা গেছে দেশে প্রতিনিয়তই মোটরসাইকেল দুর্ঘটনা বাড়ছে । সংস্থাটির জানিয়েছে, গত পাঁচ বছরে মোটরসাইকেল দুর্ঘটনার হার বেড়েছে ১৬ শতাংশ। আর এসব দুর্ঘটনায় মৃত্যু হার বেড়েছে ৫৪ দশমিক ৮১ শতাংশ।

    গবেষণায় আরও বলা হয়েছে গত ২০২৩ সালে মোট ছয় হাজার ৯১১টি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ছয় হাজার ৫২৪ জন। এ সময় আহত হয়েছেন ১১ হাজার ৪০৭ জন।

    আজ শনিবার (২৭ জানুয়ারি) রাজধানীর ধানমন্ডিতে রোড সেফটি ফাউন্ডেশনের কার্যালয়ে ‘২০২৩ সালের সড়ক দুর্ঘটনার বার্ষিক প্রতিবেদন প্রকাশ ও পর্যালোচনা’ শীর্ষক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

    সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০২৩ সালে ৫৩২টি মোটরসাইকেল দুর্ঘটনা নিহত হয়েছেন দুই হাজার ৪৮৭ জন এবং আহত হয়েছেন এক হাজার ৯৪৩ জন। নিহতদের মধ্যে এক হাজার ৯০৯ জন (৭৫ দশমিক ৩৯ শতাংশ) ১৪ থেকে ৪৫ বছর বয়সী।

    ২০১৯ সালে এক হাজার ১৮৯টি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছিলেন ৯৪৫ জন। ২০২০ সালে এই সংখ্যা ছিল এক হাজার ৩৮১ দুর্ঘটনায় এক হাজার ৪৬৩ জন। ২০২১ সালে দুই হাজার ৭৮টি দুর্ঘটনায় দুই হাজার ২১৪ জন। ২০২২ সালে দুই হাজার ৯৭৩টি দুর্ঘটনায় তিন হাজার ৯১ জন। যদিও ২০২২ থেকে ২০২৩ সালে মোটরসাইকেল দুর্ঘটনার হার ও মৃত্যু কমেছে।

    তবে ২০২২ সালের তুলনায় ২০২৩ সালে সড়ক দুর্ঘটনার সংখ্যা বাড়লেও মৃত্যুর সংখ্যা কমেছে। ২০২২ সালে ছয় হাজার ৮২৯টি সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা ছিল সাত হাজার ৭১৩ জন।

     

    সংস্থাটির গবেষণায় মোটরসাইকেল দুর্ঘটনার ধরন:

    অন্য যানবাহনের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটেছে (৫৭২টি) ২২ দশমিক ৫৯ শতাংশ, মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা ঘটেছে (৯০৪টি) ৩৫ দশমিক ৭০ শতাংশ, মোটরসাইকেলে ভারি যানবাহনের চাপা ও ধাক্কা দেওয়ার ঘটনা ঘটেছে (এক হাজার ২৫টি) ৪০ দশমিক ৪৮ শতাংশ এবং অন্যান্য কারণে দুর্ঘটনা ঘটেছে (৩১টি) এক দশমিক ২২ শতাংশ। ৩৬ দশমিক ২১ শতাংশ (৯১৭টি) দুর্ঘটনার জন্য মোটরসাইকেল চালক এককভাবে দায়ী ছিল। দুর্ঘটনার জন্য বাসের চালক দায়ী

    ১০ দশমিক ৩০ শতাংশ, (২৬১টি), ট্রাক-কাভার্ডভ্যান-পিকআপ-ট্রাক্টর-ট্রলি-লরি চালক দায়ী ৪০ দশমিক ৯১ শতাংশ (এক হাজার ৩৬টি), প্রাইভেটকার-মাইক্রোবাস চালক দায়ী দুই দশমিক ৭২ শতাংশ (৬৯টি), থ্রি-হুইলার চার দশমিক ২৬ শতাংশ (১০৮টি), বাইসাইকেল, প্যাডেল রিকশা, রিকশাভ্যান চালক দায়ী শূন্য দশমিক ৫১ শতাংশ (১৩টি), পথচারী দায়ী তিন দশমিক ৮৩ শতাংশ (৯৭টি) এবং অন্যান্য কারণ দায়ী এক দশমিক ২২ শতাংশ (৩১টি)।

    ২৯ দশমিক ৩৮ শতাংশ (৭৪৪টি) মোটরসাইকেল দুর্ঘটনা ঘটেছে জাতীয় মহাসড়কে, ৪১ দশমিক ৫৮ শতাংশ (এক হাজার ৫৩টি) ঘটেছে আঞ্চলিক সড়কে, ১৭ দশমিক ১৪ শতাংশ (৪৩৪টি) ঘটেছে গ্রামীণ সড়কে এবং ১১ দশমিক ৮৮ শতাংশ (৩০১টি) দুর্ঘটনা ঘটেছে শহরের সড়কে।

    আর ২০২৩ সালে দেশে সড়ক দুর্ঘটনা ঘটেছে ছয় হাজার ৯১১টি। নিহত হয়েছেন ছয় হাজার ৫২৪ জন এবং আহত হয়েছেন ১১ হাজার ৪০৭ জন। নিহতের মধ্যে নারী ৯৭৪ জন (১৪ দশমিক ৯২ শতাংশ), শিশু এক হাজার ১২৮ জন (১৭ দশমিক ২৯ শতাংশ)। দুই হাজার ৫৩২টি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত দুই হাজার ৪৮৭ জন, যা মোট নিহতের ৩৮ দশমিক ১২ শতাংশ। মোটরসাইকেল দুর্ঘটনার হার ৩৬ দশমিক ৬৩ শতাংশ। দুর্ঘটনায় এক হাজার ৪৫২ জন পথচারী নিহত হয়েছেন, যা মোট নিহতের ২২ দশমিক ২৫ শতাংশ। যানবাহনের চালক ও সহকারী নিহত হয়েছেন ৯৪২ জন, অর্থাৎ ১৪ দশমিক ৪৩ শতাংশ। এই সময়ে ১০৭টি নৌ-দুর্ঘটনায় ১৪৮ জন নিহত, ৭২ জন আহত এবং ৪৬ জন নিখোঁজ রয়েছেন। ট্রলার ডুবে ৩৩টি গরুর মৃত্যু ঘটেছে। ২৮৭টি রেলপথ দুর্ঘটনায় ৩১৮ জন নিহত এবং ২৯৬ জন আহত হয়েছেন।

    রোড সেফটি ফাউন্ডেশন নয়টি জাতীয় দৈনিক, সাতটি অনলাইন নিউজ পোর্টাল, ইলেক্ট্রনিক গণমাধ্যম এবং সংস্থার নিজস্ব তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করেছে।

     

    দুর্ঘটনার যানবাহনভিত্তিক নিহতের চিত্র:

    দুর্ঘটনায় যানবাহনভিত্তিক নিহতের পরিসংখ্যানে দেখা যায়- মোটরসাইকেল চালক ও আরোহী দুই হাজার ৪৮৭ জন (৩৮ দশমিক ১২ শতাংশ), বাস যাত্রী ২৭৪ জন (চার দশমিক ১৯ শতাংশ), ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান-ট্রাক্টর-ট্রলি-লরি আরোহী ৩৮৪ জন (পাঁচ দশমিক ৮৮ শতাংশ), প্রাইভেটকার-

    মাইক্রোবাস-অ্যাম্বুলেন্স-জিপ যাত্রী ২২৯ জন (তিন দশমিক ৫১ শতাংশ), থ্রি-হুইলার যাত্রী (ইজিবাইক-সিএনজি-অটোরিকশা-অটোভ্যান-মিশুক-টেম্পু-লেগুনা) এক হাজার ২০৯ জন (১৮ দশমিক ৫৩ শতাংশ), স্থানীয়ভাবে তৈরি যানবাহনের যাত্রী (নসিমন-করিমন-ভটভটি-আলমসাধু-পাখিভ্যান-চান্দের গাড়ি-মাহিন্দ্র-টমটম) ২৯৬ জন (চার দশমিক ৫৩ শতাংশ) এবং বাইসাইকেল-প্যাডেল রিকশা-রিকশাভ্যান আরোহী ১৯৩ জন (দুই দশমিক ৯৫ শতাংশ) নিহত হয়েছেন।

     

    দুর্ঘটনা সংঘটিত সড়কের ধরন:

    রোড সেফটি ফাউন্ডেশনের পর্যবেক্ষণ ও বিশ্লেষণ বলছে, দুর্ঘটনাগুলোর মধ্যে দুই হাজার ৩৭৩টি (৩৪ দশমিক ৩৩ শতাংশ) জাতীয় মহাসড়কে, দুই হাজার ৮৮৭টি (৪১ দশমিক ৭৭ শতাংশ) আঞ্চলিক সড়কে, ৯৯৪টি (১৪ দশমিক ৩৮ শতাংশ) গ্রামীণ সড়কে, ৫৮৩টি (আট ৪৩ শতাংশ) শহরের সড়কে এবং অন্যান্য স্থানে ৭৪টি (এক দশমিক শূন্য সাত শতাংশ) সংঘটিত হয়েছে।

     

    দুর্ঘটনার ধরন:

    দুর্ঘটনাসমূহের এক হাজার ২৯১টি (১৮ দশমিক ৬৮ শতাংশ) মুখোমুখি সংঘর্ষ, এক হাজার ১৪৯টি (৪৫ দশমিক ৫৬ শতাংশ) নিয়ন্ত্রণ হারিয়ে, এক হাজার ৪৪৬টি (২০ দশমিক ৯২ শতাংশ) পথচারীকে চাপা/ধাক্কা দেওয়া, ৮১৭টি (১১ দশমিক ৮২ শতাংশ) যানবাহনের পেছনে আঘাত করা এবং ২০৮টি (তিন শতাংশ) অন্যান্য কারণে ঘটেছে।

     

    দুর্ঘটনায় সম্পৃক্ত যানবাহন:

    দুর্ঘটনায় সম্পৃক্ত যানবাহনের মধ্যে ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান-ড্রামট্রাক-ট্রাক্টর-ট্রলি-লরি-তেলবাহী ট্যাংকার-বিদ্যুতের খুঁটিবাহী ট্রাক-সিটি করপোরেশনের ময়লাবাহী ট্রাক ২৭ দশমিক ৫৬ শতাংশ, যাত্রীবাহী বাস ১৩ দশমিক ২২ শতাংশ, মাইক্রোবাস-প্রাইভেটকার-অ্যাম্বুলেন্স, পাজেরো জিপ চার দশমিক ৮০ শতাংশ, মোটরসাইকেল ২৩ দশমিক শূন্য চার শতাংশ, থ্রি-হুইলার (ইজিবাইক-সিএনজি- অটোরিকশা-অটোভ্যান-মিশুক-টেম্পু-লেগুনা ইত্যাদি) ১৭ দশমিক ২৫ শতাংশ, স্থানীয়ভাবে তৈরি যানবাহন (নসিমন-করিমন-ভটভটি-আলমসাধু-পাখিভ্যান-মাহিন্দ্র-টমটম-চান্দের গাড়ি) ছয় দশমিক ৩৬ শতাংশ, বাইসাইকেল-প্যাডেল রিকশা-রিকশাভ্যান চার দশমিক ৬৭ শতাংশ এবং অজ্ঞাত যানবাহন তিন দশমিক শূন্য সাত শতাংশ।

  • একযোগে কাজ করলে বর্জ্য মুক্ত দেশ গড়া সম্ভব: পরিবেশ মন্ত্রী

    একযোগে কাজ করলে বর্জ্য মুক্ত দেশ গড়া সম্ভব: পরিবেশ মন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ২৬ জানুয়ারি, ২০২৪: একযোগে কাজ করলে বর্জ্য মুক্ত দেশ গড়া সম্ভব হবে, বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী। তিনি বলেন, ‘পরিচ্ছন্ন দেশ গড়তে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় ১০০ দিনের পরিকল্পনা ঘোষণা করেছে। দেশের জনগণ সরকারের উদ্যোগের সাথে একযোগে কাজ করলে বর্জ্য মুক্ত দেশ গড়া সম্ভব হবে।’

    আজ শুক্রবার (২৬ জানুয়ারি) রাজধানীর মান্ডা হায়দার আলী স্কুল এন্ড কলেজ মাঠে এলাকার শীতার্তদের মধ্যে ৩ হাজার কম্বল বিতরণ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিবেশমন্ত্রী এ কথা বলেন।

    পরিবেশমন্ত্রী বলেন, “পরিচ্ছন্নতার দিক বিবেচনায় মুগদা থানাকে রাজধানীর রোল মডেল করা হবে। ঢাকা-৯ আসনের প্রতিটি এলাকায় সিংগেল ইউজ প্লাস্টিকের ব্যবহার কমিয়ে আনার বিষয়েও জোর দেয়া হবে। শুধু বর্জ্য ব্যবস্থাপনা বা বায়ু দূষণ কমানো নয়, মান্ডা এলাকার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান প্লাস্টিকমুক্ত করার ঘোষণাও দেন মন্ত্রী।”

    এসময় উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৭২ নং ওয়ার্ড কাউন্সিলর শফিকুল আলম শামীম, ৭১ নং ওয়ার্ড কাউন্সিলর খাইরুজ্জামান খাইরুল, মুগদা থানা সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন বাহার ও যুবলীগ নেতা হাজী বিপ্লব হোসেন এবং স্থানীয় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ।

    সূত্র: বাসস