Author: Hello Bangla News

  • পবিত্র রমজান মাসে ব্যাংকের নতুন সময়সূচি

    পবিত্র রমজান মাসে ব্যাংকের নতুন সময়সূচি

    পবিত্র রমজানকে কেন্দ্র করে ব্যাংকের অফিস ও লেনদেনের সময়সূচি পরিবর্তন করেছে কেন্দ্রীয় ব্যাংক। নতুন সময় অনুযায়ী, রমজান মাসে লেনদেন হবে সকাল সাড়ে ৯টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত। এছাড়া অফিস চলবে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

    বুধবার (১৫ মার্চ) বাংলাদেশ ব্যাংকের অফসাইট সুপারভিশন ডিপার্টমেন্টের এক সার্কুলারে এই সময়সূচি জানানো হয়।

  • কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি পেতে যা যা খাবেন

    কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি পেতে যা যা খাবেন

    শরীর সুস্থ রাখতে সবার প্রথমে নজর দেওয়া উচিত খাওয়াদাওয়ার উপর। কোষ্ঠকাঠিন্য দূড়ে রাখতে প্রয়োজন দৈনন্দিন খাদ্যভ্যাস তৈরি করা। যেমন পর্যাপ্ত পানি, ফাইবার যুক্ত খাবার, ফলমূল ও শাকসবজী, বীজ জাতীয় খাবার নিয়মিত খাদ্য তালিকায় থাকলে কোষ্ঠকাঠিন্যকে বিদায় জানাতে পারবেন। তাহলে জেনে নিন আপনার দৈনন্দিন ডায়েটে কি কি রাখলে কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি পাওয়া সম্ভব হতে পারে-

    চিয়া সীড সুপার ফুড হিসেবে খ্যাত চিয়া সীড। ১০০ গ্রাম চিয়া সীডে রয়েছে ১৩.০৭ গ্রাম শর্করা, ১১.২ গ্রাম ফাইবার, ৫.৬ গ্রাম প্রোটিন। এতো পুষ্টিকর ও সমৃদ্ধশালী খাবার আপনার সুস্বাস্থ্য এবং কোষ্ঠকাঠিন্য থেকে রক্ষা পেতে নিয়মিত খাওয়া উচিত।

    আপেল প্রতিদিন একটা করে আপেল শরীরের প্রয়োজনীয় ফাইবারের চাহিদা মেটায়। আপেল শুধুমাত্র খেতে সুস্বাদু নয়, এতে প্রচুর ফাইবার থাকে। একটি মাঝারি সাইজের আপেলে ৪.৪ গ্রাম ফাইবার থাকে। আর, প্রতি ১০০ গ্রাম আপেলে ফাইবার থাকে ২.৪ গ্রাম।

    মসুর ডাল পুষ্টিকর ও প্রোটিনে ভরপুর মসুর ডাল। প্রতি কাপ রান্না করা মসুর ডালে ১৩.১ গ্রাম ফাইবার বর্তমান। এছাড়া, প্রতি ১০০ গ্রাম মসুর ডালে ফাইবারের পরিমাণ হল ৭.৩ গ্রাম। তাই, রোজ পরিমাণে অল্প হলেও মসুর ডাল খাওয়ার চেষ্টা করুন।

    পালং শাক অত্যন্ত স্বাস্থ্যকর একটি সবজি পালং শাক। এতে ভিটামিন এ, সি, কে ১, ফলিক অ্যাসিড, ক্যালশিয়াম এবং আয়রন ভরপুর। আর, মাত্র এক কাপ রান্না করা পালং শাক আমাদের শরীরে ৪ গ্রাম ফাইবার সরবরাহ করতে পারে।

    পেয়ারা ফাইবার এবং জল সমৃদ্ধ পেয়ারা কোষ্ঠকাঠিন্যে কমাতে পারে। রোজ যদি একটি করে পেয়ারা খান, তবে দ্রুত সুফল পাবেন।

    পপকর্ন কাজের ফাঁকে মুখ চালাতে অনেকেই পপকর্ন খান। এতে রয়েছে প্রচুর ফাইবার। কোষ্ঠকাঠিন্যের সমস্যা থাকলে পপকর্ন খেতে পারেন। তবে মাখন এবং নুন ছাড়া ভাজলেই বেশি উপকার পাবেন।

    তরমুজ তরমুজে জলের পরিমাণ সবচেয়ে বেশি। প্রায় ৯২ শতাংশ। হজমের গোলমাল, পেটের নানা সমস্যা, কোষ্ঠকাঠিন্য ঠেকাতে তরমুজ খেতে পারেন।

    ওটমিল কোষ্ঠকাঠিন্য থাকলে সকালের জলখাবারে রাখতে পারেন ওটস। এতে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার, জল। হজমের গোলমাল কমিয়ে কোষ্ঠকাঠিন্যের সমস্যা নিয়ন্ত্রণে রাখতে ওটস বেশ উপকারী।

    কাঠবাদাম রোজ সকালে উঠে কাঠবাদাম খান। ম্যাগনেশিয়ামে ভরপুর এই বাদাম কোষ্ঠকাঠিন্যের ঘরোয়া ওষুধ। এ ছাড়া হজমের গোলমাল, পেটের নানাবিধ সমস্যায় সুফল মিলবে রোজ একটি করে কাঠবাদাম খেলে।

     

  • চেয়ার দখলকারীদের বেরিয়ে যেতে বলেন ওবায়দুল কাদের

    চেয়ার দখলকারীদের বেরিয়ে যেতে বলেন ওবায়দুল কাদের

    আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ শাখা ও সহযোগী সংগঠনগুলোর সভাপতি-সাধারণ সম্পাদকদের যৌথসভা ছিল আজ বুধবার (১৫ মার্চ)। বিকাল ৪টায় বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় বিশৃঙ্খলা দেখা দেয়। মিছিল নিয়ে আসা নেতাকর্মীদের ভিড় এবং তাদের চেয়ার দখল করে থাকা নিয়ে হট্টগোল হয়।

    ফলে যৌথসভা শুরুর আগেই আমন্ত্রিত নেতাদের ছাড়া যারা ভিড় করেন এবং চেয়ার দখল করে বসেছিলেন, তাদের সভাস্থল ছেড়ে বেরিয়ে যেতে বলা হয়। তাতে নেতাকর্মীরা কর্ণপাত না করায় ক্ষোভ প্রকাশ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, এরা কারা, এদের তো চিনি না। আমন্ত্রিত অতিথি ছাড়া সবাই হলরুম থেকে বেরিয়ে যান। না হয় তাদের বের করে দেওয়া হবে, সেটা ভালো হবে না।

    এসময় ওবায়দুল কাদের আরও বলেন, আমরা স্মার্ট বাংলাদেশ গড়তে চাই। স্মার্ট বাংলাদেশ গড়তে হলে সুশৃঙ্খল কর্মী বাহিনী প্রয়োজন, সুশৃঙ্খল নেতৃত্ব প্রয়োজন। আপনারা সসম্মানে বেরিয়ে যান। পরে কিছু নেতাকর্মী সরে গেলেও অনেকে তখনও সরছিলেন না। এ সময় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ ও আ ফ ম বাহাউদ্দিন নাছিম, দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া নেতাকর্মীদের উদ্দেশে একই ধরনের কথা বলেন। নেতাদের সতর্কবার্তা শুনে অনেকে হলরুম ছেড়ে বেরিয়ে যান।

    আগামী আলোচনা সভায় শৃঙ্খলা বজায় রাখতে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ এবং সহযোগী সংগঠনের নেতাদের নির্দেশনা দিয়ে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ একটি বড় দল, বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র সেই তুলনায় ছোট। গত কয়েকটি অনুষ্ঠানে দেখেছি, জুনিয়ররা সামনের সারিতে বসে থাকে। আপনারা সিনিয়রদের বসার জায়গা করে দেবেন।

    যৌথসভার শেষ দিকে এসে জাতীয় শ্রমিক লীগের নেতাদের উদ্দেশে তিনি বলেন, শ্রমিক লীগের একজন বসে আছে এদিকে, আরেকজন বসে আছে সেদিকে। পাশাপাশি বসতে পারলেন না? আর যদি শুনি এই অফিসকে কেন্দ্র করে বিশৃঙ্খলা হচ্ছে, এই কমিটি আমরা ভেঙে দেবো। এই কমিটি ভেঙে দেবো। যারা ভালো পারবে, তাদের দিয়ে কমিটি করবো।

    আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আরও বলেন, পার্টির জেনারেল সেক্রেটারির নামে ভুয়া সিগনেচার, কে করছে আমি বের করছি। তার খবর আছে।

  • যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক দেউলিয়া : কঠোর শাস্তির হুঁশিয়ারি বাইডেনের

    যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক দেউলিয়া : কঠোর শাস্তির হুঁশিয়ারি বাইডেনের

    আমেরিকার ষোড়শ বৃহত্তম ব্যাংক ছিল সিলিকন ভ্যালি। গত শুক্রবার ব্যাংকটি বন্ধ হয়ে গেছে। দেউলিয়া হয়ে যাওয়ার পর ব্যাংকটির গচ্ছিত অর্থ অধিগ্রহণ করেছে সরকার। ২০০৮ সালের বিশ্বব্যাপী আর্থিক মন্দার পর, একেই খুচরো ব্যাংকিং ব্যবস্থায় সবচেয়ে বড় ব্যর্থতা বলা হচ্ছে।

    মার্কিন যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক বিপর্যয়ের জন্য যারা দায়ী, তাদের শাস্তির হুঁশিয়ারি দিলেন আমেরিকান প্রেসিডেন্ট জো বাইডেন। জানালেন, এর জন্য প্রত্যেককে জবাবদিহি করতে হবে।

    সিলিকন ভ্যালি প্রসঙ্গে রোববার রাতে একটি বিবৃতিতে বাইডেন বলেন, ‘আমাদের ঐতিহাসিক এবং অর্থনৈতিক সম্পদকে রক্ষা করার জন্য কী ভাবে ব্যাংকিং ব্যবস্থাকে আরও উন্নত করা যায়, তা নিয়ে আমরা আলোচনা করব। একইসাথে, যারা এই ব্যাংকিং ব্যবস্থার বিপর্যয়ের জন্য দায়ী, তাদের জবাবদিহি করতে হবে।’

    সিলিকন ভ্যালি ব্যাংক আমেরিকায় অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছিল। বহু মানুষ এই ব্যাংকের ওপর ভরসা করে তাদের কষ্টার্জিত অর্থ সঞ্চয় করেছিলেন। কিন্তু সিলিকন ভ্যালি দেউলিয়া হয়ে যাওয়ার ফলে আমেরিকার ব্যাংকিং ব্যবস্থার প্রতি সাধারণ নাগরিকদের আস্থা টলে গিয়েছে। তা পুনরুদ্ধারে সচেষ্ট হয়েছেন বাইডেন। সোমবার নাগরিকদের আশ্বস্ত করার জন্য তিনি ব্যাংকিং ব্যবস্থার উন্নতির বিষয়ে আলোচনা করবেন বলে জানিয়েছেন।

    প্রযুক্তিভিত্তিক স্টার্টআপগুলোতে বিনিয়োগের মাধ্যমে অল্প সময়ে বিপুল অর্থ সঞ্চয় করেছিল সিলিকন ভ্যালি ব্যাংক। আমেরিকার বন্ডেই এই ব্যাঙ্ক কর্তৃপক্ষ বিনিয়োগ করেছিলেন। কিন্তু মুদ্রাস্ফীতির হার কমাতে ফেডারেল রিজার্ভ গত বছর সুদের হার বাড়াতে শুরু করে, যার ফলে বন্ডের দর কমে যায়। স্টার্টআপগুলোও করোনা মহামারীর পর থেকে ক্রমে দুর্বল হয়ে পড়ে। আস্থা হারিয়ে ব্যাংক থেকে গ্রাহকেরা তড়িঘড়ি সঞ্চিত অর্থ তুলে নিতে শুরু করেন।

    গ্রাহকদের টাকার জোগান দিতে ব্যাংক কর্তৃপক্ষকে নিজেদের শেয়ার বিক্রি করতে হয়। ফলে অচিরেই ব্যাংকের তহবিলে টান পড়ে। কিছু দিন আগেই সিলিকন ভ্যালি ব্যাংকের তরফে যে পরিসংখ্যান দেখানো হয়েছিল, তাতে বলা হয়, ব্যাংকটি গত কয়েক দিনে প্রায় ২০০ কোটি ডলার খুইয়েছে। ওই ব্যাংকে সঞ্চিত গ্রাহকদের অর্থের ভার নিয়েছে ক্যালিফোর্নিয়ার ফেডেরাল ডিপোজিট ইনসিওরেন্স কর্পোরেশন (এফডিআইসি)।

  • দেশে-বিদেশে নার্সিং শিখলে কর্মসংস্থান হবে: প্রধানমন্ত্রী

    দেশে-বিদেশে নার্সিং শিখলে কর্মসংস্থান হবে: প্রধানমন্ত্রী

    বুধবার (১৫ মার্চ) প্রধানমন্ত্রী সকালে গাজীপুরের কাশিমপুরে ‘শেখ ফজিলাতুন নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে নার্সিং কলেজ’-এর দ্বিতীয় স্নাতক সমাপনী অনুষ্ঠান-২০২৩-এ প্রধান অতিথির ভাষণে এসব কথা বলেন, নার্সিং শিক্ষা গ্রহণ করলে শুধু দেশে নয়, বিদেশেও কর্মসংস্থান হবে। উন্নত সেবা দিয়ে মানুষের মন জয় করতে পারলে নিজেরও একটা আত্মতৃপ্তি আসবে।’ 

    তিনি বলেন, যারা আজকে গ্রাজুয়েট হলেন, ডিগ্রি পেলেন, তাদের জনগণের সেবা দেওয়ার কথা সবসময় মনে রাখতে হবে। একজন রোগী চিকিৎসা ও ওষুধে যতটা না সুস্থ হবে, ডাক্তারদের সহানুভূতি এবং নার্সদের সেবা পেয়েই কিন্তু তারচেয়ে বেশি তাড়াতাড়ি সুস্থ হতে পারে। তাদের মধ্যে একটা আত্মবিশ্বাস গড়ে ওঠে।

    তিনি বলেন, যারা ৪ বছর কঠোর অধ্যবসায়ের ফসল হিসেবে স্বীকৃতি পেয়েছেন তারা নিশ্চয়ই জনগণের সেবায় নিবেদিতপ্রাণ হয়ে কাজ করবেন। আপনাদের অর্জিত জ্ঞান আপনারা কর্মক্ষেত্রে প্রয়োগ করবেন। সব ক্ষেত্রে যেমন বাংলাদেশ এগিয়ে গেছে, এই ক্ষেত্রেও এগিয়ে যাবে, সেটাই আমি চাই।

    তিনি এ সময় সেবা ধর্মের প্রতীক বিশ্বের খ্যাতনামা নার্স ও মানবসেবী ফ্লোরেন্স নাইটিংগেলের কথা উল্লেখ করেন, যিনি মানবসেবায় নিজের জীবন উৎসর্গ করেছিলেন।

    জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের চেয়ারম্যান শেখ হাসিনা এই নার্সিং কলেজ ও হাসপাতালের সঙ্গে ট্রাস্টের পক্ষ থেকে একটি মেডিক্যাল কলেজ স্থাপন করবেন বলেও জানান। এজন্য জমিও নেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

    শেখ ফজিলাতুন নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড নার্সিং কলেজ বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের নামে নামকরণ করা হয়েছে এবং এটি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট কর্তৃক প্রতিষ্ঠিত।

    অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শেখ ফজিলাতুন নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড নার্সিং কলেজের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তৌফিক বিন ইসমাইল এবং দ্বিতীয় ব্যাচের স্নাতক শিক্ষার্থী আনামুল হক।

    স্নাতক বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেপিজে হেলথকেয়ার বেরহাদের সভাপতি নরহাইজাম বিনতি মোহাম্মদ।

    স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক এবং শেখ ফজিলাতুন নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে নার্সিং কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) আব্দুল হাফিজ মল্লিক এ সময় উপস্থিত ছিলেন।

    অনুষ্ঠানে প্রধানমন্ত্রী কলেজের ২১০ জন স্নাতকের মধ্যে সনদ বিতরণ করেন। তিনি ছয় জন স্নাতক শিক্ষার্থীকে তাদের অসামান্য অ্যাকাডেমিক রেকর্ডের জন্য ‘প্রাইম মিনিস্টার্স অ্যাওয়ার্ড’ও তুলে দেন।

    অনুষ্ঠানে শেখ ফজিলাতুন নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে নার্সিং কলেজের ওপর একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়।

    প্রধানমন্ত্রী হাসপাতালের ওয়েবসাইট, হাসপাতাল ম্যানেজমেন্ট সফটওয়্যার এবং মেডিক্যাল জার্নালও উদ্বোধন করেন।

    স্বাস্থ্যসেবা বিভাগের সাবেক মহাপরিচালক অধ্যাপক দ্বীন মো. নূরুল হক প্রধানমন্ত্রীর কাছে কেপিজে ঢাকা জার্নাল অব মেডিক্যাল সায়েন্সের একটি সংখ্যা হস্তান্তর করেন।

    এছাড়া বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কমিশনার শেখ শামসুদ্দিন আহমেদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে একটি স্লিট ল্যাম্প ও অপারেটিভ মাইক্রোস্কোপের ডামি হস্তান্তর করেন।

    প্রধানমন্ত্রী বলেন, তিনি এবং তার ছোট বোন শেখ রেহানা ১৯৯৪ সালের ১১ এপ্রিল জাতির পিতার ধানমন্ডির ৩২ নম্বরের স্মৃতিবিজড়িত বাড়িতে জাতির পিতা ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট’ প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠালগ্ন থেকেই এই ট্রাস্ট বিভিন্ন সেবাধর্মী কার্যক্রম পরিচালনা করে আসছে। বিভিন্ন সময়ে এই ট্রাস্টের মাধ্যমে সারা দেশে বিনামূল্যে স্বাস্থ্যসেবা কর্মসূচি পালিত হয়ে আসছে। বিশেষায়িত এই হাসপাতাল এবং নার্সিং কলেজ প্রতিষ্ঠা ট্রাস্টের একটি মানবিক উদ্যোগ। এর মাধ্যমে ট্রাস্টের স্বাস্থ্যসেবা কর্মসূচি প্রাতিষ্ঠানিক ভিত্তি পেয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

    শেখ হাসিনা বলেন, ‘মালয়েশিয়ার তৎকালীন প্রধানমন্ত্রী দাতোসেরি মোহাম্মদ নজিব বিন তুন আব্দুল রাজাক, ট্রাস্টের সহ-সভাপতি শেখ রেহানা এবং আমি মিলে ২০১৩ সালের ১৮ নভেম্বর এখানে বিশেষায়িত হাসপাতাল উদ্বোধন করি এবং নার্সিং সেবাকে গুরুত্ব দিয়ে এই নার্সিং কলেজ প্রতিষ্ঠা করি। গ্রাজুয়েট নার্স যাতে হতে পারে সে ব্যবস্থা আমাদের সরকারের পক্ষ থেকে প্রথমেই আমরা নিয়েছি।’

    তিনি বলেন, বর্তমানে সারা বিশ্বে নার্সিং পেশার গুরুত্ব বাড়ছে, খ্যাতি বাড়ছে।

    মার্কিন যুক্তরাষ্ট্রের একটি অ্যানালিটিক প্রতিষ্ঠান ‘গ্যালাপ’-এর হিসাব অনুযায়ী, ২০২১ সালের মতো আবারও ২০২২ সালে নার্সিংকে সবচেয়ে বিশ্বস্ত পেশার খ্যাতি দেওয়া হয়েছে। কোভিড-১৯ আক্রান্ত রোগীদের জীবনের ঝুঁকি নিয়ে চিকিৎসক ও নার্সরা সেবা দিয়ে গেছেন বলেও তিনি উল্লেখ করেন।

    অন্যদিকে যুদ্ধবিধ্বস্ত দেশ গড়ে তোলার সময়ই জাতির পিতা যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং নির্যাতিত মা-বোনদের সুচিকিৎসার জন্য সুইজারল্যান্ড, জার্মানি, ইংল্যান্ড, ভারত ও আমেরিকা থেকে ডাক্তার ও স্পেশাল নার্স নিয়ে এসে তাদের সুচিকিৎসার ব্যবস্থা করেছিলেন। মুক্তিযোদ্ধাদের চিকিৎসার জন্য জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্র প্রতিষ্ঠাসহ বিভিন্ন চিকিৎসা শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন। নার্সিং পেশার সম্মান বৃদ্ধি, নার্সিং সেবা ও টেকনোলজির উন্নয়নে তিনি সংশ্লিষ্ট ইনস্টিটিউট প্রতিষ্ঠা ও নানামুখী পদক্ষেপ নিয়েছিলেন—বলেন প্রধানমন্ত্রী।

    সরকারপ্রধান বলেন, তার সরকার জাতির পিতার পদাঙ্ক অনুসরণ করে নার্সিং পেশাকে দ্বিতীয় শ্রেণিতে উন্নীত করেছে এবং এই সরকারের মেয়াদে প্রায় ৪০ হাজার নার্স নিয়োগ দিয়েছে। তাছাড়া, অভিজ্ঞতার জন্য চাকরির বয়সসীমাও শিথিল করা হয়েছে। পাশাপাশি দেশে-বিদেশে উন্নত প্রশিক্ষণের ব্যবস্থাও করে দিয়েছে।

    তার সরকার মানুষের সেবাকেই সর্বাধিক গুরুত্ব দিয়ে থাকে উল্লেখ করে দেশে প্রথম মেডিক্যাল বিশ্ববিদ্যালয় ‘বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়’ প্রতিষ্ঠার পর এখন বিভাগীয় পর্যায়েও তার সরকার মেডিক্যাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করে দিচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

    শেখ হাসিনা বলেন, পুরাতন ২৩টি নার্সিং ইনস্টিটিউটকে নার্সিং কলেজে উন্নীত করে ৪ বছর মেয়াদি বিএসসি ইন নার্সিং কোর্স ও পোস্ট বেসিক কোর্স পরিচালনা করা হচ্ছে। এছাড়া আরও ১৬টি নার্সিং ইনস্টিটিউটকে নার্সিং কলেজে উন্নীতকরণ প্রক্রিয়াধীন আছে। সরকারি পর্যায়ে বর্তমানে ৬৯টি নার্সিং ও মিডওয়াইফারি প্রতিষ্ঠানে ডিপ্লোমা, বিএসসি বেসিক ও পোস্ট বেসিক এবং মাস্টার্স কোর্স চালু রয়েছে। নার্সিং ক্ষেত্রে উচ্চশিক্ষা ও গবেষণার জন্য ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যাডভান্সড নার্সিং এডুকেশন অ্যান্ড রিসার্চ (নিয়েনার) প্রতিষ্ঠা করেছি।

    প্রধানমন্ত্রী বলেন, বর্তমানে দেশের সরকারি স্বাস্থ্যসেবায় ৪৪ হাজার ৫৩৪ জন নার্স ও মিডওয়াইফ কর্মরত আছেন। ২ হাজার ৩৬৭টি শূন্য পদের বিপরীতে সিনিয়র স্টাফ নার্স নিয়োগ প্রক্রিয়া চলমান রয়েছে। এছাড়া ১০ হাজার সিনিয়র স্টাফ নার্স ও ৫ হাজার মিডওয়াইফের নতুন পদ সৃজন প্রক্রিয়াধীন আছে।

    বেসরকারি খাতে হাসপাতাল ও মেডিক্যাল কলেজ প্রতিষ্ঠাকে তার সরকার উৎসাহিত করছে বলেও তিনি উল্লেখ করেন।

    তিনি বলেন, নার্সিং শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্রছাত্রীর আসন সংখ্যা বৃদ্ধি, এ শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষক প্যানেল তৈরি, প্রতিষ্ঠানগুলোতে প্রয়োজনীয় শিক্ষকের পদায়ন এবং নার্স ও মিডওয়াইফারিদের জ্ঞান ও দক্ষতা উন্নয়নে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন বিষয়ভিত্তিক প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত রয়েছে। ফলে বিদেশেও চাকরির সুযোগ সৃষ্টি হচ্ছে।

    জাতীয় স্বাস্থ্যনীতি-২০১১’ প্রণয়ন ও তা বাস্তবায়নের মাধ্যমে তার সরকার দেশের স্বাস্থ্য খাতকে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং কমিউনিটি ক্লিনিকে ৩০ প্রকারের ওষুধ বিনামূল্যে প্রদান করছে। এখন সেখানে ডায়াবেটিক রোগীদের জন্য ইনসুলিনও বিনামূল্যে প্রদানের ব্যবস্থা করা হবে, বলেন তিনি।

    সূত্র: বাসস

  • ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়ল বাংলাদেশ

    ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়ল বাংলাদেশ

    টি-টোয়েন্টির বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়ল বাংলাদেশ। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ৩-০ তে সিরিজ জিতে নিয়েছে টাইগাররা। চট্টগ্রামে প্রথম টি-টোয়েন্টির পর মিরপুরে দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টিতেও ইংলিশদের নাকানিচুবানি খাওয়ায় সাকিব-শান্ত-লিটনরা।

    মঙ্গলবার (১৪ মার্চ) মিরপুরে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ইংল্যান্ডকে ১৬ রানে হারায় বাংলাদেশ। আগে ব্যাট করে ২ উইকেটে ১৫৮ রান তুলে লিটন-শান্তরা। জবাবে ৬ উইকেটে হারিয়ে ১৪২ রানে থামে সফরকারিদের ইনিংস।

    মিরপুর শেরেবাংলায় রান তাড়ায় নেমে ইনিংসের তৃতীয় বলেই ধাক্কা খায় ইংল্যান্ড। অভিষিক্ত স্পিনার তানভীর ইসলামের বলে ফিল সল্টকে (০) স্টাম্পড করে দেন লিটন দাস। পরের ওভারে তাসকিনের বলে ডেভিড মালানকে এলবিডাব্লিউ দিলেও তিনি রিভিউ নিয়ে বেঁচে যান। অধিনায়ক জস বাটলারের সঙ্গে তার জুটি জমে ওঠে। পাওয়ারপ্লেতে আসে ৪৭ রান। ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় ইংল্যান্ড। ৪৭ বলে ৫৩ করা ডেভিড মালানকে লিটন দাসের গ্লাভসবন্দি করে ৭৬ বলে ৯৫ রানের এই জুটি ভাঙেন মুস্তাফিজুর রহমান। এটা টি-টোয়েন্টিতে তার শততম উইকেট। পরের বলেই মিরাজের দারুণ থ্রোয়ে রান আউট হয়ে যান ৩১ বলে ৪০ রান করা বাটলার।

    বাংলাদেশের দেয়া চ্যালেঞ্জিং লক্ষ্য তাড়া করতে নেমে ৫ রানেই ইংলিশরা হারায় প্রথম উইকেট। তবে দ্বিতীয় উইকেট জুটি ভাঙে দলীয় ১০০ রানে। সেখান থেকে আর ৪২ রানে ৫ উইকেট হারায় বিশ্ব চ্যাম্পিয়নরা। তার চেয়েও বড় কথা, টাইগারদের অসাধারণ বোলিংয়ে ৯ উইকেট হাতে রেখেও শেষ ৪৮ বলে মাত্র ৪৭ রান নিতে পারে ইংলিশরা। ৬ উইকেটে থামে ১৪২ রানে।

    তাসকিন আহমেদ ৪ ওভারে ২৬ রান দিয়ে নেন ২টি উইকেট। মুস্তাফিজুর রহমান ৪ ওভারে ১ উইকেট নিতে খরচ করেন মাত্র ১৪। হাসান মাহমুদ ৪ ওভারে দেন ২৯।

    এর আগে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে আগে ব্যাট করে  ওপেনার লিটন দাসের ঝড়ো ইনিংসে নির্ধারিত ২০ ওভারে ২ উইকেট হারিয়ে ১৫৮ রান সংগ্রহ করে সাকিব আল হাসানের দল।

    টসে হেরে ব্যাট করতে নেমে পাওয়ার প্লের প্রথম দুই ওভারে উড়ন্ত সূচনা করে দুই টাইগার ওপেনার। স্যাম কারান ও ক্রিস ওকসের করা দুই ওভারে বিনা উইকেটে ১৯ রান তুলে লিটন দাস ও রনি তালুকদার। তৃতীয় ওভারে বল করতে আসা লেগ স্পিনার আদিল রশিদ দুই টাইগার ব্যাটারকে তার ঘূর্ণিতে জাদুতে কিছুটা অস্বস্তিতে ফেলেন।

    চতুর্থ ওভারে আবারও নতুন বোলারের হাতে বল তুলে দেন ইংলিশ অধিনায়ক। পেসার জফরা আর্চারের করা ওভারে এক চারে ৮ রান তুলেন লিটন দাস। আদিল রশিদের করা পঞ্চম অভারেও সাবলীল ব্যাটিং করতে থাকে লিটন ও রনি।

    পাওয়ার প্লে শেষে ৬ ওভারে বিনা উইকেটে ৪৬ রান তুলেছে বাংলাদেশ। তবে ইনিংসের অষ্টম ওভারে ব্যক্তিগত ২৪ রান করে আদিল রশিদের বলে তারই হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরেন ওপেনার রনি তালুকদার।

    দ্বিতীয় উইকেট জুটিতে শান্ত ও লিটন দেখেশুনে খেলতে থাকে টাইগাররা। ১৩তম ওভারে সিরিজের প্রথম অর্ধশতকের দেখা পেয়ে যান লিটন। বাঁহাতি ব্যাটার নাজমুল শান্তকে নিয়ে ইংলিশ বোলারদের উপর চড়াও হন টাইগার ওপেনার। আগের দুই ম্যাচে ছন্দহীন এ ডানহাতি ব্যাটার নিজের সরূপে ফিরেছেন।

    তার বিধ্বংসী ৫৭ বলে ৭৩ রানের ইনিংসে বড় সংগ্রহের ভীত পেয়ে যায় টাইগাররা। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ২ উইকেট হারিয়ে ১৫৮ রান সংগ্রহ পায় বাংলাদেশ।

    নাজমুল হোসেন শান্ত করেন ৩৬ বলে ৪৭ রান। রনির ব্যাট হতে আসে ২৪ রানের অনবদ্য ইনিংস। ইংলিশদের হয়ে ২৩ রানে ১ উইকেট নেন আদিল রশিদ।

  • বাইডেন কথা বলবেন শি জিনপিংয়ের সঙ্গে

    বাইডেন কথা বলবেন শি জিনপিংয়ের সঙ্গে

    চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে কথা বলবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সোমবার (১৩ মার্চ) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাইডেন এ কথা বলেন।

    দ্য হিলের প্রতিবেদনে বলা হয়, বাইডেন শি জিনপিংয়ের সঙ্গে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনা নিয়ে আলোচনা করা উচিত কিনা সে সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের ‘হ্যাঁ-সূচক’ জবাব দিয়েছেন। তবে ঠিক কবে তিনি শি’র সঙ্গে কথা বলবেন সে বিষয়ে কোনো তথ্য দেননি।

    সোমবার (১৩ মার্চ) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাইডেন এ কথা বলেন।সোমবার (১৩ মার্চ) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাইডেন এ কথা বলেন।

    এর আগে বাইডেনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান বলেছিলেন, ‘আমরা আশা করছি, প্রেসিডেন্ট বাইডেন ও প্রেসিডেন্ট শি চীনের ন্যাশনাল পিপলস কংগ্রেসের বৈঠকের পরপরই দেখা করবেন।’

    জেক সুলিভান আরো বলেন, ‘আমি আপনাকে কোনো নির্দিষ্ট তারিখ বলতে পারি না, কারণ কোনো তারিখ নির্ধারণ করা হয়নি। তবে প্রেসিডেন্ট বাইডেন প্রেসিডেন্ট শির সঙ্গে টেলিফোনে কথোপকথনের ইচ্ছা প্রকাশ করেছেন। দুই নেতা সর্বশেষ ইন্দোনেশিয়ার বালিতে ২০২২ সালের নভেম্বরে দেখা করেছিলেন।’

    গত মাসে দক্ষিণ ক্যারোলিনার উপকূলে মার্কিন এফ-২২ যুদ্ধবিমান একটি চীনের বেলুনকে গুলি করে ভূপাতিত করে। এরপর ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে উত্তেজনা বেড়ে যায়।

    এ ছাড়া, ইউক্রেনের যুদ্ধের জন্য চীন রাশিয়াকে অস্ত্র ও গোলাবারুদ সরবরাহ করার কথা বিবেচনা করছে বলেও অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র। এতে দুই দেশের মধ্যে আরও চাপ সৃষ্টি হয়েছে।

    গত মাসে দক্ষিণ ক্যারোলিনার উপকূলে মার্কিন এফ-২২ যুদ্ধবিমান একটি চীনের বেলুনকে গুলি করে ভূপাতিত করে।গত মাসে দক্ষিণ ক্যারোলিনার উপকূলে মার্কিন এফ-২২ যুদ্ধবিমান একটি চীনের বেলুনকে গুলি করে ভূপাতিত করে।

    এদিকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করতে মস্কো যাওয়ার পরিকল্পনা করছেন। আগামী সপ্তাহে তার সফর হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

    ইউক্রেন-রাশিয়া যুদ্ধ অবসানে চীন মধ্যস্থতা করার প্রস্তাব দেওয়ার পর দেশটির প্রেসিডেন্টের সফরের এই পরিকল্পনা প্রকাশ্যে আসে। রাশিয়ার বার্তা সংস্থা তাস ৩০ জানুয়ারি এক প্রতিবেদনে জানিয়েছে, পুতিন এই বসন্তে শি জিনপিংকে আমন্ত্রণ জানিয়েছেন।

    চীনের প্রেসিডেন্ট শি জিনপিং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করতে মস্কো যাওয়ার পরিকল্পনা করছেন।চীনের প্রেসিডেন্ট শি জিনপিং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করতে মস্কো যাওয়ার পরিকল্পনা করছেন।

    এ ছাড়া ওয়াল স্ট্রিট জার্নাল গত মাসে জানিয়েছে, যুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার না করার বিষয়ে শি জিনপিং পুতিনের সঙ্গে কথা বলবেন। সফরের প্রস্তুতি প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং যদিও তারিখ ও সময় এখনও নির্ধারণ করা হয়নি, শির সফর এপ্রিল বা মে মাসের প্রথম দিকে হতে পারে।

    সংশ্লিষ্ট অনেকেই মনে করছেন, শি প্রত্যাশিত সময়ের আগেই সফর করবেন। ক্রেমলিন ও চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে মন্তব্য করতে রাজি হয়নি। তবে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন গত মাসে চীনের শীর্ষ কূটনীতিক ওয়াং ইকে মস্কো সফরের আমন্ত্রণ জানিয়েছেন। সে সময় শির সম্ভাব্য রাশিয়া সফর সম্পর্কে ইঙ্গিত পাওয়া যায়।

  • যেকোনো সময়ে গ্রেপ্তার হতে পারেন ইমরান খান

    যেকোনো সময়ে গ্রেপ্তার হতে পারেন ইমরান খান

    পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) পার্টির চেয়ারম্যান ইমরান খানকে আজ যেকোনো সময়ে গ্রেপ্তার করা হতে পারে। একটি সূত্রের বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম জিও নিউজ বলেছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে ইমরান খানকে গ্রেপ্তার করতে তাঁর জামান পার্কের বাড়িতে যেতে পারে ইসলামাবাদ পুলিশ।

    এর আগে একজন নারী বিচারককে হুমকি দেওয়ার মামলায় ইমরান খানের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন ইসলামাবাদের দায়রা আদালত।

    জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, গত ২০ আগস্ট এক সমাবেশে বক্তৃতা দেওয়ার সময় ইমরান খান বিচার বিভাগিয় ম্যাজিস্ট্রেট জেবা চৌধুরী ও পুলিশ কর্মকর্তাদের হুমকি দেন। পরে তাঁর বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা করা হয়।

    গতকাল ওই মামলার তিন পৃষ্ঠার রায় প্রকাশ করেন সিভিল জজ রানা মুজাহিদ রহিম। একই সঙ্গে তিনি ‘হাজিরায় বারবার অনুপস্থিত’ থাকার কারণ দেখিয়ে ইমরানের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

    জিও নিউজ আরও জানিয়েছে, শুনানিতে অংশ নেওয়ার জন্য বিচারকের সামনে শারীরিরকভাবে উপস্থিত হওয়া থেকে অব্যাহতির অবেদন করেছিলেন ইমরান খান। একই সঙ্গে তিনি ভিডিও লিঙ্কের মাধ্যমে আদালতের কার্যক্রমে যোগদানের অনুমতি চেয়ে আবেদন করেছিলেন। তবে আদালত তাঁর আবেদন নাকচ করেছেন।

    পাকিস্তানে ক্ষমতাসীন শাহবাজ সরকার ইমরান খানকে কারারুদ্ধ করতে মরিয়া হয়ে উঠেছে। এর আগে ইমরান খানকে গ্রেপ্তার করতে হেলিকপ্টারে করে লাহোরে গিয়েছিল ইসলামাবাদ পুলিশ। কিন্তু সেবার পুলিশ পিটিআই চেয়ারম্যানকে বাড়িতে না পেয়ে খালি হাতে ফিরে যায়।

    দ্বিতীয়বারের মতো গ্রেপ্তার অভিযানে যাওয়ার আগে পুলিশ তাই বাড়তি সতর্কতা নিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রটি জিও নিউজকে বলেছে, ইসলামাবাদ পুলিশ ও লাহোর পুলিশের কর্মকর্তারা বৈঠক করেছেন। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, ইসলামাবাদ পুলিশ যাতে কোনো বাধা ছাড়াই ইমরান খানের জামান পার্কের বাড়িতে প্রবেশ করতে পারে, সে ব্যাপারে সব ধরনের সহযোগিতা নিশ্চিত করবে লাহোর পুলিশ।

    ইসলামাবাদ পুলিশ জামান পার্কে যাওয়ার আগে ইমরান খানের প্রধান নিরাপত্তা কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করবে বলেও সূত্রটি নিশ্চিত করেছে।

    উল্লেখ্য, গত ৫ মার্চ তোশাখানা মামলায় ইমরানকে গ্রেপ্তার করতে লাহোরে তাঁর জামান পার্কের বাড়িতে গিয়েছিল ইসলামাবাদ পুলিশ। তখন পুলিশকে বলা হয়, ইমরান বাড়িতে নেই। ফলে তাঁকে গ্রেপ্তার না করেই ফিরে যায় পুলিশ।

  • বিশ্বব্যাপী গ্রহণযোগ্য নির্বাচন হয়েছিল ২০০৮ সালে : তথ্যমন্ত্রী

    বিশ্বব্যাপী গ্রহণযোগ্য নির্বাচন হয়েছিল ২০০৮ সালে : তথ্যমন্ত্রী

    আজ মঙ্গলবার মন্ত্রণালয়ের সভাকক্ষে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, ২০১৪ সালে বিএনপি নির্বাচনে অংশ নেয়নি। ২০০৮ সালে সর্বশক্তি প্রয়োগ করে তারা নির্বাচন করলেও প্রথমে মাত্র ২৯টি আসন পেয়েছিল। পরে উপ-নির্বাচনে আরো দুটি আসন পায়। ২০১৮ সালের নির্বাচনে তারা বিশাল জোট গঠন করে নির্বাচনে অংশ নিয়েছিল। এ নির্বাচনে তারা প্লেয়ারও হায়ার করেছিল। ওই নির্বাচনে হেভিওয়েট রাজনীতিক ড. কামাল হোসেনকে তারা হায়ার করেছিল। কিন্তু হায়ারে খেলতে গিয়ে তিনি ভালো খেলেননি। এ বিশাল জোট নিয়ে তারা মাত্র ৭টি আসন পেয়েছিল। বিএনপির জনপ্রিয়তা এর থেকেই স্পষ্ট। আমি আশা করব, আগামী নির্বাচনে তারা যেন ৩০টির বেশি আসন পায়।’

    হাছান মাহমুদ বলেন, ‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ২০০৮ সালে বেশ কয়েকবার বলেছিলেন নিরপেক্ষ নির্বাচন হলে আওয়ামী লীগ ৩০টির বেশি আসন পাবে না। ২০০৮ সালে যে নির্বাচন হয়েছিল সেটি অবাধ, নিরপেক্ষ এবং বিশ্বব্যাপী গ্রহণযোগ্য একটি নির্বাচন হয়েছিল। কিন্তু সে নির্বাচনে তারাই ৩০টির বেশি আসন পায়নি। খালেদা জিয়ার সেই ভবিষ্যদ্বাণী তার বেলাতেই কার্যকর হয়েছে। এবারের নির্বাচনে মির্জা ফখরুলের ভবিষ্যদ্বাণীও যদি তার বেলাতেই সত্য হয় তাতে আশ্চর্য হওয়ার কিছু নেই। মির্জা ফখরুল যে ভবিষ্যদ্বাণী করেছেন এ ধরনের অবান্তর কথা বলা সমীচীন নয়।’

    তিনি আরো বলেন, ‘দেশে ভোট হবে নির্বাচন কমিশনের অধীনে। সুতরাং তারা চাইলেও আওয়ামী লীগের অধীনে নির্বাচনে আসতে পারবে না। যেহেতু কমিশনের অধীনে নির্বাচন হবে সেহেতু আশা করব তারা নির্বাচনে অংশ নেবে।’

     

  • শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও অবকাঠামো খাতে এডিবি’র সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও অবকাঠামো খাতে এডিবি’র সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও অবকাঠামো খাতে এশিয়া উন্নয়ন ব্যাংক (এডিবি)’র কাছ থেকে আরও সহায়তা চেয়েছেন।

    আজ মঙ্গলবার এডিবির প্রেসিডেন্ট মাসাৎসুগু আসাকাওয়া’র নেতৃত্বে ব্যাংকটির সফররত একটি প্রতিনিধি দল ঢাকায় হোটেল ইন্টার কন্টিনেন্টালে প্রধানমন্ত্রীর সঙ্গে এক সৌজন্য সাক্ষাতকালে তিনি এ সহায়তা চান।

    বৈঠক শেষে প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার মো. নজরুল ইসলাম সাংবাদিকদের ব্রিফ করেন। বাসস

    বৈঠকে শেখ হাসিনা বলেন, বাংলাদেশ শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও অবকাঠামোর ওপর জোর দিচ্ছে। এ সময় তিনি বিভিন্ন প্রকল্পে, প্রধানত, শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও অবকাঠামো খাতে আরও সহায়তা কামনা করেন।

    স্কুলের শিক্ষার্থীদের জন্য উপবৃত্তি ও মিড-ডে মিল সম্পর্কিত কর্মসূচির বিষয়ে কথা বলতে গিয়ে শেখ হাসিনা এডিবিকে এই ব্যাপারে সহায়তার জন্য এগিয়ে আসতে বলেন।

    প্রধানমন্ত্রী বাংলাদেশ থেকে এডিবি-র একজন সহ-সভাপতি বাছাই করারও আহ্বান পুনর্ব্যক্ত করেন।

    এ সময় তিনি এই আঞ্চলিক উন্নয়ন ব্যাংককে সবসময় বাংলাদেশের পাশে থাকার জন্য, বিশেষ করে দুঃসময়ে ও দেশের অর্থনৈতিক উন্নয়নে সহায়তা করার জন্য ধন্যবাদ জানান।

    এডিবি প্রেসিডেন্ট মাসাৎসুগু আসাকাওয়া বলেন, এডিবি একটি নির্ভরযোগ্য অংশীদার হিসেবে ১৯৭৩ সাল থেকে বাংলাদেশের সঙ্গে কাজ করছে।

    আসাকাওয়া আরো বলেন, ‘এডিবি বাংলাদেশের সাথে আরো নিবিড়ভাবে কাজ করে যাবে। আগামী দিনগুলোতে আমাদের মধ্যেকার এই অংশীদারিত্ব আরো জোরদার হবে।’

    তিনি বলেন, বাংলাদেশের ২০৩১ সালের মধ্যে উচ্চ মধ্যম আয়ের দেশ ও ২০৪১ সালের মধ্যে একটি উন্নত, সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ হওয়ার আকাক্সক্ষার যাত্রায় এডিবি পাশে দাঁড়াবে।

    এডিবি প্রধান কোভিড-১৯ মহামারী এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাব মোকাবিলায় বাংলাদেশের সামষ্টিক অর্থনৈতিক ব্যবস্থাপনা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অসামান্য আর্থ-সামাজিক উন্নয়নের প্রশংসা করেন।

    জীবন ও জীবিকার ভারসাম্য বজায় রেখে সফলভাবে কোভিড-১৯ মহামারী মোকাবেলায় বাংলাদেশের ভূয়সী প্রশংসা করেন তিনি।

    এ সময় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জেল হোসেন মিয়া, অর্থ বিভাগের সিনিয়র সচিব ফাতিমা ইয়াসমিন, ইআরডি সচিব শরিফা খান এবং বাংলাদেশে এশীয় উন্নয়ন ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর এডিমন গিনটিং উপস্থিত ছিলেন।

    এর আগে, সকালে বাংলাদেশে নিযুক্ত ওমানের রাষ্ট্রদূত আবদুল গাফফার আলবুলুশি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সঙ্গে গণভবনে সৌজন্য সাক্ষাৎ করেন।

    বৈঠকে প্রধানমন্ত্রী ওমানকে জ্বালানি সহযোগিতা জোরদার, বাংলাদেশের সঙ্গে বাণিজ্যের পরিমাণ বাড়ানোর পাশাপাশি দক্ষ জনবল নিয়োগ এবং বাংলাদেশ থেকে কৃষিপণ্য আমদানি করার আহ্বান জানান।

    তিনি উপসাগরীয় দেশগুলোকে বাংলাদেশে এলএনজি সরবরাহ প্রতি বছর ১৫ লাখ টন থেকে উন্নীত করতে বলেন।

    শেখ হাসিনা বলেন, দুই দেশের মধ্যে বাণিজ্যের পরিমাণ বাড়ানোর সুযোগ রয়েছে। তিনি বলেন যে ওমান মাছ, মাংস, চাল, শাকসবজি ও পাটজাত পণ্যসহ কৃষিজাত পণ্য আমদানি করতে পারে।

    তিনি ওমানকে বাংলাদেশ থেকে আইটি বিশেষজ্ঞ, চিকিৎসক ও নার্সসহ দক্ষ কর্মী নিয়োগের আহ্বান জানান।

    বর্তমানে ওমানে প্রায় সাড়ে ৫ লাখ বাংলাদেশি কর্মরত আছেন। রাষ্ট্রদূত আব্দুল গাফফার আলবুলুশি সরকার থেকে সরকার ব্যবস্থার অধীনে ওমান থেকে পরিশোধিত পেট্রোলিয়াম পণ্য সরবরাহ প্রক্রিয়া ত্বরান্বিত করার জন্য প্রধানমন্ত্রীকে অনুরোধ করেন।

    তিনি বলেন, ওমানের ন্যাশনাল অয়েল কোম্পানির পক্ষ থেকে ইতোমধ্যে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনকে এ বিষয়ে একটি অনুরোধ পত্র পাঠানো হয়েছে।

    বৈঠকে প্রধানমন্ত্রীর এমবাসেডার এট লার্জ মোহাম্মদ জিয়াউদ্দিন এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া উপস্থিত ছিলেন।