Author: Hello Bangla News

  • তখন বাধা না দিলে বঙ্গবাজারে ভালো মার্কেট করে দিতে পারতাম: প্রধানমন্ত্রী

    তখন বাধা না দিলে বঙ্গবাজারে ভালো মার্কেট করে দিতে পারতাম: প্রধানমন্ত্রী

    বঙ্গবাজারের আগুন অত্যন্ত দুঃখজনক বলে মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সবচেয়ে কষ্ট লাগে বঙ্গবাজারে একবার ১৯৯৫ সালে আগুন লাগে।  এরপর ২০১৮ সালে আবার আগুন লাগে।  তারপর আমরা এখানে সুপরিকল্পিত মার্কেট করবার প্রকল্প গ্রহণ করি।  তখন সরকারের পক্ষ থেকে বহুতল মার্কেট নির্মাণ করে দেওয়ার চিন্তা থাকলেও ব্যবসায়ীদের বাধায় তা হয়নি।  শুধু বাধা নয়, একটা রিটও করে এবং হাইকোর্ট এটাকে স্থগিত করে দেয়।

    বুধবার (৫ মার্চ) গণভবনে পদ্মা সেতুর ঋণ পরিশোধের প্রথম ও দ্বিতীয় কিস্তির চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এমন মন্তব্য করেন।

    সরকার প্রধান বলেন, আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের কান্না সহ্য করা যায় না।  ইতিমধ্যে বলে দিয়েছি আমরা যতটুকু পারি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সাহায্য করবো। এবং কার কী রকম ক্ষতি হয়েছে তা আমরা দেখবো।

    বঙ্গবন্ধুকন্যা বলেন, ‘সে সময় যদি এটা স্থগিত না করতো, তাহলে আমরা এখানে একটা ভালো মার্কেট তৈরি করে দিতে পারতাম। তাহলে আজ এই ধরনের ভয়াবহ দুর্ঘটনা ঘটতো না।’

    গতকাল মঙ্গলবার (৪ এপ্রিল) সকাল ছয়টার কিছু আগে থেকে বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ৪৮টি ইউনিটের ছয় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও এখনো পুরোপুরি নেভেনি। এনেক্সকো টাওয়ারের ভেতরে ধোঁয়া বের হচ্ছে। ভয়াবহ অগ্নিকাণ্ডের পরদিন এসব কথা বলেছেন শেখ হাসিনা।

    বঙ্গবাজারে আগুন নেভানোর সময় ফায়ার ব্রিগেডে হামলাকারীদের বিষয়ে তিনি বলেন, আমি বলব আমাদের দেশের কিছু লোকের আচরণ আমাকে ক্ষুব্ধ করেছে। যখনই আগুন লেগেছে, ফায়ার ব্রিগেড সেখানে চলে গিয়েছে আগুন নেভাতে। এর সঙ্গে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী, আনসার বাহিনী, ভলান্টিয়ার প্রত্যেকে সকাল থেকে কাজ করে যাচ্ছে। কথা নেই বার্তা নেই, দুপুরের পর একদল লোক লাটিসোঁটা নিয়ে ফায়ার সার্ভিস অফিসের ভেতরে ঢুকে ভাঙচুর চালানো শুরু করে।

    স্মরণকালের ভয়াবহ অগ্নিকাণ্ডে মাটির সঙ্গে মিশে গেছে পুরো বঙ্গবাজারের হাজার হাজার দোকান। এখানকার কয়েকটি মার্কেটের সব দোকান পুড়ে ছাই হয়ে গেছে। যদিও ব্যবসায়ীদের কারও কারও অভিযোগ এখানে বড় করে মার্কেট নির্মাণের জন্য ‘পরিকল্পিত’ অগ্নিকাণ্ডের।

    ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আশ্বাস দিয়ে শেখ হাসিনা বলেন, ‘ঈদের আগে এমন একটা দুর্ঘটনায় কত মানুষ ব্যবসা-বাণিজ্য করেছে, তাদের সত্যিই যে কষ্টটা, তাদের কান্না, এটা সহ্য করা যায় না। ইতোমধ্যে আমি বলে দিয়েছি তাদের যতটুকু পারি সাহায্য করব এবং কার কী রকম ক্ষতি হয়েছে, এটা দেখব।

    অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, অর্থ মন্ত্রণালয়ে সিনিয়র সচিব ফাতিমা ইয়াসমিন ও বাংলাদেশ ব্যাংকের গভর্নর আবদুর রউফ।

  • ঝুঁকিপূর্ণ মার্কেট চিহ্নিত করে ব্যবস্থা নেয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

    ঝুঁকিপূর্ণ মার্কেট চিহ্নিত করে ব্যবস্থা নেয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

    স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, রাজধানীর ঝুঁকিপূর্ণ মার্কেটগুলো চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। ফায়ার সার্ভিস যেগুলো ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করেছে কিংবা করবে, সেগুলো যেন ব্যবসায়ীরা পরিত্যাগ করেন। বঙ্গবাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত জায়গাটি যাতে আধুনিক ও নিরাপদ মার্কেট হতে পারে সিটি করপোরেশন সে ব্যবস্থা নেবে।

    বুধবার (৫ এপ্রিল) দুপুরে বঙ্গবাজার পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি।

    এদিকে বঙ্গবাজারের আগুন এখনও পুরোপরি নেভেনি। বুধবার ফায়ার সার্ভিস জানিয়েছে, অতিরিক্ত পণ্য মজুত থাকায় আগুন স্থায়ীভাবে নেভাতে সময় লাগছে। তবে, পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং ফের আগুনের সূত্রপাত হওয়ার আশঙ্কা নেই।
    মঙ্গলবার (৪ এপ্রিল) ভোর ৬টা ১০ মিনিটে রাজধানীর বঙ্গবাজার মার্কেটে আগুন লাগার খবর পাওয়া যায়।

  • ঘরে বসেই ভার্চুয়াল ট্যুর দিয়ে দেখুন মদীনার মসজিদে নববী

    ঘরে বসেই ভার্চুয়াল ট্যুর দিয়ে দেখুন মদীনার মসজিদে নববী

    সৌদি আরব একটি ভার্চুয়াল 3D প্ল্যাটফর্ম তৈরি করেছে যা বিশ্বব্যাপী মুসলমানদের মদীনার মসজিদে নববী,

    বিশ্বের দ্বিতীয় পবিত্রতম মসজিদ পরিদর্শন করতে দেয়।

    পোর্টালটি ব্যবহারকারীদের একটি নিমগ্ন অভিজ্ঞতা লাভ করতে দেয়। কারণ ঘরে বসে থেকে পবিত্র মসজিদের বিভিন্ন অংশের মধ্য দিয়ে সে ঘুরে দেখতে পারবে।

    নবীর মসজিদ হিসাবে পরিচিত, মসজিদে নববী মদিনার কেন্দ্রস্থলে অবস্থিত। এটি মুসলমানদের জন্য একটি প্রধান ইসলামী তীর্থস্থান।

    ভার্চুয়াল ট্যুরটি ৪টি ভাষায় পাওয়া যায় – আরবি, ইংরেজি, ফরাসি এবং স্প্যানিশ।

    দর্শনার্থীরা পবিত্র মসজিদে-নববী অন্বেষণ করতে vr.qurancomplex.gov.sa/msq/ ওয়েবসাইটে লগ ইন করতে পারেন । তাছাড়া, ভার্চুয়াল ট্যুরটি অফলাইনেও দেখার জন্য ডাউনলোড করা যাবে।

  • বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় এলএনজির দাম কমায় স্পট মার্কেটে আগ্রহ

    বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় এলএনজির দাম কমায় স্পট মার্কেটে আগ্রহ

    তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) দাম দেড় বছরের মধ্যে সর্বনিম্নে পর্যায়ে নেমে যাওয়ায় স্পট মার্কেটে আগ্রহ দেখাচ্ছে দক্ষিণ এশিয়ার দেশগুলো। বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) দাম দেড় বছরের মধ্যে সর্বনিম্নে পর্যায়ে নেমে যাওয়ায় স্পট মার্কেটে আগ্রহ দেখা দিয়েছে।

    অয়েলপ্রাইসের ওয়েবসাইটে বলা হয়েছে, দক্ষিণ এশীয় দেশ বাংলাদেশ, ভারত, পাকিস্তান সাম্প্রতিক সপ্তাহে স্পট এলএনজি মার্কেটে আগ্রহ দেখিয়েছে। কারণ, বিশ্ববাজারে এলএনজির দাম ৭০ শতাংশের বেশি কমেছে। এর আগে, ২০২২ সালের আগস্টে এলএনজির দাম রেকর্ড উচ্চতায় পৌঁছে।

    রয়টার্সের গ্লোবাল এনার্জি ট্রানজিশন কলামিস্ট গ্যাভিন মাগুয়ারের মতে, এলএনজি ক্রয়ে দক্ষিণ এশিয়ার প্রত্যাবর্তন চলতি বছর এই অঞ্চলে কয়লার উচ্চ ব্যবহার ও আমদানি আংশিক কমাতে পারে।

    সূত্রের উদ্ধৃতি দিয়ে রয়টার্স বলেছে, গত সপ্তাহে এশিয়ার স্পট এলএনজির দাম আরও কমেছে। মার্চ ডেলিভারির জন্য প্রতি মিলিয়ন ব্রিটিশ থার্মাল ইউনিটে (এমএমবিটিইউ) ৮.১ শতাংশ কমে প্রায় ১৭ ডলার হয়েছে। যেখানে এপ্রিল ডেলিভারির জন্য এলএনজি প্রতি এমএমবিটিইউতে আরও কম ১৬.৫০ ডলার।

    দক্ষিণ এশিয়ায় আরও গ্যাসের চাহিদা ও চীনে চাহিদার প্রত্যাশিত গ্যাস পাওয়ার সঙ্গে সঙ্গে এলএনজি বাজার আরও চাঙা হতে পারে। কিন্তু, গ্রীষ্মে স্পট এলএনজি সরবরাহে ইউরোপের সঙ্গে প্রতিযোগিতা তীব্র হতে পারে। ফলে, এলএনজির দাম বাড়বে। যা আর্থিক সংকটে থাকা দক্ষিণ এশিয়ার দেশগুলোর সরকার হয়তো বহন করতে পারবে না।

    রিস্টাড এনার্জির জ্যেষ্ঠ এলএনজি বিশ্লেষক কৌশল রমেশ এ মাসের শুরুতে রয়টার্সকে বলেন, ২০২১ সালের আগস্টের পর সর্বনিম্ন পর্যায়ে দাম পতনের ফলে বাংলাদেশ, থাইল্যান্ড ও ভারতের মতো দক্ষিণ এশিয়ার এলএনজি গ্রাহকরা স্পট মার্কেটে ফিরে আসতে আগ্রহী হচ্ছে। আমরা সম্প্রতি থাইল্যান্ড ও বাংলাদেশের আগ্রহ দেখেছি।

    অয়েলপ্রাইস প্রতিবেদনে বলা হয়েছে, স্পট এলএনজির দাম উল্লেখযোগ্যভাবে কমায় ভারত, বাংলাদেশ ও থাইল্যান্ড এ বছরের মাঝামাঝিতে এলএনজি কার্গো কিনতে আগ্রহী হয়েছে।

    ভারতের বৃহত্তম গ্যাস আমদানিকারক পেট্রোনেট গত মাসে বলেছিল, দাম কমে যাওয়ায় ভারতও এ বছর এলএনজি আমদানি বাড়ানোর আশা করছে।

    ইনস্টিটিউট ফর এনার্জি ইকোনমিকস অ্যান্ড ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস (আইইইএফএ) এ সপ্তাহে এক প্রতিবেদনে বলেছে, ভারতে ২০২২ সালে এলএনজি আমদানি ১৫.২ শতাংশ হ্রাস পেয়েছে, তবে এলএনজির উচ্চ মূল্যের কারণে মোট ব্যয় ৪৪.৫ শতাংশ বেড়েছে। গত বছর বাংলাদেশের এলএনজি আমদানি ১৬ শতাংশ হ্রাস পেয়েছে এবং ২০২২ সালে পাকিস্তানের এলএনজি ব্যবহার ১৮.৯ শতাংশ হ্রাস পেয়েছে।

    আইইইএফএ বলছে, জীবাশ্ম জ্বালানির ওপর উচ্চ নির্ভরতা এবং আকাশছোঁয়া পণ্যের দামের কারণে পাকিস্তানের বৈদেশিক মুদ্রার মজুত দ্রুত হ্রাস পাচ্ছে।

  • তাইজুলের ৫ উইকেটে আয়ারল্যান্ড গুটিয়ে গেলো ২১৪ রানে

    তাইজুলের ৫ উইকেটে আয়ারল্যান্ড গুটিয়ে গেলো ২১৪ রানে

    ঘরের মাঠে সফরকারী আয়ারল্যন্ড একমাত্র টেস্টে ম্যাচের সিরিজে নিজেদের প্রথম ইনিংসে ২১৪ রানে অলআউট হয়ে গেছে। প্রথম ওভারেই গোল্ডেন ডাকে ফিরেছেন ওপেনার নাজমুল হোসেন শান্ত। মার্ক অ্যাডয়ারের লেংথ বল কাট করতে গিয়েছিলেন। বলে কিছুটা মুভমেন্টও ছিল। তাতে বল ব্যাটের কানায় লেগে আঘাত করে স্টাম্পে। দ্বিতীয় ওভারেও আরেকটি উইকেট পড়তে পারতো। মুমিনুলের ক্যাচ স্লিপ ফিল্ডারের হাতে পড়ার আগে স্পর্শ করে মাটিতে। তৃতীয় ওভারে তামিমের লেগ বিফোরের আবেদন করে সাড়া না পেলে রিভিউ নিয়েছিল আয়ারল্যান্ড। কিন্তু সাফল্য মেলেনি তাতে।  বল হাতে আইরিশ শিবিরকে একাই ধ্বংস করে দিয়েছেন টাইগার স্পিনার তাইজুল ইসলাম। ঘুর্ণি জাদুতে ৫৮ রানে তিনি একাই ৫ উইকেট শিকার করেছেন।

    মঙ্গলবার (৪ এপ্রিল) মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টেস্টের আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টে টস জিতে ব্যাট করতে নেমে আইরিশ দুই ওপেনার জেমস ম্যাককুলাম আর মুরে কমিন্স সাবধানে ইনিংস শুরু করেছিলেন। তবে তারা বেশিক্ষণ সে প্রতিরোধ গড়তে পারেননি।

    একমাত্র টেস্টের সংক্ষিপ্ত স্কোর: বাংলাদেশ প্রথম ইনিংসে ২ ওভারে ৭/১ (তামিম ইকবাল ২*, মুমিনুল হক ৪*; নাজমুল হোসেন শান্ত ০)।

    আয়ারল্যান্ড প্রথম ইনিংসে ৭৭.২ ওভারে ২১৪/১০ ( বেন হোয়াইট ০*, গ্রাহাম হিউম ২*;  হ্যারি টেক্টর ৫০, কার্টিস ক্যাম্ফার ৩৪, মার্ক অ্যাডায়ার ৩২, ম্যাকব্রিন ১৯, অ্যান্ডি বালবির্নি ১৬, জেমস ম্যাককলাম ৭,  মারে কমিন্স ৫, পিটার মুর ১)।

    পঞ্চম ওভারে কমিন্সকে এলবিডব্লিউতে কাবু করে ব্যক্তিগত ৫ রানে বিদায় করেন শরিফুল ইসলাম। অধিনায়ক বালবার্নিকে নিয়ে আরও কিছুক্ষণ চালিয়ে যান ম্যাককুলাম। জুটিটা বেড়ে উঠার আভাস দিতেই অবশ্য নিভে যায়। ইবাদতের বলে দ্বিতীয় স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন ম্যাককুলাম। ২৭ রানে দ্বিতীয় উইকেট হারায় তারা।

    তৃতীয় উইকেটে বালবার্নি-টেক্টর প্রতিরোধের চেষ্টায় ছিলেন। আইরিশ অধিনায়ককে অনেকটা থিতুও মনে হচ্ছিল। প্রথম সেশনটা আর কোন বিপর্যয় ছাড়া পার করে দেওয়ার কাছে ছিলেন তারা। তবে তাইজুল ইসলামের বলে সুইপ করতে গিয়ে বিপদটা ডেকে আনেন বালবার্নি।

    ভেতরে ঢোকা বলে পায়ে লাগিয়ে এলবিডব্লিউতে কাবু হয়ে যান তিনি। ভেঙে যায় ২১ রানের ছোট্ট জুটি। ৫০ বলে ১৬ করে ফেরেন বালবার্নি। ৪৮ রানে তৃতীয় উইকেট হারায় আয়ারল্যান্ড। লাঞ্চ বিরতির আগে বাকিটা সময় টেক্টরের সঙ্গে দাঁড়িয়ে যান ক্যাম্ফার।

  • নিউ ইয়র্কে ট্রাম্প গেছেন আদালতে হাজিরা দিতে

    নিউ ইয়র্কে ট্রাম্প গেছেন আদালতে হাজিরা দিতে

    সাবেক পর্ন তারকা ড্যানিয়েল স্টর্মির মুখ বন্ধ রাখতে ঘুষ দেওয়ার মামলায় আদালতে আত্মসমর্পণ করতে নিউ ইয়র্কে অবস্থান করছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় সোমবার দুপুরে প্রায় ৩ ঘন্টার ভ্রমণ শেষে ট্রাম্প ফ্লোরিডা ত্যাগ করে নিউ ইয়র্কের লাগরদিয়া বিমানবন্দরে অবতরণ করেন এবং তার আইনজীবীদের সঙ্গে পরবর্তী করণীয় নিয়ে আলাপ করেন। ফৌজদারি অপরাধের অভিযোগে মুখোমুখি হওয়ার আগে তিনি এখানেই অবস্থান করবে বলে ধারণা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার ম্যানহাটনের আদালতে হাজিরা দেবেন তিনি।

    নিজের ব্যক্তিগত এই প্লেনেই নিউ ইয়র্ক পৌঁছান ট্রাম্প।

    সোমবার রাতে তিনি ট্রাম্প টাওয়ারে কাটাবেন। এরপর আজ দুপুরে আদালতে হাজিরা দিয়ে আবার ফ্লোরিডা ফিরে যাবেন। সূত্র জানিয়েছে, ট্রাম্পের হাজিরা উপলক্ষ্যে আজকে ম্যানহাটন আদালতের অন্যসব বিচার কার্যক্রম স্থগিত থাকবে। সিক্রেট সার্ভিস, নিউ ইয়র্ক পুলিশ বিভাগ এবং আদালতের কর্মকর্তারা ট্রাম্পের নিরাপত্তার বিষয়টি সমন্বয় করছে।

    সাবেক কোনও মার্কিন প্রেসিডেন্ট ফৌজদারি অপরাধে অভিযুক্ত হলে এটাই হবে যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম। ৭৬ বছর বয়সী ট্রাম্পই প্রথম যিনি ফৌজদারি অপরাধের অভিযোগে আদালতের মুখোমুখি হচ্ছেন। ধারণা করা হচ্ছিল ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগের শুনানি সম্প্রচার করা হবে। কিন্তু তা নাকচ করে দিয়েছেন বিচারক।

    নিজের বিরুদ্ধে আনা সব অভিযোগ এ পর্যন্ত অস্বীকার করে আসছেন ট্রাম্প। সোমবার আবারও একই কথা বলেন রিপাবলিকান পার্টির এই নেতা।

    ২০২৪ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে আবারও লড়াইয়ের ঘোষণা দিয়েন তিনি। নির্বাচন আসার আগেই ফৌজদারি অপরাধের মুখোমুখি। পুরো বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছে বাইডেন প্রশাসন।

    ট্রাম্প লেখা একটি বিমানে চড়ে নিউ ইয়র্কে পৌঁছান তিনি। আকাশচুম্বী ট্রাম্প টাওয়ারে প্রবেশের আগে সমর্থকদের উদ্দেশে হাত নাড়েন তিনি।

    এমন ঘটনাকে কেন্দ্র করে পুরো নিউ ইয়র্কে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোর দার করা হয়েছে। পথে পথে নিরাপত্তা বাহিনীর সদস্যদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। সমর্থকদের বের হয়ে আসার আহ্বান জানিয়েছেন ট্রাম্প। যেকোনও অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছে নিউ ইয়র্ক প্রশাসন।

    ম্যানহাটনের প্রসিকিউটর ট্রাম্পকে আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত করতে পারেন। ২০১৬ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে সাবেক পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসের সঙ্গে অবৈধ সম্পর্কের বিষয়টি চেপে যেতে গোপনে অর্থ প্রদানের তদন্ত চলছে তার বিরুদ্ধে। তদন্তের পর তার বিরুদ্ধে অভিযোগ আনা হতে পারে।

  • বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ

    বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ

    রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় আগুন নিয়ন্ত্রণ থেকে শুরু করে পরবর্তী পদক্ষেপ গ্রহণের ওপর সার্বক্ষণিক নজর রেখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ জন্য সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় দিকনির্দেশনাও দিয়েছেন তিনি।

    মঙ্গলবার (৪ এপ্রিল) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে একনেক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী। সভা শেষে সাংবাদিকদের ব্রিফ করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

    তিনি বলেন, বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রধানমন্ত্রী দুঃখ প্রকাশ করেছেন এবং ব্যথিত হয়েছেন। তিনি বলেছেন, এসব দোকানের ইনস্যুরেন্স করা থাকে না, সেজন্য তারা ক্ষতিগ্রস্ত হবেন। আমাদের ফায়ার সার্ভিসের সক্ষমতা আরও বাড়াতে হবে।

    এই আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ৫০টি ইউনিট কাজ করেছে। এছাড়া কাজ করেছে সেনাবাহিনীর দুই শতাধিক কর্মী। আগুন নিয়ন্ত্রণে আনতে বিজিবি, পুলিশ, ওয়াসাও একসাথে কাজ করেছেন।

    আগুন লাগার কারণ সম্পর্কে এখনো জানা যায়নি। এ বিষয়ে জানতে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানা গিয়েছে।  পুরোপুরি তদন্তের পরই কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা বলা যাবে।

    আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে ফায়ার সার্ভিসের আট জন কর্মী আহত হয়েছে। এদের মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কাজনক। তারা হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি আছেন।

  • বঙ্গবাজারে পুড়ে গেছে ৬টি মার্কেটের ছয় হাজার দোকান

    বঙ্গবাজারে পুড়ে গেছে ৬টি মার্কেটের ছয় হাজার দোকান

    রাজধানীর বঙ্গবাজার দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক ও এনেক্সকো টাওয়ারের পরিচালক জহিরুল ইসলাম এমনটা দাবি করেছেন, রাজধানীর বঙ্গবাজারে ভয়বাহ আগুনে ছয়টি মার্কেটের পাঁচ থেকে ছয় হাজার দোকান পুড়ে গেছে। দোকান মালিকসহ প্রায় ১৫ থেকে ২০ হাজার পরিবারের সদস্যরা ক্ষতিগস্ত হয়েছে।

    তিনি বলেন, ঈদ উপলক্ষ এ মাসে মালিকরা মালামাল রির্জাভ করে রেখে ছিল ব্যবসায়ীরা। সবার স্বপ্ন কয়েক ঘণ্টার মধ্যে সব শেষ হয়ে গেলো।

    মঙ্গলবার দুপুর ১টার দিকে ঘটনাস্থলে এসে তিনি এসব কথা গুলো বলেন।

    জহিরুল ইসলাম বলেন, ‘আমাদের কোনো অবস্থা নেই। সব পুড়ে ছাই হয়ে গেছে। ১৫ থেকে ২০ হাজার মানুষ কর্মরত ছিলেন। ঈদের আগে সব দোকানে মালামাল তোলা হয়েছিল। তবে কী পরিমাণ ক্ষতি হয়েছে তা এখন বলা যাবে না।’

    এর আগে আজ ভোর ৬টা ১০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেন।

    তিনি জানান, ভোর ৬টা ১০ মিনিটে বঙ্গবাজার মার্কেটে আগুন লাগার খবর পাওয়া যায়। সংবাদ পাওয়ার পর ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় ৬টা ১২ মিনিটে। পর্যায়ক্রমে একের পর এক ইউনিট ঘটনাস্থলে যায়। ৫১টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে।

    এদিকে বঙ্গবাজারের আগুন ছড়িয়ে পড়ে মহানগর শপিং কমপ্লেক্সে। সেই আগুনে পুড়েছে হেড কোয়ার্টারের ভেতরের চারতলা পুলিশ ব্যারাক ভবন।

    ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার (অপারেশন) বিপ্লব কুমার জানান, পুলিশ হেড কোয়ার্টারের ভেতর পুলিশ ব্যারাকের চারতলা ভবনে আগুন লেগেছে। এতে ওই ভবনের সবকটি কক্ষ পুড়ে গেছে। ১১টা ১৫ মিনিটে জলকামান এসেছে। ফায়ার সার্ভিস পানি দিয়েছে। ভবনটি মহানগর শপিং কমপ্লেক্স লাগোয়া।

    প্রায় সাড়ে ছয় ঘণ্টায় কয়েকটি মার্কেটের কয়েক হাজার দোকান পুড়িয়ে নিয়ন্ত্রণে আসে বঙ্গবাজার মার্কেটের আগুন। দুপুর ১২টা ৩৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

    ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো: মাইন উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

  • বঙ্গবাজারের আগুন নিয়ন্ত্রণে আসতে সাড়ে ৬ ঘণ্টা সময় লাগে

    বঙ্গবাজারের আগুন নিয়ন্ত্রণে আসতে সাড়ে ৬ ঘণ্টা সময় লাগে

    অগ্নিকুণ্ডে পরিণত হয়েছে রাজধানীর বঙ্গবাজার। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৪৭টি ইউনিট। একইসঙ্গে যোগ দিয়েছে সেনাবাহিনীর সম্মিলিত দলও। মঙ্গলবার (৪ এপ্রিল) ভোরের দিকে আগুনের সূত্রপাত হয় ।

    পানি স্বল্পতা এবং উৎসুক জনতার ভিড়ে আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হয় বলে জানান ফায়ার সার্ভিসের ডিজি। তিনি জানান, ফায়ার সার্ভিসের ৪৮টি ইউনিট দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের ডিজি।

    মঙ্গলবার (৪ এপ্রিল) ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রিমা খানম জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় ৮ ফায়ার কর্মী আহত হয়েছেন। এদের মধ্যে দু’জনের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে। তাদেরকে ঢাকা মেডিকেল ও শেখ হাসিনা বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

    তবে বঙ্গবাজার দোকান মালিক সমিতির নেতারা জানান, অগ্নিকাণ্ডে ৫ থেকে ৬ হাজার দোকান পুড়ে গেছে। এতে হাজার কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের।

  • আমাদের মাথাপিছু আয় ভারতকে ছাড়িয়ে গেছে : জাতীয় চলচ্চিত্র দিবসে তথ্যমন্ত্রী

    আমাদের মাথাপিছু আয় ভারতকে ছাড়িয়ে গেছে : জাতীয় চলচ্চিত্র দিবসে তথ্যমন্ত্রী

    তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘ আমাদের মাথাপিছু আয় ভারতকে ছাড়িয়ে গেছে। আমাদের দারিদ্র্য হার মোট জনসংখ্যার ২০ শতাংশের বেশি থেকে এখন ১৬ শতাংশে নেমে এসেছে। বিশ্বে আমরা ৩৫তম জিডিপির দেশ আর পারচেজিং পাওয়ার প্যারিটি বা পিপিপিতে আমাদের অর্থনীতি হচ্ছে ৩১তম। এখন জিডিপির আকারে মালয়েশিয়ার চেয়ে বড় অর্থনীতির দেশ আমরা এবং আগামী কয়েক বছরের মধ্যে আমাদের দেশ ২৭তম অর্থনীতির দেশ হবে।’

    ৩ এপ্রিল জাতীয় চলচ্চিত্র দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে সোমবার দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের (বিএফডিসি) জহির রায়হান কালার ল্যাব মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি বক্তৃতায় মন্ত্রী দেশের অগ্রযাত্রা বর্ণনায় এ কথা বলেন। এর আগে বিএফডিসি চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণের মাধ্যমে তথ্যমন্ত্রী দিবসটির সূচনা করেন তিনি। এর পরপরই চলচ্চিত্র অঙ্গণের শিল্পী-কুশলীদের সাথে মন্ত্রী র‌্যালিতে অংশ নেন এবং পায়রা ও বেলুন উড়িয়ে কর্মসূচি উদ্বোধন করেন। চলচ্চিত্র তারকা রোজিনা, অঞ্জনা, পরিচালক কাজী হায়াৎ, বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক নুজহাত ইয়াসমিন, শিল্পী-কলাকুশলী ও কর্মকর্তারা কর্মসূচিতে যোগ দেন।

    চলচ্চিত্রের কথা উল্লেখ করে ড. হাছান মাহমুদ বলেন, দিন দিন আমরা উন্নতি লাভ করছি। বস্তুগত বা অবকাঠামোগত উন্নতির পাশাপাশি মানুষের আত্মিক উন্নতিও প্রয়োজন আর আত্মিক উন্নয়নের ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে চলচ্চিত্র। এমন সব সিনেমা বানানো হোক তা যেন মানুষ পরিবার-পরিজন নিয়ে দেখতে পারে এবং তা বিনোদনের পাশাপাশি দেশ, সমাজ, রাষ্ট্র গঠনে ভূমিকা রাখে, মানুষের তৃতীয় নয়ন খুলে দিতে পারে। তাহলে সেই সব সিনেমা বিনোদনের পাশাপাশি দেশ, সমাজ ও রাষ্ট্র গঠনে, রাষ্ট্রকে জাগ্রত করতে, বঙ্গবন্ধুর স্বপ্নের ঠিকানায় পৌঁছানোর ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে।

    দেশের চলচ্চিত্র ইতিহাসের দিকে তাকিয়ে সম্প্রচারমন্ত্রী বলেন, ‘১৯৫৭ সালের এই দিনে তৎকালীন তরুণ নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রাদেশিক পরিষদে চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন বিল উত্থাপন করেছিলেন। তিনি অনুধাবন করেছিলেন যে, সংস্কৃতির সমস্ত শাখার সন্নিবেশে যা সৃষ্টি হয়, সেটি হলো চলচ্চিত্র। চলচ্চিত্রে গান থাকে, নৃত্য থাকে, চলচ্চিত্র সমস্ত শাখার সন্নিবেশ ঘটায়। জাতির পিতা এ সকল কিছু তখনই অনুধাবন করেছিলেন বলেই বিলটি উত্থাপন করেছিলেন।’

    বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে আবার আমাদের চলচ্চিত্র শিল্প ঘুরে দাঁড়িয়েছে, এ জন্য অনেকগুলো পদক্ষেপ তিনি গ্রহণ করেছেন উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, সিনেমা হল নির্মাণ এবং পুরনো হল সংস্কারের জন্য সহজ শর্তে ১ হাজার কোটি টাকার এক বিশেষ তহবিল গঠন করা হয়েছে। ইতিমধ্যে অনেকেই দরখাস্ত করেছেন। ইতিমধ্যেই অনেকে সিনেপ্লেক্স চালু করেছে এবং বন্ধ হয়ে যাওয়া সিনেমা হলও চালু হয়েছে। দু’বছর করোনা মহামারির বেড়াজালে আবদ্ধ না থাকলে আরো সিনেমা হল চালু হতো।

    হাছান মাহমুদ জানান, ‘চলচ্চিত্রে অনুদানের পরিমাণ ও সংখ্যা দুইই বেড়েছে। এফডিসিতে নতুন দৃষ্টিনন্দন কমপ্লেক্স নির্মাণ কাজ চলছে, সেখানে চারটি শুটিং স্পট থাকবে এবং একজন নির্মাতা সেখান থেকে একটা সিনেমা বানিয়ে মুক্তি দিতে পারবে। এছাড়াও চলচ্চিত্র শিল্পের জন্য নেওয়ায় ১শ’ একর জায়গায় চলচ্চিত্র নির্মাণের সকল সুবিধা সৃজন করা হচ্ছে।

    এ সময় নির্বাচন কমিশন থেকে সদ্য পাওয়া সিদ্ধান্ত নিয়ে সাংবাদিকরা মন্ত্রীকে প্রশ্ন করেন। তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান বলেন, ‘আমরা দেশকে ডিজিটাল করতে পেরেছি। বহু নাগরিক সেবা ও সুবিধা এখন ডিজিটাল। তবে নির্বাচন কমিশন স্বাধীন। কী পদ্ধতিতে নির্বাচন হবে সেই সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার নির্বাচন কমিশনের আছে। আমি এই মাত্র আপনাদের মাধ্যমে জানতে পারলাম তারা ঘোষণা করেছে যে, ৩০০ আসনেই প্রচলিত পদ্ধতিতে নির্বাচন হবে। এ নিয়ে আমাদের দল দলীয়ভাবে আলাপ আলোচনা করে জানাবে। তবে নির্বাচন কমিশন স্বাধীন এবং স্বাধীনভাবেই যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারে।

    মন্ত্রী আরো বলেন, ‘আরেকটি বিষয় হচ্ছে, ইভিএম কেনা আর মেরামতের জন্য নির্বাচন কমিশন থেকে যে বাজেট চাওয়া হয়েছে সেটি এক বিলিয়ন ডলারের বেশি। আজকের পরিস্থিতিতে এই এক বিলিয়ন ডলার খরচ করার যৌক্তিকতা আছে কি না সে নিয়েও অনেকে প্রশ্ন তুলেছে।’

    বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক নুজহাত ইয়াসমিনের সভাপতিত্বে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ফারুক আহমেদ বিশেষ অতিথি হিসেবে এবং চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি কাজী হায়াৎ, পরিচালক মতিন রহমান এবং প্রযোজক খোরশেদ আলম খসরু আলোচনা সভায় বক্তব্য রাখেন।