Author: Hello Bangla News

  • ইতালিতে ভয়াবহ বন্যা, ঘরছাড়া ৩৬ হাজার মানুষ

    ইতালিতে ভয়াবহ বন্যা, ঘরছাড়া ৩৬ হাজার মানুষ

    ইতালির উত্তর-পূর্বাঞ্চলে ভয়াবহ বন্যায় ৩৬ হাজারেরও বেশি লোক তাদের বাড়িঘর ছেড়ে যেতে বাধ্য হয়েছে। প্রবল বর্ষণে চলতি সপ্তাহে ১৪ জন মারা গেছে। এমিলা রোমাগনা অঞ্চলের নগর ও শহররের রাস্তাঘাট পানিতে তলিয়ে নদীতে রূপ নিয়েছে। আরো বৃষ্টি হওয়ার সম্ভাবনায় আবহাওয়া দপ্তর রেড অ্যালার্ট রোববার পর্যন্ত বাড়িয়েছে। রোববার (২১ মে) ইতালির প্রধানমন্ত্রীর বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে। খবর বাসস

    ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি বলেছেন, জটিল এই মুহূর্তে ইতালি থেকে আমি দূরে থাকতে পারছি না। ইতালির জরুরি অবস্থা মোকাবিলায় তিনি জাপানের জি-৭ শীর্ষ সম্মেলন থেকে ফিরে যাচ্ছেন দুর্গত এলাকায়।

    এমিলা রোমাগনা অঞ্চলে গত ৩৬ ঘণ্টায় ব্যাপক বৃষ্টি হয়েছে। বর্তমানের বন্যাকে গত এক শতাব্দীর মধ্যে সবচেয়ে ভয়াবহ বলে বর্ণনা করা হয়েছে। বন্যার কারণে ৩০৫টি ভূমিধস এবং ৫০০টির বেশি সড়ক বন্ধ হয়ে গেছে। এসব সড়ক মেরামতে কয়েক মাস কিংবা বছরও লেগে যেতে পারে বলে উল্লেখ করেন বন্যা কবলিত বলোগনার মেয়র মাত্তিও লিপোর।

    এসব সড়ক মেরামতে কয়েকমাস কিংবা বছরও লেগে যেতে পারে বলে বলোগনার মেয়র মাত্তিও লিপোর উল্লেখ করেন।

    এদিকে, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি শনিবার বলেছেন, ইতালির জরুরি অবস্থা মোকাবেলায় তিনি জাপানের জি ৭ শীর্ষ সম্মেলন থেকে  দেশে ফিরে যাচ্ছেন।

    সাংবাদিকদের তিনি বলেন, জটিল এই মুহূর্তে ইতালি থেকে আমি দূরে থাকতে পারছি না। রোববার তার বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে

  • আমেরিকার নিষেধাজ্ঞার ব্যাপারে আমার কিছু জানা নেই: তথ্যমন্ত্রী

    আমেরিকার নিষেধাজ্ঞার ব্যাপারে আমার কিছু জানা নেই: তথ্যমন্ত্রী

    তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ জানিয়েছেন, আমরা মনে করি, আমাদের যারা উন্নয়ন সহযোগী, তাদের সহযোগিতায় দেশ আজ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে যুক্তরাষ্ট্র আমাদের এক অত্যন্ত ‘প্রোফাউন্ড ডেভেলপমেন্ট পার্টনার’। রবিবার (২১ মে) একটি দৈনিক পত্রিকার রিপোর্ট উদ্ধৃত করে সাংবাদিকরা দেশের ওপর মার্কিন নিষেধাজ্ঞার শঙ্কা নিয়ে প্রশ্ন করলে তিনি এই কথা বলেন।

    হাছান মাহমুদ বলেন, যে পত্রিকা লিখেছে তাদের জিজ্ঞেস করুন। আমার এ বিষয়ে কোনও কিছু জানা নেই। আরেকটি কথা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের উন্নয়ন সহযোগী। তাদের সঙ্গে আমাদের সম্পর্ক অত্যন্ত চমৎকার। গত ৫১ বছর ধরে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশ বিনির্মাণে সহায়তা করে আসছে। আমাদের নিরাপত্তা বাহিনীকেও প্রশিক্ষণসহ নানা সহায়তা দিয়ে আসছে এবং সেই সহায়তা অব্যাহত আছে। আমরা মনে করি, আমাদের যারা উন্নয়ন সহযোগী, তাদের সহযোগিতায় দেশ আজ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে যুক্তরাষ্ট্র আমাদের এক অত্যন্ত প্রোফাউন্ড ডেভেলপমেন্ট পার্টনার।

    মন্ত্রী বলেন, আর নিষেধাজ্ঞা আর পাল্টা-নিষেধাজ্ঞা এগুলো দিয়ে কোনও লাভ হয় না। সেটি ইতোমধ্যে প্রমাণিত হয়েছে। ইরানের বিরুদ্ধে অনেকেই স্যাংশন দিয়ে রেখেছে। ইরানের সরকার তো পড়ে যায় নাই, বহাল তবিয়তে আছে। বহু বছরের স্যাংশনেও ছিল, কিউবাকে টলানো যায় নাই, সরকারও পরিবর্তন হয় নাই। মিয়ানমারের বিরুদ্ধে বহু বছর ধরে বহু স্যাংশন, সেখানকার সরকার তো পরিবর্তন হয় নাই। রাশিয়ার বিরুদ্ধে বহু স্যাংশন, সেগুলো অমান্য করেই ইউরোপের বিভিন্ন দেশ এবং অনেকেই তাদের কাছ থেকে পণ্য আমদানি করছে। অর্থাৎ এগুলো দিয়ে আসলে লাভ হয় না।

  • দুইদিনের সফরে সোমবার কাতার যাচ্ছেন প্রধানমন্ত্রী

    দুইদিনের সফরে সোমবার কাতার যাচ্ছেন প্রধানমন্ত্রী

    দুইদিনের সফরে সোমবার (২২ মে) কাতার যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দোহায় অনুষ্ঠিতব্য ‘তৃতীয় কাতার ইকোনমিক ফোরাম’-এ যোগ দেবেন তিনি। এ উদ্দেশ্যে আগামীকাল বিকেল ৩টায় ঢাকা ত্যাগ করবেন তিনি।

    রোববার (২১ মে) প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব ইমরুল কায়েস রানা এ তথ্য নিশ্চিত করেন।

    কাতারের আমির শেখ তামিম বিন হামাদ বিন খলিফা আল থানির আমন্ত্রণে প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিদল ফোরামে অংশ নেবেন।

    আগামী ২৩ থেকে ২৫ মে কাতারের দোহায় ‘থার্ড কাতার ইকোনমিক ফোরাম: এ নিউ গ্লোবাল গ্রোথ স্টোরি’ শীর্ষক ফোরাম অনুষ্ঠিত হবে। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ বিন খলিফা আল থানির আমন্ত্রণে প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিদল ফোরামে অংশগ্রহণ করবে। ফোরামে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান, মন্ত্রী, বিশিষ্ট অর্থনীতিবিদসহ প্রযুক্তি, অর্থ ও ব্যবসা খাতের বিশেষজ্ঞরা অংশ নেবেন।

    সফরে কাতারের আমির তামিম বিন হামাদ আলে সানির সঙ্গে অনানুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এর আগে গত মার্চে এলডিসি ৫ সম্মেলনে যোগ দেয়ার জন্য কাতারে গিয়েছিলেন প্রধানমন্ত্রী।

    ইকোনমিক ফোরামটির মাধ্যমে আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর মাধ্যমে বিরূপ অর্থনৈতিক প্রতিক্রিয়া সমাধানের পথ খুঁজে বের করার কাজ চলছে।

  • মাইক্রোসফট উইন্ডোজ ১০ এর যুগ শেষ হতে যাচ্ছে

    মাইক্রোসফট উইন্ডোজ ১০ এর যুগ শেষ হতে যাচ্ছে

    বিশ্ববিখ্যাত প্রযুক্তি সংস্থা মাইক্রোসফট জানিয়েছে, শেষ হতে যাচ্ছে উইন্ডোজ ১০ এর যুগ। খুব দ্রুতই আয়ু শেষ হচ্ছে উইন্ডোজ ১০ এর। বর্তমানে উইন্ডোজ ১০ এর যে ভার্সানটি রয়েছে সেটিই থাকবে শেষ হিসাবে। ফলে আপনার কম্পিউটার যদি উইন্ডোজ ১০ এ চলে, তাহলে এই অপারেটিং সিস্টেমের মেয়াদ ২০২৫ সাল পর্যন্ত।

    বিশ্ববিখ্যাত প্রযুক্তি সংস্থা মাইক্রোসফট জানিয়েছে, ১৪ অক্টোবর ২০২৫ সালই উইন্ডোজ ১০ এর মেয়াদ শেষ। বর্তমানে যে উইন্ডোজ ১০ এর ভার্সনটি (২২এইচ২) রয়েছে সেটিই থাকবে শেষ হিসেবে। বাকি সব এডিশন থাকবে সমর্থনের যোগ্য হিসেবে। বর্তমানে যে ‘লং টার্ম সার্ভিসিং চ্যানেল রিলিজ’ হয়, তা হতে থাকবে। ওই নির্দিষ্ট তারিখের পরও চলবে আপডেট গ্রহণ। যাতে সিস্টেম তার নিজস্ব জীবনচক্রকে চালিয়ে যেতে পারে।

    উইন্ডোজ ১০ যদি থেমে যায়, তাহলে পরবর্তী পর্যায়ে কী হতে পারে, তা নিয়ে রয়েছে প্রশ্ন। বলা হচ্ছে উইজাররা এই পরিস্থিতিতে উইন্ডোজ ১১ এ দিকে যেতে পারেন। এদিকে, উইন্ডোজ ১০ এর পর বাকি অনেক আপডেট হবে বলে জানানো হচ্ছে। তবে যারা উইন্ডোজ ১০ চালিয়ে যেতে চান, তারা তাদের অপারেটিং সিস্টেম আপডেট করুন। 22H2 এই ভার্সানটি পর্যন্ত আপডেট করতে পারেন। এ ছাড়াও উইন্ডোজ ১০, ২০২৫ সালের ১৪ অক্টোবর পর্যন্ত ব্যবহার করতে পারেন।

    উইন্ডোজ ১১ এর ভবিষ্যত

    বিশ্ব প্রযুক্তির কিংবদন্তী বিল গেটসের সংস্থা মাইক্রোসফটের বর্তমান উইন্ডোজটি ২০২১ সাল বাজারে এসেছিল। তার পরের বছরের মে মাসেই সমস্ত ডিভাইসের মধ্যে তা ঢুকে যায়। এদিকে, উইন্ডোজ ১১ এ নতুন নকশা তুলে ধরে মাইক্রোসফট। সেখানে নতুন নানান ফিচার দেখা যায়।

    তথ্যসূত্রঃ সিসিএম.নেট

  • বিসিবি’র সভাপতি পাপন বলেছেন শান্তকে ‘১০০ করার পরে ৫০ রান না করতে পারলে কোনও দাম নেই’

    বিসিবি’র সভাপতি পাপন বলেছেন শান্তকে ‘১০০ করার পরে ৫০ রান না করতে পারলে কোনও দাম নেই’

    সমালোচনাকে পেছনে ঠেলে বাংলাদেশের সবচেয়ে ধারাবাহিক ক্রিকেটার হয়ে উঠছেন নাজমুল হোসেন শান্ত। সাম্প্রতিক সময়ে অসাধারণ খেলছেন নাজমুল হোসেন শান্ত। গেল আয়ারল্যান্ড সিরিজের দ্বিতীয় ম্যাচে দারুণ একটি সেঞ্চুরি হাঁকিয়ে দল জিতিয়েছেন এই টপ অর্ডার ব্যাটার। চলতি বছর বাংলাদেশের হয়ে দুটি সিরিজে ম্যান অফ দ্য সিরিজের পুরস্কার পেয়েছেন এই টপ অর্ডার ব্যাটার। বাংলাদেশে তো বটেই, ইংলিশ কন্ডিশনে আয়ারল্যান্ডের বিপক্ষেও ব্যাট হাতে উজ্জল ছিলেন শান্ত।

     এরপরও শান্তর পারফরম্যান্সে সন্তুষ্ট নন নাজমুল হাসান পাপন! কারণ সেঞ্চুরি পাওয়ার পরের ম্যাচে ফিফটি করতে পারেননি শান্ত। শান্ত যদি সিরিজের তৃতীয় ওয়ানডেতে অন্তত একটি হাফ সেঞ্চুরি করত, তাহলেই খুশি হতেন বাংলাদেশের ক্রিকেটের সর্বোচ্চ এই অভিভাবক।

    শনিবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) আয়োজিত অনুষ্ঠানে শান্তর সঙ্গে দেখা হয় বিসিবি সভাপতির। সেখানে তিনি শান্তকে বলেন, ১০০ করার পরে ৫০ রান না করতে পারলে কোনো দাম নেই।

    ব্যাটার হিসেবে ক্যারিয়ারের অন্যতম সেরা সময় কাটাচ্ছেন নাজমুল হোসেন শান্ত। আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে বাংলাদেশের সেরা ব্যাটার তিনিই। ৩ ম্যাচে তার ব্যাট থেকে এসেছে ১ সেঞ্চুরিতে ১৯৬ রান।

    এটি তার ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিও বটে। যদিও শেষ ওয়ানডে ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেননি শান্ত। ৩৫ রানে ক্রেইগ ইয়াংয়ের বলে ফিরে যান তিনি। শনিবার (২০ মে) শান্তর সঙ্গে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দেখা হয় বিসিবি সভাপতির। শান্তর কাছে নিজের প্রত্যাশার কাছে জানিয়েছেন তিনি।

    পরে গণমাধ্যমকে একটি কথা প্রসঙ্গে পাপন বলেন, ‘শান্ত আয়ারল্যান্ড সিরিজে ভালো খেলেছে। আমি সাথে সাথে তাকে ফোন করে জানিয়েছি, তুমি খুব ভালো খেলেছো। আমি শেষ ম্যাচটা না দেখে চলে এসেছিলাম। আজকে দেখা হওয়ার পরে ওকে আবার বলেছি, একটা ১০০’র পরে আরেকটা মিনিমাম ৫০ না হলে ওই ১০০’র কোনো দাম নেই। তারমানে তাকে নিয়মিতই পারফরম্যান্স করতে হবে।’

    ক্যারিয়ারের শুরুর ভাগে অবশ্য দিনের পর দিন ব্যর্থ হয়েছিলেন শান্ত। ২০১৭ সালে টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় শান্তর। ২০১৮ সালে ওয়ানডেতে এবং তার পরের বছর অভিষেক হয়েছিল টি–টোয়েন্টিতে।

    তিন সংস্করণ মিলিয়েই একটানা অফ-ফর্মে ছিলেন তিনি। ২০১৭ সালে এক ম্যাচ খেলে ১৫.০০, ২০১৮ সালে চার ম্যাচ খেলে ৭.৬০, ২০১৯ সালে দুই ম্যাচ খেলে ৮.০০ এবং ২০২০ সালে চার ম্যাচ খেলে ৩৭.৬০ গড়তে ব্যাটিং করেন তিনি।

    মূলত ২০২১ সাল থেকে উপরে উঠতে থাকে শান্তর পারফরম্যান্স গ্রাফ। সেই বছরে টেস্টে দুটি সেঞ্চুরি পান। যদিও বছর শেষে ১৪ ম্যাচে গড় দাঁড়ায় ২৪.৮০ তে। ২০২২ সালে অবশ্য সেটা আরেকটু কমে। ২৮ ম্যাচে ২৩.১৯।

    আর চলতি বছর ওয়ানডেতে আট ম্যাচে সাত ইনিংসে শান্তর ব্যাটিং গড় ৫২.৮৫। আছে ৩টি হাফ সেঞ্চুরি এবং একটি সেঞ্চুরি। টি–টোয়েন্টিতে ছয় ম্যাচে ৫৪.৬৬ গড়ে ১৬৪ রান। স্ট্রাইক রেট ১২১.৪৮।

  • ধীরে ধীরে ভয়ংকর রূপ নিচ্ছে ডেঙ্গু

    ধীরে ধীরে ভয়ংকর রূপ নিচ্ছে ডেঙ্গু

    রাজধানী ঢাকায় দ্রুত গতিতে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। সবশেষ ২৪ ঘণ্টায় সারা দেশে ডেঙ্গু শনাক্ত হয়ে আরও ৫২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ৫১ জনই ঢাকার। তবে এই সময়ে ডেঙ্গুতে কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

    শনিবার (২০ মে) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়

    বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ১৬২ জন ডেঙ্গু রোগী আছেন। ঢাকার ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ১৪২ জন এবং অন্যান্য বিভাগে ২০ জন ভর্তি রয়েছেন এখন পর্যন্ত।

    চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে এখন পর্যন্ত ১ হাজার ৪১৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ৮৭২ জন এবং ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ৫৪২ জন।

    চিকিৎসা শেষে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ২৪০ জন। চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে এ পর্যন্ত ১২ জনের মৃত্যু হয়েছে।

  • রুশ আগ্রাসনকে ‘নিষ্ঠুর যুদ্ধ’ আখ্যায়িত করে নিন্দা জানান জি-৭ এর নেতারা

    রুশ আগ্রাসনকে ‘নিষ্ঠুর যুদ্ধ’ আখ্যায়িত করে নিন্দা জানান জি-৭ এর নেতারা

    জি-৭ সম্মেলনে বিশ্বনেতারা ইউক্রেনে রাশিয়ার এ হামলাকে ‘নিষ্ঠুর যুদ্ধ’ আখ্যায়িত করে নিন্দা জানান। ইউক্রেনে রুশ আগ্রাসন বন্ধ করে ‘স্থায়ী শান্তি’র আহ্বান জানিয়েছেন।  তারা এবং এটিকে আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন বলে মনে করেন।

    এদিকে জি-৭ সম্মেলনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

    এক বিবৃতিতে বিশ্বনেতারা এ স্থায়ী শান্তির আহ্বান জানান। এছাড়া ইউক্রেনকে আর্থিক, মানবিক এবং সাময়িক সহায়তা প্রদানের জন্য বিবেচনা করতে বলেন।

    বৈঠক শেষে নরেন্দ্র মোদি বলেন, ‘ইউক্রেনে চলমান এ যুদ্ধ শুধু অর্থনীতি কিংবা রাজনীতির বিষয় নয়, এটা মানবতার ইস্যু।’

    তিনি বলেন, ‘বিশ্ব এখন যেসব সংকটে, তার মধ্যে অন্যতম ইউক্রেন যুদ্ধ। আমি এটাকে শুধু অর্থনৈতিক বা রাজনৈতিক সংকট মনে করছি না। আমার মতে, এটা মানবতার বিষয়ও। ইউক্রেনে যুদ্ধ বন্ধ করার জন্য ভারত সরকার এবং আমি আমাদের সাধ্য অনুযায়ী চেষ্টা করে যাব।’

    সূত্র : দ্য গার্ডিয়ান

  • দেশে আওয়ামী লীগের সমর্থন আছে কিনা দেখার জন্য বিএনপিকে নির্বাচনে অংশগ্রহণ করতে হবেঃ তথ্যমন্ত্রী

    দেশে আওয়ামী লীগের সমর্থন আছে কিনা দেখার জন্য বিএনপিকে নির্বাচনে অংশগ্রহণ করতে হবেঃ তথ্যমন্ত্রী

    দেশে আওয়ামী লীগের সমর্থন আছে কিনা তা দেখার জন্য বিএনপিকে নির্বাচনে অংশগ্রহণ করতে অনুরোধ জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।

    শনিবার ছাত্রলীগ আয়োজিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসের আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন।

    হাসান মাহমুদ বলেন, ‘ফখরুল সাহেব বলেছেন আমাদের আওয়ামী লীগের সরকার নাকি দেশ-বিদেশে সমর্থন হারিয়েছে। দেশে আমাদের সমর্থন দেখার জন্য তাদের আগামী নির্বাচনে অংশ নেওয়ার অনুরোধ জানাই। আসুন নির্বাচনে অংশগ্রহণ করুন।’

    আন্তর্জাতিক সমর্থনের বিষয়ে তিনি বলেন, সম্প্রতি প্রধানমন্ত্রী তিন দেশে সফর করেছেন। যারা সফরসঙ্গী হয়েছেন, তাদের মুখে শুনলে ভালো হয় কিভাবে জাপান প্রধানমন্ত্রীকে সম্মান করেছে এবং ৩০ বিলিয়ন ইয়েন নানা প্রকল্পে সহায়তার চুক্তি করেছে। বিশ্বব্যাংক তাদের ভুল অনুধাবন করে শনিবার বন্ধের দিন প্রধানমন্ত্রীর জন্য অনুষ্ঠানের আয়োজন করেছে। কারণ প্রধানমন্ত্রী সময় দিতে পারছিলেন না। তিনি বলেছেন শনিবার ছাড়া সময় নেই। বিশ্বব্যাংক ২.২৫ বিলিয়ন অর্থ সহায়তার প্রস্তাব দিয়েছে।

    তিনি আরো বলেন, “যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে বলেছেন, ‘আপনি আমার আইডল এবং আমার স্ত্রী-মেয়েদেরও আইডল।’ ফখরুল সাহেব এগুলো বুঝতে না পারলে কানের পরীক্ষা, দেখতে না পারলে চোখের পরীক্ষা করা দরকার।”

    তথ্যমন্ত্রী বলেন, ‘জননেত্রী শেখ হাসিনার দেশ পরিচালনার সার্থকতা সেখানেই, আজকে পাকিস্তান আমাদের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে। আজকে পাকিস্তানের প্রধানমন্ত্রী স্বীকার করেন বাংলাদেশ পাকিস্তানকে পেছনে ফেলে অনেক দূর এগিয়ে গেছে। আমরা সব সূচকে, ইকোনমিক ইনডেক্স, সোশ্যাল ইনডেক্স, হিউম্যান ইনডেক্স, হেলথ ইনডেক্স সব সূচকে আমরা অনেক আগে পাকিস্তানকে অতিক্রম করেছি।’

    ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের সভাপতিত্বে আলোচনাসভায় আরো বক্তব্য দেন সাংবাদিক নেতা মনজুরুল আহসান বুলবুল, ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন, সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত।

  • সরকার পতনের দিনক্ষণ জানা থাকলে প্রস্তুতি নিয়ে রাখা যেত : ওবায়দুল কাদের

    সরকার পতনের দিনক্ষণ জানা থাকলে প্রস্তুতি নিয়ে রাখা যেত : ওবায়দুল কাদের

    বিএনপির সরকার পতনের ঝড় লন্ডন থেকে না ঠাকুরগাঁওথেকে আসবে তার দিনক্ষণ প্রকাশ করতে মির্জা ফখরুল ইসলামের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও  সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
    তিনি বলেন, ‘সরকারকে কবে বিদায় নিতে হবে- তার দিনক্ষণ জানা থাকলে বিদায় নিতে একটি প্রস্তুতিও নিতে পারবে সরকার। বিএনপি’র পক্ষ থেকে প্রতিদিনই বলা হচ্ছে যে- সরকারের সময় শেষ। তাই, দলের সাধারণ সম্পাদক হিসেবে আমি মির্জা ফখরুলের কাছে জানতে চাই দিনটা কখন। গত ১০ বছর ধরেই এই কথা শুনে আসছি।’
    ওবায়দুল কাদের আজ দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আওয়ামী ওলামা লীগের প্রথম ত্রিবার্ষিক জাতীয় সম্মেলনে এ কথা বলেন।
    আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, এই সরকারের সময় কখন শেষ হবে তা নির্ধারণ করবে এ দেশের জনগণ। এ দেশের নেতৃত্ব আগামী দিনে কারা দেবে, তাও এ দেশের জনগণ ঠিক করবে। আওয়ামী লীগকে কচুপাতার ওপর ভোরের শিশির বিন্দু মনে করলে বিএনপি ভুল করবে।
    তিনি বলেন, বিএনপি আছে সরকার পতনের আন্দোলন নিয়ে, আর আওয়ামী লীগ আছে জনগণের জানমাল রক্ষার আন্দোলনে। দেশের মানুষ মনে করে, শেখ হাসিনা ক্ষমতায় থাকলে পথ হারাবে না বাংলাদেশ।
    ওবায়দুল কাদের বলেন, বিএনপি আছে সরকার পতনের আন্দোলন নিয়ে, আর আমরা আছি জানমাল রক্ষার আন্দোলন নিয়ে। আমাদের তার জন্য শান্তি সমাবেশ করতে হচ্ছে।
    তিনি বলেন, শেখ হাসিনা বাংলাদেশকে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে পরিণত করেছেন। আমরা এখন একটি সংকটের মধ্যে আছি। যেটা আমাদের সৃষ্টি নয়। করোনা মহামারি সামলানোর পর যুদ্ধ শুরু হয়। ফলে জ্বালানি ও ডলারের দাম বেড়ে যায়। বেড়ে যায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামও। অনেক পণ্যই বাইরে থেকে আমদানি করে আনতে হয়। কিছু পণ্য আনা কমিয়ে দিলে মানুষের কষ্ট বাড়বে।
    তিনি বলেন, শেখ হাসিনার মতো নেত্রী আছে বলেই, পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশ ভালো আছে। একটি দল তাকে নিয়ে অপপ্রচার করে যাচ্ছে। অথচ সারা দুনিয়া তাকে নিয়ে প্রশংসা করছে। তিনি থাকলে দেশ পথ হারাবে না।
    বাংলাদেশ আওয়ামী ওলামা লীগের আহ্বায়ক ড. কে এম মোমেন সিরাজীর সভাপতিত্বে সম্মেলনে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ উপস্থিত থেকে বক্তব্য রাখেন।

    সূত্র : বাসস

  • বাতের ব্যথার কারন দেহের প্রাকৃতিক বর্জ্য

    বাতের ব্যথার কারন দেহের প্রাকৃতিক বর্জ্য

    গেঁটে বাত আসলে একধরনের আর্থারাইটিস। দেহে অতিরিক্ত পরিমাণ ইউরিক অ্যাসিড জমা হওয়ার ফলে হয়ে থাকে৷ ইউরিক অ্যাসিড একধরনের টক্সিন বা প্রাকৃতিক বর্জ্য। যদি এই বর্জ্য আপনার দেহে জমা হতে থাকে, তবে তা সাংঘাতিক পরিমান ব্যাথার সৃষ্টি করে।

    পুরুষ বা নারী যে কেউ এ রোগে ভুগতে পারেন। তবে, পুরুষদের এ রোগ হওয়ার প্রবণতা বেশি। নারীদের তুলনায় পুরুষদের এই রোগ পাঁচ গুণ বেশি। গেঁটে বাত সাধারণত কম বয়সী পুরুষ ও বেশি বয়সী নারীদের হয়ে থাকে। প্রোটিনসমৃদ্ধ খাবার, যেমন মাছ, মাংস, ডিম ইত্যাদি বেশি খান, তাদের এই রোগ বেশি হয়।

    মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক গোবিন্দ চন্দ্র রায় বলেন, এই ব্যথা হঠাৎ তীব্র অসহনীয় রকমের হয়ে থাকলেও সাধারণত পাঁচ-সাত দিনের মধ্যেই ভালো হয়ে যায়। গবেষণায় পাওয়া যায়, প্রাকৃতিক এমন কিছু খাবার রয়েছে যা গেঁটে বাতের ব্যথা উপশমে সাহায্য করতে পারে। তারমধ্যে রয়েছে-

    ১. আদা – গেঁটে বাতের ব্যাথা কমাতে আদার জুরি মেলা ভার। এতে রয়েছে এমন যৌগ যা প্রদাহবিরোধী বৈশিষ্ট্য রয়েছে এবং এটি জয়েন্টের ব্যথা এবং ফোলা কমাতে সাহায্য করতে পারে।

    ২. আমন্ড – দৈনিক ১০ গ্রাম আমন্ড গ্রহনে উল্ল্যেখযোগ্য মাত্রায় ইউরিক এসিড কমতে সাহায্য করে। বাতের ব্যথা কমাতে যা ভূমিকা রাখে। তাই রোজ আমন্ড খান৷

    ৩. আনারস – এতে রয়েছে ব্রোমেলাইন, যা এনজাইমের একটি গোষ্ঠী যার মধ্যে প্রদাহ-বিরোধী বৈশিষ্ট্য রয়েছে এবং এটি জয়েন্টের প্রদাহ এবং ফোলা কমাতে সাহায্য করতে পারে।

    ৪. হলুদ – হলুদে কারকিউমিন নামক একটি যৌগ রয়েছে যার প্রদাহ-বিরোধী প্রভাব রয়েছে এবং এটি গেঁটেবাত ব্যথা কমাতে সাহায্য করতে পারে। দ্রুত ব্যথা কমাতে কার্যকর ভূমিকা রাখে।

    ৫. বেরী – ব্লু বেরী, স্ট্রবেরীতে প্রচুর পরিমানে ভিটামিন সি রয়েছে যা প্রদাহরোধী উপাদান। এতে করে রক্তে ইউরিক এসিডের মাত্রা কমায় এবং যা বাতের ব্যথার জন্য যথেষ্ট কার্যকর।

    ৬. সবুজ শাক-সবজি – যেসব সবুজ শাক-সবজীতে পিউরিনের পরিমাণ কম এবং ভিটামিন ও খনিজ পদার্থ বেশি।  এতে প্রদাহ-বিরোধী প্রভাব রয়েছে বলে প্রমাণিত হয়েছে।

    এটা মনে রাখা গুরুত্বপূর্ণ যে এই খাবারগুলিকে আপনার ডায়েটে অন্তর্ভুক্ত করলে গেঁটে বাতের ব্যথা উপশম করতে সাহায্য করতে পারে, তবে সেগুলিকে চিকিৎসার জন্য প্রতিস্থাপন হিসাবে ব্যবহার করা উচিত নয়। একটি সুষম খাদ্য বজায় রাখা এবং হাইড্রেটেড থাকাও গেঁটে বাতের ব্যথা থেকে মুক্তি দিতে পারে।

    তথ্যসূত্রঃ ভেরিওয়েলহেলথ